Category: আন্তর্জাতিক

  • হাত খুলে খেলতে পারছে না ভারত

    হাত খুলে খেলতে পারছে না ভারত

    আফগানিস্তানের বোলাররা বেশ চাপেই রেখেছেন ভারতীয় ব্যাটসম্যানদের। হাত খুলে খেলতে পারছেন না তারা। হাফসেঞ্চুরির পর ফিরে গেছেন দলের সেরা তারকা, অধিনায়ক বিরাট কোহলি।

    এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৭৯ রান। মহেন্দ্র সিং ধোনি আর কেদর যাদব দুজনই অপরাজিত আছেন সমান ২৩ রান নিয়ে।

    টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে ভারত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপের দলটি তেড়েফুরে শুরু করবে, এমনটাই ভেবেছিলেন সবাই। বাস্তবে সেটা হয়নি।

    ইনিংসের পঞ্চম ওভারেই রোহিত শর্মাকে হারিয়ে বসে ভারত। মুজিব রহমানের দুর্দান্ত এক ডেলিভারিতে রোহিত বোল্ড হন ১ রানেই। ধীরে শুরু করা ভারতের বোর্ডে তখন মাত্র ৭ রান।

    দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুলকে নিয়ে ৫৭ রানের জুটি কোহলির। দেখেশুনে খেলতে থাকা রাহুলকে (৩০) সাজঘরের পথ দেখান মোহাম্মদ নবী। ৬৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়ে ভারত।

    সেখান থেকে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা কোহলি আর বিজয় শঙ্করের, তৃতীয় উইকেটে তারা গড়েন ৫৮ রানের জুটি। ২৯ রান করা বিজয় শঙ্করকে এলবিডব্লিউ করে এই জুটিটি ভাঙেন রহমত শাহ।

    এরপর অল্প সময়ের মধ্যেই সবচেয়ে বড় ধাক্কাটি খায় ভারত। দলের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি ৬৩ বলে ৫ বাউন্ডারিতে ৬৭ রান করে মোহাম্মদ নবীর শিকার হন। ১৩৫ রানে ৪ উইকেট হারায় ভারত।

  • টস জিতে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

    টস জিতে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

    বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত নিউজিল্যান্ড। আছে পয়েন্ট তালিকার দুই নাম্বারে।

    উড়তে থাকা কিউইদের মুখোমুখি তালিকার সাত নাম্বারে থাকা ওয়েস্ট ইন্ডিজ।

    সেমিফাইনালে লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই ক্যারিবিয়ানদের কাছে। কেননা পাঁচ ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে তারা। অপরদিকে, সমান ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিউজিল্যান্ডের।

    ওল্ড ট্রাফোর্ডে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক জেসন হোল্ডার। অর্থাৎ নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করবে।

    এখন পর্যন্ত কোন ম্যাচে না হারা কিউইরা আজকেও উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামছে। অপরদিকে গত ম্যাচ বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে উইন্ডিজ। আন্দ্রে রাসেল, ড্যারেন ব্রাভো, শ্যানন গ্যাব্রিয়েলের পরিবর্তে আজ দলে জায়গা পেয়েছেন কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স ও কেমার রোচ।

    ওয়েস্ট ইন্ডিজ একাদশ
    ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ(উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কার্লোস ব্রাথওয়েট, জেসন হোল্ডার(অধিনায়ক), শেলডন কটরেল, অ্যাশলে নার্স,ওশানে থমাস, কেমার রোচ।

    নিউজিল্যান্ড একাদশ
    মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেনে উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্তনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

  • জর্ডানে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ত্বকি বিশ্বসেরা

    জর্ডানে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ত্বকি বিশ্বসেরা

    জর্ডানে ২৭তম অনুষ্ঠিত আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন হাফেজ সাইফুর রহমান ত্বকি। বিশ্বের ৩৮ দেশের প্রতিনিধির সঙ্গে লড়াই করে ছিনিয়ে আনলেন বিশ্বসেরার পুরস্কার।

