Blog

  • জামায়াত ক্ষমতায় গেলে নারীদের হিজাব বাধ্যতামূলক হবে? যা বললেন ডা. শফিকুর

    জামায়াত ক্ষমতায় গেলে নারীদের হিজাব বাধ্যতামূলক হবে? যা বললেন ডা. শফিকুর

    জামায়াত ক্ষমতায় গেলে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা হবে কি না? এমন প্রশ্নের জবাবে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কাউকে কোনো কিছুতে বাধ্য করা হবে না। পোশাক পছন্দের দায়িত্ব নাগরিকের। রাষ্ট্র তার সবদিক থেকে সুস্থ সংস্কৃতি বিকাশে সহায়তা করবে। কাউকে কোনোকিছুতে বাধ্য করা হবে না।

    সম্প্রতি যমুনা টেলিভিশনের রাজনীতি সিজন-৩ টকশোতে অংশ ‍নিয়ে এসব কথা বলেন তিনি।

    ডা. শফিকুর রহমানকে আরও প্রশ্ন করা হয়, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কেমন থাকবেন? জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশ পাকিস্তান নাকি আফগানিস্তান হবে এমন প্রশ্ন প্রচলিত আছে।

    জবাবে জামায়াত আমির বলেন, জামায়াত সরকারে গেলে বাংলাদেশ পাকিস্তান হবে না, আফগানিস্তানও হবে না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে। জামায়াত ইসলামী বিশ্বাস করে, নারী-পুরুষের সম্মিলনে একটা সমাজ গড়ে ওঠে। সমাজ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যায়। নারীকে বাদ দিয়ে সমাজ নয়,পুরুষকে বাদ দিয়ে সমাজ নয়। যার যার অবস্থানে আল্লাহর দেওয়া মেধা, যোগ্যতা, দক্ষতানুযায়ী পরিবার ও জাতি গঠনে ভূমিকা রাখবে। এটি তাদের ন্যায্য অধিকার। এদিক থেকে বিবেচনা করলে আফগানিস্তানে কী হচ্ছে দেখছি না। শুধু মিডিয়ার মাধ্যমে কিছু খণ্ড চিত্র সামনে আসে। যেটুকু আসে তাই নিয়ে ধারণা।

    তিনি আরও বলেন, আমরা যে আদর্শটা লালন করি, এটা পাকিস্তান কিংবা আফগানিস্তান না। এটি হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রব্যবস্থা, দেড় হাজার বছর আগে মদিনায় যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ছিল। সেখানে গুরুত্বপূর্ণ জায়গায় নারীদের স্থান দেওয়া হতো। আমরাও তেমনভাবে নারীদের স্থান দিতে চাই।

  • বিএনপি-জামায়াতসহ সব দলকে একতাবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

    বিএনপি-জামায়াতসহ সব দলকে একতাবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

    বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, বিভেদে লিপ্ত হওয়ার সময় হয়নি। বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দলকে একতাবদ্ধ থাকতে হবে। যদি দলগুলো দ্বন্দ্বে লিপ্ত হয় তাহলে এই স্বাধীনতা আবারও ইজারা রাখতে হবে

    বুধবার সকালে বরিশাল নগরীর শহিদ মিনার চত্বরে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

    মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরণ ক্ষমতায় বসে থাকার ইচ্ছা যেন আপনাদের মাঝে না জাগে। এ সরকারকে দেশের মানুষ ভালোবেসে এখনো ক্ষমতায় রেখেছে। কোনো আনুষ্ঠানিক সংলাপ নয়। সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়ে সবার সমন্বয়ে এ সরকারকে সফল হতে হবে। যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আগস্ট বিপ্লব ব্যর্থ হবে।

    ভারতের সমালোচনা করে তিনি বলেন, মোদি সরকার ও ভারতের পররাষ্ট্র নীতির প্রতি নিন্দা জানাই। আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে বঞ্চিত করতে যা করা দরকার তাই করেছে ভারত। সর্বশেষ শেখ হাসিনার মতো খুনের আসামিকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। খুনি শেখ হাসিনাকে দেশে হস্তান্তর করতে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই শেখ হাসিনার বিচার করতে হবে। খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে যদি আরেকটি আন্দোলন করতে হয় করা হবে।

