Blog

  • হৃার্দিককে ভুলতে পারছেন না নাতাশা

    হৃার্দিককে ভুলতে পারছেন না নাতাশা

    ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে নাতাশা স্ট্যানকোভিচের। বিচ্ছেদের পর নিজের দেশ সার্বিয়ায় চলে যান নাতাশা।

    মাসখানেক সার্বিয়ায় থেকে মুম্বাইয়ে ফিরেছেন নাতাশা। ভারতে তার এই ফেরা নিয়ে অনেক গুঞ্জন রটেছে। অনেকে বলছেন হয়তো পান্ডিয়াকে ভুলতে পারছেন না নাতাশা।

    এই তারকা জুটির বিচ্ছেদের কারণ নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন অনুরাগীরা। শোনা যায়, হার্দিক নাকি মানুষ হিসেবে খুবই আত্মকেন্দ্রিক। নিজের কথা ছাড়া তিনি নাকি আর কিছুই ভাবতে পারেন না।

    বিষয়টি নিয়ে দীর্ঘ দিন যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছেন নাতাশা। হার্দিকের সঙ্গে সব কিছু মিটিয়ে নেওয়ারও চেষ্টাও করেছেন নাতাশা। বারবার চেষ্টা করেও সফল হতে পারেননি।

    ২০২০ সালের মে মাসে বিয়ে করেন নাতাশা ও হার্দিক। তাদের ঘরে আসে পুত্রসন্তান অগস্ত্য। ২০২৪ সালের জুলাইয়ে তারা বিচ্ছেদের কথা ঘোষণা করেন।

    এই মুহূর্তে ছেলেকে নিয়ে মুম্বাইয়ে রয়েছেন নাতাশা। হার্দিকের বাড়িতে ছেলের যাতায়াত রয়েছে। এবার দেশে ফিরতে কখনো শরীরচর্চা কেন্দ্রের বাইরে কখনো রূপটান কেন্দ্রের বাইরে দেখা গিয়েছে নাতাশাকে।

    এবার তিনি একটি নাচের ভিডিও দেন। যার কথা খানিকটা এমন- ‘এবার মেয়েটাকে মুক্ত করো।’ হার্দিকের সঙ্গে তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এসেছেন নাতাশা। বিচ্ছেদের পরও সেই ধারাই বজায় রাখলেন প্রাক্তন তারকাপত্নী!

  • ‘মিস ইউনিভার্স ইন্ডিয়ার’ মুকুট জিতলেন রিয়া

    ‘মিস ইউনিভার্স ইন্ডিয়ার’ মুকুট জিতলেন রিয়া

    মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর মুকুট জয় করেছেন ১৮ বছর বয়সী রিয়া সিং। রোববার (২২ সেপ্টেম্বর) রাজস্থানের জয়পুরে গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

    মুকুট জয়ের পর ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়া বলেছেন, ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জয় করে আমি খুবই কৃতজ্ঞ। এই জায়গায় পৌঁছানোর জন্য আমি অনেকটা পরিশ্রম করেছি। আমি নিজেকে এই জয়ের জন্য যোগ্য বলে মনে করি। আগে যারা জয়ী, তাদের থেকেও ভীষণভাবে অনুপ্রাণিত আমি।’

    মিস ইউনিভার্স ইন্ডিয়া প্রতিযোগিতায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি ছিলেন রিয়া। ১৭ আগস্ট প্রতিযোগিতায় প্রবেশ করেন তিনি। খুব অল্প বয়স থেকেই মডেল হিসেবে কাজ শুরু করা রিয়া ইতিমধ্যে বেশকিছু সুন্দরী প্রতিযোগিতা জয় করেছেন। এর মধ্যে ১৬ বছর বয়সে ডিভা’স মিস টিন গুজরাট এবং ১৭ বছর বয়সে মিস টিন আর্থ ২০২৩-এর মতো প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন তিনি।

    জিএলএস ইউনিভার্সিটি থেকে পারফর্মিং আর্টসে স্নাতক ডিগ্রি অর্জন করেন রিয়া। মডেলিংয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

