Blog

  • বরিশালে মসজিদের মাইকে বিএনপি প্রতিহতের ঘোষণা, ছাত্রলীগ নেতা আটক

    বরিশালে মসজিদের মাইকে বিএনপি প্রতিহতের ঘোষণা, ছাত্রলীগ নেতা আটক

    সরকার পতনের চৌত্রিশ দিন পর আওয়ামী লীগের সন্ত্রাসীদের দখল থেকে মুক্ত হয়েছে বরিশালের বঙ্গবন্ধু কলোনি। রোববার দুপুরে বিএনপি নেতাকর্মীদের প্রবেশ ঠেকাতে কলোনির মসজিদের মাইকে ঘোষণা দেয় কলোনি দখল করে রাখা আওয়ামী লীগ ক্যাডার ছাত্রলীগ নেতা আল-আমিন ও তার বাহিনী।

    এরপর বিএনপি নেতাকর্মীরা কলোনিতে প্রবেশ করলেই হামলা চালানো হবে- এমন প্রস্তুতি নেয় তারা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে আল-আমিনকে গ্রেফতার করার সময় তাদের হামলায় দুই পুলিশ ও এক সেনাসদস্য আহত হন।

    আল-আমিনকে গ্রেফতারের খবরে কলোনির অন্তত দেড় সহস্রাধিক পরিবারসহ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে। এ বাহিনীর ভয়ে স্থানীয়রা আতঙ্কে ছিলেন।

    এর আগে মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার সময় আল-আমিনকে বলতে শোনা যায়- ‘এই কলোনিতে বিএনপির কোনো নেতাকর্মী প্রবেশ করতে পারবে না। আপনাদের যার কাছে যা কিছু আছে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করতে রাস্তায় আসুন।’

    এর আগে ৪ আগস্ট নগরীর ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবুর রহমানের সহযোগী ছাত্রলীগ নেতা আল-আমিন ও তার বাহিনী বিএনপির ৫ নেতাকর্মীকে কুপিয়ে জখম করে। তাদের হামলায় সেদিন গুরুতর আহত হন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস, আসলাম, তানজিল, সুমন ও রিমন। সেই ঘটনায় একজনের কবজি বিচ্ছিন্ন হয়েছে। বাকি চারজনও গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি রয়েছেন।

    নগরীর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক হুমায়ুন বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের দলীয় ক্ষমতা ব্যবহার করে কলোনিতে তাণ্ডব চালিয়েছে আল-আমিন বাহিনী। সমগ্র বাংলাদেশ স্বাধীন হলেও বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ড ছিল ওই বাহিনীর দখলে। শুধু তাই নয়, কাউন্সিলর মজিবুর রহমানের ছত্রছায়ায় এই সন্ত্রাসী বাহিনী চালিয়ে যাচ্ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড। সাধারণ জনগণ তো দূরের কথা থানা পুলিশও আল-আমিন বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিতে ভয় পেত।

    এ কথার সত্যতা মিলেছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ৪ আগস্ট ঘটনার পরপরই আমরা সিনিয়র অফিসার ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে আল-আমিন বাহিনীর বিষয়ে কথা বলেছি। রোববারের ঘটনায় আল-আমিনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

    গ্রেফতারকৃত আল-আমিনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দায়ের হওয়া ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • সংসার ভাঙল নির্মাতা দীপংকর দীপনের

    সংসার ভাঙল নির্মাতা দীপংকর দীপনের

    সংসার ভেঙেছে চিত্রনির্মাতা দীপংকর দীপনের। রোববার (৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে স্ত্রী সংযুক্তা মিশুর সঙ্গে বিচ্ছেদের খবর জানিয়েছেন তিনি।

    বিচ্ছেদের ঘোষণা দিয়ে দীপন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা (দীপংকর দীপন ও সংযুক্তা মিশু) সবাইকে অবগত করতে চাই পারস্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে আমাদের বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরবর্তী জীবনে আমরা একে অপরের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করি’।