    বরিশাল জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের আহবায়ক মাওলানা মুহাম্মদ জোবায়ের গালিবের সভাপতিত্বে আয়োজন বরিশাল বিভাগের ৬ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

  • গৌরনদী বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

    গৌরনদী বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

    দাবি করা চাঁদা না পেয়ে বাসায় ঢুকে ব্যবসায়ীকে মারধরের অভিযোগে বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহবায়কসহ বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছেন স্থানীয় সেনা ক্যাম্পের সদস্যরা। এর আগে ওই ৪ নেতাকর্মীকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা করেন ভুক্তভোগী।

    মঙ্গলবার দিবাগত গভীর রাতে গৌরনদী পৌরসভার টরকী বন্দরের ফ্ল্যাক্সিলোডের ব্যবসায়ী ও ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক একেএম জামিল শিকদার ওরফে মিঠু শিকদার (৪৫) বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

    মামলার আসামিরা হলেন- গৌরনদী পৌর বিএনপির আহবায়ক এসএম জাকির শরীফ (৪৫), পৌর বিএনপির সদস্য ফরহাদ শরীফ (৪৫), বিএনপি কর্মী নজমুল হাসান মিঠু (৪৫), এসএম সজীব শরীফ (৩৮)। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক স্থানীয় সেনা ক্যাম্পের একদল সদস্য অভিযান চালিয়ে অভিযুক্ত বিএনপির ওই ৪ নেতাকর্মীকে আটক করে মঙ্গলবার দিবাগত গভীর রাতে গৌরনদী থানায় সোপর্দ করেছে।

    মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১নং আসামি নাজমুল হাসান মিঠু গত ১৮ অক্টোবর বিকালে বাদীর ব্যবহৃত মোবাইল ফোনে ফোন দিয়ে আর্মি ক্যাম্পে আসতে বলেন। আরও বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আমাকে অনেক জ্বালাইছিস। টরকী বন্দরে ব্যবসা করতে হলে আমাকে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে টরকী বন্দরে ব্যবসা করতে পারবি না। এরপর বাদী সেনা ক্যাম্পে গিয়ে বিষয়টি জানান।

    পরবর্তীতে আসামি মিঠু, তার খালাতো ভাই সজীব, ফরহাদ শরীফ, জাকির শরীফ মিলে গত ২২ অক্টোবর রাত ৮টার দিকে বাদীর টরকী বন্দর এলাকায় বাসায় ঢুকে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে আসামিরা বাদীকে কিল-ঘুসি মেরে জখম করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা চাঁদার জন্য আবার আসার কথা বলে চলে যায়।

    গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, চাঁদার দাবিতে মারধরের বিষয়টি বাদী স্থানীয় সেনা ক্যাম্পে গিয়ে অভিযোগ করলে মঙ্গলবার দিবাগত রাতে একদল সেনা সদস্য অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে বাদীকে নিয়ে গভীর রাতে থানায় আসেন। টরকী বন্দরের ব্যবসায়ী ও যুবলীগ নেতা মিঠু শিকদার বাদী হয়ে বিএনপির ৪ নেতাকর্মীকে আসামি করে মঙ্গলবার গভীর রাতে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের বুধবার সকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

  • পায়রা সমুদ্রবন্দরের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’

    পায়রা সমুদ্রবন্দরের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’

    ঘূর্ণিঝড় ‘দানা’ বর্তমানে পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। বুধবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    সকাল ৬টায় ‘দানা’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

    আবহাওয়াবিদ আবদুর রহমান জানিয়েছেন, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় (১৬.৭° উত্তর অক্ষাংশ এবং ৮৯.৪° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

    এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

  • আজম-নিক্সন-ওদুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    আজম-নিক্সন-ওদুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মির্জা আজম, মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও মো. আবদুল ওদুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে নিক্সন চৌধুরীর স্ত্রী তারিন হোসেন ও ওদুদের স্ত্রী মর্জিনা ওদুদকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এছাড়া পপুলার লাইফ ইন্স্যুইরেন্স কোম্পানির এমডি ইউসুফ আলীসহ চার জন, প্রিমিয়ার প্রোপার্টি ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান মঈন ইকবাল ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে।

    এদিন নিক্সন চৌধুরী ও মির্জা আজমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন। আবদুল ওদুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন উপপরিচালক রেজাউল করিম। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

    মির্জা আজমের আবেদনে বলা হয়েছে, মির্জা আজমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে-বেনামে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে ইতোমধ্যে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

    নিক্সনের আবেদনে বলা হয়, নিক্সন চৌধুরী ক্ষমতার অপব্যবহারসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানপূর্বক তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে ইতোমধ্যে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। জানা গেছে, নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেন সপরিবারে গোপনে দেশত্যাগের চেষ্টা চালাচ্ছেন।

    ওদুদের আবেদনে বলা হয়েছে, আবদুল ওদুদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান চলমান।

  • সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

    সচিবালয়ে ঢুকে পড়া অর্ধশতাধিক শিক্ষার্থী আটক

    সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের দুটি প্রিজন ভ্যানে তাদের তোলা হয়েছে।

    বুধবার বিকাল পৌনে ৪টার দিকে তাদের আটক করা হয়।

    এর আগে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। এ সময় তারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দেন।

    সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। এ সময় তাদের লাঠিপেটাও করা হয়।

    জানা গেছে, পুলিশ এবং সেনাবাহিনী সদস্যদের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এর মধ্যে সচিবালয়ের ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন শিক্ষার্থী।

  • ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

    ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

    যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।

    বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ তথ্য জানান তিনি।

    এ সময় মার্কিন কর্মকর্তা হেলেন লাফেভ জানান, কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। সফরে কী কী বিষয়ে আলোচনা হতে পারে- তা নিয়ে আজ আলোচনা হয়।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, তারা পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন। অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সে বিষয়ে কথা বলেছেন ড. ইউনূস।

    ড. ইউনূস আরও উল্লেখ করেছেন, ৬টি বড় সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে এবং তারা দেশের স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করবে।

  • আসছে ৪৭তম বিসিএস, রেকর্ড সংখ্যক শূন্যপদ

    আসছে ৪৭তম বিসিএস, রেকর্ড সংখ্যক শূন্যপদ

    অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি দিয়েছে ৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য। প্রায় সাড়ে ৩ হাজার শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এই বিসিএসে।

    পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান বুধবার এক বার্তায় বলেন, বিভিন্ন ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগের চাহিদা অনুযায়ী মোট ৩ হাজার ৪৬০টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো ওই চিঠিতে।

    ৪৭তম বিসিএস হবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি চাকরিতে নিয়োগের প্রথম বড় পরীক্ষা, যার অপেক্ষায় আছেন বহু চাকরিপ্রত্যাশী।

    সর্বশেষ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল এ বছরের এপ্রিলে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে। তাতে ১০ হাজার ৬৩৮ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হলেও লিখিত পরীক্ষা আর হয়নি।

    পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর ৪৬তম বিসিএস প্রিলিমিনারি বাতিলের দাবি জানান অনেকে।

    একটি চক্র প্রায় এক যুগ ধরে পিএসসির অধীনে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত বলে গত জুলাইয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে। সেখান ওই চক্রের ছয়জনের ছবিও প্রকাশ করা হয়।

    এদের মধ্যে পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন ও তার পরিবারের বিলাসবহুল জীবনযাপনের বিভিন্ন ছবি ফেসবুকে ঘুরতে থাকে।

    পরে আবেদ আলীসহ পিএসসির সাবেক ও বর্তমান সাত কর্মীসহ ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি। প্রশ্ন ফাঁসের অভিযোগে পল্টন থানায় একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। প্রশ্নফাঁসের অভিযোগের পর পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করে মো. সোহরাব হোসাইনসহ কমিশন।

