Blog

  • যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৬ জেলের কারাদণ্ড

    যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৬ জেলের কারাদণ্ড

    নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মা ইলিশ শিকার চলছে। গত ৮ দিনে ১৬ জেলেকে আটকে পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দিনভর ১১ জনকে আটক করা হয়।

    জানা গেছে, চৌহালী উপজেলার উমারপুর, শৈলজানা, বাঘুটিয়া, সদিয়া চাঁদপুর ইউনিয়নের যমুনা নদীতে দিনে ও রাতে ইলিশ ধরা হচ্ছে। ওই মাছ বিক্রির জন্য প্রত্যন্ত চর এলাকায় বসানো হয়েছে অস্থায়ী বাজার। সেখানে প্রকাশ্যে ইলিশ বিক্রি করা হচ্ছে। এখান থেকে মাছ কিনে ব্যবসায়ীরা জেলার বিভিন্ন হাটবাজারে ও ফেরি করে বিক্রি করছেন।

    যমুনার চরে ঘোরজান ইউনিয়নের কড়িতলায় অস্থায়ী ইলিশের হাট বসানো হয়েছে। সেখানে প্রতিদিন ভোরে মাছ কেনা-বেচা হয়। এ ছাড়া যমুনা তীরের মিটুয়ানী, দত্তকান্দি, দক্ষিণ খাষকাউলিয়া (জনতা স্কুলসংলগ্ন), বিনানুই বাজার, আজিমুদ্দির মোড়, খগেন ঘাট ও চর ছলিমাবাদ বাজারসহ বেশ কয়েকটি পয়েন্টে চলছে বেচা-কেনা।

    চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার জানান, সরকারি নিষেধাজ্ঞার সময় মা ইলিশ শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। গত ৮ দিনে আটককৃত ৮ জনের জরিমানা ও ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়া ২০ লাখ টাকা মুল্যের প্রায় ২ লাখ মিটার জাল ও ১০৬ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

  • রেললাইনে মিলল গৃহবধূর লাশ

    রেললাইনে মিলল গৃহবধূর লাশ

    আলমডাঙ্গায় রেললাইনের ওপর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মুন্সিগঞ্জ স্টেশনের অদূরে পুলিশ ফাঁড়ির কাছে রেললাইনের ওপর তার লাশ পাওয়া যায়।

    নিহত গৃহবধূ শীলা খাতুন (২৩) উপজেলার রোয়াকুলি গ্রামের রাসেল আলীর স্ত্রী এবং একই উপজেলার বলিয়ারপুর গ্রামের হামিদুল ইসলামের মেয়ে।

    হামিদুল ইসলাম অভিযোগ করেছেন, তার মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর লাশ লাইনের ওপর ফেলে গেছে তার স্বামী। পুলিশেরও ধারণা তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

    জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের রকিবুল ইসলামের ছেলে হার্ডওয়ার ব্যবসায়ী রাসেল আলী বছর কয়েক আগে বিয়ে করেন শীলা খাতুনকে। তাদের ৮ মাসের একটি সন্তানও রয়েছে। রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। এরপর সোমবার সকাল ৭টার দিকে মিলল শীলার রক্তাক্ত লাশ।

    রোয়াকুলি গ্রামের ইউপি সদস্য লিমন আলী জানান, আমি সকালে শীলার স্বামী রাসেলের কাছে বিষয়টি জানতে চেয়েছিলাম। তিনি জানিয়েছেন রাত ৩টা পর্যন্তও স্ত্রী শীলা খাতুন বিছানায় ছিলেন। এরপর তাকে আর পাননি। সকালে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে রেললাইনের ওপর শীলার লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শীলার শরীরে আঘাত ও ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন আছে। স্বামী তাকে হত্যার পর পরিকল্পিতভাবে রেললাইনের ওপর ফেলে যেতে পারে বলে অভিযোগ করেন নিহত শীলার বাবা হামিদুল ইসলাম।

    মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই সুবল কুমার জানান, শীলার শরীরে আঘাত ও ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন আছে।

    চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের এসআই মাসুদুজ্জামান জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না।

  • রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা বলেন সমন্বয়ক

    রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে হিজাব, যা বলেন সমন্বয়ক

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে নারী প্রতিকৃতির মাথায় গভীর রাতে কে বা কারা হিজাব পরিয়ে দিয়েছে। পরে রাত দেড়টার দিকে তা সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    রোববার রাত ১২টার দিকে হিজাব পরানোর ঘটনা ঘটে।

