Blog

  • ‘শেখদের পতন’ শীর্ষক পোস্টে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম

    ‘শেখদের পতন’ শীর্ষক পোস্টে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম

    গত সোমবার বঙ্গভবনের দরবার হল থেকে সরিয়ে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। ফেসবুকে এটি নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম। এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা তৈরি হয়। এবার শেখ মুজিব এবং হাসিনাকে নিয়ে ‘শেখদের পতন’ শিরােনামে ফেসবুকে একটি পোস্ট করেছেন মাহফুজ।

    তীব্র প্রাণঘাতী গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ওইদিনই ছাত্র-জনতার বিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় দলটির সভানেত্রী এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল ভেঙে ফেলা হয়। বিভিন্ন অফিস থেকে নামিয়ে ফেলা হয় শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি।

    তবে বঙ্গভবনের দরবার হলে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের দেখা যায় বঙ্গবন্ধুর ছবি, এ নিয়ে সামাজিকমাধ্যমে সমালোচনা করেন নেটিজেনদের অনেকে। তাদের দাবি, এখনো শেখ মুজিবের ছবি বিদ্যমান থাকা জুলাই অভ্যুত্থানের চেতনার বিরোধী।

    বুধবার (১৩ নভেম্বর) ফেসবুকে মাহফুজ লিখেন, ‘শেখ মুজিব ও তার কন্যা (আরেক শেখ) তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র রাগ-ক্ষোভের মুখে পড়েছেন। তাদের মধ্যে একমাত্র পার্থক্য, শেখ মুজিব একসময় পূর্ব বাংলার গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন, যে জনপ্রিয়তা হাসিনার ছিল না। জনগণ পাকিস্তানি নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে তার (শেখ মুজিব) নেতৃত্ব অনুসরণ করেছিলেন, কিন্তু একাত্তরের পর তিনি নিজেই একজন স্বৈরশাসক হয়ে ওঠেন। মুজিববাদের প্রতি তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় একাত্তরের পর পঙ্গু ও বিভক্ত হয়ে পড়েছিল বাংলাদেশ। নিজের ফ্যাসিবাদী ভূমিকার কারণে ১৯৭৫-এ তার মৃত্যুতে মানুষ শোক-অনুতাপ প্রকাশ করেনি’।

    ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর স্বাধীন হয় বাংলাদেশ। কিন্তু পরবর্তী শাসনামলে গণহত্যা, জোরপূর্বক গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ দেখে বাংলাদেশ। এসবের জন্য আওয়ামী লীগ ও শেখ পরিবারের সদস্যদের বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলছেন মাহফুজ। তার ভাষ্য, অতীত কৃতকর্মের জন্য মুজিব ও হাসিনার ছবি, ম্যুরাল ও ভাস্কর্য মানুষ নামিয়ে ফেলেছে।

    নতুন এই উপদেষ্টা আরো লেখেন, ‘তবে, শেখ মুজিব তার একাত্তর-পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন, যদি শেখের একাত্তর-পরবর্তী গণহত্যা, জোরপূর্বক গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবেই বাহাত্তরের সংবিধান, যা বাকশাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল—এসবের জন্য তার দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান। শেখ-কন্যার ফ্যাসিবাদী শাসনের কথাও তাদের স্বীকার করা, ক্ষমা চাওয়া এবং এ জন্য বিচারের মুখোমুখি হওয়া উচিত (শেখ মুজিবকে একজন ঠাট্টা-বিদ্রূপ ও উপহাসের পাত্র বানিয়েছিলেন তিনি)। তাদের আরও উচিত, মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা’।

    ‘কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে (কর্মকর্তারা সরিয়েছেন, যদিও তা হয়েছে); যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নামে ও তার একাত্তর-পরবর্তী চেতনার কথা বলে। তার বাবাকে দেবতুল্য করা হয়েছিল, কিন্তু জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ একসঙ্গে তাদের দুজনের ছবি, ম্যুরাল ও ভাস্কর্য নামিয়ে ফেলেছেন’।

    ‘কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন, তবে তিনি এ গণ-অভ্যুত্থান ও গণমানুষের চেতনারই নিন্দা জানালেন’।

    কোনো মুক্তিযোদ্ধা একাত্তর পরবর্তী সময়ে অন্যায় করলে তার শাস্তি হওয়া উচিত বলে মনে করেন মাহফুজ। একইসঙ্গে কোনো শাসক এবং তার পরিবারকে দেবতার আসনে বসানো উচিত নয় বলছেন তিনি।

