Category: রাজণীতি

  • আ.লীগ-চিকিৎসকদের সমন্বয়ে হচ্ছে ডেঙ্গু মনিটরিং সেল

    আ.লীগ-চিকিৎসকদের সমন্বয়ে হচ্ছে ডেঙ্গু মনিটরিং সেল

    রাজধানী ঢাকাসহ জেলা-উপজেলা পর্যায়ে ডেঙ্গু-আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে আওয়ামী লীগ নেতা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে।

    আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় বিশেষজ্ঞ চিকিৎসক নেতাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

    সভায় ডেঙ্গু সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সারাদেশে ডেঙ্গু-আক্রান্ত রোগীদের সর্বাত্মক সহযোগিতা ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত গ্রহণ করা হয়। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে আওয়ামী লীগ নেতা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এ মনিটরিং সেল গঠন হবে।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, একেএম এনামুল হক শামীম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও আনোয়ার হোসেন।

    চিকিৎসক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক কামরুল হাসান খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান, বিএমএর সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, স্বাচিপের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রফেসর উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়া, ডা. বদীউজ্জামান ভূঁইয়া ডাবলু প্রমুখ।

  • ঈদে নৌ-মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল

    ঈদে নৌ-মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল

    নৌ মন্ত্রণালয়ের অধীনস্ত বিআইডাব্লিউটিএ, বিআইডাব্লিউটিসি, ডিজি শিপিংসহ সব সংস্থার যারা ঈদ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট এমন সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ।

    এছাড়াও নৌ পরিবহন মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তা ঈদে ঘরমুখী মানুষের যাতায়াতে পরিবহন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট তাদেরও ছুটি বাতিল করা হয়েছে বলে নৌ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

  • পবিপ্রবির ৭ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

    পবিপ্রবির ৭ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

    নিউজ ডেস্ক :

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এ বছর প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন সাত শিক্ষার্থী। ২০১৮ সালের ফলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৬৩ জন শিক্ষার্থী এ পুরষ্কার পাচ্ছেন।

    প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- অ্যানিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শম্পা রানী, কৃষি অনুষদের হাবিবা জান্নাত মীম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের মো. আতিকুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রান্ত সাহা, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের মো. আল ইমরান, দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শ্রাবণী সরকার এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের শারমিন আক্তার।

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ২০১৮ সালে অনুষদভিত্তিক অসাধারণ ফল ও প্রথম স্থান অর্জন করেছেন তাদের নামের তালিকা ইউজিসি কার্যালয়ে পাঠানো হয়। পরে এই সাতজনকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করে ইউজিসি কর্তৃপক্ষ।’

    উল্লেখ্য, শিক্ষার্থীদের হাতে কবে এ পদক তুলে দেওয়া হবে এমন কোন নির্দিষ্ট তারিখ ইউজিসির পক্ষ থেকে এখনও জানানো হয়নি।

  • মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তার চেক প্রদান

    মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তার চেক প্রদান

    নগরীর সদর রোডস্থ অনামি লেন সড়কে গত ১২ জুলাই সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরশেনর মেয়র সেরিনয়াবাত সাদিক আবদুল্লাহর দেয়া অর্থ সহায়তার চেক বুধবার রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে কল্পনা রানী, অশোক দাস ও স্বপন কর্মকারের হাতে তুলে দেয়া হয়। এর মধ্যে অশোক দাসের হাতে ৫০ হাজার ও দুইজনের হাতে ২০ হাজার করে টাকার চেক তুলে দেয়া হয়।

    মেয়রের কালিবাড়ী রোডস্থ সেননিয়াবাত ভবনে বসে চেক গ্রহন করে অশোক দাস বলেন ৫ আগস্ট তার মেয়ের বিয়ে। বিষয়টি মেয়র জানতে পেরে তাকে অন্যদের চেয়ে অনেক বেশী সহায়তা করেছেন। প্রাপ্ত অর্থ তার মেয়ের বিয়ের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। অশোকসহ অন্যরা তাদের সহায়তা দেয়ার জন্য মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানান।

  • সংবাদ সম্মেলনে আসছেন না স্বাস্থ্যমন্ত্রী

    সংবাদ সম্মেলনে আসছেন না স্বাস্থ্যমন্ত্রী

    বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈনুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ’ শীর্ষক এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ডেঙ্গু রোগ সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ’ বিষয়ে প্রেস ব্রিফিং অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ের পরবর্তী সময় পরে জানিয়ে দেয়া হবে।

