Blog

  • কোনো রকম তথ্য না দিয়ে ফের পানি ছাড়ল ভারত, নিম্নাঞ্চল প্লাবিত

    কোনো রকম তথ্য না দিয়ে ফের পানি ছাড়ল ভারত, নিম্নাঞ্চল প্লাবিত

    গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টিতে বেড়েছে তিস্তার পানি। এরই মাঝে গতকাল দুই দফায় গজলডোবা বাঁধ দিয়ে প্রায় ১১ হাজার কিউমেক পানি ছেড়েছে ভারত।

    বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আগে থেকে তাদের কিছু জানা ছিল না।

    কিউমেক মানে হলো কোনো নদী থেকে প্রতি সেকেন্ডে কত ঘনমিটার পানি ছাড়া হয়েছে সেই হিসাবের একক।

    প্রতি সেকেন্ডে এক ঘনফুট পানি (প্রায় ২৮.৩১ লিটার) ছাড়া হলে তাকে এক কিউসেক বলা হয়। আর ৩৫.৩১ কিউসেকে এক কিউমেক হয়।

    বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেছেন, ‘ভারত যে বাড়তি পানি ছেড়েছে, সে ব্যাপারে বাংলাদেশের কাছে অফিশিয়াল কোনো খবর নেই।’

    তিস্তা একটি আন্তর্জাতিক নদী। এই নদী হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারতের সিকিম, দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

    এই নদীর বাংলাদেশ ও ভারত উভয় অংশে ব্যারেজ বা বাঁধ আছে। বাংলাদেশ অংশের তিস্তা নদীর বাঁধ রংপুর বিভাগের নীলফামারী জেলায়, নাম তিস্তা ব্যারেজ।

    ভারতে তিস্তা নদীর ওপর একাধিক বাঁধ আছে। তার মাঝে একটি হল জলপাইগুড়ির গজলডোবা বাঁধ।

    গজলডোবা বাঁধ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার ভারতীয় সময় রাত ৮টায় প্রায় ছয় হাজার ও তারপরে রাত সাড়ে ১২টায় আরও ৪ হাজার ৭০০ কিউমেকের বেশি পানি ছাড়া হয়েছে। এরপরে আর নতুন করে পানি ছাড়ার কোনো খবর পাওয়া যায়নি।

    বাঁধের কিছু কবাট বছরের একটা বড় সময়ই খোলা থাকে। যখন কোনো কারণে পানির পরিমাণ বাঁধের ধারণক্ষমতাকে ছাড়িয়ে যায়, তখন সেই বাড়তি পানি ছেড়ে দেওয়ার জন্য বাঁধের আরও গেট খুলে দেওয়া হয়।

    গজলডোবা বাঁধ দিয়ে হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সেচ দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের মতো ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়ও তিন দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে।

    ফলে তিস্তা নদীর ভারতের অংশের বেশ কয়েকটি জায়গায় পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে এবং বাঁধের পানি ধারণক্ষমতার বাইরে চলে গেছে। ওই পানি বের করার জন্য এক পর্যায়ে আরও গেট খুলতে হয়েছে।

    শুক্রবার কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নদীর দুই তীরেই লাল সতর্কতা জারি হয়েছিল।

    শনিবার মাঝরাতে মেখলিগঞ্জের উজান অঞ্চলেও লাল সতর্কতা জারি করা হয়েছে।

    বাংলাদেশের প্রতিক্রিয়া

    সরদার উদয় রায়হান বলেন, মে থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত এই সময়ে বাঁধ সাধারণত খোলাই থাকে। মূলত বর্ষাকালে বাঁধ বন্ধ রাখা হয় না। বাংলাদেশের যে বাঁধ, সেটিও এই সময়ে খোলাই থাকে। এখন যেহেতু বর্ষাকাল, তাই সেচেরও দরকার নাই। বাঁধ দেওয়ার মূল কারণ তো সেচ। তাছাড়া এ সময় পানির পূর্ণ প্রবাহ থাকে। তাই ব্যারেজের ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে বলে সবসময়ই খোলা রাখা হয়।

