Blog

  • শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান, পেছনে ইন্ধন থাকলে কঠোর হাতে দমন

    শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান, পেছনে ইন্ধন থাকলে কঠোর হাতে দমন

    শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে।

    রাজধানীতে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।

    তিনি বলেন, ‘সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যে সংঘাত-সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। আমরা ছাত্র-ছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’

    তিনি বলেন, এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কি না- আমরা খতিয়ে দেখছি। শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের অন্য যেকোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে।

    প্রসঙ্গত, আজ (সোমবার) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শহিদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর মধ্যে পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এর আগে গতকাল (রোববার) রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

  • জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

    জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

    দেশের উদ্ভূত পরিস্থিতিতে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিয়ে জরুরি সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    সোমবার প্লাটফর্মটির নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    হান্নান মাসউদ জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে এ সভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের জানানো হয়েছে।

    সংগঠনটির মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ আরও জানান, দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব ও সামগ্রিক সমস্যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ অতিদ্রুতই সব ছাত্রসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশের মানুষ একটি সুন্দর সমাধান দেখতে পাবে।

  • শাহজালাল বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার

    শাহজালাল বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেফতার

    রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

    সোমবার বিকালে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে।

    জানা গেছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর আসেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

    গত ৫ আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে বক্তব্য দেন। এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত ২৫ অক্টোবর বিকালে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের বেশি আলোচনায় আসেন।

    ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগসহ নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তিনি উসকানিমূলক বক্তব্য দিয়ে থাকেন।

    চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।

    উল্লেখ্য, গত ৩০ অক্টোবর সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন- রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ। ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।

  • কুরআনের আয়াত পোস্টের সঙ্গে ২ ছবি শেয়ার, কী বার্তা দিলেন আসিফ নজরুল

    কুরআনের আয়াত পোস্টের সঙ্গে ২ ছবি শেয়ার, কী বার্তা দিলেন আসিফ নজরুল

    অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল দুটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে পবিত্র কুরআনের একটি আয়াতের অনুবাদ পোস্ট করেছেন।

    বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই পোষ্ট দেন আইন উপদেষ্টা।

    স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন- আল্লাহ তায়ালা বলেন, ‘পৃথিবীতে দম্ভভরে পদচারণা কর না। নিশ্চয় তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হতে পারবে না। (সুরা বনী ইসরাইল বা ইসরা: ৩৭)

    পোস্টের প্রথম ছবিতে দেখা যাচ্ছে, সেনানিবাসস্থ সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস আলাপ করছেন। দ্বিতীয় ছবিটি কার্টুন। সেখানে নদীতে ফেলে দেওয়ার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

    ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময় এই শীর্ষ দুই ব্যক্তিকে পদ্মার পানিতে চুবাতে চেয়েছিলেন। অথচ প্রায় দুই বছরের ব্যবধানে গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এজন্য ছবি দুটি ব্যবহার করেছেন আইন উপদেষ্টা।

    সেই পোস্টে একজন কমেন্টে লেখেন, ‘অসাধারণ কথা কুরআনের আয়াতের সঙ্গে বাস্তবতার হুবহু মিল রয়েছে। ধন্যবাদ উপদেষ্টা মহোদয়।’

    ফারহান রহমান চৌধুরী নামের একজন লেখেন, ‘আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন এবং যাকে ইচ্ছা সম্মান দান করেন আর যাকে ইচ্ছা অপমানে পতিত করেন। আপনারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে ক্ষমতাশীল। ‘

    জাহাঙ্গীর নামের একজন বলেন, অহংকার পতনের মূল, যারা খালেদা জিয়া এবং ড. মো. ইউনূসকে নিয়া কি কটুক্তি করত আজকে তারা কোথায়?

    প্রসঙ্গত, ২০২২ সালের ১৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছিলেন, পদ্মা সেতুতে নিয়ে গিয়ে ওখান থেকে খালেদা জিয়াকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিৎ। একই সঙ্গে পদ্মা নদীতে নিয়ে দুই চুবানি দিয়ে উঠিয়ে নেওয়া উচিত ড. ইউনূসকে। মরে যাতে না যায়।

  • সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্মান জানানোয় গোটা জাতি আনন্দিত

    সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্মান জানানোয় গোটা জাতি আনন্দিত

    সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে সম্মান জানানো হয়েছে, তাতে গোটা জাতি আনন্দিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সেনাকুঞ্জে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

    মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এ দেশের জন্য তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতা-স্বার্বভৌমত্বের জন্য। দীর্ঘ ১২ বছর ধরে পরিকল্পিতভাবে সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীকে তার থেকে দূরে করে রাখা হয়েছে। আমি আজকে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই যে, তিনি আজকে ম্যাডামকে (খালেদা জিয়া) যে সম্মান দেখিয়েছেন, এতে আমরা যেমন কৃতজ্ঞ হয়েছি, একই সঙ্গে গোট জাতি আজকে আনন্দিত হয়েছে।

    এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বেলা ৩টা ৩৫ মিনিটে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান।

    প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাকে অভ্যর্থনা জানান।

    এর আগে বেলা সাড়ে ৩টার দিকে খালেদা জিয়া গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন। এ সময় ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান তার সঙ্গে ছিলেন।

    সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছে তার আসনে বসার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সঙ্গে কুশল বিনিময় করেন। আগেই সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে অনুষ্ঠানে দেখে তিনি কেঁদে ফেলেন।

    সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আবদুল মঈন খানসহ দলটির স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

    এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ২৬ নেতাকে সেনাকুঞ্জে আমন্ত্রণপত্র জানানো হয়।

  • অবরুদ্ধ পেট্রোবাংলা, ভেতরে আটকা শত শত কর্মকর্তা

    অবরুদ্ধ পেট্রোবাংলা, ভেতরে আটকা শত শত কর্মকর্তা

    পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে তারা এ কর্মসূচি পালন করছেন।

    রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রো বাংলার অফিসের প্রধান ফটকের সামনে তারা অবস্থান করছেন।

    এতে করে শত শত কর্মকর্তা-কর্মীরা পেট্রো বাংলার ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন। রোববার বেলা ১১টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশীরা।

    অবরোধ কর্মসূচি থেকে চাকরিপ্রত্যাশীরা বলছেন, পেট্রোবাংলার অধীনস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়। আমাদের এই এক দফা দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে ফিরে যাব না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

  • তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলল যুক্তরাজ্য

    তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলল যুক্তরাজ্য

    সরকার লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

    রোববার (১৭ নভেম্বর) সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

  • গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

    গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

    গাজীপুরের কাশেমপুর বাগবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন দগ্ধ হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

    দগ্ধরা হলেন- মো. তানজিল (২২), রাব্বি (২০), শামসুল (৬৫) ও রোজিনা হক(৪৯)।

    ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, গুরুতর অবস্থায় দগ্ধদের গভীর রাতে জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে তানজিল ৩০ শতাংশ, রাব্বি ২৩ শতাংশ, শামসুল ৫ শতাংশ ও রোজিনা ৩ শতাংশ দগ্ধ হয়েছেন।

    তিনি আরও বলেন, এদের মধ্যে দুজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের জরুরি বিভাগের অবজারভেশন শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।

  • ইতিহাসে অবিস্মরণীয় নাম মাওলানা ভাসানী: তারেক রহমান

    ইতিহাসে অবিস্মরণীয় নাম মাওলানা ভাসানী: তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মাওলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ ছিলেন মজলুম জননেতা মাওলানা ভাসানী।

    রোববার (১৭ নভেম্বর) মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।

    তারেক রহমান বলেন, ‘মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি।’

    তিনি বলেন, ‘মাওলানা ভাসানী দেশমাতৃকার মুক্তির পথ প্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক-শ্রমিক-মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মাওলানা ভাসানী ছিলেন এক আলোকবর্তিকা। তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে। অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস জুগিয়েছেন তার নির্ভীক ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে। তার হুংকারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদে কম্পন সৃষ্টি হতো। জাতীর ভয়াবহ দুর্দিনগুলোতে তিনি জনস্বার্থের পক্ষে থাকতেন বলেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন।’

    তিনি বলেন, তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পক্ষে আপসহীন ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন।

    ফেসবুক পোস্টে তারেক রহমান আরও উল্লেখ করেন, ‘অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষায় মাওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন। তার অগাধ দেশপ্রেম, দেশ ও জাতির স্বার্থ রক্ষা এবং গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রতিবাদী হতে যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করবে। তার আদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলেই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।’

  • গরুর মাংসের দাম এখনও নাগালের বাইরে: ফরিদা আখতার

    গরুর মাংসের দাম এখনও নাগালের বাইরে: ফরিদা আখতার

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গরুর মাংসের দাম এখনও নাগালের বাইরে। মাংস, ডিম ও দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কথাও বলেন তিনি।

    বৃহস্পতিবার সকালে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুক সভাপতিত্ব করেন। এছাড়া সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী।

    ফরিদা আখতার বলেন, গরুর মাংসের দাম এখনও নাগালের বাইরে। অনেকেই বলছেন, মাংস আমদানি করে করে সুলভ মূল্যে বিক্রির কথা। আমার প্রশ্ন, আমদানি করতে হবে কেন? মাংস, ডিম ও দুধ উৎপাদনে কেন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যাবে না?

    মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। এ সময় জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা প্রসঙ্গেও কথা বলেন ফরিদা আখতার।

    মৎস্য উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে ভুল-ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলো যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন। যেকোনো মূল্যে সরকার তাদের দাবি পূরণে বদ্ধপরিকর।

    তিনি বলেন, ভোররাত পর্যন্ত আমি ক্ষুব্ধ চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেছি। নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি। সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে।

    এই মুহূর্তে যারা চিকিৎসাধীন রয়েছেন, তাদের এক লাখ টাকা ক্ষতিপূরণ যথেষ্ট নয় বলেও উল্লেখ করে উপদেষ্টা ফরিদা আখতার।

    তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের আহতদের পুনর্বাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে সচেষ্ট। কারণ, আহতদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের ত্যাগের কারণেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

    উপদেষ্টা জানান, আজ (বৃহস্পতিবার) দুপুরে আমরা আবারও তাদের সঙ্গে বসব। আশা করছি, সেখানে একটি ভালো সমাধান আসবে।

    প্রসঙ্গত, গতকাল বুধবার স্বাস্থ্য উপদেষ্টা রাজধানীর পঙ্গু হাসপাতালে আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীনদের দেখতে গেলে তোপের মুখে পড়েন তিনি। এ সময় রাস্তায় নেমে বিক্ষোভ করেন আহতারা। প্রায় ১১ ঘণ্টার অবরোধ শেষে উপদেষ্টাদের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।