Category: রাজণীতি

  • মিন্নির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

    মিন্নির জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

    বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি ও নিহতর স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

    রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন এ আবেদন দাখিল করেন।

    সোমবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার আদালতে মিন্নির জামিন স্থগিতের আবেদনের ওপর শুনানি হতে পারে।

    এর আগে গত ২৯ আগস্ট আয়েশা সিদ্দিকা মিন্নিকে স্থায়ী জামিন দেন হাইকোর্ট। তবে জামিনে থাকাকালে গণমাধ্যমের সাথে কোনো কথা বলা যাবে না বলে শর্ত দেন আদালত।

    এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

    আদালত বলেছেন, জামিনে থাকা অবস্থায় মিন্নি তার বাবা মোজাম্মেল হোসেন কিশোরের জিম্মায় থাকবেন।

    গত ২৮ আগস্ট আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন প্রশ্নে জারিকৃত রুলের ওপর হাইকোর্টে চূড়ান্ত শুনানি শেষ হয়।

    গত ২৬ জুন সকাল সাড়ে ১০ টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। রিফাতকে ওই দিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    ১৬ জুলাই সকালে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯ টায় তাকে গ্রেফতার দেখানো হয়।

  • বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আসছে ৪ স্মারক মুদ্রা

    বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আসছে ৪ স্মারক মুদ্রা

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে চারটি বিশেষ স্মারক মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    স্মারক মুদ্রাগুলো হচ্ছে- স্মারক স্বর্ণমুদ্রা, স্মারক রৌপ্য মুদ্রা, ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট এবং ২০০ টাকা মূল্যমানের স্মারক নোট। শিগগিরই এসব স্মারক মুদ্রা প্রকাশের কাজ শুরু করবে বাংলাদেশ ব্যাংক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন চলাকালে এসব মুদ্রা বাজারে ছাড়া হবে। বাংলাদেশ ব্যাংকে কারেন্সি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তি, প্রতিষ্ঠান ও ঘটনাকে স্মরণীয় করে রাখতে স্মারক মুদ্রা, নোট ও ফোল্ডার মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংক। এ পর্যন্ত সব মিলিয়ে স্মারক মুদ্রা রয়েছে ১৭টি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর চারটি স্মারক মুদ্রা এলে সব মিলিয়ে এ সংখ্যা দাঁড়াবে ২১।

    নতুন চারটি স্মারক মুদ্রা বিক্রয়মূল্য ২৫ থেকে ৫০ হাজার টাকা হবে। বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসসহ নির্দিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে সাধারণের কাছে স্মারক মুদ্রা নগদ মূল্যে বিক্রি করা হবে। এসব স্মারক মুদ্রা বা নোট বিনিময়যোগ্য নয়।

    এর আগে বাংলাদেশ ব্যাংক ১৯৯১ সালে বিজয় দিবসের ২০তম বার্ষিকী উপলক্ষে একটি, ১৯৯২ সালে অলিম্পিক গেমস উপলক্ষে একটি, ১৯৯৬ সালে স্বাধীনতা দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি, একই বছর বাংলাদেশ ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি, ১৯৯৮ সালে যমুনা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে একটি, ২০০০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি, ২০১১ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে একটি, একই বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি, ২০১১ সালে বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্তি উপলক্ষে একটি এবং বিজয় দিবসের ৪০তম বার্ষিকী উপলক্ষে একটি এবং ২০১৩ সালে জাতীয় জাদুঘরের ১০০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক মুদ্রা প্রকাশ করা হয়।

  • ডিজিটাল নিরাপত্তা আইনে পঙ্কজ দেবনাথের মামলা

    ডিজিটাল নিরাপত্তা আইনে পঙ্কজ দেবনাথের মামলা

    সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর স্ট্যাটাস ও ছবি পোস্ট করার অভিযোগে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের সাংসদ পঙ্কজ দেবনাথ পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

     

    আজ রোববার দুপুরে ঢাকায় বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে এই মামলা করা হয়। বিচারক বাদীর জবানবন্দি শুনে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

     

