Blog

  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৪৮

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৪৮

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৬ জনের মৃত্যু হয়েছে।

    এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪৮ জন। মারা যাওয়া তিনজনই ঢাকার। এর মধ্যে দুইজন দক্ষিণ সিটির।

    শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৫৪ জন (সিটি করপোরেশনের বাইরে), চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯০ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২০ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯ জন এবং রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন রয়েছেন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন।

    ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, চলতি বছরে মোট ১৬ হাজার ৫৫১ জন ছাড়পত্র পেয়েছেন।

    চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৫৮৯ জন।

  • যুবকের হাতুড়িপেটায় তরুণী নিহত

    যুবকের হাতুড়িপেটায় তরুণী নিহত

    সাতক্ষীরায় মাদকাসক্ত যুবকের হাতুড়িপেটায় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত বুদ্ধিপ্রতিবন্ধি তরুণীর নাম টুম্পা খাতুন (২০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। টুম্পা সাতক্ষীরার রাজারবাগান কলেজ মাঠের পাশে অবস্থিত সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের ভোকেশনালের ছাত্রী ছিল।

    নিহতের বাবা রেজাউল ইসলাম জানান, সকাল ৯টার দিকে প্রতিবেশী থানাঘাটা গ্রামের ইকবাল ড্রাইভারের ছেলে মাদকাসক্ত ইলিয়াস (৩০) হাতুড়ি দিয়ে তার প্রতিবন্ধি মেয়ে টুম্পার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মুজিব জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। হাতুড়ির আঘাতে মেয়েটির মাথায় মারাত্মক হেড ইনজুরি হয়েছে। যে কারণে আঘাত পাওয়ার কিছুক্ষণ পরেই তিনি মারা গেছেন বলে আমার ধারণা।

    সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রফিক জানান, নিহত টুম্পা তার বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণীর ছাত্রী ছিল। সে বুদ্ধিপ্রতিবন্ধী।

    সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলেই আছি। ঘাতক যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • ভয়াবহ বন্যার কবলে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার, নিহত ৩৩

    ভয়াবহ বন্যার কবলে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার, নিহত ৩৩

    ঘূর্ণিঝড় ইয়াগির আঘাতে লণ্ডভণ্ড ভিয়েতনাম। এটিকে এশিয়ায় চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় বলা হচ্ছে। ইয়াগির আঘাতের ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশী মিয়ানমারও। একদিকে ঘূর্ণিঝড়ের আঘাত, এরমধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে গৃহযুদ্ধে জর্জরিত দেশটি।

    চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ইতোমধ্যে বন্যায় মিয়ানমারে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং দুই লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, নে পাই তাওসহ মিয়ানমারের মোট ৩৪টি অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে ৫৯ হাজার পরিবারের অন্তত দুই লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ১৮৭ বন্যা আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

    এদিকে মিয়ানমার নিহতের সংখ্যা ৩৩ জানালেও, এই সংখ্যা আরও বেশি বলে এক প্রতিবেদনে দাবি করেছে রেডিও ফ্রি এশিয়া। তাদের প্রতিবেদনে যে সব ছবি প্রকাশ পেয়েছে, তাতে চলমান বন্যা পরিস্থিতি ভয়াবহ মনে করা হচ্ছে।

    মার্কিন সমর্থিত সংবাদমাধ্যমটি শুক্রবার জানিয়েছে, চলমান বন্যা ও ভূমিধসে মিয়ানমারে অন্তত ১৬০ জন নিহত হয়েছে। এতে যুদ্ধ এবং স্থবির অর্থনীতিতে জর্জরিত দেশটিতে ব্যাপক দুর্ভোগের জন্ম দিয়েছে।

    জাতিগত সংঘাত এবং গণতন্ত্রপন্থী বিদ্রোহীগোষ্ঠীর আক্রমণের মুখে অঞ্চল ধরে রাখতে লড়াই করছে মিয়ানমার সেনাবাহিনী। এরমধ্যে বর্তমান বন্যা পরিস্থিতি সামরিক জান্তাকে আরও বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ সংস্থান কীভাবে সামলাবে জান্তা সরকার, তা নিয়ে গুরুতর বিপর্যয় ধারণা করা হচ্ছে।

