Blog

  • হাসনাত ও সারজিসের গাড়িবহরে ধাক্কা, চালক-হেলপার রিমান্ডে

    হাসনাত ও সারজিসের গাড়িবহরে ধাক্কা, চালক-হেলপার রিমান্ডে

    চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ধাক্কা দেওয়ার ঘটনায় ট্রাকচালক ও সহকারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ এর আদালতের বিচারক মাহবুবুল হক এ আদেশ দেন।

    রিমান্ডপ্রাপ্তরা হলেন- ট্রাকচালক মুজিবর রহমান (৪০) ও তার ছেলে সহকারী রিফাত মিয়া (১৮)।

    আদালত সূত্র জানায়, মঙ্গলবার সকালে আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে লোহাগাড়া থানা পুলিশ। আদালত শুনানি শেষে সড়ক পরিবহণ আইনের ৯৮ ধারায় বাবা-ছেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    গত ২৮ নভেম্বর হাসনাত ও সারজিস আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফিরছিলেন।তাদের গাড়িবহরের একটি প্রাইভেটকার মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রাক গাড়িটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে কারটির সামনের বাম দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

    দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে চাইলে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ধাওয়া দিয়ে চালক ও সহকারীকে আটক করেন। পরে তাদের লোহাগাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটির চালক আহমেদ নেওয়াজ বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা করেন।

  • জাতীয় ঐক্য নিয়ে সংলাপের ডাক প্রধান উপদেষ্টার

    জাতীয় ঐক্য নিয়ে সংলাপের ডাক প্রধান উপদেষ্টার

    দেশের বর্তমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্য’র ডাক দিতে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    সংলাপের অংশ হিসেবে বুধবার তিনি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।

    প্রেস সচিব বলেন, ‘এই দুই মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে (প্রধান উপদেষ্টা এর মাধ্যমে) ন্যাশনাল ইউনিটির (জাতীয় ঐক্য) ডাক দেবেন।‘

    একই উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় দেশের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

  • স্বামীকে ঢাকায় পাঠিয়ে গৃহবধূকে ধর্ষণ, আদম বেপারি গ্রেফতার

    স্বামীকে ঢাকায় পাঠিয়ে গৃহবধূকে ধর্ষণ, আদম বেপারি গ্রেফতার

    বগুড়ার ধুনটে এক রিকশাচালককে বিদেশ পাঠানোর প্রলোভনে ঢাকায় প্রেরণ ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ মামলায় দুলাল হোসেন (৪৬) নামে এক আদম বেপারিকে গ্রেফতার করা হয়েছে।

    আদালতের নির্দেশে সোমবার রাতে ধুনট থানায় মামলা রেকর্ড ও উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর বাজার এলাকা থেকে একমাত্র আসামিকে গ্রেফতার করা হয়।

    মঙ্গলবার বিকালে ওসি সাইদুর রহমান জানান, শিগগিরই ঢাকায় বসবাসকারী ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হবে।

    পুলিশ, এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, পেশায় আদম বেপারি দুলাল হোসেন ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামের তফিজ উদ্দিন আকন্দের ছেলে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া আশ্রয়ণ পল্লীর এক রিকশাচালকের স্ত্রী। দুলাল হোসেন ওই রিকশাচালককে কম খরচে বিদেশে পাঠানোর প্রলোভন দেন ও তার বাড়িতে যাতায়াত শুরু করেন। একপর্যায়ে তার সঙ্গে রিকশাচালকের পরিবারের সুসম্পর্ক গড়ে উঠে। দুলাল হোসেন কাগজপত্র তৈরির নামে কৌশলে রিকশাচালককে ঢাকায় পাঠিয়ে দেন।

    এ সুযোগে তিনি গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে আড়কাটিয়া আশ্রয়ণ পল্লিতে যান। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে দুলাল হোসেন চাকুর মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ করেন। একপর্যায়ে গৃহবধূ চিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় দুলাল হোসেন কৌশলে সটকে পড়েন।