    বাঁধের গেট যেহেতু বর্ষাকালে খোলাই থাকে, তাই আলাদা করে এ ব্যাপারে সতর্কতা জারি করা হয় না।

    জলবিদ্যুৎ উৎপাদনের জন্য যে ড্যাম বা বাঁধ দেওয়া হয়, তা থেকে পানি ছাড়ার আগে জানাতে হয়।

    কারণ ড্যামের বিষয়টা ভিন্ন। ড্যামে পানির ধারণক্ষমতা বেশি। এখানে পানি জমিয়ে রাখে, পরে রিলিজ করে। ব্যারেজের ধারণক্ষমতা ড্যামের চেয়ে অনেক কম।

    তার মতে, বাংলাদেশ যে ২ হাজার ২৬৭ কিউমেক পানি প্রবাহের কথা জানে, তা এই মৌসুমের স্বাভাবিক প্রবাহ। কিন্তু যদি সত্যিই ওই প্রায় ১১ হাজার কিউমেক হয় তাহলে এতক্ষণে অনেক বড় বন্যা হয়ে যাওয়ার কথা বাংলাদেশে।

  • সাবেক আইজিপি মামুন ৪ দিনের রিমান্ডে

    সাবেক আইজিপি মামুন ৪ দিনের রিমান্ডে

    রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদেশ দেন।

    এদিন চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন।

    এদিকে একই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

    এজাহার থেকে জানা গেছে, গত ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউরকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড দেওয়া হয়েছে।

  • শাহজালাল বিমানবন্দরের চারপাশকে ‘নীরব এলাকা’ ঘোষণা

    শাহজালাল বিমানবন্দরের চারপাশকে ‘নীরব এলাকা’ ঘোষণা

    শব্দদূষণ নিয়ন্ত্রণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের দেড় কিলোমিটার এলাকাকে ‘সাইলেন্ট জোন’ বা ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

    রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক বার্তায় এ তথ্য জানান।

    তিনি জানান, এ সাইলেন্ট জোনের এলাকা হবে বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণ উভয় দিকের নির্ধারিত অঞ্চলটি স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লে মেরিডিয়ান পর্যন্ত প্রসারিত।

    বিমানবন্দরের আশেপাশে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ এর বিধি ৪ এর সঙ্গে সঙ্গতি রেখে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানানো হয়। আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে।

  • বরিশালে ভোক্তা অধিদপ্তরের অভিযান

    বরিশালে ভোক্তা অধিদপ্তরের অভিযান

    ভারতে ইলিশ রপ্তানির খবরে বরিশালের বাজারে দাম বৃদ্ধির খবরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার বেলা ১২টায় বরিশালের পোর্টরোড পাইকারী মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে মৎস্য পাইকারী ও খুচরা বিক্রেতাদের সতর্ক করে ভোক্তা অধিকার। আর খুচরা বাজারে যাতে কেউ বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে সে লক্ষ্যে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়।

    তবে অভিযানে ইলিশের দামে কোনো অসংগতি পাওয়া যায়নি বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বাজারে এক কেজির ইলিশ প্রতি মণ ৬৮ হাজার, ১২ শ গ্রাম ৭২ হাজার, এলসি ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

    তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক অপূর্ব অধিকারী বলেন, কেউ যদি সিন্ডিকেট করে বেশি দামে বিক্রির চেষ্টা করে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • ১৩ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি

    ১৩ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি

    ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি ফিশিংবোট ডুবে গেছে। ডুবে যাওয়া বোটের ১৩ জেলেকে উদ্ধার করেছে অন্য বোটের জেলেরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধু চরের দক্ষিণে গভীর সাগরে বোট ডুবির এ ঘটনা ঘটে।

    ডুবে যাওয়া ফিশিংবোটের ‘এফবি রাজা-১’ মালিক মো. রাজা শেখ বলেন, আমার মালিকানাধীন ফিশিংবোটের জেলেরা সাগরে ঝড়ের কবলে পড়ে উপকূলে ফিরে আসার পথে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাগরের বঙ্গবন্ধু চরের দক্ষিণে গভীর সাগরে ফিশিংবোটটি ডুবে যায়।

