Blog

  • এবারও বিএসএফকে রুখে দিল বিজিবি

    এবারও বিএসএফকে রুখে দিল বিজিবি

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাতলা সীমান্তের কিছু অংশে ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে। তবে এবারও বিএসএফকে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় রোববার দুপুরে বৈঠকে বসে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

    এর আগে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া সীমান্তে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। পরে বিজিবির বাধার মুখে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ করতে বাধ্য হন বিএসএফ সদস্যরা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গত পরশু থেকে সোনাতলা সীমান্তের কিছু অংশে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। বিষয়টি জানতে পেরে গতকাল শনিবার বিজিবি সদস্যরা বিএসএফকে বাধা দেন। রোববার সকালে আবার কাজ শুরু করলে বিজিবি আবারও বাধা দেয়।

    বিজিবি সূত্র জানিয়েছে, পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তের গয়েশপুর ও বাংলাদেশ সীমান্তের সোনাতলা অংশে কাঁটাতারের বেড়া নেই। গত কয়েকদিন ধরে এই অংশের মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ১২ ও ১৩ নম্বরের কাছে ভারতের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৫ থেকে ১০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। অথচ নিয়ম হলো, সীমান্তের ১৫০ গজের মধ্যে কেউ এ ধরনের বেড়া নির্মাণ করতে পারবে না।

    স্থানীয়রা জানান, বিএসএফ সদস্যরা দিনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালান আর রাতে কাঁটাতারের বেড়া দেন। এভাবে দুটি সাব পিলার অংশে তারা বেড়া দিয়ে ফেলেছেন। স্থানীয়রা বিজিবিকে বলার পর সেখানে বাধা দেওয়া হয়।

    এ ঘটনায় রোববার দুপুরে ২৮০ মেইন পিলারের ১৫ নম্বর সাব পিলারের কাছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বৈঠক করেছে। তবে বৈঠক শেষে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি হাটখোলা বিওপির কমান্ডার সাইদুল বারী।

    স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর বিজিবিকে জানানো হলে গতকাল (শনিবার) তারা বাধা দেন। আজ সকালে বিএসএফ আবার কাজ শুরু করে। এরপর বিজিবি এসে বাধা দিয়ে তাদের (বিএসএফ) সঙ্গে বৈঠক করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরাও করা যাবে না। কিন্তু তারা সেটি মানছে না।

    ২০ বিজিবির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, বিষয়টি জানতে পেরে আমরা বাধা দিয়েছি। তারা কাজ স্থগিত রেখেছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আর তারা কাজ করবে না বলে জানিয়েছে। যে অংশে কাজ করেছে সেটি তারা তুলে নিয়ে যাবে।

  • মিমির বন্ধু হতে মানতে হবে যেসব শর্ত

    মিমির বন্ধু হতে মানতে হবে যেসব শর্ত

    টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে কৌতূহলের শেষ নেই। তিনি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে যাই পোস্ট করুন না কেন তা ভক্ত-অনুরাগীদের চোখ এড়ানো যায় না। তিনি যেমন জনপ্রিয় তার আদরের পোষ্যরাও ঠিক তেমন জনপ্রিয়। তিনটি পোষ্যপ্রাণী আছে মিমির। চিকু, ম্যাক্স আর জাদু।

    তাদের নানা ধরনের কর্মকাণ্ড মাঝে মাঝেই ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন অভিনেত্রী। এই তিনজনকে ঘিরেই যে তার জীবন সেটা অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখলেই বোঝা যায়। এবার নায়িকা জানালেন যে কী করলে তার বন্ধু হওয়া যাবে।

    এ অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা আছে, ‘আমার বন্ধু হতে চাইলে কুকুর হতে হবে, না হলে কুকুর থাকতে হবে।’

    নায়িকার পোষ্য প্রেম প্রত্যেকের জানা। কিছুদিন আগেই তার জাদু একটি কাণ্ড ঘটিয়েছিল। সেই সঙ্গে অবশ্য সঙ্গ দিয়েছিল চিকু এবং ম্যাক্স। নায়িকার যোগাভ্যাসের ম্যাট ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে।

