Category: প্রচ্ছদ

  • বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

    পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা,শেখ হেলাল উদ্দিন-এমপি,শেখ জুয়েল এমপি, বঙ্গবন্ধু’র ভাগ্নে বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি’র নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ও তার সহধর্মিণী লুনা আব্দুল্লাহসহ পরিবারের সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এর আগে প্রধানমন্ত্রী সড়ক পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষ করে টুঙ্গিপাড়া পৌঁছান। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশ উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনে করে ভাঙ্গায় যান।
    ঢাকা-ভাঙ্গা অংশের রেল চলাচল উদ্বোধন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।

    টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্য মঙ্গলবার টুঙ্গিপাড়ায় রাত্রিযাপন করবেন।

    বুধবার সকালে তারা সড়ক পথে ঢাকায় ফিরবেন।
    এদিকে প্রধানমন্ত্রীর আগমন ও রাত্রিযাপন উপলক্ষে টুঙ্গিপাড়াসহ পুরো জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত নির্মাণ করা হয়েছে বেশ কিছু তোরণ।

  • আগামীকাল থেকে ২২ দিন বন্ধ থাকবে ইলিশ ধরা

    আগামীকাল থেকে ২২ দিন বন্ধ থাকবে ইলিশ ধরা

    মা ইলিশ রক্ষায় আবারও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আগামীকাল বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে ২২ দিনের জন্য নদী ও সাগরে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার কারণে সাগর ও নদী থেকে ট্রলার নিয়ে উপকূলে ফিরতে শুরু করেছেন জেলেরা। ইতিমধ্যে শত শত ট্রলার ভিড়ছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটার বিএফডিসি ঘাটে।

    আশ্বিনের পূর্ণিমা ইলিশ প্রজননের প্রধান মৌসুম। এ সময় সমুদ্র থেকে ডিম ছাড়ার জন্য মিঠা পানির নদ-নদীতে চলে আসে মা ইলিশ। আর এই ডিম ছাড়া নির্বিঘ্ন করতে ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

    জেলেরা জানান, আষাঢ় থেকে আশ্বিন চার মাস ইলিশ শিকারের প্রধান মৌসুম। কিন্তু এর মধ্যে ৬৫ দিন নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষ হতেই বৈরী আবহাওয়ার কারণে ইলিশ শিকার করতে না পারা ও নদ-নদীতে পর্যাপ্ত ইলিশ না থাকায় লোকসানের মুখে পড়েছেন জেলে ও ট্রলার মালিকেরা।

    জেলেরা আরও জানান, নিষেধাজ্ঞার সময় বরগুনা উপকূলের প্রায় দেড় লাখ জেলে বেকার হয়ে পড়বেন। তাই পরিবার চালাতে সরকারের কাছে খাদ্য ও নগদ অর্থ সহায়তার দাবি জানিয়েছেন তাঁরা।

    গত ২০ সেপ্টেম্বর ইলিশ সম্পদ উন্নয়ন-সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় ২২ দিনের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, বেচা-কেনা, মজুত ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে এবং একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে।

    নিষিদ্ধ থাকাকালে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেবে বলেও ইলিশ সম্পদ উন্নয়ন-সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। ইলিশ সম্পদ সংরক্ষণে আইন অমান্যকারী কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

    বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম জানান, সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম-বরিশাল বিভাগের ইলিশের বিভিন্ন অভয়াশ্রমে গবেষণা করা হয়েছে। তথ্য উপাত্ত সংগ্রহ করে এ গবেষণায় নদী ও সমুদ্রে বিচরণরত ইলিশের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশ ইলিশ ডিম ছাড়ার উপযুক্ত হয়েছে বলে তথ্যে উঠে এসেছে।

    চলতি বছরে বড় আকৃতির মা ইলিশের সংখ্যাই বেশি। তাই প্রজনন মৌসুম নির্বিঘ্ন করা গেলে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের গবেষক বিপ্লব কুমার সরকার। ইলিশের উৎপাদন বাড়াতে প্রতিটি ইলিশকে তার জীবনচক্রে একবার ডিম ছাড়ার সুযোগ করে দেওয়ার তাগিদ এ গবেষকদের।

