Blog

  • আদালতে সাদিক অ্যাগ্রোর ইমরান

    আদালতে সাদিক অ্যাগ্রোর ইমরান

    রাজধানীর মোহাম্মদপুর থানার মানি লন্ডারিংয়ের মামলায় গ্রেপ্তার ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে।

    মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টা ২৩ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

    এর আগে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির মুখপাত্র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। একই দিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম অর্গানাইজডের উপ-পরিদর্শক জোনাঈদ হোসেন মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।

    মামলার অভিযোগে বলা হয়, ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রো লিমিটেড সংঘবদ্ধ অপরাধ চক্রের মাধ্যমে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি ও সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে বিদেশে প্রায় ৮৬ লাখ টাকা পাচার করে। টেকনাফ ও উখিয়া, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা দিয়ে থাইল্যান্ড ও মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরু ও মহিষ বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয় এবং ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে বিক্রয় করে। প্রতারণার মাধ্যমে দেশীয় গরু/ছাগলকে বিদেশি ও বংশীয় গরু-ছাগল বলে প্রচার করে উচ্চমূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রয় করে অবৈধভাবে উপার্জিত অর্থ অভিযুক্ত ব্যক্তি ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ১২১ কোটি ৩২ লাখ ১৫ হাজার ১৪৪ টাকা টাকা হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর করেছে।

    অভিযোগে আরও বলা হয়, ঢাকার কাস্টমস হাউজ কর্তৃক আটক করা এবং সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে থাকা ১৫টি ব্রাহমা জাতের গরু সরকারি নির্দেশনা মোতাবেক জবাই করে ন্যায্যমূল্যে মাংস বিক্রয়ের কথা থাকলেও জালিয়াতির মাধ্যমে কাগজেপত্রে সেগুলো জবাই দেখিয়ে প্রতারণামূলকভাবে তা জবাই না করে কৌশলে হাতিয়ে নেয়। অনুমোদনহীনভাবে জোরপূর্বক মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় রামচন্দ্রপুর সরকারি খাল ভরাট ও জবর দখল করে। অবৈধভাবে অর্জিত অর্থ তার মালিকানাধীন প্রতিষ্ঠান জালালাবাদ মেটাল লিমিটেডের নামে এফডিআর খুলে ১১ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ২০০ টাক বিনিয়োগ করে রূপান্তর করেছে ইমরান হোসেন।

    এ ছাড়া, সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে বিদেশে অর্থপাচার ও অবৈধভাবে অর্জিত অর্থ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করে সর্বমোট প্রায় ১৩৩ কোটি ৫৫ লাখ ৬ হাজার ৩৪৪ টাকা হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর করেছে।

  • তদন্তে প্রমাণিত অভিযুক্ত শিক্ষকের পৃষ্ঠপোষকতায় জাপান সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি

    তদন্তে প্রমাণিত অভিযুক্ত শিক্ষকের পৃষ্ঠপোষকতায় জাপান সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষায় অনিয়ম করে পদ হারানো সাবেক বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলমের পৃষ্ঠপোষকতায় জাপান সফরে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্বিবদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে।

    বিভাগটির স্নাতকোত্তর কোর্স ‘প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজে (পিএমজেএস)’ ভর্তি পরীক্ষায় অংশ না নিয়ে ভর্তির সুযোগ পান ছাত্রলীগের তিন নেতা-কর্মী। সম্প্রতি বিভাগটির চেয়ারম্যান এবং ভর্তি কমিটির প্রধান মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক অপসারণ করে তার বিরুদ্ধে তথ্যানুসন্ধান কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এরমধ্যে কমিটি সংশ্লিষ্ট শিক্ষকের অভিযোগের প্রমাণ পেয়ে উপাচার্য বরাবর প্রতিবেদনও জমা দিয়েছে৷

    সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মামুন বর্তমানে জাপানে অবস্থান করছেন। অধ্যাপক মামুনের ব্যক্তিগত ফেইসবুক আইডিতেও পোস্ট করে তিনি জাপান অবস্থান করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগ উঠেছে, জাপানিজ স্টাডিজ বিভাগের অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীরকে সফরসঙ্গী করে, তারই পৃষ্ঠপোষকতায় জাপানে গিয়েছেন প্রো-ভিসি।

    অনুসন্ধানে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, মো. জাহাঙ্গীরের পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন জাপানের কবি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাইসাই ওজামা। সামাজিক মাধ্যমে ঢাবির প্রো-ভিসি অধ্যাপক মামুনের শেয়ার করা পোস্টেও দেখা যায় কবি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপককে। যার মাধ্যমে তিনি জাপানের একটি কনফারেন্সে অংশগ্রহণ করেছেন৷

