Blog

  • পরিবর্তন হলো দেশের ৪ মহাসড়ক ও ৮ সেতুর নাম

    পরিবর্তন হলো দেশের ৪ মহাসড়ক ও ৮ সেতুর নাম

    সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সারা দেশের চারটি মহাসড়ক ও আটটি সেতুর নাম পরিবর্তন করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ।

    সোমবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব গোলাম জিলানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপন অনুসারে ঢাকা-মাওয়া মহাসড়কের যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার ও পচ্চার থেকে ভাঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটার জাতীয় মহাসড়কের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস পরিবর্তন করে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেস রাখা হয়েছে।

    সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়কের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক থেকে পরিবর্তন করে সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক করা হয়েছে।

    মাদারীপুর সড়ক বিভাগাধীন মাদারীপুর (মোস্তফাপুর)-ভায়া কাজিরটেক ব্রিজ হয়ে শরীয়তপুর পর্যন্ত দীর্ঘ ২২২.৭৫ কিলোমিটার মহাসড়ক নাম শেখ হাসিনা মহাসড়ক থেকে পরিবর্তন করে কাজীরটেক ব্রিজ-শরীয়তপুর মহাসড়ক করা হয়েছে।

    চট্টগ্রাম সড়ক বিভাগাধীন বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কটির নাম শেখ হাসিনা সরণি থেকে পরিবর্তন করে বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক করা হয়েছে।

    পীরগঞ্জ উপজেলার কাঁচদহঘাট নামক স্থানে করতোয়া নদীর উপর নির্মিত ২৭৮.৮৮ মিটার পিসি গার্ডার সেতুর নাম ওয়াজেদ মিয়া সেতু থেকে পরিবর্তন করে কাঁচদহ সেতু করা হয়েছে।

    পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ৪৯তম কিলোমিটারে আন্দারমানিক নদীর উপর নির্মিত সেতুর নাম শেখ কামাল সেতু থেকে পরিবর্তন করে আন্দারমানিক সেতু করা হয়েছে।

    পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ৬১তম কিলোমিটারে সোনাতলা নদীর উপর নির্মিত সেতুর নাম শেখ জামাল সেতু পরিবর্তন করে সোনাতলা সেতু করা হয়েছে।

    পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ৬৬তম কিলোমিটারে খাপড়াভাঙ্গা নদীর উপর নির্মিত সেতুর নাম শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে খাপড়াভাঙ্গা সেতু রাখা হয়েছে।

    পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলায় বলেশ্বর নদীর উপর নির্মিত ৩৮৭.৩১ মিটার দীর্ঘ ইন্দুরকানি সেতুর নাম শহীদ শেখ ফজলুল হক মনি সেতুর নাম পরিবর্তন করে ইন্দুরকানি সেতু রাখা হয়েছে।

    পিরোজপুর সড়ক বিভাগাধীন রাজাপুর-নৈকাঠী-বেকুটিয়া-পিরোজপুর জেলা মহাসড়কের ১২তম কিলোমিটারে বেকুটিয়া পয়েন্টে কঁচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নাম পরিবর্তন করে বেকুটিয়া সেতু রাখা হয়েছে।

    নারায়ণগঞ্জ সড়ক বিভাগাধীন ২য় শীতলক্ষ্যা সেতুর নাম সুলতানা কামাল সেতু থেকে ডেমরা সেতু রাখা হয়েছে এবং বরিশাল জেলায় অবস্থিত দপদপিয়া সেতুর নাম শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু থেকে দপদপিয়া সেতু রাখা হয়েছে।

    জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

  • বিমান ঘাঁটিতে হামলার খবরটি ‘বিভ্রান্তিকর’, যা বলল বিমান বাহিনী

    বিমান ঘাঁটিতে হামলার খবরটি ‘বিভ্রান্তিকর’, যা বলল বিমান বাহিনী

    কক্সবাজার সংলগ্ন সমিতিপাড়ার কিছু স্থানীয় দুর্বৃত্ত সোমবার কক্সবাজারে অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে বলে যে খবর প্রচারিত হয়েছে- তা মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ এবং অপতথ্য বলে উল্লেখ করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

    সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাহিনীটি।

    এতে বলা হয়, কক্সবাজার বিয়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্ট থেকে স্থানীয় একজনের মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় বিমান বাহিনীর প্রভোস্ট কর্তৃক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঘাঁটির অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় সমিতিপাড়ার আনুমানিক দুই শতাধিক স্থানীয় লোকজন বিমান বাহিনীর ঘাঁটির দিকে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সংখ্যা বৃদ্ধি পেলে বিমান বাহিনীর চেকপোস্ট এলাকায় বিমান বাহিনীর সদস্য ও সমিতি পাড়ার কতিপয় দুষ্কৃতকারীর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কতিপয় কুচক্রী মহলের ইন্ধনে দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ছুড়ে মারে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলের আঘাতে কয়েকজন আহত হন। যার মধ্যে বিমান বাহিনীর ৪ জন সদস্যও (১ জন অফিসার ও ৩ জন বিমানসেনা) আঘাতপ্রাপ্ত হন এবং শিহাব কবির নাহিদ নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে বিমান বাহিনীর সদস্যদের কর্তৃক বিমান বাহিনীর Rules of Engagement অনুয়ায়ী ফাঁকা গুলি ছোড়া হয়। তবে স্থানীয় জনসাধারণের ওপর কোনো প্রকার তাজা গুলি ছোড়া হয়নি। বিমান বাহিনীর আহত সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন।

    বিমান বাহিনী জানায়, স্থানীয় জনগণের ইটপাটকেলের আঘাতে বিমান বাহিনীর গাড়ির কাঁচ ভেঙে যায়। এছাড়াও স্থানীয় জনগণ ঝোপঝাড়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিল যা পরবর্তীতে বেশি সম্প্রসারিত হয়নি। এমতাবস্থায় একটি কুচক্রী মহল বিমান বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান বাহিনীর গুলিতে উক্ত যুবক নিহত হয়েছেন বলে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা সত্যি নয়। এক্ষেত্রে প্রচারিত গুলির খোসার ছবিটি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, উক্ত খোসাটি ফাঁকা গুলির (Blank Cartridge)। যা প্রাণঘাতি নয়, কেবল শব্দ তৈরি করে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবক নিহতের ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীর শোক ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে।

    এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যে, উক্ত ঘটনা প্রকাশে কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৎ উদ্দেশ্যে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-এর নাম বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা হিসেবে উল্লেখ করা হচ্ছে- যা সত্য নয়।

    উল্লেখ্য যে, উক্ত ঘাঁটির নাম ২০২১ সালের ২ ডিসেম্বর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিবর্তন করে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার রাখা হয়, যা বর্তমানেও বহাল রয়েছে।

    বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি মোকাবিলায় দেশের আপামর জনসাধারণের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও বিমান বাহিনী দেশের মানুষের কল্যাণে সর্বদা সচেষ্ট থাকবে। দেশের জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষার্থে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ।

  • ৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

    ৪০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

    পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ আরও কয়েকটি ছুটি মিলিয়ে ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়াও আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব প্রতিষ্ঠানে এ পরীক্ষার কেন্দ্র রয়েছে সেগুলোতে ২ মাস ১০ দিনের লম্বা ছুটি থাকবে।

    শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি ২ মার্চ থেকে শুরু হবে, শেষ হবে ৮ এপ্রিল। পবিত্র রমজান শুরু হবে ১ বা ২ মার্চ। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ক্লাস হবে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। সে হিসাবে এক টানা বন্ধ থাকবে ৪০ দিন।

    শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, এসব ছুটির ঘোষণা দিয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে।

    এতে বলা হয়, পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি ‍২ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ৮ এপ্রিল।

    জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী বলেন, রমজান ও ঈদুল ফিতরসহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের ছুটি শুরু হবে। সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী এ ছুটি থাকবে। এ ছুটি সরকারি, বেসরকারি সব পর্যায়ে স্কুলের জন্য প্রযোজ্য।

    জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (কলেজ) নুরুল হক সিকদার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি ও বেসরকারি কলেজে রমজানের ছুটির আগে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সর্বশেষ ক্লাস হবে।

    অন্যদিকে ১০ এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেসব প্রতিষ্ঠানে টানা ২ মাস ১০ দিন ছুটি থাকবে।

    শিক্ষাপ্রতিষ্ঠানেরশিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, চলতি বছরের রমজান, ঈদুল ফিতরের ছুটির সঙ্গে এসএসসি পরীক্ষার ছুটি মিলে যাওয়ায় লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

    এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেন, পরীক্ষা চলাকালীন সময় বাদে স্কুল-কলেজগুলো নিজস্ব ব্যবস্থাপনায় যদি ক্লাস নিতে চায় সেক্ষেত্রে আমাদের কোনো নিষেধ নেই।

  • নতুন রাজনৈতিক দল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

    নতুন রাজনৈতিক দল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন

    নতুন রাজনৈতিক দল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

    সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে নাগরিক কমিটির কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনটি ডাকা হয়েছে।

  • দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

    দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

    নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি কাজের সময় অতিরিক্ত বল প্রয়োগ না করার বিষয়টিও তুলে ধরেন তিনি।

    সোমবার সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান।

    তিনি বলেন, ‘বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে গিয়ে কিছু বলপ্রয়োগ হয়ে যায়। বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত, একেবারে প্রোপোরশনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে এই কাজগুলো করা যায়, ততই ভালো।

    জেনারেল ওয়াকার বলেন, ‘দেশ ও জাতির জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে, যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই, দেশ একটা শান্তি-শৃঙ্খলার মধ্যে আসে, ততদিন পর্যন্ত, ধৈর্য্যের সঙ্গে কাজটা করে যেতে হবে।’

    দীর্ঘ সময় পর তিনি নিজে ফায়ারিং রেঞ্জে গুলি চালনোর অনুশীলনে অংশ নেবেন বলেও জানান।

    সেনাপ্রধান উল্লেখ করেন, ‘একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

  • অপহৃত ওয়ালিদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার

    অপহৃত ওয়ালিদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার

    অনলাইন ডেস্ক: নোয়াখালীতে সন্ত্রাসী তারেক কর্তক অপহৃত ওয়ালিদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা যায় উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ওয়ালীদ গত ১৬ই ফেব্রুয়ারি তার বাসার অদূরে মাস্টারপাড়ায় বন্ধুর সাথে দেখা করতে যায়। ফেরার পথে সন্ত্রাসী তারেকের ভাই সাইফুলের নেতৃত্বে ১২ থেকে ১৪জনের সশস্ত্র দল ওয়ালিদকে অস্ত্রের মুখে অপহরণ করে।

    একপর্যায়ে অপহরণকারীরা ওয়ালীদকে প্রাণনাশের উদ্দেশ্যে রড পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় কাশেম উকিলের বিল্ডিংয়ের পাশে পরিত্যক্ত একটি ভবনে হাত-পা বাধা অজ্ঞান অবস্থায় অপহরণকারীরা তাকে ফেলে যায়।

    খবর পেয়ে ওয়লীদের স্বজনরা সেখান থেকে তাকে উদ্বার করে হাসপাতালে ভর্তি করান। ওয়ালিদের পরিবার জানায় নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক তারেকের নির্দেশেই তার ভাই এবং তার অনুসারীরা এই অপহরণের ঘটনা ঘটিয়েছে।

