Blog

  • চীন-রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে: শফিকুল আলম

    চীন-রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে: শফিকুল আলম

    বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পাশাপাশি, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    রোববার সকালে ‘নতুন বাংলাদেশ: অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

    শফিকুল আলম বলেন, বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। শুধু ভারত নয়, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে। তাদেরকে স্বচক্ষে বাস্তবতা দেখে যাওয়ার জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানাই। তাদের উচিত এ দেশের মানুষের সঙ্গে কথা বলে বিভ্রান্তি দূর করা।

    তিনি বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ চালিয়ে যাচ্ছে। শ্রম আইন পরিবর্তন ড. ইউনূসের একটা প্রধান কাজ। ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে। তা নিয়ে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে আলোচনা করা হবে।

    সংস্কার শেষেই জাতীয় নির্বাচন হবে জানিয়ে প্রেস সচিব আরও বলেন, সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার কাজ করেছে। অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

  • ড. ইউনূসের বিরুদ্ধে ৫ মামলা বাতিলের রায় বহাল

    ড. ইউনূসের বিরুদ্ধে ৫ মামলা বাতিলের রায় বহাল

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

    রোববার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

    এই আদেশের ফলে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল বলে জানিয়েছেন ড. ইউনূসের পক্ষের আইনজীবী।

    আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

    গত ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের এই পাঁচ মামলায় ও মানহানির এক মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন।

    ড. ইউনূসের নামে যখন শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে এসব মামলা করা হয়।

  • দুই-এক দিনের মধ্যে সুখবর আসছে: জামায়াত আমির

    দুই-এক দিনের মধ্যে সুখবর আসছে: জামায়াত আমির

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দেশবাসী আগামী দুই-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছে।

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

    জামায়াত আমির বলেন, ‘আমরা কারও পাতা ফাঁদে পা দেব না। কারও কাছে মাথা নত করব না, আবার সীমা লঙ্ঘনও করব না। দুই-একদিনের মধ্যে সুখবর পাবেন আশা করি।’

    ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমরা সহযোগিতা করব।’

    জামায়াত আমির বলেন, ‘জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে, চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। দেশি-বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে।’

    সংলাপের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব।’

    এর আগে বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

  • কারামুক্ত বাবুল আক্তার

    কারামুক্ত বাবুল আক্তার

    অবশেষে স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় ৩ বছর ৭ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। বুধবার বিকাল ৫টা ৩৮ মিনিটের দিকে একটি সাদা প্রাইভেটকারে কারাফটক দিয়ে বেরিয়ে আসেন বাবুল আক্তার।

    এদিকে বাবুল আক্তারের মুক্তির খবরে গণমাধ্যম কর্মীরা ভিড় করেন কারাফটকে।

    জেল থেকে বের হয়ে বাবুল আক্তার উপস্থিত সাংবাদিকদের কিছু বলেননি। তবে বাবুল আক্তারের স্ত্রী নুসরাত জাহান মুক্তা বলেছেন, তার (বাবুল আক্তারের) নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। এজন্য তাকে কড়া নিরাপত্তায় জেল থেকে বের করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন। তিনি যুগান্তরকে জানান, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিনের কাগজপত্র কারাগারে আসার পর যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

    গত ২৭ নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের জামিন আদেশ এবং আদালতের বেইল বন্ড পাঠানোর পরও নানা জটিলতার কারণে তিন দিন তাকে মুক্তি দেওয়া হয়নি।

    বৃহস্পতিবার বাবুলের জামিন আদেশে স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আপিল করেন তার শ্বশুর ও মামলার বাদী মোশাররফ হোসেন। শুনানি শেষে মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করা হলেও আদেশের তারিখ পিছিয়ে যায়। বুধবার শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত বাবুল আক্তারের জামিন বহালের আদেশ দেন।

    ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার কাছে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। স্ত্রীকে খুনের ঘটনায় পুলিশ সদর দফতরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে।

    গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদসহ নানা নাটকীয়তার পর ওই বছরের আগস্টে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০২১ সালের ১২ মে বাবুল আক্তারের দায়ের করা মামলায় ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয়। একই দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওই দিনই মামলাটিতে বাবুল আক্তারকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পিবিআই। সেই থেকে কারাগারে ছিলেন বাবুল।

