Blog

  • সংস্কারের জন্য যেন নির্বাচন বিলম্ব না হয় : ফারুক

    সংস্কারের জন্য যেন নির্বাচন বিলম্ব না হয় : ফারুক

    অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সংস্কার করুন, কিন্তু এমন সংস্কারে হাত দিয়েন না, যে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হবে। এমন সংস্কার করতে যাবেন না, যার জন্য আবার একটি চক্র বাংলাদেশের গনতন্ত্রকে নস্যাৎ করার পরিকল্পনা করতে পারে।

    মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘ফ্যাসিবাদের মূলোৎপাটন নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনের সকল পর্যায় থেকে ফ্যাসিস্ট দোসরদের সমূলে উৎখাতের’ দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    ফারুক বলেন, আমরা নির্বাচন চাই। ১৬ বছর আওয়ামী লীগ দেশ শাসন করে গনতন্ত্র ধ্বংস করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, কত মায়ের বুক খালি করেছে, আয়নাঘর তৈরি করে মানবাধিকার লঙ্ঘন করেছে। শেখ হাসিনার দোসররা মন্ত্রাণালয়সহ নানা জায়গায় এখনো কাজ করছে তাদের কেন পদায়ন করে রেখেছেন বলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি।

    ফারুক আরও বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ আবার অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই অস্থিরতা করার সুযোগ দেওয়া যাবে না। অবিলম্বে এদের পদায়ন বাতিল ও অপসারণ করার দাবি জানান তিনি।

    সাবেক চিফ হুইপ আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দরকার তবে তা যেন ফখরুদ্দিন-মঈন এর মত সময় না হয়।

    তিনি দ্রুত রোড ম্যাপ দেওয়ার আহবান জানিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি দেশের মানুষ যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, ১৬ বছর আওয়ামী লীগের অত্যাচার সহ্য করেছে, তাদের নির্বাচন মূখি করার কথা বলেন। নির্বাচন ঘিরে আওয়ামী লীগের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে তা রুখে দিতে হবে।

    এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারেক রহমানের মামলা প্রত্যাহার ও বিএনপির ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।

    আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে ও মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসারুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।

  • বিশ্বের চতুর্থ দূষিত বাতাসের শহর ঢাকা

    বিশ্বের চতুর্থ দূষিত বাতাসের শহর ঢাকা

    বিশ্বের চতুর্থ দূষিত বাতাসের শহর হিসেবে অবস্থান হয়েছে রাজধানী ঢাকার।মঙ্গলবার সকাল সোয়া ৯টায় আইকিউএয়ারের প্রকাশি তালিকায় ঢাকার এই অবস্থান দেখা গেছে।তালিকা অনুযায়ী, ঢাকার বাতাস এখন ‘অস্বাস্থ্যকর’।

    বাতাসের মানের তালিকায় বিশ্বে বাংলাদেশের স্কোর ১৬৮।অন্যদিকে পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও কলকাতা যথাক্রমে ৪৪৭, ৪১৪ ও ১৯৫ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

    যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে, তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়।একিউআই সূচক ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

    ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি।

    ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর ও ভারতের কোলকাতা যথাক্রমে ৪৪৭, ৪১৪ ও ১৯৫ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

    বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

    ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

    ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

  • এক এলাকায় ৩৬ ইটভাটার ছাড়পত্র কিভাবে, জবাব চান পরিবেশ উপদেষ্টা

    এক এলাকায় ৩৬ ইটভাটার ছাড়পত্র কিভাবে, জবাব চান পরিবেশ উপদেষ্টা

    এক এলাকায় ৩৬ ইটভাটার ছাড়পত্র কিভাবে দেওয়া হলো- পরিবেশ অধিদপ্তরের কাছে সেটির জবাব চেয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ঢাকার বাইরে নোয়াখালীর রামগতিতে একটি এলাকাতেই ৩৬টি ইটভাটা। কী করে তারা ছাড়পত্র পেল? কী করে তারা এতদিন পরিচালিত হলো? সেটা পরিবেশ অধিদপ্তরকে জবাব দিতে হবে।

    মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরে বাংলাদেশ ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান ২০২৪-২০৩০ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    পরিবেশ রক্ষায় কোনো দ্রুত সমাধান নেই উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, ‘কিছু কিছু কাজ আমরা শুরু করতে পারি। আপনারা জানেন, নতুন করে কোনো ইটভাটার অনুমতি দিচ্ছি না। জিকজ্যাক ইটভাটাগুলোর জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি, তারা কমপ্লায়েন্স করছে কি না, সেটা দেখভাল করার কাজ শুরু করেছি।’

    তিনি বলেন, এই এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানের বাস্তবায়ন যদি ৫-৭ বছরের মধ্যে নিশ্চিত করা যায়, তাহলে আমরা ঢাকাকে সবচেয়ে দূষিত বাতাসের নগরীর অপবাদ থেকে বের করে আনতে পারব এবং জনস্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারব।

    পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। নিজস্ব জনবল দিয়ে কমিটি করতে হবে। অন্যের কমিটিতে ঢুকে তাদের সঙ্গে মিশে গেলে হবে না। প্রমাণ ছাড়া কথা বলা যায় না। মাতারবাড়ীসহ অন্যান্য প্রকল্পে কী মাত্রায় পরিবেশ দূষণ করছে তার প্রতিবেদন চাই। প্রতিবেদন জনগণের সামনে প্রকাশ করতে চাই।

    পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

  • ইসরাইলের অভ্যন্তরে শতাধিক রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ

    ইসরাইলের অভ্যন্তরে শতাধিক রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ

    গাজা এবং লেবাননে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে দেশটিতে নিয়মিত রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। রোববার (৩ নভেম্বর) লেবানন থেকে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ১০৫টি রকেট ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা দাবি করেছে, হিজবুল্লাহর এসব হামলা থেকে ইসরাইল এবং এর জনগণকে রক্ষা সেনাবাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

    তবে হিজবুল্লাহর এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

    গত বছরের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পরপরই হিজবুল্লাহর সঙ্গেও সংঘর্ষে জড়ায় ইসরাইল। এরই মধ্যে হিজবুল্লাহর দীর্ঘদিনের শীর্ষনেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে তারা। এছাড়া লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন জায়গায় নিয়মিত বিমান হামলা চালিয়ে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে ইসরাইল।

  • কৃষক বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশের এএসপি হন হারুন

    কৃষক বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশের এএসপি হন হারুন

    মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের জন্ম। ২০তম বিসিএসের মাধ্যমে ২০০০ সালে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশে চাকরি পান তিনি। অথচ তার শ্রমজীবী বাবা মো. হাসিদ ভূঁইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হিসাবে তার নাম অন্তর্ভুক্ত হয়েছিল।

    ২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবদীন ফারুককে মারধর করে আলোচনায় আসেন তৎকালীন ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন। এ ঘটনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা কুড়ান তিনি। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক পদোন্নতি পেয়ে পুলিশের প্রবল প্রতাপশালী কর্মকর্তা বনে যান।

    আর তখন থেকেই যেন টাকার মেশিন হয়ে ওঠেন হারুন। সরকারের প্রতিপক্ষ দমনের মূর্তিমান আতঙ্ক ডিবি হারুন বিভিন্ন কৌশলে নিপীড়ন-নির্যাতনকে হাতিয়ার করে রাতারাতি অঢেল সম্পদ ও বিত্তবৈভবের মালিক হয়ে ওঠেন। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে, হেলিকপ্টার ছাড়া তিনি বাড়িতেও আসতেন না। দেশে-বিদেশে শতকোটি টাকা পাচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার গ্রামের বাড়ি মিঠামইনে শতকোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন ‘প্রেসিডেন্ট রিসোর্ট’। এই রিসোর্টে রয়েছে হেলিপ্যাড ও অত্যাধুনিক সুইমিংপুল। রোববার দুপুরে মিঠামইন পরিদর্শনকালে লোকজনের সঙ্গে কথা হলে তারা ওই রিসোর্ট সম্পর্কে নেতিবাচক বর্ণনা দেন।

