Category: প্রচ্ছদ

  • হামলা-ভাঙচুর না চালানোর আহ্বান সেনাপ্রধানের

    হামলা-ভাঙচুর না চালানোর আহ্বান সেনাপ্রধানের

    যেকোনো ধরনের স্থাপনায় কোনো ধরনের হামলা-ভাঙচুর না চালাতে এবং জানমালের ক্ষয়ক্ষতি না করতে আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

    প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্রজনতার ঢল নামে। এ উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশে রওনা দেন তিনি। খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ জনসাধারণ।

    এদিকে, শেখ হাসিনা পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

    তিনি বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

  • দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা

    দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা

    অনলাইন ডেস্ক ::: আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

    এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

  • বরিশালে ৭৯৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

    বরিশালে ৭৯৭ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

    দীর্ঘ প্রায় ৫ বছর পর বরিশাল সিটি কর্পোরেশনে সরকারের দেয়া কোন বরাদ্দকৃত অর্থে কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ মে) নগরীর শেরে বাংলা সড়কের পুনঃনির্মাণ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে সরকারের ৮’শ কোটি টাকার উন্নয়ন কাজ শুরু করেন সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

    সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, গত প্রায় ৫ বছরে বিগত বরিশাল সিটি কর্পোরেশনে কোন উন্নয়ন বাজেট দেয়নি সরকার। ফলে থমকে গিয়েছিলো নগরীর নানামুখি উন্নয়ন। সেই পরিস্থিতি পরিবর্তনের অঙ্গীকার করে গত জুন মাসের সিটি নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন খোকন সেরনিয়াবাত।
    নির্বাচনের তিন মাস পর দায়িত্বভার গ্রহন করলেও শুরু থেকেই বরাদ্দ নিয়ে কাজ করেন তিনি। অবশেষে সফলও হন। প্রথম ধাপে প্রায় ৮’শ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ পাশ করা হয় একনেকের বৈঠকে। বরাদ্দ পেয়েই নগরীর অতি প্রয়োজনীয় রাস্তা, ড্রেন ও সৌন্দর্য বর্ধন কাজের টেন্ডার আহবান করেন মেয়র। নগরীর নথুল্লাবাদ সংলগ্ন শেরে বাংলা সড়কের পুনঃনির্মাণের মাধ্যমে ওই টেন্ডারের প্রথম কাজের উদ্বোধন করা হয়।

    কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবুল বাশার জানান, ৮’শ কোটি টাকা বরাদ্ধর প্রধম ধাপে নগরীর ৪৩১ কিলোমিটার রাস্তা, ১’শ কিলোমিটার ড্রেন ও বেশ কিছু এলাকার সৌন্দর্য বর্ধনের টেন্ডার সম্পন্ন করা হয়েছে। চাওয়া হয়েছে আরো প্রায় ৯’শ কোটি টাকার বরাদ্দ। এসব বরাদ্ধ পাওয়া গেলে বরিশাল নগরী হবে উন্নয়নের রোল মডেল।

    এদিকে উদ্বোধন শেষে সিটি মেয়র বলেন, আমরা এর আগেই খাল খননসহ নানা উন্নয়ন কাজ শুরু করেছি। তবে আজ আনুষ্ঠানিকভাবে ৮’শ কোটি টাকা বরাদ্দের উন্নয়ন কাজ শুরু হলো। এরইমধ্যে নগরীর প্রয়োজনীয় সকল সড়ক ও ড্রেনের নির্মাণ-পুনঃনির্মান কাজের প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি পর্যায়ক্রমে সকল বরাদ্দই আমরা পাবো। আর এর দ্বারা নতুন বরিশাল গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।

    উদ্বোধন অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

  • এবার এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, সময় সূচি ঘোষণা

    এবার এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, সময় সূচি ঘোষণা

    ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।

    মঙ্গলবার (২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত রুটিন প্রকাশ করা হয়েছে।‌

    রুটিন অনুযায়ী, ৩০ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

    এর আগে চলতি বছর ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে শুরু করার প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আজ ৩০ জুন পরীক্ষার তারিখ ঠিক করে রুটিন প্রকাশ করা হয়েছে।

    করোনা মহামারির কারণে গত কয়েক বছর এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০২০ সালে করোনা মহামারির কারণে এসএসসি পরীক্ষা হলেও এইচএসসি পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।

    ২০২১ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু গ্রুপ ভিত্তিক ৩টি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর হ্রাস করে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হয়। সে সিলেবাস কিছুটা বাড়িয়ে ২০২২ সালে নেওয়া হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষা। সে বছর পরীক্ষার সময় কিছুটা কম ছিল।

    ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তবে এসএসসির আইসিটি ছাড়া এ দুই পাবলিক পরীক্ষা অন্যান্য বিষয়ে পূর্ণ সময় ও নম্বরে নেওয়া হয়েছিল। তবে এবার পূর্ণ নম্বরের পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

  • এসএসসি’ পরীক্ষায় অর্ধেক লিখিত,বাকি অর্ধেক হাতে-কলমে মূল্যায়ন

    এসএসসি’ পরীক্ষায় অর্ধেক লিখিত,বাকি অর্ধেক হাতে-কলমে মূল্যায়ন

    নতুন কারিকুলামে ২০২৬ সালে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার যারা নবম শ্রেণিতে আছে তারা প্রথমবারের মতো নতুন কারিকুলামে পরীক্ষায় অংশগ্রহণ করবে। নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সেখানে ৫০ শতাংশ নম্বরবিহীন লিখিত পরীক্ষা রাখা হয়েছে। বাকি অর্ধেক অংশের মূল্যায়ন হবে হাতে-কলমে কাজের মাধ্যমে। তবে সেই পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নাম হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    সোমবার (১ এপ্রিল) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) নতুন কারিকুলাম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে গঠিত কমিটির দ্বিতীয় সভায় পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত করা হয়।

    এর আগে গত ২৪ মার্চ শিক্ষা বোর্ডগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে নতুন মূল্যায়ন পদ্ধতির খসড়া নিয়ে প্রথম বৈঠক হয়। বৈঠকের খসড়া অনুযায়ী, শ্রেণিভিত্তিক পরীক্ষা নেওয়া হবে বছরে দুটি। প্রতি বিষয়ে ৫ ঘণ্টার লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। আগের পদ্ধতিতে আর পরীক্ষা হবে না। পরীক্ষাকে এখানে ‘মূল্যায়ন’ বলা হবে।

    এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম বলেন, মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে সোমবার দ্বিতীয় সভা হয়েছে। সেখানে এসএসসির নম্বর বিভাজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে ৫০ শতাংশ নম্বরবিহীন লিখিত পরীক্ষা রাখা হয়েছে। বাকি অর্ধেক অংশের মূল্যায়ন হবে হাতে-কলমে কাজের মাধ্যমে। তবে সেই পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নতুন নাম হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের রূপরেখা অনুযায়ী, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষা বা মূল্যায়নে হাতে-কলমে কাজের পাশাপাশি লিখিত পরীক্ষাও থাকবে। তবে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর দেওয়ার ধরন এখনকার মতো মুখস্থনির্ভর হবে না। একজন শিক্ষার্থী শিক্ষাক্রম অনুযায়ী যেসব অভিজ্ঞতা অর্জন করবে, সেগুলোই মূলত সৃজনশীল উপায়ে লিখতে হবে। আর অনুসন্ধান, প্রদর্শন, মডেল তৈরি, উপস্থাপন, পরীক্ষণ, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয়ের মাধ্যমে হাতে-কলমে মূল্যায়ন হবে।

    মূল্যায়ন পদ্ধতির খসড়া অনুযায়ী, শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রতিটি বিষয়ের মূল্যায়ন হবে এক কর্মদিবসের সর্বোচ্চ পাঁচ ঘণ্টায়। বিরতি দিয়ে হবে এ মূল্যায়ন। লিখিত পরীক্ষা বিষয়ভেদে এক ঘণ্টা থেকে দুই ঘণ্টাও হতে পারে।

    বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, যেহেতু নতুন শিক্ষাক্রমে নম্বর দেওয়ার ব্যবস্থা থাকছে না। তাই লিখিত ও হাতে-কলমে কাজের অংশে কত শতাংশ মূল্যায়ন হবে, সেটি নিয়ে আলোচনা করে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে।

    ফেব্রুয়ারি মাসে নতুন কারিকুলামে পরীক্ষা পদ্ধতি ফেরাতে ১৪ সদস্যের কমিটি গঠন করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। ওই কমিটি মূল্যায়ন পদ্ধতির একটি খসড়া তৈরি করে। তাতে বলা হয়, এসএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষা বা মূল্যায়নে হাতে-কলমে কাজের পাশাপাশি লিখিত পরীক্ষাও রাখা হবে। এ লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর দেওয়ার ধরন এখনকার মতো মুখস্থনির্ভর হবে না।