    ডুবে যাওয়া বোটের ১৩ জেলে সাগরে ভাসতে থাকে। এ সময় অন্য একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে। রাত ১২টার দিকে উদ্ধার হওয়া জেলেদের দুবলার আলোরকোলে নিয়ে আসা হয়েছে।

    জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, সাগরে ফিশিংবোট ডুকে যাওয়া এবং জেলে উদ্ধারের কোনো খবর আমার জানা নেই।

  • চরফ্যাশনে কিশোরীর মরদেহ উদ্ধার

    চরফ্যাশনে কিশোরীর মরদেহ উদ্ধার

    ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া প্রশান্তি পার্ক ব্রিজের নিচ থেকে চরফ্যাশন থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।

    স্থানীয়রা বলেন, আজ বুধবার দুপুরের দিকে মেঘনা নদীসংলগ্ন বেতুয়া প্রশান্তি পার্কের পাশে ব্রিজের নিচে একটি মরদেহ দেখে আমরা পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে আমরা কেউ মরদেহটি শনাক্ত করতে পারিনি।

    চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সাহা বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

  • বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি ৩ দিনের রিমান্ডে

    বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি ৩ দিনের রিমান্ডে

    বরিশাল বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সুমন সেরনিয়াবাত বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদেও রয়েছেন।

    বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূরুল আমীন এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় সুমন সেরনিয়াবাতকে।

    বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

    একই মামলায় এর আগে গ্রেপ্তার হন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীম। তিনি বরিশাল সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য।

    প্রসঙ্গত, ৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৩ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩৮১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০০-৭০০ জনকে।

  • বিন্দুমাত্র অস্বস্তিতে ছিলাম না: ঐশ্বরিয়া

    বিন্দুমাত্র অস্বস্তিতে ছিলাম না: ঐশ্বরিয়া

    বলিউডের অন্যতম তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন।১৯৯৪ সালে তিনি বিশ্ব সুন্দরীর খেতাব পান। ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবিতে অভিনয়ের সময়ে ঐশ্বরিয়ার প্রেমে পড়েন অভিষেক বচ্চন। এরপর তারা বিয়ে করেন। ২০১১ সালে মেয়ে আরাধ্যার জন্ম হয়।

    যাকে নিয়ে একের পর এক ছবির পরিকল্পনা করে ফেলতেন পরিচালকেরা, আর প্রযোজকেরাও তাকে চাইতেন প্রজেক্টে।কিন্তু সন্তান নেওয়ার পর ঐশ্বরিয়াকে সেভাবে পর্দায় আর ফিরে পাওয়া হলো না। হাতে গোনা কয়েকটি প্রজেক্টে কাজ করেছেন তিনি। তবে কি বচ্চন পরিবারে বিয়ে হওয়াই হলো কাল?

    মেয়ে আরাধ্যার জন্মের পর থেকেই ঐশ্বরিয়াকে নিয়ে শুরু হয়ে যায় নানান বিতর্ক। রাতারাতি ওজন বাড়িয়ে অনেকের কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। যদিও ঐশ্বরিয়া তা নিয়ে বিন্দুমাত্র বিচলিত ছিলেন না।

    এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেছিলেন, শরীরে মেদ বাড়ায় বিন্দুমাত্র অস্বস্তিতে ছিলাম না আমি। যারা করেন- আমার মনে হয়, তাদের এসব ড্রামা পছন্দ হয়। তবে আমি ব্যস্ত ছিলাম আমার বাস্তব জীবন নিয়ে ও আমার সন্তানকে নিয়ে। আমি সাধারণ একটা মেয়ের জীবনযাপন করতে চেয়েছিলাম। যা ইচ্ছে করেছে খেয়েছি, নিজের ইমেজের কথা মাথায় না রেখে, কেবল মনের কথা শুনেছি, সন্তানের যত্ন নিয়েছি।

