Category: আন্তর্জাতিক

  • টসে জিতে ব্যাটিংয়ে ভারত

    টসে জিতে ব্যাটিংয়ে ভারত

    জয় পেলেই সেমিফাইনালের রাস্তা পরিষ্কার- এমন সমীকরণ নিয়েই আজ (বৃহস্পতিবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে ভারত। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

    পিচ রিপোর্ট থেকে আগেই জানা গেছে, ওল্ড ট্রাফোর্ডে আগে অনুষ্ঠিত হওয়া ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড ম্যাচের পিচই থাকছে আজ। টসে জয়ী দল ব্যাটিং বেছে নেবে।

    সেটাই করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টসে জিতে তিনি ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন। নিজেরা নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

    ক্যারিবীয়দের বিপক্ষে এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারতীয় দল। মোহাম্মদ শামিকে বাদ দিয়ে ইনজুরি ফেরত ভুবনেশ্বর কুমারকে একাদশে নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত শামিতেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

    অন্যদিকে একাদশে দুটি পরিবর্তন এনেছেন ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার এভিন লুইসের পরিবর্তে একাদশে ঢুকেছেন সুনিল অ্যামব্রিস। অ্যাশলে নার্সের পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন ফ্যাবিয়ান অ্যালান।

    ভারত একাদশ
    রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, ইয়ুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ
    ক্রিস গেইল, সুনিল অ্যামব্রিস, সাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, কেমার রোচ, ওশানে থমাস।

  • বাংলাদেশকে জায়গা করে দিয়ে হোটেল ছাড়লেন কিউই ক্রিকেটাররা

    বাংলাদেশকে জায়গা করে দিয়ে হোটেল ছাড়লেন কিউই ক্রিকেটাররা

    বার্মিংহ্যামের হোটেল ‘হায়াত রিজেন্সি’র সামনে রাজ্যের ব্যস্ততা। কেউ বাক্স-পেটরা গুছিয়ে হোটেল ছাড়ছেন, কেউবা উঠছেন। একটি দল হলো নিউজিল্যান্ড, আরেক দল বাংলাদেশ।

    পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য নিউজিল্যান্ডের ক্রিকেটাররা উঠেছিলেন এই হোটেল ‘হায়াত রিজেন্সি’তে। ম্যাচ শেষ, হারের স্বাদ নিতে হয়েছে কিউইদের। কিন্তু সেমিফাইনালে এক পা দিয়ে রাখা কিউইরা সেটা নিয়ে বোধ হয় খুব একটা চিন্তিত নয়। বেশ ফুরফুরেই দেখা গেল তাদের।

    সেই ফুরফুরে থাকার পেছনে অবশ্য আরেকটি কারণ আছে। নিউজিল্যান্ডের ক্রিকেটাররা যে প্রায় সবাই সস্ত্রীক-পরিবারসহ হোটেলে উঠেছিলেন। এত গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্টে পরিবার-পরিজনকে কাছে পাওয়াটা তাদের জন্য বিরাট এক স্বস্তির ব্যাপার। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সেই সুযোগটা করে দিয়েছে।

    অথচ বাংলাদেশের মাশরাফি, সাকিব, মুশফিক, রিয়াদদের সস্ত্রীক বিশ্বকাপ খেলতে আসা নিয়ে কেউ কেউ কটুক্তি করেছেন, বাঁকা চোখেও তাকিয়েছেন। কেউ কেউ তো এমনটাও বলছেন, পরিবার নিয়ে খেলতে গেলে খেলায় মনোযোগ দেবে কি করে!

    নিউজিল্যান্ডের ক্রিকেটারদের স্ত্রী-সন্তানদের নিয়ে হোটেল ছাড়ার ভিডিওটি দেখলে তাদের সে ভুল ভেঙে যাবে। কিউইদের ১৫ জন ক্রিকেটারের যারা বিবাহিত, তাদের প্রায় প্রত্যেকেই এসেছেন সস্ত্রীক ছেলে-মেয়েসহ। তাই বলে কি তারা মাঠে খারাপ করছেন? না, বরং উল্টো উজ্জীবিত হয়েই লড়ছেন।

    নিউজিল্যান্ডের ক্রিকেটাররা পাঁচ তারকা হোটেল ‘হায়াত রিজেন্সি’ ছেড়ে যাচ্ছেন নতুন গন্তব্যে। তাদের আগামী ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে লন্ডনে।