    ২০২৩ সালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের তিনটি শ্রেণিতে নতুন কারিকুলাম চালু করা হয়। এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন এ পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মূল্যায়নের বড় অংশই শিখনকালীন। অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে ক্লাসে মূল্যায়ন করছেন শিক্ষকরা।

  • দ্বাদশ সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সব প্রস্তুতি সম্পন্ন

    দ্বাদশ সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সব প্রস্তুতি সম্পন্ন

    দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার (৩০ জানুয়ারি)। এ দিন বিকাল ৩টায় প্রথম অধিবেশনের প্রথম বৈঠক শুরুর মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। অধিবেশনের প্রথম দিন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

    সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতাসীন আওয়ামী লীগ বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে একই পদে মনোনীত করেছে। একক প্রার্থী হিসেবে তারা দুই জনই আবারও নির্বাচিত হবেন। এদিকে নতুন সংসদের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের প্রথম বৈঠকে ভাষণ দেবেন। পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর পুরো অধিবেশনজুড়ে আলোচনা হবে।

    সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের যাবতীয় প্রস্ততি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। ইতোমধ্যে নতুন সংসদের সদস্যদের আসন বিন্যাস করা হয়েছে। প্রথমবারের মতো নির্বাচিত এমপিদের সংসদের কার্যক্রম বিষয়ে দুই দিনব্যাপী ওরিয়েন্টশন দেওয়া হয়েছে।

    সংসদের অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। প্রথম অধিবেশন সংসদ থেকে সরাসরি দেখার জন্য বিদেশি কূটনীতিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।

    প্রথম দিনের কার্যসূচিতে ৫টি কাজের কথা বলা আছে। এগুলো হলো- স্পিকার নির্বাচন, ডেপুটি স্পিকার নির্বাচন, সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, শোকপ্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ। রাষ্ট্রপতির ভাষণের পরই প্রথম দিনের বৈঠক মুলতবি করা হবে। রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের এটাই হবে সংসদে প্রথম ভাষণ। মন্ত্রিসভার গত বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মূলত মন্ত্রিসভায় অনুমোদিত ভাষণই রাষ্ট্রপতি সংসদে পাঠ করেন। প্রথম দিনের বৈঠক মুলতবির পর পরবর্তী দিনের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে। এরপর থেকে ওই প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন।

    সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নেতা ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী দ্বাদশ সংসদের সংসদ উপনেতার দায়িত্ব পালন করবেন। এদিকে সংসদে সরকারের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলের নেতা হিসেবে গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)কে বিরোধী দলের নেতা ও দলের কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলীয় উপনেতার স্বীকৃতি দিয়েছেন।

    এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একাদশ সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীকে দ্বাদশের চিফ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। এছাড়া ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ- ২), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মোর্ত্তজা (নড়াইল-২)কে হুইপ নিয়োগ দিয়েছেন। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নিয়োগের আইনত কোনও বিধান না থাকলেও অতীতের রেওয়াজ অনুযায়ী সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি তার মহাসচিব মজিবুল হককে বিরোধী দলীয় চিফ হুইপ ও দলের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদকে বিরোধী দলীয় হুইপ মনোনীত করেছে।

    সংসদ অধিবেশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গনমাধ্যমকে বলেন, অধিবেশনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদের আসন বন্টন হয়েছে। আমরা নতুন এমপিদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। দ্বাদশ সংসদ প্রাণবন্ত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

    সংসদে বিরোধী দলীয় নেতার স্বীকৃতি প্রসঙ্গে জানতে চাইলে স্পিকার বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী সরকারের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলের নেতা হিসেবেই গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলের নেতা স্বীকৃতি দেওয়া হয়েছে। বিধি অনুযায়ীই এটা করা হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য কোনও দলের না হওয়ায় তারা সংখ্যায় বেশি হলেও তাদের মধ্য থেকে বিরোধী দলের নেতা হিসেবে কাউকে স্বীকৃতি দেওয়ার সুযোগ নেই বলেও জানান স্পিকার।

    যেভাবে হবে স্পিকার নিয়োগ

    সংবিধানের ৭৪ অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগের কথা রয়েছে। এতে- সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য হতে সংসদ একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করার কথা বলা হয়েছে। এছাড়া এ দুই পদের যে কোনটি শূন্য হলে সাত দিনের মধ্যে কিংবা ওই সময়ে সংসদ বৈঠকরত না থাকলে পরবর্তী প্রথম বৈঠকে নির্বাচিত করতে হবে।