    আগামী ১৬ নভেম্বর মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স ২০২৪-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন রিয়া।

  • অস্কারে যাচ্ছে আমির খান প্রযোজিত ‘লাপাত্তা লেডিজ’

    অস্কারে যাচ্ছে আমির খান প্রযোজিত ‘লাপাত্তা লেডিজ’

    কিরণ রাও পরিচালিত ‘লাপাত্তা লেডিজ’ সিনেমাকে অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ২০২৫ সালের অস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে সিনেমাটিকে বেছে নেওয়া হয়েছে।

    অস্কারের দৌড়ে ‘লাপাত্তা লেডিজ’-এর সঙ্গী ছিল বলিউডের মেগা ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিমেল’, মালায়লাম সিনেমা ‘আট্টাম’ ও কান বিজয়ী ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সহ ২৯টি চলচ্চিত্র। তাদের সবাইকে পেছনে ফেলে ‘লাপাত্তা লেডিজ’ শেষ পর্যন্ত অস্কারের জন্য মনোনীত হয়েছে।

    অসমিয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের কমিটি আমির খান ও কিরণ রাও প্রযোজিত ‘লাপাত্তা লেডিজ’ সিনেমাটিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে জায়গা দিয়েছে।

    ‘লাপাত্তা লেডিজ’ যে অস্কারের জন্য ভারত থেকে মনোনয়ন পাবে, সে ব্যাপারে নিশ্চিত ছিলেন বলেই জানান সিনেমাটির পরিচালক কিরণ রাও। তিনি বলেন, ‘আমার সিনেমা যদি অস্কারের জন্য বেছে নেওয়া হয় তা আমার জন্য স্বপ্ন পূরণ। আমি নিশ্চিত যাকেই বেছে নিক সেখানে সেরা ছবিই যাবে।’

    অস্কারের জন্য ‘লাপাত্তা লেডিজ’-কে বেছে নেওয়ায় ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সিলেকশন কমিটিকে ধন্যবাদ দিয়েছেন আমির খান।

    প্রসঙ্গত, ‘লাপাত্তা লেডিজ’ ২০০১ সালের প্রেক্ষাপটে গ্রামীণ ভারতের দুটি মেয়ের একটি হৃদয়গ্রাহী গল্প। যারা দুর্ঘটনাক্রমে ট্রেনে করে যাওয়ার সময় অদলবদল হয়ে যায়। ছবিটি প্রযোজনা করেছে রাওয়ের কিন্ডলিং প্রোডাকশনস এবং আমির খান প্রোডাকশন।

    চলতি বছরের মার্চে মুক্তি পাওয়ার পর ব্যাপক সাড়া জাগায় ‘লাপাত্তা লেডিজ’। গ্রামীণ প্রেক্ষাপটে সহজ-সরল গল্প আর অভিনয়শিল্পীদের পারফরম্যান্স মুগ্ধতা ছড়ায়। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেন নীতাংশি গোয়েল, প্রতিভা রন্তা এবং স্পর্শ শ্রীবাস্তব, সঙ্গে ছিলেন রবি কিষাণ, ছায়া কদম এবং গীতা আগরওয়াল শর্মা

  • কোটি টাকা দেনমোহরে বিয়ে করলেন সানাই, পাত্র কে?

    কোটি টাকা দেনমোহরে বিয়ে করলেন সানাই, পাত্র কে?

    মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব আবারও বিয়ের পিড়িতে বসেছেন। রোববার পারিবারিকভাবে তার বিবাহ সম্পন্ন হয়েছে।

    পাত্র সোহেল এফ খান (৪৫) সুইডেন প্রবাসী ব্যবসায়ী। তাদের বিয়ের দেনমোহরের অঙ্ককে বলা চলে রেকর্ড।

    সোমবার গণমাধ্যমকে বিয়ের খবর নিশ্চিত করেছেন সানাই নিজেই। বিয়ের প্রমাণ হিসেবে ছবি চাইলে অবশ্য তিনি সেসব দেখাতে রাজি হননি।

