Blog

  • রাতভর সংঘর্ষের ঘটনায় পাল্টা অভিযোগে যা বললেন ববির শিক্ষার্থীরা

    রাতভর সংঘর্ষের ঘটনায় পাল্টা অভিযোগে যা বললেন ববির শিক্ষার্থীরা

    বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ-ধাওয়া পাল্টা ধাওয়ার পর বুধবার (০৪ আগস্ট) সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী এক গরিব বাসচালককে জিম্মি করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন অভিযোগ করে বিএম কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, দুজন চাঁদাবাজের পক্ষ নিয়ে রাত ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের বাসযোগে একদল শিক্ষার্থী এসে বটতলায় সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।

    পাল্টা অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, সোমবার নগরের ব্যাপ্টিস্ট মিশন রোডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পরিবারের বিরোধীয় সম্পত্তি দখলের চেষ্টায় হুমকি এবং তাদের এক সহপাঠী ও তার মাকে হেনস্তা করেন বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি। খবর পেয়ে ববি শিক্ষার্থীরা ঘটনাস্থলে হাজির হলে রাফিসহ তার সহযোগীদের হামলার শিকার হয়। এরপর মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগ তুলে দুই সহপাঠীকে মারধর করে বিএম কলেজ শিক্ষার্থীরা।

    তারা বলেন, এ খবর ছড়িয়ে পড়লে তিনটি বাসে চড়ে ববি শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে নগরের বটতলা এলাকার দিকে রওনা দেন। একটি বাস নগরীর বটতলা এলাকায় পৌঁছানোর পথে শিক্ষার্থীবোঝাই বাসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। তখন ববি শিক্ষার্থীরা বিএম কলেজ অভিমুখে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয় এবং বহু শিক্ষার্থীকে আহত করা হয়।

    এদিকে ঘটনাটির বিষয়ে বিএম কলেজ প্রশাসনের সাথে বৈঠক করে সমাধান করা হবে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডিন ড. মো. শফিউল আলম।

    অপরদিকে সকাল সা‌ড়ে ৬টার মধ্যে বিএম ক‌লেজ এলাকা ত‌্যাগ ক‌রে ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া ব্রজমোহন কলেজ কর্তৃপক্ষ ও সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় বুঝে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।

    বিএম ক‌লেজ অধ্যক্ষ আমিনুল হক ও ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের যৌথ স্বাক্ষরিত এক‌টি পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

    সেখা‌নে উল্লেখ করা হয়, সরকারি ব্রজমোহন কলেজের ৫/৬ টি গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন ভবনে ভাঙচুর এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসা বাবদ বিধি মোতাবেক সকল ক্ষতিপূরণ প্রদান এবং দোষীদের শাস্তি প্রদানের অঙ্গীকার করছি। এ বিষয়ে বিএম কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

    জানা গেছে, ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ওই ছয় শিক্ষার্থী বিএম কলেজে হামলা কর‌তে গি‌য়ে বিএম কলেজের শিক্ষার্থী‌দের কা‌ছে আটক হয়। তা‌দের কলেজের কেন্দ্রীয় মস‌জি‌দে রাতভর আটকে রাখা হয়, প‌রে বিশ্ব‌বিদ‌্যা‌লয় কর্তৃপ‌ক্ষের কা‌ছে হস্তান্তর করা হয়।

    প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক আহত হয়েছেন। দুই পরিবারের বাড়ির মালিকানা সংক্রান্ত বিরোধে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

    মঙ্গলবার রাত সা‌ড়ে ১২টা থেকে দুইপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা দফায় দফায় হামলা ও সংঘর্ষের মধ্য দিয়ে ভোর ৫টা পর্যন্ত চলে।

  • রাতভর সংঘর্ষের বিষয়ে যা বললেন বিএম কলেজের শিক্ষার্থীরা

    রাতভর সংঘর্ষের বিষয়ে যা বললেন বিএম কলেজের শিক্ষার্থীরা

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ-ধাওয়া পাল্টা ধাওয়ার পর বুধবার (০৪ আগস্ট) সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    এদিকে মঙ্গলবার রাতের ঘটনায় আহতরা বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের উপ পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

    আর পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সঙ্গে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন।

    এদিকে আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিএম কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে।

    সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ঘটনার সূত্রপাত সম্পর্কে বলেন, একজন গরিব বাসচালকের কাছে একটি ঘটনার প্রেক্ষিতে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং তাকে জিম্মি করে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে আরও ২০ হাজার টাকা আদায়কালে দুজন চাঁদাবাজ বটতলা এলাকায় এলাকাবাসীর হাতে আটক হন। এলাকাবাসীর অনুরোধে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত হয়ে চাঁদাবাজদের পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ঘটনাক্রমে জানা যায়, চাঁদাবাজ দুজন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

    ওই ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি বিবেচনা না করে এবং দুজন চাঁদাবাজের পক্ষ নিয়ে রাত ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের বাসযোগে একদল শিক্ষার্থী এসে বটতলায় সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।

    তখন বরিশালের সাধারণ শিক্ষার্থীরা জানমাল রক্ষার্থে জনসাধারণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করে। এর পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেস স্টাডি না করেই নিজেদের বিশ্ববিদ্যালয়ের চাঁদাবাজ শিক্ষার্থী দুজনের পক্ষে দেশীয় অস্ত্র এবং ট্রাকভর্তি ইট-পাথর নিয়ে বিএম কলেজে হামলা চালায়।

    এই হামলায় বিএম কলেজের শিক্ষার্থী এবং সহযোগিতায় এগিয়ে আসা অন্যান্য কলেজের শিক্ষার্থীরা গুরুতর আহত হন। এসময় সন্ত্রাসীরা বিএম কলেজের পরিবহণ পুলের সব বাস, ড্রাইভারদের রুম, মুসলিম হল, হিন্দু হল এবং মহাত্মা অশ্বীনি কুমার ছাত্রাবাসসহ বিভিন্ন ডিপার্টমেন্টে ভাঙচুর করে।

    বিএম কলেজের শিক্ষার্থীরা বলেন, রাত ১টায় একটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কীভাবে বাস নিয়ে অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রওনা হওয়ার অনুমতি দেয়, তা আমাদের বোধগম্য নয়। আমরা এর জবাব চাই। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল তথা দক্ষিণবঙ্গের জ্ঞানের বাতিঘর শতবর্ষী বিএম কলেজের বনমালী গাঙ্গুলি ছাত্রী হোস্টেলে হামলা করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়ার নয় ৷ এসময় আশপাশে বিএম কলেজের শিক্ষকদের বাসায়, সাধারণ মানুষদের বাসাবাড়ি এবং দোকানপাটে হামলা, ভাঙচুর এবং লুটপাট করা হয়। এতে করে আতঙ্ক বিরাজ করে কলেজ এলাকায় থাকা সর্বসাধারণের মাঝেও। সংঘর্ষে আহত শিক্ষার্থীরা শেরেবাংলা মেডিকেল কলেজে স্বাস্থ্যসেবা নিতে গেলে সেখানেও তারা সড়কে বাধা দেন। সংঘর্ষের সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৯ হামলাকারীকে আটক করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সবাইকে আমরা নিজেরা স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে প্রশাসনিকভাবে আইনশৃঙ্খলাবাহিনী হাতে হস্তান্তর করি।

    এসব অভিযোগ এনে বিএন কলেজের শিক্ষার্থীরা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হল- বাস নিয়ে আসা হামলাকারী, বটতলায় চাঁদাবাজকারী, এর পেছনে মদতদাতা এবং উসকানি প্রদান করা সবার সুষ্ঠু বিচার করা; মধ্যরাতে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার ফলে যেসব শিক্ষার্থী আহত হয়েছেন তাদের সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গ্রহণ করা; বিএম কলেজসহ সকল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো সাধারণ শিক্ষার্থীকে কোনোরূপ হয়রানি না করা; বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল শহরে কোনো ধরনের অরাজকতা যাতে সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা; কলেজ, সব হোস্টেল এবং সাধারণ মানুষের বাসাবাড়ি, দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনার সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়া; হামলায় জড়িত সব সন্ত্রাসীকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে আর কোনো সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা হলে এর দায়ভার বরিশাল বিশ্ববিদ্যালয়কেই নিতে হবে।

    ঘটনাটির বিষয়ে বিএম কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠক করে সমাধান করা হবে বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডিন ড. মো. শফিউল আলম।

    প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থীদের মধ্যে রাতভর দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক আহত হয়েছেন। দুই পরিবারের বাড়ির মালিকানা সংক্রান্ত বিরোধে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

