Category: রাজণীতি

  • রিফাত হত্যার আসামিদের বৈধ অস্ত্র দিয়ে গুলি করার হুঁশিয়ারি সাবেক এমপির

    রিফাত হত্যার আসামিদের বৈধ অস্ত্র দিয়ে গুলি করার হুঁশিয়ারি সাবেক এমপির

    অনলাইন ডেস্ক :: প্রয়োজনে নিজের বৈধ অস্ত্র দিয়ে গুলি করে হলেও শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যাকারীদের ধরার হুঁশিয়ারি দিলেন বরগুনায় সাবেক এমপি ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন। শুক্রবার রাতে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। একই সাথে হত্যাকাণ্ডের প্রধান দুই অভিযুক্ত সাব্বির আহমেদ নয়ন (নয়ন বন্ড) এবং নিজের ভায়রার ছেলে রিফাত ফরাজীর মৃত্যুদণ্ড চেয়েছেন তিনি।

    রিফাত হত্যার পর থেকেই বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে, দেলোয়ার হোসেনের ক্ষমতার অপব্যবহার করে রিফাত ফরাজী ও তার ভাই রিশান ফরাজী তাদের অপরাধ জগত নিয়ন্ত্রণ করতো। এ কারণেই এই সংবাদ সম্মেলন আয়োজন করার কথা জানান দোলোয়ার হোসেন

    তিনি সাংবাদিকদের বলেন, বরগুনার কলেজ রোড এলাকায় যে হত্যাকাণ্ডটি ঘটেছে এটি মর্মান্তিক ও একটি নৃশংস হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িতদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই খুনের মূল হোতা নয়ন বন্ড ও রিফাত ফরাজী। এখানে বিভিন্নভাবে ফেসবুকে দেখি আমাকে নিয়ে একটা নোংরা খেলা শুরু হয়েছে, কারণ রিফাত ফরাজি আমার আত্মীয়। ওদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। ওরা আমার ছেলেও না, ভাইও না, ভাইয়ের ছেলেও না, বোনের ছেলেও না, কিচ্ছু না। বৈবাহিক সূত্রে রিফাত আমার আত্মীয়। এধরনের বৈবাহিক সূত্রে অনেক আত্মীয় থাকে। তারা কেউ ভালো হয়, কেউ খারাপ হয়, কেউ চোর হয়, কেউ সন্ত্রাসী হয়, ডাকাত হয়। সুতরাং সেখানে আমার ওপর এতোটা দোষ চাপিয়ে দেওয়ার কারণটা কী আমি ঠিক বুঝতে পারি না। আমি এদের কোনোদিন প্রশ্রয় দেইনি।’

    তিনি বলেন, নয়ন বন্ডকে আমি জীবনে কোনোদিন দেখছি বলে আমার মনে পড়ে না। আর রিফাত হলো মাদকসেবী। যে দিন আমি শুনেছি ও মাদকসেবী ওর বাবাকে আমি ফোন করে বলেছি, তোমার ছেলে মাদক সেবন করে, অতএব তুমি তাকে সংশোধন করো। কিন্তু ওর বাবা পারে নাই, ব্যর্থ হয়েছে অথবা চেষ্টা করে নাই। সুতরাং যখন দেখলাম একটার পর একটা ঘটনা চলছে তখন আমি তাদের সাথে সব সম্পর্ক ছেদ করে ফেলেছি। আমি আমার স্ত্রীকে বলেছি ওদের সাথে কোনও সম্পর্ক রাখা যাবে না। কারণ মাদক, সন্ত্রাস এগুলো মানা যায় না।

    তিনি আরো বলেন, আমি পাঁচ বার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। রুট লেভেল থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ আমাকে নিয়েছেন। কিন্তু কোনোদিন আমি অন্যায়, সন্ত্রাস ও মাদককে প্রশ্রয় দেইনি। এখন ওরা বৈবাহিক সূত্রে আমার আত্মীয় বলে আমাকে পেঁচিয়ে যে নোংরা খেলা শুরু হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমি পরিষ্কারভাবে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, এই সন্ত্রাসী, মাদকসেবী ও খুনীর সাথে আমার বহু বছর ধরে কোনো সম্পর্ক নেই এবং কোনোদিন সম্পর্ক হবেও না।