    যা দেখে রাগ তো করেছেন অভিনেত্রী। কিন্তু কী আর করা যাবে তাতে। অবলা প্রাণীদের আর কত বকবেন অভিনেত্রী? পরের দিন যদিও নতুন ম্যাট কিনে নিয়ে আছেন তিনি। মিমি আর তার পোষ্যদের এমন কর্মকাণ্ড তবে সবার প্রিয়।

    উল্লেখ্য, ইন্ডাস্ট্রির পার্টি বা যে কোনো অনুষ্ঠানে খুব কমই দেখা যায় অভিনেত্রীকে। মা-বাবা আর তিন পোষ্যকে ঘিরেই তার জীবন আবর্তিত। অনেক সময়ই তাই এমন প্রশ্নের সম্মুখীনও হতে হয় অভিনেত্রীকে যে তিনি বিয়ে কবে করছেন? আবার এমনও হয় অনেকে নায়িকার বন্ধু হতে চায়। এমন বাসনা যে অনেকের মনেই রয়েছে তা নায়িকা নিজেও জানেন।

  • ‘ক্যারিয়ার শেষ হলে হবে, বিয়ে সাইফকেই করব’

    ‘ক্যারিয়ার শেষ হলে হবে, বিয়ে সাইফকেই করব’

    বলিউডে ‘রিফিউজি’ ছবি দিয়ে যাত্রা শুরু করেন অভিনেত্রী কারিনা কাপুর। সেখান থেকে পরিচয় অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে। ২০১২ সালে বিয়ে করেন সাইফকে। তাদের সংসারে তৈমুর ও জাহাঙ্গীর নামে দুই ছেলে সন্তান রয়েছে।

    তবে বিয়ে করলে অভিনয়ে ভাটা পড়বে, এমন ভয় দেখিয়েছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত তা ভুল প্রমাণ করেছেন কারিনা কাপুর। কারণ, পুরোদমে সংসার পাতার পরেও কারিনা আছেন সেই আগের মতই। চেহারায় খানিকটা বয়সের ছাপ আসলেও তা নিয়ে ভাবেননি কারিনা।

    এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কোনো ধরনের ফেস ট্রিটমেন্ট করেন না তিনি। তার ছাপ কোনোভাবেই পড়েনি তার অভিনয় জীবনে। বরং, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে চলেছেন বলিউডের কাপুর পরিবারের দ্বিতীয় কন্যা।

    সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘ক্যারিয়ারের মধ্যগগনে সাইফকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। সে সময় আমাকে অনেকে বলেছিলেন এখন যেন বিয়ে না করি। কারণ, বিয়ে করলে নাকি আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ভালো চরিত্র পাব না আর। কিন্তু আমি তাদের বলেছিলাম, ক্যারিয়ার শেষ হলে হবে। বিয়ে সাইফকেই করব। আর সত্যিই বিয়ের পরেও কাজ করেছি। এমনকি মা হওয়ার পরেও। আজ মনে হয় স্রোতের উলটো দিকে হেঁটে ভুল করিনি।’

    এদিকে, ২০১২ সালে ‘এজেন্ট বিনোদ’ ছবির পর আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি সাইফ-কারিনাকে। কবে আবার একসঙ্গে কাজ করবেন তারা? এ বিষয়ে কারিনা বলেন, ‘সাইফের তামিল ছবি দেবারার জন্য আমি খুব উৎসাহিত। এইবার আমাদের দুজনের একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করি।’

  • ‘সেনারা প্রাণ দিচ্ছেন, আর আমরা ঘরে বসে পাকিস্তানি ছবি দেখব’

    ‘সেনারা প্রাণ দিচ্ছেন, আর আমরা ঘরে বসে পাকিস্তানি ছবি দেখব’

    আগামী ২ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাকিস্তানের সিনেমা ‘মওলা জাট’। এতে অভিনয় করেছেন একসময়ে বলিউড কাঁপানো অভিনেতা ফাওয়াদ খান ও অভিনেত্রী মাহিরা খান। কিন্তু এ সিদ্ধান্তে মোটেই খুশি নয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্র জানায়, ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর পাক শিল্পীরা নিষিদ্ধ হন বলিউড ইন্ডাস্ট্রিতে। অবশেষে সেই জট কেটে গিয়ে ২ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ছবি ‘মওলা জাট’-এর। কিন্তু এ সিদ্ধান্তে মোটেই খুশি নয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। তারা হুঁশিয়ারি দিয়েছেন— কোনোভাবেই এ ছবি ভারতের প্রেক্ষাগৃহে প্রদর্শন করতে দেওয়া হবে না।

