Blog

  • তারেক রহমানের জন্মদিন পালন না করার নির্দেশ

    তারেক রহমানের জন্মদিন পালন না করার নির্দেশ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। এই উপলক্ষে দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ইউনিটের নেতাকর্মীদের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

    সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

    এতে বলা হয়, তারেক রহমানের জন্মদিন নিয়ে কোনো অনুষ্ঠান পালিত হবে না। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদের গ্রেফতারের ঘটনা ঘটেনি

    বাংলাদেশে ট্রাম্পের সমর্থকদের গ্রেফতারের ঘটনা ঘটেনি

    যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের গ্রেফতার বা দমন অভিযানের কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টচেকিং ফেসবুক পেজে (সিএ প্রেস উইং ফ্যাক্টস) দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়েছে।

    পোস্টে বলা হয়েছে, রাজধানী ঢাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে রোববার আওয়ামী লীগের বেশ কিছু নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে গণহত্যা, দুর্নীতি ও কোটি কোটি ডলার পাচারের অভিযোগ আছে।

    পোস্টে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পলাতক আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা তার সমর্থকদের ডোনাল্ড ট্রাম্পের পোস্টার বহন করার এবং গ্রেফতারের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেওয়ায় তারা সেগুলো বহন করছিলেন। আটক ব্যক্তিরা পুলিশকে বলেছেন, তারা মার্কিন রাজনীতি অনুসরণ করেন না, শুধু হাসিনার নির্দেশে ট্রাম্পের পোস্টার বহন করেছিলেন।

    পোস্টে আরও বলা হয়, আগস্টে অভূতপূর্ব বিপ্লবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কিছু ভারতীয় সংবাদপত্র শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান সম্পর্কে আক্রমণাত্মকভাবে ভুল তথ্য প্রচার করছে। তারা বিপ্লবোত্তর দিনগুলোতে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাগুলোকে ব্যাপকভাবে অতিরঞ্জিত করেছে। আওয়ামী লীগ-সমর্থকদের গ্রেফতারের ঘটনাও তারা একইভাবে অতিরঞ্জিত করেছে।

  • ‘মামলার আসামি’ হওয়া প্রসঙ্গে যা বললেন নতুন উপদেষ্টা

    ‘মামলার আসামি’ হওয়া প্রসঙ্গে যা বললেন নতুন উপদেষ্টা

    নিজের নামে মামলা প্রসঙ্গে নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আমি খুব ভালো জানি না, আমাদের লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে। ওখানে আমার বাবার নামে কিছু অসঙ্গতি আছে। এটা আসলে আমি কিনা সেটা নিশ্চিত জানি না। নিশ্চিত হলে এটা লিগ্যালি ফেস করব।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, যারা আন্দোলন করেছে তাদের আবেগের সঙ্গে আমার কোনো দ্বিমত নেই। আবেগ সঠিক।

    নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে রোববার শেখ বশির উদ্দিনসহ তিনজন উপদেষ্টা যুক্ত হন।

    প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়ার একদিন পর সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথমবারের মতো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। পরে তিনি সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

  • জবি শিক্ষার্থীদের দাবি পূরণের প্রতিশ্রুতি উপদেষ্টা নাহিদের

    জবি শিক্ষার্থীদের দাবি পূরণের প্রতিশ্রুতি উপদেষ্টা নাহিদের

    কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

    সোমবার দুপুরে সচিবালয়ের সামনে অবস্থানরত জবি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে নিজ অফিস থেকে নেমে এসে এ প্রতিশ্রুতি দেন তিনি।

    উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এগুলো যৌক্তিক দাবি। একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থাকবে না, হল থাকবে না এটা হতে পারে না। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, দ্রুত এসব পালন করা হবে। শিগগির শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে।

    নাহিদ ইসলাম বলেন, আমি জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কষ্টে থাকেন। আমার পরিবারের একজন সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের আবাসিক হল নেই। সেজন্য শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি পুরোপুরি একমত। তাদের সকল দাবি যৌক্তিক।

    তিনি বলেন, বাস্তবতা হলো- আমরা তিন দিনের মধ্যে হল করে দিতে পারব না। কিন্তু সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারি। এর জন্য আমাদের বসতে হবে। আমরা তিন দিনের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর নিকট হস্তান্তর করব। যেভাবে দেওয়া যায় সেই কাজ করব।

    সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের অপমান করা হয়েছে- এ প্রসঙ্গে নাহিদ বলেন, সচিব ও সংশ্লিষ্টরা যারা শিক্ষার্থীদের অপমান করে ফিরিয়ে দিয়েছেন, তারা এর জন্য ক্ষমা চাইবেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে।

