Category: শিক্ষাঙ্গন

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

    অনলাইন ডেস্ক:

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের আন্দোলনের চারদিন পরে আজ শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হতে পারে সিন্ডিকেট সভা।

    উদ্ভুদ্ধকর পরিস্থিতি মোকাবেলায় ঢাকা কলাবাগানে লিয়াজো অফিসে উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    এদিকে ববির গোটা ক্যাম্পাস ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি থাকলেও বিকেল থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ এবং সন্ধ্যায় ভিসির পদত্যাগ দাবিতে মশাল মিছিল করেন । তাছাড়া বনানীতে অগ্নিকান্ডে নিহতের ঘটনায় কালোব্যাচ ধারণ কর্মসূচিও রয়েছে তাদের।

    অপরদিকে আন্দোলনের কারণে ও শুক্রবার হওয়ায় ববি ক্যাম্পাস কিছুটা ফাঁকা হয়ে গেছে। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ’র কারণে হোস্টেলের বাইরেরও অনেক শিক্ষার্থীই ক্যাম্পাস ছেড়েছেন। তবে হলের বেশিরভাগ শিক্ষার্থী এখনো সেখানেই অবস্থান করবেন।

    শিক্ষার্থীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাদ দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদ করায় ভিসি এসএম ইমামুল হক শিক্ষার্থীদের ‘রাজাকারের সন্তান’ বলে গালি দেন। এর প্রতিবাদে গত ২৬ মার্চ থেকে তারা লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।

    শিক্ষার্থীরা বলেন, ‘রাজাকারের সন্তান’ বলে গালি দেওয়ায় ভিসি নিজে থেকে এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইবেন এবং তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নেবেন। পাশাপাশি তাকে পদত্যাগ করতে হবে।

    এ দাবি না মানা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে আন্দোলনকারীরা বলেন, শুক্রবার বিকেলে ভিসি’র অপসারণ দাবিতে ক্যাম্পাসের শহীদ মিনারে অবস্থান ও সন্ধ্যায় মশাল মিছিল বের করেন তারা।

    ববির উপচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের উদ্ভূতকর পরিস্থিতি নিয়ে সন্ধ্যা ৬টায় রাজধানীর কলাবাগানে লিয়াজো অফিসে সিন্ডিকেটের জরুরি সভা হবে। এর মাধ্যমে ক্যাম্পাসে শান্তি বজায় ও শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে।

    উপাচার্য আরও বলেন, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায়, শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

    কিন্তু তারা হল ত্যাগ না করে আন্দোলন করছেন। কোনো একটি বিশেষ মহল এর পেছনে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।

  • ছাত্ররা চাইলে হলে থাকতে পারবে, জোর জবরদস্তির কিছু নেই’: ববি প্রক্টর সুব্রত

    ছাত্ররা চাইলে হলে থাকতে পারবে, জোর জবরদস্তির কিছু নেই’: ববি প্রক্টর সুব্রত

    প্রশাসনের নির্দেশ অমান্য করে শিক্ষার্থীদের হলে অবস্থান নেওয়ার বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, ‘এটাতো জোর জবরদস্তির কিছুনা।

    তারা (ছাত্ররা) হলে থাকতে চাইলে থাকতে পারবে, না চাইলে থাকবে না। এটাতো আলোচনার বিষয় ছিল, তারা যেতে চায়নি। কি করার? থাকবে। ছাত্রদের সাথে তো আমাদের অ্যাকশনের সম্পর্ক না।’

    বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদেরকে বিকেল পাঁচটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

    সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে শিক্ষার্থীরা একযোগে হলে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ছাত্রীদের হলে অবস্থান করতে দেয় শেখ হাসিনা হল কর্তৃপক্ষ।

    শেষ খবর পাওয়া পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের তিন হলে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারা রাতে সেখানেই থাকবে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়।

    উল্লেখ্য, গেলো মঙ্গলবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে চলমান আন্দোলনের সূত্রপাত হয়। আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেওয়ায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।

