Category: রাজণীতি

  • প্রতিটি জেলখানায় কোর্টরুম স্থাপনের অনুশাসন প্রধানমন্ত্রীর

    প্রতিটি জেলখানায় কোর্টরুম স্থাপনের অনুশাসন প্রধানমন্ত্রীর

    মামলার আসামিদের হাজিরার তারিখে জেলখানা থেকে আদালতে আনার ঝামেলা থেকে বাঁচতে দেশের প্রতিটা জেলখানায় একটা করে কোর্টরুম স্থাপনের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের প্রতিটা জেলখানায় একটা করে কোর্টরুম স্থাপন করতে হবে। এতে করে মামলা পরিচালনা সুবিধা হবে।

    মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ অনুশাসন দেন। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।

    এদিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় মোট ১৯ হাজার ৭৭৮ কোটি টাকার ২১ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় ৬২৫ কোটি টাকা ব্যয়ে ‘কুমিল্লা কেন্দ্রীয় কারাগার পুনঃনির্মাণ’ প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী বলেন, প্রতিটা জেলখানায় একটা করে কোর্টরুম রাখতে হবে। ফিজিক্যালি হাইকোর্টে না এনে যাতে এখানে মামলা পরিচালনা করা যায়।

    জেলখানা শাস্তির স্থান না করে পুনর্বাসনের স্থান হিসেবে বিবেচনা করা হবে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, এখানে তাঁতসহ নানা ধরনের উৎপাদনমুখী কাজ করা হবে। এখান থেকে যে আয় হবে কয়েদিদের তা থেকে ভাগ দেওয়া হবে। প্রতিটি জেলখানায় একটা টেলিফোন বুথ থাকবে। যাতে করে কয়েদিরা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।

  • ডিবি কার্যালয়ে মইনুল : মঙ্গলবার নেয়া হবে আদালতে

    ডিবি কার্যালয়ে মইনুল : মঙ্গলবার নেয়া হবে আদালতে

    রংপুরের একটি মামলায় গ্রেফতার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার তাকে ঢাকা মহানগর আদালতে নেয়া হবে।

    সোমবার রাতে রবের বাসা যান ব্যারিস্টার মইনুল হোসেন। এরপরই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাটি ঘিরে ফেলে। সোমবার রাত ১০টার দিকে উত্তরাস্থ আসম আবদুর রবের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি (উত্তর) একটি টিম।

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুরের একটি মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

    রাত পৌনে ১১টায় তিনি বলেন, ব্যারিস্টার মইনুলকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) রংপুরের মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে সোপর্দ করা হবে।

    জিজ্ঞাসাবাদ করার ব্যাপারে তিনি বলেন, আমরা গ্রেফতার করেছি মাত্র। কাল আদালত অনুমতি দিলে জিজ্ঞাসাবাদ করবে ডিবি পুলিশ।

    উল্লেখ্য, সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি এলাকায় মানহানির মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে কয়েকটিতে তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

    গত ১৬ অক্টোবর একাত্তর টেলিভিশনের টক শো ‘একাত্তরের জার্নাল’ এ ব্যারিস্টার মইনুল হোসেনকে সাংবাদিক মাসুদা ভাট্টি প্রশ্ন করেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন- আপনি বলেছেন আপনি নাগরিক হিসেবে উপস্থিত থাকেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আপনি জামায়াতের প্রতিনিধি হয়ে সেখানে উপস্থিত থাকেন।’

    মাসুদা ভাট্টির এই প্রশ্নে রেগে গিয়ে মইনুল হোসেন বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামায়াতের কানেকশনের কোনো প্রশ্নই নেই। আপনি যে প্রশ্ন করেছেন তা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’

  • শপথ নিয়েই নেতাকর্মীদের নিয়ে জাতীর জনকের মাজারে গেলেন বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ

    শপথ নিয়েই নেতাকর্মীদের নিয়ে জাতীর জনকের মাজারে গেলেন বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ

    শেখ সুমন :

    বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠ করার পরে নেতাকর্মীদের নিয়ে জাতীর জনকের মাজার জিয়ারত করতে গেলেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সোমবার রাত সাড়ে ৭টার দিকে তিনি সেখানে পৌছে নব নির্বাচিত কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন।

    এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ-সভাপতি বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহবুবু উদ্দিন বীর বিক্রম, বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল সহ আওয়ামী লীগ, ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী।

    সোমবার বেলা ১১টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ৪০ কাউন্সিলর ও নারী কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

  • ৮১ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারি করা হয়েছে : মতিয়া চৌধুরী

    ৮১ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারি করা হয়েছে : মতিয়া চৌধুরী

    কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রাইভেটাইজেশন  কমিশনের সুপারিশে দেশের ৮১টি রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানা ও প্রতিষ্ঠান বেসরকারী খাতে হস্তান্তরের করা হয়েছে।

    স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২৩তম অধিবেশনের প্রথম দিনে সরকার দলীয়  আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের (মাদারীপুর-৩) এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

    সংসদে মন্ত্রীর দেয়া তথ্যমতে, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বেসরকারিকরণকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানার সংখ্যা ১৯টি। মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বেসরকারি করণকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানার সংখ্যা চারটি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বেসরকারিকরণকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানার সংখ্যা ৩০টি।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে বেসরকারিকরণকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানার সংখ্যা পাঁচটি। শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে বেসরকারিকরণকৃত প্রতিষ্ঠানের সংখ্যা ২০টি। অর্থমন্ত্রণালয়ের অধীনে বেসরকারিকরণকৃত রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানার সংখ্যা তিনটি। সেগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

  • ১০ বছরে রাজধানীতে ৩৮৮.৯৬ কিমি ফুটপাত নির্মাণ

    ১০ বছরে রাজধানীতে ৩৮৮.৯৬ কিমি ফুটপাত নির্মাণ

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেছেন, গত ১০ বছরে রাজধানীতে ৩৮৮.৯৬ কিমি ফুটপাত নির্মাণ হয়েছে।

    স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২৩তম অধিবেশনের প্রথম দিনে সরকারি দলের এম. আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

    তিনি বলেন, বর্তমানে ২০.৪২ কিলোমিটার ফুটপাত নির্মাণ ও উন্নয়ন কাজ চলমান রয়েছে। ভবিষ্যতে আরো ৮২.৪২ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হবে।

    তিনি আরো বলেন,  ঢাকা উত্তর সিটিতে ১৯৩.৭১ ও দণি সিটিতে ১৯৫.২৫ কিলোমিটার ফুটপাত নির্মাণ করা হয়েছে। এরমধ্যে ৮০ কিলোমিটার প্রতিবন্ধীবান্ধব ফুটপাত নির্মাণ করা হয়েছে।

    তিনি বলেন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সর্বদা ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ করতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এসময় মন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় তার পে উত্তর দেন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা।

  • তরুণ প্রজন্মের জন্য নিজেকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

    তরুণ প্রজন্মের জন্য নিজেকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

    তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের বর্তমানকে উৎসর্গ করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার বর্তমান পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সম্ভাব্য সবধরনের পদক্ষেপ গ্রহণ করবে।

    তিনি বলেন, ‘আমার বর্তমানকে আমি উৎসর্গ করেছি তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য, তারাই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে। যতক্ষণ ক্ষমতায় আছি পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপই গ্রহণ করবো।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলে ‘মোবাইল নাম্বার পোর্টেবিলিটি’ (এমএনপি) সেবার উদ্বোধনকালে প্রদত্ত ভাষণে এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আমার বর্তমানকে উৎসর্গ করছি তরুণদের ভবিষ্যতের জন্য। আমাদের বর্তমান, আমরা তো চলেই যাচ্ছি। আমাদের বর্তমানে যতটুকু কাজ আমরা এগুতে পারি সেটা আমরা উৎসর্গ করেছি তরুণ প্রজন্মের জন্য।

    তিনি বলেন, তারা আমাদের ভবিষ্যতকে গড়ে তুলবে, এগিয়ে নিয়ে যাবে। এই চলার গতিটা যেনো কখনো থেমে না যায়।

    তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমাদের ছেলে মেয়েদের এটাই বলবো যে মনযোগ দিয়ে লেখাপড়া শিখতে হবে। আর প্রযুক্তি ব্যবহারে আরো অভ্যস্ত হতে হবে। প্রযুক্তির ক্ষেত্রে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যতদিন যায় প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি বের হয়।

    শেখ হাসিনা বলেন, আমরা যতদিন ক্ষমতায় আছি এই পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য যা যা পদক্ষেপ নেয়া দরকার সেই পদক্ষেপগুলো আমরা নেবো।

    ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার অনুষ্ঠানে বক্তৃতা করেন।

    বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

    ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, নাহিন রাজ্জাক এমপি এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মোবাইল অপারেটর সার্ভিসের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে এমএনপি সার্ভিসের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়। বহুল প্রতীক্ষিত এই এমএনপি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও পরীক্ষামূলকভাবে ১ অক্টোবর থেকে দেশে এর বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। বিশ্বে ৭২তম দেশ হিসেবে এই সার্ভিস বাংলাদেশে চালু করেছে সরকার।

  • গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

    গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

    সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

    সৌদি আরব সফর নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করছেন। গত ১৬ অক্টোবর মঙ্গলবার থেকে ১৯ অক্টোবর শুক্রবার পর্যন্ত সৌদি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর প্রতিরক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়।

    সৌদি সফরের সময় ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সদ্য নির্মিত নিজস্ব ভবনের উদ্বোধন করেন। ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী মহানবী হযরত (সা.) পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন। ওই দিন তিনি মদিনা থেকে মক্কা যান এবং রাতে পবিত্র ওমরাহ পালন করেন। একই দিনে প্রধানমন্ত্রী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের জন্য সদ্য কেনা জমিতে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

    ২০১৬ সালের পর রিয়াদে এটি হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি বাদশাহর দ্বিতীয় বৈঠক। এ ছাড়া ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এটি প্রধানমন্ত্রীর চতুর্থ সৌদি সফর। এ বছরের এপ্রিলে সৌদি নেতৃত্বাধীন ২৩-দেশের যৌথ সামরিক মহড়া ‘গালফ শিল্ড-১ ’এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি সর্বশেষ সৌদি আরব গিয়েছিলেন।

    প্রধানমন্ত্রী ১৯ অক্টোবর দেশে ফেরেন।

    বিদেশ সফরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে সফর সম্পর্কে অবহিত করেন। তিনি সাংবাদিকদের নানা প্রশ্নেরও জবাব দেন। এসব প্রশ্নে তাঁর সফর, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা স্থান পায়।

    প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে সর্বশেষ সংবাদ সম্মেলনটি করেছিলেন।

  • বরগুনায় আসবেন ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী

    বরগুনায় আসবেন ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ অক্টোবর শুধু পটুয়াখালী নয়, বরগুনায়ও আসবেন। এমনটাই নিশ্চিত করেছেন বরগুনা জেলা আওয়ামীলীগের একটি বিশ্বস্ত সূত্র।

    সূত্র মতে তিনি তালতলী সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বক্তব্য রাখবেন। তবে এ বিষয়ে ২১ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত প্রশাসনিক কোন চিঠি পায়নি জেলা প্রশাসন।

    তবে এ বিষয়ে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুনাম দেবনাথ জানান, ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী পটুয়াখালীতে আসার কথা জেনে বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু প্রধানমন্ত্রীকে বরগুনায় আসার অনুরোধ করেন। তার অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ অক্টোবর রবিবার সন্ধায় সম্মতি প্রদান করে জানান ২৭ অক্টোবর পটুয়াখালী থেকে বরগুনায়ও আসবেন তিনি।

    প্রধানমন্ত্রীর আগোমনের খবর শুনে জেলা আওয়ামীলীগ সহ সাধারণ মানুষের মধ্য আনন্দ বিরাজ করছে । ইতিমধ্যে নানা প্রস্তুতি শুরু করেছে জেলা আওয়ামীলীগ।

    জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মজিবুল হক কিসলু জানান, ২২ অক্টোবর সন্ধায় জেলা আওয়ামীলীগের সভা অনুষ্ঠিত হবে এবং সভার সিদ্ধান্ত মতে প্রচার ও প্রস্তুতি নিবেন তারা।

    বরগুনার নতুন নির্মিত হাসপাতাল ভবন সহ নানা উন্নয়ন কর্মকান্ডের উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী।

  • পুলিশের বেষ্টনীতে বরিশালে শ্রমিক দলের মানববন্ধন

    পুলিশের বেষ্টনীতে বরিশালে শ্রমিক দলের মানববন্ধন

    শেখ সুমন :

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে দণ্ডিত করার প্রতিবাদে বরিশালে পুলিশের কঠোর বেষ্টনীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শ্রমিকদল।

    বরিশাল জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মহানগর বিএনপি’র সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক বশির আহমেদ, শ্রমিক দল কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এমজি ফারুক প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে সরকার। মামলা দিয়ে হয়রানি করছে। তারা আবারও অবৈধ উপায়ে ক্ষমতায় আসতে চায়। জনগণ তাদের এই ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।

    এদিকে শ্রমিক দলের মানববন্ধন উপলক্ষে বিএনপি কার্যালয়সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

  • সরকার ও ইসির কাছে ৭ দফা ও ১১ লক্ষ্য তুলে ধরা হবে

    সরকার ও ইসির কাছে ৭ দফা ও ১১ লক্ষ্য তুলে ধরা হবে

    জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য লিখিতভাবে সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন জোটের নেতারা।

    রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের স্টিয়ারিং কমিটি ও সমন্বয়ক কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়।

    সভা শেষে জোট নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, লিখিতভাবে সরকার এবং নির্বাচন কমিশনের কাছে ৭ দফা ও ১১ লক্ষ্য তুলে ধরা হবে।

    আ স ম রব বলেন, ২৬ অক্টোবর দেশের সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা করবে ঐক্যফ্রন্ট। রাজধানীর হোটেল পূর্বানিতে হবে এ সভা হবে। পূর্বঘোষিত রাজশাহীর সভাটি ৩০ তারিখের পরিবর্তে ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

    তিনি বলেন, ঐক্যফ্রন্টের কর্মসূচির মধ্যে আরও রয়েছে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়, দেশের পেশাজীবী, ওলামা-মাশায়েখদের সঙ্গেও মতবিনিময় করবে ঐক্যফ্রন্ট।

    রব বলেন, সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে ড. কামাল হোসেন প্রধান অতিথি। প্রধান বক্তা থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র আরিফুল হক।

    তিনি আরও বলেন, আগামী ২৩ অক্টোবর আমাদের জনসভা ছিল। কিন্তু সরকার অনুমতি দিয়েও বাতিল করেছে। এর বিরুদ্ধে গতকাল আমাদের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টে রিট করেছেন। ‘সরকারি দল নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। কিন্তু বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেয়া হবে না কেন’ মর্মে রিট করেন তিনি। রিটে সরকারের ওপর সমন জারি হয়েছে। ফলে সরকার আমাদেরকে ২৪ তারিখ সভা করার অনুমতি দেয়।

    জেএসডি সভাপতি বলেন, আমরা বলেছিলাম, যেকোনো উপায়ে সিলেটে যাবো। বাইরে বা ঘরে যদি সভা করতে না দেন তাহলে মাজার জিয়ারত করবো। আমার মনে হয় আমরা যেকোনো চাপের মুখে পিছু হটবো না তা সরকার বুঝতে পেরেছে। তাই অনুমতি দিয়েছে। তার জন্য সরকারকে ধন্যবাদ। আশা করি ২৭ অক্টোবর চট্টগ্রামে আমাদের জনসভায় কোনো বাধা দেবে না সরকার।

    এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং সিলেটে জনসভার আগেই নিঃশর্ত মুক্তির দাবি জানান রব।

    বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্যসচিব আ ব ম মোস্তফা আমীন, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, নাগরিক ঐক্যের নেতা শহীদুল্লাহ কায়সার প্রমুখ।