    গৃহবধূ গত ২৬ নভেম্বর দুলাল হোসেনের বিরুদ্ধে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। বিচারক মামলা আমলে নিয়ে রেকর্ড করতে ধুনট থানার ওসিকে নির্দেশ দেন। সোমবার সন্ধ্যার আদালতের আদেশ ধুনট থানায় পৌঁছে। এরপর পুলিশ উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি দুলাল হোসেনকে গ্রেফতার করেছে।

    মঙ্গলবার বিকালে ওসি সাইদুর রহমান জানান, আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

  • রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে চিঠি

    রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে চিঠি

    আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা চেয়ে দেশের পাবলিক প্রসিকিউটর ও মহানগর পাবলিক প্রসিকিউটরদের চিঠি দিয়েছে আইন মন্ত্রণালয়।

    চিঠিতে মন্ত্রণালয়ের তৈরি করে দেওয়া নির্ধারিত ছকে ১৭ ডিসেম্বর মধ্যে আইন ও বিচার বিভাগের সলিসিটর বরাবর অথবা solicitor@lawjusticediv.gov.bd ঠিকানায় এই তালিকা পাঠাতে বলা হয়েছে।

    আইন মন্ত্রণালয়ের তৈরি করে দেওয়া ছকে ক্রম, সংশ্লিষ্ট জেলার নামসহ আদালতের নাম, মামলার নম্বর, এজাহারকারী/নালিশকারীর নাম ও পরিচয়, মোট আসামির সংখ্যা এবং এর মধ্যে অজ্ঞাতনামা আসামির সংখ্যা (যদি থাকে), এজাহার/নালিশে উল্লিখিত ঘটনার তারিখ, মামলাটি কোন আইনের কোন ধারায় দায়েরকৃত, মামলাটি কোন পর্যায়ে (তদন্তাধীন, নাকি বিচারাধীন) আছে তথ্য সন্নিবেশ করতে বলা হয়েছে চিঠিতে।

    গতকাল (২ ডিসেম্বর) উপ-সলিসিটর সানা মো. মারুফ হোসাইন স্বাক্ষরিত এ সম্পর্কিত চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিশেষত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের অব্যবহিত পূর্বে এবং তৎপরবর্তীতে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা (যা অনেক ক্ষেত্রে গায়েবি মামলা নামে পরিচিত) দায়ের করা হয়। এসব মামলা সম্পর্কিত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না বিধায় চিঠিতে উল্লিখিত ছক অনুসারে ওই মামলাগুলোর তথ্যাদি জরুরি ভিত্তিতে পাওয়া একান্ত আবশ্যক।

    চিঠিতে আরও বলা হয়, মামলার তালিকা প্রণয়নে বিশেষভাবে যত্নবান ও দায়িত্বশীল হওয়াসহ সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে।প্রাপ্ত মামলার তালিকা মন্ত্রণালয় কর্তৃক পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হবে।

  • মিশর ভ্রমণ করে যে স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

    মিশর ভ্রমণ করে যে স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

    সম্প্রতি বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীরর অভিনীত দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ প্রিমিয়ার হয়েছে। যেখানে ‘প্রিয় মালতী’ সিনেমার পুরো টিম গিয়েছিল। তবে এই উৎসবে যোগ দিয়ে ছোটবেলা থেকে লালিত স্বপ্ন পূরণ হল অভিনেত্রীর।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মিশর ভ্রমণের সেই অভিজ্ঞতাই ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন মেহজাবীন।

    ছবি শেয়ার করে ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘আমার কায়রো সফর সত্যিই অবিস্মরণীয় ছিল। যাদুঘরটিতে এমন কিছু ছিল যা আমি অধীর আগ্রহে দেখছিলাম। কয়েক বছর পরে অবশেষে মমি দেখতে পেয়েছি।’

    মিশরের ইতিহাস সম্পর্কে অভিনেত্রীর ভাষ্য, ‘যদিও দর্শকদের মমিগুলোর ছবি তোলার অনুমতি দেওয়া হয়নি, মিশরের অবিশ্বাস্য ইতিহাস দেখার অভিজ্ঞতা আমার মনে প্রাণবন্ত হয়ে থাকবে। এর বাইরে মিশরের আরও অনেক কিছু দেখেছি। মিশর সত্যিই জাদুকরী দেশ।’

    এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী জানিয়েছিলেন, ‘আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন দেশকে নিয়ে তোমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আমি সব সময় বলবো মিশর। ছোটবেলা থেকে স্বপ্ন ও ইচ্ছা ছিল মিশরে যাওয়ার।’

    উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

    মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মেহজাবীন পরিচিতি অর্জন করেন। এটিএন বাংলায় প্রচারিত টেলিভিশন নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’র মাধ্যমে তার ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে।

  • লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন জেনারেলের বৈঠক, কী নিয়ে আলোচনা

    লেবাননের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন জেনারেলের বৈঠক, কী নিয়ে আলোচনা

    মার্কিন সামরিক জেনারেল মেজর জেনারেল জ্যাশপার জেফার্স লেবাননের প্রধানমন্ত্রী নজিব মিকাতির সঙ্গে বৈঠক করেছেন।

    সোমবার (২ ডিসেম্বর) লেবাননের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের জেনারেল জেফার্সের সঙ্গে সাক্ষাৎ করেন, যাকে হিজবুল্লাহ-ইসরাইল যুদ্ধবিরতি তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছে।

    তারা হিজবুল্লাহ-ইসরাইলের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকটি হয়েছিল গত সপ্তাহে। খবর আলআরাবিয়া নিউজের।

    বৈরুতের মার্কিন রাষ্ট্রদূত লিসা জনসন মিকাতির অফিসে মেজর জেনারেল জ্যাশপার জেফার্সকে মিকাতির সঙ্গে পরিচয় করিয়ে দেন।

    মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, জেনারেল জেফার্স যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে অগ্রসর হতে সহায়তা করবেন এবং সামরিক-প্রযুক্তিগত পরামর্শ দেবেন।

    গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, জেফার্স যুক্তরাষ্ট্র, ফ্রান্স, লেবানন, জাতিসংঘ এবং ইসরাইল নিয়ে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটির সহ-সভাপতি হিসেবে কাজ করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত আমোস হসস্টেইন এই কমিটির সিভিল চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন, যতক্ষণ না স্থায়ী একজন কর্মকর্তা নিয়োগ করা হয়।

    মিকাতির কার্যালয় বলেছে, তিনি সোমবারের বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়নের জন্য পূর্ণ প্রতিশ্রুতির গুরুত্ব তুলে ধরেছেন। তিনি আরও পুনর্ব্যক্ত করেছেন যে, ইসরাইলি বাহিনীকে লেবাননের দখল করা ভূমি থেকে প্রত্যাহার করতে হবে।

    বৈঠকের কিছু সময় পর, হিজবুল্লাহ তাদের প্রথম হামলা ঘোষণা করেছে, যা ছিল গত সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে প্রথম হামলা।

    হিজবুল্লাহ বলেছে, তাদের রক্ষামূলক আঘাত এটি সতর্কবার্তা এবং বারংবার ইসরাইলের সিসফায়ার লঙ্ঘনের প্রতিক্রিয়া ছিল। এই আঘাতটি দুইটি রকেটের মাধ্যমে করা হয়েছিল, যা খালি এলাকায় পড়ে এবং কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি হয়নি, বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে।

    ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী হিজবুল্লাহর আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে একটি কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

    লেবাননের সংসদের স্পিকার ইসরাইলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছেন, এর কিছু সময় আগে কর্তৃপক্ষ জানায় যে, ইসরাইলি হামলায় দুজন নিহত এবং এক লেবানিজ সেনা আহত হয়েছেন। ইসরাইল একাধিকবার যুদ্ধবিরতি লংঘন করেছে, তবে তাদের দাবি যে তারা লেবাননের ভেতরে শত্রুতামূলক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইসরাইলি বাহিনী লেবাননের দক্ষিণ অংশের অনেক গ্রামে লেবানিজ নাগরিকদের তাদের বাড়ি ফিরে আসতে বাধা দিচ্ছে।

