Category: রাজণীতি

  • বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুলের কক্ষে তালা

    বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুলের কক্ষে তালা

    নিউজ ডেস্ক :

    বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলামের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে পরিষদের স্থায়ী ১৯ সদস্য।

    আজ বুধবার দুপুর আড়াইটায় এই ঘটনা ঘটে।

    জেলা পরিষদ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মইদুল ইসলামের সাথে দীর্ঘদিন যাবৎ সদস্যদের মানসিক দ্বন্দ চলে আসছিলো। এরই মাঝে দুই সদস্য এক কর্মচারীকে মারধর করা নিয়ে জেলা পরিষদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরে ওই দুই সদস্যের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অভিযোগও দায়ের করার জন্য প্রধান নির্বাহী স্বাক্ষরিত একটি চিঠি পাওয়া যায়। এরপরেই চেয়ারম্যান মইদুল ইসলামের উপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে সদস্যরা। এরই পরিপ্রেক্ষিতে বুধবার ১৯ দফা দাবী নিয়ে চেয়ারম্যানের কক্ষ তালাবদ্ধ করে রাখে সদস্যরা। সামনেই তারা বিক্ষোভ করেন।

    জেলা পরিষদের সদস্য মানওয়ারুল ইসলাম অলি জানান, বরিশাল জেলা পরিষদের সদস্যদের সাথে পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলামের অশোভন, অসৌজন্যমূলক আচরণ এবং পরিষদের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে এই আন্দোলন করা হয়েছে।

    আন্দোলনকারীরা উন্নয়ন প্রকল্প থেকে ৭ ভাগ উৎকোচ গ্রহণ বন্ধ করা সহ ১৯ দফা দাবী জানান।

  • প্রধানমন্ত্রীর চোখে সফল অস্ত্রোপচার

    প্রধানমন্ত্রীর চোখে সফল অস্ত্রোপচার

    অনলাইন ডেস্ক ::

    যুক্তরাজ্যে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে সফল অস্ত্রোপচার করা হয়েছে। সোমবার লন্ডনের একটি হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, সোমবার বিকেলে লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ আছেন।

    প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী লন্ডন থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফাইলে ডিজিটালি স্বাক্ষর করেছেন। গত ১৯ জুলাই লন্ডনে পৌঁছার পর একাধিক গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ফাইল স্বাক্ষর করেন বলে জানান তিনি।

    তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন।

    শেখ হাসিনা বাংলাদেশি দূতদের সম্মেলনে এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডনে যান। প্রধানমন্ত্রী ৫ আগস্ট দেশে ফিরবেন।

  • নদীভাঙন রোধ নিয়ে প্রধানমন্ত্রীও ভাবছেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

    নদীভাঙন রোধ নিয়ে প্রধানমন্ত্রীও ভাবছেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

    পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নদীভাঙন এলাকার মানুষের দুর্দশা লাঘবে ব্যাপক উন্নয়ন কাজ শুরু করেছেন। প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে পানি উন্নয়ন বোর্ডের অধীনে বেড়িবাঁধ নির্মাণ, সুইচগেইট নির্মাণ, খাল খনন, রাবার ড্যাম প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কাজ হাতে নিয়েছেন। পর্যায়ক্রমে প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নদীভাঙন অনেকাংশে কমে আসবে। তবে এই প্রকল্প বাস্তবায়ন হতে কিছুটা সময়ের ব্যাপার।

    সোমবার (২২ জুলাই) দুপুরে পটিয়ার কালিগঞ্জ ব্রীজ এলাকায় মালিয়ারা-বাকখাইন-ভান্ডারগাঁও বেড়িবাঁধ উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ-পূর্বাঞ্চল প্রধান প্রকৌশলী মীর মোশারফ হোসেন, যুগ্ম সচিব মন্টু কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক প্রকৗশলী শিবেন্দু খাস্তগীর, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানসহ দলীয় নেতাকর্মীরা।

    আলোচনা সভা শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী সম্প্রতি উপজেলায় পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত ভাটিখাইন, হাইদগাঁওসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী পটিয়া উপজেলায় নদীভাঙন হ্রাস করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন।

    একশ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধ ছাড়াও পটিয়াকে সুরক্ষায় রাখতে ১২শ কোটি টাকার একটি মেগাপ্রকল্প অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান হুইপের উন্নয়ন সমন্বয়কারী ও চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু। তিনি বলেন, মেগাপ্রকল্প অনুমোদন হলে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে।’

  • বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

    বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

    বরিশাল-৩ বাবুগঞ্জ মূলাদী আসনের মাননীয় সংসদ সদস্য ও জতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু’র হাতে ফুলের শুভেচ্ছা জানিয়ে ওয়ার্কার্স পার্টির শতাধিক নেতা কর্মীদের যোগদান।
    সোমবার বিকেলে উপজেলার জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে গোলাম কিবরিয়া তালুকদারের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টিতে  যোগদান করেন, রহমতপুর খেতমজুর ইউনিয়নের সভাপতি কাজী শাহ্ আলম, ওয়ার্কার্স পার্টির নেতা বাবুল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
    এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোকিতুর রহমান কিসলু, সাধারন সম্পাদক ওমর ফারুক বাবুল, জাতীয় পার্টির নেতা শফিউল আজম শফিক, রহমতপুর ইউপি সদস্য জেলানী সাজোয়াল, ছাত্র সমাজ নেতা মোঃ মাইনুল হোসেন প্রমূখ।
  • মাহামুদুল হাসান সাদ্দামের মৃত্যুতে মেয়র সাদিক আবদুল্লাহর শোক

    মাহামুদুল হাসান সাদ্দামের মৃত্যুতে মেয়র সাদিক আবদুল্লাহর শোক

    বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগরের ৮নম্বর ওয়ার্ডের কর্মী মাহামুদুল হাসান সাদ্দামের অকাল মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।

    এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

  • গুজবে বিভ্রান্ত না হতে মেয়র সাদিক আবদুল্লাহর আহ্বান

    গুজবে বিভ্রান্ত না হতে মেয়র সাদিক আবদুল্লাহর আহ্বান

    গুজবে বিভ্রান্ত হয়ে অথবা গুজব ছড়িয়ে কাউকে ছেলেধরা সন্দেহে কিছু করে আইন নিজের হাতে তুলে না নিতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যদি ছেলেধরা হিসেবে কাউকে সন্দেহ হয় তাহলে তাকে পুলিশের হাতে তুলে দিন।’ মেয়র বলেন কিছু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে বলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এটি পুরোপুরি মিথ্যা ও গুজব। একটি মহল এ উন্নয়ন ব্যাহত করার জন্য এ ধরনের গুজব রটিয়ে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে যা গুরুতর অপরাধ। অনেকে না বুঝেই এটি ফেসবুকে শেয়ার করে অপরাধের অংশীদার হচ্ছেন। এ ধরনের গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল।

    যারা এ বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর গুজব ছাড়াচ্ছেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে প্রশাসন তৎপর রয়েছে। কোথাও এ সংক্রান্ত কোন খবর জানলে ৯৯৯-নম্বরে অথবা বরিশাল সিটি কর্পোরেশনের ০৪৩১-২১৭৫৮১৮ নম্বরে ফোন দেয়ার সকলের প্রতি আহবান জানান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

  • আইনমন্ত্রী বলেন, আইন নিজের হাতে তুলে নিবেন না

    আইনমন্ত্রী বলেন, আইন নিজের হাতে তুলে নিবেন না

    দেশবাসীকে উদ্দেশ্য করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কোথাও কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধীকে পুলিশে দিতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

    সোমবার (২২ জুলাই) দুপুরে নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    আনিসুল হক বলেন, পদ্মাসেতু নিয়ে সৃষ্ট গুজবে কান দিয়ে যারা গণপিটুনিতে নিরাপরাধ মানুষকে হত্যা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এরপর মন্ত্রী আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

    সমিতির সভাপতি আইনজীবী সিতাংশু বিকাশ আচার্য্য’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক খান মুকুলের পরিচালনায় মতবিনিময়ে অংশ নেন- সংসদ সদস্য অসীম কুমার উকিল (নেত্রকোণা-৩), সংরক্ষিত মহিলা আসনের হাবীবা রহমান খান শেফালী, জেলা ও দায়রা জজ আবু মো. আমিমুল এহসান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব বিকাশ কুমার সাহা, জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহ্জাহান মিয়া প্রমুখ।

  • জাতীয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন

    জাতীয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন

    মো. জামাল উদ্দিনকে আহ্বায়ক ও মো. ফয়সাল দিদার দিপুকে সদস্য সচিব করে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দিয়েছে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

    রোববার জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার সুপারিশে ১৫৩ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেয়া হয়।