    আর কিউইদের ছেড়ে দেয়া এই হোটেলেই উঠছে বাংলাদেশ দল। টাইগারদের পরবর্তী ম্যাচ এই বার্মিংহ্যামেই, শক্তিশালী ভারতের বিপক্ষে। তবে ২ জুলাই ম্যাচের আগে বেশ অনেকটা বিরতি আছে। তাই বাংলাদেশ দলের খেলোয়াড়দের পাঁচদিন ছুটি দেয়া হয়েছে।

    সেই ছুটিতে সাকিব, তামিম, লিটন, মোসাদ্দেকসহ বেশিরভাগ ক্রিকেটারই চলে গেছেন লন্ডনে। পাঁচ-ছয়জন উঠেছেন বার্মিংহ্যামের হোটেল ‘হায়াত রিজেন্সি’তে। তবে তারাও থাকবেন ছুটির আমেজেই। পারবেন হোটেল থেকে বাইরে ঘুরতে বের হতেও।

  • মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে নদীতে প্রাণ গেল বাবা-মেয়ের

    মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে গিয়ে নদীতে প্রাণ গেল বাবা-মেয়ের

    অস্কার মার্টিনেজ রামিরেজ ও তাঁর মেয়ে ভ্যালেরিয়া। এল সালভাদরের নাগরিক অস্কার যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন। ছবি: রয়টার্সএকেবারে তীরের কাছাকাছি উপুড় হয়ে পড়ে থাকা দুটি দেহ। নিথর, নিস্পন্দ। আর একটুক্ষণ দম থাকলে হয়তো তীরে উঠে মেয়ের গা, হাত-পা মুছে দিতেন বাবা। হয়তো দুই বছরের মেয়ে ভ্যালেরিয়াকে বুকে জড়িয়ে দম নিতেন প্রাণভরে। কিন্তু সেই সৌভাগ্য হয়নি বাবা অস্কার মার্টিনেজ রামিরেজের। মেয়ের সঙ্গেই নদীতে ডুবে মরতে হয়েছে তাঁকে। অন্তিম মুহূর্তেও প্রিয় বাবার সঙ্গ ছাড়েনি মেয়ে, বাবার কাঁধে হাত রেখেই মৃত্যুকে আলিঙ্গন করেছে সে। কখনো বাবাকে ছেড়ে যাবে না—এবারের বাবা দিবসে হয়তো এই প্রতিশ্রুতিই দিয়েছিল ভ্যালেরিয়া।

    বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এল সালভাদরের নাগরিক অস্কার (২৫)। দুই বছর বয়সী মেয়ে ভ্যালেরিয়া ও ২১ বছরের স্ত্রীকে নিয়ে গত রোববার স্থানীয় সময় বিকেলে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে চেয়েছিলেন তিনি। প্রত্যাশা ছিল যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার। অবৈধ ও বিপজ্জনক পথ পেরিয়ে মার্কিন মুলুকে পা দেওয়া আর হলো না তাঁর। রিও গ্রান্দে নদী পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হয়েছে অস্কার ও তাঁর মেয়ের। গত সোমবার তীরের কাছাকাছি বাবা-মেয়ের মরদেহ ভেসে ওঠে। তবে প্রাণে বেঁচে গেছেন অস্কারের স্ত্রী।

    এই ছবিটি মনে করিয়ে দিচ্ছে ৩ বছর বয়সী শিশু আয়লান কুর্দির কথা । ইউরোপে অভিবাসনপ্রত্যাশী সিরিয়ার এই শিশুটির মৃতদেহ ভেসে এসেছিল তুরস্কের সমুদ্রসৈকতে। ২০১৫ সালের ওই ঘটনার ছবিটি বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল।

    সংশ্লিষ্টরা বলছেন, অস্কার মার্টিনেজ রামিরেজ মেয়েকে পিঠে নিয়ে নদী পার হতে চেয়েছিলেন। গায়ের টি-শার্টের ভেতরে ঢুকিয়ে নিয়েছিলেন ছোট্ট মেয়েটিকে। মেয়েকে নিরাপদে রাখতে নিজের সাধ্য অনুযায়ী কিছুই করা বাকি রাখেননি অস্কার। খরস্রোতা রিও গ্রান্দে পাড়ি দিতে হতদরিদ্র অস্কার আর কীই বা করতে পারতেন! তাও রক্ষে হয়নি। স্রোতের টানে পানিতে ডুবে যান অস্কার। স্ত্রীর চোখের সামনেই ভেসে যায় স্বামী-সন্তান। স্ত্রী শেষতক তীরে পৌঁছেছিলেন, তবে তখন তাঁর সম্বল শুধুই আহাজারি।

