Blog

  • আরও ৩৪ জেলায় নতুন ডিসি

    আরও ৩৪ জেলায় নতুন ডিসি

    দেশের ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    এতে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লিখিত কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।

    এর মধ্যে অর্থ বিভাগের ড. মনোয়ার হোসেন মোল্লাকে মানিকগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাবেক আলীকে টাঙ্গাইল, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে সিরাজগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের তোষাখানা ইউনিট পরিচালক (উপসচিব) মোস্তাক আহমেদকে সাতক্ষীরা, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুর রহমান ঝালকাঠি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশরাফুল আলম খানকে পিরোজপুর, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামকে চুয়াডাঙ্গা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাসকে নেত্রকোণা, আরপিএটিসির উপপরিচালক মনোয়ারা বেগমকে রাজবাড়ী, উপ ওয়াকফ প্রশাসক ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের হাছিনা বেগমকে জামালপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুস সামাদকে চাঁপাইনবাবগঞ্জ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব সুফিয়া আক্তার রুমীকে লক্ষ্মীপুর, জয়িতা ফাউন্ডেশনের পরিচালক (উপসচিব) ইয়াসমিন আক্তারকে মাদারীপুর, জননিরাপত্তা বিভাগের উপসচিব ফৌজিয়া খানকে কিশোরগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমানকে রাজশাহী, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষার পরিচালক (উপসচিব) মোহাম্মদ দিদারুল আলমকে ব্রাহ্মণবাড়িয়া, পরিকল্পনা বিভাগের উপপ্রধান ফাতেমা তুল জান্নাতকে মুন্সীগঞ্জ, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আবদুল আজিজকে শরীয়তপুরে।

    এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। গত ২০ আগস্ট ওই ২৫ জেলা থেকে ডিসি প্রত্যাহার করা হয়েছিল।

  • শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

    শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

    নাটোরের লালপুরে শ্যালিকা (১৪) ধর্ষণের দায়ে দুলাভাই জাহেদুল ইসলাম জারেদকে (৩২) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানারও আদেশ দেন বিচারক।

    সোমবার বেলা ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

    দণ্ডপ্রাপ্ত জাহেদুল ইসলাম জারেদ লালপুর উপজেলার আব্দুলপুর পূর্বপাড়া এলাকার আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে।

    মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ মার্চ বেলা ১০টার দিকে ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে কুষ্টিয়া জেলার মীরপুর উপজেলায় আত্মীয়ের বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় পর দিন ভিকটিমের বাবা কুষ্টিয়ার মীরপুর উপজেলায় জাহেদুল ইসলাম জারেদের আত্মীয়র বাড়ি থেকে ভিকটিমসহ জাহেদুল ইসলাম জারেদকে নিয়ে থানায় গিয়ে নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

    নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পিপি আনিছুর রহমান জানান, মামলাটি সাক্ষ্য প্রমাণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় জাহেদুল ইসলাম জারেদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানার অর্থ ভিকটিম পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়।

  • বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন বিএসএফের

    বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি মোতায়েন বিএসএফের

    সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে মৌমাছি মোতায়েন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরই মধ্যে পশ্চিমবঙ্গের নদিয়ায় বাংলাদেশ সীমান্তে মৌমাছির কৃত্রিম চাক স্থাপন করেছে তারা।

    সোমবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বিএসএফের ১০ থেকে ১২ জওয়ান নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম কাদিপুর জড়ো হন। সেখানে তাদের মৌমাছি চাষ শিখতে দেখা যায়। সেসময় তাদের মাথা ও মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরা ছিল।

    সংবাদমাধ্যমটিতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সীমান্ত বেড়ায় বেশ কয়েকটি মৌ-বাক্স ঝুলিয়ে রাখা রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ৪৬ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ন। তারা এসব বাক্স ঝুলিয়ে রেখেছে। তাদের আশা, যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী বা দুই দেশের কোনো চোরাকারবারি কাঁটাতারের কাছে আসে তাহলে মৌমাছি তাদের উপর আক্রমণ করবে।

    ৩২ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার বলেছেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কী করা যায় সেই চিন্তা থেকে আমার মাথায় আসে মৌমাছি চাষের বাক্সগুলো কাঁটাতারের বেড়ায় রাখা যায়। আমরা প্রায়ই দেখি কাঁটাতার কেটে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে। এছাড়া গরু চোরাচালানসহ অন্যান্য বিভিন্ন বিষয় ঘটে। আমরা খুবই অবাক হয়েছি যে সীমান্তে এসব বাক্স রাখার পর সেখানে অনুপ্রবেশ এবং চোরাচালান শূন্যের কাছাকাছি চলে এসেছে।

  • ডিএনসিসি মেয়র আতিকের অভিপ্রায়ের সব নিয়োগ বাতিল

    ডিএনসিসি মেয়র আতিকের অভিপ্রায়ের সব নিয়োগ বাতিল

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পাওয়া সকলের নিয়োগ বাতিল করেছে সংস্থাটি।

    সোমবার (৯ সেপ্টেম্বর) ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের নিয়োগ বাতিল করা হয়।

    আদেশে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়রের অভিপ্রায় অনুযায়ী, স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯ মোতাবেক নিয়োগকৃত সকল উপদেষ্টা, পরামর্শক এবং কুক ও পিয়নদের নিয়োগ ১৯ আগস্ট থেকে বাতিল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

    গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলররা পালিয়ে বেড়াচ্ছেন। ফলে দুই সিটির সেবা কার্যক্রমে ভাটা পড়েছে। বর্তমানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুইজন প্রশাসক দায়িত্ব পালন করছেন।

  • স্নিগ্ধকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত সমাজকল্যাণ উপদেষ্টা

    স্নিগ্ধকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত সমাজকল্যাণ উপদেষ্টা

    অনেকটাই অপ্রস্তুত, হঠাৎ পেছন থেকে কানের কাছে আওয়াজ-‘আমি মুগ্ধ’। ফিরে তাকাতেই স্নিগ্ধকে দেখে জড়িয়ে ধরেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এ সময় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ তার গলা দিয়ে কথা বের হয়নি।

    সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে ডাকা সংবাদ সম্মেলন এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

    কোটা সংস্কার আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বিকাল ৩টা ৩৫ মিনিটের দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টার পেছন থেকে এসে একটি ছেলে বলেন, ‘আমি মুগ্ধ। উপদেষ্টা সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে তাকে জড়িয়ে ধরেন। খানিক পর কিছুটা ধাতস্থ হয়ে তিনি স্নিগ্ধর কাছে তার পরিবারের খোঁজখবর নেন। ধরা গলায় কথা বলতে বলতে তার মাথায়, গালে হাত বুলিয়ে দেন।

    এরপর উপদেষ্টা স্নিগ্ধকে তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর দেন। যে কোনো সমস্যায় তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। স্নিগ্ধ যে কাজের জন্য এসেছে তা দ্রুত করে দিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

    এরপর সংবাদ সম্মেলনে সমাজকল্যাণ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আন্দোলনকারী বাচ্চাদের স্বপ্নপূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সে কথাটি কিন্তু আমরা কেউ এক মুহূর্তের জন্য ভুলি না। আপনারা লক্ষ্য করে দেখবেন- স্নিগ্ধ যখন এখানে ঢুকলো, আমাদের মুগ্ধর জমজ ভাই, আমি তো আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি, আমি জানি অনেকেই হয়তো পারেননি। আমাদের চোখের সামনে ভেসে ওঠে কী চরম আত্মত্যাগ এই বাচ্চাগুলো করেছে।

    ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মুগ্ধ। গুলিবিদ্ধ হওয়ার সময় তিনি আন্দোলনে আসা শিক্ষার্থীদের পানি পান করাচ্ছিলেন। আন্দোলনের মধ্যে ‘পানি লাগবে, পানি’- মুগ্ধর এ কথা অনেকের হৃদয়ে গেঁথে আছে।

  • হত্যার পরে মরদেহে আগুন: অতিরিক্ত পুলিশ সুপার কাফি বরখাস্ত

    হত্যার পরে মরদেহে আগুন: অতিরিক্ত পুলিশ সুপার কাফি বরখাস্ত

    ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

    সম্প্রতি আশুলিয়া এলাকার একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। ওই ফুটেজে দেখা যায়, গত ৫ আগস্ট আশুলিয়া থানা এলাকায় পুলিশ সদস্যরা একটি ভ্যানে একাধিক লাশ তুলছে। ওই মরদেহগুলো পরে পুলিশের একটি পিকআপ ভ্যানে তুলে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে তা তদন্ত করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা উত্তর জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন আব্দুল্লাহিল কাফি। তার নির্দেশেই লাশগুলো পুলিশের পিকআপ ভ্যানে তোলার পর আগুন ধরিয়ে দেয়া হয়। তাকে শনাক্ত করার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

    এর আগে আব্দুল্লাহিল কাফিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

  • প্রয়োজনে সন্তানের জন্য অভিনয় ছাড়বেন দীপিকা

    প্রয়োজনে সন্তানের জন্য অভিনয় ছাড়বেন দীপিকা

    বলিউড অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতির বিয়ের ছয় বছরের মাথায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সংসারের নতুন অতিথি আসার খবর প্রকাশ হয়েছিল গণমাধ্যমে। এর পর থেকেই শুরু হয় ভক্ত-অনুরাগীদের জল্পনা। অবশেষে গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) এলো সেই সুখবর— মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যাসন্তানের মা হলেন দীপিকা। প্রথমবারের মতো বাবা হলেন রণবীর সিং।

    ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে সংসারে নতুন অতিথি আসার খবর নিশ্চিত করেছেন দীপিকা-রণবীর। গতকাল এক পোস্টে দীপিকা-রণবীর লিখেছেন— ওয়েলকাম বেবি গার্ল!’ তাদের এই পোস্টে দুই তারকার ভক্ত-অনুসারী থেকে বলিউড তারকারা শুভকামনা জানিয়েছেন।

    এর আগে গত শনিবার বিকালে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হন দীপিকা। তখন থেকেই অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে গতকাল এলো সুখবর। কিছু দিন আগেই মাতৃত্বকালীন ফটোশুটে ধরা দেন দীপিকা। অভিনেত্রীর সেই বেবিবাম্প ফটোশুটের ছবিও প্রশংসিত হয় অন্তর্জালে।

    এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তান বিষয়ে এক প্রশ্নের উত্তর দিয়েছিলেন রণবীর সিং, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তিনি বলেছিলেন— ‘আপনারা সবাই জানেন, আমার বিয়ে হয়ে গেছে, কয়েক বছর পর সন্তানও হবে। দীপিকার কাছে আমার একটিই আবদার— আমার একটা মেয়ে চাই। সে যেন দীপিকার মতো মিষ্টি হয়। সে জন্যই তো দীপিকা অন্তঃসত্ত্বা হলে আমি সব সময় দীপিকার ছোটবেলার ছবি দেখাব ওকে। তা হলে মিষ্টি মেয়ে হবে।

    রণবীরের চাওয়া পূর্ণ হয়েছে, কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। সেই সাক্ষাৎকারে অভিনেতা আরও জানিয়েছিলেন— ছেলে হোক বা মেয়ে, সন্তানের নাম হবে শৌর্য বীর সিং।

    অন্যদিকে ভোগ সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে দীপিকাও বলেছিলেন, তিনি বাচ্চাকাচ্চা ভালোবাসেন। এমনকি সন্তানের জন্য অভিনয় ছাড়তেও তার আপত্তি নেই।

    উল্লেখ্য, ২০১৩ সালে ‘গোলিও কি রাসলীলা: রামলীলা’ ছবির শুটিংয়ের সময় শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। পরে ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘৮৩’ ইত্যাদি ছবিতে তাদের জুটি হিসেবে দেখা গেছে। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালিতে বিয়ে করেন দীপিকা-রণবীর।

  • দুদকের ১০ পরিচালক ও ৪২ উপপরিচালক পদে রদবদল

    দুদকের ১০ পরিচালক ও ৪২ উপপরিচালক পদে রদবদল

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ পরিচালক ও ৪২ উপপরিচালক পদে রদবদল করা হয়েছে।

    সোমবার দুদকের কার্যালয়ের বদলি আদেশ সংক্রান্ত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

    এতে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন অফিসে বদলি করা হয়েছে।

  • অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

    অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিনের শপিং ব্যাগ এবং পলিপ্রোপিলিন ব্যাগ রাখা যাবে না। এসব ব্যাগ ক্রেতাদের দেওয়া যাবে না। বিকল্প হিসেবে সুপারশপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে। এ প্রক্রিয়া দেখভাল করার জন্য তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।

    সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

    তিনি বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিষয়টি ব্যাপকভাবে প্রচার করা হবে। পত্রিকায়ও গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

    পরিবেশ উপদেষ্টা বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এক সপ্তাহের মধ্যে সব সুপারশপের সঙ্গে সভা করে পাটের শপিং ব্যাগ সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশ অধিদপ্তর ইএসডিও-এর সঙ্গে মিলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিবেশবান্ধব উপাদানে তৈরি, পাট বা বস্ত্রের ব্যাগ উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করবে। মেলায় সুপার শপের কর্তৃপক্ষ এবং উৎপাদনকারীরা নিজেদের চাহিদা এবং সরবরাহের বিষয়ে আলোচনা করতে পারবে।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, অন্যান্য মন্ত্রণালয় এবং সিএসডি বাজার, ইউনিমার্ট, চালডাল, হোলসেল ক্লাব, স্বপ্ন, আগোরা, মোস্তফা মার্ট, ডেইলি সুপার শপ, প্রিন্স বাজার লিমিটেড, শাপলা সুপার শপ, ইউনিমার্ট, আলমাস সুপার শপ, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিওসহ বিভিন্ন সুপার শপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • মডেলকে বিবস্ত্র করে শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার

    মডেলকে বিবস্ত্র করে শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার

    কলকাতার মেকআপ একাডেমিতে এক তরুণী মডেলকে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সেই অভিযুক্তের মেকআপ একাডেমিতেই এ শ্লীলতাহানির ঘটনা ঘটে।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নির্যাতিতার অভিযোগ-সম্প্রতি মডেলিংয়ের জন্য তিনি ওই মেকআপ একাডেমিতে যান। পৌঁছার পরই ওই প্রতিষ্ঠানের মালিক তাকে বিবস্ত্র করেন।

    শ্লীলতাহানির ঘটনা ঘটার পরই ওই মডেল স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানান। এর ভিত্তিতেই একাধিক ধারায় মামলা করে পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে অভিযুক্ত কলকাতারই বাসিন্দা। তরুণী মডেলের অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।