Category: জাতীয়

  • আ.লীগের নেতা এমপি মন্ত্রীরা ৩ দিনে পালিয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

    আ.লীগের নেতা এমপি মন্ত্রীরা ৩ দিনে পালিয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

    আওয়ামী লীগের নেতা, মন্ত্রী-এমপি ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আগস্টের প্রথম সপ্তাহেই পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

    উপদেষ্টা বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।আগস্টের ৫, ৬ ও ৭ তারিখেই আওয়ামী লীগের বেশিরভাগ নেতারা, মন্ত্রী-এমপি ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা পালিয়ে গেছেন।এই তিন দিনে পালিয়েছেন।এখন পালানো খুব সহজ হবে না।আমার পুলিশ-বিজিবির পাশাপাশি জনগণই তাদেরকে প্রতিহত করবে।

    শনিবার বিকালে এপিবিএন হেডকোয়ার্টার্স উত্তরা শহিদ মীর মুগ্ধের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    জুলাই গণহত্যায় জড়িত পালিয়ে থাকা সাবেক এমপি-মন্ত্রী যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অবস্থান শনাক্ত করতে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

    এ সময় তিনি মীর মুগ্ধ ভবন এবং এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন করেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শহিদ মীর মুগ্ধের স্মৃতি স্মরণে ভবন ও একটি গেটের তোরণ উদ্বোধন করা হলো।মুগ্ধসহ সব শহিদদের জন্য দোয়া করবেন সবাই।

    অসুস্থদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, বিদেশ থেকে ডাক্তার আনা হবে।তারা যদি মনে করে চিকিৎসার জন্য আহতদের বিদেশে পাঠাতে হবে, আমরা তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেব।

    এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। তারা কোথায় আছেন, তারা কেন গ্রেফতার হচ্ছেন না?

    জবাবে উপদেষ্টা বলেন, আপনারা (সাংবাদিকরা) আমাদের তথ্য দিন। আমাদের দায়িত্ব তাদের গ্রেফতার করা। আপনাদের দায়িত্ব আমাদের তথ্য দেওয়া। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, আপনারাও অনুসন্ধানী সাংবাদিকতা করেন। পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

    আন্দোলনে খুনিদের সঙ্গে জড়িত না থাকলেও মামলায় যাদের নাম আছে তাদের ব্যাপারে তিনি বলেন, আগে পুলিশ বাদী হয়ে মামলা করত। ১০ জনের নাম থাকলেও ৫০ জনকে বেনামে মামলা দিত।এখন জনগণ বাদী হয়ে মামলা করছে। এগুলো নিয়ে তদন্ত হবে এবং তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অধিকতর তদন্তের ব্যাপারে সরকারের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীর, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহান প্রমুখ।

  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

    ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৯২৭ জন।

    শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৮২ জন। তাদের মধ্যে ৮৯ জন পুরুষ ও ৯৩ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ২৬৫ জন।

    বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এই সময়ে ৭১৬ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

  • জামিনের পর কারামুক্ত মাহমুদুর রহমান

    জামিনের পর কারামুক্ত মাহমুদুর রহমান

    গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

    কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছার পর তা যাচাই-বাছাই করে মাহমুদুর রহমানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

    কারাফটকে মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান হাজারো জনতা। সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও ছিলেন।

  • জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টা

    জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টা

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে ডিসি নিয়োগে ঘুস লেনদেনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ।এটি তদন্তের জন্য তিনজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

    দুর্গাপূজা উপলক্ষে নেওয়া কার্যক্রম বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা জানান সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

    উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান যে, অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে জনপ্রশাসন সচিব তদন্ত করেন। তার বিরুদ্ধে ওঠা ডিসি নিয়োগে ঘুস লেনদেনের অভিযোগ সরকার তদন্ত করবে কি না?