    মেক্সিকোর মাতামোরোসের তামালিপাস রাজ্যের নদীর ধারে গত সোমবার মিলেছে অস্কার ও তাঁর ছোট্ট মেয়ের মৃতদেহ। সিএনএন বলছে, মেক্সিকোর এক আলোকচিত্রী সর্বপ্রথম মর্মস্পর্শী এ ছবিটি ক্যামেরাবন্দী করেন। বাবা-মেয়ের মৃতদেহের চারপাশে ছড়িয়ে ছিল কিছু পানীয়ের ক্যান।

    বাবা-মেয়ের মৃতদেহের এই ছবি ইন্টারনেটের দুনিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, বৈশ্বিক গণমাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে প্রতিবেদন। এই ঘটনায় এল সালভাদর ও মেক্সিকোতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিবাসীদের প্রতি এই দুই দেশের সরকারের বর্তমান দৃষ্টিভঙ্গিই ক্ষোভ সৃষ্টির মূল কারণ।

    এ ঘটনায় এল সালভাদরের পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্দ্রা হিল বলেছেন, দেশটির অর্থনৈতিক সংকট মোকাবিলার চেষ্টা করছে তাদের সরকার। এ জন্য সরকারের পাশে থাকার জন্য দেশবাসীদের আহ্বান জানিয়েছেন তিনি। হিল বলেন, ‘আমাদের দেশ আবার শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে। আমি আপনাদের কাছে প্রার্থনা করছি-নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলবেন না। জীবন আর সবকিছুর চেয়ে অধিক মূল্যবান।’

    ওদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর বলেছেন, তাঁর সরকার অভিবাসন প্রত্যাশীদের অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে।

    আন্তর্জাতিক আইন অনুযায়ী, অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের অধিকার রক্ষা করতেই হবে। তবে অভিযোগ আছে, উত্তরাঞ্চলের সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের ক্ষেত্রে মেক্সিকো তেমন বাধা দেয় না। এ নিয়ে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েনও আছে।

  • মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মোদি ব্যথিত

    মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মোদি ব্যথিত

    অনলাইন ডেস্ক :

    হিন্দুত্ববাদী স্লোগান দিতে বাধ্য করার পর এক মুসলমান যুবককে হত্যার ঘটনায় ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ধর্মনিরপেক্ষ ভারতে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতার সর্বশেষ উদাহরণ হচ্ছে ওই যুবককে পিটিয়ে হত্যা। পাকিস্তানভিত্তিক এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এ তথ্য জানা গেছে।

    মুসলমানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিন্দুত্বাবাদীদের হামলার ঘটনায় নিশ্চুপ থাকায় সমালোচিত হয়ে আসছেন মোদি।

    কিন্তু বুধবার ওই নৃশংসতায় জড়িতদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

    পার্লামেন্টের উচ্চকক্ষে তিনি বলেন, ঝাড়খণ্ডের ওই হত্যাকাণ্ড আমাকে ব্যথিত করেছে। এভাবে এক তরুণের প্রাণহানি সত্যিই দুঃখজনক। কাজেই দোষীদের কঠোর শাস্তি দেয়া হবে।

    ঝাড়খণ্ডে জয় শ্রীরাম বলতে বাধ্য করার পর এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১১ ব্যক্তিকে আটক করা হয়েছে।

    সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাবরেজ আনসারিকে যে ব্যক্তি পিটাচ্ছে বলে দেখা গেছে তিনিও আটক হয়েছেন। সিধেল চোর আখ্যা দিয়ে ওই যুবককে একটানা ১২ ঘণ্টা পিটিয়ে হত্যা করা হয়েছে।

  • লাইভ টকশো’তে সাংবাদিক পেটালেন রাজনৈতিক নেতা !

    লাইভ টকশো’তে সাংবাদিক পেটালেন রাজনৈতিক নেতা !

