Blog

  • চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে, সতর্ক থাকুন: হাসনাত

    চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে, সতর্ক থাকুন: হাসনাত

    আগামীতে চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

    জনগণের উদ্দেশে তিনি বলেন, আগামীতে চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না। তারা যেন আগামীতে নতুন বাংলাদেশকে নিয়ে কোনো চক্রান্ত করতে না পারে সে লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

    শনিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বারে ইমাম এবং ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বত্তৃদ্ধতায় তিনি এসব কথা বলেন। এ সময় ৫ শতাধিক ইমামের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, আলেম এবং ইমামদের কথা মানুষ বেশি গুরুত্ব দেয়। তাই আপনারা মসজিদে মসজিদে মানুষকে সচেতন করতে ভূমিকা রাখবেন।

    হাসনাত বলেন, আপনারা চাঁদাবাজ দুর্নীতিবাজ ব্যক্তিদের মুখোশ উন্মোচনেও দায়িত্ব পালন করবেন।

    ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ৫টা দাবি শুনেছি। আমি ধর্ম উপদেষ্টার কাছে আগামীদিন গিয়ে এগুলো উপস্থাপন করব।

    হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আমরা এ দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছি। সংখ্যালঘুদের সঙ্গে আমাদের সামাজিক বন্ধন রয়েছে। আমরা তাদেরকে সংখ্যালঘু হিসাবে দেখি না। তাদেরকে পড়শি এবং প্রতিবেশী হিসেবেই দেখি। আমাদের শত বছরের এ বন্ধন নষ্ট করার পাঁয়তারা চলছে। ভারতের মিডিয়াগুলো আমাদের দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে অন্যদের মাঝে বত্তৃদ্ধতা করেন দেবিদ্বার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মডেল মসজিদের খতিব মাওলানা আব্দুল আহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার প্রতিনিধি সিক্ত সিয়াম প্রমুখ।

  • এখন কোনো ‘কারচুপি নাই’ বলেই মূল্যস্ফীতি বেশি: অর্থ উপদেষ্টা

    এখন কোনো ‘কারচুপি নাই’ বলেই মূল্যস্ফীতি বেশি: অর্থ উপদেষ্টা

    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি আগে ৮ বা ৯-এ আটকে রাখা হলেও এখন কোনো ‘কারচুপি নাই’ বলেই মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে।

    শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

    ‘ব্যাংকিং অ্যালমানাক’র ৬ষ্ঠ সংস্করণের প্রকাশনা উৎসবে অর্থ উপদেষ্টা মূল্যস্ফীতি বাড়ার কারণ জানিয়ে বলেন, বিবিএসকে বলা হয়েছে তথ্য যা আছে তাই প্রকাশ যেন হয়। এখানে কারচুপির কোনো ব্যাপার নেই।

    বিগত ১৫ বছরের তথ্য বিভ্রাট নিয়ে ‘বিদেশি বিনিয়োগকারীদের কাছে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়’ বলেও জানান সালেহউদ্দিন।

    তিনি বলেন, ‘আমরা কোনো পাওয়ার দেখাতে আসিনি, একটা দায়িত্ব নিয়ে এসেছি। বিগত ১৫ বছরের তথ্য নিয়ে নানান বিভ্রাট রয়েছে। তথ্য লুকানোর চেষ্টা করা হয়েছে। আমরা এগুলো পরিবর্তন ও সংস্কারের চেষ্টা করছি। কারণ, দাতা সংস্থাগুলো আমাদের কাছে নানা প্রশ্ন করেন। তারা বোঝাতে চান আগেই কম ছিল ইত্যাদি। এ নিয়ে আমরা তাদের বোঝাচ্ছি আগের তথ্য লুকানো ছিল, আমরা সঠিকটা উপস্থাপন করছি।’

    উপদেষ্টা আর ও বলেন, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করার চেষ্টা করছি। যাতে ব্যবসায়ীরা এক স্থান থেকে সব তথ্য পায়। তথ্যের জন্য ব্যবসায়ীদের ১০ জায়গায় দৌঁড়াতে হবে না। আরও সুসংহতভাবে তথ্য যদি ম্যানেজমেন্ট করতে না পারি তাহলে সামনে আরও সমস্যা তৈরি হবে। আমাদের এই মিথ্যা তথ্যের প্রয়োজন নেই। কারণ, প্রিয় মিথ্যা যন্ত্রণাদায়ক।

    উল্লেখ্য, মূল্যস্ফীতির লাগাম টানতে বারবার সুদের হার বাড়ানো হলেও নিত্যপণ্যের বাজারে কোনো সুফল মিলছে না।মূল্যস্ফীতি নভেম্বরে আরও বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৮ শতাংশে। আগের মাসেও এই হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।

  • জুলাই-আগস্টে হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়, স্বীকারোক্তি পলকের

    জুলাই-আগস্টে হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়, স্বীকারোক্তি পলকের

    গত জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় বলে জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

    বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জিজ্ঞাসাবাদে পলক এ তথ্য দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

    তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করে গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ইন্টারনেট বন্ধের এ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।

    এছাড়া ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসান প্রশ্ন তুলেছেন বলেও জানান চিফ প্রসিকিউটর।

    এছাড়া ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসান প্রশ্ন তুলেছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

    জুলাই গণহত্যায় বিভিন্ন মামলায় সাবেক এসপি আব্দুল্লাহেল কাফি ২৬ ডিসেম্বর, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে ২৫ ডিসেম্বর ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩০ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

  • সম্পর্ক ভালো রাখতে চাইলে হাসিনাকে ফেরত দিতে হবে

    সম্পর্ক ভালো রাখতে চাইলে হাসিনাকে ফেরত দিতে হবে

    জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটি তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে।

    শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘শহিদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকেও ছেড়ে কথা বলবেন না বলেও মন্তব্য করেছেন সারজিস আলম।

    তিনি বলেন, আমরা শুধু বাংলাদেশ পুলিশ নয়। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই। আমরা কারও অন্ধ দালাল নই। আমরা ক্ষমতাপিপাসু নই। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয়, যে কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলব না।

    সারজিস আলম বলেন, আমরা বিবেকবোধ বেচে দেওয়া ওই প্রজন্ম নয়। তাহলে আমরা আমাদের প্রতিবেশী বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম। কিন্তু আমরা তা করিনি, করবো না।

    সারজিস আরও বলেন, যারা গণহত্যায় সরাসরি জড়িত ছিল তাদের আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। পুলিশ হোক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পরিচয় যা-ই হোক, এই পরিচয়গুলো মূখ্য নয়। তার বিরুদ্ধে যদি ডকুমেন্ট থাকে তাহলে আমাদের কাছে তার একমাত্র পরিচয় একজন খুনি, হত্যাকারী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

    এখনও আওয়ামী লীগের অনেক নেতা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সারজিস বলেন, চব্বিশের অভ্যুত্থানের চার মাস পেরিয়েছে। খুনি হাসিনার অন্যতম দোসর নাটোরের খুনি এমপি শিমুল আজও আমাদের সামনে রয়েছে। আজও পাবনার সাঈদ চেয়ারম্যান, এই বাংলাদেশে তার অস্তিত্ব রয়েছে। অথচ এই খুনিরা প্রকাশ্যে আমার ভাইদেরকে পুড়িয়ে মেরেছে, গুলি করে হত্যা করেছে। তাহলে বাংলাদেশের ওই বিচারব্যবস্থা, পুলিশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-বিচার ব্যবস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন যে শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকে আপনারা উপদেষ্টা, পুলিশ সুপার, আইজিপি, ডিআইজি, বিভাগীয় কমিশনার- তাদের রক্তের সঙ্গে এই বেঈমানি কিভাবে সম্ভব?

    শহিদদের লাশ তুলে ময়নাতদন্ত না করার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, চব্বিশের অভ্যুত্থানে যারা শহিদ হয়েছে তাদের হত্যা মামলার জন্য কারও লাশ উত্তোলন করা যাবে না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিচারিক যে মন্ত্রণালয় রয়েছে, সংশ্লিষ্ট সকলকে একটি কথা বলে দিতে চাই- যে ভাইয়ের জীবনের রক্তের ওপরে ওই চেয়ারে আপনারা বসে রয়েছেন, আপনারা চারমাস পর তাদের লাশ উত্তোলন করতে পারেন না।

    তিনি প্রশ্ন তোলেন, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচারের জন্য যদি ডেডবডি কবর থেকে তোলা না হয়, তাহলে এই চব্বিশের অভ্যুত্থানে নতুন বাংলাদেশ আনতে গিয়ে যারা শহিদ হয়েছে কেনো তাদের লাশ উত্তোলন করতে হবে?

    গণহত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এই গণহত্যার সঙ্গে আমরা পুরো বাংলাদেশ পুলিশকে জড়িয়ে দেব না। কিন্তু দায়সারা কথাও আমরা মেনে নেব না যে, খুনি হাসিনা বলেছিল বলে গুলি করেছি। খুনি হাসিনা যদি গুলি চালানোর হুকুমও দেয়, তাহলে একজন ব্যক্তি হিসেবে আপনার মনুষ্যত্ববোধ, দেশের মানুষের জন্য যে শপথ নিয়েছেন, সে মনুষ্যবোধ কোথায় ছিল? কতিপয় পুলিশ সদস্য সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের কেনো এখনও বিচার হচ্ছে না? আজকে আমরা দেখছি ওইসব পুলিশ নতুন করে পোস্টিংয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে। খুনের শাস্তি কি শুধু বদলি?

    তিনি বলেন, পুলিশ সেই মামলাগুলো নিচ্ছে না, যে মামলাগুলোতে তাদের পুলিশ সদস্যদের নাম রয়েছে। বিভিন্ন জায়গায় রাজনৈতিক সমঝোতা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ওই খুনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে টাকার বিনিময়ে বাঁচানোর জন্য ব্যাকডোরে নেগোশিয়েশন করছে। এই যে মামলা বাণিজ্য, এতে রাজনৈতিক দল যেমন জড়িত রয়েছে তেমনি প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিও জড়িত রয়েছে। নতুন বাংলাদেশেও পুলিশ সদস্য বিভিন্ন জায়গায় মামলাবাণিজ্য করছে।

    গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচারে পুলিশকেই সহায়তার আহ্বান জানিয়ে এই ছাত্রনেতা বলেন, পুলিশের যে সকল সদস্য গণহত্যায় জড়িত ছিল, যারা জড়িত ছিলেন না তারা যদি তাদের বিচারের জন্য সহযোগিতা না করেন, তাহলে পরোক্ষভাবে আপনারাও গণহত্যায় জড়িত হয়ে যাবেন। কালো দাগ লেগে গেছে পুলিশে, এই কালিমা আপনাদেরই মুছতে হবে।

    সারজিস বলেন, কোনো রাজনৈতিক দলের দালালি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি না। আপনারা এটা করবেন না। পুলিশ দায়িত্বশীল হলে আগামী ৬ মাসেই বাংলাদেশ ঠিক হয়ে যাবে।

    অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৬৩টি শহিদ পরিবারের মধ্যে ৪৬ জন পরিবারকে পাঁচ লাখ টাকার করে চেক দেওয়া হয়। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কয়েকজন সমন্বয়ক বক্তব্য দেন। অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩১৬

    ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৩১৬

    ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪১ জন।

    শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৪৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৫০৪ জন।

  • গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

    গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

    জোরপূর্বক গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে গুম কমিশন। শনিবার বিকাল ৫টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে গুম সংক্রান্ত কমিশন তাদের প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে।

    অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে ‘আনফোল্ডিং দ্য ট্রুথ’ শীর্ষক প্রতিবেদন হস্তান্তর করে।

    মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী অভিযুক্ত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে কমিশনটি।

    এর আগে পাঁচ নভেম্বর সকালে গুম কমিশনের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে কমিশনের চেয়ারম্যান বলেন, পহেলা অক্টোবর পর্যন্ত এক হাজার ৬০০’র বেশি গুমের অভিযোগ পেয়েছে গুম কমিশন। এরই মধ্যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে ১৪০ জনের। আরও খতিয়ে দেখা হচ্ছে ৪০০ অভিযোগ। ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত গুমের ঘটনাগুলোর সঙ্গে পাশের দেশের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন বাহিনীর সদস্যদেরও।

    সেদিন তিনি জানান, জি‌জিএফআই, র‌্যাব, পুলিশ, ডি‌বি, সি‌টি‌টিসি, সিআই‌ডির কর্মকর্তা‌রা গু‌মের স‌ঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। রাজ‌নৈ‌তিক কারণ ছাড়াও সরকা‌রের সমা‌লোচনা করায় অ‌নে‌কে গু‌মের শিকার হ‌য়ে‌ছেন।

    কমিশনটির চেয়ারম্যান জানান, অ‌নেক জায়গায় আলামত ধ্বং‌সের চেষ্টা করা হ‌চ্ছে। সবচেয়ে বে‌শি গু‌মের ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে র‌্যাব, যার সংখ‌্যা ১৭২টি।

  • সিরিয়া পরিস্থিতি নিয়ে ভাষণে যে তথ্য দিলেন খামেনি

    সিরিয়া পরিস্থিতি নিয়ে ভাষণে যে তথ্য দিলেন খামেনি

    সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এমনকি একটি প্রতিবেশী রাষ্ট্রও এক্ষেত্রে ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি।

    বুধবার তেহরানের ইমাম খোমেনি হোসেইনিয়ায় অনুষ্ঠিত একটি সভায় দেওয়া বক্তব্যে ইরানের সর্বোচ্চ নেতা এসব কথা বলেন।সিরিয়ায় ইরানের দীর্ঘদিনের মিত্র বাশার আল-আসাদের আকস্মিক পতনের পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে এই প্রথম ভাষণ দিলেন তিনি।

    খামেনি বলেন, সিরিয়ায় যা ঘটছে তা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কমান্ড রুমের ষড়যন্ত্র। এ ক্ষেত্রে কোনো সন্দেহ নেই, যার প্রমাণ আমাদের কাছে আছে।

    তুরস্কের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সিরিয়ার একটি প্রতিবেশী দেশ ভূমিকা পালন করেছে। কিন্তু প্রাথমিক পরিকল্পনাকারী হলো যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

    খামেনি বলেন, প্রতিরোধ ফ্রন্টের বৈশিষ্ট্য হলো: যত বেশি ধাক্কা দেবেন, তত তারা শক্তিশালী হবে। যত বেশি অপরাধযজ্ঞ চালাবেন, তত বেশি উদ্যমী হবে।আপনি তাদের সঙ্গে যত বেশি লড়াই করবেন, তত বেশি তারা বিস্তৃত হবে। আমি আপনাদের বলতে চাই, মহান আল্লাহর ইচ্ছায় প্রতিরোধ ফ্রন্টের পরিধি গোটা পশ্চিম এশিয়া অঞ্চলকে আগের চেয়ে বেশি আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলবে। এই পুরো অঞ্চলে প্রতিরোধ ফ্রন্ট আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে।

    ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, প্রতিরোধের অর্থ সম্পর্কে যার বিন্দুমাত্র ধারনা নেই, তারা মনে মনে ভাবে, যখন প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে, তখন ইসলামি ইরানও দুর্বল হয়ে পড়বে। আমি আপনাদের দৃঢ়তার সঙ্গে জানাতে চাই, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায়, ইরান অনেক শক্তিশালী এবং সামনের দিকে আরো বেশি শক্তিশালী হবে ইনশাআল্লাহ।

    খামেনি বলেন, তাদের প্রত্যেকেরই একটি উদ্দেশ্য আছে। তাদের লক্ষ্য ভিন্ন, তাদের মধ্যে কেউ কেউ সিরিয়ার উত্তর বা সিরিয়ার দক্ষিণ থেকে ভূমি দখল করতে চাচ্ছে, আমেরিকা এ অঞ্চলে তাদের অবস্থান মজবুত করতে চাচ্ছে,এগুলোই তাদের লক্ষ্য। সময়মতো দেখা যাবে তাদের এইসব লক্ষ্যের কোনোটাই অর্জিত হবে না ইনশাআল্লাহ।

  • অসুস্থ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

    অসুস্থ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের অসুস্থ বাবা মকবুল হোসেনকে আর্মি হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।

    বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

    ফেসবুক পোস্টে জানানো হয়, শহিদ আবু সাঈদের বাবা জ্বর ও পেটের পীড়া নিয়ে গত ৭ ডিসেম্বর রংপুর সিএমএইচে ভর্তি হন। মঙ্গলবার বিকাল ৩টায় তাকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

    সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য শহিদ আবু সাঈদের বাবাকে মঙ্গলবার দিবাগত রাতেই আর্মি হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

    গত ২৮ নভেম্বর আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে শহিদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

  • ১২ পুলিশ সুপারকে বদলি

    ১২ পুলিশ সুপারকে বদলি

    বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদলের ধারাবাহিকতায় আজ দেশের বিভিন্ন জেলার ১২ পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

    বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ।

    এতে জানানো হয়েছে, পুলিশ অধিদপ্তর, ঢাকা (টিআর) এর পুলিশ সুপার আবু সাইমকে রংপুরের পুলিশ সুপার হিসেবে, গাইবান্ধার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইনসার্ভিস ট্রেনিং সেন্টার আবু সায়েম প্রধানকে চট্টগ্রামের পুলিশ সুপার, পিবিআই এর পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে ময়মনসিংহের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার জাকির হোসেনকে দিনাজপুরের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার শরিফ উদ্দীনকে বরিশালের পুলিশ সুপার, এসবির পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    এছাড়া পুলিশ অধিপ্তরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে গাজীপুরের পুলিশ সুপার, এন্টি টেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে মানিকগঞ্জের পুলিশ সুপার, এপিবিএন সদর দপ্তর, ঢাকার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলাকে গাইবান্ধার পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার আসলাম শাহাজাদাকে হবিগঞ্জের পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার এহতেশামুল হককে ব্রাক্ষ্মণবাড়ীয়ার পুলিশ সুপার এবং এসবির বিশেষ মোহাম্মদ সাফিউল সারোয়ারকে নাওগার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

    জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

  • বাবরের খালাস চাইলেন আইনজীবী শিশির

    বাবরের খালাস চাইলেন আইনজীবী শিশির

    সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন তার আইনজীবী।

    বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের হাইকোর্ট বেঞ্চে শুনানিতে বাবরের আইনজীবী শিশির মনির এ আবেদন করেন।

    আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। অন্য পাঁচজন আসামির পক্ষে শুনানিতে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। এর আগে ৬ নভেম্বর এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথি উপস্থাপনে পর যুক্তি উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষ যুক্তি তর্ক উপস্থাপন শুরু করেন।

    আইনজীবী শিশির মনির বলেন, লুৎফুজ্জামান বাবর মূলত এ মামলার আসামি ছিলেন না।

    ২৮টি সাক্ষী হয়ে যাওয়ার পরে পুনরায় তদন্তের জন্য একটি নির্দেশনা দেওয়া হয়। পুনরায় তদন্ত করা হয়। ওই তদন্তের মাধ্যমে বাবরসহ ১১ জনকে নতুন করে আসামি করা হয়। পরে ৫৩ জনের সাক্ষী নিয়ে বাবরকে নিম্ন আদালতে ফাঁসি দেওয়া হয়।

    আমরা বলেছি, এভাবে মামলা চলা অবস্থায় ২৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষ হয়ে যাওয়ার পর যে তদন্তের আদেশ দেওয়া হয়েছে, তা আইন অনুযায়ী হয়নি, বেআইনিভাবে করা হয়েছে। তার নামে কোনো সরাসরি এভিডেন্স ও কোনো দেখা সাক্ষী নেই।

    রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্যে করে শিশির মনির বলেন, তারা বলেছেন- তার (বাবর) নির্দেশে ৫ জনকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে দেখা যায়, ৫ জনের কাউকে ছাড়া হয়নি। সবাই জেলে আছে।

    এ আইনজীবী আরও বলেন, তার (বাবর) বিরুদ্ধে তিনি তদন্ত রিপোর্টকে প্রভাবিত করেছেন। কিন্তু এ বিষয়ে তৎকালীন তদন্ত কমিটির সভাপতি ও সচিব বিপরীত বক্তব্য দিয়েছেন।

    শিশির মনিরের মতে, যেহেতু কোনো সাক্ষ্য প্রমাণ নেই, তাই অতিদ্রুত যেন এ মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। ১০ ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটেছে এটা সঠিক। কিন্তু প্রকৃত দোষীকে নির্ধারণ করতে পারেনি। ফলে আমরা আদালতের সামনের লুৎফুজ্জামান বাববের বেকসুর খালাস দাবি করেছি।

    ২০১৪ সালের ৩০ জানুয়ারি ১০ ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত দুটি মামলার মধ্যে চোরাচালান মামলায় (বিশেষ ক্ষমতা আইনে) সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী (ফাঁসির দণ্ড কার্যকর), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমানের আদালত।

    মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত অন্য ১১ জন হলেন, এনএসআইর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, ডিজিএফআইর সাবেক পরিচালক (নিরাপত্তা) অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিন আহমেদ, এনএসআইর সাবেক উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন, এনএসআইর সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার, সিইউএফএলের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, সাবেক ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমিন, চোরাচালানি হিসেবে অভিযুক্ত হাফিজুর রহমান, অস্ত্র খালাসের জন্য শ্রমিক সরবরাহকারী দীন মোহাম্মদ ও ট্রলার মালিক হাজী আবদুস সোবহান। পরে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি কারাবন্দি আসামিরা আপিল করেন।

    অস্ত্র আইনে দায়ের করা অন্য মামলাটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন একই আসামিরা। এছাড়া অস্ত্র আটক মামলার অপর ধারায় সাত বছর কারাদণ্ড দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫ লাখ টাকা করে জরিমানাও করা হয়।