    আমাকে নিয়ে এই ধরনের খেলায় যারা মত্ত হয়েছে আমি তাদের কাছে অনুরোধ করবো আপনারা এই খেলা থেকে বিরত থাকুন। আমার জনপ্রিয়তা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ভালোবাসা আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু দুর্নাম নিয়ে ঘরে ফিরে যেতে পারবো না। প্রয়োজন হলে আমার বৈধ অস্ত্র দিয়ে গুলি করে রিফাত হত্যার আসামিদের ধরবো।

    উল্লেখ, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি লড়াই হামলাকারীদের সাথে লড়াই করেও তাদের ফেরাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। তারা চেহারা লুকানোরও কোনো চেষ্টা করেনি।

    পরে গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এই ঘটনায় ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন রিফাতের বাবা দুলাল শরীফ। মামলার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন। দুই নম্বর আসামি রিফাত ফরাজী ও তিন নম্বর আসামি রিশান ফরাজী।

  • মীমাংসা করতে গিয়ে কর্মীদের হাতে মার খেলেন ছাত্রলীগ নেতা

    মীমাংসা করতে গিয়ে কর্মীদের হাতে মার খেলেন ছাত্রলীগ নেতা

    তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুনিয়র কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছে ছাত্রলীগের এক নেতা। শুক্রবার বিকেল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে নুর আলম নামের এক ছাত্রলীগ নেতাকে ব্যাপক মারধর করেছে কর্মীরা। এতে ওই নেতা আহত হয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

    মারধরের বিষয়ে তিনি বলেন, দুপুরে ছোট্ট একটা ঘটনা ঘটেছে আর আমি সেটা মীমাংসা করেছি। তারপরও তারা জড়ো হয়ে আমাকে হামলা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

    এদিকে তাকে দেখতে রাত ৮টার দিকে মেডিকেল সেন্টারে যান বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্ম্মণ। তিনি বলেন, প্রথমত আমি মেডিকেল সেন্টারে দায়িত্বররত ডাক্তারকে ভালোভাবে চিকিৎসার বিষয়ে বলেছি। যাতে দ্রুত সুস্থ হতে পারে। দ্বিতীয়ত, আহত ব্যক্তি বিচার চাইলে তাকে লিখিতভাবে প্রশাসনের কাছে আবেদন জানাতে হবে।

    জানা যায়, বৃহস্পতিবার রাতে সাদ্দাম হোসেন হলের একটি ফ্লোরে নৈশভোজের আয়োজন করে সভাপতি শাহিনুর রহমান শাহিন গ্রুপের ছাত্রলীগ কর্মীরা। তবে সেখানে নুরের অনুসারী জুনিয়ররা দাওয়াত পেলেও দাওয়াত পায়নি নুর আলম। এতে ক্ষিপ্ত হয়ে নুর আলম ২০১৭-১৮ সেশনের রাব্বি (অর্থনীতি), অপূর্ব (ইংরেজি) ও বুলবুল (দাওয়াহ) নামের তিন কর্মীকে হলের গেস্ট রুমে ডেকে পাঠায়। কথাবার্তার একপর্যায়ে তাদের মারধর করেন।

    এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিকেলে সাদ্দাম হোসেন হলের সামনে নুর আলমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে কর্মীরা। মিছিলের পর সভাপতি গ্রুপের নেতারা উপস্থিত হয়ে ঘটনার মীমাংসা করতে চাইলে রাজি হয় না ভুক্তভোগী কর্মীরা। বিষয়টি সমাধানের আশ্বাস পেয়ে একপর্যায়ে সেখানে নুর আলম উপস্থিত হয়। নুর আলম উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ কর্মীরা তার ওপর চড়াও হয়।

    ইবি ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি শাহিনুর রহমান এ বিষয়ে বলেন, বর্তমান কমিটি স্থগিত। আমি এ বিষয়ে কিছু জানিনা।

  • পার্থসহ বিরোধী ৩৮ নেতার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির

    পার্থসহ বিরোধী ৩৮ নেতার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ইসির

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের যেসব প্রার্থী নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ ৩৮ জন নেতা রয়েছেন। আর তালিকায় থাকা বেশিরভাগই বিএনপির নেতা।

    গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশের ৩০দিনের মধ্যে ব্যয়ের হিসাব প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে দিতে হয়। কোনো প্রার্থী নির্বাচনী ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ে মধ্যে জমা না দিলে, তার বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে

    গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিজয়ী প্রার্থীদের গেজেট ১ জানুয়ারি প্রকাশ করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী নির্ধারিত সময় শেষ হয়েছে পাঁচ মাস আগেই।

