Category: প্রশাসন

  • নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ

    নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ

    বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, কোয়ার্টার মাস্টার জেনারেলকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
    আগামী ২৫ জুন থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক এ নিয়োগ কার্যকর হবে। ওই দিন তিন বছর চাকরি শেষে বর্তমান সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক অবসরে যাবেন।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার জারি করা প্রজ্ঞাপনে নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন ২০১৮ থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা- বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে উক্ত তারিখ থেকে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।

  • সিলেটে কলেজ ছাত্র খুনের দৃশ্য সিসিটিভি ফুটেজে

    সিলেটে কলেজ ছাত্র খুনের দৃশ্য সিসিটিভি ফুটেজে

    সিলেটে মশিউর রহমান তাহসিন (১৬) নামে এক কলেজছাত্রকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ জুন) রাত ১০টার দিকে নগরীর শিবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    মশিউর রহমান তাহসিন নগরীর শিবগঞ্জ নবারুন আবাসিক এলাকার মুজিবুর রহমানের ছেলে। সে স্কলার্স হোমের একাদশ শ্রেণির ছাত্র ছিল। নিহত তাহসিনের বাবা মুজিবুর রহমান বলেন, তাহসিনের কয়েকজন বন্ধু ঈদের দিন সন্ধ্যার পর বাসায় বেড়াতে আসে। পরে নাস্তা খেয়ে তাকে নিয়ে তারা বের হয়ে যায়। ছেলেকে তার বন্ধুরাই খুন করেছে জানিয়ে তিনি বলেন, তাহসিনের এসব বন্ধুদের আমি আগে কখনো দেখিনি। তাই তাদের নামও বলতে পারছি না।

    সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (র.) থানার ওসি আখতার হোসেন জানান, মিতালী ফার্মেসির সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, রাত ১০টা এক মিনিটে তাহসিন গলায় রক্তাক্ত অবস্থায় রাস্তা পার হচ্ছে। রাস্তা পারের পর সে মাটিতে পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

    সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবদুল ওয়াহাব জানান, কে বা কারা রাতে তাহসিনকে ছুরিকাঘাত করে। এরপর সে আহত অবস্থায় মিতালী ফার্মেসির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    সিসিটিভির ফুটেজে আরও দেখা যায়, কয়েকজন ছেলে দৌড়ে পালাচ্ছে। ঘটনা রাস্তার ওপারে হওয়ায় দৃশ্যটি সিসিটিভিতে আসেনি। তবে রাস্তার বিপরীত দিকে কিছু একটা ঘটছে, তা উপস্থিত মানুষের ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে। তাহসিনের ওপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। এ ছাড়া গলায় ক্ষত নিয়ে তার বাঁচার প্রচেষ্টাও দেখা গেছে এতে।

    ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের গ্রেফতারের কাজ শুরু হয়েছে।

  • ঈদের নামাজের জামাত ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের

    ঈদের নামাজের জামাত ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা র‌্যাবের

    ঈদের জামাতের সুনির্দিষ্ট কোন নিরাপত্তা হুমকি নেই উল্লেখ করে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, আমাদের গোয়েন্দা তথ্য মতে ঈদ জামাতকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোন নিরাপত্তা হুমকি নেই। তবুও নিরাপত্তার স্বার্থে আমরা বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছি।জাতীয় ঈদগাহসহ দেশের গুরুত্বপূর্ণ ঈদের নামাজের জামাত ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে র‌্যাব।

    আজ শুক্রবার (১৫ মে) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

    র‌্যাব ডিজি বলেন, ঈদকে কেন্দ্র করে ঢাকা ও ঢাকার বাইরে মানুষ যাতে নিরাপদে থাকেন সেজন্য ১৩টি স্থানে অস্থায়ী ক্যাম্প করেছি। আর প্রতিবছরের মতো এবারও জাতীয় ঈদগাহ, দিনাজপুর ও শোলাকিয়ার বড় ঈদের নামাজের জামাতকে ঘিরে আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছি। তিনি বলেন, ২০ রমজানের পর থেকে রাজধানীতে ব্যস্ততা বেড়েছে। তখন থেকেই নগরীজুড়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে র‌্যাব। রাজধানীর মার্কেট, শপিং মল, বাস, রেল ও লঞ্চ টার্মিনাল এবং হাইওয়ে এলাকাসহ সব স্থানেই নিরাপত্তায় র‌্যাব সদস্যরা নিয়োজিত রয়েছেন।

  • শাহজাহান বাচ্চু হত্যার নেপথ্যে জঙ্গিরা: মনিরুল

    শাহজাহান বাচ্চু হত্যার নেপথ্যে জঙ্গিরা: মনিরুল

    মুক্ত চিন্তার লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চুর হত্যার নেপথ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম জড়িত বলে ধারণা পুলিশের। আনসার আল  ইসলামের অন্যান্য হত্যাকাণ্ডের সঙ্গে বাচ্চু হত্যার মিল রয়েছে। শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

    মনিরুল ইসলাম বলেন, ‘শাজাহান বাচ্চুকে  হত্যার পর সিটিটিসি’র দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। হত্যার আলামত পর্যালোচনা, প্রত্যক্ষদর্শীর বয়ান ও নিহত বাচ্চুর প্রোফাইল ঘেঁটে এটিকে জঙ্গিগোষ্ঠীর হত্যা বলেই মনে হয়েছে। আনসার আল ইসলামই এ ঘটনার সঙ্গে জড়িত বলে আমরা সন্দেহ করছি।’