    টিভিতে লাইভ টকশো চলাকালীন এক সাংবাদিকের ওপর চড়াও হওয়ার একটি ঘটনা ঘটেছে পাকিস্তানে। আর অপ্রীতিকর এই ঘটনাটি ঘটিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর জ্যেষ্ঠ নেতা মসরুর আলী সিয়াল। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে।

    ভারতীয় গণমাধ্যমে খবর, গত সোমবার রাতে পাকিস্তানি সংবাদ চ্যানেলে ‘নিউজ লাইন উইথ আফতাব মুঘেরি’ নিয়ে টকশো চলছিল। সেখানেই দেশটির জ্যেষ্ঠ সাংবাদিক ও করাচি প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ খান ফারানের ওপর চড়াও হন ওই পিটিআই নেতা।

    জানা গেছে, বিতর্ক চরমে পৌঁছলে ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে ধাক্কা মেরে ফেলে তার উপর ঘুষি মারতে থাকেন মসরুর আলী। পরিস্থিতি চরমে ওঠায় উপস্থিত অন্যান্যরা অনেক কষ্টে তাকে টেনে সরিয়ে আনেন। পরবর্তীতে দুজনেই পুনরায় নির্ধারিত জায়গায় বসে টকশোতে অংশ নেন।

  • আইসিসির ফটো প্রতিযোগিতা: নির্বাচিত সেরা ১৪ ছবি মধ্যে বাংলাদেশের দুইটি

    আইসিসির ফটো প্রতিযোগিতা: নির্বাচিত সেরা ১৪ ছবি মধ্যে বাংলাদেশের দুইটি

    বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের উন্মাদনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) একটি ফটো প্রতিযোগিতার আয়োজন করেছে। নির্বাচিত সেরা ১৪ ছবি মধ্যে বাংলাদেশের দুইটি ছবিও রয়েছে।

    আইসিসি তাদের নিজস্ব ওয়েবসাইটে ফটোগুলো দিয়ে তা বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট ভক্তদের শেয়ার করতে বলেছে। ১৪টি ফটোর মধ্যে সিরিয়াল অনুযায়ী ৩ ও ১০ নম্বর ফটোতে বাংলাদেশের দুই ছবি দেয়া হয়েছে।

    ফটোগুলোর মধ্য থেকে সেরা ছবি বেছে নেয়ার জন্য সবাই ভোট করতে পারবে। ১৪টি ফটোর সিরিয়ালসহ কোন দেশগুলোর ফটো তাও উল্লেখ করা হয়েছে। সর্বোচ্চ ভোট পাওয়া ছবির ফটোগ্রাফার পাবেন লর্ডসে বসে বিশ্বকাপের ফাইনাল দেখার সুযোগ।

    সিরিয়ালের ৩ নম্বরে থাকা বাংলাদেশের ফটোতে দেখা যাচ্ছে, পানি জমে থাকা কর্দমাক্ত মাঠে ছোট ছেলেরা ক্রিকেট ব্যাট-বল নিয়ে মেতে উঠেছে। আর বাংলাদেশের আরেকটি ফটো যা সিরিয়ালের ১০ নম্বরে রয়েছে, সেখানে দেখা যাচ্ছে দুই পাশে খালের পানি ও একপাশে ক্ষেতের কাছে থাকা গ্রামের একটি সরু মেঠো পথে পড়ন্ত বিকেলে ক্রিকেট খেলায় মেতেছে আগামীর মাশরাফী-সাকিবরা।

    আইসিসির ফটো প্রতিযোগিতায় একটি ফটোকেই কেবল ভোট দেয়া যাবে। বাংলাদেশের কোনো একটি ছবিকে সেরা ফটো হিসেবে নির্বাচিত করার জন্য সিরিয়ালের ৩ অথবা ১০ নম্বরে ভোট প্রদান করতে হবে।

  • বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি

    বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি

    ব্যাট হাতে রেকর্ড গড়া যেন বিরাট কোহলির নিত্যদিনের কাজ। অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছেন ও গড়ছেন ভারতীয় দলের অধিনায়ক। এবার নতুন আরও একটি বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। আর মাত্র ৩৭ রান করলেই ইতিহাসে দ্রুততম ক্রিকেটার হিসেবে ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন এই রান-মেশিন।

