Blog

  • অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

    অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

    সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের সাজাও স্থগিত করা হয়েছে।

    মঙ্গলবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

    আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার মো. জাকির হোসেন, অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট আজমল হোসেন।

    আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। ২০১৬ সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করেন। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। এই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

    ২০১৯ সালের ২৪ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক তারেক রহমান ও মামুনকে ৭ বছর কারাদণ্ড এবং ১২ কোটি টাকা অর্থদণ্ড দিয়ে রায় দেন। এ ছাড়া লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকে থাকা বাংলাদেশি টাকায় ৬ কোটি ১ লাখ ৫৭ হাজার ৭৬২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

  • মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

    মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনায় ডিএমপির আদাবর থানায় দায়ের করা মামলার আসামির কাছে টাকা দাবি করায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত এসআই-এর নাম শাহিন পারভেজ।

    রোববার (৮ ডিসেম্বর) রাতে তাকে প্রত্যাহার করা হয় বলে যুগান্তরকে নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া। এর আগে তিনি সিলেট রেঞ্জে কর্মরত ছিলেন।

    সোমবার (৯ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, জুলাই অভ্যুত্থানের মামলায় বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। আমার লোক যে সব ভালো তা বলবো না। আমার কাছে যাদের বিরুদ্ধে রিপোর্ট এসেছে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। গতকাল (রোববার) একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি যিনি মামলা বাণিজ্যে জড়িত ছিল।

    ডিএমপি কমিশনারের বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা গেছে, ডিএমপি কমিশনারের নির্দেশে আদাবর থানার এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়েছে।

    আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া যুগান্তরকে বলেন, রোববার রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এসআই শাহিন পারভেজকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও বিভাগে সংযুক্ত করা হয়েছে। তার কাছে একটি হত্যা মামলা ছিল।

    জানা গেছে, সিলেট রেঞ্জ থেকে ডিএমপিতে বদলি হয়ে আসা শাহিন পারভেজকে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তের দায়িত্ব পেয়ে মামলার এক আসামির কাছে টাকা দাবি করে। ভুক্তভোগী ওই ব্যক্তি বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে রাতেই তাকে প্রত্যাহার করা হয়। তার বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।

  • আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ বুধবার

    আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লংমার্চ বুধবার

    বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে আগামী বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চের ডাক দিয়েছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন।

    সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়। তিন সংগঠনের পক্ষে জাতীয়তাবাদী যুব দলের সভাপতি এম মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। তিন অঙ্গ ও সহযোগী সংগঠন হলো- জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার সকাল ৮টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ লংমার্চ শুরু হবে। নয়াপল্টন থেকে গাড়িবহর নিয়ে আখাউড়া যাবেন নেতাকর্মীরা। পথিমধ্যে বিভিন্ন জেলার নেতাকর্মীরা যোগ দেবেন। আখাউড়ায় একটি সমাবেশ করা হবে।

    সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতের হিন্দু সংঘর্ষ সমিতির একদল উচ্ছৃঙ্খল সদস্য কর্তৃক সহিংস হামলার ঘটনা ঘটেছে। এ সময় একদল উচ্ছৃঙ্খল সন্ত্রাসী বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে, মিশনের সম্পদ বিনষ্ট করেছে। সহিংস ঘটনার সময়ে আইনশৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকায় ছিল, যা ওই ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌনসম্মতিকে ইঙ্গিত করে। ভারত সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে।

    গত ২৮ নভেম্বর কলকাতায়ও একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদল মনে করছি, বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাতের শামিল।

    তারা আরও বলেন, ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয় নেতা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলে একদিকে বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা করেছেন এবং অন্যদিকে আন্তর্জাতিক আইন সম্পর্কে নিজের অজ্ঞতা প্রকাশ করেছেন।

    এ সময় তারা আরও বলেন, জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের পর ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে লাগামহীন প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। গণ-অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত ছাত্র-জনতার সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে তারা ক্রমাগত ভিত্তিহীন এবং কল্পনাপ্রসূত খবর প্রচার করছে। তাদের অপপ্রচার এবং গুজবের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা একইসঙ্গে ভারতের সংবিধানের ৫৫ অনুচ্ছেদের পরিপন্থি।

    বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, বহিষ্কৃত ইসকন নেতা, বাংলাদেশের নাগরিক চিন্ময় দাসের গ্রেফতার, তদন্ত এবং বিচার সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু ভারতের বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে। চিন্ময় দাশের অনুসারীদের হাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এবং সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ খুন হওয়ার পরেও বাংলাদেশের সর্বস্তরের মানুষ গভীর সংযম দেখিয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন।

    ভারত একটি সাম্প্রদায়িক দাঙ্গা প্রবণ রাষ্ট্র। ভারত তার নিজের দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ। সুতরাং, ভারতের কোনো নৈতিক অধিকার নাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার।

    এর আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। এদিন দুপুরে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেন তিন সংগঠনের নেতারা।

    সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানি, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ বক্তব্য দেন।

  • যে কারণে অন্তঃসত্ত্বাদের কাঁচা পেঁপে খাওয়া নিষেধ

    যে কারণে অন্তঃসত্ত্বাদের কাঁচা পেঁপে খাওয়া নিষেধ

    পুষ্টিবিদরা বলছেন খালি পেটে পেঁপে খাওয়া একেবারেই ভালো নয়। এতে ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পাকস্থলীতে গিয়ে গণ্ডগোল বাঁধাবে।

    সুষম খাবারের মধ্যে পেঁপে খাওয়ার পরামর্শ পুষ্টিবিদরাই দেন। কাঁচা হোক বা পাকা— পেঁপের পুষ্টিগুণ অনেক। শিশু ও বয়স্কদেরও পেঁপে খাওয়া ভালো।

    কিন্তু কথা হলো— পেঁপে খেলেই হবে না, তা সময় ধরে ও নির্দিষ্ট পরিমাণেই খেতে হবে। বেশি উপকার হবে ভেবে প্রতিদিন প্রচুর পরিমাণে পেঁপে খেয়ে ফেললে হিতে বিপরীতই হবে।

    পাশাপাশি পুষ্টিবিদরা বলেছেন— খালি পেটে পেঁপে খাওয়া একেবারেই ভালো নয়। এতে ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পাকস্থলীতে গিয়ে গন্ডগোল বাঁধাবে। শিশুদেরও পেঁপে পরিমাণ মতোই খাওয়াতে হবে। জেনে নিন, বেশি পেঁপে খেলে কী কী ক্ষতি হতে পারে?

    হজম হবে না

    পেঁপেতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা বেশি মাত্রায় শরীরে গেলে হজমের সমস্যা হতে পারে। পাশাপাশি পেঁপেতে থাকা ‘প্যাপাইন’ নামক উৎসেচক হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে। ‘প্যাপাইন’ অধিক পরিমাণে পেটে গেলে গ্যাস-অম্বলের সমস্যা হতে পারে। শিশুদের ক্ষেত্রে পেট ফাঁপা, ডায়রিয়ার মতো সমস্যাও হতে পারে।

    অ্যালার্জির সমস্যা

    পেঁপের মধ্যে ‘প্যাপাইন’ নামক উৎসেচকটি অ্যালার্জিজনিত সমস্যার কারণ হতে পারে। ‘ল্যাটেক্স অ্যালার্জি’ যাদের আছে, তারা পেঁপে বুঝেশুনে খাবেন। কারণ অ্যালার্জির ধাত থাকলে যদি পেঁপে বেশি খেয়ে ফেলেন তা হলে শ্বাসযন্ত্রে প্রদাহ হতে পারে, ত্বকে চুলকানি-জ্বালাও হতে পারে।

    পেঁপেতে ভিটামিন ‘সি’ বেশি পরিমাণে থাকে। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে ভিটামিন ‘সি’ গুরুত্বপূর্ণ। তবে তা খেতে হবে পরিমিত পরিমাণে। অতিরিক্ত পরিমাণে পেঁপে খেলে কিডনিতে পাথর জমার আশঙ্কা বেড়ে যেতে পারে।