    জবাবে উপদেষ্টা শারমীন বলেন, ‘অবশ্যই আমরা এটার তদন্ত করব, সরকার (তদন্ত) করবে। কিন্তু এখানে দুটি জিনিস মিডিয়াকে মাথায় নিতে হবে।এটাও কিন্তু আমরা তলিয়ে দেখছি যে ক্লিপটা সোশ্যাল মিডিয়ায় বহুল প্রচারিত হয়ে গেল, সেটা কতখানি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রডিউসড। সেটা কতখানি রিয়েল, কতখানি ফেক আমাদের মতো সাধারণ মানুষ বলতে পারে না। ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে এটার টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কী- সেটা জানার জন্য কেবিনেটে (উপদেষ্টা পরিষদে) কথা হয়েছে।’

    উপদেষ্টা বলেন, ‘সেটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে। আমরা অবশ্যই তদন্ত করব।’

    তিনি বলেন, ‘অত্যন্ত দায়িত্বশীল জায়গায় প্রতিষ্ঠিত কর্মকর্তাদের কোনো ধরনের দায়িত্বহীনতা মেনে নেওয়া যাবে না। এটাও আমাদের অনুশাসনের অধীনে আনতে হবে।এ বিষয়ে উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া হয়েছে।একটা কমিটি করে তারা এটা দেখবেন। তথ্যপ্রযুক্তি উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই তিনজনের কথা বলা হয়েছে, এর মানে এই নয় যে অন্যরা এতে যুক্ত হতে পারবেন না। একটি কমিটি করে এটা তদন্ত করা হবে।’

    আরেক প্রশ্নের জবাবে শারমীন এস মুরশিদ বলেন, ‘একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এ রকম কথা। এটি নিয়ে অবশ্যই আমরা উদ্বিগ্ন। এ কথাটা (ঘুস লেনদেনের অভিযোগ) কেন উঠল, এটার সূত্র কী, এটার কারণ কী- সেটা তলিয়ে (খতিয়ে) দেখতে হবে। আমরা তো এখন এনালগ যুগে নেই, এজন্য আমাদের বাড়তি কষ্টটা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যেটাই আসছে, আমরা লাফ দিয়ে ধরে নিতে পারছি না- এটাই সত্য। আমাদের এটাকে যাচাই করতে হয়।’

  • সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে: আসিফ নজরুল

    সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে: আসিফ নজরুল

    সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে এবং নাগরিক সুরক্ষা আইন তৈরি করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    বৃহস্পতিবার বিকালে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    এর আগে গত ৩০ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সাইবার আইনে দায়ের হওয়া ‘স্পিচ অফেন্স’ (মুক্তমত প্রকাশ) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    একইসঙ্গে এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানিয়েছে আইন মন্ত্রণালয়।

    এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট পাঁচ হাজার ৮১৮টি মামলা চলমান রয়েছে।

    এ ছাড়া বর্তমানে ‘স্পিচ অফেন্স’ সম্পর্কিত এক হাজার ৩৪০টি মামলা চলমান। এরমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে ২৭৫টি মামলা চলমান। এসব মামলার মধ্যে ৪৬১টি মামলা তদন্তকারী সংস্থার নিকট তদন্তাধীন এবং ৮৭৯টি মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন।

  • টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ

    টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ

    ‘বয়স ২৬ বছরেরও কম। তবে এই বয়সেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক ব্যক্তিকে মসনদ থেকে নামাতে তার ভূমিকা অনস্বীকার্য। সমাজবিজ্ঞান বিভাগের এই স্নাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ। অনেক প্রতিবাদী নেতার মধ্যে একজন তিনি। দেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থাগুলোর হাতে নির্যাতিত হওয়ার পরে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন।’

    নাহিদ ইসলাম সম্পর্কে ওয়েবসাইটে এভাবেই বর্ণনা করেছে টাইম ম্যাগাজিন। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে নিউইয়র্কভিত্তিক বিখ্যাত এই মার্কিন সাময়িকীটি। এবার সেই তালিকায় জায়গা করে নিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্বতম সমন্বয়ক ও সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

    শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন নাহিদ।

    টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে আরও লিখেছে, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে ‘জেন জি’র দুই উপদেষ্টার একজন নাহিদ। অন্যজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    টাইম বলছে, ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে।

    এ বিষয়ে নাহিদের ভাষ্য, আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার যে পালাক্রম– অবশ্যই তার অবসান হতে হবে। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১০২২

