Blog

  • বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

    বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিমানবন্দর থানার মঙ্গলহাটা গ্রামের মৃত আক্তার উদ্দিন মিয়ার ছেলে মোঃ মিরাজউজ্জামান রুবেলকে একটি মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয়েছে।

    বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ডের জিয়া সড়কের বাসিন্দা মৃত মোশারফ হোসেন এর ছেলে মোঃ মিজানুর রহমান মিজান বাদী হয়ে বরিশাল মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট আদালত (বিমানবন্দর) এ একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। যাহার ১ নং আসামী মোঃ মিরাজউজ্জামান মিয়া (মৎস্য খামারের মালিক) এবং ২ নং রূপন দাস মামলা নাম্বার সি.আর. নং৩৮৭/২০২৪(বিমানবন্দর) বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য বিএমপি গোয়েন্দা শাখা কে নির্দেশ প্রদান করেন। বিএমপি গোয়েন্দা শাখা বিবাদীকে অবগত না করে এবং সরজমিনে তদন্ত না করে গোপনে বাদীর আর্জির সাথে হুবহু মিল রেখে তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করেন। দাখিলকৃত রিপোর্টের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ১ নাম্বার আসামি মোঃ মিরাজউজ্জামান কে ওয়ারেন্ট ও ২ নং আসামিকে সমন জারি করেন। সমন পাওয়ার পর বিবাদীরা জানতে পারেন তাদের নামে একটি মামলা হয়েছে এবং ওয়ারেন্ট হয়েছে। সম্মান রক্ষার্থে এক নং আসামি আত্মগোপনে চলে গেলে । মামলার বাদী উক্ত মৎস্য খামারটি দখল করে খামারের মাছ সহ মাটি কেটে অন্যত্র নিয়ে যায় এবং ঘর নির্মাণ করে টিন দিয়ে বেড়া দেয়। এখনো তাদের কার্যক্রম চলমান আছে। ১নং আসামি মোঃ মিরাজউজ্জামান মিয়া। মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর পরিচালক ও বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। ঘটে যাওয়া সমস্ত ঘটনা উল্লেখ করে মানবাধিকার সংস্থা (বাসক) এর চেয়ারম্যান মহোদয় সাগরিকা ইসলাম এর বরাবরে একটি লিখিত আবেদন দাখিল করলে। চেয়ারম্যান মহোদয় উক্ত সংস্থার অন্যান্য মানবাধিকার কর্মীগনের মাধ্যমে যাচাই বাছাই করে।সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বরিশাল বিএমপি পুলিশ কমিশনার, এবং অফিসার ইনচার্জ বরিশাল বিমানবন্দর থানা কে প্রতিবেদন দাখিল করেন। উক্ত মিথ্যা মামলা হতে তাহার মানবাধিকার কর্মীগণ যাহাতে অব্যাহতি পায় ও প্রশাসন দ্বারা হয়রানি না হয় এবং পুনরায় মৎস্য ফিরে পায়।
    উক্ত মৎস্য খামারের
    তফসিল
    মঙ্গল হাটা মৌজা
    বি এস খতিয়ান নং ৫ ও ৬
    বি এস দাগ নং
    ৫৫০/৫৫২/৫৪৬/৫৪৭/৫৪৯
    জমির পরিমাণ ২৫০ সতাংশ

