Category: শিক্ষাঙ্গন

  • পঞ্চম শ্রেণির বৃত্তির ফল রবিবার

    পঞ্চম শ্রেণির বৃত্তির ফল রবিবার

    পঞ্চম শ্রেণির বৃত্তির ফল রোববার (২৪ মার্চ) প্রকাশ হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ এফ এম মঞ্জুর কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।

    জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের ভিত্তিতে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। তাদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বৃত্তির ফল ঘোষণা করবেন।

    সাধারণ কোটায় ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ছয়টি করে বৃত্তি দেয়া হবে। এরমধ্যে তিনজন ছাত্রী ও তিনজন ছাত্র। এছাড়া ওয়ার্ড পর্যায়ে বৃত্তি প্রদানের পর অবশিষ্ট বৃত্তি হতে প্রতিটি উপজেলায় বা থানায় দুই জন ছাত্র ও দুই জন ছাত্রীকে বৃত্তি দেয়া হবে। প্রতি বিভাগের শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে প্রতিটি বিভাগ হতে তিনটি করে ২৪টি সাধারণ বৃত্তি প্রদানের পর চারটি সাধারণ বৃত্তি সংরক্ষণ করা হবে।

    জানা গেছে, ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। পরের বছর ইবতেদায়ি শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা নেয়া শুরু হয়। উভয় পরীক্ষা চালুর পর আলাদা বৃত্তি পরীক্ষার পরিবর্তে সমাপনীতে অংশ নেয়া ক্ষুদে শিক্ষার্থীদের মেধা তালিকা করে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।

    প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ এফ এম মঞ্জুর কাদির বলেন, আগে বিদ্যালয় থেকে প্রথম সারির কিছুসংখ্যক মেধাবী বৃত্তি পরীক্ষায় অংশ নিত। বাকিরা এ পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পেতো না বলে বঞ্চিত হতো। এসব বিষয় বিবেচনা করেই বৃত্তি পরীক্ষা বাতিল করে মেধা ও কোটা পদ্ধতি চালু হয়েছে।

    রোববার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২০১৮ শিক্ষাবর্ষের সমাপনী ও ইবতেদায়ি পাস শিক্ষার্থীদের বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. জাকির হোসেন এ ফল ঘোষণা করবেন। এ সময় সচিব আকরাম আল হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

    উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার পিইসিতে পাস করেছে ৯৭ দশমিক ৫৯ শতাংশ। আর ইবতেদায়িতে পাসের হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। তবে দুই পরীক্ষা মিলে পাসের হার ৯৭ দশমিক ৬০ শতাংশ।

  • আমরা আমাদের শিক্ষাকে ‘ব্র্যান্ডিং’ করতে চাই : দীপু মনি

    আমরা আমাদের শিক্ষাকে ‘ব্র্যান্ডিং’ করতে চাই : দীপু মনি

    দেশের শিক্ষাব্যবস্থাকে ‘ব্র্যান্ডিং’ করতে মানসম্মত শিক্ষা নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, গত দশ বছরে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে। শিক্ষার গুণগত মানের উন্নয়নে কাজ করার এখনই উপযুক্ত সময়।

    আমরা চাই আমাদের শিক্ষাকে ‘ব্র্যান্ডিং’ করতে। এজন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষসহ সবাইকেই দায়িত্বশীল হতে হবে।

    বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় ১৪ নম্বর সেক্টর খেলার মাঠে বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্যের মনোনীত প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    শিক্ষাকে ব্র্যান্ডিং করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘আমরা মেড ইন জার্মানি দেখলে নির্দ্বিধায় কোনো জিনিস কিনি। কোনো একজন নন-টেকনিক্যাল মানুষও আইফোন বা স্যামসাং প্রায় এক লাখ টাকা দিয়ে বিনা সংকোচে কেনে। কারণ তারা ওই পণ্যের কোয়ালিটি সম্পর্কে নিশ্চিত। সেই ক্ষেত্রে পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠান টেক মেইন রেসপন্সিবিলিটি টু এনশিওর কোয়ালিটি অব প্রোডাক্টস।

    তিনি বলেন, ‘আমাদের গার্মেন্টস যেমন সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। সবাই জানে বাংলাদেশের গার্মেন্টস ভালো। এটাই হচ্ছে ব্র্যান্ডিং। ঠিক তেমনি আমরা আমাদের শিক্ষাকে ব্র্যান্ডিং করতে চাই। বাংলাদেশ ও সারা বিশ্বের মানুষ জানবে বাংলাদেশের শিক্ষার মান ভালো।’

