Category: রাজণীতি

  • শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার খুলতে সরকারের অনুমতি লাগবে

    শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার খুলতে সরকারের অনুমতি লাগবে

    অনলাইন ডেস্ক:

    যেকোনো ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার খুলতে সরকারের অনুমতি নেয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এসব স্থাপনে সরকারের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণেরও সুপারিশ করেছে কমিটি।

    মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে এ সুপারিশ করা হয়।

    বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আফছারুল আমীন এ তথ্য জানান। তিনি বলেন, দেখা যায় যে, একই জায়গায় অনেকগুলো একই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হয়। আবার কোথাও শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এ কারণে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আগে সরকারের অনুমতি নেয়ার সুপারিশ করা হয়েছে। কোচিং সেন্টারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

    এ জন্য কোচিং সেন্টার খোলার আগে সরকারের অনুমতি নেয়ার জন্য সুপারিশ করা হয়।

    বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন-সংক্রান্ত নীতিমালা এবং সারাদেশে যত্রতত্র যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও প্রয়োজনীয় অনুমোদন সম্পর্কে আলোচনা করা হয়।

    শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির নীতিমালা তৈরিতে রিপোর্ট দিতে কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক এবং ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং এম এ মতিনকে সদস্য করে চার সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।

    এছাড়া মাদরাসা শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার সুপারিশ করা হয়। মাদরাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা কারিকুলামের আওতায় আনার মাধ্যমে চাকরির ক্ষেত্রে সমান সুযোগ পাওয়ার ব্যবস্থা করার সুপারিশ করে কমিটি।

    বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, একেএম শাহাজান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া, এম এ মতিন এবং গোলাম কিবরিয়া টিপু অংশ নেন।

  • গ্যাসের মূল্য বৃদ্ধিতে বরিশালে বিক্ষোভ

    গ্যাসের মূল্য বৃদ্ধিতে বরিশালে বিক্ষোভ

    অনলাইন ডেস্ক:

    বার বার গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

    মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টায় নগরের সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে বিএনপির বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা শাখা।

    দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপিত মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, কোতোয়ালি বিএনপির সভাপতি অ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মন্টু খান প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয় না, তাদের জনগণের কথা চিন্তা করে কি লাভ। আর জনগণের কথা চিন্তা করে না বলেই দেশে বার বার গ্যাসের দামসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। জনগণের ভোগান্তি লাঘবে অবিলম্বে গ্যাসের দাম কমানোর আহবান জানান বক্তারা।

  • আবুল হাসানাত আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা

    আবুল হাসানাত আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা

    জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরদার আকবর আলী ও উপাধ্যক্ষ আখতারুজ্জামানসহ কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

    আজ মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কলেজের অধ্যক্ষ সরদার আকবর আলী ও উপাধ্যক্ষ আখতারুজ্জামান, কলেজের শিক্ষক ও কর্মচারীরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক, আবু সালেহ মো. লিটনসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

    উল্ল্যেখ্য, ২০০৯ সালের ১৪ জুলাই অধ্যক্ষ রমেশ চন্দ্র সাহা অবসরে যাওয়ার পর থেকে গত ১০ বছর যাবত কলেজের অধ্যক্ষর পদ শুন্য ছিল। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে অধ্যক্ষ সরদার আকবর আলী ও উপাধ্যক্ষ আখতারুজ্জামান ১ জুলাই কর্মস্থলে যোগদান করেন। গুরুত্বপূর্ন ৬টি বিভাগে শিক্ষক সংকটের মধ্যেও অধ্যক্ষ ও উপাধ্যক্ষ দু’টি পদে শিক্ষক নিয়োগ পাওয়ায় কিছুটা হলেও আশার আলো দেখছেন সংশ্লিষ্ঠ অভিভাবক ও শিক্ষার্থীরা।

  • স্বজন ও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন এরশাদ

    স্বজন ও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন এরশাদ

    জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

    স্বজন এবং চিকিৎসকদের ডাকে তিনি সাড়া দিচ্ছেন। আধো ঘুম-আধো জাগরণে সাড়া দিচ্ছেন এবং চোখ মেলছেন।