    আইন অনুযায়ী, যথাসময়ে হিসাব না দিলে দুই থেকে সাত বছর কারাদণ্ডের বিধান রয়েছে।

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯টি নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে নির্বাচনে মোট ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৩৩ জন। আর স্বতন্ত্র প্রার্থী ১২৮ জন। নির্বাচনী আইন অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকেই নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

    নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, আওয়ামী লীগ ও শরিকদের মিলিয়ে নৌকা মার্কায় ২৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বিপরীতে ধানের শীষ প্রতীকে বিএনপি ও শরিকদের প্রার্থী ছিলেন ২৮২ জন। সবচেয়ে বেশি প্রার্থী ছিলো হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের। দলটি নির্বাচনে ২৯৯টি আসনে প্রার্থী দিয়েছে।

    ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়ে বৈধ প্রার্থী হয়েছিলেন। পরে তিনি ভোলা-১ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন। আর ঢাকা-১৭ আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) নির্বাচিত হন।

    এবার সংসদ নির্বাচনে প্রার্থীর জন্য ভোটার প্রতি গড় ব্যয় নির্ধারণ করে দেওয়া হয়েছিল ১০টাকা। তবে সর্বোচ্চ ব্যয় ২৫ লাখ টাকা নির্ধারণ করে দিয়েছিল ইসি।

    ৩৮ প্রার্থীর বিষয়ে দায়িত্বরত কর্মকর্তারা বলেন, যথাসময়ে হিসাব জমা না দেওয়ায় মামলা করার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। এদের বেশিরভাগই ধানের শীষ প্রতীকের প্রার্থী। তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের দ্রুতই নির্দেশনা পাঠানো হবে।

    খোঁজ নিয়ে জানা গেছে, ওই ৩৮ প্রার্থীদের মধ্যে আন্দালিব রহমান পার্থ সম্প্রতি সময় চেয়ে আবেদন করেছেন। কিন্তু তার আগেই মামলার সিদ্ধান্ত হয়েছে। এখনো কমিশন তার আবেদন আমলে নেয়নি।

    ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যথাসময়ে ব্যয়ের হিসাব না দেওয়ায়, তার বিরুদ্ধে মামলা করেছিল ইসি। সে সময় ভোটার প্রতি ব্যয় ধরা হয়েছিল ৮টাকা। যদিও সেবারও সর্বোচ্চ ব্যয় ছিল ২৫ লাখ টাকা।

  • আইনের শাসনের অভাবেই রিফাত হত্যার মতো ঘটনা বেড়েছে: ফখরুল

    আইনের শাসনের অভাবেই রিফাত হত্যার মতো ঘটনা বেড়েছে: ফখরুল

    শুক্রবার (২৮ জুন) বিকেলে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

    মির্জা ফখরুল বলেন, একটা রাজনৈতিক দলের সম্পূর্ণ স্বাধীনতা আছে যে কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহন করবার জন্যে এবং সেই ধরনের কোনো উদ্যোগ গ্রহন করবার জন্যে। গণতন্ত্রের জন্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে যেকোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

    বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক লীগ(এলডিপি) সভাপতি অলি আহমেদ গণতন্ত্র ফিরিয়ে আনতে জাতীয় সংসদের পুণঃনির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘জাতীয় মুক্তি মঞ্চ’ নামে নতুন প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন।

    এই মঞ্চে ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত মজলিয়ের একটি অংশ ও ইসলামী মুভমেন্ট যুক্ত হয়েছে।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে বরগুনার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে, প্রতিদিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। এই ঘটনা প্রমাণ করে এই সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সর্বক্ষেত্রে দলীয়করণ করার কারণে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করার কারনেই এসব ঘটনা ঘটছে।

    ‘যখনই আপনার অপরাধী যদি শাস্তি না পায় এবং দলীয় কারনে তারা যদি মুক্ত হয়ে যায়। স্বাভাবিক কারনে অন্যান্য অপরাধী সেই দলের ছত্রছায়ায় গিয়ে অপরাধ করার প্রবণতা আরো বেড়ে যায়- সেখানেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটে সেখানেই।’