  • খু‌ড়ি‌য়ে খু‌ড়ি‌য়ে চল‌ছে শেরপু‌রের তৃতীয় লি‌ঙ্গের আবাসন কেন্দ্রটি

    খু‌ড়ি‌য়ে খু‌ড়ি‌য়ে চল‌ছে শেরপু‌রের তৃতীয় লি‌ঙ্গের আবাসন কেন্দ্রটি

    শেরপুর প্রতিনিধি : অযত্ন আর অব‌হেলায় খু‌ড়ি‌য়ে খু‌ড়ি‌য়ে চল‌ছে শেরপু‌রে তৃতীয় লি‌ঙ্গের জন‌গোষ্ঠী হিজরা‌দের একমাত্র আবাসন কেন্দ্রটি । সম্প্রতি রাজ‌নৈ‌তিক পট পরিবর্তনের পর দুর্বৃত্তরা হামলা চালায় প‌ল্লি‌টি‌তে ।এতে আবাসন কেন্দ্রটির অনেক জি‌নিজপত্র খোয়া গেছে বলে অভিযোগ ক‌রেন আবাস‌নে বসবাসরত হিজরারা । উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বিষয়‌টি জানলাম পর্যবেক্ষন ক‌রে প্রয়োজনীয় পদ‌ক্ষেপ গ্রহন ক‌রা হবে।

    জানা যায়,২০২১ সা‌লের ৭ জুন শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া সুতিরপাড় এলাকায় জেলা প্রশাসনের উদ্দ্যো‌গে ২ একর জ‌মির ওপর নির্মিত হয় হিজরা‌দের এই আবাসন পল্লী‌টি । সেই সময় হিজড়া জনগোষ্ঠির ৪০ জনের মাঝে জমি সহ ঘরবাড়ী বু‌ঝি‌য়ে দেন তৎকা‌লিন জেলা প্রশাসক আনারক‌লি মাহবুব । সেখানে বসবাসরত হিজড়ারা জানায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ৪‌ সে‌প্টেম্বর দুর্বৃত্তরা হামলা করে ঘরের আসবাবপত্র গ্যাসের চুলা টিউবওয়েল সহ সমস্ত কিছু লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামাল ফেরত এবং দুর্বৃত্তদের বিচারের দাবিতে মাঠে নামে হিজড়া সম্প্রদায়। তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি, মানববন্ধন, মিছিল করেও কোন প্রতিকার পাননি। পরবর্তীতে হিজড়া পল্লীতে হামলার বিষয়টি তৎকালীন শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর নজরে আসলে তিনি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে হিজড়াদের পুনরায় আবাসন কেন্দ্রটিতে পুনর্বাসনের ব্যবস্থা করে দেন। বর্তমানে অনেকটাই কষ্টে বসবাস কর‌তে হ‌চ্ছে এখানকার হিজড়া জনগোষ্ঠীর।
    হিজরা আখি আক্তার বলেন,আমরা ভিক্ষাবৃত্তি নয় আমরা কর্মের মাধ্যমে এগিয়ে যেতে চাই। আমাদেরকে যেন কর্মের সুযোগ করে দেয় সেটাই আমাদের সরকারের কাছে দাবি জানাই।
    শেরপুর জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার বলেন, জেলা প্রশাসন থেকে আমাদেরকে আবাসনের ব্যবস্থা করে দিলেও ৪ সেপ্টেম্বর দুর্বৃত্তদের হামলার পর প্রশাসন থেকে কোন খোঁজ খবর আমাদের নেয় নাই। বিএনপি নেতা হযরত আলী অভিভাবকের দায়িত্ব নিয়ে পুনরায় আমাদেরকে আবাসনে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু এক সময় আমরা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা পেতাম এখন আর আমরা পাচ্ছি না। আমাদের হিজড়াদের দাবি সরকার যেন আমাদেরকে পুনরায় সরকারি সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন।
    শেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী বলেন, হিজড়া পল্লীতে দুর্বৃত্তদের হামলার খবরটি শোনার পর আমি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাদেরকে পুনরায় পুনর্বাসনের ব্যবস্থা করেছি আসবাবপত্র কিনে দিয়েছি এবং নগদ টাকাও দিয়েছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তাদেরকে স্থায়ীভাবে কর্মের ব্যবস্থা করে দেওয়া।
    সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন,শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া সুতিরপাড় এলাকায় অবস্থিত তৃতীয় লিঙ্গের আবাসন কেন্দ্রটি নানান সমস্যায় জর্জরিত। এটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। তৃতীয় লিঙ্গের কেউ যদি সমস্যাগুলো লিখিতভাবে প্রশাসন বরাবর জানায় তাহলে প্রশাসন তা ব্যবস্থা গ্রহণ করবে।
    আবাস‌নের দুরাবস্থায় এখন ম‌নের ক‌ষ্টে কখ‌নো গান ক‌রেন , আবার ম‌নের আন‌ন্দে নে‌চে গে‌য়ে দিন কাটান , আবার পে‌টের জন‌্য দ্বা‌রে দ্বা‌রে ঘু‌রে বেড়ান এই হিজরারা

  • সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

    সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

    অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান শনিবার দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে তিনি বিয়ে করেছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান নিজেই। এবার সুখবর দিলেন তার সাবেক স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কিন্তু কী সেই সুখবর

    অভিনয়ের জগতে বরাবরই সফল মিথিলা। টেলিভিশন, ওয়েব সিরিজ থেকে শুরু করে কলকাতার সিনেমাগুলোতে নায়িকা চরিত্রে দেখা গেছে এ অভিনেত্রীকে। এবার জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তবে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। তিনি বলেন, কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি। বর্তমানে বিদেশে আছি, দেশে ফিরেই কাজ শুরু করব।

    খালিদ হোসেন অভি নাটকটির বাংলা ডাবিংয়ের দায়িত্ব নিয়েছেন।এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অব দ্য ব্লু সি’ ও ‘মিস্টার কুইন’-এর মতো কোরিয়ান ড্রামাগুলোর বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। সিরিজটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে বাচিক অভিনয় করবেন অভিনেত্রী মিথিলা।

    এ ব্যাপারে অভি জানান, ‘ডটস’-এর সঙ্গে রয়েছেন মিথিলা। ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’র বহুল প্রত্যাশিত বাংলা ডাবে উগ্র এবং শক্তিশালী ড. ইউন মিউং জু’র চরিত্রে কণ্ঠ দেবেন তিনি।

  • দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে গ্রেফতারের দায়িত্ব পেল পুলিশ

    দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে গ্রেফতারের দায়িত্ব পেল পুলিশ

    দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য গঠিত দুর্নীতি তদন্ত দপ্তর (সিআইও)। এবার সেই পরোয়ানা কার্যকর করার দায়িত্ব দেশটির পুলিশের কাছে হস্তান্তর করেছে সিআইও।যা সোমবার পর্যন্ত কার্যকর থাকবে।

    এদিন এক বিবৃতিতে সিআইও জানিয়েছে, ‘জাতীয় তদন্ত দপ্তরের কাছে এই রাতে (রোববার রাতে) সন্দেহভাজন (ইউন, পদবিযুক্ত) প্রেসিডেন্টের গ্রেফতারি ওয়ারেন্ট কার্যকর করার নির্দেশ হস্তান্তর করা হয়েছে।

    ২০২৪ সালের ৩১ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার আদালত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই ওয়ারেন্টের মেয়াদ ৬ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

    এর আগে ধারণা করা হয়েছিল যে, সিআইও হয় নতুন একটি ওয়ারেন্টের আবেদন করতে পারে অথবা বর্তমান ওয়ারেন্টের মেয়াদ বাড়ানোর চেষ্টা করতে পারে। তবে তেমনটা হয়নি। তারা বিষয়টি জাতীয় তদন্ত দপ্তরে হস্তান্তর করেছে।

    জাতীয় তদন্ত দপ্তর হলো দক্ষিণ কোরিয়ার জাতীয় পুলিশ সংস্থার অধীনস্থ একটি বিভাগ।

    এদিকে রোববার দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে সিউলের একটি আদালত।

    স্থানীয় ইয়োনহাপ নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইউনের আইনজীবী তার বিরুদ্ধে দেওয়া গ্রেফতারি পরোয়ানা স্থগিতের ওপর আপত্তি জানিয়ে একটি আবেদন করেছিল। তবে আদালত সেই আপত্তি নাকচ করে দিয়েছে।

