Blog

  • চোরকে দেখে ফেলায় নটরডেম কলেজের অফিস সহকারীকে হত্যা: পিবিআই

    চোরকে দেখে ফেলায় নটরডেম কলেজের অফিস সহকারীকে হত্যা: পিবিআই

    চুরি করার সময় টের পাওয়ায় নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা জুলিয়ানা গোমেজকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে ও বালিশচাপা দিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানায়।

    সোমবার ধানমন্ডিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ডিআইজি (পশ্চিমাঞ্চল) সায়েদুর রহমান।

    তিনি বলেন, চুরি ও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে জুয়েল রানা ও নজরুল ইসলাম নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। মূলত চুরির উদ্দেশ্যে তারা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে এবং চুরি করার সময় টের পাওয়ায় জুলিয়ানাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। পরে বালিশচাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে।

    জুলিয়ানা বাসায় একাই থাকতেন জানিয়ে পিবিআই কর্মকর্তা সায়েদুর জানান, গ্রেফতার জুয়েল ও নজরুল পরস্পরের বন্ধু।

    জুলিয়ানা একাই বাসায় থাকার বিষয়টি তারা জেনে যায় এবং অনেক টাকা পাওয়ার আশায় তারা বাসায় ঢুকে চুরির পরিকল্পনা করে।

    গত ১১ সেপ্টেম্বর লিপিকা কলেজে না যাওয়ায় খোঁজ নিতে তার নবাবগঞ্জের বাসায় যান কলেজের দুজন। পরে গৃহকর্মীর কাছে থাকা বিকল্প চাবি দিয়ে খুলে দেখা যায়, বিছানায় তার মরদেহ পড়ে আছে।

    পিবিআই কর্মকর্তা সায়েদুর জানান, লিপিকার চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরে দুইজনকে গ্রেফতার করা হয়। দুজনই চুরি ও হত্যার দায় স্বীকার করেছে।

  • বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দেওয়া নিয়ে মুখ খুললেন পান্ত

    বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দেওয়া নিয়ে মুখ খুললেন পান্ত

    চেন্নাই টেস্টে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার রিশাভ পান্ত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় তার ‘পরামর্শে’ ফিল্ডিংয়ে পরিবর্তন আনেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

    পরে এই ঘটনা নেটিজেনদের মধ্যে বেশ আলোচনার জন্ম দেয়। অবশেষে ফিল্ডিং সাজানোর ঘটনায় মুখ খুলেছেন চেন্নাই টেস্টের সেঞ্চুরিয়ান পান্ত।

    ম্যাচ শেষে পান্ত বলেছেন, ‘আমি মাঠের বাইরে অজয় জাদেজার (ভারতের সাবেক ব্যাটার) সঙ্গে কথা বলি। তিনি একবার বলছিলেন, তুমি যেখানেই খেলো এবং যার বিরুদ্ধেই খেলো না কেন; ক্রিকেটের মান উন্নত হওয়া উচিত। আমি দেখছিলাম (বাংলাদেশের) মিড-উইকেটে কোনো ফিল্ডার নেই। একই জায়গায় দু’জন ফিল্ডারকে দাঁড়িয়ে থাকতে দেখি, তাই আমি তাদের একজন ফিল্ডারকে সেদিকে যেতে বলেছিলাম।’

    প্রসঙ্গত, ২০২২ সালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার পর চেন্নাই টেস্ট দিয়েই সাদা পোশাকে মাঠে ফেরেন পান্ত। ফিরেই বাংলাদেশের বিপক্ষে তুলে নেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে তার ১০৯ রানের ইনিংসে বড় লিডের পথে এগিয়ে যায় ভারত।

    সঙ্গত কারণেই সেঞ্চুরিটি তার জন্য বিশেষ, ‘চেন্নাইয়ের এই সেঞ্চুরি আমার কাছে খুব স্পেশাল। দুর্ঘটনার পর আমি ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলতে চাইছিলাম, এটা আমার সেই দুর্ঘটনার পর প্রথম টেস্ট ম্যাচ। আশা করি আগামী দিনে আরও ভালো খেলতে পারব।’

  • ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৮৬৬

    ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৮৬৬

    ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৮৬৬ জন।

    সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৩৩ জন। মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯০০ জন।

  • ‘মেট্রোরেলের বর্তমান আয়ের সঙ্গে প্রথমদিকের তুলনা যুক্তিসঙ্গত নয়’

    ‘মেট্রোরেলের বর্তমান আয়ের সঙ্গে প্রথমদিকের তুলনা যুক্তিসঙ্গত নয়’

    বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহণ মেট্রোরেল চালুর প্রাথমিক পর্যায়ের আয়ের সঙ্গে বর্তমান আয়ের তুলনা করা যুক্তিসঙ্গত নয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