    বিশ্বকাপে ভারতের পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করার সুযোগ থাকছে কোহলির সামনে। এবারের বিশ্বকাপের শুরুতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করা কোহলির জন্য যা কঠিন কিছু নয়। বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ হাজার ৯৬৩ রানের মালিক কোহলি।

    এর আগে, আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান করার কৃতিত্ব দেখিয়েছেন মোট এগারো জন ক্রিকেটার। যার মধ্যে আছেন দুই ভারতীয় ক্রিকেট কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। অর্থাৎ, ২০ হাজার রান করা তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হতে যাচ্ছেন কোহলি।

    কোহলি এখন পর্যন্ত ৪১৬ ইনিংসে ব্যাট করে ওয়ানডে ক্রিকেটে ১১ হাজার ৮৭ রান, টেস্টে ৬৬১৩ রান এবং টি-টোয়েন্টিতে ২২৬৩ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুতমত বিশ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ক্রিকেটার মোট দু’জন। তারা হলেন দুই ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা ও শচিন টেন্ডুলকার। তারা দুজনেই ৪৫৩ ইনিংস খেলে অবিশ্বাস্য এই মাইলফলক স্পর্শ করেন।

    এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন কোহলি। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে হাঁকিয়েছেন তিন অর্ধশতক। এবার দেখার বিষয়, ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে শেষতক কোহলি কতটুকু সময় নেন।

  • বিপদ কাটিয়ে লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের

    বিপদ কাটিয়ে লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের

    ৮৩ রানেই নেই ৫ উইকেট। পাকিস্তানের বোলিং তোপে একটা সময় মনে হচ্ছিল, দেড়শ করাই দায় হবে নিউজিল্যান্ডের। সেই দলটিই শেষ পর্যন্ত তুলেছে ৬ উইকেটে ২৩৭ রান।

    এজবাস্টনে টস জিতে ব্যাটিংয়ে নেমেই চাপের মুখে পড়ে নিউজিল্যান্ড। প্রথম ওভারে কিছুটা চমক ছিল। অফস্পিনার মোহাম্মদ হাফিজকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করে পাকিস্তান। তবে সেই ওভারটা বেশ দেখেশুনেই কাটিয়ে দেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপটিল আর কলিন মুনরো।

    ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন মোহাম্মদ আমির। প্রথম বলেই উইকেট। আমিরের অফসাইডের বলটি শরীরের বাইরে থেকে ড্রাইভ করতে গিয়ে স্ট্যাম্পে টেনে আনেন গাপটিল, মাত্র ৫ রান করেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কিউই ওপেনার।

    শুরুতেই উইকেট হারিয়ে বিপদে পড়া নিউজিল্যান্ড ধীর ব্যাটিংয়ে মনোনিবেশ করে। কিন্তু সপ্তম ওভারে এসে তারা হারিয়ে বসে আরেক ওপেনার মুনরোকেও। ১২ রান করে শাহীন আফ্রিদির দুর্দান্ত এক ডেলিভারিতে প্রথম স্লিপে ক্যাচ দেন তিনি।

    নিজের পরের ওভারে আবারও আঘাত শাহীন আফ্রিদির। এবার তিনি পরাস্ত করেন কিউই ব্যাটিং স্তম্ভ রস টেলরকে (৩)। উইকেটের পেছনে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন সরফরাজ আহমেদ।

    ১৩তম ওভারে আরও এক উইকেট শাহীন আফ্রিদির। এবার তার দুর্দান্ত ডেলিভারিটি কিছু বোঝার আগেই টম লাথামের (১) ব্যাট ছুঁয়ে চলে যায় সরফরাজের হাতে। ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসে কিউইরা।

    পঞ্চম উইকেটে চাপ কিছুটা সামলে উঠেন কেন উইলিয়ামসন আর জিমি নিশাম। ৩৭ রানের এই জুটি ভাঙেন শাদাব খান। তার ঘুর্ণিতে ৪১ রানের মাথায় উইকেটরক্ষক সরফরাজের ক্যাচ হন অধিনায়ক উইলিয়ামসন।

    সেখান থেকে ষষ্ঠ উইকেটে নিশাম আর কলিন ডি গ্র্যান্ডহোমের দুর্দান্ত প্রতিরোধ। তাদের ১৩২ রানের বড় জুটিতে ভর করেই লড়াকু পুঁজির ভিতটা পেয়ে যায় নিউজিল্যান্ড।