    সম্প্রতি তারেকের মালিকানাধিন যাত্রীবাহী বাস লাল-সবুজে যাতায়াতকালে ওয়ালীদের সাথে বাসের ড্রাইভার ও কন্ট্রাক্টার এর বাগ-বিতন্ডা হয়। এরই সূত্রধরে তারেকের অনুসারীরা তাকে অপহরণ করে।

    এ বিষয়ে তারেকের ভাই সাইফুলকে এক নাম্বার অসামী করে সূধারাম থানায় মামলা দায়ের করা হয়েছে। ওয়ালিদের পরিবার জানায়, তারেক ৫ আগস্টের পট পরিবর্তনের পর নোয়াখালী জেলা শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টুর মালিকানাধীন ৫ টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস(লাল-সবুজ) তার নিন্ত্রণে নিয়ে নেয়। তারেক ক্ষমতার অপব্যবহার করে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলেও তারা অভিযোগ করেন।

    তারা আরও জানান, মাইজদী ফ্ল্যাট অবাসিকে নিজস্ব ফ্ল্যাট না থাকলে কেউ ওখানে বসবাস করতে পারেনা। কিন্তু তারেক অন্যের নামে বরাদ্ধকৃত ফ্ল্যাটে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বসবাস করে আসছে। একই সাথে ফ্ল্যাট অবাসিকের পুকুর ইজারা নেয়ার জন্য ডিসি অফিসের পিয়নকেও সে হুমকী-ধাকমি দেয় বলেও জানা যায়। ফ্ল্যাট মসজিদের চারটি দোকানের ভাড়া তারেক প্রভাব খাটিয়ে অবৈধভাবে জোরপূর্বক আদায় করে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

  • নতুন দলের সাংগঠনিক কাঠামো কেমন হবে?

    নতুন দলের সাংগঠনিক কাঠামো কেমন হবে?

    জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। ৬ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ দল গঠনের ঘোষণা দিয়েছেন।

    নতুন রাজনৈতিক দল গঠন এখন কেবল ঘোষণার অপেক্ষায়। কিন্তু যাত্রা শুরুর আগেই দলের শীর্ষ পদের দাবি নিয়ে বিভিন্ন পক্ষের বিরোধ প্রকাশ্যে আসে।

    বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির এ দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের পদ দাবি করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। শেষপর্যন্ত সব পক্ষকে খুশি রাখতে বা সবার মন জোগাতে সমঝোতা করে শীর্ষ পদের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

    নতুন দলের সাংগঠনিক কাঠামো কেমন হবে তা নিয়ে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের কাঠামোতে বর্তমানে যেসব পদ আছে, সেগুলো যথারীতি থাকবে।

    আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র- এ চারটি পদের পাশাপাশি নতুন পদ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। তবে কে কোন পদে থাকবেন সেটি চূড়ান্ত হয়নি।

    নাগরিক কমিটির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংগঠনটির বর্তমান সদস্য সচিবের পদে থাকা আখতার হোসেনকে নতুন দলেও একই পদে রাখার জন্য সদস্যদের একটি পক্ষের চাপ রয়েছে।

    একই পদে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর নামও প্রস্তাব করেছেন কেউ কেউ।

    আবার বর্তমান আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকেও এই পদে চায় একটা পক্ষ।

    অন্যদিকে, ছাত্রশিবিরের সাবেক নেতারা চান নাগরিক কমিটির নির্বাহী সদস্য এবং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আলী আহসান জোনায়েদকে যেন নতুন দলের সদস্য সচিব করা হয়।

    নাগরিক কমিটির আহ্বায়ক পাটওয়ারী জানান, আহ্বায়ক পদ বাদে কোনো পদেই এখনো নাম চূড়ান্ত করা হয়নি।

    একইসঙ্গে সাংগঠনিক কাঠামো তৈরির জন্য বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দলের কাঠামো দেখা হচ্ছে।

    তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বের যে কাঠামো আছে, সেগুলো দেখে স্ট্রাকচার রেডি করছি। তবে এখনো চূড়ান্ত করা হয়নি।’