    এদিকে সংসদের কার্যপ্রণালী বিধির ৮ বিধিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পদ্ধতি উল্লেখ করা আছে। এতে বলা হয়েছে, নির্বাচনের পর অনুষ্ঠিত প্রথম বৈঠক শুরুর অন্তত এক ঘণ্টা আগে স্পিকার হিসেবে কোনও একজন এমপির নাম প্রস্তাব করে সচিব বরাবর লিখিতভাবে জানাবেন সংসদের যেকোনও সদস্য। ওই প্রস্তাবের সঙ্গে তৃতীয় কোনও সংসদ সদস্যের সমর্থন থাকতে হবে। স্পিকার হিসেবে নাম প্রস্তাবকারীর স্পিকার হতে সম্মত বলে লিখিত থাকতে হবে। কোনও সদস্য স্পিকার হিসেবে তার নিজের নাম প্রস্তাব করতে পারবেন না। অথবা অন্য কেউ তার নাম প্রস্তাব করলে তা সমর্থন করতে পারবেন না। একাধিক ব্যক্তির নামও কোন একক সদস্য করতে পারবেন না। কোনও ব্যক্তি তার নিজের নির্বাচনকালে সভাপতিত্ব করতে পারবেন না। সংসদের দিনের কার্যসূচিতে যে সদস্যের নাম প্রস্তাব রয়েছে স্পিকারের চেয়ার থেকে তাকে আহ্বান করলে তিনি প্রস্তাবটি উত্থাপন বা প্রত্যাহার করতে পারবেন। এবং কেবল এই বিষয়ের মধ্যেই তিনি তার বক্তব্য সীমাবদ্ধ রাখবেন।

    যথাযথভাবে উত্থাপিত ও সমর্থিত প্রস্তাবগুলো উত্থাপিত হওয়ার পর ক্রমানুসারে ভোটে দেওয়া হবে এবং প্রয়োজনবোধে বিভক্তি-ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ হবে। কোনও প্রস্তাব গ্রহণ হয়ে গেলে সভাপতি বাকি প্রস্তাবগুলো (যদি থাকে) ভোটে না দিয়ে ঘোষণা করবেন যে, গ্রহণ করা প্রস্তাবে উল্লিখিত সদস্য স্পিকার নির্বাচিত হয়েছেন। পরে নির্বাচিত স্পিকার শপথ গ্রহণ করবেন।

    একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আওয়ামী লীগ আবারও নির্বাচিত করবেন বলে ঘোষণা দেওয়ায় মঙ্গলবার সংসদের বৈঠকের শুরুতে (স্পিকার নির্বাচনের সময়) তিনি সভাপতিত্ব করতে পারবেন না। ফলে প্রথমে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তার সভাপতিত্বে আওয়ামী লীগের প্রস্তাবিত শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হলে সংসদের বৈঠক ২০ মিনিটের জন্য বিরতি দেওয়া হবে। এ সময় নতুন স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ শেষে নতুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মুলতবি বৈঠক শুরু হবে। এ সময় শুরুতেই ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। স্পিকারের মতো ডেপুটি স্পিকারও একই পদ্ধতিতে নির্বাচিত করা হবে।

    এর আগে ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। আইন অনুযায়ী ওই সংসদের মেয়াদ ২৯ জানুয়ারি শেষ হয়েছে। একাদশের মেয়াদ শেষ হওয়ার পরদিনই দ্বাদশ সংসদের মেয়াদ শুরু হলো।

    আসন বন্টন

    সরকারি দলের প্রথম সারিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশের আসনটি সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এবং তার পরের আসনটি বরাদ্দ দেওয়া হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে। এ ছাড়া প্রথম সারিতে আসন পেয়েছেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদ, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। সংসদ নেতার পেছনের সারির প্রথম আসনে সরকারি দলের চিফ হুইপ নুর-ই- আলম চৌধুরী বসবেন।

    সংসদে বিরোধীদলীয় নেতার আসন জিএম কাদের এবং বিরোধীদলীয় উপনেতার আসন আনিসুল ইসলাম মাহমুদকে দেওয়া হয়েছে। এ ছাড়া বিরোধী দলের প্রথম সারিতে বিরোধীদলীয় উপনেতার পাশের আসনটি জাপার রুহুল আমিন হাওলাদার এবং তার পরের তিনটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে স্বতন্ত্র এমপি আবদুল লতিফ সিদ্দিকী, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে। বিরোধী দলীয় নেতার পেছনের সারির প্রথম আসনে বিরোধী দলের চিফ হুইপ মজিবুল হক চুন্নু বসবেন। এছাড়া বিরোধী দলীয় সংসদ সদস্যদের আশপাশে স্বতন্ত্র সংসদ সদস্যদের আসন দেওয়া হয়েছে।

