Category: রাজণীতি

  • গাজীপুরে বিএনপির দু’শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগদান

    গাজীপুরে বিএনপির দু’শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগদান

    গাজীপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

    শুক্রবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গীতে মহানগর আওয়ামী লীগের সভাপতির বাসভবনে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলমের হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগ দেন।

    আ.লীগে যোগদান করা নেতা হলেন, বিএনপির সাবেক গাছা ইউনিয়ন সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আ. হামিদ ও কেন্দ্রীয় তাঁতী দলের সহ-সভাপতিসহ দুই শতাধিক কর্মী।

    এ সময় নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যোগ দেয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

    এ সময় সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামী নির্বাচনে দেশরত্ম শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। এবং আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে প্রতি ঘরে ঘরে নৌকার জন্য ভোট চাইবেন।

  • বিএনপিতে অধ্যক্ষ আব্দুর রশীদ খান

    এক যুগ পর অভিমান ভেঙে বিএনপির রাজনীতিতে ফিরে এসেছেন দলটির বরিশাল বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির দুই ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও শামসুজ্জামান দুদুর হাতে ফুল দিয়ে বিএনপির রাজনীতে ফিরে আসেন তিনি। এ সময় তিনি বলেন, ‘নানা কারণে আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও আমি দল ছেড়ে যায়নি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের নির্দেশে আমি আবার দলে ফিরে সক্রিয়ভাবে রাজনীতি করতে চাই।’ তিনি বলেন, ‘দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশ শাসন করছে এক স্বৈরাচার সরকার। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এই সরকারকে মোকাবেলা করতে হবে।

    উল্লেখ্য, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির রাজনীতে নিষ্ক্রিয় হয়ে যান দলটির সাবেক এই সংসদ সদস্য। এরপর তাকে এলডিপি, আ’লীগ সহ একাধিক রাজনৈতিক দলের কর্মসূচীতে অংশ নিতে দেখা গেছে।

  • ব্যানার ফেস্টুন টানাতে হলে অনুমতি ও ন্যায্য ভাড়া দিতে হবে: সাদিক আবদুল্লাহ

    ব্যানার ফেস্টুন টানাতে হলে অনুমতি ও ন্যায্য ভাড়া দিতে হবে: সাদিক আবদুল্লাহ

    বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ব্যানার, ফেস্টুন, তোরন তৈরি করতে হলে বিভিন্ন সর্ত ছুড়ে দিলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় তিনি বলেন, নগরীর বিবির পুকুর পাড় ও অশি^নী কুমার হল চত্তর এলাকায় ব্যানার, ফেস্টুন ও তোরন তৈরি করা যাবে না।

    এছাড়াও নগরীর যে কোন স্থানে ব্যানার, ফেস্টুন ও তোরন তৈরি করতে হলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিতে হবে। পাশাপাশি বিসিসি কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ভাড়া দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারন করতে হবে। যারা এই আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মেয়র সাদিক আবদুল্লাহ।

    এসময় তিনি আরও বলেন, শহরের ভিতরে কোন ড্রেজারের পাইপ বা লাইন থাকতে পারবে না। আজ থেকে যদি কেউ এই আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও প্রশাসনকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি।

    নগরীকে সুন্দর ভাবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগীতাও কামনা করেন তিনি। নগরবাসী যদি তাকে সহযোগীতা করে তাহলে তিনি সুন্দর একটি বরিশাল নগরীর উপহার দিবেন বলেও ঘোষনা দেন।

  • বিএনপি নেতা নিপুন রায় গ্রেপ্তার

    বিএনপি নেতা নিপুন রায় গ্রেপ্তার

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা পল্টন থানায় তিনটি মামলা করা হয়। তিনটি মামলাতেই নিপুন রায়কে আসামি করা হয়েছে।

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

    পুলিশ জানিয়েছে, আজ রাত ৮টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে নিপুন রায় এবং সংগীত শিল্পী ও বিএনপি নেত্রী বেবী নাজনীনকে আটক করে পুলিশ। পরে বেবী নাজনীনকে ছেড়ে দেওয়া হয়। আর নিপুর রায়কে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

  • মেয়র পদে হেরে এমপি হতে চান তাপস

    মেয়র পদে হেরে এমপি হতে চান তাপস

    বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করে পরাজিত জাতীয় পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন তাপস এবার একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

    বৃহস্পতিবার দুপুরে ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের হাতে মনোনয়ন ফরম জমা দেন ইকবাল হোসেন তাপস।

