Blog

  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের অনুসন্ধানে সিআইডি

    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের অনুসন্ধানে সিআইডি

    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে অর্থপাচারের অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে বিভিন্ন তথ্য ও অভিযোগের ভিত্তিতে সাইফুজ্জামান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, লন্ডন, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে অর্থপাচারের অনুসন্ধান পরিচালনা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

    বৃহস্পতিবার সিআইডির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ২০০৫ সালে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ যুক্তরাষ্ট্রে নাহার ম্যানেজমেন্ট ইনকরপোরেটেড নামে একটি প্রতিষ্ঠান খোলেন। ২০০৫ সাল থেকে বিভিন্ন সময়ে এই প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্রে ৯টি ফ্ল্যাট কেনেন। ২০১৪ ও ২০১৫ সালে কম্পিউটার সফটওয়্যার ব্যবসা করার জন্য দুবাইয়ে র‌্যাপিড র‌্যাপ্টর এফজিই এবং জেবা ট্রেডিং এফজিই নামে ২টি প্রতিষ্ঠান খোলেন।

    এ ছাড়া তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরীর নামে আল-বারশা সাউথ-থার্ড এলাকায় কিউ গার্ডেন্স ও বুটিক রেসিডেন্সে ২টি ফ্ল্যাট কিনেন, যার দাম ২২ লাখ ৫০ হাজার ৩০০ দিরহাম। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং আরব আমিরাতে ৬২০টি বাড়ি কেনেন, যার বাজারমূল্য প্রায় ৪৮ কোটি ডলার। ব্যবসায়িক উদ্দেশ্যে সাইফুজ্জামান চৌধুরী ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত নিজের ও স্ত্রী রুখমিলা জামানের নামে যুক্তরাজ্য ও দুবাইয়ে ৮টি প্রতিষ্ঠান খোলেন, যার স্থায়ী ও চলতি সম্পদের মূল্য ২১ কোটি ৭২ লাখ ৬০ হাজার ডলার।

    অভিযোগ রয়েছে, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ দিয়ে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাতে এসব কোম্পানি খুলে বিনিয়োগ করেছেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত যে ২১টি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দিয়েছে সেই তালিকায় সাইফুজ্জামান চৌধুরী বা তার পরিবারের কারো নাম নেই।

    সিআইডি আরও জানায়, ভোটের আগে নির্বাচন কমিশনে সাইফুজ্জামান চৌধুরী যে সম্পদ বিবরণী জমা দেন, সেখানে তার বিদেশে থাকা সম্পদের কোনো তথ্য নেই। অর্থপাচার মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুসারে একটি সম্পৃক্ত অপরাধ বিধায় সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

  • দীঘি-শাওনের বিয়ে দেখাতে আর কোনো বাধা নেই

    দীঘি-শাওনের বিয়ে দেখাতে আর কোনো বাধা নেই

    অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ও অভিনেতা সৈয়দ জামান শাওন।শিগগিরই এই দুই তারকার এক জাঁকজমক বিয়ের আসর দেখতে যাচ্ছে দর্শকেরা।তাদের এই বিয়ের আয়োজনটি কোনো কমিউনিটি সেন্টার বা বাসা-বাড়িতে নয়, বসবে সিনেমা হলে (প্রেক্ষাগৃহ)!

    জানা গেছে, বিয়ের আয়োজনটিতে ভিন্নতা থাকায় এটি দেখাতে আয়োজকদের বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে।এ জন্য নিতে হয়েছে অনুমতি।কারণ, অভিনেত্রী দীঘির এই বিয়ে হবে প্রেক্ষাগৃহের বড় পর্দায়।‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ নামের একটি সিনেমায়।

    সিনেমাটি গত ৩০ অক্টোবর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতিপত্র পেয়েছে। ফলে দীঘি-শাওনের বিয়ে দেখাতে আর কোনো বাধা থাকছে না।

    অনুমতিপত্রে উল্লেখ করা হয়েছে, কোনো দৃশ্য কাটা ছাড়াই সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’। অর্থাৎ সিনেমাটি সব বয়সি দর্শকরা দেখতে পাবেন।

    এদিকে সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও ‘ইউ’ গ্রেডের সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা।

    সিনেমাটিতে প্রিয়ন্তীর চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার সেই গল্পে থাকছে মূল চরিত্র প্রিয়ন্তীর বিয়ে।

    দীঘি ও শাওন ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কারিনা কায়সার, গোলাম কিবরিয়া তানভীর, মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, আবু হুরায়রা তানভীর, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী প্রমুখ।

  • সমুদ্রে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

    সমুদ্রে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

    দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান বলেছেন, উত্তর কোরিয়া উত্তর-পূর্ব দিকের সমুদ্রে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। উত্তর কোরিয়ার ব্যালেস্টিক মিসাইল হলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র; যা উচ্চকোণ থেকে ছোড়া যায়।

    একদিন আগেই দক্ষিণ কোরিয়ার সামরিক গোয়েন্দারা সেই দেশের সংসদ সদস্যদের জানিয়েছিলেন, উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্র পর্যন্ত গিয়ে আঘাত হানতে পারে, এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও তারা এবার পরীক্ষা করতে চলেছে।

    জাপানের কোস্টগার্ড জানিয়েছে, মিসাইলটি তাদের ওকুশিরি দ্বীপ থেকে তিনশ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে।

    জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি জানিয়েছেন, অন্তত একটি আইসিবিএম পর্যায়ের ব্যালেস্টিক মিসাইল পিয়ংইয়ং থেকে উত্তরপূর্ব দিকে ছোড়া হয়েছে। এটা এক হাজার কিলোমিটার দূরত্ব পার করেছে। মিসাইলের সবচেয়ে বেশি উচ্চতা ছিল সাত হাজার ফিট।

    নাকাতানি বলেন, উত্তর কোরিয়া এখনো পর্যন্ত যত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তার মধ্যে এই মিসাইলটি সবচেয়ে বেশি সময় ধরে গেছে। তাই বর্তমানে চালু ক্ষেপণাস্ত্রগুলো থেকে এটি আলাদা।

    উত্তর কোরিয়ার অস্ত্রপরীক্ষা

    ২০২২ সাল থেকে পিয়ংইয়ং তাদের অস্ত্রপরীক্ষার গতি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ২০২৩ সালে উত্তর কোরিয়ার সংবিধানে পরমাণু অস্ত্রের বিষয়টি ঢোকানো হয়, পরে তাদের পার্লামেন্ট তা অনুমোদন করে।

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছিলেন, পরমাণু অস্ত্রের আধুনিকীকরণ খুবই জরুরি। দেশের কৌশলগত প্রতিরোধ ব্যবস্থার জন্যই তা দরকার। গত মাসে কিম দুইটি ভিন্ন ধরনের মিসাইল পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখেন বলে উত্তর কোরিয়া জানিয়েছে। তার মধ্যে একটিতে বিশাল বড় প্রচলিত অস্ত্র নিয়ে যাওয়া যেতে পারে। অন্যটি হলো ক্রুজ মিসাইল। ইঙ্গিত দেওয়া হয়েছিল, এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম।

    বৃহস্পতিবারই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছিলেন, ইউক্রেনের কাছে কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনা রাশিয়ার সেনার পোশাকে রাশিয়ার অস্ত্র নিয়ে এগোচ্ছে।

    দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হাইয়ুনকে সঙ্গে নিয়ে অস্টিন বলেছিলেন, উত্তর কোরিয়ার এই সেনাকে যুদ্ধে নামাবে রাশিয়া। বলা হচ্ছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সাহায্য করতে উত্তর কোরিয়া তাদের ১২ হাজার সেনা পাঠিয়েছে।

  • বাংলাদেশের মাঠে দ.আফ্রিকার রেকর্ড

    বাংলাদেশের মাঠে দ.আফ্রিকার রেকর্ড

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জয় ও প্রথমবার সিরিজ জয়ের আশায় খেলতে নেমে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ ক্রিকেট দল।

    আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরে গিয়ে (২-০) ব্যবধানে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। সেই আনন্দ বেশি দিন টেকেনি। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফরে গিয়ে একই ব্যবধানে হোয়াইটওয়াশ হয় টাইগাররা।

    ভারত সফর থেকে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের কারণে প্রথম টেস্টে ৭ উইকেটে হেরে যাওয়া বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৭৩ রানের বিশাল ব্যবধানে হেরে যায়।

    চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলকে ইনিংস ও ২৭৩ রানের বড় ব্যবধানে হারিয়ে নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়।

    এর আগে ২০১৭ সালে ঘরের মাঠ ব্লুমফন্টেইনে ইনিংস ও ২৫৪ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এবারের সফরের আগে উপমহাদেশে গত ১০ বছরে টেস্ট জয় ও টেস্ট সিরিজ জয় পায়নি প্রোটিয়ারা। বাংলাদেশ সফরে সেই খরা কাটাল দক্ষিণ আফ্রিকা।

    বাংলাদেশের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে বড় পরাজয় এটি। এর আগে ২০০২ সাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ৩১০ রানের বড় ব্যবধানের হেরেছিল টাইগাররা।

  • জামান পার্কে ইমরানের স্ত্রী, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

    জামান পার্কে ইমরানের স্ত্রী, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

    সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি বৃহস্পতিবার জামান পার্কে পৌঁছেছেন। তার আগমনের পূর্বেই সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    সূত্রমতে, বুশরা বিবি লাহোরে তার ডেন্টাল চেক-আপের জন্য আসেন এবং এই মেডিক্যাল অ্যাপয়েন্টমেন্ট শেষেই তিনি ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে।

