Blog

  • ইউনূসকে চুবানো-খালেদাকে ফেলে দেওয়ার হুমকি: হাসিনার বিরুদ্ধে মামলা

    ইউনূসকে চুবানো-খালেদাকে ফেলে দেওয়ার হুমকি: হাসিনার বিরুদ্ধে মামলা

    অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে চুবানি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে হত্যাচেষ্টা মামলা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

    রোববার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলা করেন।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ১৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার যে গভীর ষড়যন্ত্র ও নীলনকশা তার মনে সুপ্তভাবে বিদ্যমান ছিল এবং প্রকাশ্য বিষোদগারের মাধ্যমে তা দেশবাসীর কাছে প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন- পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া উচিত, একইসঙ্গে পদ্মা সেতুর টাকা বন্ধের চেষ্টায় নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে দুটি চুবানি দিয়ে সেতুর ওপর তোলা উচিত বলে মন্তব্য করেন।

    বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম গণমাধ্যমকে বলেন, আদালত মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। একজন অতিরিক্ত পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

  • কাভার্ডভ্যানচাপায় আটোরিকশার ৫ যাত্রী নিহত

    কাভার্ডভ্যানচাপায় আটোরিকশার ৫ যাত্রী নিহত

    গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানচাপায় আটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ওসি আলাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন— নরসিংদীর শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০) ও ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫), গাজীপুরের নোয়াগাঁও অষ্টগণ কলোনির সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা সদরের হাজিপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল (৩৫)।

    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মূলগাঁও মাদ্রাসাসংলগ্ন এলাকায় রাত পৌনে ১১টার দিকে প্রাণ-আরএফএলের কাভার্ডভ্যানচাপায় ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় এক শিশুকে (৪) এবং সিএনজিচালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত্যু ঘোষণা করেন। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় সিএনজি চালককে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

    কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।

  • রেল সেতুর বিমের উপর ২ দিন ঝুলে ছিল যুবকের লাশ

    রেল সেতুর বিমের উপর ২ দিন ঝুলে ছিল যুবকের লাশ

    কুষ্টিয়ার কুমারখালীর গড়াই রেলওয়ে সেতুর সাইড বিমের উপর থেকে ঝুলন্ত অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে রেলওয়ে সেতুর জয়নাবাদ অংশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

    স্থানীয়রা জানান, কুমারখালী গড়াই রেলওয়ে ব্রিজের জয়নাবাদ অংশে বিমের উপর একটি মরদেহ ২ দিন যাবত ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। বৈরী আবহাওয়ার কারণে মরদেহ উদ্ধারে দেরি হলেও রোববার রেলওয়ে পুলিশ কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করেছেন।

    কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মহিউদ্দিন জানান, রেলওয়ে সেতুর সাইড বিমের উপর যুবকের লাশ ঝুলে ছিল। বৈরী আবহাওয়ার মধ্যে তারা মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

    এ বিষয়ে রেলওয়ে পুলিশের এসআই নার্গিস আক্তার জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো পরিচয় শনাক্ত হয়নি। এটি হত্যা নাকি অপমৃত্যু ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে।

  • ভারত সিরিজে সাকিবের কাছে শান্তর চাওয়া

    ভারত সিরিজে সাকিবের কাছে শান্তর চাওয়া

    পাকিস্তান সিরিজে খেলা অবস্থাতেই বড় দুঃসংবাদ পেয়েছিলেন সাকিব আল হাসান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে এক গার্মেন্টসকর্মীকে হত্যার দায়ে রাজধানীর আদাবর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল। সে সময় সাকিবকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরানোরও জোর দাবি উঠেছিল।

    তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অভিযোগ প্রমাণের আগ পর্যন্ত সাকিবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায়। যার ফলে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ পান সাকিব। পাকিস্তান সিরিজে বলে-ব্যাটে একেবারে মন্দ পারফর্ম করেননি তিনি। বিশেষ করে মিরাজের সঙ্গে তার স্পিন জুটি বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের পথ সুগম করেছে।

    কানাডায় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে সরাসরি পাকিস্তানে গিয়ে সিরিজে খেলেছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব। মামলার খড়গ মাথার ওপরে থাকায় ভারত সিরিজের আগেও দেশে ফেরা হয়নি তার। দুই সিরিজের মাঝের সময়ে খেলেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। সেখানে সারের জার্সিতে বল হাতে আলো ছড়িয়ে একমাত্র ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।

    এবার দুয়ারে ভারত মিশন। শোনা যাচ্ছে, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য চেন্নাইতে স্পিন সহায়ক উইকেট তৈরি করছে ভারত। এমনটা হলে ‘বোলার’ সাকিবের গুরুত্ব বেড়ে যাবে অনেক।

  • শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডে কনকচাঁপা ও আশফাক নিপুণ

    শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডে কনকচাঁপা ও আশফাক নিপুণ

    বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের বোর্ডে জায়গা পেয়েছেন সংগীতশিল্পী কনকচাঁপা, নির্মাতা আশফাক নিপুণ ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। 

    রোববার ১৫ সদস্যের শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আগামী তিন বছর এই বোর্ড দায়িত্ব পালন করবে।

    ১৫ সদস্যের নতুন এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সংস্কৃতি উপদেষ্টা। ভাইস চেয়ারম্যান করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে। সদস্য হিসেবে আছেন বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, কবি নাহিদ হাসান নলেজ, নির্মাতা আশফাক নিপুণ, অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ, অধ্যাপক তুহিন ওয়াদুদ, নাট্যব্যক্তিত্ব ও শিক্ষক সামিনা লুৎফা, কবি ইমতিয়াজ মাহমুদ, সংগীতশিল্পী কনকচাঁপা, কবি সাইয়েদ জামিল ও শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক।

    বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর আওতায় ২০২২ সালে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’।

  • হঠাৎ ভবনে ধস, একই পরিবারে প্রাণ গেল ৯ জনের

    হঠাৎ ভবনে ধস, একই পরিবারে প্রাণ গেল ৯ জনের

    ভবনধসের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই একই পরিবারের সদস্য। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

    এছাড়া উদ্ধারকাজ এখনো চলছে এবং ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকে থাকে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার বিকালে ভবনধস ও হতাহতের এই ঘটনা ঘটে।

    রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

    এদিন একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উত্তরপ্রদেশের মিরাটে ভবন ধসে মোট মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    পুলিশ কর্মকর্তা বলেছেন, ভবনধসের পর ঘটনাস্থলটি সিল করে দেওয়া হয়েছে, তবে ‘ধ্বংসাবশেষে কোনও জীবিত মানুষ যেন আটকে না থাকেন’ তা নিশ্চিত করতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

    পাঁচজন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং উদ্ধারকৃত মৃতদেহ ময়নাতদন্তসহ আরও মেডিকেল প্রক্রিয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তার মতে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরাট শহরের জাকির কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

    অন্যদিকে পৃথক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, শনিবার উত্তরপ্রদেশের মিরাটে একটি তিনতলা বাড়ি ধসে একই পরিবারের অন্তত নয়জন সদস্য নিহত এবং চারজন আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিকেল সোয়া ৫টার দিকে জাকির নগর এলাকায় ঘটনাটি ঘটে।

    উদ্ধার কাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ফায়ার ব্রিগেড এবং পুলিশের দল তৎপরতা চালাচ্ছে। কর্মকর্তাদের মতে, ভবনের মালিক সেখানে একটি ডেইরি চালাতেন এবং দুই ডজনেরও বেশি মহিষও সেখানে আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ভবনটিতে প্রাথমিকভাবে ১৫ জন আটকা পড়েছিল, যাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের মধ্যে ৯ জন মারা যায়। নিহতরা হলেন- সাজিদ (৪০), তার মেয়ে সানিয়া (১৫), ছেলে সাকিব (১১), সিমরা (দেড় বছর), রিজা (৭), নাফো (৬৩), ফারহানা (২০), আলিসা (১৮) এবং আলিয়া (৬)।

  • অসামাজিক কাজে লিপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিলেন স্ত্রী

    অসামাজিক কাজে লিপ্ত স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিলেন স্ত্রী

    ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় আবদুল কাইয়ুম (৪৫) নামে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্ত্রীসহ তার পরিবারের সদস্যরা।

    শনিবার রাতে জেলা শহরের সরকারপাড়া এলাকা থেকে কাইয়ুমকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আবদুন নূরের ছেলে।

    এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারী (৩০) ও উজ্জ্বল মিয়া (৩০) নামে দুজনকে আটক করা হয়েছে।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, শনিবার রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাইয়ুম তার নিজ বাড়িতে ওই নারী ও উজ্জ্বলকে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হন। এ সময় কাইয়ুমের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা তাদের তিনজনকে আটক করে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

    তিনি বলেন, ওই নেতা আরও কয়েক জায়গায় নারী নিয়ে আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

  • শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলার প্রতিবেদন ১৫ অক্টোবর

    শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলার প্রতিবেদন ১৫ অক্টোবর

    মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

    রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী এ দিন ধার্য করেন।

    এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি।এজন্য আদালত মামলার প্রতিবেদন দাখিলের জন্য নতুন ওই দিন ধার্য করেন।

