মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় দূর্ঘটনা রাজনীতি

ক্রাইস্টচার্চে হামলার দ্রুত তদন্তের আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বর্বরোচিত হামলার ঘটনার নিন্দা জানিয়ে এ ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন। এই ঘটনায় তিনজন বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন। তিনি বলেন, এটি প্রকৃতপক্ষে উদ্বেগের বিষয়, একজন ঘাতক সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে থেকে মানুষ হত্যা করল, আর পুলিশ ২০ মিনিট পর ঘটনাস্থলে এসেছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ‘ঢাকা মানবাধিকার কনভেনশন-২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে ক্রাইস্টচার্চে হামলা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা জানান এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জনিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। ড. হাসান বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের প্রাণ রক্ষায় আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, আমরা নিউজিল্যান্ডকে শান্তির দেশ হিসেবে জানতাম। সেখানকার পৃথক দুটি মসজিদে ঢুকে নামাজ পড়ার সময়ে মুসুল্লীদের ওপর বর্বরোচিত হামলা ও নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ মানুষ হত্যার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও নিন্দনীয়।

তথ্যমন্ত্রী বলেন, একটি মসজিদের পর আরেকটি মসজিদে হামলা হলো, কিন্তু সেদেশের পুলিশ সেখানে পৌঁছাতে পারলো না, এটি অত্যন্ত হৃদয়বিদারক ও দুঃখজনক। আমাদের দেশেও এমন উপর্যুপরি হামলা করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ ইতোমধ্যে দক্ষতার পরিচয় দিয়েছে। নিউজিল্যান্ডের পুলিশ প্রয়োজনে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।

‘যানজটের ঢাকা শহরেও কোথাও আগুন লাগলে পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার ব্রিগেড পৌঁছে যায়, আর যানজটহীন নিউজিল্যান্ডে হামলাস্থলে পুলিশ পৌঁছাতে পারলো না, এটি দ্রুত ও পূর্ণ তদন্তের বিষয়।

উল্লেখ করে ড. হাছান বলেন, আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গিদমনে ইতোমধ্যে যথেষ্ট দক্ষতা প্রমাণ দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজ জঙ্গিদমনে উৎকৃষ্ট উদাহরণ। আমাদের অভিজ্ঞতা অন্যরাও কাজে লাগতে পারে। তথ্যমন্ত্রী এ সময় জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এরআগে ওই কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, মানবিক মূল্যবোধে অনেক পশ্চিমা দেশ থেকে আমরা এগিয়ে আছি, তাই পশ্চিমাদের অন্ধ অনুকরণ নয়। তারা ভৌত ও অবকাঠামোগত দিক দিয়ে উন্নততর হলেও, পারিবারিক ও সামাজিক মূল্যবোধে আমরা তাদের থেকে অনেক উন্নত।

ড. হাছান মাহমুদ ন্যায়ভিত্তিক সুষম সমাজ, উন্নত রাষ্ট্রের পাশাপাশি উন্নত জাতি গঠনে মানবিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বেসরকারি সংস্থা বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী কাজী রেজাউল মোস্তফার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি, বিশেষ অতিথি হিসেবে কানিজ ফাতেমা আহমেদ এমপি এবং কনভেনশন উদ্বোধক হিসেবে সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব সাইফুল ইসলাম দিলদার বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24