    এর আগে কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবিসহ পাঁচ দফা ও ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয় সামনে অবস্থান দেন জবি শিক্ষার্থীরা। এখনো পর্যন্ত শিক্ষার্থীরা সচিবালের সামনে অবস্থান করছেন। এতে সচিবালয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

    এ সময় শিক্ষার্থীরা ‘আমি কে, তুমি কে, জবিয়ান, জবিয়ান’, ‘মুলা না ক্যাম্পাস, ক্যাম্পাস, ক্যাম্পাস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, অধিকার না অন্যায়, অধিকার, অধিকারসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

    শিক্ষার্থীদের দাবি হলো, স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং সাত দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সব অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।

  • উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদের দোসর’, ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

    উপদেষ্টা পরিষদে ‘ফ্যাসিবাদের দোসর’, ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

    ছাত্র-জনতার মতামত না নিয়ে আওয়ামী ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে এমন কাউকে উপদেষ্টা পরিষদে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

    তিনি বলেছেন, জুলাই-আগস্টে যে ছাত্র-জনতা জীবন দিয়েছে, আহত হয়েছে তাদের চাওয়া বা আন্দোলনের চেতনার পরিপন্থি ব্যক্তিদের আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই।

    সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে থেকে তিনি এই হুঁশিয়ারি দেন।

    হাসনাত বলেন, ছাত্র-জনতার সঙ্গে মশকরা হচ্ছে। ধানমন্ডির ৩২কে যারা কাবা মনে করে তাদের উপদেষ্টা করা হয়েছে। কার মদতে, প্রশ্রয়ে আওয়ামী পুনর্বাসনের এই উদ্যোগ নেওয়া হয়েছে আমরা তা জানতে চাই। ফ্যাসিবাদের যারা দোসর, ‘২৪ পরবর্তী বাংলাদেশে কোনো ফরম্যাটেই তাদের দেখতে চাই না। উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দিচ্ছেন গত ১৬ বছরে তারা কী করেছেন তার ইতিহাস আমরা জানতে চাই।

    তিনি বলেন, আমাদের হারাবার কিছু নাই। ৫ই আগস্টের পর আমাদের বোনাস লাইফ।

    শিক্ষার্থীদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের নতুন শপথ নেওয়া ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরয়ার ফারুকীকে দ্রুত অপসারণ করতে হবে।

    এদিকে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ব্যবসায়ী শেখ বশিরউদ্দীনের অপসারণের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়। ২৪ ঘণ্টার মধ্যে তাকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা।

    রোববার বঙ্গভবনে শপথ নিয়েছেন নতুন তিন উপদেষ্টা। তারা হলেন—ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এর মধ্যে ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

  • বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নাম চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি

    বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের নাম চূড়ান্ত করতে গণবিজ্ঞপ্তি

    জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে সরকার ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করেছে সরকার। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ জুলাই থেকে ৫ অগাস্টের মধ্যে আন্দোলনে নিহত, নিখোঁজ বা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে বা আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বা আন্দোলনে সম্পৃক্ত থেকে অন্য কোনোভাবে মৃত্যুবরণ করেছেন, কিন্তু নাম তালিকাভুক্ত হয়নি এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

    সংশ্লিষ্ট মৃত ও নিখোঁজ ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং উপযুক্ত প্রমাণসহ তার পরিবারের সদস্য বা আত্মীয়রা আবেদন জানাতে পারবেন।

    তারা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা বিশেষ সেলের দলনেতা বরাবর আবেদন বিএসএল অফিস কমপ্লেক্স (হোটেল ইন্টারকন্টিনেন্টাল), ১ মিন্টু রোড, ঢাকা-১০০০ ঠিকানায় পাঠানো যাবে।

    তবে, ই-মেইল আবেদন muspecialcell36@gmail.com ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

    এছাড়া, ইতোমধ্যে সরকারি-বেসরকারি হাসপাতাল ও জেলা কমিটির মাধ্যমে প্রাপ্ত শহিদদের নামের তালিকা স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট www.hsd.gov.bd এবং www.dghs.gov.bd-তে প্রকাশ করা হয়েছে।

  • কোনো মন্ত্রের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না: বাণিজ্য উপদেষ্টা

    কোনো মন্ত্রের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না: বাণিজ্য উপদেষ্টা

    বাজারে প্রতিটি পণ্যের দাম লাগামহীন; এমন অবস্থায় বাজারে স্বস্তি ফেরাতে কাজ করার কথা বলেছেন নতুন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    সেখ বশির উদ্দিন বলেন, মানুষের কষ্ট বুঝি, বাজারে স্বস্তি ফেরাতে কাজ করব। এটাকে দায়িত্ব হিসেবে দেখছি।