    জানা গেছে, কয়েকজন যুবক মাস্ক পরে মোটরসাইকেলে এসে এ হিজাব পরিয়ে রাজু ভাস্কর্য থেকে দ্রুত পালিয়ে যায়। পরে রাত দেড়টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার ও তারিকুল ইসলাম এসে প্রতিকৃতি থেকে হিজাবটি সরিয়ে নেন।

    এ বিষয়ে তারিকুল বলেন, রাজু ভাস্কর্যের নারী প্রতিকৃতিতে কালো কাপড় পরানো গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট শক্তিগুলো চতুর্মুখী ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে তারা সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করেছে। আওয়ামী ফ্যাসিস্ট ষড়যন্ত্রের বিষয়ে বিপ্লবী ছাত্রজনতাকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

    তিনি বলেন, সেই কালো কাপড় তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলা হয়েছে। সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছি। ফ্যাসিস্ট শক্তিগুলোর চক্রান্তকে রুখে দেওয়ার দায়িত্ব আপনার, আমার, সবার।

    এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ঘটনার কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে আমাদের টিম সেখানে উপস্থিত হয়ে অভিযুক্তদের বিষয়ে জানার চেষ্টা করে। দোষীদের ধরতে আমরা খুব দ্রুতই তদন্ত কমিটি গঠন করব।

  • দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলআউট ১০৬

    দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলআউট ১০৬

    মিরপুরে চেনা কন্ডিশনেও ব্যাটিং ব্যর্থতা কাটাতে পারেনি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ১০৬ রানে। দুটো সেশনও খেলতে পারেনি বাংলাদেশ। তার আগেই ইনিংসের সমাপ্তি। সব মিলিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করেছে ৪০ ওভার।

    এদিন টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। একাদশে এক পেসার ও তিন স্পিনার নিয়ে পরিকল্পনা সাজায় বাংলাদেশ। অভিষেক হয় জাকের আলীর। চোট কাটিয়ে একাদশে ফেরেন মাহমুদুল হাসান জয়।

    লক্ষ্য ভারত সিরিজের ব্যর্থতা ভুলে পাকিস্তান সিরিজের সুখস্মৃতি ফেরানো। তবে হয়নি সেটি। ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ওপেনার মাহমুদুল জয় খানিকটা লড়াই করেছেন। বাকিরা সঙ্গ দিতে পারেননি তাকে। লাঞ্চ বিরতির আগেই ৬০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

    ওপেনার সাদমান ইসলাম শূন্য রানে ফেরেন উইয়ান মুল্ডারের বলে। একই স্পেলে আরও দুটি উইকেট নেন এই পেসার। ২১ রানে ৬ ওভারে ৩ উইকেট নেই বাংলাদেশের। মুমিনুল ফেলেন ৪ ও শান্ত ফেরেন ৭ রানে। বিপর্যয় কাটাতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম। তিনি ফেরেন ১১ রান করে। কাগিসো রাবাদার দারুণ এক ইনসুং ডেলিভারিতে স্টাম্প ভাঙে মুশফিকের। টেস্ট ক্যারিয়ারের ৩০০ তম উইকেটের দেখা পেয়ে যান রাবাদা।

    বাংলাদেশের বিপদে ঢাল হতে পারেননি আরেক অভিজ্ঞ ব্যাটার লিটন দাস। ১ রান করেই সাজঘরের পথ ধরেছেন তিনি। বাংলাদেশের বিপদে হাল ধরা মেহেদী হাসান মিরাজও এদিন হতাশ করেছেন। ফিরেছেন ১৩ রান করে।

    এরপর লাঞ্চ শেষে ব্যক্তিগত ৩০ রান করে সাজঘরের পথ ধরেন মাহমুদুল হাসান জয়। অভিষেক টেস্ট রাঙাতে পারেননি জাকের আলী। মাত্র ২ রান করেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। পরে নাঈম হাসানকে নিয়ে বাংলাদেশের সংগ্রহটাকে একশ পার করেন তাইজুল ইসলাম। নাঈম ৮ রানে ফেরার পর তাইজুল ১৬ রানে ফিরলে বাংলাদেশের ইনিংস থামে ১০৬ রানে। কাগিসো রাবাদা, ‍মুল্ডার ও কেশভ মহারাজ নেন তিনটি করে উইকেট।