    জাতিসংঘের মতে, গত তিন বছরের গৃহযুদ্ধের কারণে মিয়ানমারে হাজার হাজার মানুষ নিহত এবং ২৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) বলছে, মিয়ানমারে বর্তমানে প্রায় এক কোটি ৮৬ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন রয়েছে।

    এদিকে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, ভিয়েতনাম, মিয়ানমার, চীন, থাইল্যান্ড, লাওস এবং ফিলিপাইনসহ ঘূর্ণিঝড় ইয়াগির ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দিতে প্রস্তুত দেশটির বেসামরিক সাহায্য সংস্থা ইউএসএআইডি।

  • পেঁয়াজ রপ্তানিতে শর্ত শিথিল ও শুল্ক কমাল ভারত

    পেঁয়াজ রপ্তানিতে শর্ত শিথিল ও শুল্ক কমাল ভারত

    ভারত বিশ্বের অন্যতম প্রধান পেঁয়াজ রপ্তানিকারক দেশ। বাংলাদেশসহ অনেক দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করে। বাংলাদেশের আমদানিকারকেরা ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আগ্রহী থাকেন। কারণ, প্রতিবেশী দেশটি থেকে দ্রুত পণ্য আনা যায়। আর বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা অন্যান্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজের চেয়ে বেশি।

    পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের চার মাস পর তা কমিয়ে ২০ শতাংশ করেছে ভারত। শনিবার থেকে এ হার কার্যকর হয়েছে বলে দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে জানানো হয়েছে।

    শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় পণ্যটির ন্যূনতম রপ্তানি মূল্যের শর্ত প্রত্যাহার করে, যার কয়েক ঘণ্টার মধ্যে অর্থ মন্ত্রণালয় শুল্ক কমানোর ওই নির্দেশনা জারি করে।

    প্রতি টন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন ৫৫০ ডলার মূল্যের যে শর্ত ছিল, দেশটির সরকার তা প্রত্যাহার করেছে। পাশাপাশি কমানো হয়েছে রপ্তানি শুল্ক। গুরুত্বপূর্ণ পেঁয়াজ উৎপাদান অঞ্চল মহারাষ্ট্র রাজ্যে নির্বাচনের আগে পেঁয়াজ রপ্তানির ওপরে থাকা কঠোর শর্ত শিথিল করা হলো।

    টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড শুক্রবার পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য বা ‘মিনিমাম এক্সপোর্ট প্রাইস’–সংক্রান্ত শর্ত বাতিল করার সিদ্ধান্ত জানায়। এ সিদ্ধান্ত অবিলম্বের কার্যকর হবে বলেও জানানো হয়। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যেকোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন।

    ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু লিখেছে, বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে।

    এ সিদ্ধান্তের কারণে পেঁয়াজ রপ্তানি বেড়ে যাবে, তাতে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের আগে চাষিরা ভালো মুনাফা পাবেন বলে ধারণা করা হচ্ছে।

    অনাবৃষ্টির পর অভ্যন্তরীণ ঘাটতির আশঙ্কায় গেল ডিসেম্বরে ‘রাজনৈতিকভাবে স্পর্শকাতর’ রান্নাঘরের প্রধান এ পণ্যের রপ্তানি নিষিদ্ধ করেছিল ভারত। এরপর মার্চে কয়েকটি দেশের কূটনৈতিক অনুরোধে কিছু চালান রপ্তানির অনুমতি দেওয়া হয়।

    এরইমধ্যে বিশ্বজুড়ে পেঁয়াজের উচ্চমূল্য দেখা দেয়, কিন্তু রপ্তানি বন্ধ থাকায় ভালো দাম না পেয়ে ক্ষুব্ধ হন পেঁয়াজ চাষিরা।

    তখন রাজনৈতিক কারণে সিদ্ধান্ত বদলাতে হয় কেন্দ্র সরকারকে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে গত ৪ মে পণ্যটির রপ্তানি ক্যাটাগরি ‘নিষিদ্ধ’র পরিবর্তে ‘ফ্রি’ করা হয়।

