Blog

  • বরিশাল আদালত পেলো নতুন জিপি-পিপি-এপিপি

    বরিশাল আদালত পেলো নতুন জিপি-পিপি-এপিপি

    বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে নতুন সরকারি কৌঁসুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), বিশেষ পিপি, অতিরিক্ত পিপি ও সহকারী পিপিদের তালিকা প্রকাশ করা হয়েছে।

    বরিশাল জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে।

    ওই তালিকা পেয়ে বুধবার দায়িত্বভার গ্রহণ করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রকাশিত তালিকায় ১৪৫ জনের নাম রয়েছে।

    প্রকাশিত তালিকায় সরকারি কৌঁসুলি (জিপি) হলেন এবিএম ফজলুল হক।

    এছাড়া অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে রয়েছেন চারজন। এরা হলেন মো. মাহমুদ হোসাইন আল-মামুন, মো. জোবাইদুল ইসলাম খান (সবুজ), মো. জাহিদ হোসেন লিটন এবং মো. আবুল খায়ের। এছাড়া সহকারী কৌঁসুলি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ১৫ জন আইনজীবী।

    অপরদিকে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হলেন আবুল কালাম আজাদ। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হয়েছেন আব্দুল মন্নান মৃধা। এ ট্রাইব্যুনালে একজন অতিরিক্ত ও একজন সহকারী পাবলিক প্রসিকিউটর দেয়া হয়েছে।

    বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি হয়েছেন এইচএম মজিবুর রহমান সবুজ। এ আদালতেও একজন অতিরিক্ত ও একজন সহকারী পাবলিক প্রসিকিউটর দেয়া হয়েছে।

    দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি হয়েছেন মো. মহসিন মন্টু। এ ট্রাইব্যুনালে একজন অতিরিক্ত পিপি দেয়া হয়েছে।

    জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে পিপি হয়েছেন মো. শহিদ হোসেন। এ ট্রাইব্যুনালে একজন অতিরিক্ত পিপি দেয়া হয়েছে।

    মানব পাচার ট্রাইব্যুনালের বিশেষ প্রসিকিউটর হয়েছেন মো. লিয়াকত আলী খান। এ ট্রাইব্যুনালেও একজন অতিরিক্ত বিশেষ প্রসিকিউটর দেয়া হয়েছে। সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের পিপি হয়েছেন কাজী বশির উদ্দিন।

    সাইবার ট্রাইব্যুনালে পিপি হয়েছেন এস.এম. সাদিকুর রহমান লিংকন। এ ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপির নিয়োগপ্রাপ্ত হয়েছেন মো. শাহ আলম।

    এছাড়াও বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে ২১ জনকে অতিরিক্ত পিপি ও ৮৮ জনকে সহকারী পিপি হিসেবে নিয়োগ দেয়া হয়।

    এ বিষয়ে সদ্য নিয়োগ পাওয়া পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। যা নিয়ে সবাই খুশি।

    অপরদিকে নিজের চাহিদা অনুযায়ী আদালত না পেলেও কেউ অখুশি নয় বলে জানিয়েছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন মন্টু।

  • ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

    ববি শিক্ষার্থীদের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাইশা ফৌজিয়া (২০) নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত বাসচালককে গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার মহাসড়ক অবরোধ করেছেন।

    এ সময় ঘাতক চালকের বিচারের দাবিতে মিছিল বের করেন তারা। চালককে গ্রেফতার না করা পর্যন্ত তারা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখার ঘোষণা দিয়েছেন।

    বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় নারায়ণগঞ্জ পরিবহন নামে কুয়াকাটা থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়।

    আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নিহত মাইশার জানাজার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    শিক্ষার্থীরা বাসটিকে জব্দ করলেও এর চালক ও সহকারী পালিয়ে যান। পরে শিক্ষার্থীরা বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

    এ কারণে মহাসড়কে দিবাগত রাত ১টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। শিক্ষার্থীরা বাসচালককে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আবার বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচল আবার বন্ধ হয়ে যায়।

    অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, বাসচালককে গ্রেফতারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা আবার সড়কে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন, ‘পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে খুব দ্রুত বাসচালক ও মালিকপক্ষকে আইনের আওতায় আনা হবে। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করবো, তারা যেন একটু ধৈর্য ধরে।

    এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইঞা বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমাদের ফোর্স ইতোমধ্যে দোষীদের গ্রেফতারের জন্য কাজ করছে। অতিদ্রুতই আমরা তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।