    প্রসঙ্গত, দেশে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে মালয়েশিয়ায় ব্যক্তিগত সফরে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে সফর সংক্ষিপ্ত করে বুধবার মধ্যরাতে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যদিও তার ফেরার কথা ছিল ৪ আগস্ট।

    বৃহস্পতিবার সকালে মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০০ শয্যার একটি নতুন ওয়ার্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

    পরে ৩-৪ জন রোগীর সঙ্গে কথা বলেন। এসময় সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো কথা না বলে চলে যান।

  • জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

    জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

    পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

    সভায় ১৪৪০ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।

    সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।

    বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭, ৯৫৫৯৪৯৩

    ও ফ্যাক্স নম্বর ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

  • আগস্টে দেশে জঙ্গি হামলার শঙ্কা রয়েছে: কাদের

    আগস্টে দেশে জঙ্গি হামলার শঙ্কা রয়েছে: কাদের

    আগস্টে দেশে জঙ্গি হামলার শঙ্কা রয়েছে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেন, দেশে জঙ্গিবাদী তৎপরতার আশঙ্কা আছে। আগস্ট মাস এলেই এই শক্তিটি হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে। তাই শোকের মাসজুড়ে যাবতীয় কর্মসূচি সতর্কতার সঙ্গে পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

    বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে যুবলীগের আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

    বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনাকে ইতিহাসের সবচেয়ে নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ড অভিহিত করে তিনি বলেন, শেক্সপিয়ার আজ বেঁচে থাকলে সিজার নয় বরং পঁচাত্তরের হত্যাকাণ্ডকে ইতিহাসের নৃশংসতম রাজনৈতিক হত্যাকাণ্ড বলতেন।

    দেশে ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিচ্যুয়েশন অ্যালার্মিং, বাট বিয়োন্ড অন গো- আমাদের কন্ট্রোলের বাইরে নয়।

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সপরিবারে বিদেশ ভ্রমণ প্রসঙ্গে কাদের বলেন, স্বাস্থ্যমন্ত্রী বিদেশ থাকলেও কাজ বন্ধ ছিলো না। অনুমতি নিয়েই তিনি বিদেশে গিয়েছিলেন।

    ১৫ আগস্টে বিএনপি নেত্রী খালেদা জিয়া ‘ভুয়া’ জন্মদিনের উদযাপন বন্ধ না করলে দলটির সঙ্গে রাজনৈতিক কর্ম সম্পর্ক রাখা কঠিন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেপথ্যে জড়িতদের মুখোশ উন্মোচন অনেক আগেই হয়েছে। ১৫ই আগস্টের হত্যাকাণ্ডে যারা জড়িত, যারা পৃষ্ঠপোষকতা করেছে, যারা পেছন থেকে মদদ দিয়েছে, হত্যাকারীদের এই দেশে পুনর্বাসিত করেছে। বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছে, ইনডেমনেটি আইন জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করেছিল সে জিয়াউর রহমান। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের নায়ক কারা এটা ইতিহাসই বলে।

    তিনি বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে কেক কেটে ভুয়া জন্ম দিবস পালন করে, তাদের সঙ্গে কর্ম সম্পর্ক কিভাবে হয় আমি জানি না।১৯৭৫ সালের ওই দিন ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যরা খুন হন। শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাইরে থাকায় সে সময় বেঁচে যান।

    ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট, ২১ আগস্টের মত ঘটনার পরেও বিভিন্ন দলের সঙ্গে একটা কর্ম সম্পর্ক আমরা রাখতে চাই, রাখছি তার প্রমাণ আছে। তবে আমাদের আবেগে, আমাদের অনুভুতিতে রক্তক্ষরণ হয়। আমি এখনও বলছি বঙ্গবন্ধু নির্মম হত্যাকে নিয়ে আপনারা উপহাস করে যারা ভুয়া জন্ম দিবস পালন করেন। এই ভুয়া দিবস বন্ধ না করলে, এই দেশের রাজনীতিতে আপনাদের সঙ্গে কর্ম সম্পর্ক গড়ে তোলা আমাদের পক্ষে কঠিন।

    ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক এবং এটা মোকাবিলা করা কঠিন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন বলেন, তবে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে বাইরে নয় এবং ডেঙ্গু পরিস্থিতি সরকার চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করবে বলেও তিনি জানিয়েছেন।