    মঙ্গলবার রাত সা‌ড়ে ১২টা থেকে দুইপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা দফায় দফায় হামলা ও সংঘর্ষের মধ্য দিয়ে ভোর ৫টা পর্যন্ত চলে।

  • বরিশাল বেলস পার্কের প্রশাসনিক নাম বঙ্গবন্ধু উদ্যান বাতিলের দাবি

    বরিশাল বেলস পার্কের প্রশাসনিক নাম বঙ্গবন্ধু উদ্যান বাতিলের দাবি

    বরিশালের ঐতিহাসিক বেলস পার্কের প্রশাসনিক নাম বঙ্গবন্ধু উদ্যান বাতিল করে শহীদ আব্দুল্লাহ আল আবিরের নামকরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

    বুধবার (৪ সেপ্টেম্বর) বরিশাল নগরের উদ্যান সংলগ্ন বান্দরোডে স্বাধীনতা ফোরাম বরিশালের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

    স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক তারিক সোলাইমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরাম বরিশাল জেলা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল আমিন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও স্বাধীনতা ফোরামের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

    তিনি বলেন, অধিকার আদায়ের আন্দোলনে শতাধিক তরুণ ছাত্র-জনতা যুবকের তাজা প্রাণ ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিত বাহিনীর গুলিতে রাজপথেই ঝরেছে। এ রকম হত্যা দেশের ইতিহাসে আর কখনও ঘটেনি।

    তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি রেখে বলেন, আপনারা আজ যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছেন তারা কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য ঝাঁপিয়ে পড়ে লড়াই করেনি। তারা জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, সকল মানুষের স্বার্থে এদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আর আন্দোলনে যারা জীবন বিলিয়ে দিয়েছেন তরা এ দেশের জাতীয় বীর। তাদের মাথার তাজ বানিয়ে রাখতে চাই।

    তিনি বলেন, মৃত্যুর আগে আব্দুল্লাহ আল আবির তার বোনকে বলেছিল ‘দেশের এমন সময়ে ঘরে বসে থাকতে পারি না, আমাকে একটি পতাকা দাও’। এ কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তাই এই বরিশালের বেলস পার্কের প্রশাসনিক নাম বঙ্গবন্ধু উদ্যান বাতিল করে শহিদ আব্দুল্লাহ আল আবিরের নামকরণ করা হোক। আর শেখ হাসিনা নয়, বরিশালের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিলের নামে ক্যান্টনমেন্টের নাম রাখার দাবি জানাই।

    আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ আরও বলেন, এই বাংলার মাটিতেই খুনি হাসিনার বিচার কার্যকরের দাবি বর্তমান সরকারের কাছে জানাই।

    মানবনন্ধনে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস শাকিব, শহিদ আবীরের বাবা মো. মিজানুর রহমান, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি, নুরুল মোমেন কোটন, আনোয়ার হোসেন টিটু, জেলা ছাত্র দলের সভাপতি মাহফুজুল হক মিঠু, ছাত্রদল নেতা আসিফ আল মামুন, ছাত্রদল নেত্রী অন্যান্য কবীর প্রমুখ।

    পরে শহীদ আব্দুল্লাহ আবিরের নামে ব্যানার টানিয়ে মোনাজাত করেন উপস্থিত স্বাধীনতা ফোরাম নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, ১৯ জুলাই ‍আন্দোলন চলাকালীন ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল আবির। আর ঐতিহ্যবাহী বেলস পার্ককে ‍আওয়ামী লীগ ‍সরকারের আমলে বঙ্গবন্ধু ‍উদ্যান হিসেবে নামকরণ করা হয়।

  • ববি ও বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র বরিশাল

    ববি ও বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র বরিশাল

    বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫৫ জন আহত হয়েছেন। এ সময় উভয় শিক্ষা প্রতিষ্ঠা‌নের চার‌টি বাস এবং বিএম কলেজের প্রশাসনিক ভবনসহ ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর চালানো হয়।

    রাত সা‌ড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হওয়ার ঘটনা স্বীকার করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, নগরের বাংলাবাজার এলাকার ব্যাপ্টিস্ট মিশন রোডের বাসিন্দা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়ার পরিবারের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী এক পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