    এ রকম ঘটনা কেনো ঘটছে বলে মনে করে জানতে চাইলে তিনি বলেন, এসব হত্যাকাণ্ড বেড়েছে যেহেতু দেশে আইনের শাসন নেই, যেহেতু জবাবদিহিতামূলক কোনো সরকার নেই, যেহেতু জনগন এই সরকারকে নির্বাচিত করেনি, পার্লামেন্ট কোনো জনগনের প্রতিনিধি নেই, সেই কারণে এ্সব ঘটনা ঘটছে। এখানে ন্যায় বিচার নেই, বিচারহীন আছে।

    তিনি বলেন, আমরা খুব পরিস্কারভাবে দেখতে পারছি বিগত একদশক ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু নয়, বিচার বিভাগকেও দলীয়করণ করা হয়েছে। সেইক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলার অবণতি হবে, হত্যা বাড়বে, ধর্ষন বাড়বে-এটাই কিন্তু সোশ্যাল কন্ডিশনস সেটাই প্রমাণিত হবে, সামাজিকভাবে সেইটাই আসবে।

    বিকেল সাড়ে তিনটায় বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত দলীয় সদস্য জিএম সিরাজকে নিয়ে বিএনপি মহাসচিব শেরে বাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান। তারা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।

    এ সময়ে দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, মাহবুবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ওবায়দুর রহমান চন্দন, শায়রুল কবির খান, বগুড়া-৪ আসনের সাংসদ মোশাররফ হোসেনসহ বগুড়া জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক হলেন বানারীপাড়ার নুপুর

    ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক হলেন বানারীপাড়ার নুপুর

    ঘোষণা করা হয়েছে ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি। ২৭১ সদস্যবিশিষ্ট এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এতে ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক হলেন বানারীপাড়ার সুমাইয়া আক্তার নুপুর।

    শুক্রবার (২৮ জুন) কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির স্বাক্ষরিত ওই তালিকায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

  • স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বললেন এরশাদ

    স্ত্রী ও ছেলের সঙ্গে কথা বললেন এরশাদ

    সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থা উন্নতির দিকে। তিনি আজ স্ত্রী রওশন এরশাদ ও ছেলে সাধ এরশাদের সঙ্গে কথা বলতে পেরেছেন। তবে তিনি শারীরিকভাবে এখনো অনেক দুর্বল বলে জানা গেছে।

    আজ শুক্রবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতাকে দেখে এবং সিএমএইচের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে আলাপ করে দলের নেতাকর্মীদের এ কথা জানান রওশন এরশাদ। এ সময় তাদের ছেলে রাহ্গীর আল মাহে এরশাদ ওরফে সাদ এরশাদ তার সঙ্গে ছিল।

    এরশাদকে দেখার পর সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশর এরশাদ গণমাধ্যমে পাঠানা এক বিবৃতিতে তার চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতির এ ধারাবাহিকতা বজায় থাকলে জাতীয় পার্টির চেয়ারম্যান দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

    তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

  • আদালত এদের জামিন দিলে রুখে দাঁড়াতে হবে

    আদালত এদের জামিন দিলে রুখে দাঁড়াতে হবে

    বরগুনায় রিফাতের হত্যাকারীদের বিচারে দলীয় পরিচয়সহ স্থানীয় প্রভাব কোনো বাধা হতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

    শুক্রবার সকালে শিল্পকলা একাডেমীতে শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকীতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এ সময় সামাজিক অপরাধসহ সব অপরাধ রোধে দ্রুততম সময়ে বিচার সম্পন্নের ব্যাপারে জোর দেন তারা।

    সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার একেবারে প্রায়োরিটি বেসিসে সম্পন্ন করা হয়। এগুলো অন্য বিচারগুলোর মতো না। দ্রুততম সময়ের মধ্যে আমরা রায় কার্যকর করতে পারি, তার জন্য আইনমন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করবো।

    মোহাম্মদ নাসিম বলেন, আদালত এদের জামিন দিলে তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। আইন সবকিছুর উর্ধ্বে, তারমানে এই নয় এসব হত্যাকারীকে আপনারা আশ্রয় দেবেন। এদেরকে কোনো রাজনৈতিক আশ্রয় দেয়া যাবে না। আমি আমার নিজের দলকেও বলতে চাই, এ সমস্ত খুনিদের প্রশ্রয় দেবেন না দয়া করে।