    সম্প্রতি মেট্রোরেলের ১৮ দিনের আয়ের সঙ্গে এর প্রথম ছয় মাসের আয়ের তুলনা করে বিভিন্ন পোস্ট ও গ্রাফিকস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। 

    এ বিষয়ে ২২ সেপ্টেম্বর ডিএমটিসিএলের কোম্পানি সচিব খোন্দকার এহতেশামুল কবীর বলেন, শুরুতে যাত্রীরা বাংলাদেশে এই প্রথম এ ধরনের পরিষেবা ব্যবহার করতে শুরু করেছিলেন এবং এতে অভ্যস্তও ছিলেন না। তখন মেট্রোরেল অল্প সময়ের জন্য চালু থাকত। এছাড়া উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত দূরত্বে চলাচল করত।

    তিনি বলেন, মেট্রোরেল এখন আরও বেশি যাত্রী নিয়ে পূর্ণ সক্ষমতায় চলছে। এখন সময় ও দূরত্ব উভয় ক্ষেত্রেই সার্ভিস বেড়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৩ লাখ যাত্রী মেট্রো ব্যবহার করছেন, যা থেকে গড়ে এক কোটি টাকারও বেশি আয় হচ্ছে। এ পরিমাণ ক্রমেই বাড়ছে।

    ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ ১৯ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে চলতি মাসের (১৮ সেপ্টেম্বর পর্যন্ত) আয় প্রকাশ করার পর এ তুলনাটি সবার নজর কাড়ে। 

    তিনি বলেন, চলতি মাসের ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৪৯ লাখ ৯ হাজার ৪৯ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছেন। এতে আমাদের আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৯১ টাকা।

    এর আগে মেট্রোরেলের প্রথম ছয় মাসের মোট আয় সংসদে উপস্থাপন করেছিলেন তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। গত ৪ মার্চ জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রোরেলের আয় সম্পর্কে বলেছিলেন, অডিট ফার্মের নিরীক্ষা করা ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মেট্রোরেলের মোট আয় ছিল ১৮ কোটি ২৮ লাখ ৬ হাজার ৫১৪ টাকা।

    দেশে প্রথমবারের মতো মেট্রোরেল চালু হয়েছিল ২০২২ সালের ২৮ ডিসেম্বর। শুরুতে মেট্রোরেল চার ঘণ্টার জন্য উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়। পরের বছরের ৫ এপ্রিল সেটা বাড়িয়ে ছয় ঘণ্টা করা হয় (সকাল ৮টা থেকে দুপুর ২টা)। 

    ২০২৩ সালের ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ চালু হয়। তখন চলাচলের সময়ও বাড়িয়ে সাড়ে ১৩ ঘণ্টা করা হয়। চলাচলের সময় সকাল ৭টা ১০ মিনিট থেকে ৮টা ৪০ পর্যন্ত করা হয়। বর্তমানে মেট্রোরেল সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিয়মিত চলাচল করছে।

    মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর, বিশেষ করে মতিঝিল ও সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায়গুলো মেট্রো ট্রেন কাভারেজে চলে আসায় যাত্রী ব্যাপকভাবে বাড়তে থাকে। সেইসঙ্গে কর্তৃপক্ষের আয়ও বাড়ে। উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁওয়ের ভাড়া ৬০ টাকা। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে সচিবালয়ের ভাড়া ৯০ টাকা আর মতিঝিলের ভাড়া ১০০ টাকা।

  • লেবাননের ৩০০ স্থাপনায় ইসরাইলের হামলা, নিহত শতাধিক

    লেবাননের ৩০০ স্থাপনায় ইসরাইলের হামলা, নিহত শতাধিক

    লেবাননে হিজবুল্লাহর ৩০০ স্থাপনাকে টার্গেট করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এ হামলায় দেশটিতে শতাধিক নিহত ও আরও চার শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর আল-জাজিরার

    সোমবার ইসরাইলি হামলায় লেবাননে হতাহতের এ ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় শতাধিক নিহত ও আরও ৪০০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী, শিশু ও মেডিকেল কর্মীরাও রয়েছেন।

    এক বিবৃতিতে লেবাননের সরকারি জরুরি স্বাস্থ্য সেবা কেন্দ্র বলেছে, ইসরাইলি বাহিনীর হামলায় নারী, শিশু, প্যারামেডিকস-সহ চার শতাধিক মানুষ আহত হয়েছেন।

    লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান থেকে শত শত স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন বিবিসির এক প্রতিনিধি। লেবাননের সঙ্গে ইসরাইলের চলমান উত্তেজনায় এখন পর্যন্ত সোমবারের হামলাই সবচেয়ে তীব্র বলে অভিহিত করেছেন তিনি।

    ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সোমবার সকালের পরপরই লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর ৩ শতাধিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, লেবাননে হামলা আরও তীব্র করা হচ্ছে। হাজার হাজার বাস্তুচ্যুত ইসরাইলিকে উত্তরে ফেরানোর জন্য ‘আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত’ এ হামলা চলবে।

    গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা হাজার হাজার পেজার ও ওয়াকি-টকিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এই ঘটনায় লেবাননে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে; যাদের মধ্যে হিজবুল্লাহর অন্তত ১৬ সদস্য রয়েছেন। এই বিস্ফোরণের জন্য ইসরাইলকে ব্যাপকভাবে দায়ী করছে হিজবুল্লাহ।

    সশস্ত্র গোষ্ঠীটির যোগাযোগের যন্ত্রে বিস্ফোরণের ঘটনার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর মাঝেই সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় একাধিক শহরে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

  • মারা গেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান

    মারা গেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান

    পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালি) আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার মারা গেছেন। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    তার বয়স হয়েছিল ৬৯ বছর ৯ মাস। এ তথ্য নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী এস এম নুরুল্লাহ ইমন।

    তিনি জানান, গত শুক্রবার তাকে ঠান্ডাজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি করার পর নিউমোনিয়া ধরা পড়ে। এরপর থেকেই চিকিৎসা চলছিল তার। পরে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    তবে তাকে কখন কোথায় নিয়ে আসা হবে কিংবা কোথায় তাকে দাফন করা হবে সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

    মাহবুবুর রহমান তালুকদার আওয়ামী লীগের রাজনীতিবিদ। দলীয় প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ থেকে ২০০১, ২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

  • মনপুরায় মেঘনা নদী থেকে ২ জেলের মরদেহ উদ্ধার

    মনপুরায় মেঘনা নদী থেকে ২ জেলের মরদেহ উদ্ধার

    ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারেরহাট-সংলগ্ন পশ্চিম পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

    এরপর দুপুরের দিকে একই উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ার টেক এলাকার পূর্ব পাশ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

    স্থানীয় বাসিন্দারা মেঘনা নদীর পৃথক এলাকায় ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। জানা গেছে, মরদেহ দুটি গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোলায় বৈরী আবহাওয়ায় ডুবে যাওয়া মাছধরা ট্রলারে থাকা জেলেদের।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, দুটি মরদেহের পরিচয় মিলেছে। একটি মরদেহ জেলার তজুমুদ্দিন উপজেলার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের আ. মালেকের ছেলে মো বেল্লাল হোসেনের (২৫)। অন্যটি মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনারচর গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে আলাউদ্দিনের (৩০) বলে শনাক্ত করেছেন তাদের পরিবারের সদস্যরা।

    মরদেহ দুটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মরদেহ দুটি তাদের পরিবারের লোকজন শনাক্ত করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে মনপুরা থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

  • পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত

    পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত

    সবশেষ ১৫ বছর যে সরকার ছিল তারা পুরো সিস্টেম করাপ্ট (দুর্নীতিগ্রস্ত) করে ফেলছে এবং এখান থেকে বের হয়ে আসা খুবই ডিফিকাল্ট (কঠিন) বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

    রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    সাখাওয়াত হোসেন বলেন, নৌ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ভয়াবহ দুর্নীতি হয়েছে, মহাসাগর চুরি হয়েছে। দুর্নীতি রোধে দেশবাসীর কাছে সহায়তাও চাই।

    ‘মব জাস্টিসের’ পক্ষ নয় জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার ওপর গুরুত্ব দেন এম সাখাওয়াত।

    বাংলাদেশের মেরিনারদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে দুবাই ও সিঙ্গাপুর অ্যাম্বাসিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হচ্ছে বলেও ঘোষণা দেন নৌপরিবহন উপদেষ্টা।

    তিনি বলেন, আমি যে দুইটি মন্ত্রণালয়ে আছি, সেখানে সাগরচুরি বলা যায় না, হয়েছে প্রশান্ত মহাসাগর চুরি। সবশেষ ১৫ বছর যে সরকার ছিল তারা পুরো সিস্টেম করাপ্ট করে ফেলেছে। এখান থেকে বের হয়ে আসা খুবই ডিফিকাল্ট। কোনো ডিপার্টমেন্ট নেই, কোনো সিস্টেম নেই যে করাপ্ট করা হয়নি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় তো শেষ করে ফেলা হয়েছে, অলমোস্ট ফিনিশড (প্রায় নিঃশেষ)। আমরা চেষ্টা করছি এগুলো ঠিক করার। তবে এটা দুই অথবা তিন বছরে ঠিক করা সম্ভব না। সরকারি পাটকল একটাও চলছে না, আমরা চেষ্টা করছি সেগুলো লিজ দিয়ে চালু করার। সরকারের পক্ষে ব্যবসা করা সম্ভব না।

