Category: শিক্ষাঙ্গন

  • মুখ বেঁধে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, প্রধান শিক্ষক গ্রেফতার

    মুখ বেঁধে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, প্রধান শিক্ষক গ্রেফতার

    অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইন উদ্দিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

    বুধবার সকালে জেলা কৃষি ফার্ম থেকে তাকে গ্রেফতার করা হয়।

    সম্প্রতি ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী (১৪) বাদী হয়ে প্রধান শিক্ষক আইন উদ্দিনের বিরুদ্ধে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

    স্থানীয় বাসিন্দা, মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আইন উদ্দিন গত ২৫ ফেব্রুয়ারি অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ে তার (প্রধান শিক্ষক ) কক্ষের শৌচাগারে জড়িয়ে ধরেন। পরে ওড়না দিয়ে মেয়েটিকে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করেন।

    এ সময় ভয়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। একপর্যায়ে প্রধান শিক্ষক তার চোখে মুখে পানি ছিটিয়ে সুস্থ করে তোলেন। একই সঙ্গে ঘটনাটি কাউকে না জানাতে ছাত্রীকে শিক্ষক আইন উদ্দিন ভয়ভীতি ও হুমকি দেন। মেয়েটি ওই দিন স্থানীয় দোকান থেকে ঘুমের ওষুধ সংগ্রহ করে বাড়িতে গিয়ে তা খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। ঘটনা জানাজানি হলে প্রধান শিক্ষককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী কয়েক দফা মানববন্ধনও করেন।

    ভুক্তভোগী ওই ছাত্রী বলে, হেড স্যার গত জানুয়ারির শেষ দিকে আমার এক বান্ধবীকে ওই শৌচাগারের ভেতরে নিয়ে এ রকম করেছিলেন। বিষয়টি আমি দেখে ফেলায় তিনি আমাকে ভয়ভীতি দেখিয়েছিলেন।

    এরপর গত ২৫ ফেব্রুয়ারি দুপুরের দিকে আমাকে স্যার তার কক্ষে ডেকে নিয়ে খাবার খাওয়ার কয়েকটি প্লেট ধুতে বলেন। আমি শৌচাগারে প্লেটগুলো ধুতে গেলে তিনি কৌশলে সেখানে গিয়ে প্রথমে একটি তোয়ালে দিয়ে আমার মাথা ও মুখ ঢেকে ফেলেন। পরে আমার ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করেন। আমার জ্ঞান ফিরলে তিনি বলেন, তুই ওই ঘটনাটি যেহেতু দেখে ফেলেছিলে তাই তোকেও এমন করলাম। বিষয়টি এখন কাউকে জানালে তোকে বিদ্যালয় থেকে বের করে দিব এমনকি মেরে ফেলব।

    এদিকে ফেব্রুয়ারি মাসের অপর ঘটনায় আরেক ছাত্রীর দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসেন প্রধান শিক্ষক আইন উদ্দিন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর বুধবার সকালে নিম্ন আদালতে হাজিরা দিতে গিয়ে শিক্ষক আইন উদ্দিন জানতে পারেন যে, ২৮/২/ ২০১৯ তারিখের ঘটনায় ওই বিদ্যালয়ের আরেক ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেছে। এ খবর পেয়ে শহরের কৃষি ফার্মের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় ডিবি পুলিশের এসআই শরিফুল হক ও এসআই জাকির হোসেন তাকে গ্রেফতার করেন।

    জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ নূর এ আলম জানান, বুধবার সকাল ৯টায় বারহাট্টা থানার ধর্ষণচেষ্টা মামলায় ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

  • জেএসসি পরীক্ষা শুরু হবে ২ নভেম্বর

    জেএসসি পরীক্ষা শুরু হবে ২ নভেম্বর

    ২০১৯ সালের জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) ও সমমান এবং ২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

    অনুমোদিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ নভেম্বর থেকে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১১ নভেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

    আর এসএসসি ও সমমানের পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২২ ফেব্রুয়ারি।

    কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পর্রীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না বলে উভয় পরীক্ষার নির্দেশনায় বলা হয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

    জেএসসির সূচি
    ২ নভেম্বর বাংলা, ৪ নভেম্বর ইংরেজি, ৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৬ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা/হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা, ৭ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ৯ নভেম্বর গণিত এবং ১১ নভেম্বর বিজ্ঞান।

    জেএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। সৃজনশীল ও বহুনির্বাচনী পরীক্ষায় একই উত্তরপত্র ব্যবহার করতে হবে।

    শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি বিষয়সমূহ এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করতে হবে। পরীক্ষার্থীর রোল নম্বর পাওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্র পরীক্ষা চলাকালীন বোর্ডের ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর এন্ট্রি করে পাঠাবে।

    পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন আগেই সংগ্রহ করবে।

    প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

    এসএসসি পরীক্ষা
    এসএসসি ও সমমানের পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২২ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।

    নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ ও প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।

    প্রথমে বহুনির্বাচনি ও পরে সজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষায় অধ্যে কোনা বিরতি থাকবে না।

    পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন আগে সংগ্রহ করবে।

    ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশিষ্ট কেন্দ্ৰ ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।

    পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে।

    প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে না।

    কোনো পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (ততীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।

    ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র/ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

    পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

  • মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে হবে : আমু

    মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে হবে : আমু

    অনলাইন ডেস্ক :

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতন করে তুলতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রচারণা চালাতে হবে।

    আজ বুধবার ঝালকাঠি জেলা আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমু বলেন, সমাজ থেকে মাদক উচ্ছেদ করতে পুলিশ এবং যুব সমাজকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।

    তিনি বলেন, অভিভাবকদেরও তাদের সন্তান কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে চলাফেরা করছে, নিয়মিত স্কুল-কলেজে যাচ্ছে কিনা সে সম্পর্কে খোঁজ-খবর রাখতে হবে।

    আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, প্রধানমন্ত্রী নদী ও খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তাই ঝালকাঠিতে যে সব জায়গায় অবৈধ দখলদার আছে তাদের উচ্ছেদ করে নদী-খালের পানি প্রবাহ স্বাভাববিক রাখতে হবে।

    ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এবাদুর রহমান মনির, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ আনসার উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

  • বরিশাল বিএম কলেজে বাতিল হতে পারে শিওর ক্যাশে টাকা জমার সিস্টেম

    বরিশাল বিএম কলেজে বাতিল হতে পারে শিওর ক্যাশে টাকা জমার সিস্টেম

    নিউজ ডেস্ক:

    বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেশ কয়েকটা সিস্টেম বা নিয়ম বদলানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে।

    মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী ও কলেজ ছাত্রলীগের নেতা এবং শিক্ষক নেতাদের উপস্থিতিতে প্রশাসনিক ভবনে আলোচনায় বসেন কলেজ অধ্যক্ষ।

    এসময় বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সভায় উপস্থিত বেশ কয়েকজন।

    বিষয়টি নিশ্চিত করে কলেজ ছাত্রলীগ কর্মী রাশেদুল ইসলাম আকাশ জানান, ‘মূলত তিন দাবীতে শিক্ষার্থীরা রোববার আন্দোলনে নামে। সেখানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ সাধারণ শিক্ষার্থী, শিক্ষক নেতা ও আমাদের নিয়ে আলোচনায় বসেন।

    সেই সময় আমরা দাবী করি যে, শিওর ক্যাশের মাধ্যমে ফরম ফিলাপ সহ নানা ফি’র টাকা জমা দিতে ৩০টাকা বাধ্যতা মূলক দেয়ার কথা থাকলেও সেখানে কলেজের সামনের দোকানীরা আমাদের কাছ থেকে ১০০ থেকে ১৫০টা অতিরিক্ত রেখে থাকে। সেক্ষেত্রে আমাদের দাবী হচ্ছে ৩০টাকার বেশী অতিরিক্ত একটাকাও দেবনা। আর কলেজের বাইরে গিয়ে টাকাও জমা দেব না।

