Category: জাতীয়

  • ৪১তম বিসিএস : নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন

    ৪১তম বিসিএস : নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন

    অনলাইন ডেস্ক ::: ৪১তম বিসিএসের নন-ক্যাডারে ৩ হাজার ১৬৪ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন শূন্যপদে তারা নিয়োগ পাবেন।

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩-এর বিধান অনুযায়ী এ সুপারিশ করা হয়েছে। সুপারিশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির শর্ত অনুসরণ করা হয়েছে।

  • যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে তাদের কোনো পণ্য কিনবে না বাংলাদেশ: কাদের

    যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে তাদের কোনো পণ্য কিনবে না বাংলাদেশ: কাদের

    অনলাইন ডেস্ক ::: যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশ তাদের কাছ থেকে কোনো পণ্য নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র একতরফা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের টানাপোড়েন রয়েছে।

    তিনি বলেন, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের পথে হাঁটছেন।

    এসময় জাতীয় পার্টির সঙ্গে বৈঠক কোনো লুকোচুরি নয় দাবি করে সেতুমন্ত্রী বলেন, নির্বাচনবিরোধী কর্মকাণ্ডকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সবার সঙ্গে আলাপ আলোচনা চলছে।

    বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বতন্ত্র নির্বাচন যারা করবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা থাকবে না। জনগণের ভোটে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হলে কারও কোনো আপত্তি নেই।

    বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপি ততই মরিয়া হয়ে উঠছে। তাদের গুপ্ত টার্গেট আরও ভয়াবহ হতে পারে। বিএনপির নৃশংস রাজনীতির টার্গেট পুলিশ, সাধারণ মানুষসহ অনেকে।

    তিনি বলেন, সকালে সিরাজগঞ্জে মুরগির বাচ্চাবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) পর্যন্ত ৬০০ গাড়ি, ১০টি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বিএনপির ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ থাকবো।

    সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও বিএম মোজাম্মেল হকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

  • ৩৩৮ থানার ওসি-১১০ ইউএনও বদলির অনুমোদন

    ৩৩৮ থানার ওসি-১১০ ইউএনও বদলির অনুমোদন

    অনলাইন ডেস্ক ::: ৩৩৮ থানার ওসি ও ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসি ও ১১০ ইউএনওকে বদলির তালিকা পাঠানো হয় ইসিতে।

    নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওসি-ইউএনও বদলির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটা ফাইল স্বাক্ষরও হয়েছে। এখন চিঠি ইস্যু হবে। এই চিঠি স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে।

    গত সোমবার (৪ ডিসেম্বর) দেশের আট বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন।

    এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সারাদেশে সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন ইসি।

    আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়। সারাদেশে বর্তমানে ৬৫০টির বেশি থানা রয়েছে।

    এছাড়া দেশের সব ইউএনওকেও পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ইসিতে পাঠানো প্রয়োজন।

    ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

  • ডিসেম্বরে রিজার্ভে যোগ হচ্ছে ১ বিলিয়ন ডলার, অর্থনীতিতে স্বস্তি ফেরার আশা

    ডিসেম্বরে রিজার্ভে যোগ হচ্ছে ১ বিলিয়ন ডলার, অর্থনীতিতে স্বস্তি ফেরার আশা

    বাংলাদেশের অর্থনীতির জন্য সুখবর। ডিসেম্বরের মধ্যেই অর্থনীতির সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক সূচক বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভে এক বিলিয়ন (১০০ কোটি) ডলারের বেশি যোগ হচ্ছে। আর তাতে রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছবে। মেটানো যাবে সাড়ে চার মাসের আমদানি ব্যয়।

    এতে অর্থনীতিতে স্বস্তি ফিরে আসতে শুরু করবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। সব কিছু ঠিকঠাক থাকলে ৭ জানুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে চলতি বছরের মধ্যেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বহুল প্রতীক্ষিত ৪৭০ কোটি (৪.৭ বিলিয়ন) ঋণের দ্বিতীয় কিস্তি ৬৮ কোটি ১০ লাখ ঋণ ছাড় করা হবে। সেই সঙ্গে ম্যানিলাভিত্তিক উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৪০ কোটি ডলার ছাড় করবে। সব মিলিয়ে ১০৮ কোটি ১০ লাখ (১.০৮ বিলিয়ন) ডলার ঋণ ছাড় করবে এই দুই সংস্থা।