    এ প্রতিযোগিতায় তিনি প্রথম হয়েছেন।

    গত ১৫ জুন ‘আল-হাশেমি’ শিরোনামে জর্ডানে ৩৮ দেশের ৩৯জন প্রতিযোগি জর্ডানের ২৭তম আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার ছাত্র হাফেজ সাইফুর রহমান ত্বকি প্রথম স্থান অর্জন করেন।

    টানা ৫দিনের প্রতিযোগিতায় শীর্ষ ৫ দেশ হলো, বাংলাদেশ, কাতার, বাহরাইন, পাকিস্তান এবং সৌদি আরব।

    আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য গত ১৩ জুন জর্ডানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ ক্বারী সাইফুর রহমান ত্বকী। জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চলে ১৫ জুন থেকে২০ জুন পর্যন্ত।

    ব্রাহ্মনবাড়িয়া জেলার শাহবাজপুরে জন্ম নেয় হাফেজ সাইফুর রহমান ত্বকি। ঢাকার ধলপুর লিচুবাগান নাদিয়াতুল কুরআন হাফেজিয়া নূরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও রামপুরার বায়তুল আমন মসজিদের খতিব মাওলানা বদিউল আলম-এর ছেলে।

    ২০১৪ সালে হাফেজ সাইফুর রহমান ত্বকি এনটিভি পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতায় সারাদেশে প্রথম স্থান অর্জন করেন।

    ২০১৫ সালে সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক হেফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন।

    ২০১৭ সালে বাহরাইনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৫৪টি দেশের প্রতিযোগির সঙ্গে অংশগ্রহণ করে তৃতীয় স্থান লাভ করেন।

    ২০১৭ সালে বিশ্বের ৭২ দেশের ১২৯ জন প্রতিযোগির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হাফেজ সাইফুর রহমান ত্বকি ‘কুয়েত অ্যাওয়ার্ড’ খ্যাত ৮ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন।

    কুরআনের পাখি হাফেজ সাইফুর রহমান ত্বরি প্রতি রইলো আন্তরিক শুভ কামনা। আল্লাহ তাআলা তাকে কুরআনের খাদেম হিসেবে কবুল করুন। আমিন।

  • ইরানে হামলার অনুমোদন দিয়েছিলেন ট্রাম্প

    ইরানে হামলার অনুমোদন দিয়েছিলেন ট্রাম্প

    মার্কিন ড্রোন ভূপাতিত করার জবাবে ইরানে হামলার অনুমোদন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে অবশ্য মত পাল্টে ফেলেন তিনি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি স্পাই ড্রোন ভূপাতিত করে ইরান। এর প্রতিশোধ নিতেই ইরানে পাল্টা হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। যদিও হামলার আগেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। ফলে দু’দেশের মধ্যে বড় ধরনের কোন সহিংসতার ঘটনা ঘটেনি।

    বৃহস্পতিবার হোয়াইট হাউসে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা এবং কংগ্রেসের নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন ট্রাম্প। ইরানে হামলা চালানো হতে পারে বলে ধারণা করেছিলেন সামরিক এবং কূটনৈতিক কর্মকর্তারা।

    প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমদিকে ইরানের রাডার ও মিসাইল ব্যাটারি লক্ষ্য করে হামলার অনুমোদন দিয়েছিলেন ট্রাম্প। সেভাবেই প্রস্তুতি নেয়া হচ্ছিল। তবে পরে আবার নিজের অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প।

    হামলার লক্ষ্যে আকাশে বিমানের অবস্থান এবং জাহাজগুলোও নির্দিষ্ট অবস্থান নিয়েছিল। কিন্তু পরবর্তী নির্দেশনার কারণে কোন মিসাইলই উৎক্ষেপণ করা হয়নি বলে জানানো হয়েছে।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানে হামলা চালানোর পক্ষেই ছিলেন। কিন্তু কংগ্রেসের নেতারা এ ব্যাপারে ট্রাম্পকে সতর্ক করেছেন। ফলে শেষ পর্যন্ত হামলা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র।

    তবে ইরানে হামলার বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। বৃহস্পতিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় কুহমোবারাক জেলার কাছে ইরানের আকাশসীমায় প্রবেশের সাথে সাথেই একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়।

