Blog

  • কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ: হাইকোর্ট

    কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ: হাইকোর্ট

    কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেছেন হাইকোর্ট।

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

    গত ২ সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

    বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সিনথিয়া ফরিদ।

    গত ২ সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর ৯ ধারায় দায়মুক্তি কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

    এর আগে, কুইক রেন্টালে দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ৬ (২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী।

    রিটে বিবাদী করা হয়েছে, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ড্রাফটিং বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে। আইনের ৬(২) এবং ৯ ধারা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

  • ইঁদুর মারার ওষুধ খেয়ে ২ শিশুর মৃত্যু

    ইঁদুর মারার ওষুধ খেয়ে ২ শিশুর মৃত্যু

    ঝালকাঠির নলছিটি উপজেলায় ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার (৪) ও রমজান হাওলাদার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম।

    নিহতরা হলেন-উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে ও রানা হাওলাদারের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

    নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন, বুধবার দুপুরে দুইজন বাহিরে খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ দেখতে পান তারা। একপর্যায়ে ওই ওষুধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

    নলছিটি থানার ওসি আবদুস সালাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

  • শহিদি মিছিলে যুক্ত হলেন আরও এক শিক্ষার্থী

    শহিদি মিছিলে যুক্ত হলেন আরও এক শিক্ষার্থী

    তিন মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন জুলাই-আগস্টের আরেক যোদ্ধা শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আব্দুল্লাহ।

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।

    আবদুল্লাহর বাড়ি যশোরের বেনাপোল। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তারেকুল ইসলাম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, আজ কেন্দ্রীয় শহীদ মিনারে শহিদের জানাযা অনুষ্ঠিত হবে।

    তারেকুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমাদের ভাই, সহযোদ্ধা আব্দুল্লাহ আজ শহীদ হয়ে গেলেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

    তিনি আরও লিখেছেন, ‘শহীদ আব্দুল্লাহ ৫ আগস্ট বিজয়ের পর সন্ধ্যা সাতটার দিকে গুলিবিদ্ধ হন। ঠিক যে সময়ে ঢাকার কোটি মানুষ বিজয় উদযাপনে ব্যস্ত ছিলেন, সে সময়ে আব্দুল্লাহ মাথায় গুলি নিয়ে তিন ঘন্টা রাস্তায় পড়ে ছিলেন। এক পর্যায়ে কেউ তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নেয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে আনা হয়।’

    কপালের মাঝ বরাবর গুলি লাগলেও সৌভাগ্যক্রমে অল্পের জন্য মস্তিষ্ক রক্ষা পায় উল্লেখ করে তারেকুল ইসলাম জানান, ওই দিন রাত তিনটায় সার্জারি শুরু হয়ে ভোর ছয়টায় শেষ হয়। অপারেশন সাকসেসফুল হলে এক পর্যায়ে বেশ সুস্থ হয়ে বাড়ি ফিরে যান আব্দুল্লাহ।

    কিন্তু কিছুদিন পরেই তার প্রচণ্ড মাথাব্যথা শুরু হয়। আবার ঢাকা মেডিকেলে আনা হয়। চিকিৎসকরা তার মাথায় ইনফেকশন আবিষ্কার করেন। ফের সার্জারি। কিন্তু তেমন উন্নতি লক্ষ্য না করতে পেরে বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় তাকে ২২ আগস্ট ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।

    তারেকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে কিছুটা উন্নতি হলেও কিছুদিন পরেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া লাগে। এরপর থেকে আজ শহীদ হওয়ার আগ পর্যন্ত লাইফ সাপোর্টেই ছিলেন আব্দুল্লাহ। আল্লাহ আমাদের শহীদ ভাই আব্দুল্লাহকে কবুল করে নিন। পরিবারের সাথে আলোচনা চলছে। অতিসত্বর আলোচনা সাপেক্ষে তার জানাজার সময় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে। জানাজা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।’

  • ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

    ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে: মির্জা ফখরুল

    ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে তাই আমাদের মাথার উপর এখনও বিপদ আছে। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আরও একটা বিপর্যয় এফোর্ট করতে পারি না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে তার বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সময়ে তিনি এই মন্তব্য করেন।

    বিএনপি মহাসচিব বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে। অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নিবে।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ নিয়ে আমাদের কোন চিন্তা নেই, আমাদের চিন্তা আগামী নির্বাচন নিয়ে সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো রোড ম্যাপ দেয়নি। আমরা চাই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থা কে উপযোগী করার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সংস্কার প্রয়োজন।