    ইউনের আইনজীবী ইউন গাপ-গিউন এ বিষয়ে জানিয়েছেন, তারা স্থানীয় আদালতের এই রায়ের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালতে আপিল করার কথা ভাবছেন।

    তিনি সাংবাদিকদের বলেন, আবেদন খারিজ হওয়া মানে এই নয় যে, গ্রেফতারি পরোয়ানাটি আইনত বৈধ। আমরা সুপ্রিম কোর্টে আপিল করার বিষয়টি বিবেচনা করব।

    এর আগে গত ৩ জানুয়ারি দক্ষিণ কোরীয় দুর্নীতি তদন্ত অফিস অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে আটক করার চেষ্টা করলে তার নিরাপত্তা বাহিনী তাদেরকে বাধা দেয়। এ সময় প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায় সাড়ে ৫ ঘণ্টা সংঘর্ষের পর একীভূত তদন্ত দলের সদস্যরা প্রেসিডেন্টের বাসভবনের এলাকা ত্যাগ করে।

    ৬৩ বছর বয়সি ইউন সুক-ইওল গত ৩ ডিসেম্বর দেশটিতে সামরিক আইন জারি করেন। তবে তুমুল সমালোচনা ও ক্ষোভের মুখে কিছু সময়ের মধ্যেই তা প্রত্যাহারে বাধ্য হন।

    এ নিয়ে ইউনকে গত ১৪ ডিসেম্বর অভিশংসিত করা হয় এবং এখন তিনি সাংবিধানিক আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন। এই রায়-ই তাকে স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করবে অথবা পুনর্বহাল করবে। তবে এই রায় দিতে আদালতের ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে।

    ইউন দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথম চলমান প্রেসিডেন্ট, যিনি কিনা রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

    এছাড়াও এই প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সূত্র: তাস ও আনাদোলু এজেন্সি

  • মেজর ডালিমকে নিয়ে প্রশ্ন, যে প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    মেজর ডালিমকে নিয়ে প্রশ্ন, যে প্রতিক্রিয়া জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    দীর্ঘ ৫০ বছর পর প্রকাশ্যে এসেছেন বীর বিক্রম মেজর শরিফুল হক ডালিম। রোববার রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে হাজির হন তিনি। লাইভে ৫০ বছরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

    এ বিষয়ে সোমবার এক সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেজর ডালিমের লাইভ সম্পর্কে প্রশ্ন করলে তিনি উত্তর দেননি। সকালে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদফতর পরিদর্শন শেষে এ প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    ওই সাংবাদিক মেজর ডালিমকে ‘বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি’ বলে সম্বোধন করে তার ‘জীবিত’ থাকার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি।

    মেজর ডালিমের উপস্থিতি এখন সামাজিক মাধ্যমে বেশ আলোচিত বিষয়। তবে তার এ উপস্থিতি নিয়ে কেউ কেউ সংশয়ও প্রকাশ করেছেন।

    ইলিয়াসের সঙ্গে টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে, যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ যেকোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি। তার জন্য আরও সময় প্রয়োজন।

    ২৪’এর গণঅভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র-জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী-হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি। সেই অবস্থান থেকে সেই ৭১’এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে।

    জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি।

    ইলিয়াস হোসেনের এই লাইভ টকশো সাম্প্রতিক সময়ে বাংলা ভাষার কন্টেন্ট-এর মধ্যে বলা যায় রেকর্ড গড়েছে। কেননা ১৬ ঘণ্টায় ২ ঘণ্টার অধিক এই ভিডিওটি দেখেছে সোয়া কোটির বেশি মানুষ।

    শরিফুল হক ডালিম যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত, হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম (পরবর্তীতে লেফটেন্যান্ট কর্নেল) সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। ’৭৫ পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয়।