    মনুষ্যবিহীন আরকিউ-৪ গ্লোবাল হক ড্রোন ৩০ ঘণ্টারও বেশি সময় অনেক বেশি উচ্চতায় উড়তে পারে। এটি অনেক বড় এলাকায় যে কোন আবহাওয়াতেই সেখানকার স্পষ্ট ছবি ধারণ করতে পারে। সে কারণেই গুপ্তচরের কাজে ওই ড্রোনটিকে পাঠানো হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে এটি ইরানে প্রবেশের আগেই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তা ভূপাতিত করা সম্ভব হয়েছে।

    ড্রোন ভূপাতিত করে ইরান একটি মারাত্মক ভুল করেছে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন গ্লোবাল হক মডেলের একটি স্পাই ড্রোন ভূপাতিত করেছে ইরান। ইরানের হরমুজগান প্রদেশের আকাশে প্রবেশের সঙ্গে সঙ্গেই এটি ভূপাতিত করে দেশটির এলিট রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)।

  • তিউনিসিয়া থেকে ফিরলেন সাগরে ভাসা ১৭ বাংলাদেশি

    তিউনিসিয়া থেকে ফিরলেন সাগরে ভাসা ১৭ বাংলাদেশি

    তিন সপ্তাহ ধরে তিউনিসিয়ার সাগরে নৌকায় ভাসা ৬৪ বাংলাদেশির মধ্যে ১৭ জন আজ দেশে ফিরেছেন।

    শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৪ ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

    বিমানবন্দরের ফ্লাইট অপারেশন বিভাগের কর্মকর্তা মাহবুব জানিয়েছেন, অনটাইমে তারা ঢাকায় পৌঁছেছেন।

    জানা গেছে, ঢাকায় পৌঁছার পরপরই গোয়েন্দা সংস্থার লোকেরা বিমানবন্দরের ভেতরেই তাদের কোনো একটি কক্ষে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাংলাদেশের কোন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তায় তারা তিউনিসিয়া গিয়েছিলেন, সে তথ্য নেয়া হচ্ছে।

    বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের হেড শরিফুল হাসান জানান, তিন সপ্তাহ ধরে তিউনিসিয়ার সাগরে ভেসে থাকা ৬৪ বাংলাদেশি দেশে ফিরে আসতে রাজি হয়েছেন। এর মধ্যে ১৭ জন আজ বিকেলে কাতার এয়ারওয়েজের বিমানযোগে তিউনেশিয়া থেকে ঢাকায় পৌঁছেন।

    তিন সপ্তাহ ধরে তিউনিসিয়ার সাগরে একটি নৌকায় ভাসছিলেন ৭৫ জন, যাদের মধ্যে ৬৪ জনই বাংলাদেশি। নৌকাটি তিউনিয়ার উপকূলের কাছে পৌঁছলেও কর্তৃপক্ষ তীরে নামার অনুমতি দেয়নি।

    তিউনিসিয়া কর্তৃপক্ষ জানায়, তাদের শরণার্থী কেন্দ্রে আর জায়গা দেয়া সম্ভব নয়। ফলে ওই নৌকাটি উপকূলীয় জারজিস শহর থেকে ২৫ কিলোমিটার দূরে সাগরে ভাসতে থাকে। পরে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সেখানে যান।

    শরিফুল হাসান বলেন, ভূমধ্যসাগর দিয়ে এভাবে বিদেশে যাওয়ার চেষ্টা বাংলাদেশের ভাবমূর্তিকে সংকটে ফেলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার আরও নজরদারি দরকার। আমরা খোঁজ নিয়ে জেনেছি আজকে যারা এসেছেন, তাদের ১৭ জনের মধ্যে ৮জনই মাদারীপুরের। বাকি ৯ জনের মধ্যে ৪ জন চারজন ব্রাহ্মণবাড়িয়ার। বাকি ৫ জনের বাড়ি শরীয়তপুর, নোয়াখালী, চাঁদপুর, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায়। এ ধরনের মানবপাচার যে কোনো মূল্যে বন্ধ করতে হবে।