    জেলেরা জানান, বেশ কয়েক বছর ধরে নদ-নদীতে তেমন মাছের দেখা মিলছে না। গবেষকেরা যতই গবেষণা করুক যদি নদ নদী থেকে ট্রলিং বোট, অবৈধ নিষিদ্ধ জাল, ঘোফ, বেহুন্দি, চরগড়া বন্ধসহ নেট জাল সাগরে ফেলা শতভাগ নিষিদ্ধ না করে তাহলে ইলিশসহ যাবতীয় মাছের বংশ ধ্বংস হয়ে যাবে। এতে আর্থিক সংকটে পড়বে দেশ।

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘মা ইলিশ রক্ষায় উপকূলের জেলেরা শতভাগ নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য প্রস্তুত। তবে এই সময়ে যেন ভারতের ট্রলার বাংলাদেশের জল সীমায় প্রবেশ করে মাছ শিকার না করে সেদিকে খেয়াল রাখতে সরকারের কাছে দাবি জানাই।

    জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দে বলেন, ‘সাগর ও নদীতে এ ২২ দিন কোনো জেলেকে মাছ শিকার করতে দেওয়া হবে না। ইলিশের প্রধান প্রজনন মৌসুম সফল করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

    সম্প্রতি ভারত কারাগার থেকে মুক্তি পাওয়া পাথরঘাটার জেলেদের সহায়তা প্রদান কালে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও টাস্কফোর্স গঠন করা হয়েছে। এরা নির্দেশনা অনুযায়ী সমন্বিত অভিযান পরিচালনা করবে। এ ছাড়া নিষেধাজ্ঞার সুফল সম্পর্কে জেলেদের সঙ্গে মতবিনিময় করা হবে।

  • অবশেষে দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    অবশেষে দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ভাঙ্গা, ফরিদপুর থেকে: আরেকটি স্বপ্ন পূরণ হলো দেশের দক্ষিণের মানুষের। দীর্ঘ অপেক্ষা শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে পদ্মা সেতুতে।

    মঙ্গলবার (অক্টোবর ১০) সকালে মাওয়া রেল স্টেশন থেকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    স্বপ্নের পদ্মা সেতুতে বাস চলাচল উদ্বোধনের এক বছরের বেশি সময় পর রেল চলাচল শুরু।

    মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ৫২ মিনিটে ট্রেনের টিকিট কাটেন প্রধানমন্ত্রী। এর আগে ১২টা ৫৪ মিনিটে সবুজ পতাকা নেড়ে এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন তিনি। এরপর তিনি ট্রেনে ওঠেন। দুপুর ১২টা ৫৯ মিনিটে ট্রেনটি মাওয়া স্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

    দুপুর ২টার দিকে ভাঙ্গা স্টেশনে পৌঁছে দক্ষিণের মানুষের স্বপ্নের ট্রেন।

    রিকশা চালক, দিনমজুর থেকে শুরু করে রাজনৈতিক নেতা-মন্ত্রীসহ প্রায় সব শ্রেণি-পেশার মানুষ ট্রেনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন।

    প্রধানমন্ত্রীর ৫০ জন সফর সঙ্গীর মধ্যে রয়েছেন- বীরমুক্তিযোদ্ধা ৪ জন, প্রাথমিক ছাত্রছাত্রী ৪ জন, প্রাথমিক শিক্ষক ১ জন, মাদ্রাসা ছাত্রছাত্রী ৩ জন, ইমাম ১ জন, মাদ্রাসা শিক্ষক ১ জন, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ২ জন, হিন্দু ধর্মাবলম্বী ১ জন, বৌদ্ধ ধর্মাবলম্বী ১ জন, খ্রিস্টান ধর্মাবলম্বী ১ জন, রিকশাচালক ১ জন, কৃষক ১ জন, নারী কৃষক ১ জন, গার্মেন্টসকর্মী ১ জন, ফেরিচালক ১ জন, মাঝি ১ জন, মেট্রোরেল কন্ট্রোলার ১, জন, টিটিই ১ জন, ট্রেন চালক ১ জন, স্টেশন মাস্টার ১ জন, ওয়েম্যান ১ জন, বাসচালক ১ জন, হকার ১ জন, সবজি বিক্রেতা ১ জন, পাটকল শ্রমিক ১, নার্স ১ জন, দিনমজুর ১ জন, জেলা আনসার ও ভিডিপি ১ জন, ভিডিপি ১ জন, পুলিশ ১ জন, ফায়ার সার্ভিস ১ জন, স্কাউট ১ জন, বিএনসিসি ১ জন, র‌্যাব ১ জন, রেল পুলিশ ১ জন, সেনা বাহিনীর ১ জন, নৌ বাহিনীর ১ জন, বিমান বাহিনীর ১ জন, বিজিবি ১ জন, কোস্টগার্ড ১ জন এবং আরএনবির ১ জন সদস্য।

    এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া স্টেশনের পাশে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    বিকেলে ভাঙ্গার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশগ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    জনসভায় যোগদান শেষে প্রধানমন্ত্রী ফরিদপুর হতে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় যাবেন।

    সেখানে বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ নেবেন শেখ হাসিনা।

    টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন তিনি।

    বুধবার (১১ অক্টোবর) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া হতে সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

  • বরিশালে নতুন করে ৩৩১ জনের ডেঙ্গু শনাক্ত

    বরিশালে নতুন করে ৩৩১ জনের ডেঙ্গু শনাক্ত

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৩৪৮ জনে।

    সোমবার (৯ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ৩৪৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ১৫৮ জন। সোমবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৭৩ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৯৫, পটুয়াখালীতে ৭৮ জন, পিরোজপুরে ৬১ জন, ভোলায় ২৬ জন, বরগুনায় ৫৯ জন ও ঝালকাঠিতে ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

    এছাড়া বিভাগে এখন পর্যন্ত ১১৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮৬ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে এগারো জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ছয়জন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

  • বৃদ্ধাশ্রমের সেবাগ্রহীতাদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে তাদের পাশে লুনা আব্দুল্লাহ

    বৃদ্ধাশ্রমের সেবাগ্রহীতাদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে তাদের পাশে লুনা আব্দুল্লাহ

    বরিশাল নগরীর ২নং ওয়ার্ডস্থ কাউনিয়ায় বৃদ্ধাশ্রম পূর্ণবাসন কল্যাণ সংস্থা পরিদর্শন করেন এবং তাদের সার্বিক খোজ খবর নেন।

    বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় প্রতিষ্ঠিত
    বৃদ্ধাশ্রম পূর্ণবাসন কল্যাণ সংস্থা পরিদর্শনকালে সেবা গ্রহীতাদের নিজ হাতে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন নবনির্বাচিত বিসিসি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর সহধর্মিনী দক্ষ সংগঠক নগর মাতা লুনা আব্দুল্লাহ।

    আজ মঙ্গলবার ৩ অক্টোবর সকালে বরিশাল নগরীর ২নং ওয়ার্ড কাউনিয়া হাউজিং এলাকায় অবস্থিত বৃদ্ধাশ্রম পূর্ণবাসন কেন্দ্রে বেশ কিছু সময় পার করেন তিনি।

    একই সাথে তাদের প্রয়োজনীয় নিত্যপর্ন্য সামগ্রী সকলের মাঝে তুলে দেন এই নগর মাতা।

    এসময় বৃদ্ধাশ্রমের থাকা সেবাগ্রহীতাদের স্বাস্থ্য সেবা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনি চিকিৎসকদের দিয়ে প্রাথমিক ভাবে
    তাদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হয়, একই সাথে জরুরি ঔষধ ও খাদ্য সহযোগিতা পাঠানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

  • বরিশালে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

    বরিশালে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশের দক্ষিণাঞ্চলীয় এই বিভাগে এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে ৯১ জনের মৃত্যু হলো। এদিকে, নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন।

    রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এতথ্য নিশ্চিত করেছেন।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বাসিন্দা তানভীর (১৬), বরগুনা জেলার বেতাগী উপজেলার বাসিন্দা জলিল (৫৬) , বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা রিনা বেগম (৪৫), পিরোজপুর সদর উপজেলার বাসিন্দা লাইজু (৪০) ও ঝালকাঠি জেলার কেষ্টকাঠি এলাকার বাসিন্দা মনোয়ারা (৬৫) ডেঙ্গুতে মারা গেছেন। এদের মধ্যে ৩ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন ঝালকাঠি ও পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২২ হাজার ৩৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৯২ জন। বিভাগে এখন পর্যন্ত ৯১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬৩ জন, ভোলা সদর হাসপাতালে ৮ জন, বরগুনা সদর হাসপাতালে ৫ জন, পিরোজপুর সদর হাসপাতালে ৯ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ৫ জন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য প‌রিচালকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৩৪ জন, পটুয়াখালীতে ১০৭ জন, পিরোজপুরে ৯৩ জন, ভোলায় ৫৩ জন, বরগুনায় ৬৭ জন ও ঝালকাঠিতে ২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আজ রোববার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৩০১ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