    এদিকে বুশরা বিবির এই আগমনের কারণে জামান পার্কে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যেখানে দাঙ্গা-বিরোধী স্কোয়াড এবং কয়েদি পরিবহনকারী ভ্যানও রাখা হয়েছে।

    এই নিরাপত্তা ব্যবস্থা জামান পার্ক এলাকায় সমাবেশে আসা পিটিআই কর্মীদের উপস্থিতি বিবেচনায় নিয়ে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • বিসিএস পরীক্ষা দেওয়া নিয়ে নতুন সিদ্ধান্ত

    বিসিএস পরীক্ষা দেওয়া নিয়ে নতুন সিদ্ধান্ত

    একজন শিক্ষার্থী বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় সর্বোচ্চ কতবার অংশ নিতে পারবেন- এ নিয়ে আলোচনার মধ্যে নতুন সিদ্ধান্ত দিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় সর্বোচ্চ চারবার অংশগ্রহণ করতে পারবেন।

    বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এতে জানানো হয়, ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যন্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর আলোকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবে- এরূপ বিধি সংযোজনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে উপদেষ্টা পরিষদ নির্দেশনা দিয়েছে।’

    এর আগে গত ২৪ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস পরীক্ষায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিন বার অংশ নিতে পারবে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হওয়া সেই সিদ্ধান্ত থেকে সরে এলো অন্তর্বর্তীকালীন সরকার।

  • রেলওয়ের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

    রেলওয়ের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

    বাংলাদেশ রেলওয়ের ‘ওয়েম্যান’ পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির যুগ্ম মহাপরিচালক (অপারেশন) এএম সালাহ উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়- প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত তথ্য, ডকুমেন্ট, সনদ ইত্যাদির সত্যতা যাচাই করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

    এছাড়া নিয়োগের পর কোনো যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে ওই প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। একই সঙ্গে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হবে। চাকরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

    এতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

  • ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ১২৪৮ জন

    ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ১২৪৮ জন

    এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ২৭৭ জন।

    গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৪৮ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৯১১ জনে।

    রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে ঢাকা বিভাগের চারজন। এ ছাড়া বরিশাল বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন মারা গেছেন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭৮ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৬৭ জন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ২৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২০৭ জন, খুলনা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, বরিশাল বিভাগে ১৫১ জন, রংপুরে ২৩ জন ও সিলেট বিভাগে চারজন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।

    এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

    ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

    এ ছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান

  • দিনে ৯০০ কোটি টাকার রেমিট্যান্স আসছে দেশে

    দিনে ৯০০ কোটি টাকার রেমিট্যান্স আসছে দেশে

    চলতি অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯৪ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ৩৯ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৯০০ কোটি টাকা।

    রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের ২৬ অক্টোবর পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫৪ কোটি ৭৩ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ১০ কোটি মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৯ কোটি ৭০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ হাজার মার্কিন ডলার প্রবাসী আয়।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার।তার পরের মাস ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৪৫ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ১৯৯ কো‌টি ৭০ লাখ ৭০ হাজার ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২২৫ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলার, জুনে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার, জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে আসে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে দুই হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স আসে দেশে।দেশীয় মুদ্রার যার পরিমাণ দুই লাখ ৮২ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ডলার।

  • কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য: নাহিদ

    কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য: নাহিদ

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহী করে কর্মসংস্থান সৃষ্টি অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য।

    রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সাথে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

    নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র সংস্কারের কার্যক্রম চলছে, সেখানে অর্থনৈতিক সংস্কারও হবে। বিদেশী বিভিন্ন কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে অন্তর্বর্তী সরকার উপযুক্ত পরিবেশ তৈরির চেষ্টা করছে, যাতে দেশে বিদেশী বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়।

    রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে চতুর্থ বৃহৎ বিনিয়োগকারী দেশ। স্যামসাং, এলজির মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে। কিন্তু উচ্চ কর হারের কারণে উৎপাদন খরচ বেশি হওয়ায় তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

    এ সময় ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) বাস্তবায়নের মাধ্যমে অবৈধ মোবাইল ফোন বন্ধের সুপারিশ এবং বাংলাদেশের সাথে যৌথ বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত।

    উপদেষ্টা নাহিদ বলেন, কর কমানোর বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সম্পর্কিত। অর্থনৈতিক সংস্কারের সময় কর কমানোর বিষয়টি বিবেচনা করা হবে যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়।

    তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, আমরা স্থানীয় প্রস্তুতকারী শিল্পগুলোকে উৎসাহিত করতে চাই। সে জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে।

    ডাক ও টেলিযোগ যোগাযোগ বিভাগের সচিব ড. মুশফিকুর রহমান সরকারি প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেডে বিনিয়োগের জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান।

    সাক্ষাতকালে ডেপুটি চিফ অব মিশন ঝিনহি ব্যাক, স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হুয়াংসুং প্রমুখ উপস্থিত ছিলেন।