    বাণিজ্য উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের খরচ বাড়লেও সেই তুলনায় ক্রময়ক্ষমতা বাড়েনি। কোনো মন্ত্রের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। এজন্য একসঙ্গে কাজ করতে হবে। এজন্য সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতে চাই।

    কোনো দল বা নিজের কোম্পানির প্রতিনিধিত্ব করছেন না মন্তব্য করে সেখ বশির উদ্দিন বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দল, নিজের কোম্পানি ও আত্মীয়-স্বজন কারও কোনো প্রতিনিধিত্ব করছি না এখন। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

    রোববার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে তিনজনকে শপথ পড়ানো হয়। এর মধ্যে দুইজনকে দফতর বণ্টন করা হয়েছে। আর পুরোনো ৬ উপদেষ্টার দফতর পুনর্বন্টন করা হয়েছে।

    নতুনদের মধ্যে শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। আর চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন উপদেষ্টা মাহফুজ আলমকে এখনো কোনো দফতর দেওয়া হয়নি।

  • উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর কারণ জানালেন রিজওয়ানা

    উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর কারণ জানালেন রিজওয়ানা

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে।

    সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কাজের গতি এবং দক্ষতা বাড়াতেই নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে কয়েকজনকে।

    তিনি বলেন, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে মানুষের প্রত্যাশা রয়েছে। এসব বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বলেই উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো হয়েছে।

    সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কিছু কৌশলগত কারণে কাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে মাহফুজ আলমের পদমর্যাদা বাড়াতেই উপদেষ্টা করা হয়েছে। তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।

    জুলাই- আগস্টের গণহত্যার বিচার ও সংস্কারকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, কমিশন যেগুলো হয়েছে, মঙ্গলবারের (১২ নভেম্বর) মধ্যে বাকিগুলো চূড়ান্ত করা হবে। এর পরেই সংস্কারের কাজগুলো শুরু হবে।

    তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু তারা সংস্কারের দাবিও অস্বীকার করছে না। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারে বাধা এসেছে এ রকম হয়নি।

  • বিয়ে করে অসুখী দাম্পত্য জীবন চাই না: ভূমি পেডনেকর

    বিয়ে করে অসুখী দাম্পত্য জীবন চাই না: ভূমি পেডনেকর

    বর্তমানে বিভিন্ন অ্যাওয়ার্ড শো কিংবা ছবির প্রচারে ভিন্ন লুক বেছে নেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। পোশাক বাছাইয়ের ক্ষেত্রে অভিনেত্রীর পছন্দের তালিকায় যোগ হয়েছে অদ্ভুত কিছু বৈশিষ্ট্য। কখনো সরু ফিতে, আবার কখনো বক্ষ যুগলে সাপের আকৃতির পোশাক। এ কারণে নেটিজেনদের কটাক্ষের শিকারও হন ভূমি। কিন্তু তাতে কখনো ভেঙে পড়েননি তিনি। কটাক্ষের জবাব না দিলেও তার আত্মবিশ্বাসই সব উত্তর দেন এ অভিনেত্রী। তার ব্যক্তিগত জীবনও থাকে নেটিজেনদের চর্চায়। কবে বিয়ের পিঁড়িতে বসছেন ভূমি? এই প্রশ্নে মাঝে মধ্যেই জর্জরিত হন তিনি। এবার সেসব প্রশ্নেরই উত্তর দিলেন এ অভিনেত্রী।

    বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে ছক ভেঙেছেন যারা, তাদের মধ্যে অন্যতম হলেন ‘দম লাগাকে হাইসা’ অভিনেত্রী ভূমি পেডনেকর। কারণ এ ছবির জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। আবার সেই সিনেমার শুটিং শেষে তিন মাস সময় নিয়েছিলেন ফিট হয়ে উঠতে।

    অক্ষয় কুমারের বিপরীতে ‘দম লাগাকে হাইসা’ ছাড়াও ছিলেন ‘টয়লেট এক প্রেম কথা’, ‘রকসা বন্ধন’ এবং রাজকুমার রাওয়ের বিপরীতে ‘বাধাই দো’, আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘বালা’ সব সিনেমাতেই নজর কাড়েন ভূমি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘কোনো কিছুর জন্য তাড়াহুড়ো করতে নেই। তাড়াহুড়োর ফল কখনো ভালো হয় না। তাই জীবনসঙ্গী বাছাই করার ক্ষেত্রেও সময় নিচ্ছি। তিনি বলেন, আমি বিশ্বাস করি— একজন ভালো মানুষের সঙ্গে জীবন কাটানো জরুরি। কিন্তু তাড়াতাড়ি সেই ভালো মানুষকে খুঁজে পেতেই হবে, সেই ভাবনা মাথায় আসে না।

