Blog

  • হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

    রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর।

    শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর এ মিছিল শুরু হয়। পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    পর মিছিলকারীদের ওপর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ সদস্যরা।

    বিস্তারিত আসছে…

  • স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

    স্ত্রী-কন্যাসহ খায়রুজ্জামান লিটনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

    রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী মিসেস শাহীন আক্তার এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান এবং মায়সা সামিহা জামানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

    দুদকের জনসংযোগ কর্মকর্তা কমিশনের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, দুদকের উপপরিচালক মোজাম্মিল হক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও দুই কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করেছেন।

    আবেদনে বলা হয়, খায়রুজ্জামান লিটন এবং ছয়টি সংসদীয় আসনের সাবেক আট সংসদ সদস্যের (এমপি) বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওযার অভিযোগের অনুসন্ধান চলছে।

    অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, খায়রুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে।

    অভিযোগ সংশ্লিষ্ট খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রী মিসেস শাহীন আক্তার দেশ ছেড়ে পলায়ন করে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

    তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের বিদেশ গমণে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

  • শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

    শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

    বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও অভিনেতা শাহিদ কাপুর একটা সময় বলিপাড়ায় প্রেমের চর্চায় শীর্ষে ছিলেন। তাদের ঘনিষ্ঠতা এমন জায়গায় পৌঁছেছিল যে, ভক্ত-অনুরাগীরা তো বটেই—এমনকি পরিবারের লোকজনও সেই সম্পর্ককে পরিণতি পাবে বলেই ধরে নিয়েছিলেন। মূলত বিশেষ করে শাহিদ-কারিনার চুমুর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাদের প্রেম আরও প্রকাশ্য হয়ে ওঠে। তবে সেই রোম্যান্স বেশি দিন টেকেনি। কারণটা হয়তো আজও অনেকেরই অজানা।

    অবশ্য পরে বিভিন্ন সময় কারিনাকে এ বিষয়ে মুখ খুলতে দেখা গেছে। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় ‘জব উই মেট’-এর শুটিং চলাকালীনই কারিনা আর শাহিদের বিচ্ছেদ ঘটে। তাদের ব্রেকআপের খবর ছড়িয়ে পড়লেও এতদিন এর আসল কারণ রহস্যই ছিল। কেউ-ই তখন বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম কিংবা ঘনিষ্ঠজনদের কাছেও মুখ খুলেননি। কারণটা অজানাই থেকে যায়।

    তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা নিজেই জানালেন, কেন তাদের সম্পর্কের ইতি ঘটেছিল। যদিও তাদের পথ আলাদা হয়ে গেছে, তবু অভিনেত্রীর শুভকামনা রয়ে গেছে সাবেক প্রেমিক শাহিদের প্রতি।

    আবার পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর কারিনা কাপুর শাহিদ প্রসঙ্গে নিশ্চুপ হয়ে পড়েন। অতীত নিয়ে কথা বলা তিনি মোটেও পছন্দ করেন না। আর সে কারণে বিভিন্ন জায়গায় শাহিদ প্রসঙ্গ এড়িয়েই চলতেন অভিনেত্রী। তবে এবার সেই নীরবতা ভাঙলেন কারিনা কাপুর।

    কারিনা বলেন, শাহিদ বন্ধুর মতো ভালো ছিলেন। তবে তার ইগো ছিল অনেক বেশি। আর সেটাই তাদের সম্পর্কে সমস্যা তৈরি করেছিল। সামান্য কথাতেই ঝগড়া হতো। আর ঝগড়া হলেই শাহিদ কথা বলা বন্ধ করে দিত। রাতের পর রাত ফোনও করত না।

    তবে কারিনা এটাও স্বীকার করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে শাহিদ অনেক বদলেছেন। এখন হয়তো আগের মতো ইগোটা আর নেই।

  • ১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধ

    ১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধ

    ১৫ রোজা থেকে রাতে স্পিডবোট ও বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

    বৃহস্পতিবার সচিবালয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন নৌপথে জলযানসমূহ সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন তিনি।

    সাখাওয়াত বলেন, নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও স্থগিত করা হবে। এছাড়াও ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।