    এ ঘটনায় উপাচার্য প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

  • ববির শিক্ষার্থীদের সাথে কোটা আন্দোলনকারীদের একাত্মতা প্রকাশ

    ববির শিক্ষার্থীদের সাথে কোটা আন্দোলনকারীদের একাত্মতা প্রকাশ

    নিউজ ডেস্ক:

    ভিসির পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো লাগাতার আন্দোলন করছে।

    আজ শুক্রবার বিকেল ৪টা থেকে পুনরায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

    শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু তাতেও শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ভাটা পড়েনি।

    এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে।

    বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহবায়ক রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমরা সাংগঠনিকভাবে একাত্মতা পোষণ করছি। তাদের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক।

    বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি-দাওয়া আদায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ, হীন ও বিদ্বেষমূলক (রাজাকারের বাচ্চা) বক্তব্য দেওয়ার মাধ্যমে শুধু ঐ বিশ্ববিদ্যালয়েরই নয় পুরো দেশের ছাত্রসমাজকে ক্ষুদ্ধ ও অপমানিত করেছেন।

    বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো সম্মানিত ও দায়িত্বশীল পদে থেকে শিক্ষার্থীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্য শিক্ষাঙ্গণের দুরাবস্থাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যে শিক্ষকগণের কাছ থেকে শিক্ষার্থীরা নীতি-নৈতিকতা শিখবে তাদের আচরণ এমন হলে শিক্ষার্থীদেরকে তারা কি শিখাবেন?

    শিক্ষাঙ্গণে রাজনৈতিক বিবেচনায় লেজুরবৃত্তি রাজনীতি করা শিক্ষক কিংবা প্রশাসক নয়, জ্ঞান-গরিমায় পান্ডিত্যপূর্ণ শিক্ষক এবং শিক্ষার্থীবান্ধব যোগ্য প্রশাসন চাই।

    বৃহস্পতিবার সকাল ৮টা থেকে হল ত্যাগ না করে ক্যাম্পাসে জড়ো হয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণাও হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

    শফিকুল নামের এক শিক্ষার্থী জানান, শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারা। মাত্র দুইদিনের আন্দোলনে ভীত সন্ত্রস্ত হয়ে ভিসি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন।

  • ভিকারুননিসার অধ্যক্ষ ও শাখা প্রধানের বিরুদ্ধে চার্জশিট

    ভিকারুননিসার অধ্যক্ষ ও শাখা প্রধানের বিরুদ্ধে চার্জশিট

    পিতামাতাকে অপমানের বোঝা সইতে না পেরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও শাখা প্রধানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

    আজ বৃহস্পতিবার মামলা তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক কাজী কামরুল ইসলাম প্রসিকিউশন শাখায় ওই চার্জশিট জমা দেন।

    ঢাকার সিএমএম আদালতে রাজধানীর পল্টন থানার প্রসিকিউশন কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান. মামলায় তৎকালীন স্কুল শাখার অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তারকে চার্জশিটে আসামি করা হয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমানিত হয়নি বলে শ্রেনী শিক্ষিকা হাসনা হেনাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। তিন আসামিই জামিনে রয়েছেন।

    অরিত্রির আত্মহত্যার ঘটনায় গত বছরের ৪ ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে দন্ডবিধির ৩০৫ ধারায় ওই তিনজনকে আসামি করে মামলা করেন।

    এজাহারে বলা হয়েছে, বার্ষিক পরীক্ষা চলছিল। গত ২ ডিসেম্বর স্কুলে সমাজবিজ্ঞান পরীক্ষা চলাকালে শিক্ষকরা অরিত্রীর কাছে মোবাইল ফোন পান। স্কুল কর্তৃপক্ষ তাদের (বাবা-মা) ডেকে পাঠায়। পরের দিন স্কুলে গেলে কর্তৃপক্ষ তাদের জানায়, অরিত্রি মোবাইল ফোনে নকল করছিল, তাই তাকে বহিষ্কারের (টিসি) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ অরিত্রির সামনে তাকে অনেক অপমান করে। ওই অপমান ও পরীক্ষা আর দিতে না পারার মানসিক আঘাত সইতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

    প্রসঙ্গত, আত্মহত্যার ওই ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের ৫ ডিসেম্বর ওই তিনজনকে বরখাস্ত করা হয়।