    এ সময় বরিশাল জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন মানিক, আকতার রহমান, অ্যাডভোকেট জলিল, ফরহাদ হোসেন হাবিল, রুস্তম আলি খান, মঞ্জুরুল আলম খোকন, ফোরকান তালুকদার, ননি গোপালসহ বরিশাল জেলা ও মহানগর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল-৫ (সদর) আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী হয়ে একাদশ সংসদ নির্বাচনে লড়তে চান ইকবাল হোসেন তাপস।

    এর আগে গত ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন তাপস।

    ইকবাল হোসেন তাপস বলেন, সিটি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির কারণে আমরা বিজয়ের মুখ দেখতে পাইনি। এবার সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছি, সেইসঙ্গে দলীয় মনোনয়ন নিয়ে জয়ী হবো।

  • আমি কোনো দুর্নীতির দায়ভার নেব না : মেয়র সাদিক আবদুল্লাহ

    আমি কোনো দুর্নীতির দায়ভার নেব না : মেয়র সাদিক আবদুল্লাহ

    শামীম ইসলাম:

    বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, বিগত দিনে বিসিসিতে পুকুর চুরি নয়, সাগর চুরি হয়েছে। জনগণের টাকায় সিটি কর্পোরেশনের বিগত পরিষদগুলো জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিভিন্ন শাখার হিসেবের গরমিল অডিট করা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সদর রোডের সিটি মার্কেট, বঙ্গবন্ধু অডিটরিয়াম, সিসি ক্যামেরা এবং সেবক কলোনী নির্মাণে অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    বুধবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের চতুর্থ পরিষদের প্রথম সভায় মেয়র এসব কথা বলেন।

    মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, বাইরে থেকে সিটি কর্পোরেশন দেখতে যেমন ভেতরে তার চেয়েও খারাপ অবস্থা। এখানে কোনো রেকর্ড রুম নেই। কতজন কর্মকর্তা-কর্মচারী আছেন, কত টাকা রাজস্ব আদায় হয়, কি পরিমাণ সম্পদ আছে কেউ জানেন না। আগে তাদের বেতন দেয়া হতো নগদ টাকায়। এখন থেকে আমি ব্যাংক একাউন্ট কিংবা চেক ছাড়া কোনো নগদ টাকায় বেতন-ভাতা পরিশোধ করবো না। কারণ আমি কোনো দুর্নীতির দায়ভার নেব না।

    তিনি আরও বলেন, একটা পরিকল্পিত নগরী গড়তে দক্ষজনবল প্রয়োজন। সিটি করপোরেশনে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ২ হাজার ৬০০ কর্মকর্তা-কর্মচারী আছে। কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনে দক্ষ জনবল দেখছেন না। যারা গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে আছেন, তারা সেই পদের যোগ্য কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেন মেয়র সাদিক আব্দুল্লাহ।

    মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, টাকা কামানোর জন্য আমি সিটি কর্পোরেশন নির্বাচন করিনি। যারা সিটি কর্পোরেশনকে ব্যবসা প্রতিষ্ঠান মনে করছেন তাদের আগেভাগেই বিদায় হতে বলেন তিনি।

    তিনি বলেন, কমপক্ষে ৪ বছরের গ্যারান্টি দিয়ে যারা রাস্তা নির্মাণ করতে পারবেন তাদের দিয়ে রাস্তাঘাট নির্মাণ কাজ করানো হবে। নইলে সিটি কর্পোরেশনের নিজস্ব জনবল দিয়ে রাস্তাঘাট নির্মাণ করা হবে।

    মেয়র সাদিক বলেন, নগরীর চারপাশ দিয়ে ৪০ কিলোমিটার দীর্ঘ একটি রিং রোড নির্মাণ এবং সিটি কর্পোরেশনের আয়তন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সরকারি প্রয়োজন ছাড়া নগরীর মধ্যে কোনো রাস্তার পাশ দিয়ে ড্রেজার পাইপ বসাতে না দেয়া এবং নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের অশ্বিনী কুমার হল ও বিবিরপুকুর পাড়ে কোনো বিলবোর্ড ব্যানার স্থাপন করতে না দেয়ার কথাও জানান তিনি।

    বিসিসির সদ্য যোগদানকারী প্রধান নির্বাহী কর্মকর্তা খাইরুল আলমের সঞ্চলনায় অনুষ্ঠিত চতুর্থ পরিষদের সভায় বিসিসির প্রধান প্রকৌশলী খান মো. নুরুল ইসলাম ছাড়াও ৪০ জন সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল ছাত্রলীগ

    মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল ছাত্রলীগ

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ছাত্রলীগ। তা না হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে বিএনপি নেতা মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণাও দিয়েছে ছাত্রলীগ।

    রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ তোলেন মির্জা ফখরুল। তাঁর এই বক্তব্যে ক্ষুব্ধ ছাত্রলীগ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ‘গত বুধবার পুলিশের ওপর বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল’ শিরোনামে ব্যানার নিয়ে মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের নেতারা এই আল্টিমেটাম দেন।

    বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে শুরু হয়ে বিক্ষোভ-মিছিল। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত দেশের সম্পদ নষ্ট করেছে। তারা বাংলাদেশের মানুষের ভালো চায় না, শুধু ক্ষমতা চায়। নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপি-জামায়াতের ক্যাডাররা তত উচ্ছৃঙ্খল হচ্ছে। তাঁদের ব্যাপারে ছাত্রলীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রয়োজনে জীবন বাজি রাখতে হবে।

    সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘দেশের মানুষ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ের উসকানিতে ছাত্রদলের ক্যাডাররা আইনশৃঙ্খলা-বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলা করেছে। যানবাহন ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করে এর দায় চাপানো হয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর। হামলাকারীরা ছাত্রদল ও বিএনপির ক্যাডার। অথচ মির্জা ফখরুল তাঁদের ছাত্রলীগের হেলমেট-বাহিনী বলে মিথ্যাচার করেছেন। আমরা বিএনপি নেতাদের এ ধরনের মিথ্যাচার ও অপসংস্কৃতির নিন্দা জানাই।

  • এমসিকিউবিহীন প্রাথমিক সমাপনী রোববার শুরু

    এমসিকিউবিহীন প্রাথমিক সমাপনী রোববার শুরু

    প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে রোববার, ১৮ নভেম্বর। ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা। এই দুই পরীক্ষায় সারা দেশে মোট পরীক্ষার্থী ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন। এবারের পরীক্ষা থেকে বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) বাদ দেওয়া হয়েছে। মোট ছয়টি বিষয়ের প্রতিটিতে নম্বর ১০০।

    আজ বৃহস্পতিবার সচিবালয়ে এই পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। সাধারণ ধারার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক এবং মাদ্রাসার পঞ্চম শ্রেণি স্তরের শিক্ষার্থীদের নিয়ে ইবতেদায়ি শিক্ষা সমাপনী নামে এই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট পরীক্ষার্থীর মধ্যে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন পরীক্ষার্থী প্রাথমিকের এবং ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে অংশ নেবে। সারা দেশে মোট ৭ হাজার ৪১০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২টি কেন্দ্র বিদেশে অবস্থিত।

    লিখিত বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে যাবতীয় কর্মকাণ্ড শেষ করা হয়েছে। বিশেষ ব্যবস্থা ও নিরাপত্তার সঙ্গে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ কাজ শেষ করা হয়েছে। পরীক্ষার দিন সর্বোচ্চ নিরাপত্তায় প্রশ্নপত্র থানা হেফাজত থেকে কেন্দ্র সচিবের কাছে পৌঁছে দেওয়া হবে। আর দুর্গম ২০৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের বাইরেও অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।

    প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা ১টায়। ২০০৯ সাল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর পরের বছর থেকে শুরু হয় ইবতেদায়ি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা।

  • জনগণ নির্বাচন নিয়ে উৎসবমুখর হলে বিএনপির খারাপ লাগে

    জনগণ নির্বাচন নিয়ে উৎসবমুখর হলে বিএনপির খারাপ লাগে

    আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যখন নির্বাচন নিয়ে উৎসবমুখর হয়, তখন বিএনপির খুব খারাপ লাগে। সেটাই গতকাল (বুধবার) দেশবাসী দেখল।

    আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা এ মন্তব্য করেন।

    শেখ হাসিনা বলেন, সবাই দাবি করল, তাই নির্বাচন কমিশন নির্বাচনের সময় পিছিয়ে দিয়েছে। সবাই যখন আসল,তখন নির্বাচনের একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হলো। কিন্তু জনগণ যখন নির্বাচন নিয়ে উৎসবমুখর হয়, তখন বিএনপির খুব খারাপ লাগে। সেটাই গতকাল বুধবার দেশবাসী দেখল। কোনো কথা নেই বার্তা নেই, বিএনপির একটি মিছিল নিয়ে এসে মারপিট করল, পুলিশকে আহত করল এবং পুলিশের গাড়ি পোড়াল।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষ পোড়ানো ছাড়া বিএনপি কোনো কাজ করতে পারে না, এটাই ২০১৫ সালে তারা প্রমাণ করেছে। যা অত্যন্ত দুঃখজনক। যখন বাংলাদেশের মানুষ নির্বাচনে উৎসবমুখর, যখন সবাই খুশি নির্বাচন করবে, সাধারণ মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করবে, ঠিক সে সময়ই বিএনপি তাদের স্বরূপে আবার ফিরে এসেছে।