    তিনি বলেন, সদরঘাট এলাকায় জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এমন বিশৃঙ্খলা থাকে যে, তিন ঘণ্টা আগে রওনা দিলেও অনেকে লঞ্চ ধরতে পারেন না। তাই রাস্তা পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে রেকার দিয়ে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা গাড়ি সরিয়ে নেওয়া হবে।

    শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, কোনো লঞ্চ নির্ধারিত সিরিয়ালের বাইরে ছেড়ে যেতে পারবে না। অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। শুধু সদরঘাট নয়, রাস্তা থেকে যাত্রী তোলা যাবে না। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদারকি করবে, নৌবাহিনীও সহযোগিতা করবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী অপ্রয়োজনে লঞ্চে চেক করে সময় নষ্ট করবে না। ফিটনেস সনদ ছাড়া কোনো লঞ্চ চলতে পারবে না ও নির্ধারিত গতিসীমার বেশি চালানো যাবে না।

  • মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

    মিমির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সামাজিক মাধ্যমের যা বললেন অভিনেতা

    টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী পর্দার মতো বাস্তবেও নাকি প্রয়োজনে হাত চালাতে পিছপা হন না। যদি রাস্তায় কোনো দুষ্কৃতকে ধরে ‘শিক্ষা’ দেওয়ার প্রয়োজন হয় কিংবা মুখের ওপর সোজাসাপটা কোনো কথা বলে দেওয়ার প্রয়োজন হয়, তবে সব ক্ষেত্রেই এগিয়ে আছেন অভিনেত্রী।

    আর যদি টালিপাড়ার কোনো বন্ধুর ওপর এমন দৃশ্য দেখা যায়, হয়তো ভক্ত-অনুরাগীরা ভাববেন কোনো সিনেমার শুটিং চলছে। না, কোনো সিনেমার দৃশ্য নয়; এমন একজন কাছের বন্ধু ওপর জোরজুলুম অত্যাচার চালালেন মিমি চক্রবর্তী?

    অভিনেত্রীর এমন আচরণ সামাজিক মাধ্যমে ফাঁস করলেন ‘অত্যাচারিত’ অভিনেতা। কখনো সেটা মজা করে, আবার কখনো পরিস্থিতির কারণে। বিদেশ থেকে ফিরেই মিমির জোরজুলুম শুরু টালিপাড়ার সেই অভিনেতার ওপর। সেই অভিনেতার নাম অনিন্দ্য চট্টোপাধ্যায়। এবার অভিনেতার সব পরিশ্রম মাটি করে দিলেন অভিনেত্রী।

    অনিন্দ্য ও মিমি চক্রবর্তী একে অপরের খুব ভালো বন্ধু। বিদেশ থেকে ফিরে আসার পর মিমির সঙ্গে দেখা করেন অনিন্দ্য। তখনই ঘটে বিপদ। রীতিমতো ঘাড় ধরে জোর করে অনিন্দ্যকে একের পর এক মিষ্টি খাইয়ে দিলেন অভিনেত্রী।

    যদিও অনিন্দ্য প্রথমে কাতর স্বরে জানিয়েছিলেন, পাঁচ দিন ধরে তিনি নাকি মিষ্টি খাননি। কারণ ডায়েটিং। আর সেই ডায়েটিং-ই এক ঝটকায় মাটি করে দিলেন মিমি। পুরো ঘটনার মুহূর্ত আবার সামাজিক মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন অনিন্দ্য।

    সেখানে দেখা যাচ্ছে, প্রথম দিকে মিমি জোর করে মিষ্টি খাইয়ে দিলেও পরে নিজেই সেই মিষ্টি খাচ্ছেন অনিন্দ্য। কিন্তু অভিনেতার আফসোস একটাই— মন শক্ত করে মিষ্টি না ছুঁয়ে যে ডায়েট চার্ট মানছিলেন, মিমির জন্য সেসব ভণ্ডুল হয়ে গেল।