    আদালতের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম শামীম এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার আসামিরা হলেন লাল ভাই, মিনা ফারাহ, আলম শুভ, শিপন মাহমুদ পরদেশী ও রাজন রহমান রুমি। মামলার আরজি থেকে জানা যায়, আসামিরা পঙ্কজ দেবনাথের নাম গোপন করে এবং কখনো কখনো নাম প্রকাশ করে বিভিন্ন ফেসবুক আইডি থেকে তাঁর ছবি না হওয়া সত্ত্বেও মিথ্যা বর্ণনায় গত ২৬ আগস্ট প্রচার করে।

     

    তা এখনো প্রচারিত হচ্ছে এবং ইউটিউব, ফেসবুক ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে প্রচার করায় পঙ্কজ দেবনাথের মানহানি হয়। এ বিষয়ে পঙ্কজ দেবনাথ অবগত হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ রিয়াজুল ইসলামের মাধ্যমে ধানমণ্ডি থানায় গত ২৭ আগস্ট একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তা সত্ত্বেও আসামিরা বাদীর নামে আপত্তিকর স্ট্যাটাস এবং ছবি পোস্ট করেন। পঙ্কজ দেবনাথ বরিশাল-৪ আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

     

    আদালতে শুনানির সময় পঙ্কজ দেবনাথ বলেন, গত ২৬ আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন ফেক আইডি থেকে অন্য ছবি দিয়ে ফেক আইডি খোলা হয়। স্যোশাল মিডিয়াতে খুব বাজেভাবে তা উপস্থাপন করা হচ্ছে। এতে আমি হেয় হচ্ছি। আমি ও আমার দলের ইমেজ নষ্ট হচ্ছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। আইনের মাধ্যমে অপরাধীদের যেন ধরা যায় এজন্য মামলাটি দায়ের করেছি।

  • ৩০ ভাগ কাজ করবেন আর ৭০ ভাগ খাবেন, তা হবে না : গণপূর্তমন্ত্রী

    ৩০ ভাগ কাজ করবেন আর ৭০ ভাগ খাবেন, তা হবে না : গণপূর্তমন্ত্রী

    গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ঠিকাদারদের হুঁশিয়ার করে বলেছেন, ৩০ ভাগ কাজ করবেন আর ৭০ ভাগ খাবেন, তা হবে না।

    মন্ত্রী বলেন, ‘আপনারা যারা ব্যবসা করবেন, করেন। তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু ব্যবসার পরিমাণটা কোনোভাবেই যেন রিজনেবল অঙ্কের বাহিরে চলে না যায়। ২০ ভাগ লাভ করেন, সর্বোচ্চ ৩০ ভাগ করেন। কিন্তু ৩০ ভাগ কাজ করবেন আর ৭০ভাগ খাবেন, আমি যতদিন এমপি আছি ততদিন এটা হবে না।’

    তিনি বলেন, ‘ইতোমধ্যে চলমান বিভিন্ন উন্নয়ন কাজের গুণগতমান নিয়ে আমার কাছে অনেক অভিযোগ আছে। কোনোভাবেই কাজের গুণগতমান নিশ্চিত না করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দেয়া যাবে না।’

    উন্নত বাংলাদেশ গড়ায় শেখ হাসিনার কোনো বিকল্প নাই– এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব নাই যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, আধুনিক এই রকম একটি জায়গায় নিয়ে এসেছে এবং আরও দূরে নিয়ে যাবে।

    সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, আজকে পদ্মাসেতুর নির্মাণ কাজ প্রায় শেষ। বেকুটিয়া ব্রিজের ৩৫ ভাগ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কলাখালী থেকে ব্রিজ হবে। ইন্দুরহাট, স্বরূপকাঠী, কলারদোয়ানিয়ায় ব্রিজ হবে। পিরোজপুর-১ আসন হবে বাংলাদেশের উন্নত ও সমৃদ্ধ জনপদের একটি দৃষ্টান্ত। কোনো জায়গায় ভাঙা রাস্তা, ভাঙা স্কুল, ভাঙা কলেজ থাকবে না। বিপন্ন মসজিদ থাকবে না, বিপন্ন মন্দির থাকবে না।’