    এই প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষ আমাদের বলেছে শিওর ক্যাশ যদি কলেজের প্রস্তাবে রাজি না হয় তাহলে শিওর ক্যাশ বাদ দিয়ে অন্য কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ হবে কলেজ।

    অপরদিকে বছরে দুই বার সেশন চার্জ সহ ফরম ফিলাপে ৪৫শ টাকা করে রাখা হয়। যেটা একবারে নেয়ার জন্য দাবী জানানো হয়েছে এবং অতিরিক্ত যে ফি সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া সেগুলো বাতিল অথবা অন্য কলেজের সাথে সামঞ্জস্য রেখে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সভায়।

    এই বিষয়ে কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার বলেন, শিক্ষার্থীদের স্বার্থে শিওর ক্যাশের কার্যক্রম কলেজ থেকে বন্ধ করে দেয়া হতে পারে। আমরা তাদের সাথে কথা বলবো, যদি আমাদের শর্ত তারা না মানে তাহলে অন্য কোম্পানীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, শিওর ক্যামের মাধ্যমে শিক্ষার্থীরা টাকা জমা দেওয়ার পর থেকেই বিএম কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে।

  • ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের অরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয় অমৃত লাল দে মহাবিদ্যালয়ে

    ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের অরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয় অমৃত লাল দে মহাবিদ্যালয়ে

    স্টাফ রিপোর্টার/ শাওন অরন্য:

    অমৃত লাল দে মহাবিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের অরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অমৃত লাল দে মহাবিদ্যালয় এর আয়োজনে, কলেজ মিলনায়তনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এর চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অমৃত লাল দে মহাবিদ্যালয় পরিচালনা পরিষদ এর সদস্য বিজয় কৃষ্ণ দে এবং রাখাল চন্দ্র দে।


    আরো উপস্থিত ছিলেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র পালসহ শিক্ষক শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দ।
    নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।

  • শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার খুলতে সরকারের অনুমতি লাগবে

    শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার খুলতে সরকারের অনুমতি লাগবে

    অনলাইন ডেস্ক:

    যেকোনো ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার খুলতে সরকারের অনুমতি নেয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এসব স্থাপনে সরকারের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণেরও সুপারিশ করেছে কমিটি।

    মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে এ সুপারিশ করা হয়।

    বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আফছারুল আমীন এ তথ্য জানান। তিনি বলেন, দেখা যায় যে, একই জায়গায় অনেকগুলো একই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হয়। আবার কোথাও শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এ কারণে নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আগে সরকারের অনুমতি নেয়ার সুপারিশ করা হয়েছে। কোচিং সেন্টারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

    এ জন্য কোচিং সেন্টার খোলার আগে সরকারের অনুমতি নেয়ার জন্য সুপারিশ করা হয়।

    বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন-সংক্রান্ত নীতিমালা এবং সারাদেশে যত্রতত্র যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও প্রয়োজনীয় অনুমোদন সম্পর্কে আলোচনা করা হয়।

    শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির নীতিমালা তৈরিতে রিপোর্ট দিতে কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক এবং ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া এবং এম এ মতিনকে সদস্য করে চার সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।

    এছাড়া মাদরাসা শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার সুপারিশ করা হয়। মাদরাসার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা কারিকুলামের আওতায় আনার মাধ্যমে চাকরির ক্ষেত্রে সমান সুযোগ পাওয়ার ব্যবস্থা করার সুপারিশ করে কমিটি।

    বৈঠকে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, একেএম শাহাজান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া, এম এ মতিন এবং গোলাম কিবরিয়া টিপু অংশ নেন।

  • বালু পড়াও সাপের ভয় কাটেনি শিক্ষার্থীদের

    বালু পড়াও সাপের ভয় কাটেনি শিক্ষার্থীদের

    বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের রাঘুয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপের আতঙ্ক কাটাতে এবার সাপুড়ে এনে বিদ্যালয় থেকে সাপ ধরে নেয়া এবং বালু পড়া ছিটিয়ে দেয়া হয়েছে। তবুও শিক্ষার্থীদের সাপের ভয় কাটেনি।