    তবে গত জুলাই-আগস্টের গণআন্দোলনে ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে পরিবর্তনের মধ্যে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা গত ৮ অক্টোবর পদত্যাগ করেন। এর পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব পান। সদস্য হিসেবে নিয়োগ পান চারজন।

    সবশেষ ৪৬তম বিসিএসে শূন্যপদ ছিল ৩ হাজার ১০০টি। তার আগে ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯টি, ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০টি, ৪৩তম বিসিএসে ১ হাজার ৮১৪, ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০, ৪০তম বিসিএসে ১ হাজার ৯২৯, ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪, ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬, ৩৬তম বিসিএসে ২ হাজার ১৮০টি, ৩৫তম বিসিএসে ১ হাজার ৮০৩টি এবং ৩৪তম বিসিএসে শূন্যপদ ছিল ২ হাজার ১৫৯টি।

    তবে ৩৯তম বিশেষ বিসিএসে প্রায় ৫ হাজার চিকিৎসক নিয়োগ করা হয়েছিল। তবে সাধারণ বিসিএসের সঙ্গে সেটিকে তুলনা করা হয় না।

  • এক সচিব ও দুই বিভাগীয় কমিশনার নিয়োগ

    এক সচিব ও দুই বিভাগীয় কমিশনার নিয়োগ

    প্রশাসনে একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব হিসাবে পদায়ন করা হয়েছে। এছাড়া দুজন বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

    বুধবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওএসডি অতিরিক্ত সচিব মাহবুবা ফারজানাকে সচিব হিসাবে পদোন্নতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

    পৃথক আদেশে, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে ঢাকা বিভাগে এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালক মো. শহিদুল ইসলাম এনডিসিকে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে।

    উল্লেখ্য, ওই সব পদে একমাসেরও বেশি সময় যাবত সচিব ও বিভাগীয় কমিশনার ছিল না।

  • আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না আ. লীগ: উপদেষ্টা নাহিদ

    আর কখনোই রাজনীতিতে ফিরতে পারবে না আ. লীগ: উপদেষ্টা নাহিদ

    তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় রাজনীতি করেছে, তাতে আর কখনোই বাংলাদেশে রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ।

    বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

    তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তা গণঅভ্যুত্থানের শহিদদের সঙ্গে প্রতারণার শামিল হবে। অবশ্যই আমরা আমাদের জীবন থাকতে তা হতে দেব না।

    তিনি বলেন, শেখ হাসিনা নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেননি, এটা আমাদের সবার কাছে স্পষ্ট। তার পতন হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তাকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশের ছাত্র-জনতা। যে দলকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে কি না, এ নিয়ে কোনো দ্বিধার অবকাশ নেই।

    নাহিদ ইসলাম বলেন, ২০১৮ সালের পর থেকে গড়ে উঠেছে জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্ব। সরকার এটিকে রাজনৈতিকভাবে দমন করতে চেয়েছিল। একপর্যায়ে পুলিশের গুলিতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হলে জনগণ রুখে দাঁড়ায়। যখন আমাদের ‘রাজাকার’ বলা হয়, তখন শিক্ষার্থীদের আত্মমর্যাদায় আঘাত লাগে। ফলে আমাদের মর্যাদা রক্ষার লড়াই করেছি আমরা।

    তিনি বলেন, গণঅভ্যুত্থান থেকে পাওয়া অন্তর্বর্তী সরকারকে অনেকে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে তুলনা করছেন। আমি মনে করি এটি সম্পূর্ণ ভুল। তত্ত্বাবধায়ক সরকার একটি নির্ধারিত সময়ের জন্য দায়িত্ব নিয়ে নির্বাচন আয়োজন করে এবং ক্ষমতা হস্তান্তর করে জনপ্রতিনিধিদের হাতে তুলে দেয়। কিন্তু এ সরকার গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সংস্কার করে যেতে না পারলে, আমাদের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা মসৃণ হবে না। তাই আমাদের কিছু মৌলিক সংস্কার করতে হবে।