    সাবেক ডিবিপ্রধান হারুনের কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনে শতকোটি টাকার প্রাসাদোপম প্রমোদশালা ‘প্রেসিডেন্ট রিসোর্ট’-এ এখন ঘুঘু চরার অবস্থা। অথচ কয়েক মাস আগেও ওই রিসোর্টের কক্ষ বুকিং করতে কয়েক সপ্তাহ আগে যোগাযোগ করেও পাওয়া কঠিন ছিল। বলতে গেলে ‘অদৃশ্য আকর্ষণে’ আগাম বুকিং হয়ে থাকত ওই রিসোর্টের অধিকাংশ ডিলাক্স ও সুপার ডিলাক্স কক্ষ।

    কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই প্রেসিডেন্ট রিসোর্টের জৌলুসেরও পতন ঘটে। বন্ধ হয়ে যায় এর সব কপাট। নিভে যায় চোখ ধাঁধানো ও মনমাতানো লাল-নীল বাতির আলো-আঁধারির খেলা। কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই গা ঢাকা দিয়েছেন। এদিকে রিসোর্টের জন্য ভয় দেখিয়ে, জোরপূর্বক নেওয়া জমির দাম এখনো পাননি সংখ্যালঘুসহ অনেকে।

    মন্ত্রী-এমপি, প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নায়ক-নায়িকাসহ সমাজের বিত্তবৈভবের মালিক ধনাঢ্য নারী-পুরুষের এক ‘নিরাপদ আশ্রয়’ হয়ে উঠেছিল এই রিসোর্ট। সারা দিন-রাত বিলাসবহুল গাড়ির বহর আর হেলিকপ্টারের লাইন ছিল ওই নিরাপদ আনন্দ ধাম প্রেসিডেন্ট রিসোর্টে। হাওড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্ট সময়ের পরিক্রমায় এখন ভূতুড়ে পল্লিতে পরিণত হয়েছে।

    সরেজমিন পরিদর্শনকালে কিশোরগঞ্জের মিঠামইন হাওড়ে ডিবি হারুনের হেলিপ্যাড সুবিধাসংবলিত শতকোটি টাকার প্রাসাদোপম প্রেসিডেন্ট রিসোর্টে এখন ঘুঘু চরার অবস্থা দেখা যায়। ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় এটি। আত্মগোপনে চলে যান সাবেক ডিবিপ্রধান হারুনও। এরপর থেকেই একে একে বেরিয়ে আসছে ভয় দেখিয়ে জোরপূর্বক রিসোর্টের জন্য জমি নিয়ে দাম পরিশোধ না করার কাহিনি।

    মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে ৪০ একরেরও বেশি জায়গা নিয়ে গড়ে তোলা হয় ‘প্রেসিডেন্ট রিসোর্ট’। এর প্রিমিয়াম স্যুটের প্রতিদিনের ভাড়া ২০ হাজার টাকা। সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন ১০ হাজার টাকা। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর রিসোর্টটি উদ্বোধন করা হয়। প্রেসিডেন্ট রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন হারুনের ছোট ভাই ডা. শাহরিয়ার। সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব দীলিপ চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, তার কোটি টাকা মূল্যের ১ একর ১০ শতাংশ পৈতৃক সম্পত্তি হারুন প্রেসিডেন্ট রিসোর্টের জন্য ভয় দেখিয়ে নিয়ে আর টাকা দেননি। এখনো তিনি টাকা পাওয়ার আশায় ঘুরে বেড়াচ্ছেন।

    একই কথা জানালেন মানিক মিয়া নামের আরেক ভুক্তভোগী। তার অন্তত ৫ কোটি টাকা মূল্যের ৫ একর জমি একই কায়দায় রিসোর্টের দখলে নিয়ে একটি টাকাও দেননি হারুন অর রশিদ।

    মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমসহ একাধিক ব্যক্তির সঙ্গে কথা হয়। তারা বলেন, ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করা হারুন পুলিশি ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি অঢেল বিত্তবৈভবের মালিক বনে যান। তিনি হেলিকপ্টার ছাড়া বাড়িতেও আসতেন না।

  • অবসরের ঘোষণা দিলেন ঋদ্ধিমান

    অবসরের ঘোষণা দিলেন ঋদ্ধিমান

    অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা। চলমান রঞ্জি ট্রফি দিয়েই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানছেন তারকা এই ব্যাটার। সামাজিক যোগাযোগামাধ্যমে এই ঘোষণা দিয়েছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

    ভারতের জাতীয় দলে মহেন্দ্র সিং ধোনির অবসরের পর উইকেটের পেছনে তিনিই ছিলেন ভরসার নাম। তবে পরবর্তীতে ২০২১ সালের শেষ দিকে দলে জায়গা হারান এই উইকেটরক্ষক। নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২১ সালের ডিসেম্বরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন ঋদ্ধিমান। সেটিই হয়ে থাকল তার আন্তর্জাতিক শেষ ম্যাচ।

    ভারতের হয়ে ৪০ টেস্ট আর ৯ ওয়ানডেতে ১৩০০ এর বেশি রান করেছেন ঋদ্ধি। যেখানে রয়েছে ৩ সেঞ্চুরি এবং ৬ হাফ-সেঞ্চুরি। উইকেটের পেছনে নিয়েছেন ৯২ ক্যাচ ও ছিল ১২ স্ট্যাম্পিং। কদিন আগেও জাতীয় দলের আশেপাশেই ছিলেন তিনি। তবে ঋশভ পান্ত ফেরায় এখন তার সেই সুযোগ আর নেই বললেই চলে।

    তাছাড়া পান্তের ব্যাকআপ হিসেবে কেএস ভারত এবং ধ্রুব জুড়েল, কেএল রাহুল কিংবা সরফরাজ খানের মতো তারকারাও উইকেটের পেছনে দাঁড়াতে পারেন। আর এই বাস্তবতা মেনে অবসরের ঘোষণা দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

    যে কারণে জাতীয় দলে ফেরার আসা বাদ দিয়ে রঞ্জি ট্রফি খেলেই বিদায় বলতে আগ্রহী তিনি। ২০০৭ সাল থেকে শুরু করে দীর্ঘ ১৫ বছর বাংলার হয়ে খেলেছেন ঋদ্ধিমান। এরপর ২০২২ সালে চলে যান ত্রিপুরায়। সেখানে দুই বছর রঞ্জি খেলা শেষে আবার ফিরে আসছেন নিজের চেনা ডেরায়। এখান থেকেই নেবেন অবসর। নিজের এক্স-হ্যান্ডেলে এক পোস্ট নিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই।

  • চোটের পর পদ্ম কি এখন সুস্থ, যা বললেন পরীমনি

    চোটের পর পদ্ম কি এখন সুস্থ, যা বললেন পরীমনি

    গুরুতর চোট পেয়েছিল ঢালিউড অভিনেত্রী পরীমনির ছেলে পদ্ম। চোখ ফুলে বন্ধ হয়ে গিয়েছিল তার। দ্রুতই হাসপাতালে নিয়ে যান অভিনেত্রী। গতকাল রোববার দেখা গেছে, পদ্ম মায়ের সঙ্গে নৌকায় চেপে ছুটির মেজাজে।

    যারা কয়েক দিন আগে পদ্মকে দেখেছেন, তারা আঁতকে উঠেছিলেন। গুরুতর চোট পেয়ে পরীমনির একরত্তি সন্তানের ডান দিকের চোখ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী তড়িঘড়ি ছেলেকে নিয়ে হাসপাতালে ছুটে যান। পাঁচ দিনের মাথায় সেই ছেলে মায়ের সঙ্গে সকাল সকাল মাঝ নদীতে, নৌকাবিহারে!