  • ফুটবল ম্যাচের জয় উদযাপনে এলোপাথাড়ি গুলি, নিহত ৩

    ফুটবল ম্যাচের জয় উদযাপনে এলোপাথাড়ি গুলি, নিহত ৩

    যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে একটি স্কুলের ফুটবল ম্যাচের জয় উপলক্ষ্যে আয়োজিত পার্টিতে এলোপাথাড়ি গুলি করা ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন তিন জন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও আট জন।

    সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়, মিসিসিপির হোমস কাউন্টির একটি স্কুল ফুটবল ম্যাচে জয় পায়। যার উদযাপনে স্থানীয় মাঠে জড়ো হন ২০০ থেকে ৩০০ জন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই ভিড়ের মধ্যেই গুলি চলে। গুলির শব্দ হতেই হুলস্থুলু শুরু হয়। দৌড়ে পালাতে শরু করে জনতা। পরে দেখা যায় বেশ কয়েক জন গুলিবিদ্ধ হয়েছেন। যাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়। আরও আটজন গুরুতর আহত হন।

    পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে এক জনের বয়স ১৯ বছর এবং এক জনের বয়স ২৫ বছর। আহতদের কপ্টারে চাপিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এপি দাবি করছে, গুলি চালিয়েছেন অন্তত দু’জন। কাউন্টির একটি মাঠে শামিল হয়েছিলেন প্রায় ২০০ থেকে ৩০০ জন। মিসিসিপির লেক্সিংটন থেকে তিন কিলোমিটার দূরে ছিল মাঠটি।

    কাউন্টির শেরিফ উইলি মার্চ জানিয়েছেন, ওই উদযাপনে কয়েক জনের মধ্যে বচসা শুরু হয়। তারপরেই গুলির শব্দ শোনা যায়। ঠিক কেন গুলি চালানো হয়েছিল, তার কারণ এখনও জানা যায়নি।

    মার্চের কথায়, মাঠে হঠাৎই ঝামেলা শুরু হয়। এর পরপরই গুলি চলে। লোকজন দৌড়ে পালাতে শুরু করেন।

    আয়োজকদের একজন জো জনসন জানান, পার্টি শেষ হওয়ার মাত্র ৩০ মিনিট আগে গুলি শুরু হয়। তিনি বলেন, গুলির শব্দ অনেকটা মেশিনগানের মতো শোনাচ্ছিল। জনসন আরও জানান, সেদিন নিরাপত্তা ব্যবস্থা থাকলেও আগ্নেয়াস্ত্র নিয়ে অভিযুক্তরা কীভাবে প্রবেশ করে তা নিয়ে তদন্ত চলছে ।

    এ ঘটনা যুক্তরাষ্ট্রে চলমান বন্দুক সহিংসতার ধারাবাহিকতার একটি অংশ। যুক্তরাষ্ট্রে এ নিয়ে টানা দ্বিতীয় সপ্তাহে হোমকামিং পার্টিতে গুলির ঘটনা ঘটলো। কয়েকদিন আগেই টেনেসির ন্যাশভিলে একটি হোমকামিং অনুষ্ঠানের পর বন্দুক হামলায় একজন নিহত এবং নয়জন আহত হয়েছিলেন। চলতি বছর এ পর্যন্ত দেশটিতে ৪২২টিরও বেশি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

  • মধ্যরাতে বিস্ফোরণে কাঁপল টেকনাফ সীমান্ত

    মধ্যরাতে বিস্ফোরণে কাঁপল টেকনাফ সীমান্ত

    কক্সবাজার টেকনাফের সীমান্ত এলাকা ফের মিয়ানমারের বোমা ও গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে। এতে আতঙ্কিত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের শব্দে রাতে অনেকের ঘুম ভেঙে যায় বলে জানা গেছে।

    রোববার (২০ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত টানা মর্টারশেল ও বোমা বিস্ফোরণে কেঁপে উঠে টেকনাফ সীমান্তবর্তী বাড়ি-ঘর।

    বেশ কিছুদিন বন্ধ থাকার পরে টেকনাফের পৌরসভা, সদর, শাহপরীর দ্বীপ, সাবরাং, সেন্টমার্টিন, ও হ্নীলা এলাকায় ওই বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে বলে জানান স্থানীয়রা।

    শাহপরীর দ্বীপ জেলে কমিটির সভাপতি আব্দুল গণি মাঝি জানান, রাতে মিয়ানমারের মগনি পাড়া, ফরি পাড়াসহ অনেক স্থানে গোলাগুলি হয়েছে, যার শব্দ আমরা শুনেছি।

    টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার বাসিন্দা আরাফাত সানি জানান, মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণে আমার বাড়ির সকলে ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে।