    ৭১ বলে ৬৪ রান করে রানআউটের কবলে পড়েন ডি গ্র্যান্ডহোম। তবে নিশাম শেষ পর্যন্ত আউট হননি। যদিও একটুর জন্য সেঞ্চুরিটা পাননি। ১১২ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৯৭ রানে অপরাজিত থাকেন নিশাম।

    পাকিস্তানের পক্ষে ২৮ রানে ৩টি উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। একটি করে উইকেট নেন মোহাম্মদ আমির আর শাদাব খান।

  • সালমানের বিরুদ্ধে সাংবাদিকের ছিনতাই মামলা

    সালমানের বিরুদ্ধে সাংবাদিকের ছিনতাই মামলা

    ঘটনা দুই মাস আগের। বলিউড তারকা ও ‘সাইক্লিং লাভার’ সালমান খান মুম্বাইয়ের রাস্তায় গভীর রাতে সাইকেল চালাচ্ছিলেন। এ সময় অশোক পান্ডে নামের একজন টেলিভিশন সাংবাদিক জুহু থেকে কান্দিবলী যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন ফটোসাংবাদিক সৈয়দ ইরফান। সালমান খানকে সাইকেল চালাতে দেখে তিনি মুঠোফোনে ভিডিও করতে শুরু করেন। গোলমালের শুরু সেখান থেকেই।

    এমনিতেই সালমান খান নিজেকে একটু আড়ালে রাখতে ভালোবাসেন। সব সময় গাড়িতে কালো কাচ তুলে সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাস্তায় চলাফেরা করেন। তাই কেউ অনুমতি না নিয়ে ভিডিও করছেন দেখে সালমান খান রেগে যান। অভিযোগে বলা হয়েছে, এ সময় তিনি, একজন দেহরক্ষী ও অন্য আরেকজন মিলে অশোক পান্ডের কাছ থেকে ফোন কেড়ে নেন। তাঁরা ওই টিভি সাংবাদিককে মারধর করেন, হুমকি দেন ও গালিগালাজ করেন। শুধু তা-ই নয়, মোবাইল থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মুছে দেওয়ার অভিযোগও উঠেছে।

    অশোক পান্ডেও কম যান না। তিনি ডিএন নগর থানায় সালমানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করেন। অনুমতি না নিয়ে ভিডিও করার জন্য সালমানের দেহরক্ষী উল্টো অভিযোগ করেছেন অশোকের বিরুদ্ধে। অশোক অভিযোগে লিখেছেন, ভিডিও করার আগে তিনি সালমানের দেহরক্ষীর কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছিলেন। কিন্তু সালমানের বিরুদ্ধে আনা এই অভিযোগ ধোপে টেকেনি। থানা থেকে জানানো হয়, তারা সালমানের বিরুদ্ধে আনা কোনো অভিযোগের সত্যতা পায়নি।

    গতকাল মঙ্গলবার ওই সাংবাদিক আদালতে যান। ডেকান ক্রনিকলের এক প্রতিবেদনে বলা হয়, সেখানে তিনি ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩২৩, ৩৯২ ও ৫০৬- এই তিনটি ধারায় যথাক্রমে মারধর, ছিনতাই ও হুমকির অভিযোগে মামলা করেন। মামলার আসামিরা হলেন সালমান খান, তাঁর দেহরক্ষী গুরমিত সিং জলি ও নাম না জানা তৃতীয় আরেকজন।

    সালমান খানের পক্ষ থেকে নাকি একজন ফোন করে বিষয়টি মীমাংসা করার প্রস্তাব করেছেন। কিন্তু মামলাকারী অশোক পান্ডে সেই প্রস্তাবে রাজি হননি। আগামী ১২ জুলাই আন্ধেরির আদালতে এই মামলার শুনানি হবে।

    এর আগে ১৯৯৮ সালে রাজস্থানে একটি ফিল্মের শুটিংয়ে গিয়ে অস্ত্র রাখা ও বিরল প্রজাতির হরিণ শিকারের অভিযোগে অস্ত্র আইনে সালমান খানের বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘদিন পর ২০১৭ সালে সেই মামলা সিনথেকে রেহাই পান তিনি।