    নিহত মাইশা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

  • বরিশালে বিআরটিসি বাস থেকে বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার

    বরিশালে বিআরটিসি বাস থেকে বিলুপ্ত প্রজাতির ২২২ কচ্ছপ উদ্ধার

    বরিশালের লাহারহাট ফেরিঘাটে বিআরটিসি বাস থেকে বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করেছে র‍্যাব।

    এ সময় কচ্ছপ পাচারের অভিযোগে বাসটির সুপারভাইজার মো. ফয়সাল (২৭) ও সহকারী মো. সজিব শেখকে (২৬) আটক করা হয়।

    বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-৮ বরিশাল সদর দপ্তর।

    র‍্যাব জানায়, বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা-বরিশাল সড়ক পথে বিআরটিসির বাসে করে বিলুপ্ত প্রজাতির কচ্ছপ পাচার করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে মহানগরীর বন্দর থানা এলাকার লাহারহাট ফেরিঘাটে অভিযান চালায় র‍্যাব।

    এ সময় ওই বাসটি তল্লাশি করে চারটি বস্তায় বিলুপ্ত প্রজাতির ২২২টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপের ওজন ১৬০ কেজি।

    র‍্যাব আরও জানায়, আটক আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা শেষে থানায় পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকৃত কচ্ছপগুলো বরিশাল সদর বন সংরক্ষণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

  • ঘরের মাঠেই হোয়াইটওয়াশ টাইগাররা

    ঘরের মাঠেই হোয়াইটওয়াশ টাইগাররা

    দুই ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের কারণে তিন দিনেই চট্টগ্রাম টেস্ট শেষ। ইনিংস ও ২৭৩ রানের বড় ব‍্যবধানে হারল বাংলাদেশ।

    এই পরাজয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারাল টাইগাররা।

    দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ঢাকায় ব্যাটিং বিপর্যয়ের কারণে ৭ উইকেটে হারে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে ইনিংস ব্যবধানে হারে টাইগাররা।

    চট্টগ্রাম টেস্টে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তিন সেঞ্চুরি আর দুই ফিফটির সাহায্যে ৫ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে।

    বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৫৯ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন মুমিনুল হক সৌরভ।

    ৪১৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস পরাজয় এড়াতে নেমেও ব্যাটিং ধস টাইগারদের। ৯৪ রানে প্রথম সারির ৮ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের দুয়ারে চলে যায়।

    নবম উইকেটে দুই বোলার হাসান মাহমুদ ও মাহমুদুল হাসান আকন ৩৬ বল মোকাবেলা করে ৩৭ রানের পার্টনারশিপ গড়েন। তাদের কল্যাণেই শত রানের আগে গুঁড়িয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত ১৪৩ রান তুলতে সক্ষম হয়।

    চট্টগ্রাম টেস্টে ইনিংস ও ২৭৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। এর আগে ঢাকা টেস্টে ৭ উইকেটের জিতে প্রোটিয়া দলটি।

  • ইসি গঠনে ৬ সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি

    ইসি গঠনে ৬ সদস্যের সার্চ কমিটির প্রজ্ঞাপন জারি

    আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে সার্চ (অনুসন্ধান) কমিটি করা হয়েছে।

    বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।

    নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

    কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক সদস্য হলেন- বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

    এছাড়া আইন অনুযায়ী পদাধিকারবলে সদস্য হিসেবে আছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

    এই সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দেবে।

    নির্বাচন কমিশন গঠনের আইনে বলা হয়েছে, অনুসন্ধান কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে প্রতিটি শূন্য পদের বিপরীতে রাষ্ট্রপতির কাছে দুজন ব্যক্তির নাম সুপারিশ করবে। তিনজন সদস্যের উপস্থিতিতে অনুসন্ধান কমিটির সভার কোরাম গঠিত হবে।

    অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলি সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

  • সাবেক ২ এমপি ও ইউনিয়ন ব্যাংকের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক ২ এমপি ও ইউনিয়ন ব্যাংকের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

    ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম মোকাম্মেল হক চৌধুরী, বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. নুরুল ইসলাম তালুকদার এবং ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান, তার স্ত্রী শামিমা হাবিব, দুই সন্তান আবুর হাসান তানিম ও সনিয়া হাসান তন্নির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

    এদিন দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান এবিএম মোকাম্মেল হক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