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১০২২

    ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ২২ জন।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৭৭ জন। তাদের মধ্যে ৮৬ জন পুরুষ ও ৯১ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১২১ জন।

    বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। এই সময়ে ৯১৮ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

  • বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি: রাষ্ট্রদূত

    বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি: রাষ্ট্রদূত

    ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেছেন, ইতালি বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা এবং দেশটিতে আনুষ্ঠানিক অভিবাসনের জন্য একসঙ্গে কাজ করবে।

    বৃহস্পতিবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রদূত একথা বলেন।

    আলোচনায় ইতালিতে নিরাপদ, সংগঠিত ও নিয়মিত অভিবাসন, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পুলিশ সংস্কার প্রাধান্য পেয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পরে এ সাক্ষাৎ হলো।

    জাতিসংঘের বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশ থেকে ইতালিতে বড় আকারে আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান। মেলোনি বলেন, উভয় দেশেরই অবৈধ অভিবাসন ঠেকাতে জোর প্রচেষ্টা চালানো উচিত। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের অভিবাসীদের রক্ষা করতে চাই। আমাদের আরও উন্নত নিয়মিত অভিবাসনের জন্য কাজ করতে হবে।’

    ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টার প্রশংসা করে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণসহ পুলিশ সংস্কারে ইতালির সহায়তার প্রস্তাব দেন। তিনি বলেন, ‘আমাদের পুলিশ বেশ কয়েকটি দেশে এ সহায়তা দিয়ে থাকে।’

    রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ‘শিগগিরই ঘুরে দাঁড়াবে’। তিনি বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২.৫ বিলিয়ন মার্কিন ডলার।

    তিনি জানান, ইতালি দূতাবাসও শিগগিরই একটি চলচ্চিত্র উৎসব ও একটি ব্যালে অনুষ্ঠানের আয়োজন করবে।

  • ডিসি নিয়োগে ঘুস, সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

    ডিসি নিয়োগে ঘুস, সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং বিতর্কিত দুজন যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য।

    বৃহস্পতিবার (০৩ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি জানায় তারা।

    বিবৃতিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেছস উর রহমান ও কয়েকজন অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের অবিশ্বাস্য রকম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা সম্পর্কে বিভিন্ন মিডিয়ায় সম্প্রতি যেসব তথ্যনির্ভর খবর পরিবেশিত হয়েছে; তা জেনে আমরা স্তম্ভিত ও উদ্বিগ্ন। তারা উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনের নেতৃত্বদানকারী কয়েকজন ‘সমন্বয়কারীর’ নাম ভাঙিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। তাদের এই অপকর্ম বর্তমান অন্তর্বর্তী সরকার, সমগ্র জনপ্রশাসন, দেশ ও জাতিকে গভীরভাবে হেয়প্রতিপন্ন করেছে। আমরা তাদের এ কুকর্মকে কখনই মেনে নিতে পারি না।

    বিবৃতিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য জানায়, আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. মোখলেস উর রহমান ও দায়ী অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবের চাকরি থেকে অপসারণপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি পূরণ না হলে আগামী রোববার (০৬ অক্টোবর) সকাল ৯টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি’ ঘোষণা করছি।

    প্রসঙ্গ, একটি জাতীয় পত্রিকায় আজ প্রকাশিত এক সংবাদ দাবি করা হয়, সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে ভয়াবহ কেলেঙ্কারি হয়েছে। এ নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুই যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম সরাসরি জড়িত। টাকা-পয়সার লেনদেন নিয়ে হোয়াটসঅ্যাপের কথোপকথনের কিছু তথ্যও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে। এর পরই আলোচনা শুরু হয় বিষয়টি নিয়ে। যদিও অভিযোগ অস্বীকার করে সংবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

  • উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

    উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

    অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অংশ নেন।

    জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের জন্য ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান প্রধান উপদেষ্টা। জাতিসংঘে ভাষণ এবং বিভিন্ন দেশ-আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে শনিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে দেশে ফেরেন তিনি। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো আজ।