    রোববার পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ডে জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের (বরিশাল জোন) আওতায় নাজিরপুর-শ্রীরামকাঠী সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

    সড়ক ও জনপদ বিভাগের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, কৃষক লীগের কেন্দ্রীয় আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস প্রমুখ।

    পরে মন্ত্রী নাজিরপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুননেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ যুব ও মহিলা ফুটবলারদের খেলা উদ্বোধন করেন।

  • মেয়র কতৃক সহসী পুলিশ সদস্যদের সম্মাননা স্বারক প্রদান করা হচ্ছে না আজ

    মেয়র কতৃক সহসী পুলিশ সদস্যদের সম্মাননা স্বারক প্রদান করা হচ্ছে না আজ

    বরিশাল মেট্টোপলিটন পুলিশের সফল অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক করাবারী আটক হওয়ায় বিএমপির কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানসহ অভিযানে অংশ নেয়া সকল পুলিশ সদস্যকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    এক অভিনন্দন বার্তায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামসহ অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যদেরকে আগামী রোববার ১ সেপ্টেম্বর বেলা তিনটায় শুভেচ্ছা স্মারক প্রদান করার  ঘোষনা দেওয়ার কথা থাকলেও অনিবার্য কারনে আগামীকাল এই সম্মাননা স্বারক প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন বিসিসির জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হোসেন বাবলু।

    এ অনুষ্ঠান এ্যানেক্স ভবনে মেয়রের দপ্তরে অনুষ্ঠিত হবে।

    মেয়র সাদিক আবদুল্লাহ মাদকের বিরুদ্ধে পুলিশকে জিরো টলারেন্স দেখিয়ে এর সাথে জড়িত কাউকে ছাড় না দেয়া আহবান জানিয়ে চলমান মাদক বিরোধী অভিযান আরো জোরদার করার আহবান জানান।

  • বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার (০১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক দল ও মতের অনুসারীদের এক মঞ্চে নিয়ে দলটি প্রতিষ্ঠা করেন।

    জিয়াউর রহমানের মৃত্যুর পর তার সহধর্মিণী খালেদা জিয়া ৩৭ বছর ধরে বিএনপির হাল ধরে আছেন। স্বামীর মৃত্যুর পর নিছক একজন গৃহবধূ থেকে রাজনীতিক হয়ে ওঠা সেই নেত্রী এখন কারাগারে। তাকে ছাড়াই ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বিএনপি।

    অন্যদিকে চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া তারেক রহমানও দীর্ঘদিন লন্ডনে প্রবাসী। এমন পরিস্থিতিকে বিশ্লেষকদের কেউ কেউ ‘নাজুক’ হিসেবে উল্লেখ করলেও দলটির সবচেয়ে বড় সফলতা হলো—দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী এখনো বিএনপিই।

    রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ মনে করেন, অনেক প্রতিকূল অবস্থা সত্ত্বেও বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। দলটি এ দেশে এখনো ক্ষমতার রাজনীতিতে মূল প্রতিদ্বন্দ্বী। বিএনপির জন্য এটি অনেক বড় সফলতা। তবে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা বিএনপির সামনে এই মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতে, বিএনপিকে ধ্বংস করার জন্য বহু বছর ধরে যারা চেষ্টা করে আসছে; দলটির ৪১ বছর পূর্তি তাদের জন্য নতুন একটি বার্তা। এই দলের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করা হয়েছে। তবে দল ফিনিক্স পাখির মতো আবার উঠে দাঁড়িয়েছে।

    তিনি বলেন, জিয়াউর রহমানের আদর্শে অবিচল না থাকলে অন্য অনেক দলের মতো বিএনপিও হারিয়ে যেত। কিন্তু এক যুগ ধরে চরম অন্যায়-অত্যাচার ও নিপীড়নের পরও বিএনপি টিকে আছে; এটাই বাস্তবতা।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ থেকে ৪১ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্বনন্দিত নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষকে একদলীয় দু:শাসনের করাল গ্রাস থেকে রক্ষার জন্য বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশ, দেশের মানুষের উন্নয়ন এবং বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে নিরলস কাজ করে যাচ্ছে। বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহান দিনে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের দলকে আরও গতিশীল করার ক্ষেত্রে মনেপ্রাণে কাজ করার জন্য প্রস্তুত থাকার আহবান জানাচ্ছি।’