  • প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন: প্রতিমন্ত্রী ফারুক

    প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন: প্রতিমন্ত্রী ফারুক

    পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আওয়ামী লীগ সরকার গঠন করলে অর্থাৎ ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়। যা দেশের সব মানুষের কাছে দৃশ্যমান।

    জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ও মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে উন্নয়নের মাধ্যমে আজ দেশ বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছে।

    বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ১ নম্বর রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দশটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে রায়পাশা-কড়াপুর ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারি ভাতাভোগীদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

    প্রতিমন্ত্রী বলেন, টানা ১৪ বছরের উন্নয়নের গোটা দেশের সাথে অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান পাল্টে গেছে। পদ্মা সেতু, পায়রা সেতু, পায়রা বন্দর, তাপ বিদ্যুৎকেন্দ্রসহ নানা স্থাপনা নির্মাণসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন দৃশ্যমান উন্নয়ন মূলক কাজের মাধ্যমে।

    বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তার সুদৃঢ় নেতৃত্বে উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশের অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা আপনাদের নিজেদের স্বার্থে নৌকা প্রতীকের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশাবাদী।

    বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট আফজালুল করীম, রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক সরদার প্রমুখ।

  • বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি ঘোষনা

    বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি ঘোষনা

    নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৮ ই সেপ্টেম্বর নানা কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। বৃহত্তর সংগঠন টি সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয় এক বিবৃতিতে কর্মসূচির কথা নিশ্চিত করেন।

    কর্মসূচিগুলো হলো সকাল ৭ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও দলীয় সংগীত পরিবেশন। সকাল ৮ টায় ধানমন্ডি ৩২ নং এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল দশটায় বঙ্গবন্ধু ২৩ এভিনিউ থেকে প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালী। সকাল ১০ঃ৩০ এ জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা।

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি, সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

  • এডিসি হারুন সাময়িক বরখাস্ত

    এডিসি হারুন সাময়িক বরখাস্ত

    শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় ডিএমপির রমনা বিভাগ থেকে প্রত্যাহার হওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    সোমবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন।

    হারুন অর রশিদকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক ১১/৯/২০২৩ তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

    সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

    এদিকে সোমবার ডিএমপি কার্যালয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বৈঠক শেষে তিনি সংবাদিকদের বলেন, দুই নেতাকে মারধরের ঘটনায় হারুন অর রশিদসহ অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করবে না ছাত্রলীগ। এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভাগীয় তদন্তের প্রতি আস্থা রাখতে চায় সংগঠনটি।

    গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন। তারা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।

    ওই ঘটনায় রোববার (১০ সেপ্টেম্বর) তাকে প্রথমে প্রত্যাহার করা হয়। পরে এপিবিএন-এ বদলি করা হয়।

  • কুয়াকাটায় ভ্যানে চড়ে সৈকতের কাজ পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

    কুয়াকাটায় ভ্যানে চড়ে সৈকতের কাজ পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

    ভ্যানে চড়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ঘুরে দেখেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ সময় সৈকতে চলমান পানি উন্নয়ন বোর্ডের কাজ পরিদর্শন করেন তিনি।

    রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভ্যানে চড়ে জিরো পয়েন্ট এলাকায় পরিদর্শন করতে করতে আসেন তিনি।

    পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় পৃথিবীর অনেক উন্নয়নমূলক কাজ থমকে আছে। বাংলাদেশেও এর বিচ্যুতি ঘটেনি। এরপরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। কুয়াকাটা সৈকতের ভাঙন রক্ষায় ৯৭৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একনেকে পাস হলে আগামী বছর আমরা স্থায়ী কাজ শুরু করবো।

    চলমান জিও টিউবের কারণে সৈকতে সৌন্দর্য এবরোথেবরো হচ্ছে স্বীকার করে তিনি বলেন, বড় প্রকল্প আসার আগ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে। কুয়াকাটাকে রক্ষার জন্য চেষ্টা করছে সরকার।

    এর আগে প্রতিমন্ত্রী বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সভা উদ্বোধন করেন। কুয়াকাটায় একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ সহ বরিশাল সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।