    মন্ত্রী বলেন, আমরা বার বার বলছি আমরা এটা নিয়ে উদ্বিগ্ন। নেত্রী (প্রধানমন্ত্রী) উদ্বিগ্ন, তিনি লন্ডনে চিকিৎসায় আছেন তারপরও তিনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলছেন, নির্দেশনা দিচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী বিদেশে থাকলেও স্বাস্থ্যমন্ত্রণালয়ের কাজ থেমে থাকেনি। এখন মোবাইলেও নির্দেশনা দেওয়া যায়। তিনি (স্বাস্থ্যমন্ত্রী) জরুরি কাজে বিদেশে যেতে পারেন, বিনা অনুমতিতে তিনি যাননি।

    ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে। ফিলিপাইনে এ পর্যন্ত ডেঙ্গুতে ৮ শ’ জনের মৃত্যু হয়েছে, এক লাখ আক্রান্ত হয়েছে। তারা জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে। ভিয়েতনামে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ভারতে কম আছে, ইন্দোনেশিয়ায় অনেক বেশি, থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে, সিঙ্গাপুরে অনেকে আক্রান্ত।

    তিনি বলেন, মিডিয়ার হিসেবে অনুযায়ী আমাদের দেশে ১৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। ১৩ হাজার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এটাকে মহামারি বলুন, আর যাই বলুন আমরা যা সত্য তা আমরা স্বীকার করে মোকাবিলায় কাজ করছি। সিচ্যুয়েশন ইজ অ্যালার্মিং। মোকাবিলা করা ডিফিকাল্ট। কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে নয়। আমরা এটা মোকাবিলা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে পরিস্থিতি মোকাবিলা করবো।

    ডেঙ্গু নিয়ে সরকার ব্যর্থ, বিএনপির এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির টপ টু বটম নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ। অন্যের ব্যর্থতা নিয়ে কথা বলার আগে বিএনপিরনেতাদের টপ টু বটম পদত্যাগ করা উচিত।

    যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

  • আজ শোকাবহ আগস্ট শুরু

    আজ শোকাবহ আগস্ট শুরু

    আজ বৃহস্পতিবার (১লা আগস্ট) থেকে শুরু হচ্ছে শোকের মাস আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ মাসের ১৫ তারিখে সপরিবারে হত্যা করে ঘাতকচক্র। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। শোকের মাস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ।

    আওয়ামী লীগ ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ওই কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী ওই কর্মসূচি যথাযথ মর্যাদা পালন করার জন্য দল ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীকে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখার নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে দিবসটি স্মরণ ও পালন করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

    পৃথিবীর ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধূর শোকের দিন ১৫ই আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে মানবতার শত্রু প্রতিক্রিয়াশীল ঘাতকচক্র বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিনী, মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির জনকের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেনান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতির পিতার ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারী নৃশংসভাবে নিহত হন।

    আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘‘মুজিববর্ষ” হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে থাকবে বছরব্যাপী বিস্তারিত কর্মসূচি। সে সময়ের আগে এ বছর জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। শোকাবহ আগস্টে সারা মাস ব্যাপী আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনসমূহ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করবে। প্রতিবারের ন্যায় এবারও শোকার্ত বাঙালি জাতির সাথে একাত্ম হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

  • ৯৮ লাখ টাকার হিসাব গোপন করায় যুবদল নেতা কারাগারে

    ৯৮ লাখ টাকার হিসাব গোপন করায় যুবদল নেতা কারাগারে

    অনলাইন ডেস্ক :

    যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে অবস্থিত গোল্ডেন জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান মনিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    বুধবার বিকেলে দুদকের দায়ের করা মামলায় ফরিদপুর জেলা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়া এ আদেশ দেন। মনিরুজ্জামান ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা।

    দুদক জানায়, মনিরুজ্জামান ২০০২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আয়কর রিটার্নের একটি প্রতিবেদন দুদকে জমা দেন। ওই প্রতিবেদনে ৯৮ লাখ টাকার হিসাব গোপন করেন মনিরুজ্জামান।

    ফরিদপুর দুদকের পিপি নারায়ণ চন্দ্র দাস বলেন, উচ্চ আদালতের জামিনের মেয়াদ ছিল ২৮ জুলাই। সেদিন হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন মনিরুজ্জামান।