    সংবাদমাধ্যমকে এমএনএসের সভাপতি অমেয়া খোরপার বলেছেন, ভারতে কিছুতেই পাকিস্তানের ছবি এবং অভিনেতাদের গ্রহণ করা হবে না। তিনি অন্য রাজ্যের রাজনৈতিক দলকেও এ ছবি মুক্তির বিরোধিতা করার আবেদন করেছেন। তিনি বলেন, এ ছবি ভারতে মুক্তি পাবে না। শুধু ছবিই নয়; পাকিস্তানের কোনো শিল্পীকেই এ দেশে গ্রহণ করা হবে না। যদি এমন কিছু হয়, তা হলে জোরদার আন্দোলন হবে।

    এমএনএসের সভাপতি আরও বলেন, সীমান্তে আমাদের সেনারা প্রাণ দিচ্ছেন। পাকিস্তানি অভিনেতাদের আমাদের কিসের প্রয়োজন, আমাদের এখানে কি প্রতিভার অভাব রয়েছে?

    হুমকি দিয়ে খোরপার বলেন, প্রেক্ষাগৃহের মালিকরা জানেন— প্রেক্ষাগৃহের দরজা-জানলার কাচ খুবই দামি। পাকিস্তানের কোনো অভিনেতা এখানে এলেই আমরা হামলা করব। শিল্প ও রাজনীতি ভিন্ন সে কথা উল্লেখ্য করে তিনি বলেন, সেনাদের জীবনের থেকে শিল্প কখনই বড় হতে পারে না। এটাকে হুমকি হিসেবেই নেওয়া উচিত। গত সপ্তাহ পর্যন্ত ওরা হামলা করেছে। আর আমরা ঘরে বসে পাকিস্তানের ছবি দেখব? এ দেশের মাটিতে আমরা ওদের পা রাখতে দেব না। আমরা ভাঙচুর করব।

    উল্লেখ্য, অভিনেত্রী মাহিরা খান ও ফাওয়াদ খান দুজনই ভারতীয় ছবিতে কাজ করেছেন। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে জুটি বেঁধেছিলেন মাহিরা। অন্যদিকে ‘কাপুরস অ্যান্ড সন্স’-এ নজর কেড়েছিলেন ফাওয়াদ খান। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকার সঙ্গে ফাওয়াদের সমীকরণে মজেছিল ভারতীয় দর্শক। সোনম কাপুরের সঙ্গে ফাওয়াদের ‘খুবসুরত’-ও জনপ্রিয় হয়েছিল।

  • আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প

    আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প

    আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) দেশটির সান লুইস অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা ছিল ৬।

    রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় শনিবার দেশটির সান লুইস অঞ্চলে এই ভূমিকম্প হয়।

    প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আর্জেন্টিনার সান লুইস অঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের নীচে ১২৯ কিলোমিটার গভীরে ছিল বলেও সংস্থাটি জানিয়েছে।

    এর আগে গত বছরের জানুয়ারিতে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় কার্ডোবা শহরে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় ভোররাত ৩টা ৩৯ মিনিটের দিকে আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ৫৮৬ কিলোমিটার গভীরে।

    এদিকে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।

  • ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩০

    ইরানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩০

    ইরানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য খোরাসানে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ৩০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। অনেক শ্রমিক ভিতরে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

    স্থানীয় সময় শনিবার (২২ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই খবর দিয়েছে আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে প্রায় ৫৪০ কিলোমিটার দূরে তাবাসে একটি কয়লা খনিতে বিস্ফোরণটি ঘটে।

    এতে বলা হয়েছে, শনিবার গভীর রাতে বিস্ফোরণের পর ওই এলাকায় জরুরি উদ্ধারকর্মী পাঠিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের সময় সেখানে প্রায় ৭০ জন শ্রমিক কাজ করছিলেন।

    ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, দেশটির মদনজু কোম্পানি পরিচালিত ওই খনির বি এবং সি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।

    ইরান তেল উৎপাদনসহ বিভিন্ন ধরনের খনিজ সম্পদে সমৃদ্ধ। মধ্যপ্রাচ্যের দেশটি বছরে প্রায় ৩.৫ মিলিয়ন টন কয়লার চাহিদা রয়েছে। যার মধ্যে প্রায় ১.৮ মিলিয়ন টন কয়লা নিজেরা উত্তোলন করে।

    ইরানের খনি শিল্পে বিস্ফোরণের এটাই প্রথম ঘটনা নয়। ২০১৩ সালে, দুটি পৃথক খনির ঘটনায় ১১ জন শ্রমিক নিহত হয়েছিল। ২০০৯ সালে বেশ কয়েকটি ঘটনায় ২০ জন শ্রমিক নিহত হয়। এছাড়া ২০১৭ সালে, কয়লা খনি বিস্ফোরণে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছিল।

  • যে কারণে ভারতে ইলিশ যাচ্ছে, জানালেন উপদেষ্টা

    যে কারণে ভারতে ইলিশ যাচ্ছে, জানালেন উপদেষ্টা

    দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

    রোববার সচিবালায়ে তিনি এসব কথা বলেন।

    মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশ রফতানির বিপক্ষে জানিয়ে ফরিদা আখতার বলেন, আমরা দেশের মানুষের জন্য ইলিশ রাখার পক্ষে এবং রফতানির বিপক্ষে। দেশে অনেক ইলিশ আছে। গতবারও ভারত কম ইলিশ নিয়েছে। হুট করে ইলিশের দাম বেড়ে যাবে এটাও ঠিক না। রপ্তানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে।

    উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা (রপ্তানির অনুমোদন) দিয়েছেন। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা করেছেন।

    রপ্তানি বন্ধ করা মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কাজ নয় জানিয়ে তিনি বলেন, আমি বন্ধের সিদ্ধান্ত বাতিল করার জন্য ক্ষমতাপ্রাপ্ত না। এছাড়া ইলিশ মাছ পূজার সঙ্গে সম্পর্কিত নয়। হিন্দু ধর্মের অনুসারীদের থেকে বিষয়টি জানা হয়েছে।

    তিনি আরও জানান, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকবে। নদীতে চর ড্রেজিং না হওয়া এবং দূষণের কারণে সাগর থেকে নদীতে মা ইলিশ ডিম ছাড়তে আসতে পারছে না। তাই ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

    প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    আজ রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান।

    ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগদানের জন্য আগামীকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা হবেন প্রধান উপদেষ্টা। আগামী ২৭ সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

    অন্তর্বর্তী সরকারের প্রধানের নিউইয়র্ক সফরের প্রাক্কালে আজ রোববার তার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান।

  • স্ট্র্যাপ কামড়ে ধরে সাকিবের ব্যাটিং, কালো জাদু বলছেন ভক্তরা

    স্ট্র্যাপ কামড়ে ধরে সাকিবের ব্যাটিং, কালো জাদু বলছেন ভক্তরা

    নিজের ইচ্ছে মতো সব কিছু ঘটবে, কিংবা ভাগ্য সুপ্রসন্ন হবে; এমন আশায় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর আশ্রয় নিয়ে থাকেন অনেকে। চেন্নাই টেস্টে সাকিব আল হাসানও তেমনটি করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন ভক্তরা। বিষয়টি মজার ছলে হলেও ভক্তদের এমন মন্তব্যের কারণ- ব্যাট করার সময় বারবার হেলমেটের স্ট্র্যাপ কামড়ে ধরতে দেখা গেছে সাকিবকে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে হঠাৎ ব্যাটিংয়ের সময় এমনটা কেন করছেন সাকিব।