    আর এর মধ্য দিয়ে আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ হিসাবে রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলারের কাছাকাছি গিয়ে পৌঁছবে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

    আইএমএফের বোর্ড সভার সময়সূচি অনুসারে, আগামী ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির সদর দপ্তরে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

    ওই সভায় বাংলাদেশের ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন হওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন গত অক্টোবরে ঋণ কর্মসূচি নিয়ে পর্যালোচনা করতে ঢাকায় আসা আইএমএফ প্রতিনিধিদলের প্রধান সংস্থাটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ।
    অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, ১২ ডিসেম্বর আইএমএফ বোর্ড সভায় দ্বিতীয় কিস্তি ঋণের প্রস্তাবটি অনুমোদিত হবে।

    একই কথা বলেছেন, দীর্ঘদিন আইএমএফের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন পালন করে আসা গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘অক্টোবরে ঋণ কর্মসূচি নিয়ে পর্যালোচনা করতে ঢাকায় আসা আইএমএফ প্রতিনিধিদলের সদস্যরা সংবাদ সম্মেলন করে ডিসেম্বরে ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন হবে বলে জানিয়েছিলেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই ১২ ডিসেম্বর বোর্ড সভায় বাংলাদেশের ঋণের বিষয়টি উত্থাপন হচ্ছে। তাই এই ঋণ অনুমোদন পাবে—এটা নিশ্চিত করেই বলা যায়।’

    একই দিন অর্থাৎ ১২ ডিসেম্বর ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় এডিবির বোর্ড অনুষ্ঠিত হবে। ওই সভায় বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ৪০ কোটি ডলার ঋণের প্রস্তাব অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন এডিবি ঢাকা অফিসের বহিঃসম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দ বর।

    বাংলাশে ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, ‘আমরা নিশ্চিত আইএমএফ ও এডিবির ১ বিলিয়ন ডলারের ঋণ পাচ্ছি। আর সেটা ডিসেম্বরের মধ্যেই পাওয়া যাবে। তখন আমাদের রিজার্ভ বেড়ে যাবে।’

    তিনি বলেন, রেমিটেন্সের পাশাপাশি রপ্তানি আয়ও বাড়ছে। ডলারের বাজার স্বাভাবিক হয়ে আসছে। ইতোমধ্যে ডলারের দর ৭৫ পয়সা কমেছে। আরও কমবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে আইএমএফ ও এডিবির ১ বিলিয়ন ডলারের বেশি যোগ হলে ব্যবহারযোগ্য রিজার্ভ বেড়ে ২১ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে। তাতে অর্থনীতিতে স্বস্তি ফিরে আসবে।’

    বাংলাদেশ ব্যাংকের হিসাবে গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দেশে বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ছিল ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংকের ‘গ্রস’হিসাবে রিজার্ভ ছিল ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

  • ফায়ার সার্ভিসে প্রথমবারের মত যুক্ত হলেন ১৫ নারী

    ফায়ার সার্ভিসে প্রথমবারের মত যুক্ত হলেন ১৫ নারী

    ‘২ হাজার ৭০০ প্রার্থী থেকে সব যোগ্যতায় উত্তীর্ণ ১৫ নারীকে ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, যা ফায়ার সার্ভিসের ইতিহাসে প্রথম।’

    বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ফায়ার সার্ভিসে নিয়োগ পাওয়া প্রথম ব্যাচের ১৫ নারী ফায়ার ফাইটারের নিয়োগ এবং প্রশিক্ষণ শেষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন স্থাপন করা হয়েছে। তারপরও যেখানে প্রয়োজন সেখানে আরও ফায়ার স্টেশন নির্মাণ কাজ চলছে। চাহিদা অনুযায়ী আমাদের ফায়ার সার্ভিসে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ফায়ার সার্ভিসকে সমৃদ্ধ করা হচ্ছে অত্যাধুনিক সরঞ্জামাদি দিয়ে।

    আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ফায়ার সার্ভিসের সেবা চ্যালেঞ্জিং। শুধু চ্যালেঞ্জিং নয়, সব সময় যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। হঠাৎ অগ্নিকাণ্ড বা ভূমিকম্প হতে পারে। যেকোনও কিছু মোকাবিলার জন্যই তাদের প্রস্তুত থাকতে হয়। আগুন লাগলে অগ্নিসেনাও দগ্ধ হতে পারেন। অনেক ক্ষেত্রে আমাদের ফায়ার ফাইটারদের অগ্নিদগ্ধ হতে দেখেছি, আহত হতে দেখেছি।’