    ভর্তি পরীক্ষায় অনিয়মে জড়িত একজন শিক্ষকের পৃষ্ঠপোষকতায় জাপান সফর করার ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী মহলে সমালোচনার মুখে পড়েছেন প্রো-ভিসি মামুন৷ শিক্ষার্থীরা বলছেন, যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে, তার বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়ার কথা। তা না করে অভিযুক্ত শিক্ষকের পৃষ্ঠপোষকতায় প্রো ভিসি স্যার জাপান গেলেন। তা আমাদের অবাকই করেনি, সুষ্ঠু বিচার হবে বলেও মনে হচ্ছে না৷

    নাম প্রকাশ না করার শর্তে জাপানিজ স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের বিভাগের সাবেক প্রধান একের পর এক অনিয়ম করছেন। তার পৃষ্ঠপোষকতায় বিভাগে ক্লাস পরীক্ষাও বন্ধ রাখা হয়েছে। এখন শুনছি তিনি প্রো ভিসি স্যারকে নিয়ে জাপান ভ্রমণে গেছেন। যা শুনে মর্মাহত হওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। একজন অভিযুক্ত শিক্ষকের টাকায় কিভাবে প্রো ভিসি জাপান যেতে পারে তা মাথায় আসেনা৷ তাহলে আমরা তো মনে করতেই পারি প্রো-ভিসি স্যারের প্রশ্রয়ে অপরাধ করেও জাহাঙ্গীর স্যার পার পেয়ে যাচ্ছেন।

    এবিষয়ে জানতে যোগাযোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে কয়েকবার অনলাইনে মেসেজ করা হলেও তিনি কোন সাড়া দেননি।

    এর আগে, গত ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘাতের সূত্রপাত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের কথা থেকে।এ ঘটনার পর অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ ও তাকে ক্ষমা চাওয়ার জন্য প্রথমে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে রাত ১১টার দিকে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আসলে কিছু সময় পর ঢাবির শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। রাত ২টা পর্যন্ত থেমে থেমে এই সংঘর্ষ চলে।

  • রোববার কর্মবিরতি পালন করবে ২৫ ক্যাডার

    রোববার কর্মবিরতি পালন করবে ২৫ ক্যাডার

    বিভিন্ন ক্যাডার কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রোববার (২ মার্চ) পরিষদভুক্ত সব ক্যাডার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে।

    এদিন সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান করবেন।

    শনিবার (১ মার্চ) রাজধানীর খামারবাড়িস্থ কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

    এ সময় সংস্কার কমিশনের প্রতিবেদন পুরোপুরি বাস্তবায়িত হলে রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেন তিনি।

    জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন ও সেবামূলক রাষ্ট্র গঠনে করণীয় বিষয়ে এদিন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা তাদের মতামত ব্যক্ত করেন।

    সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনে ২৫টি ক্যাডারের পক্ষ থেকেই পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং উপসচিব পদে কোটা বাতিলের প্রস্তাব করা হয়েছিল। সমাজের বিভিন্ন স্তর থেকেও সিভিল সার্ভিসে পেশাদারিত্বকে গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। অথচ, জনদাবিকে উপেক্ষা করে সংস্কার কমিশনের প্রতিবেদনে ক্ষমতাধর একটি গোষ্ঠীর নিরঙ্কুশ ক্ষমতা আরও বৃদ্ধির প্রয়াস লক্ষ্য করা গেছে। এই রিপোর্ট পুরোপুরি বাস্তবায়িত হলে রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে এবং প্রশাসনিক ফ্যাসিজম আরও শক্তিশালী হবে।

    এ সময় আরও বলা হয়, শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত করার প্রস্তাব থেকে সরে এসে সুকৌশলে নিয়োগের প্রক্রিয়ায় ভিন্নতা রাখা হয়েছে। যেন ধীরে ধীরে শিক্ষা ও স্বাস্থ্যকে মূলধারা থেকে বের করা যায়। এছাড়াও, পরিবার পরিকল্পনা ক্যাডারের বিষয় সংস্কার প্রস্তাবে না রাখা এবং পরিসংখ্যান ক্যাডারকে অযৌক্তিকভাবে সার্ভিসের বহির্ভূত করার সুপারিশ করা হয়েছে। এর ফলে এইসব সেক্টরে মেধাবীরা কম আকৃষ্ট হবে এবং এসব সেক্টরগুলো মেধাশূন্য হয়ে পড়বে।