    শুধু নৌকাবিহার হলেও কথা ছিল, রীতিমতো খেলনা নিয়ে লম্ফঝম্প শুরু করে দিয়েছে পদ্ম। যাদেরই দেখছে, মামা সম্বোধন করছে। দেখে শুনে এ অভিনেত্রীর দাবি— সবাই ওর মামা।

    পদ্ম কীভাবে চোট পেয়ে চোখে আঘাত পেয়েছিল? মারাত্মকভাবে তার চোখ ফুলে গিয়েছিল? অথচ পরীকে তার বাড়ির কেউ সদুত্তর দিতে পারেননি, যা অভিনেত্রী পরে সামাজিকমাধ্যমে লেখেন। তিনি যে পরিজনদের আচরণে হতাশ, সে কথাও স্পষ্ট ভাষায় লিখতে ভোলেননি। এর তিন দিন পরেই অবশ্য পদ্ম উঠে বসেছে। হাতে দুধের গ্লাস নিয়ে সাইকেলে চেপে বনবন চক্কর কেটেছে বাড়ির ভেতরেই। রোববার সে মায়ের সঙ্গে বেড়াতে বেরিয়ে পড়েছে।

    মা-ছেলের ভ্রমণের ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির পাতায় ভাইরাল। সম্ভবত মাঝ দরিয়ায় দাঁড় করানো নৌকাটি। ছোট ছোট ঢেউ নৌকার গায়ে এসে পড়ছে। তাতে অল্প দুলে উঠছে সেটি। শীত শুরুর মিঠে রোদের আমেজ গায়ে মেখে পদ্ম রকমারি খেলনা নিয়ে মেতে উঠেছে খেলায়। খেলতে খেলতেই একসময় সে পরীমনির সহকারীর কোলে। তাকেই তার ‘মামা’ সম্বোধন।

    পরীর দাবি, তিনি ছেলেকে এই সম্বোধন সেখাননি। ছেলে নিজের বুদ্ধিতেই যে কোনো পুরুষকে মায়ের ভাই পাতিয়ে নিচ্ছে!

  • বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

    বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

    আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে বিশ্ব ইজতেমার দুই পর্বের সময় নির্ধারিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব শুরু হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

    তাবলীগ জামাতের দুই পক্ষকে নিয়ে সোমবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

    আগামী বছরের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

    তবে কে, কোন তারিখ পাচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগে ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

    উল্লেখ্য, তুরাগ নদীর তীরে ১৯৬৭ সাল থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাওয়া-আসায় সুবিধার জন্যে গত ২০১১ সাল থেকে সমাবেশটি দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।

    তবে ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে দুজন নিহত ও শতাধিক আহত হন। এরপর থেকে আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়ে পড়ে তাবলিগ জামাত।

    ২০১৯ সাল থেকে আলাদাভাবে বিশ্ব ইজতেমা ও তাবলিগের কার্যক্রম পরিচালনা করেন তারা। প্রথম পর্বে জোবায়েরপন্থি ও দ্বিতীয় পর্বে সাদপন্থিরা আয়োজক হিসেবে ভূমিকা রাখছেন।

  • গান বাংলার তাপস গ্রেফতার

    গান বাংলার তাপস গ্রেফতার

    বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।

    তিনি বলেন, গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

  • ট্রাম্প হারলে ফল প্রত্যাখানের হুমকি সমর্থকদের, দাঙ্গার শঙ্কা

    ট্রাম্প হারলে ফল প্রত্যাখানের হুমকি সমর্থকদের, দাঙ্গার শঙ্কা

    রোববার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সবশেষ সমাবেশে অংশ নিতে উত্তর ক্যারোলিনায় এসেছেন ৫৫ বছর বয়সি ভিকি ওয়েস্টব্রুক। তিনি পাঁচ সন্তানের মা এবং দুই সন্তানের দাদি।

    কিন্তু তাতে কি! ট্রাম্পের এই কট্টর নারী সমর্থক জানিয়েছেন, রিপাবলিকানরা ট্রাম্পকে জয়ী করতে ‘যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা বা পদক্ষেপ নিতে প্রস্তুত’।

    ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন সকালেই নিজেকে জয়ী ঘোষণা করেছিলেন ট্রাম্প। ক্ষমতা হস্তান্তরের আগে তার সমর্থকরা ক্যাপিটাল হিলে দাঙ্গা তৈরি করে।

    রিপাবলিকান সমর্থকদের দাবি, কারচুপি করে হারানো হয়েছিল ট্রাম্পকে। কিন্তু এবার দ্বিতীয়বার ভোট চুরি করা যাবে না। ট্রাম্পকে যে কোনো মূল্যে জয়ী করতে প্রস্তুত তারা।

    ভিকি ওয়েস্টব্রুক বলেন, ভোট চুরি ঠেকাতে তিনি ‘নিজের কাছে বন্দুক রাখছেন’।

    তিনি আরো বলেন, ‘আমার বাচ্চা আছে, জেলে যাওয়ার সামর্থ্য আমার নেই। আর আমি কমলাকে পছন্দ করি না’।

    রিপাবলিকান সমর্থকদের অনেকের আশঙ্কা ট্রাম্প নির্বাচনে হেরে গেলে সংঘাত তৈরি হতে পারে। এই মুহুর্তে, অনেক রিপাবলিকান (পরাজয় মেনে নেওয়া) এটি আর নিতে যাচ্ছে না। তারা আমাদের কাছ থেকে ‘দুইবার নির্বাচন চুরি’ হতে দেবে না।

    ওয়েস্টব্রুক নিশ্চিত করে বলছেন, ২০২০ নির্বাচনে ট্রাম্পের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। মঙ্গলবার কমলা হ্যারিস জিতলে মনে করা হবে ‘ভোট চুরির’ কারণেই এটি হয়েছে।

    ‘যদি তারা প্রতারণা করে। আমি এটা নিয়ে একেবারেই ইতিবাচক।’

    এর মাধ্যমে এটা অনুমেয়, ট্রাম্প সমর্থকরা কথিত প্রতারণা নিয়ে বিচলিত নয়। বরং অজুহাত তুলে দাঙ্গা কিংবা সংঘাত জড়াতে অনেক বেশি উৎসাহী।

    ট্রাম্প বছরের পর বছর ধরে ভোট কারচুপি হয়েছে এই ধরনের অভিযোগ করে আসছেন। সাম্প্রতিক দিনগুলোতে তার বক্তৃতায় এই তীব্রতা বাড়ছে। ভোট গণনার ফলাফল গ্রহণ করবেন কি না ট্রাম্প তা নিয়ে বারবার অনিশ্চয়তামূলক বক্তব্য দিয়েছেন তিনি। সর্বশেষ রোববার পেনসিলভানিয়ায় সমর্থকদের ট্রাম্প বলেছেন, চার বছর আগে হোয়াইট হাউস ত্যাগ করা তার উচিত নয়।

    পাবলিক রিলিজিয়ন রিসার্চ ইনস্টিটিউটের একটি সাম্প্রতিক সমীক্ষা বলছে, প্রতি চারজনের মধ্যে একজন রিপাবলিকান সমর্থক বিশ্বাস করেন, ট্রাম্প যদি নির্বাচনে হেরে যান, তবে তার উচিত ফলাফলকে অবৈধ ঘোষণা করা এবং হোয়াইট হাউস পুনরুদ্ধার করার জন্য ‘যাই লাগে তাই করা উচিত’।

    আফ্রিকান আমেরিকান ট্রাম্প সমর্থক ৩৮ বছর বয়সী সেড্রিক পারনেস বলেছেন, ‘ট্রাম্প না জিতলে মানুষ দাঙ্গা করবে। তিনি বলেছেন, নির্বাচন-পরবর্তী অস্থিরতায় অংশ নেওয়া তার পক্ষে খুব বিপজ্জনক হবে। পরক্ষণে বলেন, ‘আমি ঠিক সেখানেই নিহত হব।’