    মঙ্গলবার (২ জুলাই) সাংবাদিকদের সাথে এক অনির্ধারিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজও (মঙ্গলবার) গতকালের মতোই পল্লীবন্ধুর শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সিএমএইচ-এর চিকিৎসকরা এটাকে ইতিবাচক মনে করছেন।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হুসেইন মুহম্মদকে লাইফ সাপোর্ট দেওয়া হয়নি। ফুসফুসে ইনফেকশনের কারণে তার শ্বাসকষ্ট হচ্ছিল। তাই চিকিৎসকরা পল্লীবন্ধুকে অক্সিজেন সাপোর্ট দিয়েছেন। চিকিৎসকরা এখনো অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

    জাতীয় পার্টির ব্রিফিং এবং প্রয়োজনে আইএসপিআর-এর তথ্য ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

    এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় উপনেতা মসিউর রহমান রাঙ্গা সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের ফেসবুক অ্যাকাউন্টসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মনগড়া পোস্ট দিতে নিষেধ করেন।

    অনির্ধারিত এ ব্রিফিংয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা সেলিম উদ্দিন, যুগ্ম মহাসচিব এমএম ইয়াসির, আমিনুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক ইসাহাক ভূঁইয়া, আলহাজ আবদুর রাজ্জাক, যুগ্ম দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ‘বাংলাদেশ আমাদের বন্ধু, তিস্তার পানি দেব কোথা থেকে’

    ‘বাংলাদেশ আমাদের বন্ধু, তিস্তার পানি দেব কোথা থেকে’

    বহুল আলোচিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে ফের বাংলাদেশের ওপর ক্ষোভ ঝাড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দেশটির আইনসভার নিম্নকক্ষ বিধানসভায় তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে কথা বলেন তিনি।

    মমতা বলেন, তিস্তার পানি দিতে না পারায় বাংলাদেশ আমাদের ইলিশ দিচ্ছে না। তবে কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গ মাছ উৎপাদনে স্বনির্ভর হবে বলে আশ্বস্ত করেন তিনি।

    বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘বাঙালি মাছে ভাতে থাকতে ভালোবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার পানি দিতে পারিনি। তাই তারা আমাদের ইলিশ মাছ দেয়া বন্ধ করে দিয়েছে। তারা (বাংলাদেশ) আমাদের বন্ধু দেশ। কিন্তু জল নেই তো কোথা থেকে দেব?’

    মমতা বলেন, ‘আমরা ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার করেছি। আমাদের বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে রিসার্চ শেষ হলে গোটা দেশে আমরা ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর বাইরে থেকে আনতে হবে না ইলিশ।’

    তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশের ক্ষোভ নতুন নয়। দেশটির কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের শাসনামলের শেষ দিকে আশা জাগিয়েও স্বাক্ষর হয়নি চুক্তি। বেশ কয়েকবার তিস্তা চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগ মুহূর্তে তা ভেস্তে যায়। জিনিউজ।

  • ৫ দিনের সফরে চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    ৫ দিনের সফরে চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ফজলুল করিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় ডালিয়ান সিটির মেয়র তান চেংজু উপস্থিত ছিলেন।
    বিমানবন্দরে অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে শাংরি-লী-হোটেলে নিয়ে যাওয়া হয়। ডালিয়ান সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন।

    সফরকালে প্রধানমন্ত্রী ডালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) বার্ষিক সভায় অংশ নেবেন এবং বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

    ডাব্লিউএফই সামার দেভোস হিসেবে পরিচিত তিন দিনব্যাপী ‘ডাব্লিউএফই এনুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স ২০১৯’ আজ চীনের ডালিয়ান নগরীতে শুরু হচ্ছে।

    প্রধানমন্ত্রী ২ জুলাই সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাব্লিউইএফ সামার দেভোর্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি ক্লাউস স্কোয়াবের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন এবং বিকেলে তিনি ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘কো-অপারেশন ইন দ্য প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন।

    প্রধানমন্ত্রী ৩ জুলাই বেলা ১১টায় চীন সরকারের দেয়া একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটযোগে বেইজিংয়ের উদ্দেশ্যে ডালিয়ান ত্যাগ করবেন। ফ্লাইটটির ওই দিনই বেলা সোয়া ১২টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

    বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর পর একটি মোটরশোভা যাত্রায় তাকে রাষ্ট্রীয় অতিথি ভবন ডাইয়াউতাইয়ে নিয়ে যাওয়া হবে। চীনের রাজধানী বেইজিংয়ে সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

    প্রধানমন্ত্রী বেইজিংয়ে বিকেলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে নৈশভোজ সভায় যোগ দিবেন। শেখ হাসিনা ৪ জুলাই সকালে সংবর্ধনা অনুষ্ঠানে এবং গ্রেট হল অব দ্য পিপল এ বীরদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি চীনের প্রধানমন্ত্রী লী কেকিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং গ্রেট হল অব দ্য পিপল’এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিবেন।

    তিনি একই দিনে বিকেলে সিসিপিআইটি’তে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বাণিজ্য রাউন্ড টেবিল বৈঠকে যোগ দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ জুলাই সকালে ‘প্যানগোয়াল ইনস্টিটিউশন’ নামে একটি চীনা থিঙ্ক ট্যাংক আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেয়ার কর্মসূচি রয়েছে।

    চীনা কোম্পানিগুলোর সিইওরা তার হোটেল স্যুটে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ধারণা করা হচ্ছে এবং তিনি এনপিসি লী ঝাংশু’র চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন।

    প্রধানমন্ত্রী বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ডাইয়াউতাইয়ে চীনের প্রেসিডেন্ট ঝি জিনপিং’র সঙ্গে বৈঠক করবেন। তিনি একই স্থানে চীনা প্রেসিডেন্টের দেয়া এক ভোজ সভায় যোগ দিবেন।

    প্রধানমন্ত্রী চীনে তার সফর শেষে ৬ জুলাই স্থানীয় সময় বেলা ১১টায় ঢাকার উদ্দেশ্যে চীনের রাজধানী বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন এবং একই দিনে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৫ মিনিটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন।

  • বরগুনায় রিফাতের কবর জিয়ারত করলেন বরগুনার এমপি

    বরগুনায় রিফাতের কবর জিয়ারত করলেন বরগুনার এমপি

    নিউজ ডেস্ক :

    রিফাত শরীফের কবর জিয়ারত করলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।

    মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রিফাতের বাড়ি ৬ নম্বর বুড়ির চর ইউনিয়নের ছোট লবনগোলা গ্রামের বাড়িতে এসে কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।

    এসময় তার সঙ্গে বরগুনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথ, ধর্ম বিষয়ক সম্পাদক আলতাফ মাওলানাসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

    কবর জিয়ারত শেষে এমপি শম্ভু বলেন, রিফাত হত্যাকারী প্রধান আসামি নয়ন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হবে।

  • এসএ গেমসের প্রস্তুতির জন্য মিলছে ১৫ কোটি টাকা

    এসএ গেমসের প্রস্তুতির জন্য মিলছে ১৫ কোটি টাকা

    আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান (এসএ) গেমসের প্রশিক্ষণ ও অংশগ্রহণের জন্য সরকারের কাছে ২৭ কোটি ৬৫ লাখ টাকা চেয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

    এর মধ্যে ১৮ কোটি ৬৫ লাখ টাকা প্রশিক্ষণ ও ৯ কোটি টাকা অংশগ্রহণের জন্য।

    কিন্তু সময়মতো অর্থ বরাদ্দ না পাওয়ায় পুরোদমে ক্রীড়াবিদদের অনুশীলন শুরু করতে পারছিল না বিওএ।

    অবশেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলর বিশেষ উদ্যোগে দ্রুতই প্রশিক্ষণের অর্থ পেয়ে যাচ্ছে বিওএ।

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সোমবার দেখা করেছিলেন অর্থসচিব আব্দুর রউফ তালুকদারের সঙ্গে। তিনি এসএ গেমসের প্রশিক্ষণের জন্য দ্রুত অর্থ বরাদ্দের অনুরোধ করেন অর্থ মন্ত্রণালয়কে।

    সে প্রেক্ষিতে অর্থ সচিব ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য ১৫ কোটি টাকা প্রদানের আশ্বাস দিয়েছেন বলে সভা শেষে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