    এর আগে ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এসএম আমীর হামজা নামে এক ব্যক্তি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন আদালত। মোহাম্মদপুর থানা পরদিন মামলার মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে।

    মামলার অন্য আসামিরা হলেন- সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

    কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গত ১৯ জুলাই বিকাল ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন বছিলায় ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ নিহত হন।এরপর গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটিই প্রথম মামলা হয়।এরপর তার বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা হয়েছে।

    মামলার বাদী আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এসএম আমীর হামজা শাতিল। তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেন।

    মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল সমাবেশ করে। ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র-জনতা নিহত ও আহত হন। গত ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

    মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, নিহত সায়েদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদায় নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মামলাটি করেছেন তিনি।

  • যে কারণে ভাঙে অভিষেক-কারিশমার গভীর প্রেম

    যে কারণে ভাঙে অভিষেক-কারিশমার গভীর প্রেম

    একসময় বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী কারিশমা কাপুরের প্রেমের চর্চা ছিল বিনোদন দুনিয়ায়। দীর্ঘ দিনের গভীর প্রেম শেষ পর্যন্ত পরিণতি পায় বাগদানের মধ্য দিয়ে। আর বাগদান হওয়ার পর খুশিতে আত্মহারা ছিলেন অভিনেত্রী কারিশমা কাপুর। এমনকি নিজের আনন্দের কথা সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেছিলেন তিনি।

    কিন্তু দুই পরিবারের মধ্যে কথাবার্তা পাকা হওয়ার পরও অভিষেকের মন বদলে যায়। এর পর ভেঙে যায় দুই তারকার সম্পর্ক।

    অমিতাভ বচ্চনের জন্মদিনে বাগদান সেরেছিলেন অভিষেক বচ্চন ও কারিশমা কাপুর। তার ঠিক এক মাস পরেই ভেঙে যায় তাদের সম্পর্ক। কেন সম্পর্ক ভেঙেছিল তা এখনো জানা যায়নি, তা নিয়ে এখনো নেটিজেনদের মাঝে সমালোচনার গুঞ্জন শোনা যায়।

    অবশেষে জয়া বচ্চন নিজেই বিচ্ছেদের কারণ স্পষ্ট করেছিলেন—বাগদানে খুশি ছিলেন কারিশমা। তাই নিজের আনন্দের কথা সংবাদমাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু অভিষেকের মন বদলে যায়। অভিনেতাই এই সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার এ সিদ্ধান্তে নাক গলায়নি পরিবার, জানিয়েছিলেন জয়া।

    কেন সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন অভিষেক? ‘হ্যাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া হ্যায়’ ছবির শুটিংয়ের সময় অভিষেক ও কারিশমাকে খুব কাছ থেকে দেখেছিলেন প্রযোজক সুনীল দর্শন। প্রযোজক এই সাবেক জুটির বাগদানে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু অভিষেক ও কারিশমা কখনই পরস্পরের জন্য উপযুক্ত বলে মনে করেননি। ছবির সেটে প্রায়ই দুজনকে ঝগড়া করতে দেখতেন সুনীল দর্শন।

    সংবাদমাধ্যমের কাছে প্রযোজক বলেন, মানুষ হিসাবে দুজনেই ভালো। কিন্তু তারা পরস্পরের সঙ্গে থাকার জন্য উপযুক্ত নন। বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক লেগেই থাকত।

    তবে আরও একটি গুঞ্জনও শোনা যায়, অভিষেক ও কারিশমার সম্পর্কে নাকি অভিনেত্রীর মা অর্থাৎ ববিতা বেশ কিছু বিষয়ে নাক গলাতেন। ক্রমে সাবেক জুটির সম্পর্ক নাকি তিক্ত হতে থাকে। সেই সময় বচ্চন পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। তাই কারিশমাকে নিয়ে নাকি চিন্তায় পড়েছিলেন ববিতা। তবে দুজনের কেউ কখনো মুখ খোলেননি এ বিষয়ে।

  • একাদশের রেজিস্ট্রেশন শুরু, করতে হবে যেভাবে

    একাদশের রেজিস্ট্রেশন শুরু, করতে হবে যেভাবে

    একাদশ শ্রেণিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম রোববার থেকে শুরু হয়েছে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

    এ সময়ের মধ্যে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ না করতে পারলে বোর্ড দায়ী থাকবে না বলে জানানো হয়েছে।

    ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ–সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করেছে।

    চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ না করতে পারলে শিক্ষা বোর্ড দায়ী থাকবে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। শিক্ষা বোর্ডসমূহের আওতাধীন দেশের সকল উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের https://xiclassadmission.gov.bd এর College Login প্যানেলে (কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড) ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে।

    এ কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না।