Blog

  • মোশাররফ-জিয়ার মার্শাল ল-ই ভালো ছিল, কেন বললেন ইমরান খান

    মোশাররফ-জিয়ার মার্শাল ল-ই ভালো ছিল, কেন বললেন ইমরান খান

    পাকিস্তানের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার তুলনায় সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ এবং জিয়া-উল-হকের মার্শাল ল বিধি-ব্যবস্থা ভালো ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান।

    শনিবার সংবাদ মাধ্যম দ্য নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। শুক্রবার ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলার শুনানির সময় সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

    সাবেক প্রধানমন্ত্রী বলেন, যারা প্রকৃতপক্ষে গণতন্ত্রকে সম্মান করেন এবং ভোটাধিকারকে মূল্য দেন, তারা একপাশে দাঁড়িয়েছেন। আর যারা কেবল ক্ষমতার অন্ধভক্ত, তারা অন্যপাশে।

    তিনি শাহবাজ শরিফের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসনকে বৈধ শাসক হিসেবে মানতে অস্বীকৃতি জানান এবং নির্বাচন পরিচালনায় দুর্নীতি ও হস্তক্ষেপের অভিযোগ তোলেন।

    ইমরান খান সাম্প্রতিক মাসগুলোতে বারবার সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি সেনাবাহিনীর সঙ্গে সংলাপের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তানের ভৌগোলিক অবস্থান এবং সামরিক বাহিনীর বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কারণে এমন সম্পর্ক গড়ে তোলা বোকামি হবে না।

    তার মতে, সামরিক বাহিনীর সঙ্গে সংলাপে কোনো ক্ষতি নেই।

    এদিকে লাহোরে পিটিআই দলের শনিবারের সমাবেশ নিয়ে কথা বলতে গিয়ে ইমরান খান প্রশ্ন তোলেন- কেন তার দলকে মিনার-ই-পাকিস্তানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। যেখানে অতীতে একই স্থানে জমিয়ত উলেমা-ই-ইসলাম (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানকে অনুমতি দেওয়া হয়েছিল।

    লাহোর জেলা প্রশাসন পিটিআইকে মিনার-ই-পাকিস্তানে সমাবেশ করার অনুমতি না দিয়ে কঠোর শর্তের অধীনে কাহনা এলাকায় সমাবেশ করার অনুমতি দিয়েছে।

    এছাড়াও, ইমরান খান বর্তমান সরকারের পরিকল্পিত সাংবিধানিক সংশোধনীর প্রসঙ্গে বলেছেন, এ সংশোধনীতে প্রধান বিচারপতি সরাসরি সুবিধাভোগী হবেন।

    এর আগে, ইসলামাবাদের বিশেষ অ্যাকাউন্টেবিলিটি কোর্টের বিচারক নাসির জাভেদ রানা আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে মামলা ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেন।

    শুনানিতে দুজন অভিযুক্ত এবং তাদের আইনজীবীসহ ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (ন্যাব) আইনজীবীও উপস্থিত ছিলেন। বুশরা বিবির আইনজীবী উসমান গুল মামলার তদন্ত কর্মকর্তা মিয়ান উমর নাদিমকে জেরা শুরু করেন। সূত্র: জিও নিউজ

  • মহিলা লীগ নেত্রীর কল রেকর্ড ফাঁস

    মহিলা লীগ নেত্রীর কল রেকর্ড ফাঁস

    ‘দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা করে তাকিয়েছেন, কেন তাকিয়েছেন সেটাও বুঝি? দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম, বিশ্রী তো আর না! কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছেন, সেটা জানি। তারা (আওয়ামী লীগ নেতারা) কখনোই বোনের সম্মান দেননি। সব সময় উনারা আমাদের ভোগের পণ্য মনে করতেন। যে মেয়ের শরীরে উনারা (নেতারা) হাত দিতে পারতেন, তাকেই ভালো পদ দিতেন’।

    ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতু।

    সম্প্রতি সেতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।

    উম্মে হানি সেতু ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।

    রেকর্ডে উম্মে হানি সেতুকে বলতে শোনা যায়, ‘আমার নামে তিনটি মামলা হয়েছে। আমিসহ কয়েকজন মামলা খেয়েছি। অনেক সিনিয়র নেত্রীরা আছেন তাদের বিরুদ্ধে মামলা হয়নি। আমি মামলা খেয়ে অনেক কষ্ট করতেছি, উনারা ভালো থাকুক। মামলা খেলে উনাদের কষ্ট হওয়ার কথা ছিল না, উনাদের ঘরে কোনো বাচ্চা নাই। আমার ১৬ মাসের একটি ছোট বাচ্চা আছে। ওই বাচ্চাটাকে ফেলে ঢাকা ও চট্টগ্রামে পড়ে আছি। একটা মানুষ আমার বাসায় খবর নেয় না, আমার ছোট তিনটা বাচ্চা কী খায়, বাচ্চাগুলো কী করে, বাড়িতে বাজার আছে কিনা? তা ফোন দিয়ে কেউ খবর নেয়নি। তাতেও কোনো দুঃখ নাই’।

    সেতু বলেন, বাংলা কথা বলি, বাংলা কথাগুলো না বললে নাই হবে, এই নোংরা নেতাগুলোর কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। শুধু ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল বা জেলা পর্যায়ে না, কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত অনেক অনেক নোংরা নোংরা খবর আসতেছে। কেন্দ্রীয় নেতারা নায়িকাদেরকে নিয়ে ফূর্তি করতেন। এগুলো করে বাংলাদেশে গজব নাজিল করেছে আওয়ামী লীগের ওপর।

    তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যেও আমাদের অনেক নেতাদের সান্নিধ্যে অনেকেই ছিল, যারা ছিল তাদের কোনো সমস্যা হয়নি। আমরা যারা অবাধ্য ছিলাম, উনাদের কথা শুনিনি, আজকে আমরাই মামলা খেয়েছি। দল ক্ষমতায় আসলে সুসময়ের পাখিরা আবার সুবিধা পাবেন। যারা কোলে বসতে পারেন তাদেরই ভালো জায়গা থাকে।

    আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কয়েকটি গ্রুপ রয়েছে। এসব গ্রুপের নিজের ক্ষোভ প্রকাশ করে এ ভয়েস রেকর্ড পাঠান উম্মে হানি সেতু। কিন্তু তা গ্রুপের বাইরে চলে যায়।

    ভাইরাল হওয়া রেকর্ডটির বিষয়ে জানতে চাইলে জেলা যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতু মোবাইল ফোনে বলেন, ‘আমি মামলা খাইয়া দৌঁড়ের ওপর আছি, আমি কোনো বক্তব্য দিইনি। পারলে প্রমাণ করুন। আওয়ামী লীগের নেতারা বলেছেন এটি আপনি গ্রুপে দিয়েছেন- এমন প্রশ্ন করলে তিনি বলেন, যেন… পুতে বলছে, যখন বদমায়েশি করে তখন মনে থাকে না, এখন আমারে নিয়া নাচতে আইছে মা… দল।

  • ধান খেতে মিলল নারীর লাশ

    ধান খেতে মিলল নারীর লাশ

    আমন ধানখেত থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বিরামপুর উপজেলার সন্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    পুলিশ জানিয়েছে, ৩৫ বছর বয়সি এক নারীর লাশ চুরকুই-রতনপুর কাঁচা রাস্তার পাশে আমন ধানের খেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।

    থানার উপপরিদর্শক এরশাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    এদিকে বিকালে দিনাজপুরের পুলিশ সুপার নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • ঢাবিতে তোফাজ্জল হত্যার দায় স্বীকার করা ৬ জনই ছাত্রলীগ কর্মী

    ঢাবিতে তোফাজ্জল হত্যার দায় স্বীকার করা ৬ জনই ছাত্রলীগ কর্মী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মানসিক ভারসাম্যহীন সাবেক ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন। একসময় বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। পরবর্তীতে প্রেমঘটিত কারণে মানসিক ভারসাম্য হারান এই সাবেক ছাত্রনেতা।

    গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ফজলুল হক মুসলিম হলে মোবাইল চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে একদল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। হত্যার আগে তাকে খাবার খাওয়ানো এবং পরে নির্মমভাবে হত্যার কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে নৃশংস এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি নিয়ে রাজপথে নামে বেশকিছু সংগঠন।