  • বাংলাদেশের জনগণ কারো দাদাগিরি পছন্দ করে না: জামায়াত আমির

    বাংলাদেশের জনগণ কারো দাদাগিরি পছন্দ করে না: জামায়াত আমির

    বাংলাদেশের জনগণ তাদের মাথার ওপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

    সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

    জামায়াত আমির তার পোস্টে ভারতের সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ভারত নিজের দেশে তার প্রতিবেশি দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ। সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না।

    বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যই তার কার্যকর ঔষধ।

    প্রসঙ্গত, ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে সোমবার ভাংচুর করা হয়েছে। এ সময় বাংলাদেশের পতাকাও পোড়ানো হয়েছে। এ ঘটনায় ‍ইতোমধ্যে দুঃখপ্রকাশ করেছে ভারত। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ বলছে, ভারত ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন, ১৯৬১ লঙ্ঘন করেছে। এ ঘটনায় ইতোমধ্যে রাজধানী ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

  • চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, জামিন শুনানি পেছাল

    চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, জামিন শুনানি পেছাল

    বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি।

    মঙ্গলবার ধার্য তারিখে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। পাশাপাশি রাষ্ট্রপক্ষও মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। সবমিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য ২ জানুয়ারি তারিখ ধার্য করেন।

    চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক বলেন, আজ চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য ২০২৫ সালের ২ জানুয়ারি ধার্য করেছেন। যেহেতু শুনানি হয়নি এ কারণে আসামিপক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই। আবার দায়রা জজ আদালতে অপেক্ষমাণ থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই।

    এক্ষেত্রে জামিন শুনানির ধার্য তারিখ ২ জানুয়ারি পর্যন্ত চিন্ময় দাসকে কারাগারে থাকতে হতে পারে কিনা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের এক আইনজীবী বলেন, ধার্য তারিখের আগে জামিন পেতে চাইলে চিন্ময় দাসের পক্ষের আইনজীবীদের একটি পথ খোলা রয়েছে। সেটি হচ্ছে তারা জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করতে পারেন। সেটি যদি আদালত না মঞ্জুর করেন, সেক্ষেত্রে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারেন। উচ্চ আদালত যদি মহানগর দায়রা জজকে তারিখ এগিয়ে এনে শুনানির জন্য নির্দেশনা দেন সেক্ষেত্রে ২ জানুয়ারির আগে শুনানির সুযোগ রয়েছে। তখনো জামিন দেওয়া না দেওয়া মহানগর দায়রা জজ আদালতের বিষয়। এরপরও জামিন না হলে আসামিপক্ষ উচ্চ আদালতেও যেতে পারেন আবার ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করতে পারেন।

    এদিকে চট্টগ্রাম মহানগর সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মফিজুল হক ভূঁইয়ার পদত্যাগ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনিদের বিচারের দাবিতে আজও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। বেলা ১১টার দিকে আদালত এলাকায় বিক্ষোভ করে স্লোগান দিতে থাকেন তারা।

    এর আগে গত (সোমবার) চিন্ময়ের জামিন প্রদান না করায় আদালত এলাকায় তার অনুসারীদের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া একটি মামলার দুই আসামির পক্ষে ওকালতনামা জমা দেন নেজাম উদ্দিন ও সানজিদা গফুর। তাদের মধ্যে নেজাম উদ্দিন পিপি মফিজুল হক ভূঁইয়ার জুনিয়র এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর।

    উল্লেখ্য, গত ২৫ নভেম্বর বিকালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে গ্রেফতার করা হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    এ ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন ইসকন ও চিন্ময়ের অনুসারীরা। টানা কয়েক ঘণ্টার বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে বিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেন কিছু ইসকন অনুসারী। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ এবং স্থানীয় কয়েকজনের করা ভিডিও ফুটেজে হত্যার চিত্র দেখা যায়।

  • যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

    যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

    সামরিক চেতনাবোধকে সমুন্নত রেখে যেকোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সব সময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদি ও ৫৯তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

    সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সেনাপ্রধান। শুরুতেই তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর পুরস্কার পাওয়া ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন তিনি।