    ডা. দীপু মনি বলেন, ‘জ্ঞান বিতরণ একটি মহৎ কাজ হিসেবে পরিচিত। আমাদের সমাজে শিক্ষকরা পরম শ্রদ্ধার, পূজনীয় ও অনুকরণীয়। কিন্তু সাম্প্রতিক সময়ে শিক্ষকদের কিছু কর্ম এবং অতিরিক্ত অর্থলোভ সেই ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা আমাদের হতাশ করছে। মনে রাখতে হবে অর্থের চেয়ে সম্মান বড়। শিক্ষার বাণিজ্যিকীকরণ কোনোভাবেই কাম্য নয়।’

    সমাবর্তনে ৬ হাজার ৮০৪ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী তাদের শিক্ষা সমাপনী সনদ গ্রহণ করেন। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় সমাবর্তনে আটজন গ্র্যাজুয়েটকে ফাউন্ডার মিয়ান স্বর্ণপদক প্রদান করা হয়। এবারের সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।

    সমাবর্তনে অন্যদের মধ্যে প্রখ্যাত কথাসাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন উপস্থিত ছিলেন। সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড.আব্দুর রব।

    প্রসঙ্গত, দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির যাত্রা শুরু হয়েছিল ১৯৯১ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও আইবিএর সাবেক প্ররিচালক শিক্ষাবিদ প্রফেসর ড. এম আলিমউল্যা মিয়ান স্বনামধন্য এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

  • এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে ফের শিক্ষকদের অবস্থান

    এমপিওভুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে ফের শিক্ষকদের অবস্থান

    এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

    দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক-কর্মচারীরা বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। তাদের দাবি, ২০১৮ সালের ৫ জানুয়ারি চলমান আন্দোলনের সময় এমপিওভুক্তির আশ্বাস দিয়েছিল সরকার। কিন্তু এতদিনেও সেই আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় তারা ফের আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

    তারা বলছেন, সারা দেশে ৫ হাজার ২৪২টি নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আশ্বাস দিয়েছিল সরকার। প্রেসক্লাবের সমানে অবস্থানের কারণে রাস্তা বন্ধ থাকায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

  • গাঁজা ছাড়া গাড়ি চালাতে পারে না সিরাজুল

    গাঁজা ছাড়া গাড়ি চালাতে পারে না সিরাজুল

    রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চাপা দেয়া সু-প্রভাত বাসের চালক সিরাজুল ইসলাম নিয়মিত গাঁজা সেবন করতেন। গাঁজা ছাড়া তিনি গাড়ি চালাতে পারেন না। মূলত গাঁজা খেয়ে ও সারা রাত না ঘুমিয়ে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটিয়েছেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব তথ্য জানিয়েছেন সিরাজুল।

    বুধবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর আদালত থেকে হাজতে নেয়া হয়।

    সিরাজুল বলেন, ‘সারা রাত না ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলাম। না ঘুমানোর কারণে মাথা ঠিক ছিল না। প্রথমে একটি মেয়েকে গাড়ি চাপা দেই। এর থেকে বাঁচার জন্য আরো দ্রুত গাড়ি চালাতে থাকি। মনের মধ্যে ভয় কাজ করছিল। একটু দূরে আরেকজনকে (আবরার) গাড়ি চাপা দেই। গাড়ির চাকা তার মাথার ওপর দিয়ে যায়।

    সিরাজুল বলেন, ‘শাহাজাদপুর বাঁশতলায় একটি গাড়ি ক্রসিং করতে গিয়ে এক মেয়েকে (সুলতানা মুক্তা) ধাক্কা দেই। এতে সে গুরুতর জখম হয়। তখন আমার মনের মধ্যে ভয় কাজ করতে থাকে। মাথা ঠিক ছিল না। কীভাবে বাঁচতে পারি তার জন্য আরো দ্রুত গাড়ি চালাতে থাকি। আইকন টাওয়ারের সামনে জেব্রা ক্রসিংয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর (আবরার আহাম্মেদ চৌধুরী) ওপর আবারও গাড়ি চাপিয়ে দেই। গাড়ির চাকা তার মাথার ওপর দিয়ে যাওয়ায় মাথা থেঁতলে যায়। এরপর ট্রাফিক পুলিশ আমাকে আটক করে।

    গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম বুধবার বেলা পৌনে ৩টার পর তাকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে তিনি বলেন, ‘মামলার সুষ্ঠু তদন্ত ও মামলার অপর আসামিদের গ্রেফতারের জন্য আসামিকে রিমান্ডে নেওয়া একান্ত প্রয়োজন।’

