Blog

  • এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

    এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

    জাতি গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই সুযোগ নষ্ট হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে।

    রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ গঠন অনুষ্ঠানে এসব কথা বলেন ইউনূস। দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে কাজ করার আহ্বানও জানান তিনি।

    সকালে এই অনুষ্ঠানের মাধ্যমে দুই বাহিনীর পর্ষদ গঠিত হয়। জাতির এই অগ্রযাত্রায় নৌ বাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সাথে জনগনের পাশে থাকবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বিগত দিনে যেমন সহযোগিতা পেয়েছে আগামীতেও যেন জনগণ তা পায়, এই প্রত্যাশা ব্যক্ত করেন। তাই দক্ষ নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে তা সঠিক ভাবে পালনের আহ্বান করেন।

  • প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট-চেকিং ফেসবুক পেজ চালু

    প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট-চেকিং ফেসবুক পেজ চালু

    সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে একটি ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন তথ্যের সত্যতা তুলে ধরা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড পেজে এক পোস্টে জানানো হয়েছে এ তথ্য।

    পোস্টে বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে একটি ফ্যাক্ট চেকিং ফেসবুক পেজ চালু করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সবাইকে পেজটির সঙ্গে যুক্ত থাকার আহ্বান।’

    পেজটি পরিদর্শন করে দেখা গেছে, ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া দুটি তথ্যের ফ্যাক্ট চেক করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ‘ওয়াশিংটন পোস্ট’-এ একটি ভুয়া প্রতিবেদন।

    প্রতিবেদনটি ভুয়া জানিয়ে বলা হয়েছে, ‘সম্প্রতি জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় একটি কুচক্রী মহল ওয়াশিংটন পোস্টের নামে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি ভুয়া প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।’

    ‘ওয়াশিংটন পোস্ট প্রধান উপদেষ্টার প্রেস উইংকে নিশ্চিত করেছে যে, প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সবাইকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

  • তাপসকে দুদকে তলব

    তাপসকে দুদকে তলব

    দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে ৩ নভেম্বর তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে তাকে তলব করা হয়।

    এতে বলা হয়, শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য গ্রহণ একান্ত প্রয়োজন।

    নোটিশে আরও বলা হয়, উল্লিখিত অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আগামী ৩ নভেম্বর দুদক প্রধান কার্যালয়ে হাজির হওয়ার অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে তার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে।

  • ডিএমপির ১৭৩১ মামলায় জরিমানা ৬৫ লাখ টাকা

    ডিএমপির ১৭৩১ মামলায় জরিমানা ৬৫ লাখ টাকা

    জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘ট্রাফিক পক্ষ’। ৪ নভেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

    ট্রাফিক পক্ষের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৩১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এতে ৬৫ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

    এর আগে বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। অভিযানকালে ১০৩টি গাড়ি ডাম্পিং ও ৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।

    ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তালেবুর রহমান।

  • আহতদের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

    আহতদের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

    দেশবাসীর উদ্দেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে ১৫ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ তীব্র গণআন্দোলনের মাধ্যমে হাজারো প্রাণের বিনিময়ে দেশ স্বৈরশাসনের কবল থেকে মুক্তি লাভ করেছে। হাজার হাজার লোক আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। এখনো অনেকে চিকিৎসাধীন।

    তিনি বলেন, চিকিৎসা চলা অবস্থায় অনেকের মৃত্যু হচ্ছে। যারা জীবন দিয়েছেন আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। নিহত ও আহতদের পরিবার এবং আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের চিকিৎসার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

    বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার মগবাজারস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

    তিনি আরও বলেন, দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদসহ সব শ্রেণি-পেশার মানুষকে জুলাই-আগস্ট বিপ্লবের চেতনা অন্তরে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।

    এ সময় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যগণ উপস্থিত ছিলেন।

    বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০২৫-২০২৬ কার্যকালের জন্য নির্বাচিত জেলা ও মহানগরী আমিরগণের নাম ঘোষণা করেন।

  • শেখ হাসিনার ‘স্পষ্ট অবস্থান’ জানাল ভারতীয় গণমাধ্যম

    শেখ হাসিনার ‘স্পষ্ট অবস্থান’ জানাল ভারতীয় গণমাধ্যম

    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময়ে তার অবস্থান নিয়ে নানা তথ্য জানা গেছে। এমনকি ভারত ছেড়ে তৃতীয় দেশে চলে যাওয়ারও গুঞ্জন ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার স্পষ্ট অবস্থান জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

    বৃহস্পতিবার সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি সেফ হাউসে দুই মাসের বেশি সময় পার করেছেন শেখ হাসিনা।