    তিনি বলেন, ‘ইতোপূর্বে আনসার আল ইসলামের গ্রেফতার হওয়া সদস্যদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

    গত ১১ জুন সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি হোটেলে চা পানের সময় মোটরসাইকেলারোহী দুই অস্ত্রধারী বাচ্চুকে গুলি করে হত্যা করে।

  • বরিশাল বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু গ্রেফতার

    বরিশাল বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু গ্রেফতার

    বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান খসরুকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

    গতকাল রোববার রাতে গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন সহ একটি দল তাকে গ্রেফতার করে। রাতেই তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

    এব্যাপারে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ আওলাদ জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে অভিযোগের ব্যাপারে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।

    উল্লেক্ষ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু দীর্ঘদিন ধরেই রাজনীতিতে নিষ্ক্রিয় রয়েছেন। গত কয়েক বছর ধরেই দলীয় কোন কর্মকান্ডে তাকে মাঠে দেখা যায়নি।

  • খিলগাঁওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান

    খিলগাঁওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট রাজধানীর খিলগাঁওয়ে ‘মাদকবিরোধী’ বিশেষ অভিযান চালাচ্ছে। শনিবার দুপুর ১টার দিকে থানা পুলিশসহ ডিএমপির বিভিন্ন ইউনিটের সমন্বয়ে এ অভিযান শুরু হয়।

    এ ব্যাপারে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, খিলগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলছে। অভিযানে থানা পুলিশের সঙ্গে ডিবি পুলিশ, কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যসহ ডগ স্কোয়াড অংশ নিয়েছে।

    অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

  • বরিশালে পিস্তল ও ইয়াবাসহ সোনা কাওসার গ্রেপ্তার

    বরিশালে পিস্তল ও ইয়াবাসহ সোনা কাওসার গ্রেপ্তার

    বরিশালের চিহ্নিত সন্ত্রাসী সোনা কাওসারকে পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (০৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    বরিশাল র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স জানিয়েছেন- শহরের কাউনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।’’

  • পবিপ্রবিতে সেই প্রেমিক-প্রেমিকা হল থেকে বহিষ্কার

    পবিপ্রবিতে সেই প্রেমিক-প্রেমিকা হল থেকে বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আপত্তিকর অবস্থায় ধরা পড়া সেই প্রেমিক যুগলকে ছাত্র-শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

    বহিষ্কৃতরা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ৭ম সেমিস্টারের ছাত্র এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের তৃতীয় সেমিস্টারের ছাত্রী।

    বৃহস্পতিবার পবিপ্রবির এম কেরামত আলী হলের প্রভোস্ট ড. গোপাল সাহা স্বাক্ষরিত এক আদেশে ওই ছাত্রকে ৬ মাসের জন্য হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

    একই সঙ্গে কবি সুফিয়া কামাল হল প্রভোস্ট মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত অপর এক আদেশে ওই ছাত্রীকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়।

    ক্যাম্পাস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনের একটি কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ওই প্রেমিক যুগলকে আটক করে সাধারণ শিক্ষার্থীরা।

    পরে তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয়া হয়। বিয়েতে দুইজনের সম্মতি না থাকায় মঙ্গলবার রাতে মুচলেকা নিয়ে নিজ নিজ অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেয়া হয়। এরপর ছাত্র-শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ।

  • চট্টগ্রামে অস্ত্রসহ ৬ যুবক গ্রেফতার

    চট্টগ্রামে অস্ত্রসহ ৬ যুবক গ্রেফতার

    চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকা থেকে অস্ত্রসহ ছয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ শহীদুল ইসলাম ওরফে জিসান (২৩), খোকন (২২), রবিউল হোসেন ওরফে মামুন (২২), লায়েক হোসেন ওরফে হৃদয় (২০), মোহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ (২৪) ও জুনায়েদ (২০)। তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও দু’টি ছুরি উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, তারা রেল ও বাস স্টেশনগামী যাত্রী ও বিভিন্ন জেলা থেকে আসা বাসের যাত্রীদের টার্গেট অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল ছিনতাই করে। মূলত তারা ভোর বেলায় এই ছিনতাই করে থাকে।

    মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ বলেন, ভোরে কয়েকজন যুবক ওই এলাকায় অবস্থান নিয়েছিল ছিনতাই করতে। এসময় পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে ছয়জনকে গ্রেফতার করে। আরও দুই-তিনজন পালিয়ে যায়। তাদের অস্ত্র আইনে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • রাজধানীকে মাদকমুক্ত করার ঘোষণা ডিএমপি কমিশনারের

    রাজধানীকে মাদকমুক্ত করার ঘোষণা ডিএমপি কমিশনারের

    রাজধানীকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা মহানগরীতে সব মাদকের আখড়া ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। মাদক বিক্রেতা যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। জঙ্গিবাদ দমনের মতো মাদককেও দমন করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

    বুধবার দুপুরে মহাখালীর আইপিএইচ স্কুলে দুস্থ ও বস্তিবাসীদের ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

    কমিশনার বলেন, দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রেতারা ধরা পড়ছে। যতোদিন মাদক নির্মূল করা না যাবে ততোদিন এ অভিযান চলবে। এ যুদ্ধে সফল হতে হলে অতীতের মতো সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।