    প্রবন্ধে আরও বলা হয়, কোনো ব্যক্তির মেধা যাচাইয়ের অন্যতম মাপকাঠি হচ্ছে গাণিতিক দক্ষতা। অথচ সেই গণিতকে বাদ দিয়ে অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করে মুখস্থ করার প্রবণতাকে উদ্বুদ্ধ করা হয়েছে। যা যথাযথভাবে মেধা মূল্যায়নের অন্তরায়। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ ও জেলা পরিষদকে বিলুপ্ত করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি, বাস্তবতা বিবর্জিত প্রাদেশিক শাসন ব্যবস্থার প্রস্তাব জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের অন্তরায়।

    সভায় পরিষদের পক্ষ থেকে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় (ক্যাডার যার, মন্ত্রণালয় তার) বাস্তবায়ন, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ, সব ক্যাডারের সমতা, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারসহ সব ক্যাডারকে একই কমিশনের আওতায় রাখা, পরিবার পরিকল্পনা ও পরিসংখ্যান ক্যাডারকে সার্ভিসে অব্যাহত রাখা, সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিসে প্রবেশের পর শুধু প্রশাসন ক্যাডারের জন্য পূর্বের সার্ভিসে ফেরার সুবিধার প্রস্তাব বাতিল, জেলা কমিশনারকে জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব প্রদানের প্রস্তাব বাতিল, ‘অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস’-এর পরিবর্তে ‘ভূমি সার্ভিস’ বা ‘ভূমি ব্যবস্থাপনা সার্ভিস’ নামকরণ, জনপ্রশাসন মন্ত্রণালয়কে ‘মানবসম্পদ ব্যবস্থাপনা মন্ত্রণালয়’ অথবা ‘সরকারি কর্মচারী ব্যবস্থাপনা মন্ত্রণালয়’ হিসেবে নামকরণসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

    এ সময় আরও জানানো হয়, সম্প্রতি ফেসবুকে লেখালেখির মতো তুচ্ছ কারণে ২৫ ক্যাডারের ১৩ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বৈষম্যপূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাকে কাজে লাগিয়ে প্রশাসন ক্যাডার ২৫ ক্যাডারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এমন ব্যবস্থা নিয়েছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. আরিফ হোসেন। এ সময় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন।

  • মার্চে জ্বালানি তেলের দাম নির্ধারণ

    মার্চে জ্বালানি তেলের দাম নির্ধারণ

    জ্বালানি তেলের দাম মার্চে অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

    শনিবার এক অফিস আদেশ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

    এতে বলা হয়, মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে চাচ্ছে সরকার। এজন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

    এর আগে, গেল ৩১ জানুয়ারি পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের মতো জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বাড়ানো হয়েছিল। ১ ফেব্রুয়ারি থেকে যা কার্যকর করা হয়। আর জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমানো হয়েছিল। পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত ছিল।

    বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    অনেকটাই একই প্রক্রিয়ায় প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৪ লাখ টন। মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়।

    বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি তেলে।

    ডিজেল সাধারণত কৃষি সেচে, পরিবহন ও জেনারেটরে ব্যবহার করা হয়। জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েল ও বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম নিয়মিত সমন্বয় করে বিপিসি। আর ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

    প্রতিবেশী দেশ ভারত ছাড়াও উন্নত বিশ্বে প্রতি মাসেই জ্বালানির মূল্য নির্ধারণ করা হয়।

  • নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর সরকার: প্রেস সচিব

    নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর সরকার: প্রেস সচিব

    প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর।

    শনিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

    এ সময় মাহে রমজানের বাজার পরিস্থিতি নিয়ে প্রেস সচিব বলেন, রোজায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত রোজার তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে। সরকার সারা রোজার মাস দাম সহনীয় রাখার সবোর্চ্চ চেষ্টা করবে।

    শফিকুল আলম বলেন, বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে।দাম সহনীয় থাকবে বলে আশা করি।

    এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বাজারে খোলা ও প্যাকেটজাত সয়াবিনের ঘাটতি আছে। তবে নিয়মিত মনিটরিংয়ে খোলা তেলের ঘাটতি কমে এসেছে। নিয়মিত মনিটরিংয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে।

  • দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

    দেশের আকাশে চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

    বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার রোজা শুরু হচ্ছে।

    শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

    ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ রাতেই তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাতে সেহরি খেয়ে আগামীকাল থেকে রাখবেন রোজা।

    মুসলমানদের কাছে রমজান পবিত্র মাস। এই এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করেন ধর্মপান মুসলমানরা।