    তিনি বলেন, ফায়ার সার্ভিসের সেবা সম্প্রসারণে আমরা নারীদের নিয়োগ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা দেখেছি, পুলিশ বা বিজিবি যেখানেই নারীদের নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে, সেখানে সাহসিকতার সঙ্গে তারা ভালো কাজ করছেন। ফায়ার সার্ভিসে প্রথমবারের মতো নিয়োগ পাওয়া নারী ব্যাচের সদস্যরা আরও ভালো করবেন বলে আমরা প্রত্যাশা করি।

    তিনি আরও বলেন, দেশের নারীরা সকল সেক্টরে ভালো করছে। বিশ্বের অনেক দেশেই ফায়ার ফাইটার হিসেবে নারী সদস্য নেই। এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই নারী সদস্যরা। তারা অগ্নিনির্বাপণসহ প্রতিটি দূর্যোগকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলেও জানান মন্ত্রী।

    এ সময় আরও উপস্থিত ছিলেন– ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন ও ফায়ার সার্ভিসের পরিচালকরা।

  • নির্বাচনে বিদেশিদের চাপ দেওয়ার রাইট নেই: ইসি আলমগীর

    নির্বাচনে বিদেশিদের চাপ দেওয়ার রাইট নেই: ইসি আলমগীর

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর । তিনি বলেন, বিদেশিরা কখনোই আমাদের চাপ দেয়নি। আমাদের এ ধরনের চাপ দেওয়ার রাইট নেই। শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য উল্টো কমিশন সংশ্লিষ্টদের চাপ দিয়ে বেড়াচ্ছে।

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    নির্বাচন কমিশনার আলমগীর বলেন, এখন পর্যন্ত বিএনপির নির্বাচনে আসার সুযোগ নেই। তবে বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইলে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে। যেহেতু মানুষ সৃষ্টির সেরা জীব তাই এ বিষয়ে নিরীক্ষার সুযোগ আছে। আমরা যা কিছু করি না কেন তা সংবিধানের আলোকে করতে হবে।

    তিনি আরও বলেন, নির্বাচনে এখনো সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি। যদি পরে সিদ্ধান্ত হয় তাহলে সেনাবাহিনী মোতায়েন হলেও ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে।

    পর্যবেক্ষকের বিষয়ে ইসি আলমগীর বলেন, আসছে নির্বাচনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ৮২ জন পর্যবেক্ষক ও ৪৬ জন সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষকের জন্য আবেদন করেছেন। নির্বাচনে একটি নীতিমালা আছে। সে নীতিমালা সব সাংবাদিককে অনুসরণ করতে হবে।

    ইউএনও এবং ওসিদের বদলির বিষয়ে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের সঙ্গে সংলাপ করেছেন। সেখানে তাদের অভিযোগ ছিল সরকার প্রশাসনকে সাজিয়ে গুছিয়ে তাদের মতো করে নিয়েছে। এ অবস্থায় প্রশাসনে পরিবর্তন করতে হবে বিভিন্ন রাজনৈতিক দলের অভিমত ছিল।

    জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

  • নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য সবসময়ই একটি পক্ষ সচেষ্ট থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

    নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য সবসময়ই একটি পক্ষ সচেষ্ট থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

    অনলাইন ডেস্ক ::: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য সবসময়ই একটি পক্ষ সচেষ্ট থাকে। তা যেন না হয়, এজন্যই নির্বাচন কমিশন থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

    বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৫২ বছর’ পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এর অন্তরালে বিপত্তি ঘটানোর, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নির্বাচনকে প্রভাবিত করার জন্য একটি পক্ষ অনেক পন্থা অবলম্বন করে। সে ধরনের কোনো ঘটনা যাতে কেউ না ঘটাতে পারে এজন্য নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করে নির্দেশনা দেওয়া হচ্ছে। আমাদের নিরাপত্তা বাহিনী যারা আছেন তারা অত্যন্ত দক্ষ। প্রতিনিয়তই শীর্ষ সন্ত্রাসীদের নিরাপত্তা বাহিনী দ্বারা আটক করা হচ্ছে। আমরা সবসময়ই তাদের চিহ্নিত করে আসছি, এটি একটি চলমান প্রক্রিয়া। তাদের বেশিরভাগই এখন জেলখানায়, নাহয় দেশত্যাগ করেছে। বিদেশে যারা আত্মগোপন করেছে, তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। এরইমধ্যে কয়েকজনকে আনাও হয়েছে।’