    এবার সব বিষয়ে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য সোর্ড অব অনার অর্জন করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আব্দুল্লাহ আল আরাফাত।

    প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান কমিশন পাওয়া কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নিদের্শনা দেন। প্রত্যেক সেনাসদস্যের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা ও মাতৃভূমির স্বাধীনতা রক্ষাই প্রথম এবং প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি।

    সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রধান চালিকাশক্তি উল্লেখ করে সেনাপ্রধান বলেন, নবীন কর্মকর্তাদের ওপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব। তাই তাদের যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দারস্থ হওয়ান আহ্বান জানান তিনি।

    দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সর্বমোট ২১৩ জন অফিসার ক্যাডেট এবং ৫৯তম বিএমএ স্পেশাল কোর্সের ১৪ অফিসার ক্যাডেট ও চার ট্রেইনি অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করলেন। কমিশন পাওয়া অফিসারদের মধ্যে ২০৭ পুরুষ ও ২৪ নারী কর্মকর্তা রয়েছেন।

    প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট অভ্যর্থনা জানান।

  • পুলিশ ক্লিয়ারেন্সে অসন্তুষ্ট ৪৪.৯ শতাংশ মানুষ

    পুলিশ ক্লিয়ারেন্সে অসন্তুষ্ট ৪৪.৯ শতাংশ মানুষ

    অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সে অসন্তুষ্টির কথা জানিয়েছেন ৪৪ দশমিক ৯ শতাংশ মানুষ এবং এ সেবা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছেন ২২ শতাংশের বেশি মানুষ। এছাড়া জরুরি সেবা ৯৯৯ এর সেবায় সন্তুষ্ট নয় ৩২ দশমিক ৪ শতাংশ মানুষ, এতে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৬ দশমিক ৬ শতাংশ মানুষ।

    মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগসূত্রে ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জরিপের ফলাফল বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।

    জরিপের ফলাফলে আরও দেখা গেছে, ভিক্টিম সাপোর্ট সেন্টারের সেবায় সন্তুষ্ট নয় ৪২ শতাংশ মানুষ। বিট পুলিশিং কার্যক্রমে সন্তুষ্ট নয় ৪৫ শতাংশের বেশি মানুষ। থানায় অনলাইনে জিডি সেবা ক্ষেত্রে সন্তোষজনক নয় বলে জানিয়েছেন ৪৪ দশমিক ৯ শতাংশ মানুষ। এদিকে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ডেস্ক সংক্রান্ত কার্যক্রমটির বিষয়ে অসন্তষ্টি বেশি।

    সাইবার বুলিং ও সাইবার ক্রাইম সংক্রান্তে ভুক্তভোগী মেয়েদের প্রতিকারের জন্য এটি অনলাইন ব্যবস্থা। তবে কার্যক্রম সন্তোষজনক নয়। ৭২ দশমিক ১% উত্তরদাতা সন্তোষজনক নয় বা অবগত নয় জানিয়েছেন। এছাড়া ই-ট্রাফিকিং প্রসিকিউশন সেবা কার্যক্রমটিও সন্তোষজনক নয় বলে মত অধিকাংশের।

    এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ জরিপে অংশ নিয়েছেন ২৪ হাজার ৪৪২ জন। এদের মধ্যে ১৮ থেকে ৪৪ বছরের ব্যাক্তিদের অংশগ্রহনের হার ৮৬ দশমিক ৬ শতাংশ। তবে উত্তরদাতাদের প্রায় ৯৫ শতাংশ পুরুষ৷ উত্তরদাতাদের মধ্যে চাকরিজীবী ৩৬ দশমিক ৪ শতাংশ, ছাত্র ২৭ দশমিক ২ শতাংশ, ব্যাবসায়ী ৭ দশমিক ৬ শতাংশ এবং ৭ দশমিক১ শতাংশ উল্লেখযোগ্য। এসব উত্তরদাতাদের সর্বাধিক ঢাকা জেলার এবং পরবর্তী অবস্থানে রয়েছে চট্রগ্রাম ও কুমিল্লা।