    তিনি বলেন, ‘বর্তমান দু:সময়ে জনগণকে সংগঠিত করার কোনও বিকল্প নেই। দেশ আজ দু:শাসন কবলিত। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্য সঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইন শৃঙ্খলা বাহিনীকে বেআইনী কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা। খুন-খারাবী, নারী-শিশু নির্যাতন, অপহরণ, গুপ্তহত্যা ইত্যাদি অনাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কারণ সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ সেখানে মানুষের জানমালের কোন নিরাপত্তা থাকতে পারে না। সুতরাং জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে হবে। তিনি প্রতিহিংসার শিকার। কারণ তিনিই গণতন্ত্রের প্রতীক এবং জনগণের নাগরিক ও বাক-ব্যক্তি স্বাধীনতার পক্ষে প্রধান কণ্ঠস্বর। পাশাপাশি দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সকলকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতি গুরুত্বারোপ করতে হবে। বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি দেশবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার জন্য উদ্বাত্ত আহ্বান জানাই।”

    কর্মসূচি: বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর রোববার কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়াও আলোচনা সভা করা হবে।

  • উন্নয়মূলক কাজের ৯০ শতাংশই নিজস্ব অর্থায়নে হয়, বললেন প্রধানমন্ত্রী

    উন্নয়মূলক কাজের ৯০ শতাংশই নিজস্ব অর্থায়নে হয়, বললেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যে সমস্ত উন্নয়নমূলক কাজ করি তার ৯০ শতাংশই নিজেদের অর্থায়নে করে থাকি। প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকায় জনগণ তার সুফল পাচ্ছে।

    রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৬-১৭ অর্থবছরের ২৮ ক্যাটাগরিতে ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ২১ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। তখন থেকেই দেশের অগ্রযাত্রা ও মানুষের আর্থিক ও ক্রয় ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার।

    তিনি বলেন, বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে স্বল্প-মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হচ্ছে। আগামী অর্থবছরে ৮.২ ভাগ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি ডাবল ডিজিটে নেয়ার লক্ষ্যে কাজ চলছে। আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধক সরকার।

    এ সময় শিল্পাঞ্চল গড়ে তুলতে বর্জ ব্যবস্থাপনার দিকে বিশেষভাবে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগন সরকারের উদ্যোগ

    যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগন সরকারের উদ্যোগ

    পলিটেকনিক প্রতিনিধি//রাতুল হোসেন রায়হান:

    শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বিএসসিতে ভর্তির ব্যবস্থা নিতে উপাচার্যদের চিঠি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    চিঠিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে সরকারি/প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন তিনি।

    বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়/প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ থাকলে অধিকসংখ্যক মেধাবী শিক্ষার্থী কারিগরি শিক্ষার প্রতি আকৃষ্ট হবে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে।

    শিক্ষামন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়াস, বাংলাদেশ (আইডিইবি)-এর সাধারণ সম্পাদক মো. সামসুর রহমান সংবাদমাধ্যমে বলেন, এটি প্রশংসনীয় উদ্যোগ। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি, তা হলে তাদের (ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী) কেন সরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় বাধা থাকবে।

    তিনি বলেন, সরকারের ২০১০ সালের শিক্ষানীতিতে উল্লেখ আছে, কারিগরি ডিপ্লোমা পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীকে যোগ্যতা যাচাই করে ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট স্নাতক পর্যায়ের উচ্চশিক্ষা কোর্সে ভর্তির সুযোগ দেওয়া হবে। কিন্তু মাত্র কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ সুযোগ আছে। এটি নিয়েও একটা টেকনিক্যাল ত্রুটি আছে। সেটি হচ্ছে, ডিপ্লোমাধারীরা ৪ বছরের কোর্স সম্পন্ন করেছে। এর পর আবার বিএসসি করতেও যদি ৪ বছর লাগে তা হলে তার দুই ডিগ্রি শেষ করতে ৮ বছর ব্যয় হচ্ছে। এ জন্য তাদের ক্রেডিট ছাড় দেওয়া দরকার।

    ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে খুব সীমিতসংখ্যক ডিপ্লোমাধারী বিএসসি সম্পন্ন করার সুযোগ পায়। অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন সুযোগ নেই। এর বাইরে কিছু প্রাইভেট ভার্সিটি রয়েছে, যেখানে ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি। এর সংখ্যাও খুব কম। আবার অনেক প্রাইভেট ভার্সিটি রয়েছে যেখানে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কম। ভার্সিটিগুলোয় এ ক্ষেত্রে ডিপ্লোমা শিক্ষার্থী নেবে, কিন্তু তা ৪ বছর মেয়াদি এবং এইচএসসি শিক্ষার্থীদের সঙ্গে একই ব্যাচে। আবার আইইবি অন্তর্ভুক্ত ভার্সিটিগুলোয় ডিপ্লোমা শিক্ষার্থী ভর্তি হতে পারবে; কিন্তু তারা এ ক্ষেত্রে কোনো ক্রেডিট ছাড় পাবে না এবং কোর্স সময়সীমা ৪ বছর।

    কয়েক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে অবশ্যই ডিগ্রি/অনার্সের (ইঞ্জিনিয়ারিং) মান দেওয়ার দাবি তাদের। তারা বলেন, এইচএসসি শিক্ষার্থী মাত্র ১০ থেকে ১৫টি বই পড়ে ২ বছরে। আর একজন পলিটেকনিক শিক্ষার্থী ৪ বছর ৬০ থেকে ৬৫টি বই পড়ে। এসএসসি পাস করার পর একজন শিক্ষার্থীর অনার্স পাস করতে সময় লাগে, এইচএসসি ২ বছর আর অনার্স ৪ বছর মিলে ৬ বছর। অনার্স পাস করার পর একজন শিক্ষার্থী ১ বছর মেয়াদি এমএ, এমকম, এমএসসি (মাস্টার্স) কোর্সে ভর্তি হতে পারে। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ডিগ্রির মান কি এখনো নিরূপণ করা হয়নি বলেই উচ্চশিক্ষায় তাদের নানাবিধ সমস্যার উদ্ভব হয়।

    সমগ্র বিশ্বেই ডিপ্লোমা শেষ করে পাবলিক/প্রাইভেট যে কোন বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা করে ভর্তি হওয়া যায় যা বাংলাদেশে সমন্বয়ের অভাবে হচ্ছে না। এর ফলে প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ডিপ্লোমা ডিগ্রীধারীরা যার আশু সমাধান দরকার।

  • কোনও দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করতে চাই না’

    কোনও দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করতে চাই না’

    ভারতের আসাম রাজ্যের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের বক্তব্য স্পষ্ট সেটা হলো কোনও দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা মন্তব্য করছি না এবং করতে চাই-ও না।

    রোববার (১ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৫৬ তম কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

    আসাদুজ্জামান খান কামাল বলেন, ভারত যদি আমাদের কিছু জিজ্ঞাসা করে তখন আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো।

    তিনি বলেন, সুস্পষ্টভাবে বলতে চাই- একাত্তরের পরে আমাদের বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি। যারা গিয়েছেন তারা আগেই গিয়েছেন। ওই দেশ থেকে যেমন এখানে এসেছে এখান থেকেও ওখানে গিয়েছে। কাজেই আমাদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই।

    অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, কারাগার ক্রি‌মিনাল জা‌স্টিস সি‌স্টে‌মের এক‌টি গুরুত্বপূণ অঙ্গ। কারা কর্মকর্তা-কর্মচারী‌দের শারী‌রিক উৎকর্ষ ও কর্ম দক্ষতা বৃ‌দ্ধি করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের আন্ত‌রিকতায় রাজশাহী‌তে কারা প্র‌শিক্ষণ কে‌ন্দ্রের কাজ চলমান র‌য়ে‌ছে। ঢাকার কেরানীগ‌ঞ্জে বঙ্গবন্ধু শেখ মু‌জিব কারা প্র‌শিক্ষণ একা‌ডে‌মি নির্মা‌ণের উ‌দ্যোগ গ্রহণ করা হ‌য়ে‌ছে।