    এর প্রেক্ষিতে দুদকের ফরিদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা গত ২৭ মে তার বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন নেন তিনি।

    পরে আদালত তাকে দুইদিনের মধ্যে হাজিরের আদেশ দিলেও তিনি আদালতে হাজির হন। দুইপক্ষের আইনজীবীর শুনানি শেষে বৃহস্পতিবার মনিরুজ্জামানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

  • প্রথম বাজেট নিয়ে যা বললেন মেয়র সাদিক আবদুল্লাহ

    প্রথম বাজেট নিয়ে যা বললেন মেয়র সাদিক আবদুল্লাহ

    বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, ২০১৮ সালের ২২ অক্টোবর আমি মেয়র হিসেবে নির্বাচিত হয়ে শপথ নিয়েছি। এ সময় আমি বিসিসির প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার ঋণের বোঝা কাঁধে নিয়ে দায়িত্ব গ্রহণ করি।

    বুধবার (৩১ জুলাই) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, দায়িত্ব গ্রহণের পর দীর্ঘদিনের নগরের পুঞ্জিভূত সমস্যা সমাধানের কর্মপন্থা গ্রহণ করি। আমাদের যেসব পরিকল্পনা রয়েছে সেসব বাস্তবায়ন খুব একটা সহজসাধ্য নয়। প্রায় ছয় লাখ নাগরিকের অধ্যুষিত এ নগরে হাজারো সমস্যা রয়েছে। আমাদের সীমিত সামর্থ্য ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অভিষ্ট লক্ষ্য অর্জনে দিন-রাত কাজ করে চলেছি।

    তিনি বলেন, বরিশালকে রাতারাতি বদলে দেওয়ার দাবি আমাদের নেই। আমরা এগিয়ে যেতে চাই পরিকল্পিতভাবে এবং ক্রমান্বয়ে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ এর অভিষ্ট লক্ষ্য অর্জনে নিরন্তর প্রয়াস অব্যাহত রেখেছে।

    তিনি নয় মাসের অধিককাল সময়ে বর্তমান পরিষদের ৩৩টি অর্জনের কথা লিখিত আকারে তুলে ধরেন। যার মধ্যে পূর্বে থাকা ব্যাংকের ১১০টি অ্যাকাউন্টের মধ্যে রাজস্ব আয় আদায়ের জন্য ৩৬টি অ্যাকাউন্ট, ব্যয়ের জন্য একটি মূল অ্যাকাউন্ট ও উন্নয়নের জন্য চারটি অ্যাকাউন্ট রাখা, সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও মজুরি স্ব স্ব ব্যাংক হিসেবে দেওয়া, প্রকৌশলী (সিভিল) শাখার কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা, নগরভবনে ডিজিটাল হাজিরা চালু করা, নগরের বর্জ্য ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট পরিকল্পনা ও শৃঙ্খলা আনায়ন, জলাবদ্ধতা দূরীকরণের লক্ষে ড্রেনের স্লাব অপসারণ, পাঁচ বছর মেয়াদি রাস্তা নির্মাণ, থ্রি-ডি জেব্রা ক্রসিং স্থাপন উল্লেখযোগ্য।

    বাজেট ঘোষণার আগে মেয়রের লিখিত বক্তব্যে, ২০১৩-২০১৬ অর্থ বছরের ১৩৭ কোটি ৭৬ লাখ টাকার অডিট আপত্তি, আর্থিক অনিয়মে কাজ বন্ধ হয়ে যাওয়া, কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বকেয়া রাখা, অসচ্ছভাবে যানবাহনের জ্বালানি ব্যবহার করা, হোল্ডিং ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে বাস্তবতার সঙ্গে অসঙ্গতি ও আদায়ের ক্ষেত্রে অসচ্ছতা রাখা, ট্রেড লাইসেন্স ফি নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে অসচ্ছতাসহ পূর্বের পরিষদের ২৫ টি অনিয়মের কথা তুলে ধরেন।

    বাজেট ঘোষাণা শেষে মেয়র নাগরিকদের বিভিন্ন প্রশ্ন করেন। এ সময় তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, বাজেটে বা আমার মেয়াদকালে কোনো হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি। পূর্বের পরিষদের ধার্য করা হোল্ডিং ট্যাক্সের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

    এছাড়াও মেয়র নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।