    আবেদনে বলা হয়েছে, মোকাম্মেল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে এস আলম গ্রুপের পরিবারের সদস্যদের অনুকূলে বেআইনিভাবে পাঁচ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট বাক্তি তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। তিনি ত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।

    অপরদিকে, বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

    ওই আবেদনে বলা হয়েছে, মো. নুরুল ইসলাম তালুকদার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সাধ্যমে টিআর কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য মতে, দেশের বর্তমান বাস্তবতায় মো. নুরুল ইসলাম তালুকদার দেশ ত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।

    অন্যদিকে, ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, তার স্ত্রী শামিমা হাবিব, দুই সন্তান আবুর হাসান তানিম ও সনিয়া হাসান তন্নির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক সিরাজুল হক।

    আবেদন বলা হয়েছে, হাবিব হাসানের বিরুদ্ধে ভূমি দস্যুতা, পরিবহণ চাঁদাবাজি, পদ বাণিজ্য, ডোনেশনের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচার করে ছেলের নামে কানাডায় বাড়ি ক্রয়সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ অনুসন্ধানে মানলা রুজু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। তারা বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।

  • তুরস্কে কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ

    তুরস্কে কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ

    ২০১৬ সালের পর এই প্রথম তুরস্কে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ।

    বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

    এর আগে গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে এ প্রতিযোগিতার বাছাইপর্বে দেশের শতশত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মুয়াজ।

    উল্লেখ্য, হাফেজ মুয়াজ ঢাকার মিরপুর-১ এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী, ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তিনি এই মাদরাসা থেকে হাফেজ হয়েছেন। এখন কিতাব বিভাগে পড়াশোনা করছেন।

  • তারেক রহমানের ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা বাতিল

    তারেক রহমানের ‘রাষ্ট্রদ্রোহ’ মামলা বাতিল

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ চার জনের বিরুদ্ধে নয় বছর আগে করা রাষ্ট্রদ্রোহ মামলার খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।

    মামলা থেকে খালাস পাওয়া বাকিরা হলেন- একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান ও জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ার।

    তারেক রহমানের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামালসহ আরও কয়েকজন আইনজীবী।

    এ বিষয়ে অ্যাডভোকেট কায়সার কামাল বলেন, ‘আদালত বলেছেন, এ মামলার কোনো ভিত্তি নেই। মামলাটির চার্জশিট (অভিযোগপত্র) মেকানিক্যাল। মামলার চার আসামিই এই আদেশের সুবিধা পাবেন।’

    তাই চারজনই এ মামলা থেকে খালাস পাবেন বলে জানিয়েছেন এই আইনজীবী।

    মামলায় অভিযোগে বলা হয়, ‘লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি দিতে এবং প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন।

    ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করে।

    তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন ওই বছরের ৮ জানুয়ারি ওই থানায় তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন।

    তদন্ত শেষে ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন গোয়েন্দা পরিদর্শক এমদাদুল হক।

    সেখানে তারেক ও সালামের সঙ্গে যোগ করা হয় একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান এবং জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ারের নাম।

  • নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করায় পাঁচজন ৩ দিনের রিমান্ডে

    নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করায় পাঁচজন ৩ দিনের রিমান্ডে

    রাজধানীর গুলিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের হয়ে বিক্ষোভ মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পাঁচজনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

    রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. সাকের হোসেন (৩৮), রিফাত শেখ (২২), আকরাম হোসেন বাদল (৪৫), নূরজাহান আক্তার স্মৃতি (৩৫) ও সাদিয়া আফরিন (২৩)।

    এদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক অমিত কুমার বিশ্বাস। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড আদেশ দেন।

    মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ অক্টোবর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ৮টা ৪৫ মিনিটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩০-৪০ জন অজ্ঞাতনামা নেতাকর্মী মিছিল করে। এ সময় পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই পল্টন থানার পরিদর্শক কাজী নাসিরুল আমিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

  • নতুন নাম পেল ৬ সরকারি মেডিক্যাল

    নতুন নাম পেল ৬ সরকারি মেডিক্যাল

    দেশের ছয়টি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে।

    বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

    যে ছয়টি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে, সেগুলো হলো– ১. শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, জামালপুর; ২. শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল; ৩. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুর; ৪. কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ; ৫. আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ, নোয়াখালী এবং ৬. এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর।

    এসব মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে জামালপুর মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ, নোয়াখালী মেডিক্যাল কলেজ, দিনাজপুর মেডিক্যাল কলেজ নামে নামকরণ করা হয়েছে।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।