    উপদেশটা নিয়োগের প্রশ্নে তিনি বলেন, একটি দেশ পরিচালনার জন্য ২৫ থচকে ৪০ জন উপদেষ্টা থাকতে পারে। এত বড় একটা দেশ। আর অন্তর্বর্তী সরকার উপদেষ্টা কাকে বানাবে কাকে বানাবে না তাএকান্তই প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের এখতিয়ার। উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্কতা ভূমিকা পালন করা উচিত। যারা বিতর্কিত তাদের না নেয়ার পরামর্শ মির্জা ফখরুল কারণ এ সরকারকে সফল করার দায়িত্ব আমাদের সকলের বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

    বিএনপি মহাসচিব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, নতুন আশা কবিতার কয়েক লাইন আবৃত্তি করে বলেন, অসহিষ্ণু হলে চলবে না, প্রশ্ন হতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য সংস্কার কাজগুলো সঠিকভাবে শেষ করতে পারে, সেজন্য অবশ্যই তাদের সময় দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। তবে সব সময় পলিটিক্স করলে চলবে না হৃদয় দিয়ে কাজ করতে হবে।

    মির্জা ফখরুল বলেন বাজারে চাল ডাল তেলসহ নিত্য পণ্যের যে উর্ধ্বগতি সাধারণ আয়ের মানুষের সংসার পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। এদিকটাও সরকারকে খেয়াল রাখতে হবে।

    মির্জা ফখরুল এরপর তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি আব্দুল আল মামুন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান পয়গম দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • কেমন সংবিধান হওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ

    কেমন সংবিধান হওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ

    নতুন বাংলাদেশে সংবিধান কেমন হবে তা নিয়ে চলছে আলোচনা। এবার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।

    বুধবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি সংবিধান নিয়ে ধারণা দেন।

    যেখানে তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা। যেখানে আমাদের বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে।

    তিনি আরও বলেন, ইতোমধ্যে সংবিধান সংশোধন কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। সংবিধান সংশোধন বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছি। দেশের বাইরে অবস্থান করায় উক্ত সভায় উপস্থিত হতে না পারলেও লিখিত প্রস্তাবনাসহ আমার প্রতিনিধি উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।

    আশা ব্যক্ত করে তনি বলেন, জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সংশ্লিষ্ট মহল সুবিবেচনা ও প্রজ্ঞার পরিচয় দেবেন।

  • সাবেক মেয়র আতিকুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

    সাবেক মেয়র আতিকুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

    রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় এ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীরও ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

    বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে, গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ডিএনসিসি’র সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ।

    তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সেগুলো হলো, মো. আল শাহরিয়ার হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে মামলা, অটো রিকশা চালক মো. রনি হত্যা মামলা, সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাকিব হত্যা মামলা। সবগুলো মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের যৌথ হামলার অভিযোগ রয়েছে।

  • বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

    বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

    বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে হওয়া একতরফা সকল চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

    বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইয়ুম জনস্বার্থে এ রিট দায়ের করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হবে।

    এর আগে গত ৬ নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সকল চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

    নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। তিনদিনের মধ্যে আদানিকে এই ঘটনায় চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানান সংশ্লিষ্ট আইনজীবী। জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।

    ওই লিগ্যাল নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে ৩ তিন সময় বেঁধে দেওয়া হয়। নোটিশের সময় পেরিয়ে যাওয়ায় এ রিট আবেদনটি করা হয়েছে।

    বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে তাড়াহুড়া করে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ওই সময় দেশে আমদানি করা কয়লানির্ভর কোনো বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি। এসব চুক্তির একটি ২০১৭ সালে আদানির সঙ্গে করা ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

  • ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানালেন এরদোগান

    ড. ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানালেন এরদোগান

    আজারবাইজানে কপ-২৯ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় তুর্কি প্রেসিডেন্ট এরদোগান নোবেল বিজয়ী ড. ইউনূসকে সস্ত্রীক তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন এরদোগান।

    অধ্যাপক ইউনূসও এরদোগান দম্পতিকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

    রাজধানী বাকুতে শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা।

    মঙ্গলবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ড. ইউনূস বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষনেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দেখা করেছেন।

    যার মধ্যে রয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। আলাপকালে ড.ইউনূস দক্ষিণ এশিয়ার আটটি দেশের শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছেন।