    সীমান্তে অস্থিরতা নিয়ে তিনি বলেন, ‘সীমান্তে হত্যার সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এ নিয়ে মন্ত্রী পর্যায়েও মিটিং হচ্ছে। আমরা চেষ্টা করছি, সীমান্তে নন লিথ্যাল অস্ত্র ব্যবহার করার।’

    নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা বাহিনী সবসময়ই অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ করছে। যাদের কাছে অস্ত্র রয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে।

    অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমিরেটাস অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।

  • ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে

    ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে

    অনলাইন ডেস্ক ::: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সারাদেশে সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন ইসি। তার ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসির বদলির তালিকা পাঠানো হয়েছে ইসিতে।

    বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়। ইসি সূত্রে জানা গেছে এ তথ্য।

    গত সোমবার (৪ ডিসেম্বর) দেশের আট বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

    বিস্তারিত আসছে…

  • ফের বাড়ল এলপিজির দাম

    ফের বাড়ল এলপিজির দাম

    ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

    রোববার (৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ডিসেম্বর মাসের নতুন এ দর ঘোষণা করে, যা একইদিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

    সংবাদ সম্মেলনে এলপিজির নতুন দর ঘোষণায় বিইআরসি চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৭ টাকা ২ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে ১২ কেজি বোতলজাত এলপিজির মুসকসহ মূল্য এক হাজার ৪০৪ টাকায় সমন্বয় করা হয়েছে।

    তিনি বলেন, সাড়ে পাঁচ কেজির সিলিন্ডার ৬৪৪ টাকা, সাড়ে ১২ কেজির সিলিন্ডার এক হাজার ৪৬৩ টাকা, ১৫ কেজির সিলিন্ডার এক হাজার ৭৫৫ টাকা, ১৬ কেজির সিলিন্ডার এক হাজার ৮৭২ টাকা, ১৮ কেজির সিলিন্ডার দুই হাজার ১০৭ টাকা, ২০ কেজির সিলিন্ডার দুই হাজার ৩৪০ টাকা, ২২ কেজির সিলিন্ডার দুই হাজার ৫৭৫ টাকা, ২৫ কেজির সিলিন্ডার দুই হাজার ৯২৬ টাকা, ৩০ কেজির সিলিন্ডার তিন হাজার ৫১১ টাকা, ৩৩ কেজির সিলিন্ডার তিন হাজার ৮৬২ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার চার হাজার ৯৬ টাকা ও ৪৫ কেজির সিলিন্ডার পাঁচ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বিইআরসি চেয়ারম্যান জানান, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৩ টাকা ২০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ ছাড়া ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে।

    এর আগে, নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম এক হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে এক হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

  • ৫ প্রকল্পে ১০৩ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

    ৫ প্রকল্পে ১০৩ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

    পাঁচটি উন্নয়ন প্রকল্পে প্রায় ১০৩ কোটি ডলার ঋণ দিতে সরকারের সঙ্গে চুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (২৮ নভেম্বর) এডিবি ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    ঢাকায় এ চুক্তিতে সই করেন ইআরডির সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং।

    এডিবি জানায়, প্রকল্পগুলো হলো- ১. আবাসিক গ্রাহকদের জন্য সাড়ে ৬ লাখ স্মার্ট প্রি–পেইড মিটার স্থাপন। এ প্রকল্পে ঋণ ২০ কোটি ডলার। প্রাথমিকভাবে ঢাকা এবং নারায়ণগঞ্জে এর কাজ চলবে।

    ২. গোপালগঞ্জে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানির টিকা উৎপাদন কারখানা প্রতিষ্ঠা। এ প্রকল্পে ঋণ ৩৩ কোটি ৬৫ লাখ ডলার।

    ৩. দক্ষিণ এশীয় উপ–আঞ্চলিক সহযোগিতা কর্মসূচির (সাসেক) অধীনে ঢাকা থেকে উত্তরাঞ্চলে আধুনিক মহাসড়ক নির্মাণ। এতে ঋণ ৩০ কোটি ডলার।

    ৪. বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যশোর ইউিনভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার ও আইটি শিক্ষার প্রকল্প। এ প্রকল্পে ঋণ ১০ কোটি ডলার।

    ৫. পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প। এতে এডিবি ঋণ দিচ্ছে ৯ কোটি ডলার।