    শুনানি শেষে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, চালক সিরাজুল ইসলাম নিয়মিত গাঁজা সেবন করেন। গাঁজা সেবন ছাড়া তিনি গাড়ি চালাতে পারেন না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব কথা আমাকে জানিয়েছেন।

    তিনি আরো বলেন, মূলত গাঁজা খেয়ে ও সারা রাত না ঘুমিয়ে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটিয়েছেন আসামি।

    মামলার প্রতিবেদন ২২ এপ্রিল

    যমুনা ফিউচার পার্কের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চাপা দেয়া সু-প্রভাত বাসের চালক সিরাজুল ইসলামসহ অপর আসামিদের বিরুদ্ধে করা মামলার এজাহারটি গ্রহণ করেছেন আদালত।

    বুধবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ এপ্রিল দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার আদালতের নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রকিব চৌধুরী।

    আবরারের মাথার ওপর দিয়ে গাড়ি চালিয়ে যান সিরাজুল

    সু-প্রভাত পরিবহনের বাসচাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় ‘ঘাতক’ বাসের চালক, তার সহকারী ও মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাতে নিহত আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহম্মেদ চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেছেন। মামলার ধারা পেনাল কোডের ২৭৯/ ৩৩৮ (ক)/৩০৪/ ও ১০৯ । মামলা নং ৩০।

    মামলার অভিযোগে বাদী বলেন, বাসটির চালক বেপরোয়া ও দ্রুতগতিতে বাড্ডার দিকে থেকে প্রগতি সরণি রোড দিয়ে কুড়িলের দিকে যাওয়ার পথে গুলশান থানাধীন শাহাজাদপুরের বাঁশতলায় পথচারী সিমথিয়া সুলতানা মুক্তাকে (২০) চাপা দিয়ে রক্তাক্ত জখম করে। আবারও বেপরোয়াভাবে দ্রুতগতিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়ি চালিয়ে গুলশান থানাধীন নর্দ্দা আইকন টাওয়ারের সামনে প্রগতি সরণির পাকা রাস্তার ওপর জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় আমার ছেলে আবরার আহাম্মেদ চৌধুরীকে চাপা দিয়ে বাস তার মাথার ওপর দিয়ে চালিয়ে যায়। ফলে তার মাথা থেঁতলে মগজ বের হয়ে যায়। ঘটনাস্থলে সে মারা যায়।

    প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত (ঢাকা-মেট্রো-ব-১১-৪১৩৫) বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন।

  • লেখাপড়া করে যে গাড়ি চাপায় মরে সে

    লেখাপড়া করে যে গাড়ি চাপায় মরে সে

    লেখাপড়া করে যে, গাড়ি চাপায় মরে সে। উই ওয়ান্ট জাস্টিজ। আমাদের সংগ্রাম চলছে, চলবে।’ রামপুরা-বাড্ডা সড়ক অবরোধ করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসব স্লোগান দিচ্ছে।

    রামপুরা ব্রিজের কাছ থেকে মেরুল বাড্ডা পর্যন্ত অবরোধ করে বসে আছে তারা। এ রাস্তায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

    অবরোধে দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরকেও একাত্মতা প্রকাশ করতে দেখা গেছে। তাদেরই একজন রামপুরার গোলাম নবী সবুর। তিনি ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘এসব দুঘটনার কারণে আমরা সকল অভিভাবক আতঙ্কিত। আমার ছেলে-মেয়েও শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। আবরারের মতো কে কখন দুর্ঘটনার কবলে পড়বে তা বলা মুশকিল।

    মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক শামীম চৌধুরী আন্দোলনকার‌ীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এ দুর্ঘটনার প্রতিবাদে একজন ‘মা’ হিসেবে সকল মাকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান তিনি।

    মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হন।

    এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ৮ দফা দাবি ঘোষণা করেন এবং বুধবার (২০ মার্চ) সকাল ৮টা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেন।

    সকাল থেকে ফের দ্বিতীয় দিনের মতো রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার গেটে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পর্যায় ক্রমে ঢাকার বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে।

    এদিকে ঘাতক বাসের চালক সিরাজুল ইসলামের (২৪) বিরুদ্ধে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম বুধবার বেলা পৌনে ৩টার পর তাকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

    আদালত শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। গুলশান থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

  • নির্বাচন সুষ্ঠু না হলে ছাত্রলীগের সব প্যানেল জয়ী হতো: শোভন

    নির্বাচন সুষ্ঠু না হলে ছাত্রলীগের সব প্যানেল জয়ী হতো: শোভন

    প্রতিটি নির্বাচনেই কিছু সমস্যা থাকে উল্লেখ করে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে, না হলে ছাত্রলীগের সব প্যানেলই জয়ী হতো।

    মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি।
    ছাত্রলীগ সভাপতি বলেন, ‘নির্বাচনে অনেক ঘটনা ঘটেছে। সর্বোপরি নির্বাচন সুষ্ঠু হয়েছে। সব নির্বাচনেই কিছু না কিছু ঘটনা ঘটে। আপনারা জানেন, কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ বন্ধ ছিল। তা পুনরায় গ্রহণ করা হয়েছে।

    রোকেয়া হলেও একইভাবে নতুন করে ভোট গ্রহণ করা হয়। যদি এত ঝামেলা হতো তাহলে কিন্তু ছাত্রলীগ সব প্যানেলই জয়ী হতো। সেটা কিন্তু হয়নি। তার মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এখনও পরিবেশ শান্ত রয়েছে।’
    শোভন বলেন, ‘আগে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রক্ত ঝরতো, লাশ পড়তো। সেই পরিবেশ কিন্তু এখন নেই। আমরা চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক। শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করুক। ঢাকা বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে চলুক। এখানে কেউ যেন বাধা দিতে না পারে।

    আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে ভোট দিয়েছেন, তাতে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণের জন্য তাদের সুযোগ-সুবিধার দিকে খেয়াল রাখবেন। কারণ, ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করলে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে। তাদের প্রতি আমার আহ্বান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে একটু তাকান। নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে ঢাবির শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করেন।’

  • বুধবার সকাল পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

    বুধবার সকাল পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

    রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বিইউপির ছাত্র আবরার আহম্মেদ চৌধুরীর নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলন আজকে (মঙ্গলবার) মতো স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে পুলিশ, ওই এলাকার কাউন্সিলর ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে অনুরোধে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

    বিইউপি সহকারী রেজিস্ট্রার মাকসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ, ওই এলাকার কাউন্সিলর ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে অনুরোধে শিক্ষার্থীরা আজকে (মঙ্গলবার) মতো আন্দোলন স্থগিত করেছে। আমরা তাদের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

    শিক্ষার্থীরা জানান, আজকের (মঙ্গলবার) মতো আন্দোলন স্থগিত করা হলেও আগামীকাল (বুধবার) সকাল ৮টা থেকে আবারও আন্দোলন শুরু করা হবে। একই সঙ্গে সারাদেশের শিক্ষার্থীদের নিজ নিজ এলাকা থেকে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তারা।

    শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নেয়ায় সন্ধ্যা ৬টার পর থেকে প্রগতি সরণিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

    এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফের বড় ছেলে।

    আবরার আহমেদ নিহত হওয়ার ঘটনায় সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তার সহপাঠীসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    আন্দোলনরত শিক্ষার্থীরা আট দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হচ্ছে-

    ১. পরিবহন সেক্টরকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে এবং প্রতি মাসে বাসচালকের লাইসেন্সসহ সব প্রয়োজনীয় কাগজপত্র চেক করতে হবে।
    ২. আটক চালক ও সম্পৃক্ত সবাইকে দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

    ৩. আজ থেকে ফিটনেসবিহীন বাস ও লাইসেন্সবিহীন চালককে দ্রুত সময়ে অপসারণ করতে হবে।
    ৪. ঝুঁকিপূর্ণ ও প্রয়োজনীয় সব স্থানে আন্ডারপাস, স্পিড ব্রেকার এবং ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে।

    ৫. চলমান আইনের পরিবর্তন করে সড়ক হত্যার সাথে জড়িত সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
    ৬. দায়িত্ব অবহেলাকারী প্রশাসন ও ট্রাফিক পুলিশকে স্থায়ী অপসারণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    ৭. প্রতিযোগিতামূলক গাড়ি চলাচল বন্ধ করে নির্দিষ্ট স্থানে বাসস্টপ এবং যাত্রী ছাউনি করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং
    ৮. ছাত্রদের হাফ পাস (অর্ধেক ভাড়া) অথবা আলাদা বাস সার্ভিস চালু করতে হবে।

  • সুপ্রভাতের সেই ঘাতক বাসের নিবন্ধন বাতিল

    সুপ্রভাতের সেই ঘাতক বাসের নিবন্ধন বাতিল

    রাজধানীর প্রগতি সরণি সড়কে সুপ্রভাত পরিবহনের যে বাসের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হয়েছেন, সেই বাসের নিবন্ধন বাতিল করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।