    শেখ হাসিনা আরও বলেন, এ ধরনের কাজ করার পর একজনের দোষ আরেকজনের ঘাড়ে দেওয়া “উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে” দেওয়ার বিষয়ে বিএনপি পারদর্শী। ছাত্রলীগ গেল কখন এবং যাবে কেন? ভিডিও ফুটেজও তো সবার চেহারা দেখা যাচ্ছে, একজনও কি ছাত্রলীগ-যুবলীগের কারও চেহারা আছে? সবই তো বিএনপির গুন্ডাদের চেহারা। সবাই তো বিএনপির।

    ৪ হাজার ২৩ জন মনোনয়ন প্রত্যাশীর বিষয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের সঙ্গে কিছু কথা হয়েছে। এত প্রার্থীর মধ্যে প্রার্থী বেছে নেওয়া কঠিন কাজ। তারপরও মনোনয়ন বোর্ড বসেছে, যাচাই-বাছাই করে ঠিক করা হবে। এ সময় তিনি বলেন, ‘আমি আশা করি, জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের জীবন মানের উন্নয়ন নিশ্চিত করবে।

  • ৬৫ থেকে ৭০টি আসন শরিকদের মধ্যে ভাগাভাগির লক্ষ্য নিয়ে এগোনো হচ্ছে: কাদের

    ৬৫ থেকে ৭০টি আসন শরিকদের মধ্যে ভাগাভাগির লক্ষ্য নিয়ে এগোনো হচ্ছে: কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৬৫ থেকে ৭০টি আসন শরিকদের মধ্যে ভাগাভাগি হবে। এ লক্ষ্য নিয়ে এগোনো হচ্ছে। এটা কমতেও পারে, আবার বাড়তেও পারে।

    আজ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, শরিকদের আসন দেওয়ার বিষয়টি নির্ভর করছে জয়ী হওয়ার মতো প্রার্থীর ওপর। শরিকেরা কতজন জয়ী হওয়ার মতো প্রার্থীদের চান, চাইলে তো হবে না। আবার আওয়ামী লীগের সবাই মনোনয়ন পাবেন না। আওয়ামী লীগেরও যাঁরা জয়ী হওয়ার মতো, তাঁরা মনোনয়ন পাবেন।

    এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,‘ প্রতিপক্ষ যদি বড় ধরনের জোটে যায়, তাহলে তো স্বাভাবিক কারণে আমরাও যাব। অনেকই আমাদের সঙ্গে জোট করতে চায়। আজ ৩৯–দলীয় একটি জোট এসেছিল, তারা নির্বাচনে আমাদের সঙ্গে কাজ করতে চায়। তাদের মধ্যে নিবন্ধিত দুটি দলও ছিল, কিন্তু তাদের কোনো প্রার্থীর লিস্ট ছিল না। তিনি আরও বলেন, যুক্তফ্রন্ট আমাদের জোটে আসবে এটাতে কোনো সন্দেহ নেই। যুক্তফ্রন্ট এখনো আমাদের কাছে আসন তালিকা পাঠায়নি, তালিকা পাঠানো হলে আমরা তাদের সঙ্গে বসব।

    ওবায়দুল কাদের বলেছেন, সংসদীয় মনোনয়ন বোর্ডের দ্বিতীয় সভা আজ অনুষ্ঠিত হয়েছে। এই দুটি সভায় নির্বাচনের মনোনয়নসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগের কাছে দেশি–বিদেশি পাঁচ থেকে ছয়টি জরিপ প্রতিবেদন আছে, এ প্রতিবেদনগুলো দেখা হবে। এখনো আমরা আনুষ্ঠানিক মনোনয়ন পর্ব শুরু করিনি। তিনি বলেন, ‘দলীয় প্রার্থীদের মনোনয়নে যেন জনমতের প্রতিফলন হয়, সে জন্য বোর্ডের সব সদস্য রিপোর্টগুলো স্টাডি করছি। আগামীকাল অনানুষ্ঠানিকভাবে রিপোর্ট পর্যালোচনা হতে পারে। আমরা আশা করছি, দু-এক দিন পরে আনুষ্ঠানিক আলোচনা করে মনোনয়ন চূড়ান্ত করব।

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।