    ইকোনমিক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি ২০২৪–২৫ অর্থবছরের ৩১ জুলাই পর্যন্ত ভারত থেকে ২ লাখ ৬০ হাজার টন পেঁয়াজ রপ্তানি করা হয়েছে। এর আগের অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ১৭ লাখ ১৭ হাজার টন। ভারতে এপ্রিল থেকে অর্থবছর শুরু হয়।

    সর্বনিম্ন রপ্তানিমূল্য বাতিলের সিদ্ধান্তের কারণে ভারতীয় পেঁয়াজচাষিরা লাভবান হবেন। কারণ, তারা স্থানীয় বাজারের তুলনায় বেশি দামে বিশ্ববাজারে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন।

    ভারতীয় গণমাধ্যমের খবর, দিল্লি পেঁয়াজ রপ্তানির শর্ত কঠোর করার পর মহারাষ্ট্রের পেঁয়াজচাষিরা ওই সিদ্ধান্তের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ করেন। তবে দেশটির সাধারণ নির্বাচনের আগে সরকার বাজারে পেঁয়াজের দাম কমিয়ে রাখার উদ্দেশ্যে পেঁয়াজ রপ্তানির ওপর থাকা বিধিনিষেধ শিথিল করতে চায়নি।

  • ‘ক্রিকেটারদের সঙ্গে দেখার করার জন্য মুখিয়ে ছিলাম’

    ‘ক্রিকেটারদের সঙ্গে দেখার করার জন্য মুখিয়ে ছিলাম’

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

    বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

    এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন।

    ঐতিহাসিক সিরিজ জয়ের কীর্তি নিয়ে ডা. ইউনূস বলেছেন, ‘আমি সিরিজ জয়ের পরপরই অধিনায়কের সঙ্গে কথা বলেছি। কিন্তু ওদের সবার সঙ্গে দেখা করে (পুরো) জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলাম।’

    প্রধান উপদেষ্টার সংবর্ধনা আর অভিনন্দন পেয়ে খুশি বাংলাদেশের ক্রিকেটাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এখানে আসতে পেরে প্রত্যেক খেলোয়াড়ই খুশি। সত্যিই এটা আমাদের অনুপ্রাণিত করবে।’

    পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। জয়ের পরপরই জাতীয় দলকে সংবর্ধনার ঘোষণা দিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    সেই সিরিজ শেষে দেশে পৌঁছার পর ব্যস্ত সময় কাটছে জাতীয় দলের ক্রিকেটারদের। চলতি মাসেই ভারত সফর করতে হবে তাদের। সেই মিশনকে সামনে রেখে চলছে অনুশীলন।

    গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যস্ত সময় কাটছে ড. ইউনূসেরও। তবে শত ব্যস্ততার মধ্যে বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা।

    প্রসঙ্গত, আগস্ট-সেপ্টেম্বরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্ট খেলতে পাকিস্তান সফর করে বাংলাদেশ। এ সফরে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ও টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয়ের পর দ্বিতীয় টেস্টেও ৬ উইকেটে জয় তুলে নেয় তারা।

    সিরিজ জয়ের পর ড. ইউনূস জাতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’

  • প্রথমবার মহাশূন্যে হাঁটলেন বেসামরিকরা

    পৃথিবীর বাইরের জগত নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। অনেকেই জীবনে একবার হলেও পৃথিবীকে বাইরে থেকে দেখতে চান। কিন্তু এ ধরনের অভিযানে কেবল মহাকাশ গবেষণা সংস্থায় কর্মরত বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশ নেন। ফলে চাইলেও সাধারণ কোনো ব্যক্তির মহাশূন্যে যাওয়ার সুপ্ত ইচ্ছা পূরণ হয় না। তবে এই প্রথমবারের মতো মহাশূন্যে হাঁটলেন বেসামরিকরা।

    বৃহস্পতিবার বিলিয়নিয়ার ব্যবসায়ী জ্যারেড আইজ্যাকম্যান (৪১) প্রথমবার অপেশাদার নভোচারী হিসাবে মহাশূন্যে যাত্রা করেন। মহাকাশ অভিযানের পুরো বিষয়টি লাইভ স্ট্রিমের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

    চার সদস্যের একটি দল ৫ দিনের জন্য মিশনটিতে অংশগ্রহণ করেছিল। ব্যতিক্রমী মিশনটির নাম ছিল ‘পোলারিস ডন মিশন’। মঙ্গলবার ভোরে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এ অভিযানের জন্য যাত্রা শুরু করে দলটি। স্পেএক্সের ফ্যালকন-৯ রকেটে চড়ে রওনা হন চার নভোচারী। মহামূন্যে পৌঁছে স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে সওয়ার হন তারা।

    বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫২ মিনিটে নভোযান থেকে বেরিয়ে আসেন জ্যারেড। এ সময় তার ক্যাপসুলটি পৃথিবী থেকে শত শত মাইল দূরে ৩০,০০০ কিমি./ঘণ্টা বেগে প্রদক্ষিণ করছিল। পৃথিবীর পৃষ্ঠের দিকে তাকিয়ে আইজ্যাকম্যান বলছিলেন, ‘বাড়িতে আমাদের সকলেরই অনেক কাজ আছে। কিন্তু বাইরে থেকে সত্যিই পৃথিবীকে এক নিখুঁত বিশ্বের মতো দেখায়।’

    এরপর আইজ্যাকম্যানকে অনুসরণ করে বের হয়ে আসেন মিশন বিশেষজ্ঞ সারাহ গিলিস। এ সময় তাদের অন্য দুই সঙ্গী স্কট পোটিট ও আনা মেনন মহাকাশযানের মধ্যে ছিলেন।

    মহাকাশ বিশ্লেষকদের ধারণা অনুযায়ী, এই অভিযানটি নতুন এক দিগন্তের সূচনা করবে। এমনকি এরই মধ্য দিয়ে বাণিজ্যিকভাবেও ব্যাপক অগ্রগতি হবে মহাকাশ শিল্পে। সূত্র: এএফপি, দ্য গার্ডিয়ান।

  • কলেজছাত্রী-শিক্ষকের প্রেম-বিয়ে, অতঃপর…

    কলেজছাত্রী-শিক্ষকের প্রেম-বিয়ে, অতঃপর…

    শেরপুর সরকারি মহিলা কলেজের পদার্থ বিভাগের এক শিক্ষকের সঙ্গে ছাত্রীর অনৈতিক সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে কলেজ থেকে বহিষ্কারের দাবি তুলেন। ঘটনার পর কলেজ অধ্যক্ষ বিষয়টি শিক্ষার্থীদের কাছে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

    বুধবার শিক্ষক-ছাত্রীর অনৈতিক প্রেমের সম্পর্কের আলাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে শুরু হয় গুঞ্জন। পরে দুই পরিবারের উপস্থিতিতে বুধবার রাতে ৩০ লাখ টাকা কাবিনে দুই সন্তানের জনক অভিযুক্ত শিক্ষক মুইদ আহাম্মেদের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে সম্পন্ন হয়।

    তবে এ ঘটনায় ওই শিক্ষককে শেরপুর সরকারি মহিলা কলেজ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বৃহস্পতিবার সকালে কলেজের সাধারণ শিক্ষার্থীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে শহরে ব্যাপক গুঞ্জন উঠেছে।

    কলেজ সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষক মুহিতের কাছে দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী প্রাইভেট পড়ার সূত্রে আসা-যাওয়ার সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিষয়টি দৈহিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বিষয়টি বান্ধবীদের জানালে ঘটনাটি প্রকাশ হয়ে যায়। পরে ওই ছাত্রী বিয়ের দাবিতে অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর অধ্যক্ষ উভয় পরিবারকে বিষয়টি জানালে দুই পরিবারের সম্মতিতে গত বুধবার রাতে বিয়ে সম্পন্ন হয়।

    এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর ফাউজিয়া আমিন দিনা সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র সেক্রেটারি মুগ্ধর ভাই স্নিগ্ধ

    ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র সেক্রেটারি মুগ্ধর ভাই স্নিগ্ধ

    ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হবে। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতি হবেন।

    আর সেক্রেটারি হবেন আন্দোলনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

    বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

    তথ্য উপদেষ্টা বলেন, এই ফাউন্ডেশনের সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটার নিবন্ধন করা হয়েছে। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ফাউন্ডেশনের সভাপতি। সেক্রেটারি হচ্ছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, তিনি শহীদ মুগ্ধর জমজ ভাই।

    উপদেষ্টা জানান, ফাউন্ডেশনে কাজী ওয়াকার আহমেদ হচ্ছেন কোষাধ্যক্ষ। দক্ষতার জন্য তাকে এই পেশায় রাখা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। এতে আরও ১৪ জন সাধারণ সদস্য যোগ হবেন।

    গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সেদিন অকুতোভয় মুগ্ধ সেবা দিয়ে চলেছেন অন্য শিক্ষার্থীদের। ‘পানি লাগবে কারও, পানি’ বলে ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানির বোতল বিতরণ করছিলেন তিনি।

    আজমপুর এলাকায় মুগ্ধ যখন পানির কেস হাতে নিয়ে ঘুরছিলেন, তখন তিনি ঠিকমতো তাকাতেও পারছিলেন না। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া টিয়ার শেলের গ্যাসে তার চোখ জ্বালা করছিল।

  • নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নে শহিদ আবু সাঈদ

    নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নে শহিদ আবু সাঈদ

    এ বছরের বিদ্যালয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের (বার্ষিক পরীক্ষা) নমুনা প্রশ্নে স্থান পেয়েছে সরকারিতে চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের প্রসঙ্গ।

    সামাজিক যোগাযোগমাধ্যমে নবম শ্রেণির বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন ছড়িয়ে পড়েছে। সেখানে আবু সাঈদের একটি ইলাস্ট্রেশন দিয়ে শিক্ষার্থীদের কাছে দুটি প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকাটি প্রকাশ করা হয়েছে। সেখানেও আবু সাঈদের ইলাস্ট্রেশনটি পাওয়া গেছে। এই নমুনা প্রশ্ন মাথায় রেখে বিদ্যালয়গুলো নিজেদের মতো করে প্রশ্নপত্র প্রণয়ন করবে।

    প্রশ্নটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

    ২০. ছবিটি কৌশিক সরকারের আঁকা। ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। 

    ক. ছবির বিষয় এবং চিত্রশিল্পী/চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বর্ণনা কর।

    খ. ছবিটি ‘স্মৃতিস্তম্ভ’ কবিতার মূল চেতনা তুলে ধরে কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।

    বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নে নিহত আবু সাঈদ প্রসঙ্গ

    পরমার্জিত প্রশ্নকাঠামোয় দেখা গেছে, বাংলার রচনামূলক দৃশ্যপটনির্ভর অংশে ২০ নম্বর প্রশ্নে কোটা সংস্কার আন্দোলনের এই অন্যতম নায়ক আবু সাঈদের ছবি এঁকে তা নিয়ে রয়েছে প্রশ্ন। এর ফলে শিক্ষার্থীরা আবু সাঈদ ও কোটা আন্দোলন সম্পর্কে জানতে পারবেন বলে মনে করেন শিক্ষাবিদরা। বর্তমানে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বলছে, এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। এ জন্য তারা ২০১২ সালের পুরোনো শিক্ষাক্রমকে প্রাধান্য দিয়ে কার্যক্রম শুরুর করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ডিসেম্বর অনুষ্ঠেয় বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা তৈরি করে দিয়েছে এনসিটিবি। যেখানে বিভিন্ন শ্রেণির নানা বিষয়ের নমুনা প্রশ্ন করে দেওয়া হয়েছে।

  • আইভীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

    আইভীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ সাবেক দুই সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেছে, আজ বৃহস্পতিবার থেকে এ তদন্ত শুরু হয়েছে।

    তদন্তাধীন সাবেক দুই সংসদ সদস্য হলেন- আয়েশা ফেরদৌস (নোয়াখালী-৬) ও রণজিৎ কুমার রায় (যশোর-৪)।