    মঙ্গলবার সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্রের মৃত্যুর পর সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভের

    মঙ্গলবার সন্ধ্যায় বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, “দুর্ঘটনাজনিত কারণে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ৪৩ ধারা মোতাবেক ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫ নং বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।”

    বিআরটিএর এই সিদ্ধান্তের ফলে সুপ্রভাত পরিবহনের বাসটি আর সড়কে চলতে পারবে না।

    মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণিতে ওই সুপ্রভাত বাসের চাপায় প্রাণ হারান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আবরার। এরপর বিক্ষোভে নামলে এক পর্যায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হয়ে চালকের বিরুদ্ধে আইনানুয়ায়ী ব্যবস্থা নেওয়াসহ শিক্ষার্থীদের দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু এরপর রাস্তা থেকে সরেননি শিক্ষার্থীরা। পরে বিকাল পৌনে ৫টায় কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে নিয়ে সেখানে যান ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। পরে সন্ধ্যা ৬টায় দিকে তারা সড়ক থেকে উঠে গেলেও আগামীকাল আবারও অবস্থান নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে বুধবার সারাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন করার আহ্বান জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

  • বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষ্যে বিএম কলেজে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

    বিশ্ব সমাজকর্ম দিবস উপলক্ষ্যে বিএম কলেজে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

    মানবীয় সম্পর্কের গুরুত ত্বরান্বিত করন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯ মার্চ মঙ্গলবার পালিত হবে বিশ্ব সমাজকর্ম দিবস। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে বরিশাল সরকারি ব্রজমোহন(বিএম) কলেজের সমাজ কর্ম বিভাগ। র‌্যালি, সেমিনার, ক্রোড়পত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ উৎসবে দিনটি উদযাপন করবে বিএম কলেজ সমাজ কর্ম বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।

    দিবসটির শুরুতে সকাল ১০ টায় বিএম কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান শিকদারসহ অতিথিরা র‌্যালীর উদ্বোধন করবেন। সমাজকর্ম বিভাগ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিন শেষে আবার সমাজকর্ম বিভাগীয় চত্বরে এসে শেষ হবে। র‌্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে।

    সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুস সবুর হাওলাদার এর সভাপতিত্বে সভায়-প্রধান অতিথির বক্তব্য রাখবেন- কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুর রহমান শিকদার। এছাড়াও সভায় প্রফেসর মোঃ আবদুস সামাদ সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

    সভায় স্বাগত বক্তব্য রাখবেন-সমাজ কর্ম বিভাগের সহযোগী অধ্যপক এ.টি এম রাশেদুল ইসলাম। দিবসটি উপলক্ষ্যে ক্রোড়পত্র পাঠ করবেন সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর কবির। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন-বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল, বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আল-আমিন সরোয়ার, সমাজকর্ম বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ আব্দুর রব, এ.কে এম মজিবুর রহমান ও সাবেক সহযোগী অধ্যাপক গাজী জাহিদ হোসেন প্রমুখ।

  • বরিশালে আন্তঃস্কুল ভিত্তিক ৭ দিনব্যপি বিজ্ঞান-প্রযুক্তি ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন

    বরিশালে আন্তঃস্কুল ভিত্তিক ৭ দিনব্যপি বিজ্ঞান-প্রযুক্তি ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন

    নিউজ ডেস্ক:

    বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সাতদিন ব্যাপি আন্তঃ স্কুল ভিত্তিক বিজ্ঞান- প্রযুক্তি ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।

    আজ সোমবার সকাল ১০টায় নগরীর ফজলুল হক এ্যাভিনিয় সড়কস্থ উদয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল জেলা ডিসি এস.এম. অজিয়র রহমান।

    সিএসসি ধর্মপাল বরিশাল ক্যাথলিক ডাইওসিস কার্যলয় পরিষদের সভাপতি বিশফ লরেন্স সুব্রত হাওলাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অতুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডিসি এস.এম অজিয়র রহমান।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, বরিশাল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়দা আকতার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান,বরিশাল কারিতাস আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগন।
    এর পূর্বে জাতীয় পতাকা,বেলুন-ফেস্টুন, পায়রা উড়িয়ে এবং প্রদিপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডিসি।

    সভাশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আন্তস্কুল বিজ্ঞান প্রযুক্তি ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ নেয়া ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং তাদের সাথে বিজ্ঞানীদের উদ্ভাবন নিয়ে মতবিনিময় করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

    অনুষ্ঠান সঞ্চলনা করেন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ব্রাদার স্যামুয়েল সবুজ বালা (সিএসসি)।