    অন্তঃসত্ত্বাকে পেঁপে খাওয়া নিষেধ

    অন্তঃসত্ত্বাকে পুষ্টিকর খাবার খাওয়ানো জরুরি বটে। তাই রকমারি ফল-সবজি দেওয়া হয়। কিন্তু এ সময়ে পেঁপে খাওয়া নিরাপদ নয়। কাঁচা পেঁপেতে ল্যাটেক্সযুক্ত পদার্থ রয়েছে। তা গর্ভাশয় সঙ্কোচনের কারণ হতে পারে। গর্ভাবস্থায় কাঁচা বা পাকা পেঁপে খেলে প্লাসেন্টায় রক্তক্ষরণ হওয়ার আশঙ্কাও থাকে।

    রক্তে শর্করা কমে যেতে পারে

    পেঁপে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই ডায়াবেটিসের রোগীদের পেঁপে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে ২০১২ সালের একটি গবেষণা বলছে, পেঁপে যদি প্রয়োজনের অতিরিক্ত খাওয়া হয়, তা হলে তা রক্তে শর্করার মাত্রা আচমকা কমিয়ে দিতে পারে। ফলে ‘হাইপোগ্লাইসেমিয়া’ দেখা দিতে পারে। যারা রক্তে শর্করা নিয়ন্ত্রণের ওষুধ খাচ্ছেন, তাদের ক্ষেত্রে ‘হাইপোগ্লাইসেমিয়া’ বিপদের কারণ হতে পারে।

  • জুলাই-আগস্ট ইস্যুতে চাঁদাবাজি করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

    জুলাই-আগস্ট ইস্যুতে চাঁদাবাজি করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

    নবনিযুক্ত ডিএমপি কমিশনার শেখ মো সাজ্জাত আলী বলেছেন, জুলাই-আগস্ট মামলার ইস্যুতে কোনো চাঁদাবাজে পুলিশ ও রাজনৈতিক নেতা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি এ কথা বলেন।

    এ সময় পুলিশের মনোবল ফিরে আসার কথা জানিয়ে নবনিযুক্ত ডিএমপি কমিশনার বলেন, দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

    ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে যানজটের বিষফোড়া অটোরিকশা। ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা বিশৃঙ্খল। কেউ আইন মানতে চায় না, বেপরোয়া মোটর সাইকেল। একটি ফ‍্যামেলি একটি বাইকে চলাচল করে যা খুবই বিপজ্জনক।

    তিনি বলেন, রাজধানীতে ছিনতাই ভয়াবহ রূপ নিয়েছে যা নিয়ে কাজ করা হচ্ছে। টহল বৃদ্ধি করা হয়েছে।

    এছাড়াও বিজয়দিবস ও থার্টি ফার্স্ট নাইটে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই মন্তব্য করে, নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সতর্কতা থাকার কথা বলেন তিনি।

  • দুদক কর্মকর্তাদের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পড়েছে: আইন উপদেষ্টা

    দুদক কর্মকর্তাদের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পড়েছে: আইন উপদেষ্টা

    স্বৈরাচারের আমলে দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

    সোমবার সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    বিচার না হওয়ায় দুর্নীতি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, দুদক ছিল, উচ্চ আদালতও ছিল কিন্তু বিচার হয়নি। বিচার হয়েছে খালেদা জিয়ার।

    অনুষ্ঠানে দুদক সংস্কারে গঠিত কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে দুর্নীতিবাজরা রাষ্ট্র কাঠামো দখল করে রেখেছে, যাতে সব অন্যায় ও দুর্নীতি থেকে রেহাই পাওয়া যায়। এভাবেই দুর্নীতিগ্রস্ত কর্তৃত্ববাদী সরকারের জন্ম হয়েছে।

    তিনি বলেন, সংস্কার কাজ করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতিসহ দুদক কর্মকর্তাদের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পড়েছে। এখন সাঁড়াশি অভিযান পরিচালনা করা ছাড়া উপায় নেই।

    দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, সৎ প্রজন্ম তৈরি করতে পারলে দুর্নীতিবিরোধী সমাজ গঠন করা সহজ হবে। দুর্নীতির বিরুদ্ধে কেবল প্রতিকারমূলক কার্যক্রম গ্রহণ করা নয় সবার মনে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে হবে।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীন বলেন, দেশের উন্নয়নে বড় বাধা দুর্নীতি, যা নিয়ন্ত্রণে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

    তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

  • এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

    এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

    আগামী ২০২৭ সালে ২৪টি দল নিয়ে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ। যেখানে জায়গা পেতে বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। সেই বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে হওয়া সেই ড্র’য়ে গ্রুপ সি’তে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে অন্য তিন দল ভারত, হংকং ও সিঙ্গাপুর।

    এশিয়া কাপ বাছাইয়ে ২৪ দল মোট ছয়টি গ্রুপে ভাগ হয়ে খেলতে। প্রতি গ্রুপে চারটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

    এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে সবশেষ ২৮ নভেম্বর প্রকাশিত ফিফা র‌্যাংকিং অনুযায়ী। র‌্যাংকিং অনুযায়ী ২৪টি দল চারটি পটে বিভক্ত ছিল। প্রতি পটে ছয়টি দল ছিল। বাংলাদেশ র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকায় চার নম্বর পটে ছিল।

    এশিয়ান কাপ বাছাইয়ের ড্র পট ভিত্তিক হয়েছে। প্রথমে পট চার থেকে দল তোলা হয়। বাংলাদেশের নাম তিন নম্বরে উঠায় সি গ্রুপে পড়েছে। পট চারের পর তিন, দুই ও একের দলগুলো তোলা হয়। এই তিন পটে তিন নম্বর ড্রতে যথাক্রমে সিঙ্গাপুর, হংকং-চীনা ও ভারত পড়ায় বাংলাদেশের গ্রুপে পড়েছে।

    ২০২৫ সালের মার্চ-২০২৬ সালের মার্চ পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ পড়েছে ভারতের বিপক্ষে। ভারত গ্রুপের শীর্ষ দল ও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে প্রথম ম্যাচটি ভারতে গিয়ে খেলতে হবে।

    বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের প্রথম ধাপ এক সঙ্গে অনুষ্ঠিত হয়। এশিয়া থেকে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হওয়া ১৮ দল সরাসরি এশিয়া কাপে খেলবে। বাকি ছয়টি দল আসবে এই ২৪ দলের বাছাই থেকে।

    উল্লেখ্য, বাংলাদেশ ১৯৮০ সালে একবারই এশিয়া কাপ ফুটবলে খেলেছে। এরপর আর কখনো বাছাইপর্ব পার হতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

    এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ সূচি:

    ২৫ মার্চ : ভারত-বাংলাদেশ

    ১০ জুন: বাংলাদেশ-সিঙ্গাপুর

    ৯ অক্টোবর: বাংলাদেশ-হংকং

    ১৪ অক্টোবর: হংকং-বাংলাদেশ

    ১৮ নভেম্বর: বাংলাদেশ-ভারত

    ৩১ মার্চ (২০২৬) : সিঙ্গাপুর-বাংলাদেশ

  • আগামীকাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ

    আগামীকাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ

    আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহ। ১৫ দিনব্যাপী এই শুমারির তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। সারা দেশে ৯৫ হাজার তথ্য সংগ্রহকারী এবারের শুমারিতে তথ্য সংগ্রহ করবেন।

    দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পর এমন শুমারি করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ইতোমধ্যেই প্রচারসহ অন্যান্য প্রস্তুতিও শেষ করা হয়েছে। শুমারির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে আজ সোমবার (৯ ডিসেম্বর) অর্থনৈতিক শুমারির ২০২৪ প্রকল্প নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে।

    রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মে¥লন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। শুমরির বিস্তারিত তুলে ধরেন জনশুমারি প্রকল্পের ডিপুটি প্রকল্প পরিচালক মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মো. মিজানুর রহমান, অর্থনৈতিক শুমারি প্রকল্পের প্রকল্প পচিালক এস এম শাকিল আখতার। উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. হামিদুল হক, যুগ্ম সচিব ড. দীপঙ্কর রায় প্রমুখ।

    প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, অর্থনৈতিক শুমারিতে ৭০টি প্রশ্ন উঠে আসবে। এবারই প্রথম ট্যাবের মাধ্যমে ক্যাপি পদ্ধতিতে এই শুমারির তথ্য সংগ্রহ করা হবে। ইতোমধ্যেই লিস্টিংয়ের মাধ্যমে ১ কোটি ২২ লাখ ইউনিট চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে এবং এর বাইরে থেকেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এবার শুমারিই প্রথমবারের মতো দেশে কতজন বিদেশি কর্মী নিয়োজিত রয়েছেন, তারা কোন ধরনের প্রতিষ্ঠানে কোন ধরনের পদে কর্মরত আছেন এবং নারী-পুরুষ কতজন সেসব তথ্য তুলে ধরা হবে।

    পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, শুমারির কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ করার জন্য জিওগ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও জিওকোড সমন্বয় করে ডিজিটাল ম্যাপ প্রস্তুত করা হয়েছে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে ব্যবহৃত ট্যাবলেটগুলো মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট (এমডিএম) সফটওয়্যার ব্যবহার করে কেন্দ্রীয়ভাবে ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করা হবে। মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্য সংরক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) সমৃদ্ধ ডেটা সেন্টার ব্যবহার করা হচ্ছে।

    মাঠ পর্যায় থেকে বিডিসিসিএল হয়ে বিবিএস সার্ভারে আসার আগ পর্যন্ত সংগৃহীত সকল তথ্য উপাত্ত গোপন অবস্থায় থাকবে। যার মাধ্যমে পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী একদিকে তথ্য সংগ্রহে শুমারি কর্মীদের সহযোগিতা করা অপরদিকে এই আইন দ্বারা জনসাধারণের প্রত্যেকের ব্যক্তিগত তথ্যর নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হবে।

    পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দীপঙ্কর রায় বলেন, শুমারির তথ্য-উপাত্তের গুণগতমান নিশ্চিত করে কর্মকর্তা কর্মচারীদের ৩ ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথম ধাপে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ, দ্বিতীয় ধাপে উপজেলা শুমারি সমন্বয়কারী, জোনাল অফিসারগণ ও আইটি সুপারভাইজারদের প্রশিক্ষণ এবং তৃতীয় ধাপে গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

    মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ও প্রবণতা সম্পর্কে সঠিক ও আপডেটেড তথ্য পাওয়া সম্ভব হবে, যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    তিনি বলেন, বিবিএসের কর্মকর্তারা প্রতিটি ধাপে যথাযথ প্রস্তুতি নিয়েছেন। এবারের অর্থনৈতিক শুমারি তথ্য সংগ্রহ পদ্ধতিকে আরও উন্নত করার জন্য প্রচার-প্রচারণা এবং প্রশিক্ষণ কার্যক্রম করা হচ্ছে।

  • ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৫৯৬ নতুন রোগী

    ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৫৯৬ নতুন রোগী

    ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) আরও ৭ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫২৯ জন প্রাণ হারিয়েছেন।

    সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৯৬ জন।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৬, ঢাকা উত্তর সিটিতে ৯৮, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০, খুলনা বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

    এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৬৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৯৩ হাজার ৪৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯৬ হাজার ২২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

  • বিএনপির ৩ অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনে

    বিএনপির ৩ অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনে

    ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ঢাকার ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। এতে প্রথমে তারা রামপুরায় বাধার সম্মুখীন হন। পরে স্মারকলিপি দেওয়ার জন্য পুলিশ ৬ প্রতিনিধিকে সেখানে যাওয়ার জন্য প্রস্তাব দেয়।

    প্রস্তাবে রাজি হয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনের উদ্দেশে রওনা হয়েছেন।

    ছয় প্রতিনিধি হলেন— যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

    রোববার দুপুর পৌনে ১টার দিকে পুলিশের গুলশান জোনের ডিসি তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, শান্তিপূর্ণ যেকোনো কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার্থে কিছু নিয়ম মানতে হয়। আমরা ভারতীয় হাইকমিশনে কথা বলেছি। কথা অনুযায়ী বিএনপির তিন সংগঠনের ছয়জন প্রতিনিধিকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

    এর আগে ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির তিনটি অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ প্রতিবাদী পদযাত্রা আটকে দেয় পুলিশ। দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজের ওপর ব্যারিকেড দিয়ে পদযাত্রাটি আটকে দেওয়া হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।

    এ পদযাত্রা উপলক্ষে আজ সকাল থেকে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। সকাল ৯টার আগে থেকেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেন তারা। এসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা বিভিন্ন স্লোগান দেন।