    চেন্নাইয়ে দুই ইনিংসেই সাকিবকে দেখা গেছে হেলমেটের স্ট্র্যাপ কামড়ে ধরতে। এমনটি নিয়ে ধারাভাষ্য কক্ষেও কথা হয়েছে দীনেশ কার্তিক এবং তামিম ইকবালের। সাকিবের এমনটি করা নিয়ে কার্তিকের ব্যাখ্যা, শরীরের ভারসাম্য বজায় রাখতেই এমন কাজ করছেন সাকিব। ব্যাট করার সময় মাথা লেগ সাইডের দিকে ঝুঁকে থাকায় বল দেখতে তার অসুবিধা হতে পারে। সেটি এড়ানোর জন্যই তিনি এ কাজ করছেন।

    কার্তিকের এমন মন্তব্যের সঙ্গে একাত্মতা পোষণ করেন তামিম। সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ব্যাট করার সময় সাকিবের মাথা একদিকে হেলে থাকত। তা ঠেকানোর জন্যই সাকিব স্ট্র্যাপ কামড়ে ধরে রেখেছেন।

    সাকিবের স্ট্র্যাপ কামড়ে ধরার বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই সাকিবের এমন স্ট্র্যাপ কামড়ে ধরার কারণ জানতে চেয়েছেন। যেখানে আসছে বেশ মজার মজার উত্তর। যার মধ্যে অনেকেই বলছেন, কালো জাদু করছেন সাকিব। ব্যাট হাতে ফর্মে ফেরার জন্যই এমনটি করছেন তিনি। কেননা, সম্প্রতি ব্যাট হাতে রান খরায় ভুগতে হচ্ছে বাংলাদেশের তারকা এই অলরাউন্ডারকে।

    ‘কালো জাদু’র ব্যাপারটা রসিকতা হলেও এর কারণ হিসেবে জানা গেছে, বিসিবির মেডিকেল বিভাগ থেকেই মাথার অবস্থান ঠিক আছে কি না, তা বুঝতে সাকিবকে এই রবারের স্ট্র্যাপ ব্যবহার করতে বলা হয়। এর আগে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তাকে জার্সি কামড়ে ধরে ব্যাটিং করতে দেখা গিয়েছিল।

    সাকিবের স্ট্র্যাপ কামড়ে ব্যাটিং করার আরেকটা কারণ তার চোখের সমস্যা। কেননা, সবশেষ ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই রেটিনার সমস্যায় ভুগছেন তিনি। ভারত ও লন্ডনে চোখের বিশেষজ্ঞ চিকিৎসকও দেখিয়েছেন। সে সময় বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন, অতিরিক্ত মানসিক চাপে থাকলে সাকিবের চোখের রেটিনার নিচে একধরনের তরল পদার্থ জমে, যেটা ঝাপসা করে দেয় দৃষ্টি। সেই মানসিক চাপ কাটাতেই ব্যাটিংয়ের সময় এমনটা করে থাকতে পারেন সাকিব।

    স্ট্র্যাপ কামড়ে ধরেও অবশ্য ব্যাট হাতে সফল হননি সাকিব। প্রথম ইনিংসে ৩২ ও দ্বিতীয় ইনিংসে ২৫ রান করেছেন সাকিব। বল হাতে দেখা পাননি উইকেটের। ফিল্ডিংয়ে ক্যাচ ছেড়েছেন তিনি। সাকিবের এমন ম্যাচে ব্যর্থ দল। বাংলাদেশ ম্যাচ হেরেছে ২৮০ রানে।

  • কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না ২ বন্ধুর

    কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরা হলো না ২ বন্ধুর

    ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার সুয়াদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই নড়াইল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা হলেন— তিতাস শেখ (১৮) ও উৎস মোল্লা (১৭)। তাদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলায়।

    ওই উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে তিতাস শেখ ও রঘুনাথপুর গ্রামের সাকু মোল্লার ছেলে উৎস মোল্লা।

    পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কালিয়া উপজেলার কয়েকজন কলেজছাত্র কুয়াকাটা ভ্রমণের যান। সেখান থেকে রোববার সকালে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই একজন শিক্ষার্থী ও আরেকজনকে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. খাইরুল আনাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। নিহত দুজনই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হন। একজন ঘটনাস্থলে ও আরেকজন হাসপাতালে আনার পর মারা যান। মহাসড়কে অনেক বড় বড় গর্ত রয়েছে। ধারণা করা হচ্ছে, গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে দুর্ঘটনা শিকার হয়েছেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।