Category: শিক্ষাঙ্গন

  • বরিশাল বিএম কলেজের হোস্টেলে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্র নিহত

    বরিশাল বিএম কলেজের হোস্টেলে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্র নিহত

    অনলাইন ডেস্ক:

    বরিশালের সরকারি বিএম কলেজের ডিগ্রি হোস্টেলে বিদ্যুতায়িত হয়ে মানিক হাসান (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স ১ম বর্ষের ছাত্র ও ডিগ্রি হোস্টেলের ডি-ব্লকের ১২৩ নম্বর কক্ষের বাসিন্দা। সে গৌরনদীর নন্দনপট্টি গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে।

    মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র ও ডিগ্রি হোস্টেলের বাসিন্দা মো. আজিম জানান, প্রতিদিনের মতো মানিক কোচিং শেষ করে হোস্টেলে ফিরে গোসল করতে যায়।

    গোসল থেকে ফিরে হোস্টেলের টানানো গুনায় তার ভেজা লুঙ্গি শুকাতে দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ফ্লোরে পড়ে যায়। দ্রুত তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    আজিম আরও জানান, গত এক সপ্তাহ ধরে হোস্টেলে আরথিং অনুভব করায় বিষয়টি হোস্টেল সুপার ইসলামের ইতিহাসের শিক্ষক রফিকুল ইসলামকে অবহিত করা হয়েছিল। কিন্তু তিনি কোনও পদক্ষেপ গ্রহণ করেননি।

    এ সময় উপস্থিত মানিকের সহপাঠী থেকে শুরু করে ডিগ্রি হোস্টেলের আবাসিক বাসিন্দারা হোস্টেল সুপার রফিকুল ইসলামের বিচার দাবি করেন।

    বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর সফিকুর রহমান সিকদার জানান, তদন্ত সাপেক্ষে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে

    ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে

    আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

    আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    তিনি আরো বলেন, ‘যেহেতু আমরা বিশেষ কোনও ব্যবস্থা নিতে পারছি না, তাই এবার সব ধরনের কোচিং বন্ধ থাকবে।’

    শিক্ষামন্ত্রী বলেন, ‘নানা ধরনের কোচিং আছে। যেহেতু একই জায়গায় বিভিন্ন ধরনের কোচিং থাকে, অনেকে অসাধু উপায়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও কোচিং করিয়ে থাকে। এ রকম দেখা গেছে। তাই আমরা সব কোচিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

  • বাড়ি ফিরছেন ননএমপিও শিক্ষকরা

    বাড়ি ফিরছেন ননএমপিও শিক্ষকরা

    অবশেষে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত ননএমপিও শিক্ষক-কর্মচারীরা। রোববার শিক্ষামন্ত্রী শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে তাদের দাবি আদায়ের আশ্বাস দেয়ায় এ আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন।

    শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভা শেষে করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায়।

    সংগঠনের সাধারণ সম্পাদক রোববার বিকেলে বলেন, শিক্ষামন্ত্রী আমাদের মাঝে এসে এমপিওভুক্তির দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আগামীকাল শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব।

    সেই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাতের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে জানাবেন বলে শিক্ষামন্ত্রী আমাদের কথা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করবেন বলেও জানিয়েছেন।

    তিনি বলেন, যেহেতু শিক্ষামন্ত্রী আমাদের মাঝে এসে এমপিওভুক্তির দাবি পূরণে আশ্বস্ত করেছেন। তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা আগামী এপ্রিলের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। এ সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে সারা দেশ থেকে আবারো শিক্ষক-কর্মচারীরা ঢাকায় সম্মিলিত হয়ে কঠোর আন্দোলন করবে।

    এদিকে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বেলা সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান।

    মন্ত্রী বলেন, আমি আপনাদের কষ্টের বিষয়টা জানি। এমপিওভুক্তি ছাড়া আপনারা কীভাবে জীবন-যাপন করেন সে খবরও আমার কাছে রয়েছে। নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

    মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে আবেদন গ্রহণ কার্যক্রম শেষ করেছি। যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও কার্যক্রম অর্থ সংশ্লিষ্ট বিষয়, তাই এটি বাস্তবায়নে নানা প্রক্রিয়া প্রয়োজন রয়েছে। এ কারণে কিছুটা সময় নেয়া হচ্ছে।

    তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওকরণ বিষয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার রয়েছে। আমি ইতোমধ্যে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আগামী অর্থবছরে এমপিওভুক্তিকরণে নতুন অর্থ বরাদ্দ দেয়া হবে হবে বলে জানানো হয়েছে। তাই আপনারা বাড়ি ফিরে যান। খোলা আকাশের নিচে রোদের মধ্যে দাঁড়িয়ে আর কষ্ট করবেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব যাতে আপনাদের কষ্ট দূর করা সম্ভব হয়।

    এদিকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে ৫ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। দেশের বিভিন্ন জেলা থেকে আগত এসব শিক্ষক-কর্মচারীরা প্রেস ক্লাবের সামনের মূল সড়কের ওপর বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

    রাজপথের ধুলো-ময়লায় খোলা আকাশের নিচে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে বেশ কয়েকজন দুগ্ধজাত শিশুরও উপস্থিত লক্ষ্য করা গেছে। যদিও শিশুদের এ আন্দোলনের প্রয়োজনীয়তা জানা নেই, তবুও অভিভাবকরা বাধ্য হয়েই এসব শিশুদের নিয়ে উপস্থিত হয়েছেন বলে জানান।

    প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়ন করতে হবে, এমপিভুক্তি না হলে ঘরে ফিরে যাব না, বঙ্গবন্ধুর বাংলাদেশে শিক্ষক কেন রাস্তায় এমন নানা স্লোগান লেখা হাতে প্ল্যাকার্ড ও মাথায় ফিতা বেঁধে মাইকে দেয়া স্লোগানের তালে তালে রাস্তার ওপর বসে এমপিভুক্তির দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

  • শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করতে আপত্তি নুরের

    শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করতে আপত্তি নুরের

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবে আপত্তি জানিয়েছেন ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

    এ বিষয়ে নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তি। এ বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যে ডাকসু, সেখানে তার মতো সম্মানিত ব্যক্তিকে সদস্য করা ঠিক হবে না। তার কথার সঙ্গে একমত প্রকাশ করেন সমাজসেবা সম্পাদকও।

    শনিবার ডাকসুর কার্যকরী পর্ষদের প্রথম সভা হয়। এতে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব করেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিম অর্ণি। এ প্রস্তাবে ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ছাড়া ডাকসুর বাকি সদস্যরা সমর্থন দেন।

    এ বিষয়ে ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেন, যেখানে অধিকাংশ সদস্য মত দিয়েছেন সেখানে একজনের আপত্তি গ্রহণযোগ্য নয়।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, যে প্রস্তাব উঠেছে তা আমরা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্য করার বিষয়টি আগামী সভায় চূড়ান্ত করা হবে।

    সভা শেষে ভিসি, ভিপি ও জিএস সাংবাদিকদের এসব কথা বলেন।

    এ প্রস্তাব চূড়ান্ত হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর শেখ হাসিনা হবেন ডাকসুর আজীবনের সদস্য হওয়া দ্বিতীয় ব্যক্তি।

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নবনির্বাচিত কার্যকরী পর্ষদের প্রথম সভা আজ শনিবার বেলা ১১টায় ডাকসু ভবনে শুরু হয়।

    সভায় ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানীসহ নির্বাচিত ২৫ জন ছাত্র প্রতিনিধি তাদের দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে ভিপি নুরুল হক নুর ও জিএস গোলাম রাব্বানীর নেতৃত্বাধীন ডাকসুর ৩৬৫ দিনের মেয়াদ শুরু হলো।

    সভায় সভাপতিত্ব করেন পদাধিকার বলে ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

    এর আগে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের পুরনো সিনেট ভবনের অডিটোরিয়ামে এ সভা হবে। কিন্তু পরে সভা হয় ডাকসু ভবনেই।

    ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন দায়িত্ব গ্রহণ করবেন বলে গতকাল নীতিগত সিদ্ধান্ত হয়।

    শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

    দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ ডাকসু এবং ১৮টি হল সংসদের নির্বাচন হয়। এতে কারচুপি ও অনিয়মের অভিযোগে ছাত্রলীগ ছাড়া প্রায় সব প্যানেলের ভোট বর্জনের ঘোষণা দেয়।

    নির্বাচনের দিন দুপুরে নানা অনিয়মের অভিযোগ তুলে অন্য চারটি প্যানেলের সঙ্গে নির্বাচন বর্জন করে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ প্যানেল।

    নির্বাচনে ফল ঘোষণায় ভিপি প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ২ হাজার ভোটের ব্যবধানে পেছনে ফেলে ভিপি নির্বাচিত হন নুরুল হক নুর।