    তথ্যসূত্র: বিবিসি

  • ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এমনটি নয়: ড. ইউনূস

    ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এমনটি নয়: ড. ইউনূস

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর অনেক দেশে একজন নাগরিক একাধিক ভাষায় কথা বলেন। এজন্য ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, বিষয়টি এমন নয়।

    শুক্রবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পদক হিসেবে একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র ও প্রাইজ মানি দেওয়া হয়।

    প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রভাষা বাংলা বাংলার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালের আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। এটি ছিল রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন।

    ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা দ্রুতগতিতে নতুন পৃথিবী সৃষ্টি করে চলেছি। এজন্য নিত্যনতুন প্রযুক্তি প্রধানত দায়ী। প্রযুক্তির প্রাধান্য সঙ্গেই ভাষার প্রাধান্য আসে।

    প্রধান উপদেষ্টা বলেন, যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গেই প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে সে দেশের ভাষার জন্য সারা পৃথিবী ঝুঁকে পড়বে।

    সরকারপ্রধান বলেন, প্রযুক্তি ছাড়াও যেকোনো একটি দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারলে, সে দেশের প্রতি মানুষের আগ্রহ বাড়বেই।

  • কারামুক্ত ৩৬৯ ফিলিস্তিনি

    কারামুক্ত ৩৬৯ ফিলিস্তিনি

    গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী আরও তিনজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ শনিবার আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে তাদের ইসরাইলের হাতে তুলে দেওয়া হয়। এর বিনিময়ে ইসরাইলের দুই কারাগার থেকে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

    তিন ইসরাইলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়ার আগে আজ গাজার খান ইউনিস শহরে একটি মঞ্চের দিকে তাদের নিয়ে যেতে দেখা যায় হামাস যোদ্ধাদের। সেখানে জমায়েত হওয়া লোকজনের উদ্দেশে তিনজনকে ভাষণ দিতে বলা হয়। তারা যুদ্ধবিরতি চুক্তির আওতায় বাকি জিম্মি ও বন্দি বিনিময় শেষ করার আহ্বান জানান। এরপর তাদের রেডক্রসের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

    ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে মুক্তি পাওয়া তিন জিম্মির নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন সাগুই দেকেল চেন, সাশা ত্রুপানভ ও ইয়াইর হর্ন। তাদের ফেরত পাওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরাইলি বাহিনীও। জিম্মিদের স্বাগত জানাতে তেল আবিবে জড়ো হন লোকজন। এ সময় তাদের হাতে ‘যুদ্ধবিরতি পুরোপুরি শেষ করুন’ লেখা পোস্টার ছিল।

    এর কিছুক্ষণ পরই ইসরাইল পরিচালিত কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী একটি বাস দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় প্রবেশ করে। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করে তাদের স্বাগত জানান সেখানে উপস্থিত ফিলিস্তিনিরা। এ ছাড়া নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরাইলের একটি কারাগার থেকে কয়েকটি বাসে করে ফিলিস্তিনি বন্দিরা গাজায় পৌঁছান।

    দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। এর পর থেকে ছয়বার ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময় হয়েছে। আজ তিনজনসহ এ পর্যন্ত মোট ১৯ জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের।

    আজ শনিবার জিম্মি মুক্তি নিয়ে অবশ্য বড় শঙ্কা দেখা দিয়েছিল। ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে জিম্মি মুক্তি স্থগিত করার হুমকি দিয়েছিল হামাস। পাল্টা জবাবে ইসরাইল হুঁশিয়ারি দিয়ে বলেছিল, এমনটি হলে গাজায় আবার হামলা শুরু করবে তারা। পরে শুক্রবার দুই পক্ষই জানায়, পরিকল্পনা অনুযায়ী শনিবার জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে।