    কারা কর্মকর্তা-কর্মচারী‌দের প্রতি তিনি ব‌লেন, আপনা‌দের ওপর অ‌র্পিত দা‌য়িত্ব যথাযথভা‌বে পালন ক‌রে সরকা‌রের সাফল্য‌কে আরও উজ্জ্বল করে তুলুন। কারাভ্যন্তর থেকে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীরা যা‌তে কোনও ধরনের সমাজ ও রাষ্ট্রবি‌রোধী অপতৎপরতা চালা‌তে না পা‌রে সে বিষ‌য়ে সর্তক থাক‌বেন।

  • শেবাচিমের ৫০০ শয্যার মডেলাইজড ভবন হস্তান্তর ডিসেম্বরে

    শেবাচিমের ৫০০ শয্যার মডেলাইজড ভবন হস্তান্তর ডিসেম্বরে

    আগামী এক মাসের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ১৫১ জন চুক্তিভিত্তিক জনবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

    শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

    ব্যবস্থাপনা কমিটির সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় হাসপাতানের উন্নয়নের জন্য আরো একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

    সভার সদস্য সচিব ও হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন বলেন, আগামী ১৫ থেকে ১ মাসের মধ্যে অর্থ মন্ত্রনালয়ের ছাড়পত্র পেলেই স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমোদিত ১৫১ পরিছন্ন কর্মি ও নিরাপত্তা প্রহরী পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ প্রদান করা হবে। সে ক্ষেত্রে জনবল সরবরাহকারী কোন ঠিকাদারী প্রতিষ্ঠানের সহযোগীতা না নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সরসারি (প্রার্থীর সাথে চুক্তি করে) এ নিয়োগ প্রদান করবে।

    সভায় পরিচালকের এই প্রস্তাব মতামতে প্রেক্ষিতে গৃহিত হয়। এছাড়া হাসপাতালের নিরপত্তার জন্য আপাতত ৪০ আনসার সদস্যকে রাখার সিদ্ধান্ত হয়। এ বিষেয় পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম এমপি অচিরেই জেলা আনসার কমান্ডারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

    সভায় আগামী ডিসেম্বরে মধ্যে হাসপাতালের পূর্ব প্রান্তে নিমাণাধীন ৫০০ শয্যার মডেলাইজড হাসপাতালটি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার নির্দেশ প্রদান করেছেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

    ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে হাসপাতালের পরিচালক, চিকিৎসক, নার্স ও স্টাফদের নিরলস দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করে সভায় সভাপতি বলেন, হাসপাতালটি আরো অধুনিকতার ছোয়া লাগাতে সবধরনের কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে এখানকার চিকিৎসকসহ স্টাফদের দায়িত্বহীনতার অভিযোগ আসলে তাতে কোন ছাড় দেয়া হবে না।

    এছাড়া সভায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য হাসপাতাল এলাকাতেই বর্জ্য ধ্বংস করণ মেশিন বসানের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া হাসপাতালে সামনের থাকা বেসরকারি এ্যাম্বুলেন্স’র লাইসেন্স যাচাই-বাাছাই করার নির্দেশ প্রদান করা হয় গত সভায় ৭ সদস্য নিয়ে গঠিত কমিটিকে।

    টানা আড়াই ঘন্টা অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামিম এমপি, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য ইসরাত জাহান রত্মা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকারিয়া, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বিএমপি পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান,

    অধ্যক্ষ ডাঃ সৈয়দ মাকসুমুল হক, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বিএমএ’র জেলা সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মনিরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. ওবায়দুল্লাহ সাজু সহ র‌্যাব, জেলা পুলিশ, গনপূর্ত, বরিশাল সিটি কর্পোরেশন’র প্রতিনিধি, হাসপাতালের বিভিন্ন বিভাগীয় প্রদান ও অধ্যাপক, সেবা তত্বাবায়ক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।