    নির্বাচন বর্জন করার পর ভিপি হিসেবে নুর দায়িত্ব নিবেন কি না সে বিষয়ে প্রশ্ন ওঠে। এ প্রশ্নের উত্তর নুরুল হক নুর নিজেই দেন। ১২ মার্চ পুনরায় ডাকসুর দাবিতে অনশন করা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে গিয়ে নুর বলেন, তিনি ভিপি পদ ও তার প্যানেল থেকে বিজয়ী আখতার হোসেনের সমাজসেবা সম্পাদক পদ বাদে ডাকসুর বাকি ২৩ পদে নির্বাচন চান। পুনরায় নির্বাচনের দাবিতে নুর আন্দোলন করবেন বলে ঘোষণা দেন।

    এরপর গত ১৬ মার্চ নুরসহ ডাকসু ও হল সংসদের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান। পরের দিন ১৭ মার্চ সংবাদ সম্মেলন করে ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হক নুর সবগুলোপদে পুনরায় নির্বাচন চান বলে ঘোষণা দেন। নুরুল হক নুরের এমন দ্বৈতমতের কারণে ডাকসুতে তিনি দায়িত্ব নিবেন কি না সেটা নিয়ে সংশয় বাড়তে থাকে। তবে গতকালের ঘোষণার পর সেই জল্পনা-কল্পনার অবসান হলো আজ!

  • বরিশালে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

    বরিশালে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা

    স্টাফ রিপোর্টার//শামীম ইসলাম:

    বরিশাল নগরীর গড়িয়ারপার সংলগ্ন তেঁতুলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় বিএম কলেজের ছাত্রী শীলা হালদারসহ ৭ জন নিহতের ঘটনায় দুর্জয় বাসের চালকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

    শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।

    এ ঘটনায় দুর্জয় বাসের চালক মো. জলিল মোল্লাকে (৩২) গ্রেফতারের প্রতিবাদে শনিবার নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে ঘণ্টাখানেক অভ্যন্তরীণ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রাখেন পরিবহন শ্রমিকরা।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুর্জয় পরিবহনের ঘাতক বাস চালক মো. জলিল মোল্লার কঠোর শাস্তির দাবিতে বিএম কলেজের শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসে মানববন্ধন করেন। পরে তারা নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

    আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বেপরোয়া যান চলাচলের কারণে সড়কে একের পর এক প্রাণ ঝরে যাচ্ছে। শুক্রবার গড়িয়ারপার সংলগ্ন তেঁতুলতলা এলাকায় বরিশাল-বানারীপড়া সড়কে যাত্রীবাহী বাস দুর্জয় পরিবহনের চাপায় বিএম কলেজের মাস্টার্স প্রথম বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী শীলা হালদারসহ ৭ জন নিহত হন। চালকের বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত চালক ও হেলপারের কঠোর শাস্তি দাবি করেন তারা। পরে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সেখানে উপস্থিত হয়ে নগরীর গড়িয়ারপার সংলগ্ন তেঁতুলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় জড়িতদের শাস্তির আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে ফিরে আসে।

    বরিশালে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় সড়ক অবরোধ

    ছবি: সংগ্রহ।

    এদিকে বাসচালক মো. জলিল মোল্লাকে গ্রেফতারের প্রতিবাদে শনিবার বেলা ১১টা থেকে ঘণ্টাখানেক নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ ভুরঘাটা, স্বরূপকাঠি, মিরগঞ্জসহ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধ রাখেন পরিবহন শ্রমিকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বভাবিক হয়।

    গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গড়িয়ারপার সংলগ্ন তেঁতুলতলা এলাকায় বরিশাল-বানারীপড়া সড়কে দুর্জয় পরিবহনের একটি বাসচাপায় মাহেন্দ্রের সাত যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন।

    নগরীর বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, বাসচাপায় সাতজন নিহতের ঘটনায় বিমানবন্দর থানার এসআই মো. ফারুক হোসেন বাদী হয়ে শুক্রবার দুপুরে ঘাতক বাস চালক মো. জলিল মোল্লা ও অজ্ঞতনামা হেলপারকে আসামি করে থানায় মামলা করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের আরজিকালিকাপুর এলাকা থেকে বাসচালক জলিল মোল্লাকে গ্রেফতার করা হয়। পলাতক হেলপারকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব

    শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব করা হয়েছে। শনিবার ডাকসুর কার্যকরী পর্ষদের প্রথম সভায় তাকে এই সদস্য করার প্রস্তাব করেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিম অর্ণি।

    এ প্রস্তাবে আপত্তি জানান ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। এই দুজন ছাড়া ডাকসুর বাকি সদস্যরা এ প্রস্তাবে সমর্থন দেন।

    প্রস্তাবে আপত্তির বিষয়ে নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলেছি যে, এ নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। সেরকম একটি জায়গায় থেকে আমি মনে করি না যে, মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য পদ প্রদান করা উচিত। সে জায়গা থেকে আমিসহ কয়েকজন বিরোধিতা করেছেন। আমরা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। তিনি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধান। সুতরাং ডাকসুর আজীবন সদস্য পদ দেয়াটা তার জন্য বড় কিছু নয়। যেখানে এ নির্বাচনকে নিয়ে বিতর্কিত একটি অবস্থান রয়েছে, আমরা যখন দায়িত্ব নিচ্ছি তখন শিক্ষার্থীরা, আমার ভাইয়েরা-বোনেরা পুনর্নির্বাচেনের দাবি করে বিক্ষোভ করছেন, মিছিল করছেন।’ তার কথার সঙ্গে একমত প্রকাশ করেন সমাজসেবা সম্পাদকও।

    এ বিষয়ে জিএস গোলাম রাব্বানী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য পদ দেয়ার প্রস্তাব দিয়েছি। ইতোপূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজীবন সদস্য পদ দেয়া হয়েছিল। দ্বিতীয় ব্যক্তি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নামটি এসেছে। কেন্দ্রীয় ডাকসু বডির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে সমর্থন করে আমাদের ডাকসুর সভাপতি বরাবর প্রস্তাব দিয়েছি। তিনি বলেছেন, এটি আনুষ্ঠানিকভাবে পরবর্তী মিটিংয়ে সেভাবে সিদ্ধান্ত গৃহীত হবে।

    ভিপির বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাব্বানী বলেন, ‘আমাদের কেন্দ্রীয় ডাকসুর ২৫ সদস্যের যে বডি রয়েছে সেখানে ২৩ জন সরাসরি সমর্থন করেছেন। একমাত্র ভিপি নুর দ্বিমত পোষণ করেছেন। সুতরাং ডেমোক্র্যাটিক ওয়েতে তার বক্তব্য গ্রহণযোগ্য হয়নি। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে সদস্য পদ দেয়ার সিদ্ধান্তটি গৃহীত হয়ে গেছে। এটি সলভ ইস্যু।’

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সম্মাননা সদস্য করার প্রস্তাবটি এসেছে। সবাই একত্রে সহমত জ্ঞাপন করেছেন যে, মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্মাননা সদস্য পদ প্রদান করা হোক। সেটি আইনি ভাষা দেখে করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রস্তবনাটি ধন্যবাদের সঙ্গে গ্রহণ করা হলো। এটি একেবারেই আনুষ্ঠানিকভাবে পরবর্তী সভায় গঠনতন্ত্র দেখে আমরা এই কাজটি, মহৎ উদ্যোগটি গ্রহণ করব। এটি আমাদের আজকের কার্যকর পরিষদের সিদ্ধান্ত।’

    সভা শেষে ভিসি, ভিপি ও জিএস সাংবাদিকদের এসব কথা বলেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নবনির্বাচিত কার্যকরী পর্ষদের প্রথম সভা আজ শনিবার বেলা ১১টায় ডাকসু ভবনে শুরু হয়।

    সভায় ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানীসহ নির্বাচিত ২৫ জন ছাত্র প্রতিনিধি তাদের দায়িত্ব গ্রহণ করেন।

    সভায় সভাপতিত্ব করেন পদাধিকার বলে ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

    এর আগে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের পুরনো সিনেট ভবনের অডিটোরিয়ামে এ সভা হবে। কিন্তু পরে সভা হয় ডাকসু ভবনেই।

  • ডাকসুর বর্ণাঢ্য অভিষেকে থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

    ডাকসুর বর্ণাঢ্য অভিষেকে থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের অভিষেককে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিথি করা হবে।