    বৈষম্যবিরােধী আন্দোলনের এই নেতা লিখেন, ‘আমাদের মনে রাখতে হবে, ইতিহাসকে মুছে ফেলা যায় না। আমরা এখানে এসেছি, ঐতিহাসিক অসংগতি ও অপব্যাখ্যাগুলো দূর করতে। মনে রাখতে হবে, একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের গণমানুষের। আবার, কোনো মুক্তিযোদ্ধাও যদি একাত্তরের পর কোনো অন্যায় করে থাকেন, তার বিচার ও সাজা হওয়া উচিত’।

    ‘স্বাধীনতাযুদ্ধে ভূমিকা রেখেছেন বলেই তাদের (একাত্তরের পর কোনো অন্যায় করা মুক্তিযোদ্ধাদের) এ ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয়’।

    ‘বাংলাদেশের উচিত, শাসক পরিবারগুলোকে দেবতুল্য করা ও সেই ক্ষমতাসীন পরিবারগুলোর সবকিছু নিজেদের বলে মনে করা—এ থেকে বেরিয়ে আসা। ’৪৭ ও ’৭১-এর পাশাপাশি জুলাইয়ের চেতনা আমাদের সবার স্মৃতিতে থাকুক অম্লান’!

  • দক্ষিণ এশিয়ায় নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ গ্রিড তৈরির আহ্বান ড. ইউনূসের

    দক্ষিণ এশিয়ায় নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ গ্রিড তৈরির আহ্বান ড. ইউনূসের

    নেপাল ও ভুটানের তৈরি জলবিদ্যুৎ প্রকল্প সর্বোচ্চ কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়া গ্রিড তৈরির আহ্বান জানিয়েছেন অন্তবর্তকালীন সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার আজারাবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনের সাইডলাইনে সামাজিক ব্যবসার উদ্যোক্তাদের সাথে এক বৈঠকে এ আহ্বান জানান তিনি।

    প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের সাথে সংযোগকারী বিদ্যুতের গ্রিডের অভাবে বেশিরভাগ জলবিদ্যুৎ সম্ভাবনা অব্যবহৃত রয়ে গেছে।

    নেপালের কর্মকর্তারা বলেছেন, দেশটির ৪০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা ভারত ও বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশগুলোতে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে।

    অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র ৪০ মাইল দূরে। নেপালের জলবিদ্যুৎও সাশ্রয়ী। বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরি করার কথা ভাবতে হবে৷

    ২০১৪ সালের ডিসেম্বরে ভুটানের সফররত প্রধানমন্ত্রী শেরিং তোবগের আনুষ্ঠানিক বৈঠকে বিদ্যুৎ ও বাণিজ্য সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব তুলে ধরেছিল ঢাকা। ওই সময় ভুটানের জলবিদ্যুৎ প্রকল্পে অংশীদার হওয়ার সুযােগ চেয়েছিল বাংলাদেশ। চলতি বছরের জুনে নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ওই বৈঠকেও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করা হয়

    গত অক্টোবর নেপাল থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির চুক্তি সই হয়। নেপাল, ভারত ও বাংলাদেশ ত্রিপক্ষীয় এ চুক্তিতে সই করে। নেপালের এ বিদ্যুৎ সরবরাহে ভারতের ভূখণ্ড ও সরবরাহ লাইন ব্যবহার করা হবে। এজন্য ভারতীয় পক্ষও এ চুক্তিতে সই করে। এ চুক্তির অধীনে প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে ভারতের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

    যদি দক্ষিণ এশিয়ার দেশগুলো সমন্বিতভাবে নেপাল এবং ভুটানের জলবিদ্যুৎ প্রকল্পে ব্যবহারে গ্রিড তৈরি করতে পারে, সেক্ষেত্রে প্রতিবেশী দেশগুলো অনেক উপকৃত হবে। সীমান্ত, কূটনীতি, নানা মারপ্যাঁচে অবাধভাবে জলবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার করা কঠিন। দক্ষিণ এশিয়ায় জলবিদ্যুতের গ্রিড তৈরিতে প্রধান উপদেষ্টার প্রস্তাব যুগান্তকারী।

  • ধ্বংসাত্মক মানসিকতার কারণে সভ্যতা গুরুতর ঝুঁকির মুখে: ড. ইউনূস

    ধ্বংসাত্মক মানসিকতার কারণে সভ্যতা গুরুতর ঝুঁকির মুখে: ড. ইউনূস

    ক্রমশ তীব্রতর হচ্ছে, আমাদের ধ্বংসাত্মক মানসিকতার কারণে সভ্যতাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছি। আজারবাইজানের রাজধানী বাকুতে ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে নিজের ভাষণে এমন মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিহারের আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূস। ভাষণে জীবাশ্ম জ্বালানি, কার্বন নিঃসরণ এবং অপচয়মুক্ত পৃথিবী গড়ার তাগিদ তুলে ধরেছেন তিনি।

    ভাষণে ড. ইউনূস বলেন, বুদ্ধিবৃত্তিক, আর্থিক এবং যুবশক্তিকে কাজে লাগিয়ে নতুন সভ্যতার ভিত্তি স্থাপন করতে হবে।

    এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. ইউনূস বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষনেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দেখা করেছেন।

    যাদের মধ্যে রয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। আলাপকালে ড.ইউনূস দক্ষিণ এশিয়ার আটটি দেশের শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছেন।

    অন্য শীর্ষনেতাদের মধ্যে বেলজিয়ামের প্রধানমন্ত্রী, ঘানার প্রেসিডেন্ট, বসনিয়া হার্জেগোভিনার প্রধানমন্ত্রী, রুয়ান্ডার প্রেসিডেন্ট, আলবেনিয়ার প্রধানমন্ত্রী, মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট, বার্বাডোসের প্রধানমন্ত্রী, ব্রাজিল ও ইরানের ভাইস প্রেসিডেন্ট, ফিফা সভাপতি, আইওএমের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন ড. ইউনূস।

    এছাড়া প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি জুলাই অভ্যুত্থানে সংহতি প্রকাশ করা বন্দি ৫৭ বাংলাদেশী নাগরিককে মুক্তি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

  • গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: উপদেষ্টা নাহিদ

    গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: উপদেষ্টা নাহিদ

    তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই। এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে গণমাধ্যমকে সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

    মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

    তথ্যের অবাধ প্রবাহের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, সঠিক তথ্য ব্যাপকভাবে প্রচার না হওয়ায় গুজব ও অপতথ্যের দ্বারা মানুষ প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছে। গুজব ও অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

    বৈষম্যবিরোধী আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহিদ ও আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের গল্প গণমাধ্যমে প্রচার করতে হবে। আন্দোলনে শহিদ ও আহতদের জনস্মৃতিতে রাখতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    বিগত ফ্যাসিবাদী সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন, ওই সময় অনেক গণমাধ্যমকর্মী ভয়ে সত্য ঘটনা প্রকাশ করতে পারেননি। এখন সেই সময় কেটে গেছে।উপদেষ্টা ফ্যাসিবাদী সরকারের গুম, দুর্নীতিসহ সব অপকর্মের তথ্য গণমাধ্যমে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

    গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছানোর ক্ষেত্রে সরকার গণমাধ্যমের কার্যকর ভূমিকা প্রত্যাশা করে।

    গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার গণমাধ্যমের সংস্কারের লক্ষ্যে ইতোমধ্যে কমিশন গঠন করেছে। কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যমের সংস্কার করা হবে।

    মতবিনিময় সভায় পত্রিকার সম্পাদকরা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। যা স্বাধীন সাংবাদিকতার জন্য আশীর্বাদ। দেশে সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের কার্যকর ভূমিকা রয়েছে। গত ১৬ বছর গণমাধ্যম সঠিক ভূমিকা পালন করলে দেশে ফ্যাসিবাদের উত্থান হতো না।

    মতবিনিময় সভায় ইংরেজি পত্রিকার জন্য আলাদা নীতিমালা প্রণয়নেরও দাবি জানানো হয়।

    মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্যাহ এবং দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরীন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার মহানগর স্পেশাল জজ আদালত থেকে এ নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

    আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমন রহিত করা একান্ত প্রয়োজন।

    গত অক্টোবরে তাপসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ৩ নভেম্বর সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তবে তিনি হাজির হননি।

    বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি দেশত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ— টেন্ডার, ইজারা, নিয়োগ, দোকান বরাদ্দসহ অসংখ্য কাজ করে তিনি আত্মীয়-স্বজন ও তার সিন্ডিকেটের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

    এর আগে ৮ অক্টোবর সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, তার স্ত্রী আফরিন তাপস শিউলি, ছেলে শেখ ফজলে নাশওয়ান এবং তাদের ব্যক্তিমালিকানাধীন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

  • উইন্ডিজ টেস্ট সিরিজে শান্তর বদলির নাম ঘোষণা

    উইন্ডিজ টেস্ট সিরিজে শান্তর বদলির নাম ঘোষণা

    কুঁচকির চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি।

    এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে তার বদলি হিসেবে শাহাদাত হোসেন দিপুর নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    চলতি বছরের মার্চের পর আর জাতীয় দলে দেখা যায়নি দিপুকে। সবশেষ সিরিজে শ্রীলংকার বিপক্ষে টেস্টে ব্যর্থ ছিলেন তিনি। এরপর পাকিস্তান, ভারত ও সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে আর ডাক পড়েনি তার।

    শাহাদাত হোসেন দিপু
    এদিকে নিয়মিত অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে উইন্ডিজ টেস্টে দলের নেতৃত্ব কে দেবেন, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মতো উইন্ডিজ টেস্টেও মেহেদী হাসান মিরাজের ওপরই আস্থা রাখতে চলেছে বিসিবি।