  • ডেঙ্গু রোধে দুই ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার: স্বাস্থ্য অধিদপ্তর

    ডেঙ্গু রোধে দুই ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার: স্বাস্থ্য অধিদপ্তর

    ডেঙ্গু মোকাবিলায় সরকার দুই ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

    বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সদর জেনারেল হাসপাতাল ও শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে দফায় দফায় আলোচনাসহ জুম কনফারেন্সের মাধ্যমে সারা দেশে স্বাস্থ্য বিভাগকে যথাযথ দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।

    তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোতে পরীক্ষা নিরীক্ষাসহ পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। পাশাপাশি মশা নিধনেও সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। সেই লক্ষ্যে সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মশা নিয়ন্ত্রণে কাজ করবে। এ বিষয়ে আজকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভা হবে। আশা করছি অচিরেই দেশের ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হবে।

    নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতাল ৫০০ শয্যায় রূপান্তর করতে অবকাঠামোগত উন্নয়নের কাজ শেষপর্যায়ে আছে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান, এখানে আধুনিক প্রযুক্তি ও মেশিনপত্র ব্যবহারের মাধ্যমে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার সুব্যবস্থাসহ উন্নত চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

    এ সময় নারায়ণগঞ্জ সিভিল সার্জন মশিউর রহমানসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • দেশ ও অস্তিত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ

    দেশ ও অস্তিত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ

    গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ভারত সরকার বিচলিত। শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা ভারত বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বন্ধুত্বসুলভ আচরণ করছে না। বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার, আগরতলায় সহকারী হাইকমিশনে কট্টর হিন্দুত্ববাদীদের হামলাসহ বিভিন্ন ঘটনায় বৈরিতার মনোভাব প্রকাশ পেয়েছে।

    এমন পরিস্থিতিতে বুধবার (৪ ডিসেম্বর) দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে অনুষ্ঠিত এই সভায় দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

    ফরেন সার্ভিস একাডেমির সামনে গণমাধ্যমকর্মীদের আলোচনার বিভিন্ন দিক জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

    আইন উপদেষ্টা বলেন, ভারত থেকে বাংলাদেশ বিরোধী যে অপপ্রচার চালাচ্ছে, এই পরিস্থিতি মোকাবিলায় দেশের সব সম্প্রদায়ের ভূমিকার প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে যে কোনো উসকানির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

    বৈঠকের বরাত দিয়ে তিনি আরও বলেন, সবাই একটা কথা বলেছেন, আমাদের আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো অবকাশ নেই। যেকোনো ধরনের অপপ্রচার এবং উসকানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমাদের ঐক্য অটুট রাখব। আমরা সাহসী থাকব, ভবিষ্যতে যেকোনো অপপ্রচার বা উসকানি দিলে আমরা আমাদের ঐক্যকে আরো বেগবান রাখার প্রচেষ্টা অব্যাহত রাখব।

    আইন উপদেষ্টা বলেন, প্রস্তাব আকারে এসেছে— গোটা জাতি ভারতের অপপ্রচার বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ আছে; সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কি না, সবাই মিলে পলিটিক্যাল একটা কাউন্সিল করতে পারে কি না, নিরাপত্তা কাউন্সিল করতে পারে কি না; এজন্য প্রস্তাবনা এসেছে। আমাদের মধ্যে মত-পথ ও আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে, অবস্থার ভিন্নতা থাকবে; কিন্তু দেশ, সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। সবার উপরে দেশ, এটা থেকে আমরা কখনো বিচ্যুত হবো না। বাংলাদেশকে দুর্বল, নতজানু, শক্তিহীন ভাবার কোনো অবকাশ নেই।

    ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন; ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ; গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি; গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর; বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।

    বৈঠকে আরও অংশ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমার ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ চারজন; খেলাফত মজলিসের আমির আব্দুল বাসিদ আজাদ, ভারপ্রাপ্ত মহাসচিব জাহাঙ্গীর হোসাইন; রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম; জমিয়তে উলামে ইসলামের সহ-সভাপতি আব্দুর রউফ ইউসুফি ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেনদি।