    আর একবার যখন তা নষ্ট হয়েই গেল তখন আর কী… আরও বেশি করে মিষ্টি মুখে পুরলেন অনিন্দ্য! একই সঙ্গে প্রিয় বন্ধুর জন্য ঠিক কী কী ‘অত্যাচার’ সহ্য করতে হয় অনিন্দ্যকে, সেটিও স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি।

  • যক্ষ্মায় মহামারি আকারে মৃত্যু বাড়ার শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

    যক্ষ্মায় মহামারি আকারে মৃত্যু বাড়ার শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

    গত দুই দশকে যক্ষ্মা (TB) প্রতিরোধ, পরীক্ষা এবং চিকিৎসা সেবা ৭ কোটি ৯০ লাখের বেশি মানুষের জীবন বাঁচিয়েছে এবং শুধু গত বছরই প্রায় ৩৬ লাখ ৫০ হাজার মৃত্যু প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সংক্রামক রোগের বিরুদ্ধে একটি বিশাল অগ্রগতি।

    এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আন্তর্জাতিক সহায়তা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (USAID) থেকে দেওয়া তহবিল।

    তবে হঠাৎ করেই এই তহবিল কাটছাঁট করায় অর্জিত সাফল্যগুলো হুমকির মুখে পড়েছে, যা লক্ষ লক্ষ মানুষের বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (OECD) তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর প্রায় ২০০-২৫০ মিলিয়ন মার্কিন ডলার সরাসরি বিভিন্ন দেশের যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমে প্রদান করত। এটি আন্তর্জাতিক দাতাদের মোট অনুদানের এক চতুর্থাংশ ছিল।

    ২০২৫ সালের তহবিল সংকোচনের ভয়াবহ প্রভাব: ২০২৫ সালে এই তহবিল কাটছাঁটের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো। কারণ যুক্তরাষ্ট্র এতদিন সবচেয়ে বড় দ্বিপাক্ষিক দাতা ছিল। ১৮টি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ এই অনুদানের ৮৯ শতাংশ নির্ভরশীল ছিল, যা এখন হুমকির মুখে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকা, এরপর দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল টিবি প্রোগ্রামের পরিচালক ড. তেরেজা কাসায়েভা বলেন, ‘যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসায় যে কোনো ধরনের ব্যাঘাত—তা আর্থিক, রাজনৈতিক বা কাঠামোগত যাই হোক—মহামারি আকারে মৃত্যু বাড়িয়ে দিতে পারে।’

    তিনি উল্লেখ করেন, ‘কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্য সেবায় ব্যাঘাত ঘটায় ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে ৭ লাখেরও বেশি অতিরিক্ত মৃত্যু হয়েছে। জরুরি ব্যবস্থা না নিলে যক্ষ্মা মোকাবিলায় অর্জিত অগ্রগতি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।’

    সংকটাপন্ন যক্ষ্মা প্রতিরোধ ব্যবস্থা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ ৩০টি যক্ষ্মা-প্রবণ দেশে অর্থ সংকটের কারণে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা ভেঙে পড়ছে।

    স্বাস্থ্যকর্মীদের সংকট: বহু স্বাস্থ্যকর্মী ছাঁটাইয়ের মুখে, টেকনিক্যাল সহায়তা স্থগিত হওয়ায় জাতীয় যক্ষ্মা কর্মসূচি দুর্বল হয়ে পড়ছে।

    ঔষধ সরবরাহ চেইনের ব্যাঘাত: কর্মী সংকট, তথ্য বিভ্রাট ও অর্থের অভাবে যক্ষ্মার ওষুধ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে, ফলে চিকিৎসা ও প্রতিরোধমূলক পরিষেবা ব্যাহত হচ্ছে।

    পরীক্ষা ও শনাক্তকরণ সঙ্কট: ল্যাব পরিষেবা বিঘ্নিত হচ্ছে, নমুনা পরিবহন, সরঞ্জাম কেনা ও পরীক্ষার উপকরণ সংকটে রোগ নির্ণয় বাধাগ্রস্ত হচ্ছে।

    তথ্য ও নজরদারি ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে: নিয়মিত রিপোর্টিং ও ওষুধ প্রতিরোধী যক্ষ্মার ওপর নজরদারিতে ঘাটতি দেখা দিচ্ছে।