  • দুঃস্থ শিশুদের প্রশিক্ষণ দিয়ে প্রতিষ্ঠিত করা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

    দুঃস্থ শিশুদের প্রশিক্ষণ দিয়ে প্রতিষ্ঠিত করা হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

    গাজীপুরে ঢাকা বিভাগের সরকারি শিশু পরিবারসহ অন্যান্য প্রতিষ্ঠানের দুঃস্থ শিশুদের নিয়ে দুই দিনব্যাপী বিভাগীয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

    বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের কোণাবাড়ির দুঃস্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

    ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মিনা মাসুদ উজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির, গাজীপুর জেলা সমাজসেবার উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম প্রমুখ।

    এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আপনারা মা-বাবার অবর্তমানে এ শিশুদেরও সেবা আদর-যত্ন দিয়ে বড় করে তুলছেন, আমরা আপনাদের পাশে আছি ভবিষ্যতেও থাকবো। সমাজ সেবা প্রতিষ্ঠান থেকে এসব শিশুরা সুশিক্ষা গ্রহণ শেষে তাদের চাকরি ও প্রত্যেককে কর্মসংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত করা হবে।

    এর আগে প্রতিমন্ত্রী কোণাবাড়ির দুঃস্থ শিশুদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পৌঁছালে নিবাসীর শিশুরা তাকে গার্ড অব অনার প্রদান করে। প্রতিমন্ত্রী শিশুদের শারীরিক কসরৎ ও নৈপুণ্য উপভোগ করেন।

    কুচকাওয়াজে মানিকগঞ্জের সরকারি শিশু পরিবার (বালিকা) ও ডিসপ্লে প্রদর্শনে তেজগাঁও সরকারি শিশু পরিবারকে (বালিকা) চ্যাম্পিয়ন এবং মুন্সীগঞ্জের শ্রীনগরের ভাগ্যকুলের সরকারি শিশু পরিবার ও মানিকগঞ্জের সরকারি শিশু পরিবার দলকে রানার আপ ট্রপি পুরস্কার প্রদান করা হয়।

    দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঢাকা বিভাগের ২২টি প্রতিষ্ঠানের শিশুরা অংশগ্রহণ করবে।

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ ক্যাম্পাসেই শিক্ষার্থীদের বিক্ষোভ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ ক্যাম্পাসেই শিক্ষার্থীদের বিক্ষোভ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ এবং বিকেলের মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি হল ত্যাগ না করার ঘোষণা দিয়েছেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

    শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে ভিসির ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদ এবং ওই উক্তি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

    এছাড়া তারা টিএসসিতে পাঠদান না করানো, সেমিনার রুমের ভাড়া ৩ হাজার টাকা থেকে কমিয়ে ৫শ টাকা করা এবং সকল জাতীয় দিবস শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে উদযাপন করার দাবি তুলেছেন। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

    jagonews

    ছবি: সংগ্রহ।

    গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে বৈকালিন চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়নি। এতে শিক্ষার্থীরা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের বাইরে প্রতিবাদ জানান। এ ঘটনায় ভিসি ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলেন বলে দাবি শিক্ষার্থীদের। এর প্রতিবাদে এবং ভিসির ওই উক্তি প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে একক ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন উপাচার্য।

    jagonews

    ছবি: সংগ্রহ।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক বলেন, গত বুধবার মুষ্টিমেয় শিক্ষার্থীরা শিক্ষকদের জিন্মি করেছিল। এভাবে চলতে দেয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-সাধারণ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি সম্পদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয়, স্বার্থাস্বেষী মহলের ইন্ধনে একটি বিশেষ গোষ্ঠী আন্দোলনের নামে অরজকতা করছে। এটা বাড়াবাড়ির পর্যায়ে পড়ে। কেউ ক্যাম্পাসে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।