    আসন বন্টনের বিষয়ে জানতে চাইলে হুইপ ইকবালুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, আসন বন্টন মোটামুটি চূড়ান্ত হয়েছে। বরাবরের মতো সিনিয়দের সামনের দিকের আসন দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের স্বার্থে আমাদের হুইপদের আসন আগের মতোই আছে। তবে, আসন বন্টন একেবারেই চূড়ান্ত সেটা বলা যাবে না। দু-একটি এদিক সেদিক হতে পারে।

    ডিএমপির নিষেধাজ্ঞা

    সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এক আদেশে এসব নিষেধাজ্ঞার কথা জানান। আদেশে সোমবার রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া যেকোনও প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষেধ করা হয়েছে।

    যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে—ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত। মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল ও রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।

  • কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ানের পিতার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ানের পিতার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের প্রভাবশালী সদস্য, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের পিতা জনাব ফখরুল দেওয়ান অসুস্থ জনিত কারণে ঢাকার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। তার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বরিশালের হাতেম আলী কলেজে জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা জুবায়ের হাসান, যুবলীগ নেতা সৈয়দ নির্জন, ইবরাহিম ইবু, জাহিদুল ইসলাম সজীব ও
    মহানগর ছাত্রলীগ নেতা জায়েদ হাসান সানি ,নাহিদ হোসেন সিফাত, তানজির বিপু, ইয়ামিন হোসেন,রাইয়ান, শুভ, হাতেম আলী কলেজ ছাত্রলীগ নেতা মাসুদ রানা, সহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শেখ হাসিনাকে সৌদি যুবরাজের অভিনন্দন

    শেখ হাসিনাকে সৌদি যুবরাজের অভিনন্দন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠন করায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সৌদির যুবরাজ মুহাম্মদ বিন সালমান আল সৌদ।

    মঙ্গলবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে অভিনন্দনপত্র তুলে দেন।

    এর আগে সোমবার (২২ জানুয়ারি) শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ও নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সাভেদ্রা। এ ছাড়া নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিল্লোও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

  • জাতীয় পার্টিই সংসদের বিরোধী দল: কাদের

    জাতীয় পার্টিই সংসদের বিরোধী দল: কাদের

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় পার্টি সংসদের প্রধান বিরোধী দল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    সোমবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সব হারিয়ে এখন শোক সাগরে নিমজ্জিত। তারা এখন সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে দেশে-বিদেশে গুজব ছড়াচ্ছে। তাদের অগ্নিসন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস।

    ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আর বাংলাদেশে তারা বিষয়টিকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে অপপ্রচার করছে। তারা মনে করছে আওয়ামী লীগ কচু পাতার ওপর শিশিরবিন্দু, সহজেই পড়ে যাবে। সেটা সম্ভব নয়। আওয়ামী লীগের শিকড় মাটির অনেক গভীরে।

    তিনি বলেন, আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না। বিএনপির রাজনীতির ভুলের চোরাবালিতে আটকে আছে। তারা যত সরকারের পতনের কথা বলবে, সরকারের তত উত্থান হবে। বিএনপি যদি ইতিবাচক রাজনীতি নিয়ে এগিয়ে যেতো, তাহলে হঠাৎ করে তাদের এমন পতন হতো না। সরকারের পতন ঘটাতে গিয়ে নিজেরাই খাদে পড়েছে।

    এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া রাজনৈতিক দলই হবে প্রধান বিরোধীদল। স্বতন্ত্ররা স্বতন্ত্রই আছেন। দল যদি বলেন, তাহলে জাতীয় পার্টি। উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে আজ সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির বৈঠকে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

  • পিছিয়ে পরা বরিশালকে ‘স্মার্ট নগরী’ হিসেবে গড়ে তোলা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    পিছিয়ে পরা বরিশালকে ‘স্মার্ট নগরী’ হিসেবে গড়ে তোলা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক ::: দেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

    শনিবার (২০ জানুয়ারি) বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নৌকা প্রতীকের নির্বাচন কমিটি আয়োজিত এক সংবর্ধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    পিছিয়ে পরা বরিশালকে ‘স্মার্ট নগরী’ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বরিশাল বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।

    তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০০৮ সালের ডিজিটাল বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশের পথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট দেশে রূপান্তরিত করা হবে।

    বরিশাল সিটি কররপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির, বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার ও বরিশাল মহানগর যুবলীগের সহ-সভাপতি মাহমুদুল হক খান মামুন প্রমুখ।