    এদিকে শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে আজ থেকে রোজা শুরু হয়েছে। সৌদি আরবের পাশাপাশি ইন্দোনেশিয়া, আরব আমিরাতেও আজ থেকে রোজা শুরু হয়েছে। তবে মালয়েশিয়া ও ব্রুনাইয়ে চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল রোববার থেকে এসব দেশে পবিত্র রোজা শুরু হবে।

    রমজান হলো হিজরি সনের নবমতম মাস। হিজরি সনে বছর হয় ৩৫৪ বা ৩৫৫ দিনে। রমজানে রোজা রাখা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি সকল সুস্থ মুসলিমের জন্য বাধ্যতামূলক। তবে ছোট শিশু, অসুস্থ ব্যক্তি, ভ্রমণকারী, গর্ভবতী, দুধপান করানো বা ঋতুমতী নারীদের রোজা না রাখার ব্যাপারে শিথিলতা রয়েছে।

  • চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

    চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

    সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার থেকে মধ্যপ্রাচ্যে শুরু হবে পবিত্র রমজান।

    গলফ নিউজ জানিয়েছে, শুক্রবার সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ১ মার্চ (শনিবার) পবিত্র রমজান মাসের প্রথম দিন হবে।

    ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজেও সৌদি আরবে চাঁদ উঠার তথ্য জানানো হয়েছে।

    সেখানে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর রমজানের প্রথম দিন হবে আগামীকাল শনিবার।

    এ বছর চাঁদ দেখে বিশ্বে সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে। যদিও ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে এ দুটি দেশে ২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে। এছাড়া ফিলিপাইনও পরবর্তীতে জানায়, তাদের এখানেও আজ রাতে চাঁদ দেখা যায়নি। পাকিস্তানেও রমজানের চাঁদ দেখা যায়নি।

    অপরদিকে আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ায় রমজানের চাঁদ দেখা যায়। এছাড়া ফ্রান্সও কাল শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেয়।

  • সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি: উপদেষ্টা সাখাওয়াত

    সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি: উপদেষ্টা সাখাওয়াত

    সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, তিনি কোনো কথা না বুঝে বলেননি।

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

    নিজেরা কাদা–ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে সতর্ক করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। এই দেশ আমাদের সবার উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমরা সবাই সুখে-শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি।

    সেনাপ্রধানের এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাখাওয়াত হোসেন বলেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনো কথা না বুঝে বলেননি। বাকিটা ইন্টারপ্রিটেশন কী আপনারা জানুন। আমি যতটা ওনাকে চিনি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের ওপর বলার মতো লোক। সো আই হ্যাভ এ লট অব রেসপেক্ট ফর হিম।

    উপদেষ্টা বলেন, উনি কি বলেছেন না বলেছেন সে ব্যাখ্যা আমি দিতে পারবো না। সেটা উনিই দিতে পারবেন।

    প্রধান উপদেষ্টাকে তিনি যেভাবে সম্বোধন করেছেন সেটা পারেন কি না- এ বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, এটা আপনারা তাকে জিজ্ঞাসা করেন।

  • রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

    রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

    দেশব্যাপী চুরি ছিনতাই ধর্ষণরোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকায় রয়েছে দাবি করে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, রমজান মাসে বরিশাল নগরী চার স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। চাঁদাবাজি রুখতে যৌথবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে। পাশাপাশি শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সক্রিয়ভাবে কাজ করবে। চুরি ছিনতাই রোধে নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হবে।

    বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএমপি পুলিশ কমিশনার এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, ঈদযাত্রায় জনগণের কোনো ধরনের ভোগান্তি যাতে না হয় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

    নগরীতে মাদকের বিস্তার বাড়ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে শুধু মাদক নয়, প্রতারক চক্র, জাল টাকার বাণিজ্যসহ বিভিন্ন অপরাধীরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। তবে বরিশাল নগরীতে কোনো অপরাধীর ঠাঁই হবে না বলেও জানান তিনি।

    এ সময় বরিশালের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

  • পরকীয়ার ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

    পরকীয়ার ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

    কু‌ড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক গৃহবধূকে (২১) প্রেমের ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষ‌ণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ৭ অভিযুক্ত ধর্ষকের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ফুলবাড়ী থানা পু‌লিশ তাদেরকে গ্রেফতার করে। বিকালে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।

    গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলার চন্দ্রখানা বালাতাড়ি গ্রামের মইনুল হক, হাসানুর রহমান (২০), চর বড়লই গ্রামের ইয়াকুব আলী, সোহেল রানা (২১) ও হাজীটারী গ্রামের লাল মিয়া (৪০)।

    এছাড়া চর বড়লই গ্রামের আ‌তিয়ার রহমান (৩৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানার আল আ‌মিন (২০) পলাতক রয়েছে।