    সাখাওয়াত হোসেন বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ে কিছু কিছু প্রজেক্ট আছে, অনেকে জানেই না কেন হয়েছে এই প্রজেক্ট। এগুলো দেশবাসীর সহায়তা ছাড়া ঠিক করা সম্ভব না। চুরি বন্ধ করতে হবে। একটা লোককে ধরলে এখন এক হাজার কোটি টাকা, একটা লোকের ৩৬০টি বাড়ির খবর পাওয়া যায়। আমাদেরও তো অনেক আগে জন্মগ্রহণ করেছি, আমরা তো কখনো দেখেনি দেশে এত বড় বড় জমিদার। দু-দিন আগে কী ছিল, আর এখন হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক। এটাই জাতির জন্য বড় সমস্যা। করাপশন রিডিউস (দুর্নীতি নির্মূল) করতে হবে, এটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।

    এসময় পাটের আবাদ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ানোর জন্য কাজ করবেন বলে জানান তিনি।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাহাড়ে কেউ যাতে ইন্ধন যোগাতে না পারে সেজন্য পাহাড়িদের দুঃখ-বেদনা বুঝে, শান্তি বজায়ে সৌহার্দ্য স্থাপনে সব পক্ষকে এগিয়ে আসতে হবে। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না। পার্বত্য অঞ্চলে যাই হচ্ছে না কেন সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, এটা আমাদের উপলব্ধি করতে হবে। স্থানীয় প্রশাসনকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সম্প্রীতি বজায় রাখতে হবে।

    উপদেষ্টা আরও বলেন, আইনের মধ্যে সবাইকে চলতে হবে। শক্ত অ্যাকশন নেওয়া উচিত আইনভঙ্গকারীদের বিরুদ্ধে। পাহাড়ে সব সময় সমস্যা ছিল। সেখানে বাঙালি বাদে ১৩-১৪টি কমিউনিটি আছে, কেউ ছোট বা কেউ বড়। তাদের মধ্যে সৌহার্দ্যের ব্যাপার আছে। সৌহার্দ্য বজায় রাখতে হলে অপাহাড়ি যারা আছে তাদের বুঝতে হবে পাহাড়িদের দুঃখ ও বেদনা। স্থানীয়ভাবে এই সৌহার্দ্য বাড়াতে হবে। কেউ যাতে ইন্ধন জোগাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। রক্তপাত বন্ধ করাটা দরকার। সম্প্রীতি বজায় না রাখলে সবারই ক্ষতি।

    বরিশাল মেরিন একাডেমি পরিদর্শনে এসে উপদেষ্টা সাখাওয়াত হোসেন প্রথমে একাডেমির প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ করেন। এরপর বৃক্ষরোপণ করেন তিনি।

    এসময় আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • বরিশালে জাপার বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ

    বরিশালে জাপার বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ

    জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং স্মারকলিপি দেয়া হয়েছে। রবিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর জাতীয় পার্টির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

    সমাবেশে জাতীয় পার্টি বরিশাল মহানগর কমিটির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত মহাসচিব মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল।

    সমাবেশে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম রহমান পারভেজ, জাপা বরিশাল জেলা শাখার সদস্য সচিব অ্যাড, এম এ জলিল, মহানগর যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, রুস্তুম আলী খান, আকতার রহমান সপ্রু, মঞ্জুরুল ইসলাম খোকন, কামাল চৌধুরী, ফোরকান তালুকদারসহ জেলা ও মহানগর নেতাকর্মীরা।

    সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কর্যালয়ে গিয়ে স্থানীয় সরকার উপ-পরিচালক গৌতম বাড়ৈর মাধ্যমে সরকার প্রধান বরাবর স্বারকলিপি প্রদান করে।

  • ‘ইলিশ রপ্তানির বিপক্ষে যারা বলে তারা ইমোশনাল’

    ‘ইলিশ রপ্তানির বিপক্ষে যারা বলে তারা ইমোশনাল’

    সরকারের সর্বোচ্চ মহলের সিদ্ধান্তেই ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যে পরিমাণ ইলিশ রফতানি হয়েছে তা চাঁদপুর ঘাটের একদিনের ইলিশও না। রপ্তানির বিপক্ষে যারা বলে তারা ইমোশনাল।

    রোববার সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা আছে। ফরেন কারেন্সি আসে। রপ্তানি না করলে চোরাচালান হয়। ভারতে ইলিশ রপ্তানিতে বাহবা পেয়েছি। রপ্তানিতেও গ্রেটার ইন্টারেস্ট আছে।

    তিনি আরও বলেন, পজিটিভলি দেখেন। পেঁয়াজ আসছে না? ওরা ডিউটি কমিয়ে দিয়েছে। ইমোশনাল কথা বলে লাভ নাই। সর্বোচ্চ মহলের সঙ্গে আলাপ-আলোচনা করে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। অনেক ভেবে চিন্তে ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, শনিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী মাসে (অক্টোবর) বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।