    এদিকে রেডক্রিসেন্ট সূত্র ধরে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরে যাবেন, দূতাবাসের পক্ষ থেকে তিউনিসিয়ার কর্তৃপক্ষকে এমন নিশচয়তা প্রদানের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের ১৮ জুন সন্ধ্যায় জারজিস বন্দরে নামার অনুমতি দেয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ কোনোক্রমেই তাদের জারজিস বা মেডেনিনে থাকার অনুমতি প্রদান করেনি। এমতাবস্থায় উদ্ধার বাংলাদেশিদের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় তিউনিসে এনে রেড ক্রিসেন্ট ও আইওএম এর যৌথভাবে পরিচালিত শেল্টার হাউজে রাখার ব্যবস্থা করা হয়। সেখান থেকে পর্যায়ক্রমে সবাইকে দেশে পাঠানো হচ্ছে।

    এর মধ্যে প্রথম দফায় ২০ জনকে টিকিট দিলেও ৩জন আসতে রাজি হননি। বাকি ১৭ জন আজ বিকেলে ঢাকায় আসেন।

    জানা গেছে, ৩ জন দেশে আসতে রাজি না হওয়ার বিষয়টি নতুন দুশ্চিন্তার কারণ। একইভাবে শেল্টার হাউজে অবস্থানরত আরও কিছু বাংলাদেশি এ মুহূর্তে দেশে আসতে অস্বীকৃতি জানাতে পারেন। বিষয়টি অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা সবাইকে দেশে ফিরে যাওয়ার বিষয়ে রাজি করানোর পরই তিউনিসিয়ার কর্তৃপক্ষের নিকট নিশ্চয়তা দেয়া হয়।

    দূতাবাসের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা, কাপড়চোপড় এবং তিউনিসে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে। এ ছাড়া তাদের সবার আত্মীয়স্বজনের সঙ্গে দেশে কথা বলার ব্যবস্থা করা হয়েছে।

    উদ্ধার সবাই দেশে ফিরে না আসলে পরবর্তীতে এরকম দুর্ঘটনায় তিউনিসিয়ার কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়া কঠিন হয়ে পড়বে।

  • মানুষ সুবিধামতো খারাপ দিনটাই মনে রাখে: রশিদ খান

    মানুষ সুবিধামতো খারাপ দিনটাই মনে রাখে: রশিদ খান

    বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে রশিদ খান অসাধারণ কিছু করবেন, এমন আশাই করেছিল দেশটির সমর্থকরা। কিন্তু সেই আশায় পানি ঢাললেন রশিদ নিজেই। বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি এই লেগ স্পিনার।

    ইংল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে একপ্রকার তুলোধুনোর শিকার হন রশিদ। ওই ম্যাচে নয় ওভারে কোনো উইকেট না নিয়ে ১১০ রান দিয়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বাজে বোলিং করেন এই স্পিনার। আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একের এক ট্রলের শিকার হচ্ছেন তিনি।

    সমর্থকদের এমন আচরণে ক্ষুদ্ধ রশিদ খান। তার মতে, মানুষ শুধু খারাপ দিনটাই মনে রাখে, ভালো দিন মনে রাখে না। তবে এসব নিয়ে পরে থাকতে রাজি নন আফগান লেগস্পিনার।

    রশিদ খান বলেন, ‘ওই ম্যাচ নিয়ে আমি খুব বেশি ভাবছি না। মানুষ ১০ দিনের ভালো পারফরম্যান্স ভুলে গিয়ে সুবিধামতো খারাপ একটি দিনই মনে রাখে। তারা এটা মনে রাখতে পছন্দ করে না যে, গত ১০ দিনে রশিদ খান কি করেছে। ওই ম্যাচের করা ভুলগুলোর উপর আমি কাজ করছি এবং আগামী ম্যাচে সেইগুলো কাটিয়ে উঠব।

    তিনি আরও বলেন, ‘সমালোচনা নিয়ে ভাবার কোন সময় নেই। বিষয়টাকে সোজা ভাবে নেয়া দরকার।’

    বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হারের পর গুঞ্জন উঠেছে দলীয় কোন্দল চলছে আফগানিস্তান দলে। এমন কথাও শোনা যাচ্ছে, রশিদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয় অধিনায়ক গুলবাদিন নায়েবের। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিলেন রশিদ।

    রশিদ বলেন, ‘না, আমি গুলবাদিনের জন্য খেলি নাকি আফগান ক্রিকেট বোর্ডের জন্য? আমি আফগানিস্তানের জন্যই খেলি। আমি মনে করি গুলবাদিন আর আমার সম্পর্কের মধ্যে কোন সমস্যা নেই। অধিনায়ক হিসবে তাকে আমি ততটাই সমর্থন করি যতটা আসগর আফগানকে করতাম। আসগরকে যদি আমি ৫০ ভাগ সমর্থন করি, তাহলে গুলবাদিন আমার কাছ থেকে ১০০ ভাগ সমর্থন পাচ্ছে।

  • আশা জাগিয়ে সাজঘরে সাকিব

    আশা জাগিয়ে সাজঘরে সাকিব

    শুরুতেই সৌম্য সরকারকে হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন তামিম ইকবাল আর সাকিব আল হাসান। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৭৯ রানের জুটি।

    শেষপর্যন্ত এই জুটিটি ভেঙেছেন মার্কাস স্টয়নিস। মিডঅফে তুলে মারতে গিয়ে ওয়ার্নারকে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন সাকিব। ৪১ বলে ৪ বাউন্ডারিতে বিশ্বসেরা অলরাউন্ডার করেন ৪১।

    ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশ শিবিরে ধাক্কা। দুর্ভাগ্যজনক রানআউটের শিকার সৌম্য সরকার। প্যাট কামিন্সের বলটি মিডঅনে ঠেলে দিয়ে দৌড় দিয়েছিলেন তামিম ইকবাল, মাঝে ভুল বোঝাবুঝিতে ফেরত আসেন স্ট্রাইকিং এন্ডে।

    কিন্তু ননস্ট্রাইক এন্ডে সৌম্য ফিরতে পারেননি, অ্যারন ফিঞ্চের সরাসরি থ্রোতে ভেঙে যায় স্ট্যাম্প। ৮ বলে ২ বাউন্ডারিতে সৌম্য সাজঘরের পথ ধরেন ১০ রানেই।

    এর আগে ডেভিড ওয়ার্নারের ঝড়ো এক সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৮১ রানের পাহাড় দাঁড় করায় অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করতে নেমে বেশ সতর্কতার সঙ্গে শুরু করে অসিরা। দুই ওপেনার অ্যারন ফিঞ্চ আর ডেভিড ওয়ার্নার বাংলাদেশি বোলারদের দেখেশুনে খেলছিলেন। সেঞ্চুরি জুটিও গড়েন তারা।

    কিছুতেই কিছু হচ্ছিল না। ফ্রন্টলাইন বোলাররা অস্ট্রেলিয়ার ব্যাটিংকে বিপদে ফেলতে পারছিলেন না। অবস্থা বেগতিক দেখে ২১তম ওভারে পার্টটাইমার সৌম্য সরকারের হাতে বল তুলে দেন মাশরাফি বিন মর্তুজা।

    অধিনায়কের এমন বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত কাজে লেগে যায় সঙ্গে সঙ্গে। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে এসে অ্যারন ফিঞ্চকে শর্ট থার্ড ম্যানে রুবেল হোসেনের ক্যাচ বানান সৌম্য। ফিঞ্চ ৫১ বলে করেন ৫৩ রান। ১২১ রানের ওপেনিং জুটি ভাঙায় স্বস্তি ফিরে বাংলাদেশ শিবিরে।

    তবে দ্বিতীয় উইকেট জুটিতে সে স্বস্তিকে আবারও অস্বস্তিতে রূপ দেন ওয়ার্নার আর উসমান খাজা। এর মধ্যে ওয়ার্নার এবারের বিশ্বকাপে তার দ্বিতীয় সেঞ্চুরিও তুলে নেন। সেটা দেড়শোতে নিয়েও থামেননি।