    গেমসের প্রশিক্ষণ যাতে দ্রুতই পুরোদমে শুরু করা যায় সে জন্য এই অর্থ কয়েকদিনের মধ্যেই ছাড়া দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থ সচিব। আর গেমসে অংশগ্রহণের টাকা দল নেপাল যাওয়ার আগেই যথাসময়ে প্রদান করা হবে বলে ক্রীড়া প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তিনি।

    উল্লেখ্য, গেমসের ২৭ ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ অংশ নেবে ২৪টিতে। সব ডিসিপ্লিন মিলিয়ে প্রায় সাড়ে ৮ শত ক্রীড়াবিদ প্রশিক্ষণ নেবেন। ২০১৬ সালে ভারতের শিলং ও গুয়াহাটিতে অনুষ্ঠিত দ্বাদশ এসএ গেমসে ক্রীড়াবিদদের জন্য প্রশিক্ষনের জন্য বরাদ্দ ছিল ৭ কোটি টাকা।

    এবার বাজেট দ্বিগুণেরও বেশি হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেডারেশন কর্মকর্তাদের।

  • আজ থেকে বিদেশি টিভিতে বিজ্ঞাপন দেখালে জেল-জরিমানা: তথ্যমন্ত্রী

    আজ থেকে বিদেশি টিভিতে বিজ্ঞাপন দেখালে জেল-জরিমানা: তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করার জন্য ক্যাবল অপারেটরদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সে সময় গতকাল রবিবার (৩০ জুন) সম্পন্ন হয়েছে। আজ সোমবার থেকে বিদেশি টেলিভিশনে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার করলে এবং সরকারি অনুশাসন লঙ্ঘন করলে জেল-জরিমান করা হবে।

    আজ সোমবার সচিবালয়ে সমসমায়িক বিষয় নিয়ে সাংবাদ সম্মেলনে একথা বলেন তথ্যমন্ত্রী।

    তথ্যমন্ত্রী বলেন, সোমবার (১ জুলাই) থেকে মোবাইল কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে সরকার। মোবাইল কোর্ট এ ধরনের অপরাধে জন্য আইন অনুযায়ী সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা অথবা দুই বছরের জেল দিতে পারবে।

  • পুনঃখনন করা হচ্ছে ৪৪৮টি ছোট নদী-খাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    পুনঃখনন করা হচ্ছে ৪৪৮টি ছোট নদী-খাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    অনলাইন ডেস্ক:

    পানিসম্পদমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন, স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বর্তমান সরকার ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ গ্রহণ করেছে। এটি গৃহীত হওয়ার পর প্রথম পর্যায়ে ২ হাজার ২৭৯ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

    ২০১৮ সালের ৭ নভেম্বর প্রকল্পটি একনেক সভায় অনুমোদন লাভের পর এই বছরের ২৬ ডিসেম্বর সারা দেশে একযোগে এর কাজ শুরু হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ৪৪৮টি ছোট নদী ও খালের ৪ হাজার ৮৬ কিলোমিটার পুনঃখনন সম্পন্ন হবে।

    রোববার টেবিলে উত্থাপিত মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। স্পিকারের সভাপতিত্বে সকালে এ অধিবেশন শুরু হয়।

    সংরক্ষিত মহিলা এমপি বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকারের প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী আরো জানান, সুন্দরবনকে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় কোনো প্রকল্প গ্রহণের পরিকল্পনা আপাতত নেই।

    প্রসঙ্গত, সুন্দরবন বিশেষ সংরক্ষিত এলাকা ও ইউনেসকো ঘোষিত ‘ওয়ার্ল্ড হেরিটেইজ সাইট’ বিধায় পানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক এককভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়। তবে, সুন্দরবন সংলগ্ন নদী-খাল পুনঃখননের কার্যক্রম চলমান রয়েছে। বাগেরহাট জেলার ৮৩টি নদী-খাল পুনঃখনন এবং মংলা-ঘোষিয়াখালী চ্যানেলের নাব্যতা বৃদ্ধি; খুলনা জেলার জলাবদ্ধতা নিরসনকল্পে ভদ্রা ও সালতা নদী পুনঃখনন প্রকল্প; খুলনা জেলার ভুতিয়ার বিল এবং বর্ণাল-সলিমপুর কোলাবাসুখালী বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন প্রকল্প ও ৬৪ জেলার অভ্যান্তরস্থ ছোট নদী, খাল ও জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নদী-খাল পুনঃখনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।