    প্রসঙ্গত, অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজ। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট।

    বাংলাদেশ টেস্ট দল

    সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ, শাহাদাত হোসেন দিপু।

  • আরও কমল সোনার দাম

    আরও কমল সোনার দাম

    পাঁচ দিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

    সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।যা আজকেও ছিল এক লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা।

    স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

    নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৪০৩ টাকা কমিয়ে ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৫ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ৯১ হাজার ৪১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এর আগে গত ৫ ও ৮ নভেম্বর আরও দুদফা সোনার দাম কমানো হয়। ৫ নভেম্বর ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ১ হাজার ৩৬৫ টাকা এবং ৮ নভেম্বর কমানো হয় ৩ হাজার ৪৫৩ টাকা। ফলে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হলো ৭ হাজার ৩৩৭ টাকা।

  • সাকিব ওমরাহ পালন করতে সৌদি আরবে

    সাকিব ওমরাহ পালন করতে সৌদি আরবে

    পবিত্র ওমরাহ পালনের জন্য এখন সৌদি আরবে অবস্থান করছেন দেশের অন্যতম শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের জার্সিতে সবশেষ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

    মঙ্গলবার (১২ নভেম্বর) মোহাম্মদ শামিম খান নামের এক বাংলাদেশি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লাইভ করেন। সেখানে দেখা যায় জুব্বা পরে মক্কাতে সাকিব। এ সময় তারকা এই ক্রিকেটারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত ভক্তের জটলা দেখা যায়। এসময় ভক্তদের সেলফির আবদারও মিটিয়েছেন তিনি।

    ভারতের মাটিতে বাংলাদেশের সিরিজ চলাকালে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন।

    কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে ‘নিরাপত্তা শঙ্কায়’ তাকে দেশে ফিরতে নিরুৎসাহিত করেন ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসেও পরে তাকে ফিরে যেতে হয়।

    এদিকে সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলের রাখা হয়নি তাকে। জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ তাই এখন একেবারেই অনিশ্চিত।

    প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেওয়া এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সাকিবের নীরব ভূমিকায় থাকায় ক্ষুব্ধ হন দেশের ক্রিকেটপ্রেমীরা। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলাও দায়ের হয়েছে। সবমিলিয়ে এখন একপ্রকার ‘নির্বাসনেই’ রয়েছেন একসময়ের বিশ্বসেরা এই অলরাউন্ডার।

  • চীনে পথচারীদের ওপর গাড়ি, নিহত অন্তত ৩৫

    চীনে পথচারীদের ওপর গাড়ি, নিহত অন্তত ৩৫

    চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরে প্রাইভেটকার চাপায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন।

    স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন ৬২ বছর বয়সী এক চালক।মঙ্গলবার চীনা পুলিশের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ঝুহাই স্পোর্টস সেন্টারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সেখানে শরীর চর্চা করার সময় লোকজনের ওপর এক ব্যক্তি গাড়ি চালিয়ে দিয়েছেন। এতে ৩৫ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

    হামলার পর পালিয়ে যাওয়ার চেষ্টার সময় গাড়ির চালক ফ্যানকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার সময় গুরুতর আহত হয়েছেন ফ্যান। বর্তমানে তিনি কোমায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ বলছে, ফ্যান নামের এক ব্যক্তি তার ছোট এসইউভি পথচারীদের ওপর চালিয়ে দিয়েছেন। ঝুহাই স্পোর্টস সেন্টারের সামনে প্রতিবন্ধকতা গুঁড়িয়ে দিয়ে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেন তিনি। এ সময় গাড়ির নিচে চাপা পড়েন বেসামরিক লোকজন।

    প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা এই ঘটনার বেশিরভাগ ভিডিও চীনা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলা হয়েছে। তবে কিছু ফুটেজ এখনও অনলাইনে রয়েছে। এতে দেখা যায়, হামলার স্থলে অনেক মানুষ মাটিতে পড়ে আছেন। স্থানীয় প্যারামেডিকস ও পথচারীরা সেখানে তাদের সেবা দেওয়ার চেষ্টা করছেন।

  • বাহার ও মেয়ে সূচনাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    বাহার ও মেয়ে সূচনাসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    কুমিল্লায় আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা ও ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

    দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এ আদেশ দেন।

    আবেদনটি করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম। আবেদনের উপর শুনানি করেন দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

    আবেদনে বলা হয়, সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন, তার মেয়ে তাহসিন বাহার সূচনা এবং অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

    গোপন ও বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে যে, বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থান তথা ঢাকার উত্তরায় ফ্ল্যাট, কুমিল্লার হাউজিং এস্টেট এ একাধিক প্লট, মার্কেটসহ আও ভয় বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পলায়ন করে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। নিম্নবর্ণিত ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায়, তাদের বিদেশ গমণ নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।