    শনিবার দুপুরে ডাকসু ভবনে কার্যকর পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের প্রথম সভা ছিল এটি। এতে পদাধিকারবলে ডাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে ডাকসুর ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানীসহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। একই সময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষের কক্ষে হল সংসদের নেতৃবৃন্দকে নিয়ে প্রথম কার্যকরী পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি বড় আকারের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করবে। সেখানে মহামান্য রাষ্ট্রপতি অথবা মাননীয় প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন। একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করার দায়িত্ব দিয়েছি কার্যকর পরিষদকে। ভিপি, জিএস, এজিএসকে দায়িত্ব দেয়া হয়েছে, তারা বিভিন্ন কমিটি করে আয়োজনের উদ্যোগ গ্রহণ করবে। এটি আমাদের বড় দাগের আজকের সিদ্ধান্ত।’

    ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে আজ দায়িত্বভার গ্রহণ করেছি। আমাদের সামগ্রিক সিদ্ধান্ত হয়েছে, আমরা একটি অভিষেক অনুষ্ঠান করতে চাই। সেটা সম্ভবত দেড় থেকে দুই মাস সময় লাগবে। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত আচার্যকে দাওয়াত করা হবে।’

    ভিপি নুরুল হক নুর বলেন, আপনারা জানেন যে, সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি থাকে, সেটা নিয়ে সভায় আলোচনা করা হয়েছে। ভিসি স্যার ডাকসুর ভিপি, জিএস এবং এজিএসকে দায়িত্ব দিয়েছেন এ পাঁচজনকে বাছাই করার জন্য।

    তিনি বলেন, রিকশা এবং সাইকেলের জন্য আলাদা লেন করা, রিকশাভাড়া নির্ধারণ এবং বিভিন্ন আবাসিক এলাকার ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০০-৩৫০ রিকশার রেজিস্ট্রেশন দেয়া, তাদের নির্দিষ্ট ড্রেসকোড এবং গণপরিবহন নিয়ন্ত্রণ করার বিষয়ে সভায় প্রস্তাব পেশ করা হয়েছে। আগামী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

    তিনি আরও বলেন, আমাদের সকল প্যানেলেরই দাবি ছিল হল থেকে গণরুম, গেস্টরুম এবং রাজনৈতিক বিবেচনায় সিট দেয়া বন্ধ করা। সেটা নিয়ে আজকে আলোচনা করা হয়েছে এবং ইতোমধ্যে এটা নিয়ে বিভিন্ন হলে নোটিশ দিয়ে অছাত্র এবং বহিরাগতদের হল ত্যাগ করতে বলা হয়েছে।

    এদিকে ডাকসুর প্রথম সভা শেষে নবনির্বাচিত ডাকসু নেতারা ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার ও ভিসি চত্বরে অবস্থিত স্মৃতিচিরন্তনে শ্রদ্ধা নিবেদন করেন।

  • রক্ত দিতে হবে না, শুধু দেশটাকে ভালোবাসুন: শিক্ষামন্ত্রী

    রক্ত দিতে হবে না, শুধু দেশটাকে ভালোবাসুন: শিক্ষামন্ত্রী

    শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সর্বোচ্চ মূল্য রক্ত দিয়ে অর্জিত আমাদের দেশের এ স্বাধীনতা। ত্রিশ লাখ মানুষ জীবন দিয়েছেন আমাদের এ স্বাধীনতার জন্য। শহীদেরা স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত ও সমৃদ্ধ জাতির। শেখ হাসিনার সরকার সেই উন্নত দেশ গড়ার লক্ষ্যে রূপকল্প ৪১ বাস্তবায়নে কাজ করছে। এই রূপকল্প ৪১ বাস্তবায়নে আমাদের আর রক্ত দিতে হচ্ছে না, শুধু একটু দেশটাকে ভালোবাসুন। নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করুন।

    রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার রংপুরের কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘দেশের প্রায় সব সেক্টরে ব্যাপক উন্নয়ন চলছে। আমাদের সব উন্নয়নই ব্যর্থ হয়ে যাবে যদি আমরা আমাদের সন্তানদের মানসম্মত শিক্ষা দিতে না পারি। কারণ শিক্ষা হলো সব কিছুর মূল। এ বিষয়ে শিক্ষকদের ভূমিকাই মুখ্য।’

    কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি চৌধুরী খালেকুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

  • শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে এমপিওভুক্তির দাবিতে সড়কে শিক্ষকরা

    শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে এমপিওভুক্তির দাবিতে সড়কে শিক্ষকরা

    যে শিক্ষকদের থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষকই এখন সড়কে। আন্দোলন করছেন এমপিওভুক্তির দাবিতে।

    শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করণের দাবিতে গত ১৯ মার্চ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা।