    বিচ্ছেদের বিষয়টি নিয়ে কোন প্রশ্ন না তোলার অনুরোধ জানিয়ে দীপন যোগ করেন, ‘ন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের আগ্রহ ও ভালবাসার প্রতি সম্মান রেখে বিনীত অনুরোধ করছি এই বিষয়ে আমাদের কোন প্রশ্ন বা প্রসঙ্গ উত্থাপন না করার জন্য’।

    জানা যায়, দীর্ঘদিন ধরেই আলাদা থাকতেন দীপন ও তার স্ত্রী সংযুক্তা মিশু। গত বছর সামাজিক মাধ্যমে এক অভিনেত্রীর একটি পোস্ট ঘিরে তাদের দূরত্বের বিষয়টি জানাজানি হয়।

    ২০১৭ সালে দীপংকর দীপন নির্মিত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা চার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এরপর তার নির্মিত ‘অপারেশন সুন্দরবন’, ‘অন্তর্জাল’ সিনেমাও দর্শকমহলে সাড়া জাগায়।

  • ভারতের ভেতরে ঢুকে ক্যাম্প স্থাপন চীনা সেনাদের

    ভারতের ভেতরে ঢুকে ক্যাম্প স্থাপন চীনা সেনাদের

    চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সেনারা অরুণাচল প্রদেশের আনজাও জেলায় ভারতীয় ভূখণ্ডের অন্তত ৬০ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। তারা কিছু সময়ের জন্য ওই জেলার কাপাপু এলাকায় শিবিরও স্থাপন করেছিল। খবর অরুনাচল টোয়েন্টিফোরের।

    প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে পাওয়া বনফায়ার, স্প্রে পেইন্টেড পাথর এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে সহজেই অনুমেয়, সম্প্রতি এ অঞ্চলে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।

    এর আগে ১৮ সালের অক্টোবরে প্রায় ১০ চীনা সেনা দিবাং উপত্যকার মথু ও এমরা নদীর তীরে ভারতের প্রায় ১৪ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল। সেখানে তারা তাঁবু স্থাপন করে কয়েক ঘন্টা অবস্থানের পর আবার ফিরে গিয়েছিল।

    ২০১৯ সালের সেপ্টেম্বরে ইস্টার অরুণাচল প্রদেশ সংসদীয় আসনের সংসদ সদস্য এবং অরুণাচল প্রদেশের বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি তাপির গাও অরুণাচল প্রদেশের আনজাও জেলায় চীনের অনুপ্রবেশের একটি ভিডিও শেয়ার করেছিলেন। তাতে দেখা যায়, চীনের সেনারা একটি নালার উপর কাঠের সেতু তৈরি করেছিল।

    তারও আগে ২০২১ সালে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায়, অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে ৬০টি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী।

    ২০২০ সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়। তার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় ৪০ কিলোমিটার ভেতরে ডোইমরু নালার ওপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী।

    ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশি চীন। চীনের সঙ্গে ভারতের মোট ৩ হাজার ৪৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে এক হাজার ১২৬ কিলোমিটার।

  • দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক: গভর্নর

    দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক: গভর্নর

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কমপক্ষে ১০টি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে। তবে সরকার এসব ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে।Advertisement

    রোববার বাংলাদেশ ব্যাংকে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গভর্নর।

    তিনি বলেন, আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, তবে এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। ১০টার মতো ব্যাংকের অবস্থা এমন। সরকার এসব ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে। গভর্নর ১০ ব্যাংকের কথা বললেও সেগুলোর নাম উল্লেখ করেননি।

    ব্যাংক খাতের অবস্থা যাই হোক গ্রাহকদের কোনো ক্ষতি হবে না জানিয়ে তিনি বলেন, এজন্য আমানত ইন্সুরেন্স ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। ব্যাংক খাতের ৯৫ শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত হবে। বিশ্বের কোনো দেশই ব্যাংকিং খাতের আমানতের ১০০ ভাগ গ্যারান্টি দেয় না। আমরাও ৯৫ শতাংশ গ্যারান্টি দিচ্ছি।’

    বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি উল্লেখ করে তিনি বলে, ‘সেটা এস আলমের হোক বা সালমান এফ রহমানের হোক। কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি।’

    যদি কেউ এস আলমের সম্পত্তি কিনে তবে নিজ দায়িত্ব কিনবেন, তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নিবে না বলেও সতর্ক করেছেন গভর্নর। 

    তিনি বলেন, ৭০ হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে গিয়েছিল, ৩০ হাজারের মতো ফিরে এসেছে।

  • নিম্ন আদালতের ১৬৮ বিচারককে বদলি

    নিম্ন আদালতের ১৬৮ বিচারককে বদলি

    অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১৬৮ জন বিচারককে বদলি করা হয়েছে।

    রোববার তাদের বদলি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন, ৪৭ জন অতিরিক্ত জেলা জজ ও ৭ জন যুগ্ম জেলা জজ রয়েছেন।

    সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ।

  • আগস্টে কমল মূল্যস্ফীতি

    আগস্টে কমল মূল্যস্ফীতি

    সরকার পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের নিত্য পণ্যের দামে। ফলে আগস্টে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশ, যা জুলাই মাসে ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশ, যা তার আগের মাসে ছিল ১৪ দশমিক ১০ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ, যা জুলাইতে ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ। রোববার এসব তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

    সংস্থাটি বলছে, আগস্ট মাসে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ১০ দশমিমক ৯৫ শতাংশ, যা জুলাইতে ছিল ১১ দশমিক ৮৯ শতাংশ। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১১ দশমিক ৪৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১৪ দশমুক ০৬ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১০ দশমিক ৪৫ শতাংশ, যা জুলাইতে ছিল ৯ দশমিক ৮৪ শতাংশ।

    এদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ০১ শতাংশে, যা জুলাই মাসে ছিল ১১ দশমিক ২৭ শতাংশ। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি কমে হয়েছে ১১ দশমিক ২৪ শতাংশ, যা জুলাইতে ছিল ১৪ দশমিক ২২ শতাংশ। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও কমে হয়েছে ৯ দশমিক ২০ শতাংশ,যা জুলাইতে ছিল ৯ দশমিক ৪৩ শতাংশ। বিবিএস এর হিসাব বলছে আগস্টে মজুরি হার কিছুটা বেড়েছে।

  • আবারও ৪ দিনের রিমান্ডে ইনু

    আবারও ৪ দিনের রিমান্ডে ইনু

    রাজধানীর লালবাগ থানা এলাকায় একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন। এদিন বিকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় হাসানুল হক ইনুকে।

    ঢাকার মোহাম্মদপুর থানার ট্রাকচালক সুজন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে শেষে আদালতে হাজির করা হয়েছিল তাকে। ওই মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়। আদালত ওই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    তবে নতুন করে তাকে লালবাগ থানার খালিদ হাসান হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস মিয়া সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

    অন্যদিকে ইনুর পক্ষে অ্যাডভোকেট মহিবুর রহমান মিহির রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করেন। এই নিয়ে তিনটি হত্যা মামলায় পর্যায়ক্রমে তৃতীয় দফা রিমান্ডে নেওয়া হলো হাসানুল হক ইনুকে।

    ঢাকার আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

    উল্লেখ্য, গত ১৮ জুলাই সন্ধ্যা ৬টায় লালবাগ থানার আজিমপুর সরকারি আবাসিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হন আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    হাসানুল হক ইনুকে গত ২৬ আগস্ট রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

  • সেই অধ্যক্ষকে ফুলের মালা দিয়ে কলেজে নিয়ে এলেন শিক্ষার্থীরা

    সেই অধ্যক্ষকে ফুলের মালা দিয়ে কলেজে নিয়ে এলেন শিক্ষার্থীরা

    হাতুড়িপেটা করে পদত্যাগে বাধ্য করানো ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের সেই অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে ফুল দিয়ে বরণ করে কলেজে নিয়ে এসেছেন শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টার দিকে প্রায় দুই কিলোমিটার দূরে থাকা কোয়ার্টারের বাসা থেকে তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে কলেজে নিয়ে আসেন শতাধিক শিক্ষার্থী।

    বাসা থেকে হেঁটে তাকে নিয়ে আসার সময় হামলাকারীদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষকে কলেজের নিজ কার্যালয়ের চেয়ারে বসিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকারাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

    নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মো. হাসিব শেখ, তারিকুল মুন্সী ও নাইমা আক্তার বলেন, আমাদের অধ্যক্ষ স্যার একজন ভালো মানুষ। মিথ্যা অভিযোগ তুলে কিছু দিন আগে অধ্যক্ষ স্যারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রে সই নেয় এলাকার একটি সন্ত্রাসী বাহিনী ও কতিপয় দুষ্কৃতকারী শিক্ষার্থী। এরপর থেকে স্যার অসুস্থ হয়ে বাসায় অবস্থান করছিলেন। রোববার সকালে আমরা শিক্ষার্থীরা স্যারকে তার বাসা থেকে সম্মানের সঙ্গে নিয়ে এসেছি।

    তারা আরও বলেন, অন্যায়ভাবে যারা স্যারকে পিটিয়ে পদত্যাগে সই করাতে বাধ্য করেছে আমরা তাদের বিচার চাই। আমরা ২৪ ঘণ্টার সময় দিয়েছি, এর মধ্যে যদি হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হয়, তাহলে আন্দোলনে নামতে বাধ্য হবো।

    শিক্ষার্থীরা কলেজে নিয়ে আসার পর অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা সজীবতা বুঝতে পেরেছে। তাই আমাকে সম্মান দিয়ে বাসা থেকে কলেজে নিয়ে এসেছে। আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের কাছে চিরকৃতজ্ঞ। পাশাপাশি আমার ওপর হামলা ও জোরপূর্বক পদত্যাগপত্রে সই করানোর ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আমার পাশে দাঁড়ানোর জন্য ইউএনও স্যার, সেনাবাহিনী ও পুলিশের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে হাতুড়িপেটা করে পদত্যাগপত্রে সই নেন স্থানীয় প্রভাবশালী কাইয়ুম মোল্যা ও কামরুল গাজীর সমর্থকরা।

  • প্রিয়াঙ্কা-আলিয়াদের শুভেচ্ছাবার্তায় সিক্ত দীপিকা

    প্রিয়াঙ্কা-আলিয়াদের শুভেচ্ছাবার্তায় সিক্ত দীপিকা

    প্রথমবার মাতৃত্বের স্বাদ নিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রোববার (৮ সেপ্টেম্বর) বলিউডের তারকা জুটি রণবীর সিং-দীপিকার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। ইনস্টাগ্রামে এই খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারকা দম্পতি।

    তাদের ঘরে নতুন অতিথি আগমনের খবরে খুশির ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট।

    দীপিকা এবং রণবীরের সঙ্গে বেশকিছু সিনেমায় কাজ করা ‘দেশি গার্ল’ খ্যাত প্রিয়াঙ্কা চোপড়াও তাদের প্রতি ভালোবাসা জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কার স্বামী গায়ক নিক জোনাসও।

    এছাড়া ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, সুনীল শেঠি, অনন্যা পাণ্ডে, শর্বরী, জোয়া আখতারসহ আরও অনেকেই রণবীর-দীপিকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

  • বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রায় ৩ নম্বর সংকেত

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রায় ৩ নম্বর সংকেত

    পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে।

    রোববার ভোর ৬টায় নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। তাই পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    আবহাওয়া অধিদপ্তরের এক নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এ নিম্নচাপের প্রভাবে উপকূলীয় পটুয়াখালীর রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় রোববার সকাল থেকে কোনো বৃষ্টিপাত হয়নি। নদ-নদী ও সাগরের অবস্থাও ছিল অনেকটা স্বাভাবিক। দিনভর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছিল। ছিল ভ্যাপসা গরমও।

    আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে।

    নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।