  • আবরার হত্যা মামলায় কনডাক্টর ও হেলপার রিমান্ডে

    আবরার হত্যা মামলায় কনডাক্টর ও হেলপার রিমান্ডে

    বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হওয়ার ঘটনায় সু-প্রভাত বাসের কনডাক্টর ইয়াছিন আরাফাত ও হেলপার ইব্রাহিমকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    বুধবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরীফুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    মামলা তদন্তকারী কর্মকর্তা কাজী শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

    এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাতে চাঁদপুরের শাহরাস্তি থানার সুচিপাড়ার মিজানের ইটভাটায় অভিযান চালিয়ে কনডাক্টর ইয়াছিন আরাফাত ও তার দেয়া তথ্যানুযায়ী বুধবার সকালে রাজধানীর মধ্যবাড্ডা এলাকা থেকে হেলপার ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।

    ২০ এপ্রিল সু-প্রভাত বাসের চালক সিরাজুল ইসলামের (২৪) বিরুদ্ধে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    উল্লেখ্য, ১৯ মার্চ সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত (ঢাকা-মেট্রো-ব-১১-৪১৩৫) বাসের চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন।

    এদিন দিবাগত রাতে নিহত আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় বাসের চালক সিরাজুল ইসলাম, তার সহকারী, কন্ডাক্টর ও মালিককে। মামলার ধারা পেনাল কোডের ২৭৯/ ৩৩৮ (ক)/৩০৪/ ও ১০৯ । মামলা নং ৩০।

    মামলার অভিযোগে বাদী বলেন, বাসটির চালক বেপরোয়া ও দ্রুতগতিতে বাড্ডার দিক থেকে প্রগতি সরণি রোড দিয়ে কুড়িলের দিকে যাওয়ার পথে গুলশান থানাধীন শাহাজাদপুরের বাঁশতলায় পথচারী সিমথিয়া সুলতানা মুক্তাকে (২০) চাপা দিয়ে রক্তাক্ত জখম করে।

    আবারও বেপরোয়াভাবে দ্রুতগতিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়ি চালিয়ে গুলশান থানাধীন নর্দ্দা আইকন টাওয়ারের সামনে প্রগতি সরণির পাকা রাস্তার ওপর জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় আমার ছেলে আবরার আহাম্মেদ চৌধুরীকে চাপা দিয়ে বাস তার মাথার ওপর দিয়ে চালিয়ে যায়। ফলে তার মাথা থেতলে মগজ বের হয়ে যায়। ঘটনাস্থলে সে মারা যায়।

    ২০ এপ্রিল ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেন।

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় উত্তপ্ত ক্যাম্পাস

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় উত্তপ্ত ক্যাম্পাস

    অনলাইন ডেস্ক:

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোই এবং এর প্রবাদ করায় উপাচার্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলার অভিযোগ এনে তারা এ বিক্ষোভ করছেন।

    বুধবার সকাল ৮টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা ক্লাসে যোগ দেননি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

    জাতীয় বিভিন্ন দিবসে বিশ্ববিদ্যালয়ে বাইরের অতিথিদের নিয়ে সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গার্ডেন পার্টি, চা পার্টি, ব্যুফে ডিনার আয়োজন করা হলেও সাধারণ শিক্ষার্থীরা সেখানে কেউ অংশগ্রহণ করতে পারে না। এর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

    আন্দোলনরত একাধিক শিক্ষার্থী জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত মঙ্গলবার ক্যাম্পাসে বৈকালিন চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়নি। এ কারণে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের বাইরেই প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

    এ ঘটনায় ভিসি ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলেন বলে দাবি শিক্ষার্থীদের। এর প্রতিবাদে এবং ভিসির ওই উক্তি প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

    আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তাদের মনোরঞ্জন করেন। অথচ সাধারণ শিক্ষার্থীরা আপ্যায়নের অনুষ্ঠানে কেউ অংশগ্রহণ করতে পারে না। সাধারণ শিক্ষার্থীদের বাদ দিয়েই করা হয় সকল আয়োজন।

    barishal--(2)

    তারা জানান, আগামীতে সকল জাতীয় দিবস শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে উদযাপন করা, টিএসসিতে পাঠদান না করানো ও সেমিনার রুমের ভাড়া ৩ হাজার টাকা থেকে কমিয়ে ৫শ টাকা করার দাবিতে আন্দোলন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