    সোমবার রাতে বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী সমন্বয়ক পরিচয়ে সেই বিরোধ নিরসনে জোয়ার বাড়ি গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সে সময় জোয়া সাহায্য চেয়ে ফেসবুকে লাইভ করেন। এরপর তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা এলে বিএম কলেজের সেই শিক্ষার্থীরা তাদের মারধর করেন।

    এ ঘটনায় জোয়া গতকাল বরিশাল কোতোয়ালি থানায় অমি, মোস্তাফিজুর রহমানসহ চার যুবকের নামে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

    এর প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করেন বিএম কলেজের শিক্ষার্থীরা। ওদিকে মোস্তাফিজের বিরুদ্ধে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতের ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএম কলেজের শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে গতরাত ১০টার দিকে নগরীর বটতলা এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাঁদাবাজির অভিযোগে মারধর করেন।

    এরপর রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি বাসে করে ঘটনাস্থলে যান। সে সময় বিএম কলেজের শিক্ষার্থীরা সেই বাসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং চালকসহ ১৫ থেকে ২০ জনকে মারধর করেন।

    এসব ঘটনার সূত্র ধরে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে হামলা-ভাঙচুর চালান।

    তারা রাত ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত বিএম কলেজের প্রশাসনিক ভবন, তিন‌টি হল এবং শ্রেণিকক্ষ ভাংচুর করেন। পরে ক্যাম্পাসজুড়ে ভাংচুর করেন ববি শিক্ষার্থীরা।

    রাত পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর সদস্যরা। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা। এক সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেলেও তার সত্যতা নিশ্চিত করা যায়নি।

    তবে সংঘর্ষে উভয় পক্ষের শতা‌ধিক আহত হয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ভোর সা‌ড়ে ৫টা পর্যন্ত সংঘর্ষ হ‌য়ে‌ছে। সকাল সা‌ড়ে ৬টার পর পরিস্থিতি পু‌রোপু‌রি নিয়ন্ত্রণে আ‌সে।

    তবে সকাল ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিএম কলেজ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য পুরো এলাকা ঘিরে রেখেছে।

    বিএম ক‌লে‌জের শিক্ষার্থীরা বলেন, পা‌রিবা‌রিক বিষয় নিয়ে যে সংঘ‌র্ষ হয়েছে তা মেনে নিতে পারছি না। এ ঘটনায় আমা‌দের প্রায় ৪৫ শিক্ষার্থী আহত হ‌য়ে‌ছেন।

    ব‌বি শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী‌কে আট‌কে রে‌খে‌ছিল বিএম ক‌লে‌জের শিক্ষার্থীরা।

    এ‌দি‌কে নিখোঁজ ছয় শিক্ষার্থী‌কে বু‌ঝে পে‌য়ে‌ছেন ভা‌রপ্রাপ্ত ভি‌সি ড. মো. মুহসীন উ‌দ্দীন। বিএম ক‌লেজের অধ্যক্ষ আ‌মিনুল হক ও ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ের ভা‌রপ্রাপ্ত ভি‌সি মুহসীন উদ্দি‌ন স্বাক্ষ‌রিত এক‌টি যৌথ বিবৃ‌তি বুধবার সকালে এ প্রতি‌বেদকের হাতে আ‌সে।

    সেখা‌নে উ‌ল্লেখ করা হয়েছে, বিএম ক‌লেজ কর্তৃপক্ষ ও সাধা‌রণ শিক্ষার্থী‌দের কাছ থে‌কে বিশ্ব‌বিদ্যালয়ের ছয় শিক্ষার্থী‌কে বু‌ঝে নি‌য়ে‌ছে বিশ্ব‌বিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বিএম কলেজে ভাঙচুরের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    বিশ্ব‌বিদ্যালয়ের ওই ছয় শিক্ষার্থীকে বিএম ক‌লে‌জে হামলার সময় আটক হয়। ক‌লে‌জের কেন্দ্রীয় মস‌জি‌দে তা‌দের আট‌কে রাখা হয়। প‌রে বিশ্ব‌বিদ্যালয় কর্তৃপক্ষের কা‌ছে হস্তান্তর করা হয়।

    বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের বাংলা বিভা‌গের প্রধ‌ান ড. উন্মেষ রায় জানান, হামলায় আহত হয়েছে শতা‌ধিক শিক্ষার্থী। তাদের মধ্যে ৩৩ জ‌ন হাসপাতালে ভর্তি।

    সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ ক‌রে‌ছেন ব‌রিশা‌লের সাধারণ মানুষ। তা‌দের আশঙ্কা, এ ঘটনা অ‌নেক দূর গড়া‌বে।