    তবে শিগগির লাইভে এসে বিয়ের ব্যাপারে সবাইকে জানাবেন বলে নিশ্চিত করেন। তার বিয়ের দেনমোহর ছিল ১ কোটি ১ লাখ ১ টাকা।

    এত টাকা দেনমোহরের কত টাকা উসুল? জানতে চাইলে সানাই বলেন, ‘এক টাকাও উসুল করা হয়নি। পুরোটাই বাকি।’

    পাত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সোহেলের বাড়ি কুমিল্লা। এক বছর হলো আমাদের পরিচয়। যদিও একে প্রেম বলা যাবে না। পরিচয়ের পর আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া, একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। নিয়মিত যোগাযোগ এবং দেখা হতো। একপর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুপরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

    এর আগে ২০২২ সালের ২৭ মার্চ আবু সালেহ মুসা নামে এক ব্যাংকারকে বিয়ে করেছিলেন আলোচিত এই মডেল-অভিনেত্রী। তবে সেই সংসার বেশিদিন টেকেনি। এক বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর সানাই চাকরিতে মন দেন। অনেক দিন ধরেই বিনোদন অঙ্গনে তিনি অনিয়মিত।

    ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে আলোচনায় আসা এ মডেল ২০১৮ সালে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করে আলোচিত হন। এরপর ২০১৯ সালে এক মন্ত্রীকে বিয়ের ঘোষণা দিয়ে ফের আলোচনায় আসেন।

  • প্রথম হিন্দি ছবি হিসেবে ৬০০ কোটির রেকর্ড ‘স্ত্রী ২’

    প্রথম হিন্দি ছবি হিসেবে ৬০০ কোটির রেকর্ড ‘স্ত্রী ২’

    শাহরুখ খানের ‘জওয়ান’-এর হিন্দি সংস্করণকে ছাপিয়ে ভারতীয় বক্স অফিসে ৬০০ কোটির ক্লাবে ঢুকে রেকর্ড গড়ল ‘স্ত্রী ২’।

    রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত অমর কৌশিকের হরর কমেডি সিনেমাটি এখন একমাত্র হিন্দি ছবি হিসেবে বক্স অফিসে ৬০০ কোটি আয় করেছে।

    চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সোমবার সকালে টুইটবার্তায় পোস্ট করেছেন, ‘এটি ৬০০ পার করল হিসেবে ইতিহাস তৈরি করেছে। মেট্রো থেকে নন-মেট্রো, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন এবং আরবান সেন্টার থেকে গ্রামীণ এলাকা বোর্ডজুড়ে সরাসরি বিজয়ী। ভবিষ্যদ্বাণী করা অসম্ভব, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ অভূতপূর্ব সংখ্যা দিয়ে ধারাবাহিকভাবে বিস্মিত করছে।’

    ১৪ আগস্ট মুক্তি পাওয়ার পর থেকেই ঘরোয়া বক্স অফিসে ‘স্ত্রী ২’-এর সপ্তাহিক আয়েরও হিসাব দিয়েছেন তিনি।

    শাহরুখ খানের জওয়ান ও পাঠান, রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল এবং প্রভাস অভিনীত বাহুবলী ২: দ্য কনক্লুশনের হিন্দি সংস্করণ ও সানি দেওলের গদর ২-এর ব্যবসা পেরিয়ে এই মাইলফলক অর্জন করেছে ‘স্ত্রী ২’।

    রোববার রাতেই বন্ধুদের সঙ্গে শ্রদ্ধা সেলিব্রেট করেছেন এই সাফল্য। তাদের সবার পরনে ছিল ম্যাচিং লাল পোশাক। শ্রদ্ধাকে সোনালি ব্রেসলেট পরে দেখা যায় এবং চারদিক ছিল লাল বেলুন নিয়ে সাজানো। তিনি তার বন্ধুদের সঙ্গে একটি কেকও কাটেন, আর কেকের উপরে লেখা ছিল ‘রেকর্ড ব্রেকিং স্ত্রী’।