    এদিকে বৃহস্পতিবার রাত ২টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আন্দোলনরত বগুড়ার এক শিক্ষক।

    আন্দোলনরত একজন শিক্ষক বলেন, আমাদেরও সন্তান আছে, তাদের মেধা আছে। কিন্তু টাকা-পয়সার অভাবে তাদের আমরা শিক্ষা দিতে পারছি না। আমরা অনেক মানবেতর জীবন-যাপন করছি। তাই সরকারের কাছে অনুরোধ আমাদের দাবি মেনে নেয়া হোক।

  • ডাকসুর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ভিপি নুর

    ডাকসুর দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ভিপি নুর

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে জয়ী নেতৃবৃন্দ আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এদিকে, ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে অনড় থাকলেও আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করতে যাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদে’র প্যানেল থেকে নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আকতার হোসেন।

    শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সাংগঠনিক সিদ্ধান্তের পর দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন নুর। তিনি বলেন, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল যে অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে, সেখানে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবো। তবে, পুনঃনির্বাচনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে সমস্যা রয়েছে সেগুলোর সমাধানকল্পে আমাদের নিয়মতান্ত্রিক যে আন্দোলন-সংগ্রাম সেগুলো চলবে।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদে’র আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান, মো. ফারুক হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে ডাকসুর দায়িত্ব গ্রহণের বিষয়ে সংগঠনের সম্মতি জানিয়ে বক্তব্য দেন হাসান আল মামুন। তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি নুরুল হক নুরু এবং সমাজসেবা সম্পাদক আখতার হোসাইন সাধারণ শিক্ষার্থীর ম্যান্ডেট নিয়ে জয়ী হয়েছেন। তাই সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে সংগঠন তাদেরকে দায়িত্ব গ্রহণ করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

    দায়িত্বগ্রহণের বিষয়ে ডাকসুর নব-নির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, এত প্রতিকূলতা সত্ত্বেও শিক্ষার্থীরা আমাদের ভোট দিয়েছে, সে ভোটের প্রতি শ্রদ্ধা রেখে, দায়বদ্ধতার জায়গা থেকে আমরা দায়িত্ব নিচ্ছি।

    পুনর্নির্বাচনের দাবিতে অনড় থাকলেও দায়িত্ব গ্রহণের যৌক্তিকতা তুলে ধরে নুর বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের অনিয়মের প্রতিবাদ করার জন্য এবং ডাকসু নির্বাচনে যে অনিয়ম হয়েছে সেই আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা পুনর্নির্বাচন চাই। বিশ্ববিদ্যালয়ের যে সকল জায়গায় কথা বলার আছে, সে সকল জায়গায় কথা বলতেই আমরা দায়িত্ব নিচ্ছি এবং আমাদের পুনর্নির্বাচনের যে চাওয়া সেটিও আমাদের বরাবরের মতই রয়েছে।

    উল্লেখ্য, শনিবার সকাল ১১টায় ডাকসু ভবনে নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। ওই সভা শেষেই দায়িত্ব নেবেন নব-নির্বাচিত ডাকসু নেতৃবৃন্দ। একই সময়ে হল সংসদের নেতারাও হল প্রাধ্যক্ষ্যের কাছ থেকে দায়িত্ব নেবেন। গত ১৮ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে প্রাধ্যক্ষ কমিটির এক সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

    দীর্ঘ ২৮ বছর পর গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনিয়মের অভিযোগে ভোটগ্রহণের মাঝ পথে এসে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় পাঁচটি প্যানেল। প্যানেলগুলো হল ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’, প্রগতিশীল ছাত্রঐক্য, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোটসহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা। তবে নির্বাচনের ফলাফলে ডাকসুর মোট ২৫টি পদের মধ্যে ২৩টি পদে সরকার সমর্থক ছাত্রলীগ জিতলেও বর্জনকারী প্যানেল কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল থেকে নুরুল হক নুর ভিপি পদে এবং আখতার হোসেন সমাজসেবা সম্পাদক পদে জয়ী হন। নির্বাচনে দুটি পদে জিতলেও পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনে করছে প্যানেলগুলো। এরই প্রেক্ষিতে নুরুল হক নুরু ভিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন কি না- এ বিষয়ে জটিলতা তৈরি হয়েছিল। এর আগে দায়িত্বগ্রহণের বিষয়ে বর্জনকারী পাঁচ প্যানেলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন নুরুল হক নুরু।