    ঐশ্বরিয়ার এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছিলেন স্বামী অভিনেতা অভিষেক বচ্চনও। তিনিও জানিয়েছিলেন, ঐশ্বরিয়া ছিলেন বলেই তাদের কন্যা আরাধ্যা ভালোভাবে মানুষ হচ্ছে। কাজ কমিয়ে মেয়েকে সময় দেওয়ার এই আত্মত্যাগকে বাহবা জানিয়েছিলেন অভিষেক। এটাও বলেছিলেন, ‘আমি ঐশ্বরিয়ার কাছে চিরকৃতজ্ঞ। খুব সুন্দরভাবে আমাদের মেয়েকে মানুষ করছে ও।’

  • তোফাজ্জলকে নিয়ে নাটক

    তোফাজ্জলকে নিয়ে নাটক

    হতভাগ্য তোফাজ্জলকে নিয়ে নির্মাণ হলো বিশেষ নাটক। যাকে ভাত খাওয়ানোর পর পিটিয়ে হত্যা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ছাত্রদের একাংশ। যে নৃশংসতা দেখেছে বিশ্ব, কেঁদেছে মানুষ। খলিলুর রহমান কচির পরিচালনায় এ নাটকের নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’।

    এরই মধ্যে আফতাবনগরের বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। এতে তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’ খ্যাত ইমরান।

    তিনি বলেন, ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে। মনে হয়েছে, আমার পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত। তাই নাটকটি করেছি।

    জানা গেছে, শিগগিরই নাটকটি ইমরানের ‘হা-শো’ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

    হত্যার অভিযোগে করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

  • হামাস ‘সন্ত্রাসী’ নয়, ‘স্বাধীনতাকামী’ সংগঠন: এরদোগান

    হামাস ‘সন্ত্রাসী’ নয়, ‘স্বাধীনতাকামী’ সংগঠন: এরদোগান

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করেন না। বরং এটি এমন একটি স্বাধীনতাকামী সংগঠন, যারা নিজেদের ভূমি রক্ষার জন্য সংগ্রাম করে যাচ্ছে।

    স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এরদোগান এ কথা জানান।

    তিনি বলেন, ‘হামাসকে আমি কখনও সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করিনি এবং আমি তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখি না’।

    তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ‘হামাস একটি স্বাধীনতাকামী, প্রতিরোধকারী সংগঠন, যারা তাদের ভূমি রক্ষার জন্য সংগ্রাম করছে। সুতরাং আমি কিভাবে এমন একটি দলকে সন্ত্রাসী সংগঠন বলতে পারি?’

    এ সময় এনবিসির সাংবাদিক ৭ অক্টোবর ইসরাইলের ওপর হামাসের আক্রমণকে কীভাবে দেখেন, জানতে চাইলে এরদোগান বলেন, ‘আপনাকে এ ঘটনার পেছনের কারণগুলো খুঁজে বের করতে হবে। আমরা যদি পেছনের ঘটনার দিকে তাকাই, তাহলে দেখব- আগে থেকেই চলা ইসরাইলি আগ্রাসনে কতজন ফিলিস্তিনি নিহত হয়েছিল এবং পরিস্থিতি কতটা খারাপ হয়েছিল’।

    তুরস্ক দীর্ঘদিন ধরেই ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের ক্ষেত্রে দুই-রাষ্ট্র সমাধানের সমর্থক। এর মধ্যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব রয়েছে।

    এদিকে এরদোগানের এ মন্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষত, যুক্তরাষ্ট্র এবং ইসরাইল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। তবে এরদোগান জোর দিয়ে বলেছেন, ইসরাইলের ক্রমাগত আক্রমণ ও ফিলিস্তিনের ভূমি দখলই মূলত এ সংঘাতের আসল কারণ।

    প্রসঙ্গত, গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায়ও ২৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। যা নিয়ে গত ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪১ হাজার ৪৩১ জনে দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা গিয়ে ঠেকেছে ৯৫ হাজার ৮১৮-তে।

    এই হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: আনাদোলু এজেন্সি ও আল-জাজিরা