    ‘স্ত্রী ২’- ছবিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তামান্না ভাটিয়া। এটি প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস এবং লিখেছেন নীরেন ভাট।

  • সবুজ পাহাড়ে রক্তের দাগ দেখতে চাই না: জিএম কাদের

    সবুজ পাহাড়ে রক্তের দাগ দেখতে চাই না: জিএম কাদের

    পার্বত্য তিন জেলায় বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, যে কোনো মূল্যে পাহাড়ের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। এজন্য পাহাড়ি, বাঙালি ও প্রশাসনকে সচেতন থাকতেও আহবান জানান তিনি।

    মোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টি ও জাতীয় হকার্স পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের বলেন, সবুজ পাহাড়ে রক্তের দাগ দেখতে চাই না। আমরা সবাই বাংলাদেশি, আমরা ঐক্য ও সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা পার্বত্য এলাকার পর্যটন শিল্প ও অর্থনৈতিক সম্ভাবনাকে নস্যাৎ হতে দিতে পারি না। সব পক্ষকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে আহ্বান জানাই।

    জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আজহারুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও জাতীয় হকার্স পার্টির সাধারণ সম্পাদক রাশেদ নিজামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মীর আব্দুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মো. জহিরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মিলন, প্রেসিডিয়াম সদস্য মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মো. আরিফুর রহমান খান, চেয়ারম্যানের উপদেষ্টা মাইনুর রাব্বী চৌধুরী রুম্মন, সম্পাদকমণ্ডলীর সদস্য হুমায়ুন আহমেদ খান, এমএ রাজ্জাক খান, মিজানুর রহমান মিরু, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, যুগ্ম সম্পাদক এমএ সোবহান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য সামছুল হুদা মিয়া, একেএম নুরুজ্জামান জামান, রেজাউল করিম, আনোয়ার হোসেন শান্ত, জহিরুল ইসলাম মিন্টু, এমএ কুদ্দুস মানিক, জাতীয় হকার্স জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান, নাজমুল রেজা।

    জাতীয় মৎস্যজীবী পার্টির মধ্যে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, বোরহান উদ্দিন মাস্টার, হাফিজুর রহমান চৌধুরী, শফিকুল আলম মুকুল, পারভেজ সাজ্জাদ চৌধুরী, আবু জাফর রিপন, শ্রী রতন সরকার, মো. আলমগীর হোসেন, ওমর ফারুক, আমরিন রহমান, কামাল হোসেন। জাতীয় হকার্স পার্টির মধ্যে উপস্থিত ছিলেন, মো. ফরিদ হোসেন, মো. রাজীব শরীফ, মো. ইসমাইল হোসেন আলো, সাজেদুল হক লিটন, আতিকুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন।

  • ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে শোকজ

    ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে শোকজ

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।

    সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, সম্প্রতি নোয়াখালীতে তার নির্বাচনি এলাকায় মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে শোকজ করা হয়েছে।

    এর আগে গত ৮ সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। এছাড়াও পোষ্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশ দিয়েছে।

    দলটি বলছে, যেহেতু বিএনপি জনসম্পৃক্ত একটি রাজনৈতিক দল, সেহেতু জনগণের সমস্যা হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে। জাতীয় নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, সব সাংগঠনিক জেলা ও মহানগর এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে দুই বার্তা দিয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের অধিনস্ত কোনো ইউনিটে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে সফরকালে কোনো ধরনের মোটরসাইকেল বহর ও কারসহ অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করতে হবে। এসব শোভাযাত্রার কারণে পাশ দিয়ে চলাচলরত সাধারণ মানুষের যানবাহন বা পথচারীদের যাতায়াতে ভয়ানক বিঘ্ন ঘটে। যে এলাকায় সাংগঠনিক সভা, কর্মীসভা অথবা জনসভা হয়, সেই এলাকায় ঊধ্বর্তন নেতাদের আগমন ঘটলেও শোভাযাত্রার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় যা কোনোভাবেই কাম্য হতে পারে না।