    গাজায় যুদ্ধবিরতি হবে তিন ধাপে। এর মধ্যে প্রথম ধাপ চলবে ৪২ দিন। শুক্রবার হামাসের একজন কর্মকর্তা জানান, দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা কয়েক দিনের মধ্যে শুরু হবে। এ বিষয়ে ওয়াকিবহাল একটি সূত্রও একই তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে আজ যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ইসরাইলে যাওয়ার কথা।

    এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ এবং উপত্যকাটির বাসিন্দাদের বিতাড়িত করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এ নিয়ে আলোচনা করতে আগামী বৃহস্পতিবার রিয়াদের নেতৃত্বে একটি সম্মেলনে যোগ দেবেন মিসর, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতারা।

    ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। এতে ১৯ জানুয়ারি পর্যন্ত উপত্যকাটিতে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি।

  • বিএনপির নাম ভাঙ্গিয়ে ইজারা বহির্ভূতভাবে শেরপুর সীমান্তে বালু উত্তোলনের মহোৎসব

    বিএনপির নাম ভাঙ্গিয়ে ইজারা বহির্ভূতভাবে শেরপুর সীমান্তে বালু উত্তোলনের মহোৎসব

    শেরপুর সীমান্তে বিএনপির নাম ভাঙ্গিয়ে চোরাকারবারীরা অবৈধভাবে মুল্যবান লাল বালু উত্তোলন,মাদক পাচার করছে।ভয়ংকর এসব অপরাধিদের ভয়ে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে পাচ্ছে না।

    দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের ওপর চোরাকারবারীরা চড়াও হচ্ছে।স্থানীয়দের অভিযোগ বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের লোকজন অবৈধ বালু উত্তোলন কারীদের সাথে জড়িত।

    উপজেলা বিএনপি বলছে চোরাকারবারীদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। জেলা প্রশাসক বলছেন প্রশাসনের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    সরজমিনে অনুসন্ধানে জানা যায়, বিএনপির কোন কমিটিতে নাম নেই আবার অনেকে সাবেক হয়েছেন এরাই এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে অবৈধ বালু উত্তোলন,সীমান্তের উপারে ভারত থেকে মদ,ফেনসিডিল এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাচার করে বিএনপির বারটা বাজাচ্ছেন।

    শ্রীবরদী উপজেলার সীমান্ত মেঘাদল, বাবলাকুনা,হারিয়াকোনা গ্রামের মানুষ জানায়, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় বিএনপির নেতাকর্মী পরিচয়ে শেরপুর গাড়ো পাহাড়ের সীমান্ত এলাকার চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠে।

    প্রতি রাতেই লাল বালুর ট্রাকে করে ভারতীয় মদ, ফেনসিডিল এবং অন্যান্য মাদক পাচার করে যাচ্ছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়।

    চোরাকারবারীরা কাউকে টাকা দিয়ে কাউকে ভয় ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে প্রতিদিন লাখলাখ টাকার সরকারি সম্পদ লুট করে যাচ্ছে। মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

    কর্নজোড়া পাচ মেঘাদল গ্রামের উজ্জল বলেন, এই সীমান্ত এলাকায় অনেকেই চোরাকারবাড়ীর সাথে জড়িত।

    তবে বর্তমানে কনর্জোড়া গ্রামের আজিজুল হক মেম্বারের ছেলে মাসুদ ৫ আগস্ট এর পর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে যাচ্ছে। তারা প্রশাসনকে মেনেস করে এটা করছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন নেতা বলেন,সিঙ্গাবরুনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবু রায়হান বাবুলের ছএছায়ায় মাসুদ ও তার বাহিনী সীমান্ত অঞ্চলে অবৈধ কর্মকান্ড করে যাচ্ছে। বদনাম হচ্ছে পুরা বিএনপি’র। জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ায় কারো কাছে আমরা বিচারও দিতে পারছি না।

    মাসুদ বলেন, আমি কোন অপরাধের সাথে জড়িত নই।১৭ বছর আওয়ামীলীগের সময়ে ১৭টি মামলা খেয়েছি।জেল জুলুম খেটেছি।তিনি নিজেকে সাবেক ছাত্রদল ও বর্তমান স্থানীয় যুবদল নেতা দাবী করেছেন।