    সম্প্রদায়ভিত্তিক সেবার বিপর্যয়: সক্রিয় রোগী সন্ধান, স্ক্রিনিং ও সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ কার্যক্রম ব্যাহত হওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

    এছাড়া, USAID তার সমস্ত যক্ষ্মা গবেষণা কার্যক্রম স্থগিত করেছে, যার ফলে নতুন চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার উন্নয়ন থমকে গেছে।

  • মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

    মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

    হুট করেই নিয়েছেন সিদ্ধান্ত। ফেসবুকে এক পোস্টে মুশফিকুর রহিম বুধবার রাতে জানিয়েছেন, ওয়ানডে ক্রিকেট আর খেলবেন না। কিংবদন্তির বিদায়ে এরপর থেকেই স্তুতি। কেউ করেছেন স্মৃতিচারণ, কেউ প্রশংসা, কারও কণ্ঠে ঝড়েছে আক্ষেপও। এসবের মাঝেই ‘গার্ড অব অনার’ সম্মান দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

    গতরাতে ওয়ানডেকে বিদায় বলা মুশফিক আজ নেমেছেন ডিপিএল খেলতে। ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান খেলছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে। চেনা মাঠে সেই ম্যাচেই সম্মান পেয়েছেন মুশফিক।

    ডিপিএলে মোহামেডানের হয়ে খেলছেন মুশফিক। তার দলের নেতৃত্বে আছেন তামিম ইকবাল। এই দলে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজররা। তামিমের নেতৃত্বাধীন মোহামেডান টসের পরই দেন গার্ড অব অনার। মুশফিক কিপিং গ্লাভস পরে মাঠে প্রবেশ করেন। সবাই এসময় করতালি দিয়ে স্বাগত জানান টাইগার ক্রিকেটের অন্যতম পাণ্ডবকে।

    গতকাল রাতে মুশফিক এক ফেসবুক পোস্টে জানান, দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। মুশফিক বলেন, ‘আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ পথচলার জন্য। হয়তো বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমাদের অর্জন সীমিত ছিল, তবে আমি সবসময় শতভাগের বেশি চেষ্টা করেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

  • সেনা মহড়ার ৮ বোমা গিয়ে পড়ল আবাসিকে, অতঃপর যা ঘটল

    সেনা মহড়ার ৮ বোমা গিয়ে পড়ল আবাসিকে, অতঃপর যা ঘটল

    দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক মহড়ার সময় যুদ্ধবিমান থেকে আটটি বোমা আবাসিক এলাকায় গিয়ে পড়েছে।

    বৃহস্পতিবার (৫ মার্চ) এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

    ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, লাইভ ফায়ার মিলিটারি ড্রিলের সময় একটি সামরিক জেট বিমান থেকে আটটি বোমা বেসামরিক এলাকায় গিয়ে পড়ে। এটা দুর্ঘটনা।

    বিমানবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, আটটি এমকে ৮২ বোমা বিমানবাহিনীর কেএফ-১৬ যুদ্ধবিমান থেকে অস্বাভাবিকভাবে রিলিজ হয়ে যায়। এর ফলে সাধারণ মানুষ হতাহত হয়েছেন। এর জন্য বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করছে।

    সিউলের উত্তর-পূর্বে ৪০ কিলোমিটার দূরে পোচেনে এ ঘটনা ঘটেছে। এই জায়গাটি উত্তর কোরিয়ার সীমান্তের কাছে।

    ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ায় এ ঘটনা ঘটেছে। একটি গ্রামে গিয়ে বোমা পড়ে। সেখানে কয়েকটি বাড়ি ও একটি চার্চ ক্ষতিগ্রস্ত হয়।

    এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে লাইভ ফায়ার ড্রিল করবে। আগামী সপ্তাহে দুই দেশের বার্ষিক সেনা মহড়ার আগে এই মহড়া হবে।

    তবে বোমা নিয়ে মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি।

  • তারাবির নামাজ ছুটে গেলে করণীয়

    তারাবির নামাজ ছুটে গেলে করণীয়

    পবিত্র মাহে রমজানের বিশেষ ইবাদত হলো তারাবির নামাজ। এই নামাজ প্রতিদিন এশার ফরজ ও সুন্নত নামাজের পর এবং বিতরের আগে আদায় করা হয়।

    ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা সুন্নাতে মুয়াক্কাদাহ, গুরুত্বের দিক থেকে ওয়াজিবের কাছাকাছি। ওজর বা অপারগতা ছাড়া তারাবির নামাজ পরিত্যাগ করা উচিত নয়।

    ব্যস্ততার দরুণ অনেকেই নির্ধারিত সময়ে তারাবির নামাজের জন্য মসজিদে যেতে পারেন না। আবার অনেককে দেখা যায়, তারাবির নামাজ কয়েক রাকাত পড়ার পর মসজিদে যাচ্ছেন।

    এমন মুক্তাদির জন্য এশা ও তারাবির নামাজ আদায়ের নিয়ম হলো- প্রথমে এশার ফরজ ও সুন্নত আদায় করা। পরে ইমামের সঙ্গে তারাবির নামাজে অংশ নেওয়া। তারাবির জামাত শেষে ইমামের সঙ্গে বিতর নামাজও জামাতে পড়ে নেওয়া। এরপর শুরুতে ছুটে যাওয়া তারাবির বাকি নামাজ আদায় করা।

    তবে কোনো কারণে তারাবির নামাজ পুরোটাই ছুটে গেলে সম্ভব হলে এবং রাতে সময় পেলে তারাবি পড়ে নেওয়া উত্তম। কিন্তু তারাবির সময় তারাবির নামাজ পড়তে না পারলে পরবর্তীতে আর কাজা করতে হবে না।

    পরবর্তীতে কেউ তারাবির নামাজের কাজা পড়লে তা নফল হিসেবে গণ্য হবে। তারাবি নামাজের কাজা বলে গণ্য হবে না।

    যেহেতু রমজান মাস অধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতের মাস, এ মাসে ইবাদত-বন্দেগির সওয়াব অনেক বেশি। তাই রমজানে নামাজ ও জামাতের প্রতি যত্নবান হওয়া এবং নির্ধারিত সময়ের আগেই মসজিদে চলে যাওয়া উচিত।

  • আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন

    আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

    তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এ ছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছেন নোবেলজয়ী এ অর্থনীতিবিদ।

    ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন বলে জানিয়েছেন ড. ইউনূস।

    তিনি বলেন, আমার কোনো ধারণাই ছিল না যে, আমি সরকারের নেতৃত্ব দেব। আমি এর আগে কখনো সরকারি কর্মযজ্ঞ পরিচালনা করিনি এবং এরপরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল।

    নোবেল পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, একবার এটি স্থির হয়ে গেলে আমরা অন্যান্য কিছু জিনিস সংগঠিত করতে শুরু করি। যার মধ্যে— আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল।

    শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেদেশেই রয়েছেন। নাটকীয় এই পটপরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, দাবি উঠেছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারেরও।

    অধ্যাপক ইউনূস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে বলেন, তাদের (আওয়ামী লীগকে) সিদ্ধান্ত নিতে হবে তারা এটা (নির্বাচন) করতে চায় কিনা, আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়।

    তিনি বলেন, শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি। (সাবেক সরকারের রেখে যাওয়া) এটি এক ছিন্নভিন্ন অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি। এটা এমন কিছু যেন ১৬ বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং আমরা এখন টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি।

    অধ্যাপক ইউনূস বলেন, তিনি ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করবেন। তার সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার ওপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে। কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এসব সংস্কারকে প্রয়োজনীয় বলে মনে করেন তিনি।

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, যদি আমাদের ইচ্ছামতো দ্রুত সংস্কার করা যায়, তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারব। আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে থাকে, তাহলে আমাদের আরও কয়েক মাস সময় লাগতে পারে।

    গত গ্রীষ্মে বাংলাদেশকে ঘিরে থাকা সহিংস বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সম্পূর্ণ বিশৃঙ্খলা থেকে এসেছি। (এমন বিশৃঙ্খলা যেখানে) মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল।