Blog

  • ১ জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য

    ১ জানুয়ারি থেকে স্মার্টকার্ডে মিলবে টিসিবির পণ্য

    আগামী বছরের ১ জানুয়ারি থেকে স্মার্টকার্ডের মাধ্যমে ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) পণ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র হুমায়ুন কবির।

    শনিবার টিসিবির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আসন্ন রমজানে টিসিবি খেজুর ও ছোলা বিক্রি করবে। বিগত সরকারের আমলে ফ্যামিলি কার্ডে যে ঝামেলা ছিল তার সমাধানে জেলা প্রশাসককে চিঠি লেখা হয়েছে। বর্তমানে ১ কোটি পরিবারকে দেওয়ার পরও সরকারের নির্দেশে ঢাকায় ৫০টি স্পটে এবং চট্টগ্রামে ২০টি ট্রাকে পণ্য দেওয়া হচ্ছে। দরকার হলে এর পরিমাণ আরও বাড়বে।

    মুখপাত্র হুমায়ুন কবির বলেন, টিসিবি বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের জন্য প্রতি মাসে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল, ২ কোটি লিটার ভোজ্যতেল, ১০ হাজার মেট্রিক টন চিনি বিক্রি করে। এছাড়া পবিত্র রমজানের সময় ১০ হাজার মেট্রিক টন ছোলা, প্রায় ১৫০০ মেট্রিক টন খেজুর বিক্রি করে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আমদানির মাধ্যমে সারা দেশে পেঁয়াজ ও আলু বিক্রয় করে থাকে। এই বিশাল কর্মযজ্ঞ পালনের জন্য টিসিবির গুদামগুলোতে সাপ্তাহিক বন্ধের দিনগুলোসহ প্রতিদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

    তিনি বলেন, ১ কোটি কার্ডধারীদের পণ্য প্রদানের পাশাপাশি বর্তমানে টিসিবি গার্মেন্ট শ্রমিকদের পণ্য প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় ও বিজিএমই-এর সঙ্গে কাজ করছে। আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে টিসিবি বৈদেশিক আমদানি ও স্থানীয় ক্রয়ের মাধ্যমে পণ্য সংগ্রহের আগাম প্রস্তুতি গ্রহণ করছে।

    ৪৩ লাখ কার্ড বাতিল হয়নি, ব্যাখ্যা : সরকারি সংস্থা টিসিবি মুখপাত্র হুমায়ুন কবির ৪৩ লাখ পরিবার বা ফ্যামিলি কার্ড বাতিল করাসংক্রান্ত বক্তব্যের একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, কার্ড বাতিলের বিষয়টি সঠিক নয়।

    তিনি বলেন, এক কোটি পরিবার কার্ডের মধ্যে ৫৭ লাখ কার্ডকে স্মার্টকার্ডে রূপান্তর করা হয়েছে। বাকি ৪৩ লাখ কার্ড স্মার্টকার্ডে রূপান্তরের প্রক্রিয়া চলছে। এখন তথ্য হালনাগাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। এর মধ্যে যদি কোনো কার্ডে অনিয়ম ধরা পড়ে তাহলে সেই কার্ড বাতিল করা হবে।

    তিনি বলেন, এখন এক কোটি কার্ডধারী সবাইকে পণ্য দেওয়া হচ্ছে। কার্ডগুলোকে স্মার্টকার্ডে রূপান্তরে তথ্য হালনাগাদ করার জন্য টিসিবির পক্ষ থেকে বিভিন্ন জেলা প্রশাসন ও সিটি করপোরেশনকে চারবার চিঠি দেওয়া হয়েছে। কার্ডধারীদের তথ্য পরিবর্তন, সংযোজন, বিয়োজন, পরিমার্জনসহ (যদি প্রয়োজন হয়) হালনাগাদ বিভিন্ন তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু জেলা প্রশাসন ও সিটি করপোরেশনে সাম্প্রতিক রদবদলের কারণে টিসিবির হাতে এসব তথ্য এখনো আসেনি। সেজন্য বাকি ৪৩ লাখ কার্ড স্মার্টকার্ডে রূপান্তর করার ক্ষেত্রে সময় লাগছে। এখন পুরোনো কার্ডেই পরিবারগুলোর কাছে পণ্য বিক্রি করা হচ্ছে।

  • রিমান্ডে অসুস্থ পলক, হাসপাতালে ভর্তি

    রিমান্ডে অসুস্থ পলক, হাসপাতালে ভর্তি

    রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    শনিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

    ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, প্রথমে পলককে ঢামেকের নতুন ভবনের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হয়। এরপর রাত ১২টায় তাকে ওই ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

    তিনি বলেন, জুনায়েদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ডে ছিলেন। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি।

    গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার করা হয়। পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশাচালক হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

    এরপর অন্য মামলায়ও গ্রেফতার দেখানো হয় তাকে, নেওয়া হয় আবারো রিমান্ডে।

  • শহিদ নূর হোসেন দিবস আজ

    শহিদ নূর হোসেন দিবস আজ

    আজ ১০ নভেম্বর। ‘শহিদ নূর হোসেন দিবস’। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকার রাজপথে সংগ্রাম করতে গিয়ে আত্মাহুতি দেন নূর হোসেন।

    বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক-স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান ধারণ করেন শহিদ নূর হোসেন।

    এদিকে দিনটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় রাজধানীর শহিদ নূর হোসেন স্কয়ারে (জিরো পয়েন্ট) এবং পরে মুক্তি ভবনের সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে শহিদ সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং স্মৃতিচারণ করা হবে।

    এছাড়া আন্দোলনে ক্ষেতমজুর সমিতির নেতা শহিদ সৈয়দ আমিনুল হুদা টিটোর মুক্তি ভবনের সামনে প্রতিকৃতিতে এবং নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ঘোষণা করেছে ক্ষেতমজুর সমিতি।

  • ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

    ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার।

    রোববার (১০ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

    গত ৫ আগস্ট তীব্র প্রাণঘাতী গণআন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ওইদিনই ছাত্র-জনতার বিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় দলটির সভানেত্রী একং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    পতনের প্রায় তিন মাসের মাথায় প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষনা দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার বিকেল ৩টায় শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবি তুলে গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি পালনের কথা দলটির। এদিকে একইস্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    সবমিলিয়ে পাল্টাপাল্টি অবস্থানের মুখে রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েনের খবর এলো। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

    এদিকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশও (ডিএমপি)।

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়ার সুযোগ নেই।

    এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    তিনি আরও লেখেন, আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে যে কেউ র্যালি, সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তির মুখোমুখি হবে।

  • প্লিজ ১ মিনিট হলেও রাস্তায় নামেন, আ.লীগকে হাসনাত

    প্লিজ ১ মিনিট হলেও রাস্তায় নামেন, আ.লীগকে হাসনাত

    শহিদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে আওয়ামী লীগ রোববার বিকালে গুলিস্তানে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে। একই স্থানে পালটা গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পালটাপালটি কর্মসূচি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে জনমনে।

    এদিকে, আজ সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তবে কোথাও দেখা যায়নি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের।

    এ অবস্থায় অন্তত এক মিনিটের জন্য হলেও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের রাস্তায় নামার অনুরোধ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে লাইভে এসে তিনি এ আহ্বান জানান।

    আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘প্লিজ, আপার অনুসারী যারা আছেন, তারা একটা মিনিটের জন্য হলেও রাস্তায় নামেন। দেখা না হলে তো কথা হবে না। প্লিজ রাস্তায় নেমে আসেন, আপনাদের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের একটু দেখতে চায়। আপনারা কোথায়?’

    আওয়ামী লীগ নেতাদের বিদেশে বসে না থেকে দেশে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা বলছেন, আপনাদের সঙ্গে নাকি দেশের জনগণ আছে। যদি জনগণ থাকে, তাহলে তাদের নেত্রী বিদেশে কেন পালিয়ে গেল? আপনারা সবাই পালালেন কেন? মুর্খের দল কিছুই বোঝে না। ওদের কোনো আত্মমর্যাদা নেই।’

  • প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ করেছেন।

    রোববার প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আজ রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

    এর আগে গত ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।

  • আ.লীগের প্রতি ন্যূনতম সহানুভূতি দেখানোর চেষ্টা করবেন না

    আ.লীগের প্রতি ন্যূনতম সহানুভূতি দেখানোর চেষ্টা করবেন না

    গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, আওয়ামী লীগের প্রতি ন্যূনতম সহানুভূতি দেখানোর চেষ্টা করবেন না। আওয়ামী লীগ নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তার গর্তের মধ্যে লুকিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    রোববার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বেলা ১১টায় গুলিস্তান জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