  • ২০৩০ সাল নাগাদ সারা বিশ্বে দুই কোটি কর্মসংস্থান দখল করবে রোবট

    ২০৩০ সাল নাগাদ সারা বিশ্বে দুই কোটি কর্মসংস্থান দখল করবে রোবট

    ২০৩০ সাল নাগাদ সারা বিশ্বে শিল্প খাতের দুই কোটি কর্মসংস্থান চলে যাবে রোবটের হাতে। এই খাতে চাকরি হারানো মানুষগুলো সেবা খাতে জায়গা খুঁজে পেতেও প্রতিযোগিতার সম্মুখীন হবেন। কারণ, সেবা খাতেও অটোমেশনের কারণে কর্মসংস্থান সংকুচিত হবে।

    অক্সফোর্ড ইকোনমিকসের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আজ বুধবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    অবশ্য অটোমেশনের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও চাকরির ক্ষেত্র বাড়বে বলে মনে করছে সংস্থাটি। সংস্থাটি মনে করছে, যে আয়–বৈষম্যের সৃষ্টি হবে, তা প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত।

    গবেষণায় বলা হচ্ছে, একটি ইন্ডাস্ট্রিয়াল রোবট ১ দশমিক ৬টি কর্মসংস্থান নিয়ে নেবে। তা ছাড়া যেসব অঞ্চলের কর্মীরা বেশি অদক্ষ, তাঁদের ওপর প্রভাব পড়বে বেশি।

    অক্সফোর্ড ইকোনমিকসের এই গবেষকেরা বলছেন, যেসব অঞ্চলে কর্মীরা বেশি অদক্ষ, এ কারণে অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে ও বেকারত্ব বাড়ছে, তাঁদের রোবটের কাছে চাকরি হারানোর আশঙ্কা সবচেয়ে বেশি। শিল্প খাতে যাঁরা চাকরি হারাবেন, তাঁরা যোগাযোগ, অবকাঠামো, ব্যবস্থাপনাসহ নানা ধরনের প্রশাসনিক কাজ খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তবে অটোমেশনের কারণে তাও পাওয়া কঠিন হয়ে পড়বে। রোবটের কাছে দক্ষ অঞ্চলের মানুষের চেয়ে অদক্ষ অঞ্চলের মানুষের চাকরি হারানোর আশঙ্কা দুই গুণ বেশি। এর ফলে অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক মেরুকরণ বৃদ্ধি পাবে, যা এখনই অনেক বেশি।

    অনেক প্রতিবেদনে দেখা যায়, রোবট ও অটোমেশনের কারণে সব ক্ষেত্রে কর্মসংস্থান হারাবে মানুষ—এমন অশনিসংকেত দেওয়া হয়। তবে এই প্রতিবেদন সেভাবে বিষয়টিকে বলা হয়নি। বরং রোবটের কারণে অর্থনৈতিক প্রভাবের সূক্ষ্ম বিশ্লেষণ করেছে তারা। গবেষকেরা বলছেন, অটোমেশনের কারণে উৎপাদনশীলতা বাড়বে, যার ফলে প্রবৃদ্ধি বাড়বে। অর্থাৎ, যে পরিমাণ চাকরি হারানোর ভয় থাকছে, সেই পরিমাণ নতুন চাকরি সৃষ্টির উপায়ও থাকছে। এখন বিভিন্ন দেশের সরকারপ্রধানদের জন্য চ্যালেঞ্জ হলো সমাজের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না করে নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা। এ ক্ষেত্রে চাকরির পুনরাবৃত্তির ঝুঁকির বিষয়ে সরকারকে নজর রাখতে হবে।

    ২০০০ সাল থেকে এখন পর্যন্ত সারা বিশ্বে শিল্প খাতে প্রায় ১৭ লাখ কর্মসংস্থান রোবটের হাতে চলে গেছে। যার মধ্যে ইউরোপে ৪ লাখ, যুক্তরাষ্ট্রে ২ লাখ ৬০ হাজার, চীনে সাড়ে পাঁচ লাখ। গবেষণা সংস্থাটি মনে করছে, সবচেয়ে বেশি অটোমেশন হবে চীনে। ২০৩০ সাল নাগাদ এ অঞ্চলে ১ কোটি ৪০ লাখ ইন্ডাস্ট্রিয়াল রোবট কাজ করবে।