  • কাল থেকে খোলা থাকবে সব পোশাক কারখানা: বিজিএমইএ সভাপতি

    কাল থেকে খোলা থাকবে সব পোশাক কারখানা: বিজিএমইএ সভাপতি

    আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

    বুধবার চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

    বিজিএমইএ সভাপতি বলেন, আজকে শতাধিক পোশাক কারখানা বন্ধ ছিল। কিছু জায়গা হামলা হয়েছে। যেসব কারখানা আজকে বন্ধ ছিল কাল থেকে তা চালু হবে।

    আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বিজিএমইএকে পোশাক কারখানায় নিরাপত্তা রক্ষার ব্যাপারে নিশ্চিত করেছে তাই বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলেও জানান  খন্দকার রফিকুল ইসলাম।

    পোশাক কারখানায় যারা ঝামেলা করছেন তারা বহিরাগত জানিয়ে তিনি বলেন, অভ্যন্তরীণ সমস্যা খুবই কম। বহিরাগত কারা হামলা চালাচ্ছে তাদের চেনে না বিজিএমইএ। এদের খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মাসের শুরুতে কারখানায় ঝামেলা হলেও বেতন দিতে দেরি হবে না। 

    এর আগে বুধবার চাকরি এবং নিয়োগে নারী-পুরুষের সমান অধিকারসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এদিন দুপুরে শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুর, সাভার এবং আশুলিয়ায় শতাধিক পোশাক কারাখানায় ছুটি ঘোষণা করে মালিক পক্ষ।

  • বরিশালসহ ৭ মেট্রোপলিটনে নতুন পুলিশ কমিশনার

    বরিশালসহ ৭ মেট্রোপলিটনে নতুন পুলিশ কমিশনার

    বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ দেশের সাত মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    কে কোন মেট্রোপলিটনের কমিশনার হলেন— পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হাসিব আজিজকে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মো. রেজাউল করিমকে সিলেট মহানগর পুলিশ (এসএমপি),সিআইডির অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত খোন্দকার রফিকুল ইসলামকে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি ও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আবু সুফিয়ানকে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মো. জুলফিকার আলী হায়দারকে খুলনা মহানগর পুলিশ (কেএমপি), পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) অতিরিক্ত ডিআইজি ও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মো. মজিদ আলীকে রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) এবং ডিএমপি উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আমিনুল ইসলামকে বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

  • নববধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি পলাতক

    নববধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি পলাতক

    ঝালকাঠির রাজাপুরের কানুনিয়া গ্রামে যৌতুক দিতে না পারায় এইচএসসি পরীক্ষার্থী নববধূ নাজমা আক্তারকে (১৯) কে বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জাহিদ হোসেন ও তার মা পলাতক রয়েছে।

    সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাজমার মা ফরিদা বেগম ও বোন ময়না বেগম অভিযোগ করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে ওই পরীক্ষার্থীকে বিষ খাওয়ানো হয় এবং বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে মারা যায় বলে ওই পরীক্ষার্থীর পরিবারের অভিযোগ। নিহত নাজমা পিরোজপুরের কাউখালির গুয়াটন কলেজ এলাকার বৌলাকান্দা এলাকার আবুল বাসারের মেয়ে ও ঝালকাঠি সদর উপজেলার গুয়াটন কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

    অভিযুক্ত স্বামী মুদি দোকানী জাহিদ হোসেন উপজেলার কানুনিয়া গ্রামের আবু বকররের ছেলে। নাজমার মা ফরিদা বেগম ও বোন ময়না বেগম অভিযোগ করে জানান, চলছি বছরের ৮ মার্চ পারিবারিক ভাবে বিয়ে হওয়ার পর থেকে বেশি পরিমানে দামী যৌতুক দিতে না পারায় যৌতুকের দাবিতে বিভিন্ন সময় মারধর ও শারিরীক মানসিক নির্যাতন করতো। বৃহস্পতিবার বিকেলে নাজমার স্বামীনও তার শাশুড়ী মিলে মারধরের এক পর্যায়ে তাকে বিষ খাওয়ায় বিষয় নাজমা তার বোন ময়নাকে জানালে তারা গিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়।