    তবে এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার ড. মো. হাসানুর রহমান জানান, স্বাধীনতা দিবসের অংশ হিসেবে বরিশালের বিশিষ্টজনদের নিয়ে একটা চা চক্রের আয়োজন করা হয়েছিল। এনিয়ে কিছু শিক্ষার্থী বিরোধিতা করায় উপাচার্য বলেছেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের বিরোধিতা করার অর্থ হলো স্বাধীনতাবিরোধী। তার এই বক্তব্যকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে।

    বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক বলেন, মঙ্গলবার কিছু শিক্ষার্থী স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করে। যারা স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করে তারা স্বাধীনতা বিরোধী নয় তো কী। আন্দোলনকারীদের মধ্যে জামায়াত-শিবির ঢুকে গেছে এবং তাদের ইন্ধনেই কিছু শিক্ষার্থী আন্দোলনের নামে অরজকতা করছে বলে মন্তব্য করেন তিনি।

    বর্তমান অবস্থার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানকে ডেকে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে এবং যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক।

    এদিকে বন্দর থানা পুলিশের ওসি গোলাম মোস্তফা হায়দার জানান, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে আগুন লেগে তথ্য প্রযুক্তি পুড়ে ছাই

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে আগুন লেগে তথ্য প্রযুক্তি পুড়ে ছাই

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এই অগ্নিকান্ডে সার্ভার রুমের যাবতীয় তথ্য প্রযুক্তি পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি সংশ্লিষ্টরা।

    বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আবু জাফর মিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর ৫ম তলার সার্ভার রুমটি তালাবদ্ধ ছিলো। বিকেলে হঠাৎ আগুন দেখে কর্মচারীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন করে। তবে তার আগেই সার্ভার রুমের যাবতীয় তথ্য প্রযুক্তি যন্ত্রপাতি পুড়ে যায়। তবে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

    বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশিদ আবেদীন জানান, অগ্নিকান্ডে বিশ্ববিদ্যালয়ের বড় ধরনের ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে।

    ঘটনাস্থল পরিদর্শনকারী মেট্রোপলিটন পুলিশের এসআই আসাদ জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে সার্ভার রুমে অগ্নিকান্ডের সূত্রপাত। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করায় অন্যান্য কক্ষে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। নইলে ব্যাপক ক্ষতির আশংকা ছিলো বিশ্ববিদ্যালয়ে। অগ্নিকান্ডকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় ছিলো বলে তিনি জানান।

  • স্বাধীনতা দিবসে সড়কে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

    স্বাধীনতা দিবসে সড়কে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

    কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার মস্তাপুর ও চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হচ্ছে- সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর গ্রামের রবি সাহার মেয়ে ও বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী রিয়া সাহা এবং চান্দিনা উপজেলার নাজিরপুর গ্রামের মনির হোসেনের মেয়ে ও কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ইয়াসমিন আক্তার। তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গিয়েছিল বলে জানা গেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাপুর নামক স্থানে মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলা সদরগামী সিটি লিংক সার্ভিসের একটি লেগুনা উল্টে পড়ে স্কুলছাত্রী রিয়া সাহা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ ছাত্রী। নিহত রিয়া সাহা। খবর পেয়ে সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পুলিশ সিটি লিংক সার্ভিসের লেগুনাটি উদ্ধার করেছে। তাৎক্ষণিকভাবে আহত ছাত্রীদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

    বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন মজুমদার জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার পথে মস্তাপুর নামক স্থানে তাদের বহনকারী সিটি লিংক সার্ভিসের লেগুনা উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দশম শ্রেণির ছাত্রী রিয়া সাহা নিহত হয়।

    সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, দুর্ঘটনা কবলিত লেগুনাটি আটক করা হয়েছে।

    অপরদিকে জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ট্রাকচাপায় ইয়াসমিন আক্তার নামে আরও এক স্কুলছাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছেন চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল।

    এ ঘটনাকে কেন্দ্র করে কুটুম্বপুর স্কুলের শিক্ষার্থীরা বিক্ষিপ্ত হয়ে উঠে। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।