    ভূমি বলেন, যদি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেতে ১০ বছর, ২০ বছর— এমনকি কাল পর্যন্তও সময় লাগে, আমি অপেক্ষা করব। তাড়াহুড়ো করে বিয়ে করে অসুখী দাম্পত্য জীবন কাটাতে চাই না।

    অভিনেত্রীর বয়স এখন ৩৫। তাই তার এই জবাবেও উঠে এসেছে নেটিজেনদের কৌতূহল। অভিনেত্রীর কথা অনুযায়ী, তবে কি মনের মানুষ না পেতে আরও অপেক্ষা করবেন ভূমি? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অভিনেত্রীর অনুরাগীরা।

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন পরিকল্পনা সামনে আনলেন ট্রাম্প

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন পরিকল্পনা সামনে আনলেন ট্রাম্প

    রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে নতুন পরিকল্পনা সামনে এনেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত এই পরিকল্পনায় বলা হয়েছে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে একটি ৮০০ মাইল দীর্ঘ বাফার জোন প্রতিষ্ঠা করা হবে। আর এই বাফার জোন প্রতিষ্ঠা করবে ইউরোপীয় ও ব্রিটেনের সেনারা।

    রোববার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সীমিত করার পক্ষে ট্রাম্প। ইউক্রেনকে বাইডেন প্রশাসনের মতো একচেটিয়া সামরিক এবং অর্থনৈতিক সহায়তা করার পক্ষেও নন তিনি।

    ট্রাম্পের মতে, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের বাকি সদস্য দেশ এবং সামরিক জোট ন্যাটোর পদক্ষেপ যথেষ্ট নয়। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নির্ভরতা দিয়ে ইউক্রেন ইস্যু সমাধান করতে চান না ট্রাম্প।

    পরিকল্পনার সাথে পরিচিত সূত্র বলছে, ৮০০ মাইল বাফার জোন প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি নিরস্ত্রীকরণ এলাকা তৈরি করা হবে। যা ভবিষ্যতে দুই পক্ষের সংঘর্ষের সম্ভাবনা কমাতে এবং কূটনৈতিক আলোচনার জন্য কাজে আসবে।

    ট্রাম্পের পরিকল্পনা অনুসারে, রাশিয়া ইউক্রেনের যে পরিমাণ ভূমি দখল করেছে এবং রুশ বাহিনী ইউক্রেনের রণক্ষেত্রে যে পরিমাণ অগ্রসর হয়েছে সেখানটাকেই সীমান্ত ধরে বাফার জোন প্রতিষ্ঠা করা হবে এবং ইউক্রেনকে ২০ বছরের জন্য ন্যাটোতে যোগদানের পরিকল্পনা স্থগিত রাখতে হবে।

    পরিকল্পনায় আরও বলা হয়েছে, এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করবে, যেন রাশিয়া আবারও যুদ্ধ শুরু করতে না পারে। যুক্তরাষ্ট্র এই মিশন পরিচালনা বা তদারকিতে কোনো সেনা পাঠাবে না এবং অর্থায়নও করবে না।

    ট্রাম্পের এক সহকারী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ‘আমরা প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তা দিতে পারি, তবে বন্দুকের নল থাকবে ইউরোপিয়ানদের হাতে। আমরা মার্কিন পুরুষ ও নারীদের ইউক্রেনে শান্তি রক্ষায় পাঠাচ্ছি না। আর আমরা এর জন্য অর্থও ব্যয় করছি না বরং পোল্যান্ড, জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে এই দায়িত্ব নিতে বলা হবে।’

    রাশিয়ার সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা এবং চুক্তির ওপর জোর দিয়ে আসছেন ট্রাম্প। তবে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, ইউরোপকে রক্ষা করতে গিয়ে রাশিয়াকে তুষ্ট করার চেষ্টা আত্মহত্যার নামান্তর হবে। মূলত এই মন্তব্যের মাধ্যমে রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তির সম্ভাবনা কঠোরভাবে নাকচ করেছেন। এখন শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধ কোন প্রক্রিয়ায় থামে তাই এখন দেখার বিষয়।

    এদিকে ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ব্রায়ান লানজা জানিয়েছেন, চলমান ইউক্রেন সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা রাশিয়ার দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়ার দাবি না করে শান্তি অর্জনের দিকে হওয়া উচিত।

    যদিও বাইডেন প্রশাসন এবং ন্যাটোর অনেকেই ক্রিমিয়া এবং ডনবাসের মতো অধিকৃত অঞ্চলগুলোকে ফিরিয়ে আনা সহ ইউক্রেনের সার্বভৌমত্বকে বহাল রাখতে হবে বলে জোর দিয়ে এসেছেন। কিন্তু ট্রাম্পের উপদেষ্টারা আরও বাস্তববাদী অবস্থানের পক্ষে কথা বলছেন।