Blog

  • অভিনেত্রীর ‘বেলি ড্যান্স’, নেটিজেনরা বলছেন পতন শুরু

    অভিনেত্রীর ‘বেলি ড্যান্স’, নেটিজেনরা বলছেন পতন শুরু

    মাটিতে শুয়ে ‘বেলি ড্যান্স’ দিয়েছেন অভিনেত্রী তৃপ্তি ডিমরি। তার এমন ড্যান্স দেখে অনেকেই কঠোর সমালোচনা করছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকেই বলছেন, তৃপ্তির পতন শুরু হয়ে গেছে।

    ‘অ্যানিম্যাল’ ছবির সাফল্যের পর রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী তৃপ্তি ডিমরি। ‘অ্যানিম্যাল’ সিনেমার পর ভিকি কৌশলের সঙ্গে ‘ব্যাড নিউজ’ ছবিতে কাজ করেন তিনি। বক্স অফিসে ভালো ব্যবসা করে সেই ছবিও।

    এই মুহূর্তে তৃপ্তি ব্যস্ত রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিয়ো’ ছবি নিয়ে। ইতোমধ্যেই এই ছবির একটি বেশ কিছু সংলাপ ও একটি গান প্রকাশ্যে এসেছে।

    সেখানে প্রথমবার আইটেম গানে নাচতে দেখা যায় তৃপ্তিকে। আর সেখান থেকেই শুরু হয়েছে সমালোচনা। রোষের মুখে পড়তে হয়েছে তৃপ্তিকে। নেটিজেনদের কেউ কেউ বলছেন, তৃপ্তির পতন শুরু হয়ে গেছে।

    ‘লায়লা মজনু’, ‘বুলবুল’, ‘কলা’— এসব ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তৃপ্তি। তার এমন ছবি দেখে ফলোয়ারদের অনেকেই তার উজ্জ্বল ভবিষ্যৎ দেখছিলেন। কিন্তু ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার পর থেকে সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

    তারপর ব্যাড নিউজ ছবিতে ভিকি কৌশলের সঙ্গে উষ্ণ দৃশ্যে দেখা যায় তৃপ্তিকে। এবার তৃপ্তি আসন্ন ছবি ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ ছবির গান ‘মেরে মেহবুব’ মুক্তি পেতেই সমালোচনার ঝড় বইছে।

    গানে একটি নাচের দৃশ্য নিয়ে দর্শকের আপত্তি। মেঝেতে শুয়ে নাচের ভঙ্গি দেখে সমালোচনা হচ্ছে।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, একজন অভিনেতা হিসেবে বিভিন্ন জিনিস চেষ্টা করছি। আগে যখন অভিনেতা হওয়ার কথা ভাবতাম, তখন মনে হতো অভিনয় করলেই চলবে। এই স্বপ্ন সত্যি হওয়ার পর বুঝেছি, বিভিন্ন জায়গায় তো নাচার প্রস্তাব আসবেই। মঞ্চে হাঁটার প্রস্তাবও আসবে। সবটাই করতে হবে। হয়তো সব বিষয়েই আমি ভালো করতে পারব, তেমনটা নয়। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে।

  • ইসরাইলকে থামাতে জাতিসংঘকে যে পরামর্শ এরদোগানের

    ইসরাইলকে থামাতে জাতিসংঘকে যে পরামর্শ এরদোগানের

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, গাজা ও লেবাননে ইসরাইলের হামলা বন্ধে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদের উচিত হবে ১৯৫০ সালে পাস হওয়া প্রস্তাব অনুযায়ী ইসরাইলের ওপর বল প্রয়োগের পরামর্শ দেওয়া৷

    জাতিসংঘের সাধারণ পরিষদে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেন তুর্কি প্রেসিডেন্ট। সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোগান এই রেজুলেশনের কথা উল্লেখ করে বলেন, সাধারণ পরিষদের উচিত ইসরাইলের বিরুদ্ধে বল প্রয়োগের পরামর্শ দেওয়া৷

    ১৯৫০ সালে পাস হওয়া ইউনাইটিং ফর পিস রেজুলেশনে বলা আছে, নিজেদের মধ্যে মতভেদের কারণে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যদি বিশ্ব শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ এগিয়ে আসতে পারে৷

    ইসরাইলের বিরুদ্ধে আরো সক্রিয় অবস্থান নেওয়ার ক্ষেত্রে মুসলিম দেশগুলোর ব্যর্থতা দেখে তিনি দুঃখ পেয়েছেন বলেও মন্তব্য করেন এরদোগান৷

    ইসরাইলকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করতে মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক, কূটনীতিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি৷