  • গ্রীস পার্লামেন্ট নির্বাচনে এমপি প্রার্থী বরিশালের গৌরনদীর ছেলে জাকির

    গ্রীস পার্লামেন্ট নির্বাচনে এমপি প্রার্থী বরিশালের গৌরনদীর ছেলে জাকির

    সমগ্র গ্রীসে জাকির হোসেন অতি পরিচিত একটি নাম। গ্রীস পার্লামেন্ট নির্বাচনে এমপি প্রার্থী হচ্ছেন বাংলাদেশের ছেলে জাকির হোসেন বালি। তিনি বরিশালের আগৈলঝাড়ার পার্শবর্তী গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়নের কান্ডপাশা গ্রামের মোঃ লুৎফর রহমান বালি’র ছেলে।

    জাকির গ্রীসের এথেন্সে ৩০ বছর যাবৎ স্বপরিবারে বসবাস করে আসছে। পেশায় একজন ব্যবসায়ী। দীর্ঘদিন এথেন্সে থাকায় তিনি ঐ এলাকার লোকজনের সাথে মেলামেশা এবং এক পর্যায় রাজনীতির সাথে যুক্ত হন। ধীরে ধীরে রাজনৈতিক কর্মকান্ডে ব্যাপক শুনামও পরিচিতি লাভ করেন।

    বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে গ্রীসে মূলধারার সংস্কৃতির সমন্বিতকরণে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। গ্রীসের আধারছিয়া পার্টির তরুণ রাজনীতিক হিসেবে জাকির হোসেন বালী যেমন ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন, একইভাবে সমগ্র ইউরোপেও তিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তাঁর কর্ম ও প্রচেষ্টার মাধ্যমে। জাকির হোসেন বলেন, “প্রবাসী বাংলাদেশিদের গ্রীসে তথা সমগ্র ইউরোপে সম্মানের সাথে প্রতিষ্ঠিত করাই আমার স্বপ্ন।

    একসময় বাংলাদেশি প্রবাসীরা এখানে নানা রকম সমস্যার মুখোমুখি হতো, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতো, অনেক সংগ্রামের ফলে আমরা সেসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি। গ্রীসের পার্লামেন্টে এমপি নির্বাচিত হলে সর্বাগ্রে আমি বাঙালি সংস্কৃতিকে এ দেশের মূলধারার সংস্কৃতির সাথে পরিচিত করতে একনিষ্ঠভাবে কাজ করব।

    সেই সাথে এখানকার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ে সব রকম চেষ্টা চালিয়ে যাবো। জাকির হোসেন বালি আগামী ৭ই জুলাই গ্রীসের গ্রীস পার্লামেন্ট নির্বাচনে সংরক্ষিত আসনে জয়লাভ করবেন বলে আশাবাদী। তিনি যেন এই নির্বাচনে জয়লাভ ও বাংলাদেশের মুখউজ্জ্বল করতে পারেন সে জন্য বাংলাদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন।

  • অপরাধীদের রাতারাতি গ্রেফতার করা সম্ভব নয়: কাদের

    অপরাধীদের রাতারাতি গ্রেফতার করা সম্ভব নয়: কাদের

    বরগুনায় রিফাত হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপরাধ ঘটার পর রাতারাতি অপরাধীদের গ্রেফতার করা সম্ভব নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    তিনি বলেন, কোনো অপরাধ সংগঠনের পর অপরাধীরা পালানোর চেষ্টা করে এটাই স্বাভাবিক। তাই অপরাধীদের রাতারাতি গ্রেফতার করা সম্ভব হয় না। বরগুনায় রিফাত হত্যায় জড়িত ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যাতে পালাতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি বিএনপি সরকারের সময় ছিল। আওয়ামী লীগ সরকারের সময় কেউ অপরাধ করে পার পাই না। অপরাধ করে আমাদের এমপি কারাগারে আছে। সুতরাং বর্তমান সরকারের সময় অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে।

  • প্রশ্ন ফাঁসের খবর গুজব: গণশিক্ষা প্রতিমন্ত্রী

    প্রশ্ন ফাঁসের খবর গুজব: গণশিক্ষা প্রতিমন্ত্রী

    প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে গুজব ছড়ানো হয়েছে বলে দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেছেন, সরকার কঠোর অবস্থানের কারণে দেশে প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি হবে না।

    শুক্রবার (২৮ জুন) সকালে রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

    এসময় তিনি আরো বলেন,যে কোনো সঠিক তথ্য আমাকে দিলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিবো। গতবার গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমি খোঁজ নিয়েছি সব গুজব, এসবের বাস্তবতা নেই। বাংলাদেশে আর প্রশ্ন ফাঁস হবে না।