    অনুমোদিত জাতীয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতি কমিটি আগামী ৩ মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ ইউনিট কমিটি গঠন করে কেন্দ্রীয় সম্মেলন আয়োজন করবে। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে ফুলের শুভেচ্ছা জানান নবগঠিত ছাত্র সমাজ নেতারা।

    সাবেক ছাত্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক শাহ-ই-আজম, নির্মল চন্দ্র দাশ, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ ইফতেখার আহসান হাসান, যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।

  • ‘দেশে এখন ভয়-ভীতির পরিবেশ বিরাজ করছে’

    ‘দেশে এখন ভয়-ভীতির পরিবেশ বিরাজ করছে’

    বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের ওপর ভিত্তি করে দেশ গড়তে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন করে বিকৃত করার যে কোনো অপচেষ্টা আমাদের প্রতিহত করতে হবে। দেশে এখন ভয়-ভীতির পরিবেশ বিরাজ করছে, ফেনী-বরগুনার ঘটনা সে কথা বলে।

    রোববার শহীদ কর্নেল আবু তাহেরের ৪৩তম বার্ষিকীতে শরীফ নুরুল আম্বিয়া এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের উদ্যোগে তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, ‘তাহের একজন মহান দেশপ্রেমিক, নির্ভীক ও বিরল ব্যক্তিত্বের মানুষ ছিলেন । সমাজে বিরাজমান অবক্ষয়, লুটপাট, ধর্ষণ, সন্ত্রাস, সম্পদ পাচার, অনাচার মোকাবিলা করার জন্য তাহেরের মতো নেতা-কর্মী দরকার। তাহের আমাদের প্রেরণার উৎস।

    তিনি বলেন, মানবতার খাতিরে সাহায্য করতে গিয়ে রোহিঙ্গা নিয়ে দেশ বিপদে আছে। অনির্দিষ্টকালের জন্য এরকম চলতে পারে না। আমরা নিরাপত্তা হুমকিতে রয়েছি। মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে ফেরত নিতে হবে। এই ইস্যুতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। আলোচনায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াহেদুল ইসলাম খান, বাংলাদেশের সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য লুৎফর রহমান, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু প্রমুখ। সভা পরিচালনা করেন বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির।

  • প্রিয়া সাহার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি : গণপূর্তমন্ত্রী

    প্রিয়া সাহার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি : গণপূর্তমন্ত্রী

    অনলাইন ডেস্ক :

    গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘প্রিয়া বালা সাহা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যে অভিযোগ করেছেন, তা উদ্দেশ্যপ্রণোদিত ও অসত্য। তাই আমি তার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

    রবিবার (২১ জুলাই) দুপুরে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শ. ম. রেজাউল করিম পিরোজপুর-১ আসনের (সদর, স্বরূপকাঠি ও নাজিরপুর) সংসদ সদস্য। তার সংসদীয় এলাকা নাজিরপুরে প্রিয়া সাহার বাবার বাড়ি। প্রিয়া সাহার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেই মন্ত্রী এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

    গৃহায়নমন্ত্রী বলেন, ‘ট্রাম্পের কাছে ঘরবাড়ি পোড়ানো ও জমি ছিনিয়ে নেওয়ার বিষয়ে তিনি যে অভিযোগ করেন, সে বিষয়ে কোথাও কোনও মামলা নেই। বাড়িটি ছিল পরিত্যক্ত এবং তার মালিকানা তার ভাইয়ের। সেখানে দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে কিনা সে বিষয়েও তিনি (প্রিয়া সাহার ভাই) কোনও অভিযোগ করেননি। প্রিয়া সাহার নামে নাজিরপুরে কোনও জমি নেই। তার যে ভাইয়ের নামে পৈত্রিক সম্পত্তি আছে, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তার ভাইয়ের জমিজমা নিয়ে একটা মামলা আছে, সেই মামলা তদন্তাধীন। ওই মামলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনও অভিযোগ ছিল না। তাই প্রিয়া সাহার অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলেই প্রতীয়মান হয়।’

    শ. ম. রেজাউল করিম বলেন, ‘আমার নির্বাচনি এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার এলাকায় এত দিনে কেউ গুম হননি। মৌলবাদ নেই। একজন প্রিয়া বালা সাহার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

    মন্ত্রী আরও বলেন, ‘প্রিয়া সাহার ঘটনায় তৃতীয় পক্ষ যেন কোনও সুবিধা নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে, সহযোগিতা করতে হবে। তার বক্তব্য স্থানীয় কেউই গ্রহণ করেননি।’