    অন্য শীর্ষনেতাদের মধ্যে বেলজিয়ামের প্রধানমন্ত্রী, ঘানার প্রেসিডেন্ট, বসনিয়া হার্জেগোভিনার প্রধানমন্ত্রী, রুয়ান্ডার প্রেসিডেন্ট, আলবেনিয়ার প্রধানমন্ত্রী, মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট, বার্বাডোসের প্রধানমন্ত্রী, ব্রাজিল ও ইরানের ভাইস প্রেসিডেন্ট, ফিফা সভাপতি, আইওএমের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন ড. ইউনূস।

    এছাড়া প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি জুলাই অভ্যুত্থানে সংহতি প্রকাশ করা বন্দি ৫৭ বাংলাদেশী নাগরিককে মুক্তি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

  • নাহিদের রক্তজমাট ছবি পোস্ট করে যা বললেন হাসনাত

    নাহিদের রক্তজমাট ছবি পোস্ট করে যা বললেন হাসনাত

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের উপস্থিতিতে সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) তাকে উদ্দেশ করে কটূক্তি করার অভিযোগ উঠে। তবে জুলাই বিপ্লবে নাহিদের অবদানের কথা মনে করিয়ে দিয়ে তার ওপর অমানবিক নির্যাতনের দুইটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

    বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে দেওয়া ওই পোস্টের ক্যাপশনে হাসনাত লেখেন, ‘গত ১৬ বছরে বাংলাদেশের চিত্র এমনই ছিল। যারা হাসিনাকে পুনর্বাসনে সহায়তা করছে তারা দেশকে রক্তপাত, জোরপূর্বক গুম, হত্যার সেই পুরনো অবস্থায় ফিরিয়ে নিতে চায়। হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত একই বিধ্বংসী পরিণতি ঘটবে।’

    পোস্টে তিনি আরও লেখেন, ‘ফ্যাসিস্টবিরোধী বাংলাদেশই নাহিদ। উই আর নাহিদ। জুলাই ১৩৬, ২০২৪।’

    এদিকে একই ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

    বুধবার ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, নাহিদ, আসিফরা জীবন দেয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল৷ DGFI, DB’র পাশবিক অত্যাচার, কোনো কিছুই এদের টলাতে পারেনি। হাসনাতরা আরও ৩ মাস আগেই বলেছিল ‘we are open to be killed’. মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই৷ শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি।

    তিনি আরও লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল সেটা বুঝেছি। সহযোদ্ধাদের মধ্যে মান-অভিমান থাকতে পারে সেটা নিয়েও সমস্যা নেই। ন্যায়ের পক্ষে রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার অমাদের ঐক্যকে শক্তিশালী করবে এটা আমরা বিশ্বাস করি। যখনই সংকট এসেছে আমার এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে।

    প্রসঙ্গত, সম্প্রতি জবির দ্বিতীয় ক্যাম্পাস আর্মির কাছে হস্তান্তরের দাবিতে আন্দোলনের সময় তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামের উপস্থিতিতে তাকে উদ্দেশ করে কটূক্তি করার অভিযোগ উঠে।

  • রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

    রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

    দেশের প্রধান দুই শহর ঢাকা-চট্টগ্রামসহ এক রাতে চার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতি হয়েছে।

    মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে, চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় অবস্থিত কর্ণফুলী সুপার মার্কেটে, সাভারে একটি কাপড়ের গুদামে এবং রাজধানীর বাড্ডায় একটি মালবাহী লরিতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে আগুন লাগে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা জানান, আগুনে গ্রাহকদের পার্সেল ও ডকুমেন্টসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে। কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন কুরিয়ার সার্ভিসটির কর্মকর্তা-কর্মচারীরা। আগুনে পুরো গোডাউনের মালামালের কোনোটি পুড়ে গেছে, আবার কোনোটি পানিতে নষ্ট হয়ে গেছে। পুড়ে যাওয়া মালামালের উৎকট গন্ধ ছড়িয়েছে চারপাশে।

    চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় অবস্থিত কর্ণফুলী সুপার মার্কেটে আগুন লাগে রাত সোয়া ১০টার দিকে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন,‌ রাত সোয়া ১০টার দিকে কর্ণফুলী সুপার মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে যায়। এক ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

    সাভারে একটি কাপড়ের গুদামে আগুন লাগে রাত পৌনে ১২টার কিছু আগে। সাভার পৌর এলাকার বাজার বাসস্ট্যান্ডের রাজভোগ সুইটমিটের তৃতীয় তলায় ‘মরিয়ম বেগম’ নামে ওই গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার মতো চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

    রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় যান্ত্রিক ত্রুটিতে একটি মালবাহী লরিতে আগুন লাগে রাত ১২টা ৫ মিনিটে। এ সময় মধ্যবাড্ডা থেকে বিমানবন্দরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।