    ১৯২ রানের বিশাল এই জুটিটি শেষপর্যন্ত ভাঙেন ওই সৌম্য সরকারই। যেন ফিঞ্চের আউটের পুণরাবৃত্তি। শর্ট থার্ড ম্যানে রুবেলই নিয়েছেন ক্যাচ। ১৪৭ বলে ১৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় ওয়ার্নারের উইলো থেকে আসে ১৬৬ রান।

    এরপর উইকেটে এসে ছোটখাটো এক ঝড় তুলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪৭তম ওভারে এসে আবারও চমক দেখান সৌম্য। ১০ বলে ২ চার আর ৩ ছক্কায় ৩২ রান করা ম্যাক্সওয়েল শর্ট ফাইন লেগে বল ঠেলে বেরিয়ে গিয়েছিলেন। রুবেল হোসেন সরাসরি থ্রোতে স্ট্যাম্প ভেঙে দেন।

    ওই ওভারেরই পঞ্চম বলে উসমান খাজাকে মুশফিকুর রহীমের ক্যাচ বানান সৌম্য। ৭২ বলে ১০ বাউন্ডারিতে ৮৯ রানে সাজঘরের পথ ধরেন খাজা, সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে।

    পরের ওভারের প্রথম বলে স্টিভেন স্মিথকে মাত্র ১ রানেই এলবিডব্লিউ করেন মোস্তাফিজুর রহমান। শেষদিকে মার্কাস স্টয়নিসের ১৭ আর অ্যালেক্স কারের ১১ রানে ৩৮১তে থামে অস্ট্রেলিয়া।

    বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল পার্টটাইমার সৌম্য সরকারই। ৮ ওভারে ৫৮ রান খরচায় তিনি নেন ৩টি উইকেট।

  • এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুততম প্রবৃদ্ধি বাংলাদেশের

    এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুততম প্রবৃদ্ধি বাংলাদেশের

    বিগত অর্থবছরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে সবচেয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশে হয়েছে বলে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। ২০১৮ অর্থবছরে বাংলাদেশ ৭ দশমিক ৯ প্রবৃদ্ধি অর্জন করেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

    বুধবার ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক’ সাময়িকীতে এ তথ্য তুলে ধরা হয়।

    ২০১৯ ও ২০২০ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে উল্লেখ করে এডিবির সাময়িকীতে বলা হয়, এটি হবে নতুন রেকর্ড।

    এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশই দ্রুতগতিতে প্রবৃদ্ধি অর্জন করে যাবে।

  • ইসলাম অবমাননার অভিযোগে ‘পাবজি’ গেমকে হারাম ঘোষণা ইন্দোনেশিয়ায়

    ইসলাম অবমাননার অভিযোগে ‘পাবজি’ গেমকে হারাম ঘোষণা ইন্দোনেশিয়ায়

    তরুণ প্রজন্মের কাছে কম সময়ে বিপুল জনপ্রিয়তা পাওয়া অনলাইন গেম নিয়ে ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। ‘পাবজি’ ইসলাম অবমাননা করে এবং খেলোয়াড়দের সহিংস করে তোলে এমন অভিযোগ এনে গেমটি ‘হারাম’ বলে ফতোয়া জারি করা হয়েছে।

    বুধবার ইন্দোনেশিয়ার আঁচেহ প্রদেশের উলামা কাউন্সিল এমন ফতোয়া জারি করেন। গেমটি নিষিদ্ধ করার জন্য তারা স্থানীয় সরকারকেও আবেদন জানিয়েছে।

    বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এই ফতোয়া অন্য কয়েকটি গেমের ওপরও জারি করা হয়েছে। তবে সেগুলোর নাম প্রকাশ করেনি উলামা কাউন্সিল।

    আচেঁহ উলামা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ফয়সাল আলী বলেন, ‘আমাদের ফতোয়াতে বলা হয়েছে, পাবজি ও এ ধরনের গেম হারাম। কারণ, এগুলো সহিংসতা ছড়ায় এবং মানুষের আচরণে পরিবর্তন আনে।’