    এ ঘটনা তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয়ের কমিটি হত্যার সঙ্গে আটজনের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে, যার মধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    শুক্রবার (২০ সেপ্টেম্বর) ৬ অভিযুক্ত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন- জালাল আহমেদ, মোহাম্মদ সুমন, মোহাম্মদ মোত্তাকিন সাকিন, আল হোসাইন সাজ্জাদ, আহসানউল্লাহ ও ওয়াজিবুল আলম।

    ঢাকার কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান এ সময় গণমাধ্যমকে বলেন, ‘অভিযুক্তরা সইবাই ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। এদের মধ্যে জালাল আহমেদ সাবেক ছাত্রলীগ নেতা এবং অন্য পাঁচজন তার অনুসারী।’

    জবানবন্দি নেওয়ার পর আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।

    আটকদের মধ্যে জালাল মিয়া ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপসম্পাদক ছিলেন। এ সময় তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের রাজনীতি করতেন। কোটা সংস্কার আন্দোলনের চলাকালে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বেশ সক্রিয় হন বলে জানা যায়।

    আরেক অভিযুক্ত আল হোসাইন সাজ্জাদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

    জানা গেছে, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত ছিলেন সাজ্জাদ।

    এদিকে আহসান উল্লাহ্ ছিলেন ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন উপসম্পাদক। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত তিনি।

  • বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    বাইডেনের নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগদানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাতসহ ও তার আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের বিষয়টি এখনো অনিশ্চিত।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ড. ইউনূসের। এর পাশাপাশি মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ নেদারল্যান্ডস, নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

    জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বেশ কজন পদস্থ কর্মকর্তার সঙ্গেও বৈঠক হবে ড. ইউনূসের। আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রদত্ত ডিনার পার্টিতে অন্যসব সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে ড. ইউনূসও অংশ নেবেন। এটি অনুষ্ঠিত হবে জাতিসংঘ সদর দপ্তরের কাছে ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’র বিশাল মিলনায়তনে।

    প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন সে সময় সবাইকে স্বাগত জানাবেন এ ডিনার পার্টিতে। এ সময় অতিথিদের সঙ্গে ফটোসেশনেও মিলিত হবেন ফার্স্টলেডি ও প্রেসিডেন্ট।

    জাতিসংঘে ভারতীয় মিশন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১-২২ এবং ২৩ সেপ্টেম্বর থাকবেন জাতিসংঘের কার্যক্রমে। শীর্ষ সম্মেলনে মোদির প্রতিনিধিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তাই নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে মোদির বৈঠক অথবা সাক্ষাতের এ মুহূর্তে কোনো সম্ভাবনা নেই।

    আগামী ২৭ সেপ্টেম্বর সকালে ড. ইউনূস সাধারণ অধিবেশনে (৮ নম্বর বক্তা হিসেবে) বাংলাদেশের বক্তব্য উপস্থাপন করবেন বলে জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে। এদিন রাতের ফ্লাইটে ড. ইউনূস ঢাকার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন।

    এদিকে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটিতে টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে নাগরিক সমাবেশে ড. ইউনূসের ভাষণ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমর্থক সাধারণ প্রবাসীরা হতাশা ব্যক্ত করেছেন।

    অন্যদিকে, ২৪ সেপ্টেম্বর দুপুরে জেএফকে এয়ারপোর্টে ড. ইউনূসকে কালো পতাকা প্রদর্শনসহ ব্যাপক বিক্ষোভ দেখানোর প্রস্তুতি চলছে আওয়ামী লীগের পক্ষ থেকে। কানাডা ও আমেরিকার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, শেখ হাসিনা পরিষদের সমর্থকরা জেএফকে এয়ারপোর্টে উপস্থিত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    এছাড়া ২৭ সেপ্টেম্বর বেলা ১১টায় জাতিসংঘ সদর দফতরের সামনেও ড. ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।

  • আগামীকাল খুলছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, মেরামত ব্যয় সাড়ে ২০ লাখ

    আগামীকাল খুলছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, মেরামত ব্যয় সাড়ে ২০ লাখ

    আগামীকাল শুক্রবার থেকে চালু হচ্ছে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন। কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত এ স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।

    বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য জানান।

    তিনি বলেন, আগামীকাল থেকেই কাজীপাড়া স্টেশন চালু হবে। এই স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। তবে শুধু মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে। এখানে এখনো অনেক সরঞ্জাম লাগবে যা আস্তে আস্তে ঠিক করা হবে। তখন খরচ বাড়তে পারে।

    ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামীকাল থেকে মেট্রোরেল শুক্রবার থেকেও চলবে। তবে এ ক্ষেত্রে শুক্রবার চলবে দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাতে স্বাভাবিক সময় পর্যন্ত। এ ক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে সময় অনুযায়ী।

    মিরপুর-১০ নম্বরের মেট্রো স্টেশন চালু প্রসঙ্গে আবদুর রউফ বলেন, এই স্টেশন নিয়ে একটি কমটি কাজ করছে। এখনো কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা এই কমিটি নিরূপণ করছে। আগামী সাত দিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    তিনি জানান, গত ১৯ দিনে যাত্রী পরিবহন হয়েছে ৪৯ লাখ আর আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৫৫১।

  • শুধু কাগজে কলমে নয়, পুলিশকে বাস্তবে জনবান্ধব হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    শুধু কাগজে কলমে নয়, পুলিশকে বাস্তবে জনবান্ধব হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শিক্ষিত। আইন কারও হাতে নেওয়ার অধিকার নেই। সবাইকে সচেতন হতে হবে।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যুর ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন উপদেষ্টা।

    আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

    মামলায় ঢালাও আসামি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন ৩০০ থেকে ৪০০ জনকে ঢালাও আসামি করে মামলা হচ্ছে।’ মামলার বাদীকে প্রকৃত দোষীকে আসামি করার অনুরোধ করেন তিনি। উপদেষ্টা জানান, এভাবে ঢালাও মামলার বিষয়ে একজন বাদীকে তিনি প্রশ্ন করেছিলেন। জবাবে ওই বাদী তাঁকে জানিয়েছেন, ‘যিনি মামলা ড্রাফট করেছেন, তিনি এইভাবে সাজিয়ে দিয়েছেন।’

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢালাও আসামি করলে তদন্তে সময় বেশি লাগছে এবং নির্দোষ ব্যক্তি হেনস্তার শিকার হচ্ছেন। এ জন্য পত্রপত্রিকায় এর আগেও বক্তব্য দেওয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে ক্রিমিনাল (দোষী) ধরতে, সাধারণ মানুষকে নয়।’

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের মন উজ্জীবিত করে তাদের পুরোনো গৌরব ফিরে পেতে হবে। শুধু কাগজে কলমে নয়, পুলিশকে বাস্তবে জনবান্ধব হতে হবে। থানায় গিয়ে লোকজন যেন সেবা পায়, সে বিষয়ে পুলিশকে তৎপর থাকতে হবে।

    রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নতির জন্য পুলিশকে নির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দ্রব্যমূল্য বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ করা গেলে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।

    ঘুষ-দুর্নীতি সমাজকে গ্রাস করে নিয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এগুলো বন্ধ করার বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

    আজ সকাল ১০টার পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী অ্যাভিনিউয়ে অবস্থিত ডিএমপি সদর দপ্তরে যান। এ সময় তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

    এতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ ময়নুল ইসলাম, ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান, ডিএমপি সদর দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

  • আনসারের বরিশাল রেঞ্জের উপ মহাপরিচালক মোঃ ফখরুল আলম সাময়িক বরখাস্ত

    আনসারের বরিশাল রেঞ্জের উপ মহাপরিচালক মোঃ ফখরুল আলম সাময়িক বরখাস্ত

    নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বরিশাল রেঞ্জের আনসারের উপ মহাপরিচালকমোঃ ফখরুল আলম’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জের মহাপরিচালক ফখরুল আলম-এর বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ মোতাবেক নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে বিভাগীয় কার্যধারা রুজুর সিদ্ধান্ত সহ অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় তাকে দায়িত্ব থেকে বিরত রাখার অবশ্যকতার কথা বলা হয়েছে।

    সরকারী কর্মচারী আইন অনুযায়ী ফখরুল আলমকে সাময়িক বরখাস্ত করে ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    বরখাস্তের বিষয়ে জানতে চাইলে ফখরুল আলম ‘কোন মন্তব্য করা ঠিক হবে না’ বলে সাংবাদিকদের জানিয়েছেন। তবে ‘তদন্ত হলে সত্য উদঘটন হবে’ বরে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার বরিশাল থেকে অব্যাহতি নিয়ে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছেন।

  • বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

    বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

    বরিশালের আগৈলঝাড়ায় রাস্তা পারাপারের সময় পথচারীর সাথে মোটরসাইকেলের সংঘর্ষে চারজন আহত ও এক শিশু নিহত হয়েছে।

    আহতদের মধ্যে দুই জনকে উপজেলা হাসপাতালে ও দুই জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হযেচে। ঘটনাটি ঘটেছে আজ বৃহম্পতিবার আগৈলঝাড়া উপজেলার বড়মগড়া এলাকায়।

    আগৈলঝাড়া থানার ওসি আলম চাঁদ জানান, বাগধা গ্রামের সুনীল রায় একটি মাহিন্দ্রা থেকে নেমে দ্রুত রাস্তা পারাপারের সময় পয়সারহাট থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

    এতে মোটরসাইকেলে থাকা যাত্রী উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের পবিত্র নট্টর মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পায়েল (৮) ঘটনাস্থলেই নিহত হয়।

    পাশাপাশি মোটরসাইকেল চালক বাহেরঘাট গ্রামের সঞ্জিব নট্ট (৩৫), নিহতের মা কবিতা নট্ট (৩০), একই এলাকার বলরাম বিশ্বাসের মেয়ে সাথী বিশ্বাস (২০) ও পথচারী সুনীল রায় (৫৫) আহত হন।

    আহত স্কুল ছাত্রীর মা কবিতা নট্ট জানান, তারা পরিবার নিয়ে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে কোটালীপাড়া পদ্ম বিলে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটেছে।

  • তোফাজ্জলকে হত্যার আগে পরিবারের কাছে চাওয়া হয়েছিল ২ লাখ টাকা

    তোফাজ্জলকে হত্যার আগে পরিবারের কাছে চাওয়া হয়েছিল ২ লাখ টাকা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে বরগুনার পাথরঘাটার তোফাজ্জলকে (৩০) পিটিয়ে হত্যার আগে পরিবারের কাছে ২ লাখ টাকা চাওয়া হয়েছিল।

    বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানি তার গ্রামের বাড়িতে গেলে তোফাজ্জলের ভাবি শরিফা বেগম এমন দাবি করেন।

    শরিফা বেগম বলেন, ‘বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে তোফাজ্জল প্রথম একটি নম্বর থেকে কল করে জানান, ভাবি আমাকে মোবাইল চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আটকে মারধর করা হয়েছে।’

    তিনি বলেন, ‘তোফাজ্জলের সঙ্গে কথপোকথনের কিছুক্ষণ পর আবার নতুন একটি নম্বর দিয়ে আমাকে কল করে জানানো হয়, আপনি যদি তাকে বাঁচাতে চান তবে এখনই আমাদের বিকাশ নাম্বারে ২ লাখ টাকা পাঠান।

    তা না হলে আমরা মেরে ফেলবো। এরপর আমি ভয়ে মোবাইল ফোন বন্ধ করে রাখি। সকালে জানতে পারি আমার দেবরকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকাণ্ডে যারা সম্পৃক্ত তাদের বিচার দাবি করছি।’

    পাথরঘাটা থানার ওসি আল মামুন বলেন, তোফাজ্জেল মানসিক ভারসাম্যহীন এটা আমি জানি। তবে তার সঙ্গে যেটা হয়েছে এটা অমানবিক। যেসব নম্বর থেকে টাকা চাওয়া হয়েছে সেসব নাম্বার বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।

    বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। পরে কয়েক দফায় মারধর করা রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। এমন সময় হঠাৎ তোফাজ্জল নামে যুবক হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে ছয়টি মোবাইল চুরির ঘটনার চোর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে তাকে মারধর ও জেরা করতে থাকে।

    একপর্যায়ে, তাকে নিয়ে হল ক্যানটিনে খাওয়ানো হয়। এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক, পিঠ, হাত ও পায়ে ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী।

    মারধরের ফলে ওই যুককের পা থেকে রক্ত বের হতে থাকে। এরপর রাত পৌনে ১০টার দিকে ফের মূল ভবনের অতিথিকক্ষে নিয়ে মারধর করা হয়। এরপর ১০টার দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারীরা তাকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান।

    পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানায় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।