    চিঠিতে আরও বলা হয়, ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে, ঢাকাসহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রং বেরং এর পোষ্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করতে। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থি। দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করছেন এবং ফেস্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোষ্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।

  • সাজেকে আটকেপড়া ৩৫ পর্যটক হেলিকপ্টারে ঢাকায়

    সাজেকে আটকেপড়া ৩৫ পর্যটক হেলিকপ্টারে ঢাকায়

    ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে রাঙামাটির সাজেক ঘুরতে গিয়ে আটকেপড়া অন্তত হাজারও পর্যটকের মধ্যে ৩৫ জনকে হেলিকপ্টারে করে ঢাকায় পৌঁছানো হয়েছে। রোববার বিকাল ও সোমবার সকালে সেনাবাহিনীর ৭টি হেলিকপ্টাযোগে তাদের সাজেক থেকে ঢাকায় পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে।

    এদিকে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি সোমবার বিকাল ৫টায় শেষ হবে। এরপর মঙ্গলবার যানবাহন চলাচল শুরু হলে আটকাপড়া পর্যটকরা সাজেক থেকে নিজেদের গন্তব্যে ফিরতে পারবেন বলে জানা যায়।

    সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ বলেন, অবরোধের কারণে সাজেকে বহু পর্যটকসহ যানবাহন চালক ও শ্রমিক আটকে পড়েছেন। সেনাবাহিনীর সহায়তায় রোববার বিকাল ও সোমবার সকাল পর্যন্ত সেনাবাহিনীর ৭টি হেলিকপ্টারেযোগে ৩৫ জনকে তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছে। অন্যরা মঙ্গলবার সকালে সড়ক পথে চলে যেতে পারবেন।

    বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আখতার বলেন, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ হতে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ হয়েছে। এতে কিছু পর্যটককে সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারযোগে সোমবার সকাল পর্যন্ত নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোমবার বিকালে অবরোধ শিথিল করার কথা রয়েছে। অবরোধ শিথিল হয়ে গেলে মঙ্গলবার থেকে যান চলাচল শুরু হলে পর্যটক সবাই যার যার গন্তব্যে যেতে পারবেন বলে আশা করছি।

  • জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার

    জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার

    নরসিংদীতে সেনাবাহিনীর অভিযানে জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

    সোমবার দুপুরে নরসিংদী স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

    পরে ২৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব লুন্ঠিত গুলি সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

    সেনাবাহিনী আরও জানায়, গোপন সূত্রে জানা যায়- সদর উপজেলার চিনিশপুর এলাকার একটি ডোবায় বেশ কিছু গুলি রয়েছে। এ সময় ২৮ ইস্ট বেঙ্গল ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ওই স্থানে অভিযান চালায়। সেখান থেকে ৫৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে ৮৫টি অস্ত্র ও ৮ হাজার ১৫ রাউন্ড গুলি লুট হয়।

  • দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে: আইজিপি

    দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে: আইজিপি

    আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

    সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সভায় র‍্যাবের মহাপরিচালক, এসবি প্রধান, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, ডিএমপি কমিশনার, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

    গণমাধ্যমে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

    আইজিপি বলেন, পুলিশ দুর্গাপূজা উপলক্ষে প্রাক দুর্গাপূজা, দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও দুর্গাপূজা পরবর্তী-এ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

    ইতোমধ্যে পুলিশের পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য পুলিশ সচেষ্ট রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে পুলিশের সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

    জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়ে ময়নুল ইসলাম বলেন, অপরাধীরা সাধারণত মধ্যরাতে অথবা শেষ রাতে পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে থাকে। পূজা চলাকালে সিসিটিভি/আইপি ক্যামেরা সক্রিয় রাখা, প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

    আইজিপি আশা প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে। দুর্গাপূজা চলাকালে পোশাকে ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। দুর্গাপূজা উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স এবং অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল চালু থাকবে।

    জানা গেছে, এ বছর সারা দেশে ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হবে।