    সাবেক বিএনপি নেতা আবু রায়হান বাবুল বলেন, মাসুদের সাথে বালু উত্তলনের ব্যাপারে আমার কোন সম্পর্ক নেই। তবে তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। এবং জেলা বিএনপির সমস্ত নেতাকর্মীদের সাথেই আমার একটা সুসম্পর্ক আছে।

    আরো জানা যায়, ২৩ জানুয়ারী একদল সাংবাদিককে স্থানীয় বালু দস্যু মাসুদ ও বাবুল চেয়ারম্যার বাহীনির কবলে পড়ে ।এনিয়ে ১৫ জনের নামিও এবং আরো অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে অভিযুক্ত করে শ্রীবরদী থানায় মামলা (মামলা নং ১৮) দায়ের করা হয়েছে।এদিকে এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন শেরপুর পুলিশ সুপার।

    হামলার শিকার সাংবাদিকরা হলো শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশ রুপান্তরের শফিউল আলম সম্রাট, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মনিরুজ্জামান রিপন।

    প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, আমাদের কাছে তথ্য ছিলো শ্রীবরদী সীমান্তে রাত নামলেই অবৈধ বালুর গাড়িতে মাদক পাচার হয় এবং আমরা সেখানে গিয়ে এটার সত্যতা পেয়েছি এবং ভিডিও ধারন করেছি।

    সীমান্ত এলাকার গডফাদার বালু দস্যু মাসুদ ও তার বাহিনী প্রতিরাতেই মেঘালয় সীমান্ত ছুঁইছুঁই এলাকা থেকে ইজারাবহির্ভূতভাবে বালু উত্তোলন, মদ, ফেনসিডিল পাচার করে থাকে।

    ট্রাকে মাদক পাচারকালীন সময়ে ভিডিও ধারন করলে চোরাকারবারিদের ক্রোধে শিকার হতে হয় ।
    রাতে সীমান্তে পাচ মেঘাদল গ্রামে ঢাকা কেরানীগঞ্জ থেকে বালু নিতে আসা একজন ড্রাইভার বলেন, আমাদের চারটি ট্রাক হালুয়াঘাট সার আনলোড করে এখানে এসেছি লাল বালু নিতে।আমাদের মহাজন মাসুদের নাম্বার দিয়েছে তার সাথে যোগাযোগ করার জন্য।

    শ্রীবরর্দী পৌর বিএনপি সভাপতি সাবেক ছাত্রদল নেতা ফজলুল হক অকুল চৌধুরি ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল বলেছেন, ওরা বালু ও মাদক ব্যবসায়ি।বিএনপির সাথে ওদের কোন সম্পর্ক ছিলও না এখনও নেই।আমরা বারবার প্রশাসনকে বিষয়টি অবগত করেছি।

    শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বলেন, মাসুদসহ অন্যান্য অপরাধীদের নামে আমার থানায় ২৩ জানুয়ারী রাতে একটি মামলা হয়েছে এবং আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।মাসুদের নামে কোন রাজনৈতিক মামলা ছিলো কি না সেটা দেখতে হবে। তবে মাসুদ গংদের বিরুদ্ধে বালু ও নেশা পাচারের কথা শুনেছি।আগে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

    শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন,সাংবাদিকদের অবাদ সংবাদ সংগ্রহের ক্ষেত্রে চোরাকারবারীররা বাধা সৃষ্টি করেছে।কোনভাবেই ছাড় দেওয়া হবে না।তারা যে দলেরই হক।

    শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, শ্রীবরদী উপজেলার সীমন্ত এলাকায় বালু মহাল ইজারা দেওয়া হয়নি। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মামলা জেল জরিমানা করা হচ্ছে। প্রশাসনের কোন কর্মকর্তা বালু উত্তোলন সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এই কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে একজন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে।