Blog

  • জেলা পরিষদের কর্মচারীর বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

    জেলা পরিষদের কর্মচারীর বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

    বান্দরবান জেলা পরিষদের ন্যস্ত বিভাগ বাজার ফান্ডের এক কর্মচারীর বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। এ সম্পর্কিত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিও নিয়ে সমালোচনা শুরু হয়।

    ভাইরাল হওয়া ব্যক্তির নাম হচ্ছে উদ্ধেন্দু তঞ্চঙ্গ্যা। সে বান্দরবান জেলা পরিষদের বাজার ফান্ড বিভাগের প্রধান সহকারী হিসেবে কর্মরত। তার বাড়ি বান্দরবান পৌরসভার বালাঘাটা ২ নং ওয়ার্ডের ব্রিগেড এলাকায়। সে প্রায় ৩৩ বৎসর ধরে কর্মরত রয়েছে বান্দরবান জেলা পরিষদে।

    ভিডিওতে দেখা যায়, উদ্বেন্দু তঞ্চঙ্গ্যা তার অফিসের টেবিলে বসে টাকা গুনছেন। টাকার বান্ডিল দেখে ধারণা করা হচ্ছে এখানে প্রায় তিন থেকে চার লাখ টাকা হতে পারে।

    বান্দরবান জেলা পরিষদের এক কর্মচারী সুত্রে জানা যায়, এটি কিছুদিন আগে বাজার ফান্ডের অধীনে বান্দরবান বহুমুখি সমবায় সমিতির দুটি প্লট জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা জোর করে সমিতির কাছ থেকে নিয়ে খাস দেখিয়ে এক দম্পত্তিকে মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধভাবে লীজ দিয়ে দেয়। এই ঘটনার সঙ্গে জড়িত ছিল উদ্বেন্দু তঞ্চঙ্গ্যাসহ আরো অনেকে। সেই সুবাদে তার ভাগের ঘুসের টাকাটা সে গুণে নিচ্ছিল তার অফিসে বসে। তখন কোন একজন তার ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।

    এ ব্যাপারে উদ্বেন্দু তঞ্চঙ্গ্যাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এগুলো কোন ঘুসের টাকা নয়। ইজারার টাকা এক ব্যক্তি দিয়ে গেছে তার কাছে।

    তার কাছে জানতে চাওয়া হয়, ইজারার টাকা তো চালানের মাধ্যমে ইজারাদাররা ব্যাংকে জমা দিবে, আপনি তো নগত টাকা নিতে পারেন না। তাছাড়া আপনাকে তো ইজারার টাকা জমা দেওয়ার সুযোগ নাই। এ ব্যাপারে উদ্বেন্দু বলেন, তারা আমার কাছে জমা দিলে আমি কি করব।

    বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, এখানে নগদ টাকা হাতে নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত চলছে। যদি ঘুসের বিষয়টি সঠিক হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • আগ্নেয়াস্ত্র জমা দেননি শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা

    আগ্নেয়াস্ত্র জমা দেননি শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা

    গত ৩ সেপ্টেম্বরের মধ্যে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও নারায়ণগঞ্জ জেলায় অন্তত ৫৫টি আগ্নেয়াস্ত্র জমা পড়েনি। এরমধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের কাছে রয়েছে অন্তত আটটি আগ্নেয়াস্ত্র, যা তারা জমা দেননি। এসব অস্ত্র অবৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জ জেলায় ৭৩৭টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এর মধ্যে ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত টানা চার মেয়াদে মোট ৩২১টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে।

    অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেসামরিক নাগরিকদের মধ্যে দেওয়া ১৯১টি অস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে জেলা প্রশাসন। এরমধ্যে ১০২টি শটগান ও বন্দুক, ৬৭টি পিস্তল, ১৪টি রাইফেল ও আটটি রিভলভার। এই সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে জেলার বিভিন্ন থানায় ১৩৬টি অস্ত্র জমা দেওয়া হয়েছে। এখনো ৫৫টি অস্ত্র জমা পড়েনি।

    অস্ত্র জমা না দেওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন শামীম ওসমান, তার ভাই সেলিম ওসমান, ছেলে ইমতিনান ওসমান অয়ন ও শ্যালক তানভীর আহম্মেদ টিটু। অস্ত্র জমা না দেওয়ার তালিকায় নাম রয়েছে এই আসনের প্রয়াত সংসদ সদস্য সারাহ বেগম কবরীরও।

    নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত বছরের ১৮ অক্টোবর শামীম ওসমানের নামে পয়েন্ট ২২ বোরের একটি রাইফেলের লাইসেন্স দেওয়া হয়। তিনি এই রাইফেলের লাইসেন্স একই বছরের ৩১ ডিসেম্বর নবায়নও করেছেন। গত বছরের ২৬ অক্টোবর একটি এনপিবি পিস্তলের লাইসেন্স নেন তিনি। কিন্তু অন্তর্বর্তী সরকারের ঘোষণার পর বেঁধে দেওয়া সময়ের মধ্যে তিনি অস্ত্র দুটি জমা দেননি। সেই কারণে তার অস্ত্র দুটি অবৈধ হিসেবে বর্তমানে জেলা প্রশাসনের তালিকায় তালিকাভুক্ত হয়েছে।

    তার ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানও তার আগ্নেয়াস্ত্র জমা দেননি। ২০২০ সালের ১ মার্চ তার নামে একটি পিস্তল ইস্যু করা হয়। তার নামে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর আরেকটি পিস্তলের লাইসেন্সও দেওয়া হয়। সেটিও তিনি জমা দেননি।

    শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন এখনো তার শটগানটি জমা দেননি।

    তার শ্যালক ও বিসিবির সাবেক পরিচালক তানভীর আহম্মেদ টিটুর নামে ২০১৫ সালের ১৫ নভেম্বর পয়েন্ট ২২ বোরের একটি রাইফেলের লাইসেন্স দেওয়া হয়। গত বছরের ৫ নভেম্বর পয়েন্ট ২২ বোরের একটি এনপিবি পিস্তলেরও লাইসেন্স পান তিনি। অস্ত্র দুটি তিনি এখনো জমা দেননি।

    নারায়ণগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেননি, তাদের ওই অস্ত্রগুলো অবৈধ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চলছে।

  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহলে ছাত্রলীগ অবাঞ্চিত ঘোষণা

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহলে ছাত্রলীগ অবাঞ্চিত ঘোষণা

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের ৯ ছাত্রলীগ কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা।

    শনিবার ছাত্রীহলের সামনে নাম, ব্যাচ ও ছবিসহ ব্যানার ঝুলিয়ে তাদের অবাঞ্চিত ঘোষণা করা হয়।

    ব্যানারে লেখা হয়, জুলাই বিপ্লবের বিপক্ষে থাকা ও গণহত্যাকে সমর্থনকারি ছাত্রলীগ কর্মীদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থেকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হল।

    অবাঞ্ছিত ঘোষণা করা ছাত্রলীগ কর্মীরা হলেন- ১১তম ব্যাচের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইভা রহমান, প্রাণীবিদ্যা বিভাগের ১৩ ব্যাচের স্বর্ণা পাটোয়ারী, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ১৩ ব্যাচের মৈত্রী বাড়ৈ, বাংলা বিভাগের ১৪ ব্যাচের আফিয়া আনঞ্জুম সুপ্তি, গণিত বিভাগের ১৩ ব্যাচের নিপুণ ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের মুনিয়া আক্তার যুথি, দর্শন বিভাগের ১৪ ব্যাচের রিশাত আরা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের সৃজা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৭ ব্যাচের শিক্ষার্থী ফারহানা ঐশী।

    অবাঞ্ছিত ঘোষিত বাংলা বিভাগের ১৪তম ব্যাচের আর্বতনের শিক্ষার্থী আফিয়া আনঞ্জুম সুপ্তি বলেন, আমি হলে যাচ্ছিনা ৪-৫ মাস হচ্ছে। আমার গ্রাজুয়েশন (স্নাতক) শেষ। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মার্স্টাস করব না। বাহির থেকে করব। আমার হলের সিট অবাঞ্ছিত ঘোষণা করছে এটা মেনে নেওয়া যায়, কারণ আমার গ্রেজুয়েশন শেষ। কিন্তু ১৭তম আর্বতনের আরও দুইটা মেয়ের সিট অবাঞ্ছিত ঘোষণা করছে। এই অবাঞ্ছিত ঘোষণা করার একমাত্র অধিকার আছে হল প্রভোস্ট ও ভিসি স্যারের। এই অবাঞ্ছিত ঘোষণা কোনদিন বৈধ হবে না। এটাই সবচেয়ে বড় বৈষম্য।

    এ বিষয়ে জানতে অবাঞ্ছিত আরও দুই ছাত্রলীগ কর্মী স্বর্ণা পাটোয়ারী ও ইভা সরকারকে ফোন করা হলে তার ফোন কেটে দেন।

    ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্বার্না রিয়া বলেন, হলের প্রভোস্ট না থাকার কারণে আমরা অফিসিয়াল কোন আবেদন করতে পারিনি। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ৯ জন ছাত্রলীগ কর্মীকে হল থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। পরে নতুন প্রভোস্ট আসলে ছাত্রী হল থেকে বহিস্কারের জন্য আবেদন করব।

  • ইউক্রেনে রাতভর ৬৭টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

    ইউক্রেনে রাতভর ৬৭টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

    ইউক্রেনের ১১টি অঞ্চলে ৬৭ টি দূরপাল্লার শাহেদ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এর মধ্যে ৫৮ টিকেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। খবর রয়টার্সের

    টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বিবৃতিতে বিমান বাহিনী বলেছে, রাশিয়া-অধিকৃত উপদ্বীপ থেকে ড্রোনগুলো নিক্ষেপ করা হয়। এর ফলে ইউক্রেনের ১১টি ইউনিটেই বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে সক্রিয় থাকতে দেখা যায়।

    অফিসিয়াল টেলিগ্রামে বেশ কয়েকটি ছবিসহ পোস্ট দিয়ে এক পার্লামেন্ট সদস্য আলাদা এক বিবৃতিতে জানিয়েছেন, এমনকি ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্লামেন্ট ভবনের পাশে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

    ছবিতে পার্লামেন্ট ভবনের কাছে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তত চারটি ধ্বংসাবশেষ দেখা গেছে। একটি টুকরো বিল্ডিংয়ের প্রধান প্রবেশদ্বারের কাছে পড়েছিল।

    কিয়েভে এতদূর রুশ ক্ষেপণাস্ত্রের প্রবেশ বেশ বিরল। শহরটি সোভিয়েত-যুগের নেটওয়ার্ক এবং পশ্চিমা-দানকৃত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত। এছাড়া শহরের কেন্দ্রে অবস্থিত সরকারি ভবনটি সম্ভবত ইউক্রেনের সেরা সুরক্ষিত স্থান। কারণ এখানেই প্রেসিডেন্ট, মন্ত্রিসভা এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় রয়েছে।

    কিয়েভ থেকে রয়টার্সের সংবাদদাতারা জানিয়েছেন, তার শনিবার ভোরে কয়েকটি সিরিজ বিস্ফোরণের শব্দ শুনতে পান। এর মধ্যে কয়েকটি শহরের কেন্দ্রের চারপাশে বিকট আওয়াজ করেছে।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকেই ইউক্রেনজুড়ে হাজার হাজার ক্ষেপণাস্ত্র এবং শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে মস্কো।

    ইরানের ডিজাইন করা ড্রোনগুলো রাশিয়া ২০২২ সালের সেপ্টেম্বর থেকেই ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে ব্যবহার করছে।

  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৩

    ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৩

    শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের বয়স ১১ থেকে ৬৫ বছরের মধ্যে।

    আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে ৩৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫, খুলনা বিভাগে ১৫ ও ময়মনসিংহ বিভাগে আটজন রয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৫২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে ১৩ হাজার ৬০৩ জন ছাড়পত্র পেয়েছেন।

    চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৫ হাজার ২০৭ জন। এর মধ্যে ৬১.৩ শতাংশ পুরুষ ও ৩৮.৭ শতাংশ নারী।

  • মাদ্রাসার টাকা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৬০

    মাদ্রাসার টাকা নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ৬০

    সুনামগঞ্জের দিরাইয়ে সরকারি মাদ্রাসার ফান্ডের টাকা নিয়ে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আবদুল মালিক, বোরহান, জাহির আলী লোকজনের সঙ্গে গ্রামের মনু মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ২০সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

    শনিবার উপজেলার রায়বাঙ্গালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গুরুতর আহত জুয়েল মিয়া (৩৬), সুমন মিয়া (৩২), আব্দুল আউয়াল (৪০), রঞ্জু মিয়া (৩৮), আলমগীর (২৫), মুজিবুর রহমান (৬০), ফাররদিন মিয়া (২৫), সাবেল মিয়া (২৫), সাহাবুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৪২), রোজিনা বেগম (৪০), রাবেয়া বেগম (৪৫) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    আহত অন্যদের দিরাই উপজেলা ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, গ্রামের সরকারি দাখিল মাদ্রাসার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন আব্দুল মালিক। সভাপতি পদ বিলুপ্ত হওয়ার পর মাদ্রাসা ফান্ডের টাকা নিয়ে গ্রামের সাবেক ইউপি সদস্য মনু মিয়া, তছর মিয়া ও সুফি মিয়ার লোকজনের সঙ্গে বিরোধ দেখা দেয়।

    এনিয়ে শনিবার সকাল ১১টায় মাদ্রাসার বৈঠকে বসে উভয়পক্ষ। বৈঠকের এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে উভয়পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।

    দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রায়হান মিয়া জানান, আহতদের শরীরে গুলিবিদ্ধ রয়েছে, গুরুতর আহত ১২ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখানে গুলি বের করার ব্যবস্থা নেই।

    দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মারামারির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

  • বঙ্গোপসাগরে লঘুচাপ, তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

    বঙ্গোপসাগরে লঘুচাপ, তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

    পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

    আগামী ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    শুক্রবারের (৬ সেপ্টেম্বর) আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

  • পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

    পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

    পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে আব্দুল্লাহ আল কাবি নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টিএনডি জামে মসজিদের ছাদে আমড়া পাড়তে গিয়ে বৈদুতিক তারে বিদ্যুতায়িত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

    নিহত আব্দুল্লাহ আল কাবি (১৪) পিরোজপুরের দক্ষিণ শিকারপুর নিবাসী শহিদুল আলম শাহিনের ছেলে।

    পরিবারের সদস্যরা জানায়, আজ বিকেলে টিএনটি জামে মসজিদের ছাদে লোহার রড দিয়ে আমড়া পারতে যায় আব্দুল্লাহ। সেখানে বৈদুতিক তারের সংস্পর্শে গেলে সে বিদ্যুতায়িত হয়। এরপর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক রহিতোষ বলেন, ‘শেষ বিকেলের দিকে জেলা হাসপাতালে এক কিশোরকে আনা হলে তাকে আমরা মৃত অবস্থায় পাই। বিদ্যুৎতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

  • বরিশালে বৃক্ষমেলার উদ্বোধন

    বরিশালে বৃক্ষমেলার উদ্বোধন

    ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে বরিশালে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

    বৃহস্পতিবার সকালে সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল নগরীর বান্দরোডস্থ বেলস পার্ক থেকে একটি র‌্যালি বের হয়ে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

    সেখানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. শওকত আলী ফিতা কেটে, ফেস্টুন ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলা উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

    মেলায় ৫০টি স্টল রয়েছে।

    পরে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ সভাকক্ষে বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় বক্তব্য দেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামসহ অন্যরা।

  • আন্দোলনে নিহত দুই শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

    আন্দোলনে নিহত দুই শহীদ পরিবারকে আর্থিক সহায়তা

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রাকিব হেসেন ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র পরিবারের সাথে মতবিনিময় সভা ও আর্থিক সহায়তা প্রদান করেছে বরিশাল ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

    বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা শাখার সভাপতি ডা. মো. কবিরুজ্জামান এর সভাপতিত্বে ও ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাওন বিন রহমান এর সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, ডা. নজরুল ইসলাম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ডা. রেজা, ডা. জাহিদ হাসানসহ নিহত দুই শহীদের বাবা।

    মতবিনিময় সভা শেষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে দুই পরিবারকে দুই লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরে ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।