    দ্য প্রিন্ট জানিয়েছে, নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে একটি সেফ হাউসে বসবাস করছেন তিনি। সেখানে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রী, সিনিয়র এমপি এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত একটি বাংলো শেখ হাসিনার জন্য বরাদ্দ করা হয়েছে। তবে নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার্থে সঠিক ঠিকানা বা রাস্তার বিবরণ প্রকাশ করা হয়নি।

    সূত্র জানিয়েছে, যথাযথ নিরাপত্তা ও প্রোটোকল নিয়ে শেখ হাসিনা মাঝে মধ্যে লোদি গার্ডেনে হাঁটাহাঁটি করেন। তার একটি শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা রয়েছে। সাধারণ পোশাকে সেসব কর্মকর্তারা তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেন। একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে তিনি এই সুরক্ষা পাচ্ছেন। তিনি দুই মাসেরও বেশি সময় ধরে এলাকাটিতে বসবাস করছেন। এখানে তার থাকার সব ব্যবস্থা করা হয়েছে।

    সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার কাছের কয়েকজন গত ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পদত্যাগ করে ভারতের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন। এরপর দুদিনের মধ্যে সেই জায়গা থেকে অন্যত্র চলে যান। এ ঘাঁটিতে তিনি পৌঁছালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সাক্ষাৎ করেন।

    আরেকটি সূত্র জানিয়েছে, তিনি ওই বিমানঘাঁটিতে বেশিক্ষণ ছিলেন না। সেখানে নিরাপদ ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। ফলে মাত্র কয়েক দিনের মধ্যে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল এবং তারপরে তাকে দিল্লির লুটিয়েন্স এলাকায় একটি নিরাপদ এবং সুরক্ষিত এলাকায় রাখা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে শেখ হাসিনা যে এলাকাটিতে রয়েছেন সেই সেটি একটি হাই সিকিউরিটি এলাকা। সেখানে ভারতের পার্লামেন্টের অনেক সাবেক ও বর্তমান সদস্যরা বসবাস করছেন। তিনি বাইরে যান কি না এমন প্রশ্নের জবাবে সূত্র জানিয়েছে, তার বাইরে যাওয়ার প্রয়োজনে বিষয়টি কোর নিরাপত্তা গ্রুপকে জানানো হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা করা হয়।

  • ঘূর্ণিঝড় ‘দানা’, সবচেয়ে খারাপ প্রভাব পড়বে ভারতের ওড়িশায়

    ঘূর্ণিঝড় ‘দানা’, সবচেয়ে খারাপ প্রভাব পড়বে ভারতের ওড়িশায়

    বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় দানা ভারতের ওড়িশায় সর্বোচ্চ শক্তি নিয়ে আঘাত হানবে। এরপর এটি পশ্চিমবঙ্গের দিকে যাবে। বৃহস্পতিবার সর্বশেষ আপডেটে এই তথ্য জানিয়েছেন ভারতের আবহাওয়া বিভাগের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র।

    বার্তাসংস্থা এএনআইকে মৃত্যুঞ্জয় বলেন, গতকাল বুধবার মধ্যরাতে ঘূর্ণিঝড় দানা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেয় এবং উত্তর-উত্তরপশ্চিমাঞ্চলের দিকে সরে আসে। দুপুরে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে ২০০ কিলোমিটার দক্ষিণপূর্ব দিকে অবস্থান করছিল।

    তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ের সবচেয়ে খারাপ প্রভাবটি পড়বে ওড়িশায়। এরপর যাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় বিভাগগুলোতে। কিন্তু দানা উপকূলে আঘাত হানার পর পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলের দিকে সরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে দক্ষিণ ঝারখণ্ডে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আমরা সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছি।

    এদিকে ঘূর্ণিঝড়টি আজ বৃহস্পতিবার রাতে ওড়িশায় প্রথম আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় এটির বাতাতের গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।

    ভারতের ওড়িশা এবং পশ্চিমবঙ্গ ছাড়া বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে।

    বঙ্গপোসাগরে উদ্ভূত প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় দানার আগমন এবং তার জেরে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে তৎপরতা শুরু করেছে ওড়িশার রাজ্য সরকার। রাজ্যের ঝুঁকিতে থাকা বিভিন্ন থেকে মোট ১০ লাখ ৬০ হাজার ৩৩৬ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

    ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১০ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরানো প্রয়োজন। বাসিন্দাদের নিকটবর্তী ফ্লাড সেন্টারে পৌঁছানোর জন্য জেলা প্রশাসনকে সময়সীমা বেধে দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