  • নিজের জানাজার দাওয়াত দিলেন ইলিয়াস কাঞ্চন

    নিজের জানাজার দাওয়াত দিলেন ইলিয়াস কাঞ্চন

    নিজের জানাজার দাওয়াত দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার এফডিসিতে রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এ দাওয়াত দেন। এর আগে রোববার রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীর মিত্রের মৃত্যু হয়।

    জানাজায় উপস্থিত ছিলেন- চিত্রনায়ক আলমগীর, উজ্জ্বল, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, নির্মাতা ছটকু আহমেদ, খোরশেদ আলম খসরুসহ অনেক অভিনেতা অভিনেত্রী ও এফডিসির কর্মকর্তা কর্মচারীরা।

    ইলিয়াস কাঞ্চন বলেন, আজ যারা এখানে এসেছেন এবং যারা আসতে পারেননি সবাই যেন প্রবীর দাদার জন্য দোয়া করেন। আর এখানে যদি আমার জানাজা হয় তাহলে আপনারা সবাই আমার জানাজায় আসবেন। আমি আমন্ত্রণ জানালাম। সেই সঙ্গে আমাকে ক্ষমা করে দেবেন।

    তিনি আরও বলেন, সবাইকে চলে যেতে হবে, এটাই নিয়ম। কিন্তু কে কিভাবে যাবে সেটাই হলো তার ভাগ্য। আখেরাত যার সুন্দর হবে তিনি হলেন সবচেয়ে বেশি ভাগ্যবান। সেদিক দিয়ে আমাদের প্রবীরদা অনেক ভাগ্যবান।

    দীর্ঘ সময় প্রবীর দাদা অভিনয় থেকে দূরে ছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, এ সময়টা তিনি ধর্মকর্ম নিয়ে ছিলেন। সহকর্মী হিসেবে আমরা তাকে দেখেছি। তিনি ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

  • সেই মতিউরের আরও ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

    সেই মতিউরের আরও ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

    ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান, তার প্রথম স্ত্রী (লায়লা কানিজ) ও ছেলে-মেয়ের বিরুদ্ধে পৃথক আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলা তিনটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

    তিনি বলেন, এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান সম্পদের হিসাব চেয়ে দুদক থেকে নোটিশ করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে দুদক থেকে অনুসন্ধান করে সম্পদের তথ্য পাওয়া গেছে। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়েছে। তাদের সম্পদ বিবরণী দাখিল করার আদেশ করা হয়েছিল। ওই আদেশের পরিপ্রেক্ষিতে মতিউর ও তার পরিবারের সদস্যরা সম্পদ বিবরণী দাখিল করেন।

    মামলার এজাহারে বলা হয়, আসামি লায়লা কানিজ ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ করেন। লায়লা কানিজের বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

    অন্যদিকে তার মেয়ে ফারজানা রহমানের নামে ২ কোটি ৪৫ লাখ গোপন ও ৫৩ কোটি ৪১ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে দ্বিতীয় মামলায়। ওই মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়েছে।

    আর তৃতীয় মামলায় প্রথম ঘরের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিরুদ্ধে ১৩ কোটি ৩৮ লাখ টাকা সম্পদের তথ্য গোপন ও ৪২ কোটি ২২ লাখ টাকার

    অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায়ও মতিউরকে সহযোগী আসামি করা হয়েছে।

    এর আগে, গত ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর (শাম্মী আখতার শিবলী) বিরুদ্ধে ১১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ১২০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুই মামলা দায়ের করা হয়।

    কুরবানির জন্য ১৫ লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক যুবক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। বলা হয়, তার বাবা এনবিআর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমান।

    এরপর আলোচনা চলে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের কোথায় কী পরিমাণ সম্পদ রয়েছে এসব নিয়ে। এসব আলোচনার মধ্যে একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর পরিবারের বিপুল বিত্তবৈভবের চাঞ্চল্যকর তথ্য।

  • মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি

    মেট্রোরেলের সেবায় ভ্যাট অব্যাহতি

    রাজধানীর জনপ্রিয় বাহন মেট্রোরেলের সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    সোমবার এনবিআরের ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী সই করা চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

    চিঠিতে বলা হয়েছে, যেহেতু মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন; মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে; মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন।

    সেহেতু এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, দ্রুতগামী, নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূর নিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহণ ব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হলো। আর এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৫ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

    ২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে মেট্রোরেল চলাচল মতিঝিল পর্যন্ত বাড়ানো হয়। মেট্রোরেলের যাত্রীদের কোনো ক্লাস বা শ্রেণিবিন্যাস নেই। সব যাত্রী একই ভাড়ায় নির্ধারিত গন্তব্যে আসা-যাওয়া করতে পারেন।

    বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রোরেল পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত এবং গণপরিবহন। কিন্তু মেট্রোরেল চালুর পর শুরু থেকেই এর মালিক কোম্পানি ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুরোধে এই সেবার ওপর ভ্যাট আরোপ করা হয়নি।

  • কলাপাড়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

    কলাপাড়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

    পটুয়াখালীর কলাপাড়ার কুমিরমারা গ্রামে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার রাতের এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুকে শনিবার বিকেলে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। তখন দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওই শিশুকে পটুয়াখালীতে প্রেরণ করেন।

    চিকিৎসক নূর আহম্মেদ সাঈদ জানান, শিশুটির যোনিদ্বারে ক্ষত রয়েছে। রক্তক্ষরণে শিশুটির অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

    স্থানীয়রা জানান, একটি মাছের ঘেরে কর্মরত এক শ্রমিক শিশুটির সর্বনাশ করেছে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে কলাপাড়া থানার এস আই রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

    ভিকটিমের মামা জানান, শিশুটিকে আমরা চিকিৎসা করা নিয়ে ব্যস্ত আছি। একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে সেখানকার একটি মহল হাসপাতালে নিতে গড়িমসি করেছে। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গতকাল শনিবার বিকেলে হাসপাতালে নিয়ে যায়।

  • দেড় লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেটসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

    দেড় লাখ টাকার অবৈধ বিদেশী সিগারেটসহ আ’লীগ নেতা গ্রেপ্তার

    পিরোজপুরের নাজিরপুরে প্রায় দেড় লাখ টাকার তিন কার্টুন অবৈধ বিদেশী সিগারেটসহ এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজারে অভিযান চালিয়ে মোঃ আবুল কালাম শেখ (৫২) নামে ওই আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়।

    আবুল কালাম পেনাখালী এলাকার মৃত মোতালেব শেখ এর ছেলে ও মালিখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি। শনিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন এ তথ্য এক প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেন।

    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সংবাদের ভিত্তিতে পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে শনিবার গভীর রাতে ওই এলাকা থেকে নিজ বসতবাড়ির পশ্চিম পার্শ্বে টিনের তৈরি ষ্টোর রুম থেকে ৩ কার্টুন অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ করা হয় এবং ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

    আটককৃত সাদা রংয়ের ০৩টি কাগজের কার্টুনের প্যাকেটে ১। PLATINUM নামীয় ২০টি, ২। MOND নামীয় ৩৪টি, ৩। XSO নামীয় ২০টি বিদেশী সিগারেটের প্যাকেট রয়েছে। যার বাজারমূল্য অনুমান ১ লক্ষ ২০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায়, তিনি সরকারী শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে চট্রগ্রাম ও ঢাকা হতে বিদেশী ব্রান্ডের অবৈধ সিগারেট এনে পিরোজপুর, বাগেরহাট ও খুলনা এলাকায় সাপ্লাই দিয়ে থাকে।

    এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, এ সংক্রান্তে নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ ব্যবসা বানিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।