    ‘আমাদের বাড়ি-ঘর পর্যন্ত থরথর করে কেঁপেছে। আমার মনে হচ্ছে এটি বিশাল বোমা হতে পারে। ’

    হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, মধ্যরাতে মিয়ানমার থেকে বিস্ফোরণের শব্দে আমাদের এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়েছে। এতবড় আওয়াজ কখনো শুনিনি।

    টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, এ রকম ফায়ারিং এর শব্দতো প্রতিদিন হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিজিবি সব সময় সতর্ক আছি।

    উল্লেখ্য, মিয়ানমারে আরাকান রাজ্যসহ মংডু শহর দখলে নিতে প্রতিদিন আরাকান আর্মি ও সেই দেশের জান্তা সরকারের বাহিনীর মধ্যে চলছে অভ্যন্তরীণ সংঘাত। ওই সংঘাতে এক বাহিনী অপর বাহিনীকে পরাস্ত করতে যে মর্টারশেল ও বোমা ব্যবহার করেন সেই বিস্ফোরণের বিকট শব্দই বাংলাদেশের দক্ষিণ সীমান্ত টেকনাফে ভেসে আসে।

  • দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে ইমাম খুন

    দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে ইমাম খুন

    গোলাপগঞ্জে স্ত্রীর হাতে মসজিদের ইমাম খুন হয়েছেন। শনিবার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর এলাকায় একটি ভাড়াটে বাসায় খাটের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এসময় নিহতের স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করে থানায় নিয়ে আসা হয়।

    নিহতের নাম মাওলানার নাম রুহুল আমীন (৩৭)।

    রুহুল আমিন কানাইঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর রহমানের ছেলে বলে জানা গেছে। তিনি হিলালপুর একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।

    জানা যায়, শুক্রবার রাতের স্ত্রী নাদিয়া বেগম স্বামী রুহুল আমীনকে প্রথমে অচেতন করার পর শ্বাসরুদ্ধ করে হত্যা করে খাটের নিচে লুকিয়ে রাখেন। এরপর তিনি রুহুল আমীনের বাড়িতে গিয়ে তাদের আত্মীয় স্বজনকে বলেন তার স্বামীকে তিনি খুঁজে পাচ্ছেন না। এরপর বিকালে এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুল আমীনের লাশ উদ্ধার করেন। পরে খবর পেয়ে পুলিশ স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসেন।

    মাওলানা রুহুল আমিন গত ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে বিয়ে করেন। নতুন বিয়েকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

    গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

  • বিমানে বোমা হামলার হুমকির পর এবার দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ

    বিমানে বোমা হামলার হুমকির পর এবার দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ

    ভারতের রাজধানী দিল্লির রোহিণীতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) স্কুলের পাশে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছে। এতে স্কুলের দেয়াল, কাছেই পার্ক করে রাখা গাড়ি ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

    রোববার (২০ অক্টোবর) সকাল ৭টা ৪৭ মিনিটে প্রশান্ত বিহারে সিআরপিএফ স্কুলের কাছে এই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফরেনসিক দল এবং দিল্লি পুলিশের বিশেষ সেলের অফিসাররা ঘটনাস্থলে যান। তবে এখনও বিস্ফোরণের কারণ চিহ্নিত করতে পারেননি প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দার রেকর্ড করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে- বিস্ফোরণস্থলের কাছাকাছি স্থান থেকে ধোঁয়া উড়ছে।

    প্রত্যক্ষদর্শী বলেছেন, আমি বাড়িতে ছিলাম। তখন একটি বিকট শব্দ শুনি, পরে ধোঁয়ার উড়তে দেখেছি এবং ভিডিও রেকর্ড করেছি, এর বেশি কিছু জানি না। পরে পুলিশের একটি দল এবং একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।

    সিনিয়র পুলিশ অফিসার অমিত গোয়েল ঘটনার পর জানান, ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করতে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। পরবর্তী এক আপডেটে পুলিশ বলেছে, তারা এখনো সন্দেহজনক কিছু পায়নি। তবে তদন্তের অংশ হিসেবে ভূগর্ভস্থ স্যুয়ারেজ লাইন পরীক্ষা করা হচ্ছে।

    এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, রোববার সকাল একটি পিসিআর কল আসে, কলকারী জানান- সিআরপিএফ স্কুল সেক্টর ১৪ রোহিণীর কাছে প্রচণ্ড শব্দে একটি বিস্ফোরণ ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে স্কুলের দেয়াল, পার্শ্ববর্তী একটি দোকান এবং পার্ক করে রাখা গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

    পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, ক্রাইম টিম, এফএসএল টিম এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। পাশাপাশি ক্রাইম স্পটটি ঘিরে রাখা হয়েছে। এছাড়া ফায়ার ব্রিগেডের দলও ঘটনাস্থলে রয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

    বিস্ফোরণের বিষয়টি ইতোমধ্যে দেশটির ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে জানানো হয়েছে। তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করতে পারে বলে জানিয়েছে এনডিটিভি। পুলিশের এক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, বিস্ফোরণের পিছনে একটি অপরিশোধিত বোমা থাকতে পারে। তবে আসল কারণ জানতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি দল ঘটনাস্থলে কাজ করছে।

    প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরেই অর্ধশতাধিক আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইটে বোমা হামলার হুমকি পেয়েছে ভারতের ইয়ারলাইনগুলো। যদিও সেসব কলের পর বিমানে অনুসন্ধান করে সন্দেহজনক কিছু মেলেনি। এসব কলের কারণে ফ্লাইট বিলম্বিত হওয়ার পাশাপাশি আকাশপথের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু বলেছেন, প্রাথমিক তদন্তে কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়নি।

  • আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে। রোববার সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটায় অবস্থিত ১৯ আনসার ব্যাটালিয়নের কর্মকর্তাদের জন্য আয়োজিত দরবারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির অবকাশ রয়েছে। সেখানে আনসার বাহিনীরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

    তিনি বলেন, গত ৫ আগস্টের পর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছিল, আনসাররা সে সময় তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। সে সময় তারা দূতাবাস, বিমানবন্দর ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেজন্য নিঃসন্দেহে তারা সাধুবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য।

    জাহাঙ্গীর আলম বলেন, অঙ্গীভূত আনসারদের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছে। ব্যাটালিয়ন ও অঙ্গীভূত আনসার উভয়েই তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে।

    এ সময় ভবিষ্যতে আনসারদের ওপর অর্পিত দায়িত্ব আরও ভালোভাবে পালন করার জন্য নির্দেশনা দেন তিনি।

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে উপদেষ্টা বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী ও নোয়াখালীতে সংঘটিত বন্যা এবং চলমান ময়মনসিংহ ও শেরপুরের বন্যা পরিস্থিতির কারণেই মূলত দ্রব্যমূল্যের দাম বেড়েছে।

    জাহাঙ্গীর আলম বলেন, কুমিল্লা দেশের অন্যতম বৃহৎ সবজি উৎপাদনকারী জেলা। বন্যার কারণে এ উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির দাম বেড়েছে।

    এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহী মহানগরীর নওহাটা ও খড়খড়ি বাজার পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন দ্রব্যমূল্যের খোঁজখবর নেন। বাজারে যাতে সিন্ডিকেট ও চাঁদাবাজি না থাকে, সে ব্যাপারে তিনি উপস্থিত ব্যবসায়ীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

    এ ছাড়া কেউ চাঁদাবাজি করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করারও পরামর্শ দেন তিনি।

  • এখন থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরকার নির্ধারণ করবে না

    এখন থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম সরকার নির্ধারণ করবে না

    বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে। বিইআরসির মাধ্যমেই এই সিদ্ধান্ত আসবে।

    রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত জ্বালানি বিষয়ক সেমিনারে তিনি এ কথা জানান।

    ফাওজুল কবির বলেন, জ্বালানি নিয়ে বিগত সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। গ্যাস অনুসন্ধানে বিগত সরকারের তেমন আগ্রহ ছিল না। বরং তারা জরুরি কারণ ও বাড়তি চাহিদা দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছে।

    জ্বালানি উপদেষ্টা জানান, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে চাইলে আপত্তি নেই। তবে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করতে চাইলে অবশ্যই দরপত্রের মাধ্যমে আসতে হবে।

    তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতা নেই, কিন্তু আমরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছি। মন্ত্রণালয়ে এখন আর কোনো নির্ধারিত বিডার নেই।

    অনেকের নানা দাবি নিয়ে আন্দোলন করার সমালোচনা করে ফাওজুল কবির বলেন, ধান কাটার মৌসুমের মতো এখন দাবি-দাওয়ার মৌসুম চলছে। কিন্তু সবার সব দাবি মেনে নেওয়ার সুযোগ নেই। এ সরকারকে দুর্বল ভাবলে ভুল করবে।