  • জ্যাকব ৫ দিনের রিমান্ডে

    জ্যাকব ৫ দিনের রিমান্ডে

    প্রায় এক যুগ আগে সাভারে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতার ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    মঙ্গলবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক মো: জহুরুল ইসলাম তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম সাইফুল ইসলামের আদালতে নাজিম উদ্দিন মামলার আবেদন করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

    মামলার আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি হাসান মাহমুদ, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

    মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাজিম উদ্দিন আলমসহ নেতাকর্মীরা আমিন বাজার ব্রিজের ওপর অবস্থান করছিলেন। পুলিশ নেতাকর্মীদের ওপর চড়াও হয়। লাঠি পেটা ও গুলি চালায়। পুলিশের ছোড়া টিয়ারশেল ও শর্টগানের গুলিতে নাজিম উদ্দিন আলমসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হন।

    এই মামলায় জ্যাকবকে মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

    ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সাভার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে গুলশান থেকে গ্রেফতার করেছে ডিবি।

    জ্যাকব ২০১৪ সালে অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছরেই তিনি উপমন্ত্রী হিসেবে শপথ নেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন।

  • ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন মাহমুদউল্লাহ-হৃদয়রা

    ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন মাহমুদউল্লাহ-হৃদয়রা

    ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন টি-টোয়েন্টি সিরিজের দলের সদস্যরা। দলে না থেকেও এবাদত হোসেন ভারত সফরে যাচ্ছেন। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন তিনিও।

    এদিকে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৫ সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমনও।

    আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।

    বাংলাদেশের টি-টোয়েন্টি ১৫ সদস্যের দলে যারা খেলবেন- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

    ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে মঙ্গলবার।

    ভারতের বিমান ধরার আগে পেসার তানজিম হাসান সাকিব আশার কথাই শুনিয়ে গেছেন।

    এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজের দুটিতেই হেরেছে শান্তরা। চেন্নাই টেস্টে সফরকারীদের ২৮০ রানের বড় ব্যবধানে হারের পর কানপুরে মঙ্গলবার টাইগাররা হারল ৭ উইকেটের বড় ব্যবধানে। দুই ম্যাচের সিরিজে ধবলধোলাই হলো নাজমুল হোসেন শান্ত বাহিনী।

  • স্যামুয়েল ইতোকে ৬ মাস নিষিদ্ধ করেছে ফিফা

    স্যামুয়েল ইতোকে ৬ মাস নিষিদ্ধ করেছে ফিফা

    ক্যামেরুনের ফুটবল কিংবদন্তি স্যামুয়েল ইতোকে ৬ মাস নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে।

    সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ফিফা জানায়, ‘এই নিষেধাজ্ঞা গত ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার বোগোতায় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ব্রাজিল বনাম ক্যামেরুনের শেষ ষোলোর ম্যাচের একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত।’

    তবে ঠিক কি কারণে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলো, তা বিবৃতিতে পরিষ্কার করেনি ফিফা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেয়ার প্লে’র সঙ্গে সাংঘর্ষিক আচরণ এবং অফিসিয়ালদের সঙ্গে অসদাচরণের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

    নিষেধাজ্ঞার ফলে আগামী ছয় মাস ক্যামেরুন জাতীয় দলের কোনো ক্যাটাগরির কোনো ম্যাচেই উপস্থিত থাকতে পারবেন না দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ইতো। এর ফলে ক্যামেরুনের ফুটবলের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    খেলোয়াড়ি জীবনে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, চেলসিসহ নামকরা সব ক্লাবের হয়ে খেলে আফ্রিকার ফুটবলের প্রবাদপ্রতিম ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন ইতো। ২০১৯ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে ফুটবল প্রশাসক হিসেবে আত্মনিয়োগ করেন তিনি।

  • ‘আড়াই ঘণ্টার’ সফরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম

    ‘আড়াই ঘণ্টার’ সফরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী ৪ অক্টোবর বাংলাদেশে আসছেন।তবে তার এই সফর খুবই সংক্ষিপ্ত।‘আড়াই ঘণ্টার মতো’ তিনি ঢাকায় অবস্থান নেবেন।

    ঢাকা ও মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

    প্রায় ১১ বছর পর মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি। তার সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে বিদেশি কোনো প্রধানমন্ত্রীর ঢাকা সফর।

    মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

    আশা করা হচ্ছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ সফরকে ড. মুহাম্মদ ইউনূসের উন্নয়ন কৌশলের অবস্থান আরও গভীর করবে এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা প্রসারিত করবে যা, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ ও একটি অভিন্ন কল্যাণকর রাষ্ট্র নির্মাণে কাজ করতে চাইবে।