    এমনকি নাজমাকে তার বাবার বাড়িতে দাফন করা হলেও জামাতা বা শ্বশুরবাড়ির কেহ যায়নি। জামাতা জাহিদ মোবাইল জুয়ায় আসক্ত ও নেশাগ্রস্থ বলেও অভিযোগ করে এঘটনার বিচার দাবি করেন নাজমার পরিবার। এ বিষয়ে রাজাপুর থানায় সোমবার সন্ধ্যায় অভিযোগ দিলে পুলিশ সোমবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে যায়। রাজাপুর থানার উপ পরিদর্শক (এসআই) বিপুল জানান, অভিযুক্ত ছেলের বাড়িতে গিয়ে ঘরে তালাবদ্ধ দেখা গেছে এবং ছেলে ও ছেলের মা পলাতক রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • দুই ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো বরিশাল শেবাচিমের বহির্বিভাগের সেবা

    দুই ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো বরিশাল শেবাচিমের বহির্বিভাগের সেবা

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিহির্বিভাগের টিকিট কাউন্টার খোলা থাকার কথা থাকলেও তা সকাল ১০টায় চালু হয়। ফলে সেবা দিতে দেরি হয়।

    এতে সকাল থেকে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হয় রোগী ও তাদের স্বজনদের। তবে দেরিতে হলেও চিবিৎসা সেবা চালু হওয়ায় খুশি রোগী ও তাদের স্বজনরা।

    আরিফ নামে এক রোগীর স্বজন বলেন, ‘ভোলা থেকে সকাল সকাল এসেছি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য। তবে সাড়ে ৮টায় এসে দেখি টিকিট কাউন্টার বন্ধ। পরে ১০টায় খুলছে। অনেক ভিড় হলেও টিকিট পেয়েছি। এখন ডাক্তার দেখাব।’

    নাবিলা হোসেন নামে আরেক রোগীর স্বজন জানান, ২ ঘণ্টা পর টিকিট কাউন্টার খোলায় ডাক্তার দেখানে পারেনি রোগীরা। তবে ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। এখন টিকিট নিয়ে ডাক্তার দেখাচ্ছেন রোগীরা।

    হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, চিকিৎকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে হাসপাতালে সোমবার বহির্বিভাগ বন্ধ থাকে। তবে মঙ্গলবার সল্প পরিসরে সেবা চালু করা হয়েছে। পাশাপাশি যারা বহির্বিভাগে সেবা নিতে আসছেন তাদের সেবা নিশ্চিত করা হচ্ছে। তবে হাসপাতালের জরুরি সব সেবা চালু রয়েছে। আশা করছি দ্রুত সব সমস্যার সমাধান হবে। পাশাপাশি রোগীরা কাঙ্খিত সেবা পাবে চিকিৎসকদের থেকে।

  • শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

    শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

    পাকিস্তান ক্রিকেট দলকে ধবলধোলাই করে তাদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে এসব তথ্য।

    ড. ইউনূস শান্তকে বলেন, সরকার ও আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ দল দেশে ফেরার পর সংবর্ধনার কথাও বলেন তিনি।

    পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই দাপুটে ও গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ এবং সিরিজ জয়ের স্বাদ পেলো টিম-টাইগার্স।

  • বুধবার রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

    বুধবার রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

    অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য বুধবার রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের সভা ছিল আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা। এ সভায় দেশের আইনশৃঙ্খলা নিয়ে কথা হয়েছে। কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা যায়, সেসব নিয়ে কথা হয়েছে। এ নিয়ে আমরা কিছু কিছু পদক্ষেপও নেব।

    জাহাঙ্গীর আলম বলেন, আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন। আগামীকাল (বুধবার) রাত ১২টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য, আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি। আমি এ নিয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি।

    উপদেষ্টা বলেন, মাদক আমাদের বড় সমস্যা। মাদক আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ আমাদের জন্য খুবই জরুরি। এ নিয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছি। মাদকের গডফাদারদের আমরা আইনের আওতায় আনার জন্যও কাজ করছি।

    তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। পূজা যেন ঠিকভাবে হতে পারে, সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা আশা করছি, পূজাটা খুব ভালোভাবে শেষ হবে। কোথাও কোনো সমস্যা হবে না। মিয়ানমার সীমান্ত নিয়ে যে সমস্যা, তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা কী কী পদক্ষেপ নিচ্ছি, তা অনগ্রাউন্ড দেখতে পাবেন।