    ওই রাজ্যের বালেশ্বর, ভদ্রক এবং কেন্দ্রাপাড়ায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই সমস্ত এলাকা থেকে বহু মানুষকে সরানো হয়েছে। ভুবনেশ্বরস্থিত বিজু পট্টনায়ক বিমানবন্দরে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে ১৬ ঘণ্টার জন্য বিমান পরিষেবা বন্ধ থাকবে।

  • রাষ্ট্রপতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

    রাষ্ট্রপতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

    রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের থাকা বা না–থাকার বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

    বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

    বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘প্রেসিডেন্টের পদত্যাগের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে সরকার।’

    এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানিয়ে কয়েকদিন শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। সর্বশেষ আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা।

    এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়ত সময় পাননি।’

    এরপরই শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দেশজুড়ে আলোচনা হয়। একইসঙ্গে ওই মন্তব্যকে ঘিরে বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ওঠে।

  • আমুর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন

    আমুর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন

    নিয়োগ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক শিল্পমন্ত্রী ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বুধবার ( ২৩ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে আদালত বরাবর ওই আবেদন পাঠানো হয়েছে বলে জানা গেছে। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    গত ১৫ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তার বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাতসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। এর পরপরই দুদক উপপরিচালক রেজাউল করিম, সরকারি পরিচালক আবুল কালাম আজাদ ও উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, ঝালকাঠীতে নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী, নৈশপ্রহরী ও আয়া নিয়োগে দুর্নীতি ও অনিয়মের আশ্রয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আমু।

    তার নামে দেশে-বিদেশে বিপুল সম্পদ রয়েছে। তিনি নিজ নামে, স্ত্রী ও অন্যান্য আত্মীয়স্বজনের নামে-বেনামে সম্পদ অর্জন করেছেন।

    প্রসঙ্গত, গত ৬ আগস্ট আমুর ঝালকাঠির বাসভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ১৮ আগস্ট তার ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তার সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়।

  • ‘রাষ্ট্রপতি উদ্দেশ্যমূলকভাবে পদত্যাগপত্র সরিয়ে ফেলেছেন’

    ‘রাষ্ট্রপতি উদ্দেশ্যমূলকভাবে পদত্যাগপত্র সরিয়ে ফেলেছেন’

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনার পদত্যাগপত্র সংরক্ষণে ব্যর্থ হয়েছেন বা উদ্দেশ্যমূলকভাবে সরিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

    বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ইতালি বিএনপির সভাপতি আমিনুর রহমান সালামের সংবর্ধনা ও সাংবাদিকতা বিকাশে জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

    আসাদুজ্জামান রিপন বলেন, ‘প্রধানমন্ত্রী পদত্যাগপত্র সরাসরি বা অফিশিয়াল যেকোনো মাধ্যমে জমা দিতে পারেন, ফিজিক্যালি তিনি উপস্থিত থাকার প্রয়োজন নেই। শেখ হাসিনা তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি চুপ্পুর কাছে জমা দিয়েছেন, যা চরম সত্য। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন যে, তিনি সংবিধানের অধীনে সংসদ ভেঙে দিয়েছেন। এই পদত্যাগের পরিপ্রেক্ষিতেই রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু অফিশিয়াল ঘোষণা দিয়েছিলেন। তবে আড়াই মাস পর রাষ্ট্রপতি চুপ্পু বলেন- পদত্যাগপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি পদত্যাগপত্র হারিয়ে যায়, এর সম্পূর্ণ দায়ভার রাষ্ট্রপতির ওপর বর্তায়। তিনি সংরক্ষণে ব্যর্থ হয়েছেন বা উদ্দেশ্যমূলকভাবে পদত্যাগপত্র সরিয়ে ফেলেছেন। তবে শেখ হাসিনার পদত্যাগ করা বাস্তবতা এবং এটি নিয়ে আর কোনো বিতর্ক থাকা উচিত নয়।’

    তিনি বলেন, ‘গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বঙ্গভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়েছেন। তিনি এটিকে অফিশিয়াল স্টেটমেন্ট হিসেবে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন, যা টিভিসহ দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার হয়েছে। তখন রাষ্ট্রপতি বলেন- তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন।’

    রিপন বলেন, আওয়ামী লীগের শাসনামলে মিডিয়া, টেলিভিশন পত্র-পত্রিকার ওপর সরকারি সংস্থার চাপের কারণে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি। শত চাপের মুখেও কিছু মিডিয়া সত্য কথা তুলে ধরেছে। মিডিয়া হাউস ও মালিকদের প্রতি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি।

    জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপি কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও মহাসচিব মো. সারোয়ার হোসেন রুবেল।