    কূটনৈতিক সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফরে আসছেন। তিনি ৪ অক্টোবর ঢাকায় আসবেন। খুব সংক্ষিপ্ত সফর। আড়াই ঘণ্টা ঢাকায় অবস্থান করবেন তিনি।এর আগে তিনি পাকিস্তান সফর করবেন সেখান থেকে বাংলাদেশে আসবেন।

    বাংলাদেশের পট পরিবর্তনের পর গত ১৪ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন।

    উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ান ইসলামিক ইউথ মুভমেন্টের (এবিআইএম) সভাপতি থাকাকালীন সময়ে ১৯৮১ সালে ছাত্র শিবিরের জাতীয় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন এবং ওই সময়ে প্রথম তিনি বাংলাদেশ সফর করেন।

  • গুলশান থেকে গ্রেফতার সাবেক সংসদ সদস্য জ্যাকব

    গুলশান থেকে গ্রেফতার সাবেক সংসদ সদস্য জ্যাকব

    সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

    ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সাভার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে গুলশান থেকে গ্রেফতার করেছে ডিবি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সাবাকে শাওন: আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না

    সাবাকে শাওন: আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না

    অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবা শোবিজ অঙ্গে পরিচিত মুখ। তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও বেশ ভালো। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা খুব সক্রিয়। তাদের খুনসুটি নজর এড়ায় না ভক্তদের।

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী সোহানা সাবা অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরোনো বিভিন্ন স্ট্যাটাস শেয়ার করছেন।

    যেখানে কখনো সরকারের সমালোচনা আবার কখনো সমাজের বিভিন্ন অসংগতি নিয়ে কথা বলতে দেখা গেছে আসিফ নজরুলকে।

    সেসব পোস্ট শেয়ার করে সোহানা সাবা লিখেছেন, ‘আজকাল স্যারের ফেসবুক পেজ ঘুরে দেখতে খুব ভালো লাগে। আমি তার ফ্যানগার্ল।’

    সেই পোস্টের মন্তব্যের ঘরে এসে অভিনেত্রী মেহের আফরোজ শাওন মতামত দিয়েছেন। যেখানে সোহানা সাবাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না, খবরদার!

    শাওনের সেই মন্তব্যের জবাবে সাবা লিখেছেন. ‘আপু, আমি স্যারের ফ্যানগার্ল মাত্র’। দুজনেই যে মজার ছলে মন্তব্য করেছেন সেটা বুঝতে কষ্ট হয়নি ভক্তদের।

    যদিও এর আগে এক স্ট্যাটাসে আসিফ নজরুলকে নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেছিলেন শাওন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পরে পুরোনো একটি স্ট্যাটাস শেয়ার করে অভিনেত্রী জানান, তিনি আসিফ নজরুলকে নিয়ে আশাবাদী।

    প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ। হুমায়ূন আহমেদের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল। সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন এই অধ্যাপক।

    যে কারণে নিজের জামাতাকে নিয়েই সোহানা সাবার পোস্টে মন্তব্য করতে দেখা গেল এই অভিনেত্রীকে।

  • আরও ৩৩ অতিরিক্ত পুলিশ সুপারকে পদায়ন

    আরও ৩৩ অতিরিক্ত পুলিশ সুপারকে পদায়ন

    বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

    সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব আবু সাঈদ।

    এই কর্মকর্তাদের এসবি, শিল্পাঞ্চল পুলিশ, সারদা পুলিশ একাডেমি, ট্যুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিআইডি, ডিএমপি ও এন্টি টেরোরিজম ইউনিটে পদায়ন করা হয়েছে।

  • বেক্সিমকো গ্রুপের সম্পদ দেখভালে রিসিভার নিয়োগের আদেশ বহাল

    বেক্সিমকো গ্রুপের সম্পদ দেখভালে রিসিভার নিয়োগের আদেশ বহাল

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন চেম্বার আদালত। একইসঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৮ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত।

    মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

    এর আগে রিসিভার নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

    এর আগে গত ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি ক্রোক করে সেগুলো দেখাশোনার জন্য রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

    সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহানের করা রিট আবেদনের শুনানি শেষে দেওয়া ওই রুলে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসসহ এ গ্রুপের সব প্রতিষ্ঠানের তথ্য দিতেও বলা হয়।

    এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর কী পরিমাণ বকেয়া ঋণ রয়েছে, তার তথ্য দিতে এবং বিদেশ থেকে এ গ্রুপের পাচার অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছিল রুলে।