  • নাশকতার মামলায় মির্জা ফখরুল আব্বাস গয়েশ্বরসহ ৩৭ জনকে অব্যাহতি

    নাশকতার মামলায় মির্জা ফখরুল আব্বাস গয়েশ্বরসহ ৩৭ জনকে অব্যাহতি

    পুলিশের কাজে বাধা ও হত্যাচেষ্টার অভিযোগে ২০১৯ সালের ২৬ নভেম্বর করা নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ দলটির ৩৭ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

    এ মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহ মঙ্গলবার তাদের অব্যাহতির আদেশ দেন।

    অব্যাহতি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল প্রমুখ।

    শাহবাগ থানার পুলিশের তৎকালীন উপপরিদর্শক মো মতিউর রহমান বাদী হয়ে এ মামলাটি করেছিলেন। তদন্ত শেষে গত ২৮ অক্টোবর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।

    গত ১২ নভেম্বর আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের অব্যাহতি দেয় আদালত।

  • আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ

    আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ

    ভারতের আগরতলার রাজধানী ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সেখানে কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে।

    মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

    কূটনৈতিক সূত্র বলছে, নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গতকাল (২ ডিসেম্বর) দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। ভাঙচুর, ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানো হয়। এ ঘটনায় ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরিভিত্তিতে তলব করেছে ঢাকা।

    আগরতলাসহ ভারতে বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য গতকাল (সোমবার) দিল্লিকে নোট পাঠিয়েছে ঢাকা। কঠোর প্রতিবাদের সঙ্গে ওই নোট পাঠানো হয় বলে জানা গেছে।

  • ঢাকায় ভারতীয় হাইকমিশন এলাকায় নিরাপত্তা জোরদার

    ঢাকায় ভারতীয় হাইকমিশন এলাকায় নিরাপত্তা জোরদার

    বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে। এই কর্মসূচি ঘিরে ভারতীয় হাইকমিশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী।

    মঙ্গলবার দুপুরের পর থেকে ভারতীয় হাইকমিশনে প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    রাজধানীর শাহজাদপুর বাঁশতলায় ব্যাপক নিরাপত্তাবলয় দেখা গেছে। বাঁশতলা থেকে ভারতীয় হাইকমিশনগামী রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

    সরেজমিনে দেখা গেছে, বাঁশতলা থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখী রাস্তায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দারা পরিচয় দিয়ে চলাচল করতে পারছেন।

    গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ সাংবাদিকদের বলেন, গতকাল (সোমবার) আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন আজ (মঙ্গলবার) দুপুর ২টার দিকে ভারতীয় দূতাবাস (হাইকমিশন) ঘেরাও করার কর্মসূচি ডেকেছে।তাই এই এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গতকাল (২ ডিসেম্বর) দুপুরে ভারতের আগরতলার রাজধানী ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। ভাঙচুর, ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানো হয়। এর প্রতিবাদে এই ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

    এদিকে হামলার ঘটনায় ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে জরুরিভিত্তিতে তলব করেছে ঢাকা।

    এ ছাড়া আগরতলাসহ ভারতে বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য গতকাল (সোমবার) দিল্লিকে নোট পাঠিয়েছে ঢাকা। কঠোর প্রতিবাদের সঙ্গে ওই নোট পাঠানো হয় বলে জানা গেছে।

  • তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

    তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

    ভারতের আগ্রায় সম্রাট শাহজাহানের গড়া অমূল্য নিদর্শন তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    মঙ্গলবার আগ্রায় উত্তরপ্রদেশ রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসের ইমেইলে এই হুমকি আসার পর তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তারক্ষীরা।

    তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার সাইদ আরিব আহমদ সংবাদ সংস্থা পিটিআইকে জানান, হুমকি পাওয়ার পর সেখানে একটি বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড, একটি ডগ স্কোয়াড এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছিল। তবে সেখানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

    তবে কারা এই হুমকি দিয়েছে- তা জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।

    উত্তরপ্রদেশ পর্যটনের উপ-পরিচালক দীপ্তি ভাতসা জানান, বোমা হামলার হুমকি পাওয়ার পরই ইমেইলটি তাৎক্ষণিকভাবে আগ্রা পুলিশকে ফরোয়ার্ড করে দেওয়া হয়েছে।

    বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা তদন্তে উত্তরপ্রদেশ সাইবার ক্রাইম বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম বিভাগ ইতোমধ্যে হুমকিদাতার অবস্থান শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।