    এ সময় ২০২৪ ও ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

    রাশেদ বলেন, ২৮ অক্টোবরের পর প্রায় ৩০ হাজার বিএনপি, জামায়াত ও গণঅধিকার পরিষদসহ ভিন্নমতের মানুষকে আটক করা হয়। কিন্তু গণঅভ্যুত্থানের পর ৩০০০ আওয়ামী খুনিদের আটক করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, আওয়ামী লীগের প্রতি ন্যূনতম সহানুভূতি দেখানোর চেষ্টা করবেন না। এই দলটি গণহত্যার সাথে জড়িত, ছাত্রলীগের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার ছিল। কেন খুনিদের গ্রেফতার করছেন না? আপনারা কি আওয়ামী লীগকে ধরতে ভয় পাচ্ছেন? এই দেশের বিপ্লবী ছাত্র-জনতাকে বলব, পুলিশ আওয়ামী খুনিদের আটক না করলে, আপনারা এই খুনিদের ধরে পুলিশ দেন।

    রাশেদ খান বলেন, আওয়ামী লীগ জিরো পয়েন্টে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি নিয়ে গণজমায়েতের ঘোষণা দিয়েছিল। আমরাও সেই গণজমায়েত প্রতিহত করার ঘোষণা দিয়েছিলাম। সে কারণে নেতাকর্মীদের নিয়ে জিরো পয়েন্টে জড়ো হয়েছি। কিন্তু এখানে এসে দেখি কোনো আওয়ামী লীগ নাই।

    আওয়ামী নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার ফাঁদে পা দেবেন না। রাজপথে নামার চেষ্টা করবেন না। আমরা আওয়ামী লীগকে রাজপথে নামতে দেব না।

    গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা যদি বাপের বেটি হতো তাহলে এ দেশ থেকে এভাবে পালিয়ে যেত না। তবে হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে।

    রাশেদ খান বলেন, আওয়ামী লীগের দোসররা রাজপথে নামার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেবে গণঅধিকার পরিষদ। আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে আর হবে না। গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

    তিনি বলেন, একটি দল প্রায় ১ হাজার ৫০০ মানুষকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু সেই হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না। অনতিবিলম্বে এ গণহত্যায় জড়িত ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, র্যাব লীগ যারাই ছিল তাদের গ্রেপ্তার করতে হবে।

    গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, জাতীয় পার্টি একটি ফ্যাসিবাদী দল। কিন্তু জাতীয় পার্টিকে এখনও নিষিদ্ধ করা হয়নি। এরশাদের নেতৃত্বে নূর হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিকে জিইয়ে রাখা হয়েছে।

  • সেই মুনতাহার লাশ মিলল নিজ বাড়ির পুকুরে

    সেই মুনতাহার লাশ মিলল নিজ বাড়ির পুকুরে

    সিলেটে নিখোঁজের সাতদিন পর শিশু মুনতাহা আক্তার শিরিনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার ভোরে উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।

    মুনতাহার বাবা শামীম আহমদ বলেন, আমার শিশু কন্যাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছিলাম। আজ ভোরে বাড়ির পাশে পুকুরে তার নিথর দেহের সন্ধান মিলেছে।

    লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আওয়াল। তিনি বলেন, রোববার ভোর ৪টার দিকে নিজ বাড়ির পুকুরে মুনতাহার নিথর দেহের সন্ধান পাওয়া যায়। তার গলায় রশি পেঁচানো ছিল। শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। লাশ দেখে বুঝা যাচ্ছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

    গত ৩ নভেম্বর প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হন শিশু মুনতাহা। খেলার সাথীরাও মুনতাহার বিষয়ে কিছু জানাতে পারেনি।

  • দীপিকা-রণবীরের কন্যার ছবি তুলে ব্যবসা করতে চান উরফি

    দীপিকা-রণবীরের কন্যার ছবি তুলে ব্যবসা করতে চান উরফি

    ফটোসাংবাদিকদের সামনে ‘অদ্ভুত’ সাজে ধরা দিতে দিতে পৌঁছে গেছেন বলিউডের নামজাদা পার্টি ও ফ্যাশন শোয়ে। তিনি এখন ফ্যাশন জগতের আইডল। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কাছে অতিপরিচিত মুখ উরফি জাভেদ। ছকভাঙা সাজে চমকে দিয়ে রাতারাতি ভাইরাল হন তিনি।

    প্রথম দিকে নিন্দুকেরা তার নিন্দায় মেতেছিলেন ঠিকই, কিন্তু নেটপাড়ায় তার ছবি এড়িয়ে যাবেন— এমন সাধ্য কার? ফটোসাংবাদিকদের সামনে ‘অদ্ভুত’ সাজে ধরা দিতে তিনি। বলিউডের নামজাদা পার্টি ও ফ্যাশন শোয়ে গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছেন উরফি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেটপ্রভাবী বলেন, তার সবচেয়ে পছন্দের অভিনেতা রণবীর সিং।

    আনন্দবাজারের এক সাক্ষাৎকারে উরফিকে প্রশ্ন করা হয়, কোন অভিনেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার জন্য চুরি করতে চান তিনি? এর উত্তরে রণবীরের নাম উল্লেখ উরফি বলেন, আমি রণবীরের অ্যাকাউন্ট চুরি করতে চাই। কারণ আমি রণবীরকে খুব পছন্দ করি। এখনো একরত্তি মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তিনি। তাই ওর মুখটা দেখতে চাই।

    তবে নেপথ্যে আরও একটি বিশেষ কারণ রয়েছে। উরফি নাকি দীপিকা-রণবীরের কন্যা দুয়া পাড়ুকোন সিংয়ের ছবি তুলতে চান। তিনি বলেন, আমি ওর (দুয়া) ছবি তুলতে চাই। সেই ছবি বিক্রি করে টাকা উপার্জন করতে চাই। ছবি দেখতে হলে পয়সা দিতে হবে। আমার মাথায় এসব বুদ্ধি ভালোই আছে।

    গত ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের কোলে এসেছে প্রথম সন্তান। সন্তানের এক জোড়া ছোট্ট পায়ের ছবি দীপাবলির দিন প্রকাশ্যে আনেন এ তারকা দম্পতি। ছবির সঙ্গে মেয়ের নামও প্রকাশ্যে আনেন ‘দীপবীর’।

    তবে রণবীরকে উরফির ভালোলাগার বিশেষ কারণ রয়েছে। করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ উরফির প্রশংসা করেছিলেন রণবীর। এমনকি নেটপ্রভাবীকে ‘ফ্যাশন আইকন’-এর তকমাও দিয়েছিলেন অভিনেতা।

  • জাতিসংঘে আইসিএসসি নির্বাচনে সদস্যপদ পেল বাংলাদেশ

    জাতিসংঘে আইসিএসসি নির্বাচনে সদস্যপদ পেল বাংলাদেশ

    নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে, মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য নির্বাচিত হয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। স্থানীয় সময় শুক্রবার (৮ নভেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশ, চীন ও কোরিয়া প্রজাতন্ত্র (দক্ষিণ কোরিয়া)-এর তিনজন প্রার্থী, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত দুটি শূন্য আসনে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বাংলাদেশ ও চীনের প্রার্থীগণ নির্বাচনে জয়লাভ করেন।

    নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মুহিত বলেন, বাংলাদেশের এই জয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ২.০ এর প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা ও বিশ্বাস এবং জাতিসংঘে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও অবদানেরই স্বীকৃতি।’ ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশন (আইসিএসসি) হল জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিশন যা পনের (১৫) সদস্যের সমন্বয়ে গঠিত। জাতিসংঘের মানবসম্পদ ব্যবস্থাপনা, ক্ষতিপূরণ প্রদান, কর্মীদের প্রাপ্যতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত এবং সুপারিশ প্রদান করার কাজ সম্পাদন করে থাকে এই কমিশন।

    পেশাদার কূটনীতিক, রাষ্ট্রদূত মুহিত ২০২২ সালের জুলাই মাসে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির (ইকনমিক ও ফিন্যান্সিয়াল কমিটি) চেয়ার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি UNDP/UNFPA/UNOPS-এর এক্সিকিউটিভ বোর্ডের ২০২৪ সালের জন্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও রাষ্ট্রদূত মুহিত ২০২২ সালে জাতিসংঘ পিস বিল্ডিং কমিশনের চেয়ার, ২০২৩ সালে জাতিসংঘ পিস বিল্ডিং কমিশনের ভাইস-চেয়ার, ২০২২ সালে UN-Women-এর এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্ট এবং ২০২৩ সালে UNDP/UNFPA/UNOPS-এর এক্সিকিউটিভ বোর্ডের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

    রাষ্ট্রদূত মুহিত ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত ৪ বছরের জন্য ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস কমিশনের (আইসিএসসি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।