    তিনি আরও বলেন, ‘এটি (পাবজি) ইসলামকে অবমাননা করে। আমরা দেখেছি শিশু, এমনকি প্রাপ্তবয়স্করাও এই গেমটির প্রতি আসক্ত হয়ে পড়ছে এবং তারা এটা তাদের মোবাইল ফোনে সর্বত্র খেলছে। বিষয়টি আশঙ্কাজনক হয়ে পড়ছে।’

    মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়ায় একমাত্র আঁচেহ প্রদেশে ইসলামি শরীয়া আইন কার্যকর আছে।

    এর আগে ইরাক, নেপাল ও ভারতের গুজরাট রাজ্যে বাস্তব জীবনে সহিংসতার আশঙ্কায় গেমটি নিষিদ্ধ করা হয়েছে।

    প্রসঙ্গত, পাবজি গেম খেলতে গিয়ে ভারতে সম্প্রতি কয়েকজন অল্প বয়সী ছেলের মৃত্যু হয়েছে।

  • টিকায় আস্থায় বিশ্বের শীর্ষস্থানে বাংলাদেশ

    টিকায় আস্থায় বিশ্বের শীর্ষস্থানে বাংলাদেশ

    স্বাস্থ্য ও বিজ্ঞান সম্পর্কিত বিষয়ে জনসাধারণের দৃষ্টিভঙ্গি জানতে পরিচালিত বিশ্বের সর্ববৃহৎ জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী ভ্যাকসিনের প্রতি আস্থা রাখে এমন দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ ও রুয়ান্ড। আর টিকায় সবচেয়ে কম আস্থা রাখেন ফ্রান্সের মানুষ।

    বাংলাদেশ ও রুয়ান্ডার মানুষ সম্মত হয়েছে যে, টিকা নিরাপদ, কার্যকর এবং শিশুদের জন্য গুরুত্বপূর্ণ।

    টিকা সম্পর্কিত সর্বনিম্ন আস্থা মাত্রা পশ্চিম ইউরোপে। যেখানে এক পঞ্চমাংশ (২২ শতাংশ) মানুষ মনে করে ভ্যাকসিনগুলো নিরাপদ নয়। পূর্ব ইউরোপে এ হার ১৭ শতাংশ।
    গবেষণায় নেতৃত্ব দেয়া সংস্থা ওয়েলকামের জনসংযোগের প্রধান ইমরান খান এএফপিকে বলেন, আমি অনুমান করছি এই ফলাফল সন্তুষ্টি দ্বারা প্রভাবিত। যদি আপনি ভ্যাকসিনে খুব বেশি আস্থা রয়েছে এমন দেশগুলোকে দেখেন, যেমন বাংলাদেশ ও মিশর, এগুলো এমন এলাকায় অবস্থিত যেখানে সংক্রামক রোগ সর্বোচ্চ। তারা দেখেছে, টিকা না নিলে কী হয়।

    গত বছর ইংল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ডাক্তার হুঁশিয়ারি করেছিলেন এই বলে যে, সাধারণ মানুষ যেন স্যোশাল মিডিয়ায় টিকার ওপর ভুয়া খবর পড়ে প্রতারিত না হন।

    মার্কিন গবেষকরা দেখিয়েছেন, রাশিয়ায় তৈরি কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে অনলাইনে টিকার ওপর মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে যা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। সারা বিশ্বে ৮৫ শতাংশ শিশুকে টিকা দেয়ার হার গত কয়েক বছর ধরে অপরিবর্তিতই রয়েছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, টিকার কারণে প্রতি বছর বিশ্বে ২০ থেকে ৩০ লাখ শিশুর প্রাণরক্ষা করা সম্ভব হচ্ছে। যেসব দেশে যুদ্ধবিগ্রহ চলেছে বা যেখানে স্বাস্থ্য সেবা ব্যবস্থা খুবই দুর্বল সেখানে টিকা দেয়ার চ্যালেঞ্জ সবচেয়ে বেশি। এসব দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, অ্যাঙ্গোলা এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।

    তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উন্নত দেশগুলোতেও এই বিষয়ে অনীহা এসেছে। কারণ এসব রোগ যে কত ভয়াবহ হতে পারে সেটা তারা ভুলেই গেছে।