    সোমবার বিকেল ৩টার দিকে উপজেলা শিক্ষা অফিস সাপুড়ে এনে বিদ্যালয় থেকে সাপ ধরে নেওয়ায় এবং বালু পড়া ছিটিয়ে দিয়ে আশ্বাস দেয়ার পরও শিক্ষার্থী-অভিভাবকদের শঙ্কা কাটেনি।

    উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মনিরুল হক জানান, রাঘুয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাপ আতঙ্ক দেখা দেওয়ায় জেলা শিক্ষা অফিসের নির্দেশে পটুয়াখালী জেলা থেকে দুই জন সাপুড়ে এনে ২টি সাপ উদ্ধার করা হয়েছে। কিন্তু আরও বড় ধরনের বেশ কয়েকটি সাপ রয়েছে বলে জানিয়েছেন সাপুড়েরা। তবে বড় সাপ ধরতে না পারায় আপাতত বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসতে সাহস পাচ্ছে না।

    উপজেলা শিক্ষা অফিসার মো. আকবর কবির জানান, দ্রুত সাপ অপসারণের জন্য সাপুড়ে আনা হয়েছিল। কিন্তু দুই জন সাপুড়ে বিদ্যালয়ের বড় সাপ উদ্ধারে ব্যর্থ হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে বিদ্যালয়টি সাময়িক বন্ধ রেখে দ্রুত মেঝে ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হবে।

    এদিকে সাপের ভয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় আসছে না আর সন্তানের নিরাপত্তার জন্য অভিভাবকরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। ফলে কত দিনে বিদ্যালয়ের পড়ালেখা শুরু হবে তা কেউ বলতে পারছেন না।

    বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী তাদের কক্ষে সাপ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। ওই সময় তাদের কক্ষে থাকা সকল শিক্ষার্থী আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসে। শিক্ষকরা ওই সাপটি মেরে ফেলার পর পরই কক্ষের ভাঙ্গা মেঝের গর্ত থেকে একাধিক সাপ বেরিয়ে আসতে শুরু করলে আতঙ্কিত শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। ওই দিন দুইটি সাপ মারা হয়।

    শনিবার সকালে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা বিদ্যালয় এসে কেচিগেটের সঙ্গে সাপ পেঁচানো দেখে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের মেঝের কিছু অংশ ভেঙ্গে সাপের ডিম, বাচ্চা ও অগণিত সাপ দেখতে পায়। ওই দিন ১৭টি সাপ মারা হয়।

    রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয়রা ওই বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ থেকে অন্তত ৪২টি সাপ মেরে ফেলেন।

    সোমবার দুপুরে সাপুড়ে নিয়ে এসে আরো দুইটি সাপ ধরা হয়। কয়েক দিন ধরে শ্রেণিকক্ষে সাপের উপদ্রবের কারণে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া বন্ধ রেখেছে।

  • যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গায়ে কেরোসিন ঢাললো শিক্ষার্থীরা

    যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গায়ে কেরোসিন ঢাললো শিক্ষার্থীরা

    অনলাইন ডেস্ক :

    ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ইংরেজি বিভাগের অধ্যাপক মাসুদ মাহমুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। বিক্ষোভকালে অভিযুক্ত শিক্ষককে অফিস থেকে বের করে গায়ে কেরোসিন ঢেলে দেন তারা।

    মঙ্গলবার দুপুরে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির খুলশী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

    বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া বলেন, কিছু শিক্ষার্থী অধ্যাপক মাসুদ মাহমুদকে প্রকাশ্যে অফিস থেকে টেনে বের করে গায়ে কেরোসিন ঢেলে দিয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য চরম অপমানজনক ঘটনা। আমরা পুলিশকে খবর দিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় ব্যবস্থা নেবে

    খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, শিক্ষককে লাঞ্ছনার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ইউএসটিসির উপাচার্যসহ বৈঠকে বসেছেন শিক্ষকরা। এর আগে শিক্ষার্থীদের একটি দল শিক্ষককে লাঞ্ছনার পর ফয়’স লেকের সামনে সড়কে অবস্থান নেন। সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় যানবাহন আটকা পড়ে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে রাস্তা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে। তবে ক্যাম্পাসের ভেতরে এখনও মিছিল হচ্ছে।

    উল্লেখ্য, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) ইংরেজি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে শ্রেণিকক্ষে ওই শিক্ষকের কাছ থেকে ক্রমাগত যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেছে আসছিলেন। গত ২৯ এপ্রিল ইউএসটিসির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক মাসুদ মাহমুদের বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের অভিযোগ সত্য নয়।

  • বরিশাল বিশ্ববিদ্যালযে ৩৭ কোটি টাকার বাজেট অনুমোদন

    বরিশাল বিশ্ববিদ্যালযে ৩৭ কোটি টাকার বাজেট অনুমোদন

    অনলাইন ডেস্ক:

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ অর্থবছরের বাজেট ৩৭ কোটি ১১ লাখ টাকা।

    চলতি বছর ৪৩ কোটি ৯৫ লাখ টাকার বাজেটের চাহিদাপত্র দিলেও ইউজিসি কর্তৃপক্ষ ৩৭ কোটি ১১ লাখ টাকার বাজেট দিয়েছে।

    গত বছর এই বাজেট ছিল ৩৫ কোটি ২২ লাখ টাকা। এবার ১ কোটি ৮৯ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মোট বাজেট হয়েছে ৩৭ কোটি ১১ লাখ টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বরাদ্দ দেয়া হয়েছে ২৯ কোটি ৬১ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আয় দেখানো হয়েছে ৭ কোটি ৫০ লাখ টাকা।

    বর্তমান বাজেটে বেতন ও ভাতাদি খাতে ২২ কোটি ১ লাখ , যা মোট বাজেটের ৫৯ দশমিক ৩ শতাংশ , পণ্য ও সেবা বাবদ ১১ কোটি ৫০ লাখ, যা মোট বাজেটের ৩০ দশমিক ৯৮ শতাংশ, বিশেষ অনুদান খাতে ১ কোটি ৫৭ লাখ, যা মোট বাজেটের ৪ দশমিক ২৩ শতাংশ, অন্যান্য অনুদান খাতে ১ কোটি ৫০ লাখ, যা মোট বাজেটের ৪ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

    এ বছর গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৩ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৪৩ শতাংশ।

  • বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

    বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

    রিপোর্টার//শামীম ইসলাম:

    বরিশাল নগরের কালিবাড়ি রোডস্থ জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষেচুরির ঘটনা ঘটেছে।

    তবে এতে কিছু বিল ভাউচার ছাড়া অন্য কোন মালামালাখোয়া যাওয়ার খবর পাওয়া যায়নি।

    মঙ্গলবার (০২ জুলাই) সকাল ১০ টার দিকে ওই কক্ষের তালা খুলতে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ থানা পুলিশকে অবহিত করে।

    পরে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নাইট গার্ড বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম জানান, সকালে বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষের তালা খুলতে গিয়ে কর্মচারী রাশেদ তা আগে থেকেই খোলা দেখতে পান।

    এরপর তিনি বিষয়টি অফিস সহায়ক সন্ধ্যা রানী চক্রবর্তীকে জানালে তিনি আমাদের জানান। তাৎক্ষনিক কোতোয়ালি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি নাইট গার্ড বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

    তিনি বলেন, ২/১ দিনের মধ্যেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা হওয়ার কথা। সে অনুযায়ী কিছু বিল ভাইচার রেডি করা হচ্ছিলো। দূর্বৃত্তরা শিক্ষকদের রুমের তালা খুলে সে ভাউচারগুলো নিয়ে গেছে, আর কোন মালামাল খোয়া গেছে কিনা তার অনুসন্ধান চলছে।

    পাশাপাশি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থাও গ্রহন করা হবে বলেও জানান তিনি।